#দিলদার-পর্ব ০৩
লেখনীতে #মেহরিমা_আফরিন
রাত সাড়ে এগারোটা। চারপাশ অন্ধকার। অনেক দূরে একটা ছনের বাড়ির বারান্দায় ছোট একটা লণ্ঠন ঝুলছে। সেখান থেকে দ্বপ দ্বপ করে কমলা আলোর ছটা ছড়িয়ে পড়ছে চারপাশে।
ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে নির্নিমেষ চোখে সেদিকে তাকাল ফাইজান। লন্ঠনের শিখা কাঁপছে। কমলা আলো দ্বপ করে নিভে আবার শক্তি সঞ্চার করে জ্বলে উঠছে। কুয়াশা জমছে সবুজ ঘাসের উপর। ফাইজানের পরনে একটা কালো জ্যাকেট।
"তুমি এখনো ঘুমাও নি?"
ফাইজান পেছন ফিরল। আমনা ছাদের দরজা ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। গাঢ় পাশমিনা শাল জড়িয়ে রেখেছে গায়ে। সে ভেতরে আসতে আসতে নিচু গলায় বলল,"এতো রাত অব্দি জেগে থাকো?"
ফাইজান আকাশের দিকে তাকিয়ে মৃদু শ্বাস ছাড়ল। ধীর গলায় বলল,"হুম। তাছাড়া আজ আমার ঘুমও আসবে না। নতুন পরিবেশ তো। এডজাস্ট করতে সমস্যা হবে প্রথম ক'দিন।"
"সমস্যা নেই। সপ্তাহ দু'য়েকের মধ্যে অভ্যাস হয়ে যাবে। তাছাড়া সামনের দিনগুলোতে তো তুমি এখানেই থাকবে ভাইজান। ধীরে ধীরে ঠিকই মানিয়ে নিবে।"
ফাইজান ছোট একটা নিঃশ্বাস ফেলে সামনে ঘুরে দাঁড়াল। এখানে সে থাকবে না। কোনোদিনই থাকবে না। এখানের নিয়মকানুন তার অসহ্য লাগে। সে এই জীবনের সাথে কখনোই মানিয়ে নিতে পারবে না।
আমনা বলল,"বিয়ে নিয়ে তোমার কোনো পরিকল্পনা নেই?"
"না নেই।"
"কেন? "
"কারণ বিয়েটা আমি করব না আমনা।"
স্পষ্ট এবং দৃঢ় গলায় জবাব দিল ফাইজান। আমনা চমকে উঠল। আশ্চর্য হয়ে বলল,"কিহ! কেন?"
"কারণ আমি ওকে বিয়ে করতে চাই না।"
"তোমার মাথা খারাপ? পুরো গ্রাম জানে তোমাদের বিয়ে হচ্ছে।"
"তো এতে আমার দায় কোথায়? বিয়ের সিদ্ধান্ত কি আমার অনুমতি নিয়ে নেওয়া হয়েছিল?"
আমনা কিছুক্ষণ স্তব্ধ হয়ে তার দিকে তাকাল। এরপর গলার আওয়াজ খাঁদে নামিয়ে কেউ যেন শুনতে না পায়, এমন করেই বলল,"তুমি পাগল হয়েছ ভাইজান। দোহাই লাগে, এই কথা বাড়ির অন্য লোকের সামনে বলবে না।"
"কেন বলব না? এই কথা বলার জন্যই আমি দেশে ফিরেছি। আমি ঐ মেয়েকে বিয়ে করব না।"
"কেন বিয়ে করবে না?"
"কারণ আমি ওকে চিনি না। চিনতে চাই ও না।"
আমনা বড় বড় দুই চোখে বোকার মতো দেখছে তাকে। ভাইজান এসব কি বলে? তার বিয়ে উপলক্ষে আম্মা তার ঘরের সব ফার্নিচার নতুন করে বার্নিশ করাচ্ছেন। আর সে বলছে সে নাকি বিয়েই করবে না।
আমনা বলল,"তুমি ভেবে কথা বলছ তো? বাবা কথা দিয়েছেন লিয়াকত চাচাকে।"
"এসব কথা আমায় শোনাবি না আমনা। বাবা কথা দিয়েছেন, এটা বাবার সমস্যা। এসব বোকা বোকা নিয়ম কানুন আমার পক্ষে পালন করা সম্ভব না। আই অ্যাম আ গ্রোউন এডাল্ট। উচ্চশিক্ষা শেষ করে, দুনিয়াবি জিনিসপাতি শিখে, এখন এসব গোড়া আর সেকেলে সিদ্ধান্ত মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না।"
"কোনটা সেকেলে ভাইজান?"
"কোনটা সেকেলে না আমনা? আমি একটা ইনডিভিজুয়াল মানুষ। আলাদা অস্তিত্ব আছে আমার। আমি কাকে বিয়ে করব না করব, এটা আমার সিদ্ধান্ত। বাবা কেউ না এই সিদ্ধান্ত নেওয়ার। আর আমিও বাধ্য না তার কথা মতো যাকে তাকে বিয়ে করতে।"
"যাকে তাকে মানে? তুমি সাহারা কে চেনো না। সাহারা অনন্যা।"
"হোক অনন্যা। রূপে গুণে পৃথিবীর সেরা হোক। আমার চাই না তাকে।"
"একবার না দেখেই এতো কঠিন হচ্ছো?"
"হ্যাঁ হচ্ছি।"
"বাবাকে কিভাবে জানাবে?"
"যেভাবে জানানোর সেভাবেই জানাব। আমি কাউকে ভয় পাই না অবশ্যই।"
আমনা চোখ নামিয়ে ওর অনামিকা আঙুলের আংটিটা দেখে বলল,"আংটিটা তাহলে এখনও খুলোনি কেন?"
ফাইজান মাথা নোয়াল। বাম হাত তুলে অনামিকার আংটিটা দেখতে দেখতে বলল,"চেষ্টা করেছিলাম দুই একবার। সেই কবেকার আংটি। আটকে গেছে আঙুলের সাথে। তাছাড়া অভ্যাসও হয়ে গেছে। খুলে কি করব? পরে থাকতেই স্বাচ্ছন্দ্য লাগে। আর এমনিতেও, এই আংটি পরে থাকার সাথে ঐ মেয়েকে বিয়ে করার কোনো সম্পর্ক নেই আমনা।"
"তুমি অন্য কাউকে ভালোবাসো?"
আমনা প্রায় সাথে সাথে প্রশ্ন ছুড়ল। ফাইজান শক্ত মুখে জবাব দিল,"আমি জানি না।"
"কেন মিথ্যা বলছ?"
"ঘুমাতে যাও আমনা।"
"কি করে ঐ মেয়ে? ঐ দেশে থাকে?"
"জানি না। তুমি ঘুমাও। সব প্রশ্নের জবাব আমি এখনই দিতে চাই না।"
"এটা কি প্রতারণা না?"
ফাইজান আশ্চর্য হয়ে বলল,"কিসের প্রতারণা?"
"সাহারা তেরো বছর ধরে অপেক্ষা করেছে তোমার। বাইরের কোনো ছেলে ওর মুখটাও দেখেনি।"
"সেটা তোমার সাহারার সমস্যা। নিশ্চয়ই তাকে মুখ ঢেকে প্যাকেট হয়ে ঘুরতে বলিনি।"
"ভাইজান!"
আমনা ব্যথাতুর গলায় বলল,"তুমি এসব কি বলছ? আসতাগফিরুল্লাহ। এসব বলবে না। আমার ভালো লাগে না।"
"স্যরি আমনা। ভুলে মুখ থেকে বেরিয়ে গেছে। আমি দুঃখিত।"
আমনা নিজেকে সামলে নিয়ে বলল,"সাহারা নিজের আব্রু হেফাজত করেছে, চরিত্রের রক্ষণাবেক্ষণ করেছে। তোমার জন্য না করুক, নিজের ইমানের কথা ভেবেই করেছে ধরো। তোমারও কি উচিত ছিল না নিজের গায়রত ধরে রাখা, নিজের চরিত্র হেফাজত করা?"
ফাইজান হেসে ফেলল। হাসতে হাসতে বলল,"ফর গড সেক আমনা। এসব মধ্যযুগীয় কথাবার্তা বলো না তো। বড্ড হাসি পায়।"
"আমি কোনো কৌতুক করি নি।"
"জানি। কিন্তু তুমি যেই গায়রত আর ইজ্জতের কথা বলছ, ঐটা আমার নেই। আমি ঐ দেশে একটি মেয়েকে ভালোবেসেছি। আর এই কথা বলতে আমার কোনো লজ্জা নেই। কিছুদিন বাদে এই কথা আমি বাবাকেও জানাব।"
"কিছুদিন বাদে কেন? কালই জানাও। যা হওয়ার, কাল হবে। শুধু শুধু ওদের মনের আশা বাড়াচ্ছ কেন?"
আমনার দুই চোখ মলিন দেখাচ্ছে। সাহারা ওর ভালো বন্ধু। বয়সে তার চেয়ে কিছুটা বড়। সাহারার চারপাশ ফুলের মতো স্নিগ্ধ। ওকে কেউ কিভাবে প্রত্যাখ্যান করতে পারে?
ফাইজান আওয়াজ নামিয়ে ক্ষীণ গলায় বলল,"আমি চলে যাব আগামী মাসে। সারাজীবনের জন্য চলে যাব। এই বাড়িতে এটাই আমার শেষ সময়। আমি আর কখনো এখানে আসব না। বাবা আর আম্মার সাথে কাটানো এই সময় গুলো অমূল্য। আর কখনো দেখা হবে না আমাদের। এই মুহূর্তগুলো এতো দ্রুত হারাতে চাই না আমি। আমি আরো কিছুদিন আসল সত্য গোপন করে তাদের সাথে থাকতে চাই, এই গ্রাম ঘুরে দেখতে চাই। এরপর আমি আর কোনোদিন পেছন ফিরে তাকাব না আমনা। না বাবার জন্য, না আম্মার জন্য, না অন্য কারো জন্য।
♣
সাহারার একটা ঘোড়া আছে। কুচকুচে কালো ঘোড়াটার নাম বাহাদুর। এই ঘোড়া তাকে লিয়াকত খান উপহার দিয়েছে।
সাহারার খুব ঘোড়ার শখ। ঘোড়া, তীর, তলোয়ার, এসব নিয়ে তার আগ্রহ তুঙ্গে। নিজেকে মাঝে মধ্যে সুলতান যুগের কোনো তুখোড় নারীযোদ্ধা মনে হয়। মনে হয় তার জন্মই হয়েছে ঘোড়ার পিঠে চেপে টগবগ টগবগ করে ছুটে চলার জন্য। আবার মনে হয় তার জন্ম হয়েছে একের পর এক তীর ছুড়ে শত্রুপক্ষের সৈন্যদের ধরাশায়ী করার জন্য। আর বড় দাদাজানের সেই রাজকীয় তলোয়ার? ঐ তলোয়ার দেখলেই সাহারার আফসোস বাড়ে। কি হতো যদি আরো দু'শো বছর আগে জন্ম হতো তার?
সাহারা মাঝে মধ্যেই ঘোড়া নিয়ে জঙ্গলে বের হতো। ওখানে কিছুক্ষণ থেকে আবার ফিরে আসত বাড়িতে। লিয়াকত মেয়েকে এই কাজে বাঁধা দিতেন না। তিনি জানতেন, সাহারা নিজের প্রতিরক্ষা করতে জানে, নিজের সীমাও বোঝে।
আজও সাহারা সকাল সকাল তৈরি হলো জঙ্গলে যাবে বলে। নাস্তা করে বেরিয়ে বাড়ির ভেতরের জীর্ণশীর্ণ ভাঙা ঘর থেকে বাহাদুর কে বের করে আনল। বাহাদুরের পুরো শরীর চকচক করছে। গায়ের উপর সূর্যের আলো পড়তেই রুপার মতো উজ্জ্বল দেখাল কালো রঙের পশম। নিশ্চয়ই আজ সিরাজুল চাচা গোসল করিয়েছেন তাকে।
সাহারাকে দেখতেই বাহাদুর মাথা নামালো। সাহারা ওর ঘাড়ে গলায় হাত বুলাতে বুলাতে বলল,"শুভ সকাল বাহাদুর। তুমি কি আজ গোসল করেছ?"
বাহাদুর কোনো জবাব দিল না। সাহারা খড়ের স্তূপ থেকে এক গোছা খড় তুলে ওর মুখের সামনে ধরল। বলল, আজ আমরা দুই ঘন্টা জঙ্গলে থেকে তীর চালাব। তুমি জানো বাহাদুর, আজকাল আমার নিশানা ছুটে যাচ্ছে বার বার। আজ আমি ঠিক জায়গায় নিশানা লাগাতে চাই।
সাহারা হাত ধুয়ে একবার আকাশের দিকে তাকাল। তারপর নিশ্চিন্তে বাহাদুরের পিঠে চড়তে চড়তে উপরে তাকিয়ে বলল,"আল্লাহ,আপনি দেখবেন কিন্তু। ফজরের পরের দুই রাকাত নফল নামাজের বিনিময়ে হলেও আজ আপনি আমার সহায় হবেন।"
জঙ্গলের দূরত্ব তাদের বাড়ি থেকে ছয় কিলোর মতো। বাহাদূরের পিঠে চড়ে যেতে কয়েক মিনিট লাগে।
জঙ্গলে একটা পরিষ্কার নদী আছে। নদীর পানি বরফের মতো ঠান্ডা। সাহারা জঙ্গলে গেলেই কিছুক্ষণ নদীর পাড়ে বসে। নদীর চারপাশটা ছোট ছোট ঝোপ গজিয়ে জংলা হয়ে থাকে। সাহারা সাবধানে একটা পা রাখে পাথরের উপর। তারপর পাথরে বসে দুই পা ঝুলিয়ে নদীর পানিতে পা চুবিয়ে বসে থাকে কিছুক্ষণ। চারপাশে অসংখ্য গাছ। গাছের ডালে বসে পাখিরা কিচিরমিচির করে। সামনেই শীতল জলের ঠান্ডা নদী। সাহারার বড় অপার্থিব লাগে এই দৃশ্য।
আজও সে নদীর ধারে গিয়ে বসল। চারপাশ ঠান্ডা। নদীর অন্য পাড়ে একটা হিজল গাছ আছে। অল্প বাতাসে হিজল গাছের পাতা নড়ছে।
হঠাৎ শুকনো পাতার খচ খচ শব্দ হলো। তৎক্ষনাৎ ঝড়ের গতিতে পেছনে ফিরে তাকাল সাহারা। সাথে সাথে হাত গের তূনীর ভেতর। সেখান থেকে চট করে একটা তীর বের করে ধনুক হাতে তুলল সে।
আওয়াজের উৎস বরাবর ধনুক তাক করে নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকল সেদিকে। চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তার মনে হচ্ছে আওয়াজটা তার খুব কাছে।
আরো একবার মাটিতে জুতা ঘঁষার শব্দ হলো। সাহারা এক লাফে উঠে দাঁড়াল। বুট জুতায় খটখটে শব্দ। সাহারা ধনুকের এক প্রান্তে তীর চেপে শক্ত গলায় বলল,"কে? কে ওখানে?"
সামনে থেকে কোনো শব্দ এলো না। এক, দুই, তিন। গুনে গুনে তিন সেকেন্ড পরে একটি পুরুষকণ্ঠের বিদীর্ণ, লোমহর্ষক চিৎকার কানে এলো। কেউ একজন তীব্র স্বরে চেঁচিয়ে উঠে ছুটে গেল জঙ্গলের রাস্তা দিয়ে। তার পায়ের জুতা থেকে ঠুক ঠুক শব্দ হচ্ছে। সে ছুটছে বেদিশা হয়ে।
কপাল কুঁচকাল সাহারা। এই সময় কে আসবে জঙ্গলে। একটু এগোতেই লোকটার অবয়ব চোখে পড়ল। শক্ত পোক্ত, বলিষ্ঠ একটা শরীর দিকশূন্য হয়ে ছুটছে জঙ্গলের রাস্তায়। তার পেছনে বুনো শুয়োরের দল।
সাথে সাথে মস্তিষ্ক সচল হলো সাহারার। লোকটাকে শুকরের পাল ধাওয়া করছে। পেছন দ্রুত গতিতে ছুটে যাচ্ছে তার দিকে। সাহারা স্তব্ধ চোখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে চট করে চেপে বসল বাহাদুরের পিঠে। লাগাম টেনে ব্যস্ত গলায় বলল,"দৌড়াও বাহাদুর। লোকটাকে থামাতে হবে। সামনে খাই।"
বাহাদূর ছুটল খুড়ের শব্দ ফেলে। সাহারার হাতে তার তীর ধনুক তাক করা। সে প্রস্তুত। যা করার এখুনি করতে হবে।
সামনে তাকিয়ে দু'চোখ সরু করে সে। একবার ভালো মতো লক্ষ্য দেখে নেয়। গত কয়েকদিনে তার সব নিশানা লক্ষভেদ করতে পারেনি। সে ব্যর্থ হয়েছে বেশ কয়েকবার। আজ সে ব্যর্থ হবে না। ব্যর্থ হলে সর্বনাশ হয়ে যাবে।
সাহারা আবার দেখল। বড় করে শ্বাস টানল। তারপরই তীর ছুড়ল সামনে।
এইবার তার লক্ষ্যচ্যুত হয়নি। ধাবমান তীরটা ঠিক ছুটে গিয়ে সবচেয়ে সামনে থাকা বুনো শুকরকে আঘাত করল।
সাথে সাথে শুকরটা ছিটকে পড়ল মাটিতে। ওটা মাটিতে পড়তেই ধাম করে শব্দ হয়ে ধুলো উঠল চারপাশে। শুকরের পুরো পাল থেমে গেল সাথে সাথে। একবার একনজর তীরবিদ্ধ শুকরটাকে দেখেই যে যার মতো ছুটল জঙ্গলের ভেতর দিয়ে। কয়েক সেকেন্ডের মাথায় পুরো জায়গা ফাঁকা। সাহারা, ঐ লোক আর মৃত শুকরটা বাদে আর কেউ নেই।
সাহারা কালো রঙের শাল নাক পর্যন্ত তুলল। চোখ বাদে তার শরীরের আর কিচ্ছু দেখা যাচ্ছে না। রেকাবে পা রেখে সে লাফিয়ে নামল বাহাদুরের পিঠ থেকে।
লোকটা দৌড়াতে দৌড়াতে বসে পড়েছে সামনে। মাটির দিকে তাকিয়ে শ্বাস টানছে জোরে জোরে। এতো দূর দৌড়ে তার হাপানি উঠে গেছে। কপালে তার বিন্দু বিন্দু ঘাম। এই শীতের দিনেও এমন করে ঘামছে সে।
সাহারা এগিয়ে গেল। লোকটা বিস্ময় ঠাসা চোখে তাকিয়ে ছিল তার দিকে। বাতাসে তার কালো শাল উড়ছিল সামান্য। মাটির উপর পা ফেলতেই পায়ের নিচ থেকে দুই পাশে সব ধুলো সরে গেল। লোকটার মনে হলো, এইমাত্র তার চোখের সামনে একটা যাদুকরী দৃশ্য ঘটে গেছে। কুরুলুস উসমানের ধূলো জমা বইয়ের পাতা থেকে বেরিয়ে স্বয়ং বালা হাতুন হাজির হয়েছেন তার সামনে। সেই ধাঁরালো চোখ, সেই দক্ষ তীরন্দাজি, আর সাথে শক্তসমর্থ একটি বিশালাকার ঘোড়া। প্রথম দর্শনে সাহারার গুণমুগ্ধ হওয়া লোকটির নাম ফাইজান। পুরো নাম ফাইজান আফসার মুনশি।
চলবে-