#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৬২
লন্ডন! ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তাগুলো ইলশেগুড়ি বৃষ্টিতে ভিজতে ব্যস্ত। ইট পাথরের বড়বড় দালানগুলোতে শেষ বিকেলের এ সময়ে প্রত্যেকেরই কাজের ব্যস্ততা বেড়ে যায় যেনো বহুগুনে। সবাই ছুটতে ব্যস্ত। যার যার গন্তব্য খুজে বেরাতে ব্যস্ত। মৃদ্যু বৃষ্টিপাত একদমই আটকে দিতে পারেনি সে গতিকে। সময়ের কাছ থেকে লাভের হিসেবটা বুঝে নিতে জানে এখানকার সবাই। এখানকার হাজারটা গাড়ি,মানুষজনের ভীড়ে,তাদের মতো ছুটতে অভ্যস্ত হয়ে যায় অচেনা মানুষগুলোও। আটমাস! সময়ের এক অতিদীর্ঘ লম্ফ!
ক্যাব থেকে নেমে রেইনকোটটা ঠিকমতো মাথায় টেনে দিয়ে বাসার দিকে ছুট লাগালো তৌফিকা। ব্যাগসহ দৌড়ে দরজায় পৌছে মুখ দিয়ে শ্বাস ছাড়লো ও। রেইনকোট খুলে ছাড়া চুল,জামা ঝাড়তে লাগলো। সেপ্টেম্বরের বৃষ্টিটায় আলাদা একটা শীতের আমেজ আছে। আগমনী শীতের শীতলতা মেশানো থাকে এই বৃষ্টির বাতাসে। ব্যাগ থেকে চাবিটা বের করে বাসার ভেতরে ঢুকলো তৌফিকা। ভেজা রেইনকোট,জুতাটা দরজার পাশে রাখতেই ফোন বেজে উঠলো ওর। কানের হেডফোনে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ এলো,
-টৌফিকা? আর ইউ হোম?
-ইয়েস ন্যানি? তুমি কোথায়? আর বলো না! ক্লাস শেষে এই বৃষ্টির জন্যই এভাবে...
ওপাশের ভদ্রমহিলা ইংরেজীতে বলে উঠলো,
-হ্যাঁ জানতাম! দু ঘন্টা যাবত তোমার প্রতিবেশীর বাসায় এসে বসে আছি। তোমার দেখা নেই। একটা কল করে জানাতে পারতে!
তৌফিকা জামার উপর থাকা কোট খুলতে ব্যস্ত ছিলো। প্রতিবেশী শুনেই ওর মুখে হাসি ফুটলো। নিজের কাজ করতে করতে বললো,
-ওহ্! জনের বাসায়?
-হ্যাঁ। আর কোথায় যাবো?
-তাহলে তো বেশ আপ্যায়নেই আছো! যাইহোক,এবার তো আমি চলে এসেছি। এখন চলে আসো এ বাসায়।
হুম শব্দে ভদ্রমহিলা ফোন কাটলেন। চেন্জ করে মাথার চুলগুলো উচুতে বেধে নিলো তৌফিকা। গেন্জি আর ল্যাগিংস পরে সোজা কিচেনে ঢুকলো ও। আপাতত এককাপ কফি হলেই চলবে ওর। তারপর ন্যানিকে নিয়ে শপিংয়ে বেরোবে। কিছু বই কিনতে হবে। রাতের রান্নাটা আজকে নাইবা করলো ভদ্রমহিলা। আটমাসে অনেক করেছে। আজকেও না হয় বাইরে থেকে খাবার আনাবে। এসব ভাবতে ভাবতেই কফি বানানো শেষ করলো তৌফিকা। ডোরবেল শুনে কফির মগ হাতে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলো ও। ন্যানি ফর্সা গরনের এক সুস্বাস্থ্যবান মহিলা। খুবই মিশুক মহিলা ইনি। তৌফিকা মুচকি হেসে বললো,
-সারপ্রাইজ আছে আজ। কাম!
জোরপুর্বক হেসে ন্যানি ভেতরে ঢুকলো। কিন্তু দরজা লাগালো না। তৌফিকা পেছন ফিরে দেখে দরজায় আরো একজন দাড়িয়ে। হাফ প্যান্ট,টিশার্ট পরিহিত গৌরবর্নের পুরুষটিকে দেখে মুখের প্রসারিত করে এগিয়ে গিয়ে ইংরেজীতে বললো,
-এই বৃষ্টিতে তুমি আসতে গেলে কেনো?
জন ইতস্তত করতে করতে বললো,
-এ্ একচুয়ালি,আইরাত...আব্...আই...আই হ্যাভ সামথিং ফর ইউ।
তৌফিকা কপাল কুচকে তাকালো। পাশে রাখা বইয়ের বান্ডিলটা তৌফিকার ঘরে ঠেলে ঢুকিয়ে দিলো। ইংরেজীতে বললো,
-বইগুলো কাজে দেবে তোমার। আসছি।
একমুহুর্ত দাড়ায় নি জন। চলে গেছে। তৌফিকা কিছু বলার সুযোগই পেলো না। বইগুলো খুলে দেখলো,যেগুলো ওর কিনতে যাওয়ার কথা ছিলো,ঠিক সেই বইগুলোই দেওয়া ওতে। একটা ছোট শ্বাস ফেললো তৌফিকা। কিংস্টনের টপার এই ছেলে। লন্ডন এসে পিএইচডি শুরুর পর,গত আটমাসে ওর কাছ থেকে কতোরকমের সাহায্য পেয়েছে,তা শুধু ওই জানে। এই ভীনদেশে এসে,হাজারো অচেনা মানুষের ভীড়ে,এমন একটা বন্ধু না থাকলে হয়তো এতোদুর আসতেই পারতো না ও। ন্যানি বললো,
-ছেলেটা অনেক ভাবে তোমাকে নিয়ে।
তৌফিকা মৃদ্যু হেসে বললো,
-হুম।
-এখানে নতুন করে সবটা শুরু করা যায় না টৌফিকা?
-এসব কেনো বলছো ন্যানি?
-আমার মনে হয় জন পছন্দ করে তোমাকে।
ন্যানির দিকে তাকালো তৌফিকা। নিমিষেই ভরে উঠলো ওর চোখ। মুখে মুচকি হাসি রেখে বললো,
-আমি জানি তা ন্যানি। ওকে বলেওছি সবটা। একজনকে একাধারে এগারোটা বছর ভালোবেসেছি। সে যাই কিছু করে থাক না কেনো,আমি তো তাকে ভালোবেসেছিলাম। আর আমার সে ভালোবাসার এক ফুটফুটে পরিনতিও আছে। জনকে কেনো,কাউকেই নিয়ে নতুন করে শুরুর কোনো ইচ্ছে আমার নেই। আড়ালে থেকে,দুরে থেকেই টুইঙ্কেলকে হাসিখুশি দেখে আমি বাকি জীবনটা পার করে দিতে পারবো। কোনো নতুন শুরুর প্রয়োজন নেই আমার! জন সবটা জেনেই শুধু বন্ধু হয়ে থাকতে চেয়েছে আমার পাশে। ফিরিয়ে দিতে পারিনি।
-শুধু বন্ধু হয়ে থাকতে পারবে টৌফিকা?
-জনের চেহারাটা দেখেছো?
ন্যানি চুপ রইলো। জনকে কতোটা কড়াকথায় বুঝিয়েছে তৌফিকা,আন্দাজে আছে ওর। বললো,
-পিছুটানেই যদি থেমে থাকবে,তাহলে কেনো সবকিছু ছেড়েছুড়ে চলে এসেছো? কেনো কাউকে জানতে দাওনি তুমি কোথায় আছো? কেনো তোমার সে ফুটফুটে পরিনতির কাছে নিজেকে মৃত বলে আখ্যা দিয়েছো টোফিকা? নিজের মেয়েকে আড়ালে থেকে কেনো দেখবে তুমি? কেনো নিজে হাতে আদর করবে না ওকে? হুয়াই?
....
-তুমিও জানো,তোমার একটা সিদ্ধান্তে কতোগুলো জীবন কষ্ট পাচ্ছে টৌফিকা। তুমি চাইলেই সবার সাথে থেকে,একটা হাসিখুশি,সুন্দর জীবনযাপন করতে পারতে। যে মানুষটা তোমার জীবন নষ্ট করেছে,তাকে ভুলতে তোমার সবটা ছেড়ে আসা উচিত হয়নি তৌফিকা। হিট অফ দ্যা মোমেন্টে এতোবড় একটা সিন্ধান্ত নিয়ে ঠিক করো নি তুমি! একদমই ঠিক করো নি!
তৌফিকা মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেললো। ন্যানি ঠিকই বলেছে। হ্যাঁ ও ভুল করেছে। নিজের দায়িত্বগুলো থেকে পালিয়ে এসে চরম ভীতু প্রমান করেছে নিজেকে। তবুও টুইঙ্কেলকে নিয়ে নয়,ওর চিন্তাটা শুধু দোয়াকে ঘিরে। মেয়েটার সাথে এতোবড় অন্যায়টা না করলেও পারতো। কিন্তু ওই বা কি করবে? নিরুপায় ছিলো যে! ওই মুহুর্তে স্বার্থপর হওয়া ছাড়া আর কোনো উপায় ছিলো না ওর। কোনো উপায় ছিলো না!
•
সময়ের সাথে ব্যস্ততায় তাল মিলিয়ে চলছে চিলেকোঠার সবার জীবনযাত্রা। মেসের কেউকেউ চাকরি ছেড়েছে,সাথে চিলেকোঠাও। কেউকেউ আবার নতুন করে চাকরিতে ঢুকে চিলেকোঠায় এসেছে। তিনতলায় সদ্য বিয়ে হয়ে আসা দম্পতিটা,নতুননতুন বউ শহরে এসেছিলো ছেলেটা। ওরাও চলে গেছে কিছুদিন আগে। ওখানে এখন আরো একটা পরিবার থাকে। দুসন্তানের মা। মানুষগুলোর বদল ঘটলেও,ভালোবাসায় বদল আসেনি এ চিলেকোঠায়। আগের মতো সেভাবেই মিলেমিশে বেশ আছে সব। সদর দরজার সামনে গাড়ি থেকে নামলো দোয়া। আজ অনেকগুলো দিন পর আবারো এসেছে ও চিলেকোঠায়। চোখ তুলে প্রানভরে দেখে নিলো দালানটাকে। ভেতরে ঢুকে নিচ থেকেই ডাক লাগালো,
-মা?
দিয়ান ছুটে এসে বারান্দায় দাড়ালো। দোয়াকে দেখে তৎক্ষনাৎ বড়সর হাসি ফুটলো ওর চেহারায়। দৌড়ে নিচে নামলো ও। বোনকে জরিয়ে ধরে বললো,
-আপুনি? এসেছিস তুই?
ভাইয়ের কপালে চুমো দিলো দোয়া। কপাল কিঞ্চিত কুচকে বললো,
-হুম। আচ্ছা ছোটু? এখানেই যে দৌড়টা দিলি তুই,ওখানে গিয়ে দুষ্টুমি করছিস না তো?
-একদমই না। আমি কি দুষ্টুমি জানি নাকি?
-তাই না? আমি কিন্তু খোজ নেই তোর! যদি এতুটুকোও অব্জেকশন শুনেছি ছোটু,একেবারে নিয়ে আসবো ওখান থেকে কিন্তু!
-ঠিকাছে নিয়ে আসিস। আমারও আর মাকে ছাড়া,তোকে ছাড়া থাকতে ভালো লাগে না আপুনি! দেখনা,মাত্র এক সপ্তাহের ছুটি দিয়েছে!
এটুকো বলেই দিয়ান গাল ফুলালো। মুচকি হেসে ওর গাল টেনে দিলো দোয়া। ভেতর থেকে একে একে বেরিয়ে এলো সকলে। দোয়ার পেছন থেকে তৌফিক ওয়াহিদ বললেন,
-কেমন আছো দিয়ান?
দিয়ান সালাম দিলো তাকে। হাসিমুখে বললো ভালো আছি। অরুনাভ মুখার্জী এগিয়ে আসলেন। ততক্ষনে টুইঙ্কেল ছুটে এসে বললো,
-এইযে গোপাল ভাড়! আমিও এসে গেছি!
-তোমাকেই তো আগে দরকার ঝিকিমিকি! তুমি আসলে তবেই না আমার চিলেকোঠা উজ্জ্বল হবে!
অরুনাভ মুখার্জীর কাছে গিয়ে দাড়ালো টুইঙ্কেল। দোয়া এগিয়ে বললো,
-কেমন আছেন কাকাবাবু?
-এইতো রে মা।
-কাকাবাবু?স্বস্তিক?
মাথা নিচু করে নিলেন অরুনাভ মুখার্জী।নিচতলার এক ঘর থেকে লাল শাড়ী পরিহিত মাথায় ঘোমটা দেওয়া এক অল্পবয়সী মেয়ে বেরিয়ে আসলো। অল্পবয়সী মানে একেবারেই অল্পবয়সী। বয়স এই চৌদ্দ পনেরোর ঘরে হবে হয়তো। নাম,অনিন্দা। সত্যিই অনিন্দা ও। রুপে,গুনে,সহ্যশক্তিতে সত্যিই অনিন্দা। নিন্দার যোগ্য নয়। সিথি ভর্তি টকটকে সিদুর,হাতে শাখা,চোখে গাঢ় করে কাজল,কপালে লাল টিপ,পায়ে আলতা। দোয়াকে দেখে এগিয়ে এসে অনিন্দা মিষ্টিস্বরে বললো,
-কেমন আছেন দিদি?
দোয়া এগিয়ে গিয়ে ওর গালে হাত রাখলো। চুপচাপ তাকিয়ে রইলো ওর দিকে। একে দেখলেও চাপা কষ্ট হয় ওর। এইতো কিছুদিন আগে। চিলেকোঠার পাশের এক গরিব হিন্দুঘরের মেয়ের বিয়ে ছিলো। মেয়ের বাবা ছেলেপক্ষের কোন এক দাবী মেটাতে না পারায় একেবারে বিয়ে ভেঙে দিয়ে চলে যায় বরযাত্রী। মেয়েকে লগ্নভ্রষ্টা হতে দেখে মেয়ের বাবার আহাজারি সহ্য হয়নি অরুনাভ মুখার্জীর। আগে জানলে এই অল্প বয়সে মেয়েটার বিয়েই হতে দিতেন না উনি। শেষ মুহুর্তে পৌছে এই মেয়েকে ছেলের বউ করা ছাড়া অন্য কোনো উপায়ন্তর দেখেননি উনি। ওনার একবাক্যে চুপচাপ রাজি হয়ে যায় স্বস্তিক। অনিন্দাকে বিয়ে করে চিলেকোঠায় নিয়ে আসে। আর পরপরই চাকরির কথা বলে রায়নগর ছাড়ে। তবুও অনিন্দা হাসিমুখে বউমাধর্ম পালন করে চলেছে। স্ত্রীধর্ম হয়তো বয়সের দোষে বুঝেই ওঠেনি। নয়তো স্বস্তিক বেশ ভালোভাবেই বুঝিয়েছে ওকে। দোয়া বললো,
-ভালো আছি অনিন্দা। তুমি কেমন আছো?
-ভালো দিদি।
ওর অমায়িক হাসিটার দিকে তাকিয়ে রইলো দোয়া। কতো নিষ্পাপ হাসিটা। কোনো অভিযোগ নেই ওই হাসিতে। এরইমাঝে সালমা বেগম বেরিয়ে আসলেন। তৌফিক ওয়াহিদের সাথে কুশন বিনিময় শেষে দোয়ার দিকে এগোলেন তিনি। মেয়ের দিকে তাকাতেই ভেতরটা খামচে ধরলো তার। বুকজুড়ে কতো কষ্ট! তবুও ঠোটে কতো সুন্দর সাজানো হাসি। ভেতরে সবসময় বয়ে চলা ঘুর্নিঝড় আর বাইরে কতো স্নিগ্ধ,মায়াময় চেহারা। একটা শুকনো ঢোক গিলে দোয়া বললো,
-কেমন আছো মা?
-ভালো।
দোয়া মুচকি হেসে মাকে জরিয়ে ধরতে যাচ্ছিলো। সালমা বেগম বলে উঠলেন,
-ভালো নেই এটা বলে বা তুই ভালো আছিস কিনা সেটা জিজ্ঞেস করে তোর এই কৃত্রিম হাসিটাকেও নষ্ট করে দিতে চাইনা দোয়া। এজন্য আমি ভালো আছি।
দোয়ার বুক ভারী হয়ে আসতে লাগলো। পাশে করুন চোখে তাকিয়ে থাকা তৃষাকে দেখে নিজেকে সামলে বললো,
-শুনলাম কল সেন্টারে পার্টটাইম চাকরি করছিস?
ও শুধু মাথা উপরেনিচে দুলালো। দোয়া বললো,
-তন্নি ফেরেনি?
-উহুম। এতিমখানায় সেই যে ওর জমানো টাকাগুলো দিতে গেলো,এখনও ফেরেনি। ফোন করেছিলাম। বললো থাকবে আরো কিছুদিন।
দোয়া আর কিছুই বললো না। এতোগুলো দিনে অনেককিছু বদলেছে। আর বাকিসবের সাথে হয়তো এ চিলেকোঠারও অনেককিছু অগোচরে রয়ে গেছে ওর। নিজেকে দোষারোপ করেও শান্তি মেলে না ওর। আদৌও কি ওর দোষ ছিলো? একাকী,আরাবকে ছাড়া কোনোদিন পেরেছে ও সবদিক সামাল দিতে? পারতো? নাকি এখন পারছে? দাতে দাত চেপে শক্ত হয়ে রইলো দোয়া। পাশে টুইঙ্কেল অরুনাভ মুখার্জীকে বলে চলেছে,
-জানো গোপাল ভাড়? আমি এখন পুরোটা সময় উইশমামের কাছেই থাকি। তুমি বিয়ের সময় বলেছিলে না উইশমামকে দেখে রাখতে? আমি কিন্তু দেখে রাখছি উইশমামকে। মেয়েটা খুব জেদি জানোতো! আমাকে জোর করে খাইয়ে দেয়,কিন্তু নিজেকে খাওয়াতে গেলে প্রতিবার বলে খিদে নেই। আমাকে সাজিয়ে দেয়,কিন্তু ওর কার্লি হেয়ারগুলোর একটুও যত্ম নেয়না। পড়া শেষে আমাকে ঘুম পাড়িয়ে দেয়,কিন্তু নিজে একগাদা ফাইলের কাজ নিয়ে বসে যায়। ঘুমোয়ই না। আমি স্কুল থেকে আসলে আমাকে রেস্ট নিতে বলে। কিন্তু নিজে অফিস থেকে এসে আবারো কাজ নিয়ে বসে যায়। নানুভাইও কাজ কমিয়ে দিয়েছে এজন্য। আর দেখো উইশমামের চেহারার হাল! এমন হলে আরাব মামা এসে আমাকেই তো বকবে বলো?
দোয়া ছলছল চোখে ওর দিকে তাকালো। সবাই দোয়ার দিকেই তাকিয়ে। একটা শুকনো ঢোক গিলে চুপচাপ অরুনাভ মুখার্জীর ঘরের দিকে একপা দু পা করে এগোতে লাগলো দোয়া। খোলা দরজা দিয়ে ও ঘরের সেই বড় জানালাটা দেখা যায়। যেখানে প্রথমবার আরাব দেখেছিলো ওকে। যেখান থেকে এই চিলেকোঠায় রঙ লাগতে শুরু হয়েছিলো। যেখানকার মরিচাধরা লোহা আকড়ে থাকা দোয়ার হাত দেখে আরাব ভালোবাসা অনুভব করেছিলো।
আজ সে জানালা সুসজ্জিত,রঙিন। তবুও দোয়ার মনে হচ্ছে সবটা জমকালো আধারে ঢাকা। চারপাশে চরম শুন্যতা আঁকা। দোয়া শক্তভাবে মুঠো করে নিলো জানালার রড। একটা একটা মুহুর্ত ওর কাছে এখন কয়েকসহস্র যুগ বলে মনে হয়। মনে হয়,এ শুন্যতা খুব তাড়াতাড়ি ওকে শেষ করে দিতে চলেছে। খুব তাড়াতাড়ি!
#চলবে...
[ কি ঘটেছিলো? এই একটা প্রশ্নের উত্তরে বাকি সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন পাঠকমহল। ততোক্ষন ধৈর্য রাখার অনুরোধ রইলো। বেশিদুর বাড়াবো না আর। হ্যাপি রিডিং ❤
গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]