প্রায় তেরো বছর আগে খান বাড়ি এবং মুনশি বাড়ির মধ্যে একটি বৈবাহিক সম্পর্কের চুক্তি স্থাপন করা হয়েছিল। মুনশি বাড়ির কর্তা, এবং হেমন্তপুর গ্রামের প্রধান খায়েরুল মুনশি তেরো বছর পূর্বে তার বড় ছেলের সাথে গ্রামের অন্য প্রভাবশালী পরিবার, খান পরিবারের বড় মেয়ের বিবাহের সম্বন্ধ পাকা করেন।
খান আর মুনশিরা ছিল হেমন্তপুর গ্রামের মাথা। গ্রামের সব সিদ্ধান্ত আসতো ঐ দুই বাড়ি থেকে। তাদের বাড়ির অবস্থানও ছিল গ্রামের একেবারে মাঝামাঝি। দুই বাড়ির মধ্যে মাত্র এক কিলোর দূরত্ব। আভিজাত্য, ঐতিহ্য আর অর্থবিত্তের দিক থেকে গ্রামের অন্য কোনো বাড়ি এদের ধারেকাছেও ছিল না।
খাইরুল মুনশি বংশ মর্যাদার ব্যাপারে সচেতন। যার তার সাথে পুত্রের বিয়ে তিনি দিবেন না। কনে কে অবশ্যই বংশমর্যাদা এবং আনুসঙ্গিক দিক দিয়ে তার পুত্রের যোগ্য হতে হবে।
খানদের বিত্ত বৈভব ছিল অঢেল। লিকায়ত খান শহরে খাদি কাপড়ের ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করেছেন। খাদির ব্যবসা ছাড়াও চালের ব্যবসা ছিল তাদের। গ্রামে দুইটা রাইস মিল ছিল। আর ছিল দুইটা মসজিদ আর একটা মাদ্রাসা। লিয়াকত খানের বড় মেয়ে সাহারার সাথে মুনশি বাড়ির বড় ছেলে ফাইজানের বিয়ে ঠিক হয়ে ছিল।
এই কথা ফাইজান জানত, সাহারাও জানতো। তখন ফাইজানের বয়স বারো বছর। আর সাহারার সাত। লিয়াকত খান আর খাইরুল মুনশি পুরো গ্রাম দাওয়াত করে তাদের বাগদানের অনুষ্ঠান সম্পন্ন করেন। সেই বাগদানের অনুষ্ঠানেই সাহারার সাথে প্রথমবার দেখা হয় ফাইজানের। এবং বলা বাহুল্য, সেই স্মৃতি সাহারা খুব বেশি দিন মনে রাখেনি।
ফাইজানের গল্পও অনেকটা এমন। সাহারাকে সেদিনই সে প্রথম দেখেছে। ওদের দুই পরিবারের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও এক বাড়ির মানুষজন অন্য বাড়ির অন্দরমহলে ঢোকার অনুমতি পেত না। খান রা রক্ষনশীল ঘরনার। মাহারাম, নন মাহারামের নিয়মকানুন শক্তভাবে পালন করে। মুনশি বাড়িতেও এসবের চর্চা হতো কঠিনভাবে। তাই বাগদানের আগে, কিংবা তার পরের তেরো বছর, ফাইজান এবং সাহারা কেউ কারো সাথে কথা বলা তো দূর, মুখ দেখার সুযোগ অব্দি পায়নি।
ফাইজান মাধ্যমিক শেষ করে ঢাকার একটা কলেজে ভর্তি হলো। উচ্চমাধ্যমিকে তার রেজাল্ট এলো অসম্ভব ভালো। এর চার মাস পর ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে সে উড়াল দিল মিসিগানে, তার উচ্চশিক্ষার জন্য। ফিরে এলো ছয় বছর পরে।
অ্যাপ্লাইড ক্যামিস্ট্রিতে অনার্স এবং মাস্টার্স শেষ করে সে আবার বাংলাদেশে বেড়াতে এসেছিল শুধুমাত্র এক মাসের জন্য। এই কথা সে তার বাবা মা কে আগে থেকে জানায়নি।
সবাই জানত, সে আর কখনো মিসিগান ফিরে যাবে না। এই দেশেই কিছু একটা করবে। হয়তো বাবার জায়গা সম্পদের তদারকি করবে। নয়তো নিজের পেশার সাথে যুক্ত কোনো কর্মক্ষেত্রে যোগ দিবে। তবে ফাইজানের পরিকল্পনা ছিল অন্য কিছু।
মিসিগানে যাওয়ার পর ইলিনা নামের একটি মেয়ের সাথে পরিচয় হয় তার। এবং সেই পরিচয় থেকে একসময় ঐ মেয়েটিকে ভীষণ মনে ধরে ফাইজানের। অনার্সের শেষ বর্ষে দিয়ে ইলিনাকে নিজের মনের কথা জানাল ফাইজান। ইলিনা সেই প্রস্তাবে সহাস্যমুখে সায় দিল। এরপর আপার পেনিনসুলার মারক্যাটে এক অ্যাপার্টমেন্টেই টানা দুই বছর কাটিয়েছে তারা।
বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা অতি জঘন্য ব্যাপার। বিবাহ সম্পর্ক ব্যাতিরেকে দু'জন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের এক ঘরে বসবাস করা এই অঞ্চলে প্রচলিত না। ফাইজান বাংলাদেশের রীতিনীতি নিয়ে চিন্তিতও না। মিসিগানের যাওয়ার পর ভারতবর্ষের চির চলিত নিয়মকানুন, আদব কায়দা তার বিরক্ত লাগত ভীষণ।
বিয়ে ব্যাপারটাকে খুব বাহুল্য মনে হতো। বিয়ে করা, একসাথে সংসার করা, রক্ষণশীল মনোভাব নিয়ে চলা সবকিছুই বাড়াবাড়ি আর গোড়া মনে হতো। সে মুক্ত চিন্তার মানুষ। এখানে সবাই মুক্ত ভাবেই চিন্তা করে সবকিছু। ছেলে মেয়ের আলাদা নিয়মকানুন এখানে নেই।
সামাজিক রীতিনীতির বাইরে ধর্মীয় রীতি রেওয়াজও অসহ্য লাগত একসময়। দ্বিতীয় বর্ষের মাঝামাঝি পর্যায়ে এসে সে টের পেল, ধর্মের প্রতি তার আলাদা কোনো টান নেই। উল্টো বিরক্তি আছে বেশ। এতো এতো বিধিনিষেধ, হারাম হালাল নিয়ে এতো বড় বড় ফিরিস্তি, ফাইজানের কপাল কুঁচকাত এসবের কথা ভাবলে।
একসময় যুক্তরাষ্ট্রের জীবনযাপনের সাথে খুব দারুণ মিশে গেল সে। বিয়ে, সংসার, দায়িত্ব ,কর্তব্য, স্ত্রী, সন্তান, এই সেকেলে টার্মগুলো জীবন থেকে সরিয়ে সে ইলিনার সাথে চমৎকার একটা সময় কাটাচ্ছিল। একটা ছিমছাম অ্যাপার্টমেন্ট তাদের। দু'জন মিলে রান্না করে উইকেন্ডে। নয়তো বাইরে থেকে অর্ডার করে। বড় বড় ভ্যাকেশনে সী বিচ থেকে ঘুরে আসে। নো রুলস, নো রেস্ট্রিকশনস, নো হালাল হারাম এন্ড অল।
মাস্টার্সে যাওয়ার পর ফাইজানের মনে হলো, তার জীবনের সবচেয়ে হাস্যকর ব্যাপারটি হলো, খুব ছোট বেলায় অজানা অপরিচিত একটি মেয়ের সাথে তার ঠিক হওয়া বিয়ে। যখন মেয়েটাকে আংটি পরানোর ঐ দিনটার কথা মনে করত সে, তখনই খিলখিলিয়ে হাসি পেত, বিদ্রুপে বেঁকে যেত কপাল।
তার বাম হাতের অনামিকা আঙুলে একটি আংটি সবসময়ই দেখতে পেল ইলিনা। একদিন জিজ্ঞেস করাতে বলল,খুব ছোট বেলার উপহার। পরে রাখতে রাখতে অভ্যাস হয়ে গেছে।
অনামিকা আঙুলে স্বভাবসুলভ যেই আংটিটা সবসময় পরে রাখত ফাইজান, ঐ আংটি তাকে পরিয়েছিল সাহারা নামের একটি মেয়ে। অথচ এই নামটাও ফাইজান ভুলে গিয়েছিল ততদিনে। মনে রেখে কি করবে? ঐ মেয়ে কে সে কোনোদিন বিয়েই করবে না। আর না কোনোদিন তার সাথে দেখা করবে।
সাহারার কথা ফাইজান ভুললেও খাইরুল মুনশি নিজের প্রতিজ্ঞার কথা ভুললেন না। ছেলের মাস্টার্স শেষ হতেই তিনি তাকে ফোন দিয়ে বললেন, এবার তাহলে বিয়ের আয়োজন শুরু করি? দু'জনেরই তো বয়স হয়েছে বিয়ের। কাল রাতেই এ নিয়ে সাহারার আব্বুর সাথে কথা হলো আমার।"
ফাইজান আপেল খেতে খেতে বলল,"সাহারা কে?"
"আশ্চর্য! সাহারা তোমার স্ত্রী।"
ফাইজান বিষম খেল। হতভম্ব চোখে সে বোকার মতো তাকাল ফোনের স্ক্রিনে। তাকে এমন চমকে যেতে দেখে খাইরুল মুনশি নিজেকে শুধরে নিলেন দ্রুত। মাথা নেড়ে মৃদু স্বরে বললেন,"ঐ আরকি। হবু স্ত্রী। তুমি তো জানো সবই।"
ফাইজান জবাব দিতে পারল না। স্তব্ধ হয়ে কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে সে ফোন কেটে দিল। বাবা তাহলে ঐ বিয়ের কথা এখনো ভুলেনি। এতো ভিত্তিহীন একটা বিয়ে, এতো বোকা বোকা একটা প্রতিশ্রুতির কথা বাবা এখনো মনে রেখেছে?
ভারি নিঃশ্বাস ছেড়ে সে সোফায় গিয়ে বসল। ঐটা কোনো বিয়ে হলো? বিয়ে হয় বর কনের অনুমতি নিয়ে। কোনো বাবা তার সন্তানের বিয়ে ঠিক করতে পারেন না, প্রতিশ্রুতিও দিতে পারেন না। সঙ্গী নির্বাচন করার স্বাধীনতা শুধুমাত্র ব্যক্তির নিজের।
ফাইজান কখনোই সাহারা নামের ঐ মেয়েকে বিয়ে করত না। আর না কখনো বাংলাদেশে ফিরে যেত স্থায়ীভাবে। এই কথা সে চাইলে বাবাকে ফোনেও জানাতে পারত। কিন্তু শেষ মুহূর্তে এসে তার মনে হলো, একবার অন্তত তার দেশে যাওয়া উচিত। এতো গুলো বছর! সবাই কতো বদলে গেছে। একবার অন্তত সামনে থেকে তাদের দেখে, সবকিছু পরিষ্কার ভাবে বুঝিয়ে আসা দরকার।
সেই পরিকল্পনা থেকেই সে দেশে ফেরার টিকিট কাটল। সাথে আবার এক মাস পরের রিটার্ন টিকিটও কেটে নিল। ত্রিশ দিন। পাক্কা ত্রিশ দিন। এর বেশি আর একদিনও ঐ দেশে থাকা সম্ভব না তার পক্ষে।
অলিভ গ্রীন কালারের লেদারের জ্যাকেট আর কালো রঙের ক্যাপ মাথায় চাপিয়ে বড় একটা লাগেজ নিয়ে সে রওয়ানা দিল এয়ারপোর্টের উদ্দেশ্যে। গন্তব্য বাংলাদেশ। যে দেশে ফাইজান আর দ্বিতীয়বার যেতে চায় না।
♣
"সাহারা! জলদি নিচে আসো। তহুরা আপা এসেছেন।"
সাহারা খালি পায়ে ছাদে হাঁটছিল। আজ অগ্রহায়ণ মাসের চার তারিখ। শীত আসবে আসবে ভাব। গতকাল রাতে কুয়াশা পড়ছিল। আজ সকালে আবার আকাশ পরিষ্কার। নরম এক ফালি রোদ ছাদের উপর এসে পড়ছিল। ঐ রোদে উত্তাপ কম। কুসুম কুসুম রোদের তাপ গায়ে মেখে ছাদে হাঁটতে আরাম লাগছিল খুব। এর মধ্যেই মায়ের ডাক কানে এলো।
সাহারা একবার ঘুরে তাকাল ছাদের দরজার দিকে। তারপর আবার হেঁটে গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে নিচে উঁকি দিল। হ্যাঁ, তহুরা খালাজানকে দেখা যাচ্ছে।
সাহারা আবার ছুটল ঘরে। ঘরে গিয়ে তাকের উপর থেকে ভারি কালো শাল বের করে গায়ে চাপল। আব্বুর কড়া নির্দেশ আছে। অন্দরমহল ছেড়ে উঠানে পা রাখলে সতর ঢাকতে হবে। সে পুরো শরীর আবৃত করে এগিয়ে গেল মূল দরজার দিকে।
তহুরা চৌকিতে বসে অপেক্ষা করছিলেন তার। রোকেয়া বানু এসে চায়ের ট্রে সামনে রাখলেন। তহুরা হেসে বললেন,"আহা আপা, আপনি আবার এসব করতে গেলেন কেন?"
সাহারা ধীর পায়ে উঠানে এসে দাঁড়াল। তহুরা চোখ তুলে তাকালেন মেয়েটার দিকে। সাহারার পুরো শরীর ঢাকা। কেবল চোখ দু'টো দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর আর দ্যুতিময় দু'টি চোখ। তহুরা সময় নিলেন সেই চোখের সৌন্দর্য নিরূপণ করতে।
তহুরা উঠে দাঁড়ালেন। রোকেয়া বানু মেয়ের দিকে তাকিয়ে বলেন,"তহুরা আপা এসেছে। এতো বড় শাল জড়িয়েছিস কেন গায়ে?"
কালো শালের আড়াল থেকে মেয়েটি স্পষ্ট গলায় জবাব দিল,"আব্বুর আদেশ। অন্দরমহল ছাড়ার পর মাহারাম, নন মাহারাম, পুরুষ, মহিলা সবার সামনেই সতর ঢাকতে বলেছে। আমি তো এখন অন্দরমহলে নেই।"
সাহারা থামল। রোকেয়া গোল গোল চোখে তাকিয়ে মেয়ের কথা শুনলেন। মেয়ের চোখের ধাঁর স্পষ্ট। বাবার মতো তেজ আছে কথায়। লোকে তো বলেই, লিয়াকত খানের শক্তি, সাহস, দম্ভ সব ঐ মেয়ে। এই মেয়ের দিকে তাকালেই রোকেয়ার মনে হয় লিয়াকত তার সব গুণ ,সব প্রাচুর্য, সব যশ এই মেয়ের মধ্যে রেখে যাচ্ছে।
তহুরা মুগ্ধ হলেন মেয়েটিকে দেখে। যতবারই মেয়েটি তার সামনে আসে, প্রশান্তিতে তার বুক ভরে যায়। এই মেয়েটির সাথে ফাইজানের বিয়ে হবে খুব শীগ্রই। তারপর সে সারাজীবনের জন্য তহুরার ঘরে চলে আসবে। তহুরার খুব শখ একদিন তার তীরন্দাজি দেখবেন।
তহুরা বললেন,"তুমি যে তীরন্দাজি শিখছিলে, সেটা কতোদূর? শেখা শেষ?"
"জি।"
"বাহ, দারুণ তো।"
সাহারা মাথা নাড়ল। তহুরা এবার একটু আওয়াজ নামালেন। নিচু গলায় বললেন,"শুনলাম বন্দুক চালানোও নাকি শিখছ? এই কথা কি সত্যি?"
"জি, একদম সত্যি।"
"কাকে মারবে বন্দুক চালিয়ে?"
"কাউকে মারার জন্য বন্দুক চালানো শেখানো হয় না। নিজেকে বাঁচানোর জন্য শেখানো হয়।"
"ওহহ আচ্ছা।"
তহুরা চুপ হয়ে গেলেন। চোখ নামাতেই দেখলেন মেঝের উপর মেয়েটির ধবধবে দুই পা জ্বলজ্বল করছে। সে পায়ে জুতা পরেনি। তহুরা আবার স্তব্ধ হলেন মেয়েটির সৌন্দর্যে। এতো দারুণ, এতো অপরূপ!
তহুরা তার মাথায় হাত রেখে বললেন,"মাশাআল্লাহ মা। সব শখ পূরণ করো। বাবার বাঘ হও। তোমার জন্য একটা সংবাদ আছে।"
সাহারা কপাল কুঁচকাল।
"কি সংবাদ?"
"আগামীকাল ফাইজান আসছে দেশে। তোমার আব্বু আর ফাইজানের আব্বু যাবে তাকে এয়ারপোর্ট থেকে আনতে। ওরা চাইছে, আগামী দুই মাসের মধ্যেই তোমাদের বিয়ে দিতে।"
সাহারা চমকে উঠল। পুরো শরীর হঠাৎ জমে গেল তার। ফাইজান। ঐ একটা নাম বাদে আর কোনো কথা শুনতে পেল না তার। হাতে পায়ে হিম ধরে গেল।
ঐ ছেলে দেশে আসছে? তার সাথে বিয়ে হবে সাহারার? ফাঁকা একটা ঢোক গিলে সাহারা সরে এলো সেখান থেকে।
যোহর আর আসরের নামাজ সে পড়ল ঘোরের মধ্যে থেকেই। বিকেলে উসমান তার ঘরে এলো। এসে বলল, বোরকা পরে নিতে। ওরা সবাই মিলে নদীর পাড়ে ঘুরতে যাবে। সাহারা বালিশে মাথা রেখে নিষ্প্রভ মুখে বলল,"আমি যাব না উসমান। তোমরা যাও।"
"সেকি! কেন? নদীর পাড় তো তোমার পছন্দের জায়গা।"
"আজ যাব না। ভালো লাগছে না।"
উসমান এসে ওর কপালে হাত চাপল। সাহারা চোখ মেলে তাকে দেখে হেসে ফেলল। তার হাতের পিঠে ছোট একটা চুমু খেয়ে বলল,"আমার সোনা ভাই! আমি একদম ঠিক আছি। তুমি বাকিদের সাথে নদীর পাড়ে যাও। গিয়ে ঘুরে আসো। আমরা পরে কখনো যাব। ঠিক আছে?"
উসমান চলে গেল। সাহারা চুপ করে শুয়ে এক মনে দেয়ালের সাদা রংটার দিকে চেয়ে থাকল।
ফাইজানকে সে শেষবার দেখেছিল তেরো বছর আগে। তেরো বছরে অনেক কিছু পাল্টেছে। পৃথিবী পাল্টেছে, সমাজ পাল্টেছে, মানুষের জীবনযাপনের ধরণ পাল্টেছে। ঐ ছেলেও নিশ্চয়ই তেরো বছর পর আর আগের মতো নেই। সাহারা তো এই এতো বছরে তার ছবিও দেখেনি কখনো।
সন্ধ্যার নামাজের পর সে মন খারাপ করে জায়নামাজে বসে ছিল। হাতে একটা মুক্তদানার তাসবিহ। আব্বু এই তাসবিহ ছোটবেলায় উপহার দিয়েছিল তাকে। বলেছিল, এই তাসবিহর দাম তখনই বাড়বে, যখন তুমি এই তাসবিহ গুনে আল্লাহকে স্মরণ করবে। তোমার যিকিরের উপর নির্ভর করবে, এই তাসবিহর দাম কেমন। বুঝলে সাহারা?"
সাহারা অন্যমনস্ক ছিল। বিড়বিড় করে যিকির করছিল। পুরো বাড়ি নীরব। উসমানরা এখনও নদীর পাড় থেকে আসেনি। হঠাৎ নিচ থেকে গাড়ি শব্দ কানে এলো। হর্ণ বাজিয়ে সাদা রঙের গাড়িটা লোহার গেইট পেরিয়ে বাড়ির ভেতর ঢুকল।
সাহারা দ্রুত বসা থেকে উঠে দাঁড়াল। তার মুখের মলিন ভাব কেটে গেছে হঠাৎ।
আব্বু এসেছে। এক দৌড়ে সে ছুটে গেল জানালার কাছে। জানালার কপাট ধরে দাঁড়িয়ে একবার নিচে তাকাল।
দেখলো, লিয়াকত খান পাঞ্জাবি ঝাড়তে ঝাড়তে বাড়ির ভেতর পা রাখছেন।
সাহারা দাঁড়িয়েই থাকল জানালার কাছে। বাড়ির উঠান দেখে আবার তার মন খারাপ হলো। সেদিকে তাকিয়েই আনমনে বিড়বিড় করে বলল,"আপনি কেন বুঝেন না আব্বু, আমার দ্বারা ঘর সংসার করা সম্ভব না। আমি লিয়াকত খানের মেয়ে। তীর চালাতে পারি, বন্দুক চালাতে পারি, ব্যবসার হিসাব দেখতে পারি। কিন্তু চুলা চালাতে পারি না। আমি পারব না কোনো লোকের ঘর করতে। কেন বোঝেন না আপনি?"
চলবে-
#দিলদার(সূচনা পর্ব)
লেখনীতে #মেহরিমা_আফরিন