ফন্ট সাইজ:
থিম:
অচেনা অনুভূতির ছোঁয়া

পর্ব ১(১)

লেখক: রেহনিকা

অচেনা অনুভূতির ছোঁয়া
লেখক: রেহনিকা
পর্ব: ১ (১)
ক্লাস শেষের ঘণ্টা বাজতেই পুরো করিডোরে হুড়োহুড়ি পড়ে গেলো।
সানা ব্যাগটা কাঁধে তুলে নাবিদকে নিয়ে মেইন গেটের দিকে হাঁটলো। গেটের কাছে দাঁড়িয়ে ছিলো ইবা। সকালের ঘটনার পর থেকে ইবা এখনো একটু ভয়ে ভয়ে আছে।
সানা ইবার কাঁধে হালকা হাত রেখে বললো, "ইবা, আমি যাই রে। তুই সাবধানে যাস। কাল দেখা হবে।"
ইবা মাথা নেড়ে হাসলো, "তুইও সাবধানে যাস। বাসায় গিয়ে রেস্ট নিস।"
ইবাকে বিদায় দিয়ে সানা আর নাবিদ রাস্তায় নামলো। ঘড়িতে তখন ঠিক ৩টা বাজে। রোদের তেজটা এখন একটু কমে এসেছে, কিন্তু বাতাসে একটা ভ্যাপসা গরম ভাব এখনো আছে।
রিকশা না নিয়ে দুইজন হেঁটেই বাড়ির দিকে রওনা দিলো। নাবিদ বারবার সানার দিকে তাকাচ্ছে, কিছু বলতে চাইছে। কিন্তু সানা চুপ। তার চোখে-মুখে সারাদিনের ক্লান্তি স্পষ্ট।
কায়সার ম্যানশনের বিশাল লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই একটা চেনা শান্তি লাগলো।
দুপুরের এই সময়টা বাড়িটা সবসময়ই একটু নীরব থাকে। বাড়ির চার কর্তা আর ছেলেরা কেউই বাড়িতে নেই। সবাই অফিস আর ব্যবসার কাজে, কেউবা পড়াশোনার জন্য বাইরে।
নিহাল ও স্নেহা দুপুরের ঘুমে। ওপরের ঘর থেকে তাদের নিঃশ্বাসের শব্দও যেন শোনা যাচ্ছে না।
আর রান্নাঘর থেকে ভেসে আসছে চার গিন্নীর গলার শব্দ। বড় বউ সাবরিনা কায়সার, মেজো বউ সুমাইয়া কায়সার, সেজো বউ সানজানা কায়সার আর ছোট বউ সাদিয়া কায়সার — চারজন মিলে দুপুরের খাবার গোছাতে গোছাতে গল্প করছে। সানজানা কায়সার আর সাদিয়া কায়সারের টুকটাক কথায় রান্নাঘরটা সরগরম।
সানা আর নাবিদ কাউকে ডাক না দিয়ে সোজা সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলো নিজেদের রুমে।
*সানার রুম*
দরজাটা খুলতেই একটা চেনা ঠান্ডা গন্ধ নাকে এলো। সানার রুমটা পুরো বাড়ির মধ্যে সবচেয়ে আলাদা।
পুরো রুমটা মেরুন আর ব্ল্যাকের কম্বিনেশনে সাজানো। দেওয়ালগুলোতে গাঢ় মেরুন রঙের পেইন্ট, তার চারপাশে কালো রঙের চিকন বর্ডার টানা। বিছানার চাদরটা একদম কালো, তার ওপর মেরুন রঙের তিনটা কুশন সাজিয়ে রাখা। বালিশের কভারও মেরুন।
একপাশে বড় একটা কাঠের পড়ার টেবিল। টেবিলের ওপর সানার সবচেয়ে প্রিয় জিনিসটা রাখা — তার ল্যাপটপটা যেটার কভারও মেরুন। পাশে কয়েকটা বই এলোমেলোভাবে রাখা, একটা পানির বোতল, আর একটা ছোট্ট ফটোফ্রেম — যেখানে বাবা-মায়ের সাথে ছোটবেলার সানার ছবি আর পাশে একটা ফ্যামিলি ফটো।
আরেক কোণে দেয়ালে বড় আয়না লাগানো। তার পাশে বড় একটা কাবার্ড। জানালার পর্দাটাও মেরুন রঙের, ভারী কাপড়ের। পর্দার ফাঁক দিয়ে হালকা রোদ এসে মেঝেতে পড়ছে। মেঝেতে কালো রঙের একটা নরম কার্পেট পাতা।
রুমটা দেখলেই বোঝা যায় — এই মেয়েটা যেমন জেদি, তেজি, তেমনই তার রুমটাও গম্ভীর, স্টাইলিশ আর একটু রহস্যময়।
সানা ব্যাগটা ধপ করে বিছানার ওপর ছুঁড়ে দিলো। ওড়নাটা খুলে চেয়ারে রাখলো। তারপর একটা হালকা বাসার কুর্তি আর তোয়ালে হাতে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেলো।
ওয়াশরুমের ঠান্ডা পানির নিচে দাঁড়াতেই সারাদিনের সব ক্লান্তি যেন ধুয়ে গেলো। প্রায় বিশ মিনিট ধরে গোসল করলো সে। চুলগুলো ভালো করে ভিজিয়ে শ্যাম্পু করলো।
গোসল শেষে যখন বের হলো, তখন তার মাথায় তোয়ালে প্যাঁচানো, পরনে হালকা একটা সুতির কুর্তি। মুখে কোনো মেকআপ নেই, একদম ফ্রেশ।
সে ধীরে ধীরে আয়নার সামনে এসে দাঁড়ালো।
তোয়ালেটা খুলতেই ভেজা চুলগুলো পিঠ বেয়ে নিচে নেমে এলো। চুলের ডগা থেকে টপটপ করে পানি পড়ছে।
আয়নায় নিজেকে খুব ভালো করে দেখলো সানা।
সে খুব বেশি রোগা না, একটু হেলদি। কিন্তু সেই হেলদি ভাবটাই তাকে সুন্দর লাগে। গায়ের রঙ উজ্জ্বল, তবে ধবধবে ফর্সা না — একটা নরম, মায়াবী উজ্জ্বলতা আছে তার গায়ে। মুখটা গোলগাল, চোখ দুটো বড় বড়, আর চোখের পাতাগুলো ঘন।
চুলগুলো পিঠ থেকে কিছুটা নিচ পর্যন্ত নেমে গেছে, লেয়ার কাট দেওয়া। ভেজা থাকায় চুলগুলো এখন আরো লম্বা লাগছে। চুলের লেয়ারগুলো কাঁধের কাছ থেকে ধাপে ধাপে নেমেছে।
আয়নার দিকে তাকিয়ে সানা একটা দীর্ঘশ্বাস ফেললো। সকালের রাগটা এখন অনেকটাই কমে গেছে। চিরুনি দিয়ে আস্তে আস্তে চুলগুলো আঁচড়াতে লাগলো সে।
চুল আঁচড়ানো শেষ করে সে মাথায় তোয়ালেটা আবার জড়িয়ে নিলো। তারপর ধীর পায়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো।
*নিচে ডাইনিং রুমে*
সিঁড়ি দিয়ে নামতে নামতেই সানার নাকে ভেসে এলো বিভিন্ন খাবারের গন্ধ।
নিচে ডাইনিং টেবিলে তখন ছোট জা সাদিয়া কায়সার ভাত বাড়ছেন। পরনে হালকা একটা শাড়ি, চুলগুলো খোঁপা করা। তিনি এক হাতে চামচ দিয়ে সবার প্লেটে ভাত তুলে দিচ্ছেন। পাশে দাঁড়িয়ে সানজানা কায়সার তরকারির বাটিগুলো এগিয়ে রাখছেন।
সানাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সাদিয়া কায়সার হেসে বললেন, "আয় সানা, এতক্ষণে আসলি? সেই কখন থেকে তোর জন্য ভাত নিয়ে বসে আছি। আয়, বসে পড়।"
সানা কিছু না বলে চুপচাপ চেয়ার টেনে বসলো। মাথার তোয়ালেটা এখনো খোলেনি, চুল থেকে হালকা পানি পড়ছে।
ঠিক তখনই নাবিদও হাত-মুখ ধুয়ে, চুল ঝাড়তে ঝাড়তে নিচে নেমে এলো। সে এসেই সানার পাশের চেয়ারে বসলো।
খেতে বসেই নাবিদ আর চুপ থাকতে পারলো না। সে চার জা-এর দিকে তাকিয়ে একদমে বলতে শুরু করলো, "জানো ছোট মা, আজকে ভার্সিটিতে কী হইছে? একটা সিনিয়র ছেলে, নাম রাফসান, সানাকে রাস্তায় আটকাইছে। বাজে কথা বলছে। সানা তো ছাড়ে নাই। একদম ব্যাকপ্যাক দিয়ে মাথায় মাইরা, বাটাম দিয়ে পিটাইয়া হাসপাতালে পাঠাইয়া দিছে!"
নাবিদের কথা শুনে চার জা একসাথে হাঁ করে তাকালো। সানজানা কায়সার তো হেসেই দিলো, "কী বলিস! সত্যি?"
কিন্তু সানার মা সুমাইয়া কায়সার হাসলেন না। তিনি ভাতের প্লেটটা সানার সামনে রেখে সানার পিঠে হালকা একটা কিল দিয়ে বললেন, "প্রথম দিনই কি এসব থেকে দূরে থাকা যেতো না, সানা? ভার্সিটিতে গেছিস পড়তে, মারামারি করতে তো যাস নাই!"
সানা মায়ের দিকে একবার তাকালো, কিন্তু কিছু বললো না। মাথা নিচু করে চুপচাপ ভাত মাখাতে লাগলো। তার চোখে-মুখে কোনো আফসোস নেই, বরং একটা চাপা জেদ — যেন বলছে, "আমি তো ঠিকই করেছি।"
চার জা তখনো হাসাহাসি করছে, নাবিদ আরো রসিয়ে রসিয়ে বলছে। কিন্তু সানা একটাও কথা বললো না।
খাওয়া শেষ করে সে ধীরে ধীরে প্লেটটা সরিয়ে রাখলো। তারপর চুপচাপ আবার সিঁড়ি বেয়ে ওপরে নিজের রুমের দিকে উঠে গেলো। মাথার তোয়ালেটা তখনো ভেজা চুলের ওপরেই আছে।
---
বিকেলটা কেটে গেলো ধীরে ধীরে।
সানা ওপরে নিজের রুমে ল্যাপটপ নিয়ে বসেছিলো। কিন্তু মনটা তার ল্যাপটপে ছিলো না।
এমন সময় নিচে থেকে একটা চেনা গাড়ির শব্দ ভেসে এলো।
কায়সার ম্যানশনের গেট দিয়ে ঢুকলো নির্ঝর কায়সার সাদ-এর কালো গাড়িটা।
সন্ধ্যা তখন প্রায় ৬টা। বাড়ির সবাই এখন বাড়িতে। চার কর্তা — নাজমুল কায়সার, নাঈম কায়সার, নাবিল কায়সার, নিয়াজ কায়সার — অফিস থেকে ফিরে ড্রয়িংরুমে বসে চা খাচ্ছেন। চার জা রান্নাঘরে সন্ধ্যার নাস্তা বানাচ্ছেন। নাফিস তার রুমে, তার স্ত্রী রাইসা সানার বড় বোন নাফিসার মেয়ে মিনিকে নিয়ে ব্যস্ত। নাহিয়ান, নিশাত, নিহাল, স্নেহা সবাই ড্রয়িংরুমে। নাবিদও নিচে।
পুরো বাড়ি এখন একদম ভরপুর।
নির্ঝর গাড়ি থেকে নেমে সোজা ভেতরে ঢুকলো। পরনে সেই সকালের সাদা শার্ট আর কালো ব্লেজার। চোখে-মুখে সারাদিনের অফিসের ক্লান্তি স্পষ্ট। কিন্তু গাম্ভীর্য ঠিক আগের মতোই।
সে কাউকে কিছু না বলে সোজা সিঁড়ি বেয়ে ওপরে নিজের রুমের দিকে উঠে গেলো।
নিচে থেকে মেজো জা সুমাইয়া কায়সার ডেকে বললেন, "নির্ঝর, খেয়ে যাবি না? চা দিবো?"
নির্ঝর যেতে যেতে বললো, "পরে খাবো, মেজো মা। আগে একটু ফ্রেশ হয়ে নিই।"
*নির্ঝরের রুমে*
নির্ঝর রুমে ঢুকে ব্লেজারটা খুলে বিছানার ওপর রাখলো। শার্টের হাতাটা কনুই পর্যন্ত গোটালো। তারপর সোজা ওয়াশরুমে ঢুকে গেলো।
প্রায় পনেরো মিনিট ধরে ঠান্ডা পানিতে গোসল করলো সে। সারাদিনের অফিসের ধুলো, ঘাম, মিটিংয়ের টেনশন — সব যেন ধুয়ে গেলো।
গোসল শেষে ভেজা চুলে, পরনে একটা ট্রাউজার আর গায়ে তোয়ালে জড়িয়ে বের হলো নির্ঝর। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে সে কাবার্ডের দিকে এগোলো।
কাবার্ডটা খুলে সে একটা জিনিস খুঁজতে লাগলো।
তার নতুন কেনা ওভারসাইজ টি-শার্টটা — কালো রঙের, একদম নতুন, গতকালই কিনেছিলো। আর তার পাশে রাখা নতুন পারফিউমের বোতলটা।
কিন্তু কাবার্ডে কোথাও সেগুলো নেই!
প্রথমে একটা তাক, তারপর আরেকটা তাক, তারপর ড্রয়ার — কোথাও নেই। নির্ঝরের কপালে ভাঁজ পড়লো। তার জিনিস কেউ না বলে নেয়, এটা তার একদম পছন্দ না।
সে একটু জোরেই নিচের দিকে তাকিয়ে ডাক দিলো, "সানা! সানা, আমার রুমে আয় তো একটু!"
সানার রুমটা ঠিক পাশেই। ল্যাপটপ বন্ধ করে সানা দরজা খুলে বের হলো।
"কী হইছে? এভাবে চিল্লাচ্ছেন কেন?" — সানা ভ্রু কুঁচকে বললো।
নির্ঝর তোয়ালেটা কাঁধে রেখে কাবার্ডের দিকে ইশারা করে গম্ভীর গলায় বললো, "আমার নতুন ওভারসাইজ টি-শার্টটা কোথায়? আর আমার নতুন পারফিউমটা? কাবার্ডে খুঁজে পাচ্ছি না। তুই নিয়েছিস?"
কথাটা শুনে সানার মুখে একটুও ভয়ের ছাপ এলো না। বরং সে একদম নির্বিকার ভঙ্গিতে বললো, "হ্যাঁ, আমিই নিছি।"
নির্ঝর চোখ বড় বড় করে তাকালো, "তুই নিয়েছিস মানে? আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিসনি?"
সানা কাঁধ ঝাঁকিয়ে বললো, "ভালো লাগছে তাই নিয়েছি। আপনার টি-শার্টটা অনেক সুন্দর ছিলো। আর পারফিউমের ঘ্রাণটাও অনেক সুন্দর। তাই নিয়েছি।"
নির্ঝর রেগে গেলো, "ভালো লাগলেই নিয়ে নিবি? এটা কি মগের মুল্লুক নাকি? আমার জিনিস আমাকে না বলে নেওয়ার সাহস তুই কোথায় পাস?"
সানা এবার একটু তেজ নিয়ে বললো, "আপনার জিনিস! কোথাও কি আপনার নাম লেখা ছিল? কই আমি তো দেখলাম না। আর তাছাড়া, ওগুলো আমার ভালো লেগেছে তাই নিয়েছি
এই পুরো বাড়িতে সানার একটা অদ্ভুত অভ্যাস আছে। সে নিজে কখনো টি-শার্ট কিনে না। নির্ঝর বা নাবিদ যখনই নতুন টি-শার্ট কিনে আনে, সানা সেটা পছন্দ হলে চুপচাপ নিজের রুমে নিয়ে যায়। নাবিদেরটা সে মাঝে মাঝে নেয়, কিন্তু নির্ঝরের জিনিসগুলো তার একটু বেশিই পছন্দ। নির্ঝরের ওভারসাইজ টি-শার্ট, হুডি, পারফিউম — এগুলো দেখলেই তার নিতে ইচ্ছা করে।
নির্ঝর এবার আরো রেগে বললো, " আমারটা কেন নিবি? আমার জিনিসে হাত দিবি না বলছি না? কালকেই ওটা কিনলাম, একবারও পরলাম না, আর তুই নিয়ে গেলি?"
সানা মুখ বাঁকিয়ে বললো, "আপনি তো পরেনই না, কাবার্ডে ফেলে রাখেন। আমি নিয়ে পরলে কী সমস্যা? আপনি তো সবসময় শার্টই পরেন। টি-শার্ট আপনার জন্য না।"
নির্ঝরের এবার রাগ লাগছে তাও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললো, "তুই কি আমার জিনিসগুলো দিবি না?"
সানাও বললো, "নাহ, বললাম তো আমার ভালো লেগেছে ওগুলো।"
এবার আর রাগ কন্ট্রোল করতে পারছে না নির্ঝর। চিৎকার দিয়ে বলল," সানা মার যদি খেতে না চাস তো আমার জিনিস আমাকে ফেরত দে। "
সানাও জেদ নিয়ে বলল, "আমি দেবো না। "
দুইজনের কথা কাটাকাটি শুনে নিচে থেকে সবাই ওপরে উঠে এসেছে।
সবার আগে এসেছেন সানার মা সুমাইয়া কায়সার। তিনি দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিলেন। এবার তিনি সানার দিকে তাকিয়ে বললেন, "সানা, এটা কিন্তু ঠিক করিসনি। নির্ঝর ঠিকই বলছে। বড় ভাইয়ের জিনিস না বলে নেওয়া কি ঠিক? ফেরত দে।"
মা নির্ঝরের পক্ষে কথা বলছে দেখে সানার রাগ আরো বেড়ে গেলো।
সে বললো, "আম্মু, তুমি সবসময় ওনার পক্ষেই বলো! আমি কি চুরি করছি নাকি? একটা টি-শার্টই তো নিছি!"
সুমাইয়া কায়সার এবার একটু জোরেই বললেন, "একটা টি-শার্টই তো! তাহলে ফেরত দিতে সমস্যা কোথায়? যা, গিয়ে নিয়ে আয়।"
পেছনে দাঁড়িয়ে থাকা নাবিদ, নিশাত, নাহিয়ান সবাই হাসি চাপার চেষ্টা করছে। নাবিদ ফিসফিস করে নিশাতকে বললো, "দেখছিস, সানা আবার নির্ঝর ভাইয়ের টি-শার্ট নিছে। এই নিয়ে যে কতবার ঝগড়া হলো!"
নির্ঝর এবার হাত ভাঁজ করে দাঁড়িয়ে বললো, "শুনলি তো মেজো মা কী বললো? যা, আমার টি-শার্ট আর পারফিউমটা ফেরত নিয়ে আয়। এখনই।"
সানা দাঁতে দাঁত চেপে নির্ঝরের দিকে তাকালো। চোখে-মুখে রাগ, কিন্তু কিছু করার নেই। মা সামনে দাঁড়িয়ে। সে পা ঠুকে নিজের রুমের দিকে গেলো।
একটু পরেই হাতে কালো ওভারসাইজ টি-শার্টটা নিয়ে ফিরে এলো। নির্ঝরের দিকে ছুঁড়ে দিয়ে বললো, "নিন, আপনার সাধের টি-শার্ট। এত কিপ্টামি করলে কেউ টি-শার্ট কিনে নাকি!"
নির্ঝর টি-শার্টটা হাতে নিয়ে একবার দেখলো। তারপর সানার দিকে তাকিয়ে শীতল গলায় বললো,"আমার পারফিউম কই? ওইটা দে।"
সানা বিরক্তি ভাব নিয়ে বলল," যেটা দিয়েছি ওটাই রাখেন। আর পারফিউম আমি দিতে পারবো না। "
নির্ঝর এবার সুমাইয়া কায়সারের দিকে তাকিয়ে বলল," মেজো মা, তোমার মেয়েকে আমার পারফিউম দিতে বলো। "
সুমাইয়া কায়সার কিছু বলবে তার আগে নির্ঝরের মা সানজানা কায়সার এগিয়ে এসে নির্ঝরকে বললো," থাক না বাবা, একটা পারফিউমই তো, যেতে দে ওকে। "
নির্ঝরে এবার সানার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল "এরপর থেকে আমার কাবার্ডে হাত দিলে তোর খবর আছে।"
সানা কোনো জবাব না দিয়ে মুখ ঘুরিয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলো।
পেছনে সবাই হাসছে। সুমাইয়া কায়সার নির্ঝরের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, "বাবা, তুই কিছু মনে করিস না। মেয়েটা একদম ঘাড়ত্যাড়া হয়ে গেছে।"
নির্ঝর কিছু বললো না। শুধু হাতে টি-শার্টটা নিয়ে একবার সানার বন্ধ দরজার দিকে তাকালো।
চলবে......

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব ১(১) শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন