ফন্ট সাইজ:
থিম:
দিলদার

পর্ব 2

লেখক: মেহরিমা আফরিন

#দিলদার - পর্ব ০২
লেখনীতে #মেহরিমা_আফরিন

"আব্বু!"

লিয়াকত খান বাড়ি ফিরেই ইজিচেয়ারে বসে দোল খাচ্ছিলেন। তার দুই চোখ বোজা। পাঞ্জাবির কোটি খুলে চেয়ারের হাতলে ঝুলিয়ে রেখেছেন। মাথার উপর মাঝারি বেগে পাখা ঘুরছে।

মেয়ের আওয়াজ শুনেই লিয়াকত চোখ মেললেন। দেখলেন, দুই হাত এক করে সাহারা দরজার কাছে দাঁড়িয়ে আছে। ওর মুখ শান্ত, চোখ দু'টো খুব ম্লান। লিয়াকত বললেন,"আরে সাহারা। আমার মা। এসো না। ভেতরে এসো।"

সাহারা ভেতরে এলো। এসে বাবার পায়ের কাছে বসল। মাথা রাখল কোলে। ধীর কণ্ঠে বলল,"পাঞ্জাবি খুলেন নি কেন? ঘেমে গেছেন তো।"

"আবার বের হবো একটু পর। কাজ আছে।"

সাহারা উদাসমুখে বলল,"কাল রাতেও কতো দেরিতে বাড়ি ফিরলেন। আজও আবার কাজে যাবেন। আপনি আর আগের মতো কথা বলেন না আমাদের সাথে। শুধু কাজ নিয়ে পড়ে থাকেন।"

লিয়াকত হাসলেন,"তুমি তো জানো সাহারা, গঞ্জের পাশে আমি একটা জমি কিনেছি। ঐ জমিতে বাড়ি তুলছি। বাড়ির কাজ চললে একটু দেখাশোনা করে আসতে হয়। এই নিয়ে ইদানিং খুব ব্যস্ত আমি। "

"আপনার শুধু ব্যস্ততা।"

মেয়েটার অভিমানী কণ্ঠ। লিয়াকত খান হেসে ফেললেন। সাহারার মসৃণ চুলে হাত বুলাতে বুলাতে চাপা স্বরে বললেন,"খবর শুনেছ সাহারা?"

"শুনেছি। আপনার বন্ধুর ছেলে প্রবাস থেকে দেশে ফিরছে।"

"কেন দেশে আসছে জানো তো?"

"জানি। কিন্তু খুশি না।"

"সেকি! কেন?"

সাহারা চোখ তুলল,"আব্বু! আপনি তো জানেন, আমার এসব ভালো লাগে না। বিয়ে করব, তারপর সারাজীবন একজনের গোলামি করব। এটাই কি জীবন আব্বু?"

"গোলামি কেন সাহারা? তুমি তার স্ত্রী হবে। দাসী না।"

"ঐ এক ই কথা। এই বঙ্গের লোক স্ত্রীকে দাসীই ভাবে। এরা গোমরাহ, ধর্ম নিয়ে কিচ্ছুটি জানে না। আর আব্বু, আমি কিন্তু রাধতে জানি না। আপনি এই কথা আপনার বন্ধুকে আর তার ছেলেকে জানিয়ে দিবেন।"

লিয়াকত হো হো করে হেসে উঠলেন। হাসলে তাকে অন্যরকম লাগে। সাহারা বোকার মতো শুধাল,"হাসেন কেন আব্বু?"

"হাসব না? তুমি কেন রান্না নিয়ে ব্যস্ত হচ্ছো? ফাইজানও তো রাধতে জানে না। তাতে কি?"

"কিন্তু রান্নার কাজ তো মেয়েদের।"

"সংসারের সব কাজ নারী এবং পুরুষ উভয়ের। কুরআন এবং সহি হাদিসের কোথাও বলা নেই রান্নার কাজ শুধু মেয়েদের।"

"তা জানি। কিন্তু সমাজের প্রচলিত নিয়ম তো এমন বলে না আব্বু।"

"সমস্যা নেই সাহারা। ফাইজান শিক্ষিত ছেলে। ওর উপর আমার ভরসা আছে।"

♣

সাদা আর লাল রঙের মিশেলে যে বিশাল বড় দালানটা হেমন্তপুর গ্রামের কেন্দ্রে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, ঐ বাড়ির নাম মুনশি বাড়ি। বাড়ির বড় ছেলে ফাইজান আফসার মুনশি আজ ছয় বছর পর দেশে ফিরেছেন।

টয়োটা করোলার সাদা রঙের গাড়ির দরজা ঠেলে ফাইজান বাইরে বেরিয়ে এলো। তার সামনেই বিশাল বড় উঠান। এরপর বাড়ির সদর দরজা।

কাঁধে একটা ট্রাভেল ব্যাগ ছিল তার। এয়ারপোর্টে এটা নিজের কাছে রেখেছিল। গাড়ির পেছন থেকে মতিন চাচা ব্যস্ত হয়ে তার লাগেজপত্র নামাচ্ছেন।

ফাইজান চোখের উপর থেকে রোদচশমা খুলল। এইবার বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। শীতের মৌসুম শুরু হয়ে যাচ্ছে। রোদ আছে বাইরে,তবে তেজ নেই তেমন। সানগ্লাসের আপাতত কোনো দরকার নেই।

ফাইজান খোলা চোখে কিছু সময়ের জন্য গভীর মনযোগ দিয়ে বাড়িটার দিকে তাকাল। বাড়ির ইট, বারান্দা, উঠান, ব্যালকনি, বড় কাঠের দরজা, সব তার পরিচিত। ছোট বেলার কতো স্মৃতি তার এই বাড়িকে ঘিরে। বাড়ির সদর দরজা পেরিয়ে আরেকটা উঠান দেখা যায়। অন্দরমহলের উঠান। কতো গুলো বছর পর এই উঠানে পা পড়বে তার। জীবন কতো বদলে গেছে!

হঠাৎ কেউ এসে তার কাঁধে হাত রাখল। ফাইজান পাশ ফিরে দেখল, খাইরুল মুনশি হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। তার থেকে একটু দূরে লম্বাটে চেহারার এক ভদ্রলোক দাঁড়ানো। ভদ্রলোকের নাম লিয়াকত খান। ইনি এই গ্রামে খাইরুল মুনশির সবচেয়ে কাছের বন্ধু।

লিয়াকত বললেন,"আমি তাহলে আসি খাইরুল। তোমরা আনন্দ করো। এতো দিন পর ছেলে বাড়ি ফিরেছে!"

খাইরুল মুনশি ব্যস্ত হয়ে বললেন,"সেকি! তুমি কোথায় যাচ্ছ?"

"বাড়ি যাই। আমার মেয়ে কয়েকদিন ধরে অভিযোগ করছে, আমি নাকি বাড়ি থাকি না।"

"আরেকটু থেকে যাও।"

"নাহ, খাইরুল। অন্য কোনোদিন ইনশাআল্লাহ।"

ফাইজান বাঁকা চোখে একবার লোকটার দিকে তাকাল। ভদ্রলোকের চেহারায় আফগানি একটা ভাব আছে। এই লোকের সাথে ফাইজানেরও একটা সম্পর্ক আছে। ইনি ফাইজানের হবু শ্বশুর। ছোটবেলায় তার মেয়েকে হাতে আংটি পরিয়েছিল সে।

হাসল ফাইজান। কচুর শ্বশুর! সে কোনোদিন ঐ মেয়েকে বিয়েই করবে না।

লিয়াকত খানকে বিদায় দিয়ে খাইরুল মুনশি ছেলেকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। অন্দরমহল থেকে তহুরা ব্যস্ত পায়ে বেরিয়ে এলেন ছেলের আসার খবর শুনে। তার দুই চোখ টলটল করছে জলে।

ফাইজান থামল। বাড়ির ভেতর পা রেখে, মায়ের সরল মুখটা চোখে পড়তেই তার কদম থমকাল। তহুরা দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। ফাইজান চাপা স্বরে বলল,"আম্মা! আম্মা তুমি কেমন আছ?"

"ভালো বাবা। তোমাকে দেখেছি তো। আর খারাপ থাকব কেমন করে বলো?"

"সবকিছু অনেক পাল্টে গেছে আম্মা। তাই না?"

"পাল্টাবে না? সেই কতো ছোট বয়সে বাড়ি ছেড়েছো তুমি।"

তহুরা আবার জড়িয়ে ধরলেন ছেলেকে। ফাইজান বড় বড় চোখ মেলে বাড়িটা দেখতে থাকে। এই বাড়িতে তার শেকড়। বাড়িটার স্থাপত্য চমৎকার। বাতাসে এক ধরণের শীতল ভাব বিদ্যমান।

যদিও বা মিসিগানের বাতাসের মতো হিম হিমে বাতাস এখানে নেই। এখানের লোকজন গোড়া, ওদের বিশ্বাসও গোড়া। আধুনিকতার বাইরে খুব পিছিয়ে থাকা, এক গুঁয়ে একটা জাতি এরা। ফাইজান দীর্ঘশ্বাস ছাড়ল।

অন্দরমহল থেকে আমনা ওড়না হাতে বেরিয়ে এলো। তার আলুথালু শরীরে সে শক্তভাবে একটা শাল প্যাঁচিয়েছে। তাকে দেখতেই ফাইজানের মুখের হাসি চওড়া হলো।

"আমনা!"

আমনা কাছে এসে কদমবুসি করল তাকে। ফাইজান অপ্রস্তুত হয়ে দুই হাত টেনে ধরল তার। মাথা নেড়ে বলল,"ইশশ! এসব কি আমনা? ডোন্ট বি সো টিপিক্যাল প্লিজ!"

আমনা গোল্লা গোল্লা চোখে তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল,"টিপিক্যাল আবার কি? এটা তো আদাব।"

"নো ওয়ে। আমার সামনে তোমায় এসব আদাব দেখাতে হবে না।"

ফাইজান হাত বাড়িয়ে জড়িয়ে ধরল তাকে। আমনা হাসল। সুমিষ্ট কণ্ঠে জানতে চাইল,"তুমি কেমন আছ?"

"ভালো। তুমি কেমন আছ?"

"আলহামদুলিল্লাহ। তোমাকে দেখে বেশ আছি।"

"অনেক বড় হয়ে গেছ আমনা। শেষ যখন দেখেছিলাম, তখন কুর্তা পরে ছাদে হাঁটতে।"

ফাইজান ধীর পায়ে ভেতরে ঢুকল। আমনা তার পাশাপাশি হাঁটছে। আমনাকে আর ছোট মানুষ মনে হচ্ছে না। তার বয়স এখন সতেরো। চেহারার কৈশোরের ভাব স্পষ্ট।

ফাইজান গোসল করে কিছুক্ষণ ছাদে উঠে দাঁড়াল। তাদের ছাদের চারপাশ রেলিং দিয়ে বাঁধানো। ছাদের রেলিং মুঘলীয় স্থাপত্যের অনুকরণে কারুকাজ করা।

ফাইজান আড়মোড়া ভাঙতে ভাঙতে এগিয়ে গেল রেলিংয়ের কাছে। পুরো বাড়ির রং সাদা আর লাল। রেলিংটা বাদামি রঙের। ফাইজান ছাদের শেষ মাথায় দাঁড়িয়ে দূরের রাস্তায় চোখ রাখল। তাদের বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি নেই। ডান পাশে তাকালে বেশ দূর থেকে একটা বাড়ির ছাদ দেখা যায়। ওটা খানদের বাড়ি। ছাদ দেখা গেলেও ছাদের উপর কে হাঁটছে সেটা বোঝা যায় না।

"তুমি কি করছ? সাহারাকে খুঁজছ?"

আমনা দরজার কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল। ফাইজান ঘাড় ঘুরিয়ে আশ্চর্য হয়ে বলল,"স্ট্রেঞ্জ! আমি কেন তাকে খুঁজব?"

"তাহলে এই রোদের ভেতর ছাদে কেন এলে? সাহারা এই সময় তাদের বাড়ির ছাদে হাঁটে।"

ফাইজান কপাল কুঁচকে বলল,"তাই?"

বলেই দ্রুত বেরিয়ে এলো ছাদ থেকে। আমনা হাত নেড়ে বলল,"আরে তুমি রাগ হচ্ছ কেন? আমি মজা করছিলাম।"

"না, রাগ হইনি। আমার খুদা পেয়েছে। খেতে হবে কিছু।"

"চলো, আম্মা ডাকছে তোমাকে তোমাকে। সবাই অপেক্ষা করছে তোমার জন্য।"

ফাইজান সেদিন দুপুরে অনেক বছর পর পরিবারের সাথে এক টেবিলে বসে খাবার খেল। এতোদিন পর একসাথে এতোগুলো মুখ দেখে তার ভালো লাগল। সবার হাসির শব্দ, তাকে যত্ন করে খাবার তুলে খাওয়ান, হেমন্তপুরের শীতল বাতাস, কাঁচা মাটির সোঁদা ঘ্রাণ, সবকিছুই স্বপ্নের মতো মনে হলো। মিসিগানে সব আছে। কিন্তু এটা নেই। মিসিগানে জাঁকজমক আছে, আধুনিকতা আছে, মুক্তচিন্তার চর্চা আছে। কিন্তু এমন সাদাসিধে পরিবার নেই।

বিকেলে বায়েজিদ এলো তার ঘরে। টুপি পরতে পরতে বললেন,"তুমি এখনো রেডি হওনি ভাইজান?"

ফাইজান আধশোয়া হয়ে চোখ টানতে টানতে বলল,"কিসের রেডি হবো?"

"আযান পড়েছে। নামাজে যাবে না? জামাত শুরু হবে একটু পর।"

বায়েজিদ টুপি পরল মাথায়। ফাইজান চোখ মেলে শান্ত দৃষ্টিতে তাকাল তার দিকে। হালকা গলায় বলল,"না আমি যাব না। শরীর খারাপ লাগছে। তোমরা যাও।"

"শরীর খারাপ লাগলে বসে বসে নামাজ পড়বে। সমস্যা নেই। চলো, সবাই মিলে একসাথে যাই। তাশদীদ কতো বড় হয়েছে তুমি দেখবে না?"

ফাইজান দীর্ঘশ্বাস ছেড়ে বালিশ টানল। খানিকটা বিরক্ত হয়ে বলল,"বললাম তো এখন যাব না। তুমি যাও নামাজে। আমি রাতে যাব।"

"রাতে তো মাগরীবের নামাজ। আসর কখন পড়বে?"

"ও মাই গড! হাউ ডিজগাস্টিং।"

বায়েজিদ কতোক্ষণ বোকার মতো দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল।

ফাইজান ঘুমাল সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যায় তহুরা এসে জাগিয়ে তুললেন তাকে। অবাক হয়ে বললেন,"ফাইজান! এখনো ঘুমাচ্ছিস! আযান দিয়ে দিল তো মাগরীবের।"

ফাইজান চাদর সরাল মুখের সামনে থেকে। ঘুম জড়ানো কণ্ঠে জানতে চাইল,"তো আমি কি করব?"

"তুই কি করবি মানে? নামাজে যাবি না?"

"হু। যাব।"

ফাইজান উঠে কাপড় পাল্টে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে মসজিদে যেতে পাঁচ মিনিট লাগে। মসজিদের সামনে দাঁড়িয়ে সে কিছুক্ষণ ভেতরে সারিবদ্ধ ভাবে দাঁড়ানো মুসল্লিদের দেখল। ওরা সবাই নামাজ পড়ছে, স্রষ্টার আরাধনা করছে। এমন স্রষ্টা যাকে তারা কোনোদিনই দেখেই নি।(আসতাগফিরুল্লাহ)

তীর্যক হেসে ফাইজান সরে এলো সেখান থেকে। হাঁটল কিছুক্ষণ আনমনে। তারপর বাড়ি ফিরল রাতে। অন্দরমহলে পা রাখা মাত্র বায়েজিদ এগিয়ে এলো তার কাছে। ব্যস্ত গলায় বলল,"নামাজে যাবে না?"

"আবার নামাজ?"

"এশার সময় হলো তো।"

"মাই গড! কতো নামাজ পড়তে জানো তোমরা!"

"এভাবে কেন বলছ?"

হঠাৎ চোখ মুখ কঠিন দেখাল বায়েজিদের। ফাইজান থতমত খেয়ে গেল তাকে দেখে। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না।
সে দ্রুত প্রসঙ্গ পাল্টে বলল,"আরে, এমনিই বলছিলাম। চলো বায়েজিদ, আজ আমরা একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ব।"

মসজিদে ঢোকার সময় ফাইজানের দুই পা কাঁপছিল। ও এতো বছরে একবারও মসজিদে যায়নি। সব সূরা, সব দোয়া সে আগেই ভুলে গেছে। মসজিদ পবিত্র জায়গা। মুসলমানদের ইবাদতের জায়গা। নিজে ধর্ম নিয়ে বেখবর হলেও মানুষের ধর্মীয় অনুভূতির ব্যাপারে বেশ সচেতন সে।

ফাইজান সবার আগে ওযুখানায় ঢুকল। সেখানে গিয়ে ওযু করে দ্রুত বেরিয়ে এলো। পুরো নামাজ যে পড়ল অন্যকে নকল করে। সব নিয়ম, সব সূরা, সব দুরুদ সে ভুলে গেছে। চোখ বন্ধ করে সেসব স্মরণ করতে গিয়ে দেখল, তার মস্তিষ্ক একদম ফাঁকা। ওখানে কিচ্ছু নেই।

নামাজ শেষে বায়েজিদ খুব সুন্দর করে কুরআন তিলাওয়াত করল। ফাইজান তার কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে বলল,"কি চমৎকার কণ্ঠ তোমার! তুমি গান করো না কেন?"

বায়েজিদ বিস্মিত হয়ে বলল,"গান কেন করব? আমাদের ধর্মে বাজনা হারাম। তুমি জানো না?"

ফাইজান আরেকদফা থতমত খেল। দ্রুত মাথা নেড়ে বলল,"ওহ স্যরি। পারডন মি।"

"তুমি কি বাংলা বলতে ভুলে গেছ?"
বিরক্ত হয়ে প্রশ্ন করল বায়েজিদ।

ফাইজান ভড়কে গেল,"নো, আই মিন না। মানে না আরকি। স্যরি। এখন থেকে সব শব্দ বাংলায় বলব।"

"আচ্ছা।"

বায়েজিদের মুখ গম্ভীর। ফাইজান অবাক হলো তাকে দেখে। ওর বয়স এখন বিশ বছর। বিশ বছর খুব একটা বেশি না। অথচ ছেলেটা কেমন করে যেন ফাইজানের ধর্মের প্রতি উদাসীনতার বিষয় টা ধরে ফেলেছে। আর ধরে ফেলার পর থেকেই তাকে বিশেষ পছন্দ করছে না।

ফাইজান অলক্ষ্যে শ্বাস ছাড়ে। এমন করে চলা যাবে না। তার বাড়ির একটা নিজস্ব সংস্কৃতি আছে। তাদের বিশ্বাস আছে। এটা তাদের অনুভূতি। ঐ সংস্কৃতি, বিশ্বাস আর অনুভূতির প্রতি সম্মান দেখানো ওর দায়িত্ব। ফাইজান ঠিক করল, কাল থেকে সেও সবার সাথে মসজিদে আসবে। পারুক না পারুক, ওদের দেখাদেখি চেষ্টা অন্তত করবে। তাছাড়া নামাজ পড়ার মধ্যে খারাপ কিছু নেই। আর কোনো উপকার না হোক, ব্যায়াম তো হবে রোজ।"

♣

উসমান একটা লাল আপেল নিজের মাথার উপর রাখল। সাহারা ধনুকে তীর রেখে নিশানা স্পষ্ট করল। তার চোখের দৃষ্টি তুখোড়।

উসমান হাসছে মাথায় আপেল রেখে। রোকেয়া বুকে হাত চেপে ছুটে গেলেন ওদের কাছে। উৎকণ্ঠায় শ্বাস আটকে বললেন,"এসব কি সাহারা? এখুনি তীর নামাও।"

"উহু আম্মি। সরো তুমি এখান থেকে। কথা বলবে না। নয়তো আমার নিশানা ছুটে যাবে।"

"নিশানা ছুটে যাবে মানে? আমার ছেলের মাথা কি কোনো পাথরের টুকরা নাকি? এ্যাই উসমান! এখুনি ওটা মাথা থেকে নামা।"

সাহারা বলল,"কিচ্ছু হবে না উসমানের। এ্যাই উসমান। তুমি আমাকে ভরসা করো তো?"

উসমান হেসে বলল,"আমার প্রাণের চেয়েও বেশি।"

"সাবাশ!" সাহারা আবার নিশানা তাক করল। তরবারির ন্যায় ধাঁরালো চোখে তাকাল উসমানের মাথার উপর রাখা লাল রঙের আপেলটির দিকে। তারপরই সাৎ করে তীর ছুড়ে মারল।

তার নিশানা অব্যর্থ। আপেল স্পর্শ করা মাত্র তীর সহ আপেলটি মাটিতে আছড়ে পড়ল। রোকেয়া চোখ রাঙিয়ে বললেন,"আমি আজ রাতেই সব তীর বাড়ি থেকে বের করে জঙ্গলে গিয়ে পুঁতে আসব।"

"তাতে কিছুই হবে না আম্মি। এই কাজ তুমি আরো অনেকবার করেছ। আব্বু আবার নতুন তীর কিনে দিবেন আমাকে।"

রোকেয়া গজরাতে গজরাতে ঘর থেকে বেরিয়ে গেলেন। সাহারা হাতে থাকা ধনুকটার দিকে তাকিয়ে উদাস গলায় বলল,"আমার জন্ম হওয়া দরকার ছিলো আরো দু'শো বছর আগে। এই যুগে কেন জন্মালাম আমি উসমান? আমার তো এই যুগের কিছুই ভালো লাগে না। কতো ভালো হতো যদি একটা রাজ ঘোড়া থাকত আমার!"

"ঘোড়া তো তোমার আছে। আব্বু না গত ঈদে কিনে দিল তোমায়?"

"তা আছে। কিন্তু ঘোড়ার যুগ তো আর নেই। না আছে যুদ্ধ, আর আছে তরবারি আর খঞ্জরের শব্দ, আর না আছে ঘোড়ার চল। জানো উসমান, আমার খুব যুদ্ধ করার শখ। একটা কালো ঘোড়া থাকবে আমার। কুচকুচে কালো। তার পিঠে চড়ে খাপ বিহীন তরবারি হাতে বেরিয়ে পড়তাম আমি। পিঠে থাকত তূনীর। তার ভেতর গোটা বিশেক তীর। আমি টগবগ টগবগ করে শত্রুপক্ষের ঘাটির দিকে এগিয়ে যেতাম। আমার তরবারি আলো ছড়াত।

আমার যুদ্ধ কৌশল দেখে মুগ্ধ হতো সবাই। কি চমৎকার হতো উসমান! কেন আমি এই যুগে জন্মালাম বলতে পারো?"

হতাশায় বিমূঢ় দেখাল সাহারার মুখ। পরমুহূর্তেই আবার হেসে উঠে বলল,"সেরকম যুদ্ধ আমি না ই করতে পারি। তবে তরবারির যুদ্ধ আমি ঠিকই করব। মুনশিদের বড় ছেলেকে অন্তত একবার তরবারি যুদ্ধ আহ্বান করব আমি। যদি ও আমায় হারায়, তবে খুশি মনে গোটা জীবন ওর গোলামি করব আমি।"

"আর যদি তুমি তাকে হারাও?"

উসমান আগ্রহ নিয়ে জানতে চাইল। সাহারা হাসল একগাল। বলল,"তবে কি হবে, সেই সিদ্ধান্ত আমি ওখানে দাঁড়িয়ে নিব।"

সাহারা তখনও জানত না, মুনশি বাড়ির বড় ছেলেটা তরবারি যুদ্ধ করা তো দূর, কখনো তরবারি হাতে তুলেও দেখেনি।

চলবে-

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন