ফন্ট সাইজ:
থিম:
শৈলবালা

পর্ব 1

লেখক: লাবিবা ওয়াহিদ

--"আপনাদের মেয়েকে আমার মেজো ছেলের বউ করে নিতে চাই। আমার ছেলে তায়েজিদ সরোয়ারকে তো চেনেনই, গ্রামে ওর রাজ চলে। আমাদের ছেলের কোনো খামতি নেই। শুধু একটা মেয়ে আছে, পাঁচ বছরের। ছেলের পাশাপাশি তার মেয়ের দায়িত্বও নিতে হবে। পাত্রীর নাম কি যেন?"

কোহিনূরের ঝাঁঝাল কণ্ঠস্বরে অনাগ্রহী দেখাল খায়রুল কবিরকে। ওনার মেয়ের ইতিমধ্যেই বিয়ে ঠিক হয়ে আছে আরেকজনের সাথে। সে নিজেই ঠিক করেছে। সেখানে এই ভদ্রমহিলাকে তাদের বাড়িতে আসা, হুকুম করাটা ঠিক পছন্দ হলো না। কোহিনূর সরোয়ারের কণ্ঠে অনুরোধ বা প্রস্তাব নেই। সেই কণ্ঠে একরাশ হুকুম, জোর খাটানো এবং আদেশ। যেন ওনারা তার গোলাম। উনি কোনো প্রস্তাব বা অনুরোধের ধার ধারেন না। এই ভদ্রমহিলার ঝাঁঝের বিষয়ে শুধু লোকমুখেই শুনেছিলেন, আজ সরাসরি দেখতে পাচ্ছেন। অনিচ্ছা সত্ত্বেও তিনি নাম বললেন,
--"আমরীণ বিন্তী। আমরা বিন্তী কইয়া ডাকি।"

--"কোথায় এখন সে?"

--"কলেজে। আইয়া পড়ব কিছুক্ষণের মাঝে।"

এই উত্তরটা বিশেষ পছন্দ হলো না ভদ্রমহিলার। কোহিনূরকে ভাঙাচোরা ঘরটায় বেশ ত্যক্ত বিরক্ত লাগছে। সর্বদা উচ্চ-বংশীয় পরিবারে ওনার ওঠা-বসা। এই টিনের, ঝড়ে হেলে পড়া ছোট্ট বাড়িতে ওনার অস্বস্তি হবে এটাই স্বাভাবিক৷ এতদূর, এই ভাঙা বাড়িতে এসেছেন নিশ্চয়ই খালি হাতে ফিরে যাওয়ার জন্যে নয়। বরং সমস্ত প্রস্তুতি, জানাশোনা করেই এসেছেন। কোহিনূর মুখ খুললেন,

--"আমি জানি আপনার মেয়ের বিয়ে ঠিক। কিন্তু বিয়ে ঠিক আর বিয়ে করার মাঝে অনেক পার্থক্য। আমি আল্লাহর শরীয়তে বিশ্বাসী, তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আপনাদের কল্যাণের জন্যই হয়তো আমাদের পাঠিয়েছেন। সবাই মুখিয়ে থাকে আমার বাড়ির বউ হবার জন্য। মেয়েকে আমাদের দিলে যে ঠকবেন না, সেটা নিশ্চয়ই জানেন?"

খায়রুল কবিরের মুখ আচমকাই চকচক করে উঠল, তিনি আরও নিবিড় করে বোঝার চেষ্টা করলেন ভদ্রমহিলার ফন্দি। কোহিনূরও এবার সেই সুযোগটাই কাজে লাগালেন, পুরুষসত্ত্বার একদম খাঁটি জায়গায় আ ঘাত হানলেন,
--"শুনেছি কেউ আপনার ফসল পুড়িয়ে দিয়েছে, অন্যায় ভাবে জমি দখল করেছে। আর এই বাড়ি.. খুবই অভাবে যাচ্ছে আপনাদের দিনকাল। ছেলের ওই কটা বেতনে আর কত চলবেন?"

ব্যাস! মিইয়ে গেলেন খায়রুল কবির। আত্মসম্মানে বেশ লাগল বুঝি ওনার। কিছুদিন আগেও এই সম্পদ নিয়ে উনি দাপিয়ে বেড়িয়েছিলেন। নিজের দোষেই সেসব খুইয়ে বসেছেন। কারো মুখে নিজের জন্য তাচ্ছিল্য শুনলে ওনার মুখ লাল হয়ে আসে। পুরুষ মানুষ আর যাই হোক, টাকা-পয়সার খোঁটা শুনতে পারেন না। স্বভাবতই রেগে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে পড়ে। তবে তিনি আজ ঠান্ডা থাকলেন। তিনি এসবের মাঝে অন্য কিছু গন্ধ পাচ্ছেন। লাভের গন্ধ।

--"দেখেন ম্যামসাহেব। যা কইবেন খুইলা কইবেন। আমি মুরুক্কু মানুষ, এত ভেজাল বুঝি না।"

--"উদ্দেশ্য সোজা। আপনি আমাদের মেয়ে দিবেন। আর আমরা আপনাদের দিব অর্থনৈতিক সুবিধা। বিয়ে হলেই আপনাদের এই টিনের ঘর ভেঙে পাকা বাড়ি তুলে দিব। জমিও ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। টাকার কথা আর চিন্তা করার প্রয়োজন নেই।"

খায়রুলের মুখের হাসি প্রসারিত হলো। বরঞ্চ বলা বাহুল্য, উপচে পড়ছে। তিনি মুহূর্তেই ভুলে গেলেন মেয়ের কোথাও বিয়ে ঠিক। তিনি স্ত্রীকে ঠেললেন,
--"পায়েশ না বানাইলা, খাড়াইয়া আছ ক্যা? যাও লইয়া আহো।"

আমরীণের মা বকুল দেখলেন কোহিনূর এবং ওনার পাশের মহিলা সামান্য পানিও স্পর্শ করেননি। যেন এগুলো ছোঁয়াটাও ওনাদের জন্য লজ্জার। অথচ তাদের সামনে বিস্কুট, চানাচুর, ঘরে বানানো সুজি পিঠা সবই আছে। কোহিনূর যে সেগুলো দেখেনওনি সেটা ভালোই লক্ষ্য করেছেন। অপ মানে মুখ থমথমে হয়ে যায় ভদ্রমহিলার।

বকুল এও দেখলেন, স্বামীর লোভ ভদ্রমহিলা ধরতে পেরে ঠোঁটে কেমন প্রহসন ফুটেছে। যা ওনার গা গুলিয়ে তুলল। স্বামী অবুঝ হতে পারেন, উনি তো নন। নির্দ্বিধায় এই প্রস্তাব যেকোনো উপায়েই মেয়ের জন্য উত্তম। এই গ্রামের প্রধান বিচারক এই সরোয়ার পরিবার। কত ডাক-নাম, বিলাসিতা সবই ওই এক পরিবারকে কেন্দ্র করে। কত বাবা-মায়ের ইচ্ছে ওই বাড়িতে মেয়ে দেওয়ার। চার ছেলের জননী এই মহিলা। অথচ বকুলের এসবে মা মন টানছে না। ওনার আমরীণের বিয়ের বিষয়ে যে অন্যকোথাও কথা দেয়া। সেখানে বিয়ে ভেঙে এখানে বিয়ে দেওয়া যে চরম অন্যায়। সে যতই বড়লোক পরিবার হোক না কেন। কথার আমানত বেশি দামি। কিন্তু স্বামী তা মোটেও খেয়াল করছেন না।

খায়রুল কবির ইতিমধ্যেই মেয়ে দিতে রাজি হয়ে যান। এজন্য কোহিনূর তখনই বিয়ের ডেট দিলেন।
--"সামনের জুম্মার পরে ছোটখাটো আয়োজন করবেন। হাতে পাঁচ দিন সময় আছে। আশা রাখছি আপনাদের কোনো আপত্তি হবে না। টাকা-পয়সার বিষয়ে ভাববেন না, কি লাগবে সে বিষয়ে খবর পাঠালেই পৌঁছে যাবে।"

বকুলকে কিছু বলার সুযোগ না দিয়ে খায়রুল সায় জানাল।
--"আপনেরা যেমনে কইবেন। আপত্তি আর কিয়ের?"

আমরীণকে সরাসরি দেখার ইচ্ছে ছিল ভদ্রমহিলার, কিন্তু সে তখনো কলেজ থেকে ফিরেনি। ওনার অপেক্ষা করার ধৈর্যও হলো না। এতক্ষণ যাবৎ যতটুকু ধৈর্য ধরে বসেছিলেন। ততটুকুই যথেষ্ট। এবার উনি উঠে দাঁড়ালেন। পাশেই দাঁড়ানো ভদ্রমহিলার ননদ, লিপি। কোহিনূর কঠোর গলায় হুমকি দিয়ে গেলেন,
--"এই পাঁচদিন মেয়েকে সামলে রাখবেন। আর যাই হোক, বউদের একটা অজানা ভুলও আমার জন্য অপরাধ। আর অপরাধ আমি মাফ করি না। যদি পালানোর মতো অন্যায় কর্মের কিছু শুনি, সেই মুহূর্তে আমি বিয়ে ভেঙে দিব। সাথে আপনাদের পরিবার ভুগবেন। সরোয়ার পরিবার কখনো বেঈমানীকে ক্ষমা করে না।"

থেমে উনি আবার বললেন,
--"মেয়ের কলেজ যেতে হবে না। আজই যেন শেষ দিন হয়। এত পড়াশোনাও ভালো নয়।"

কোহিনূর হুমকি দিয়ে দমবন্ধকর ছোটো ঘরটা থেকে বেরিয়ে গেলেন।

—

ক্লান্ত হয়ে হাতে পানির বোতল নিয়ে হাঁটছে আমরীণ। সূর্য মামা একদম মাথার ওপর। মাথায় ওড়না দিয়ে রাখা সত্ত্বেও মাথার তালু বুঝি ফেটে যাবে। কোনো রকমে বাড়ির কাছাকাছি একটা টঙের ছাউনিতে এসে দাঁড়াল। অন্যান্য সময়ে এই টঙে মধ্যবয়সী, বৃদ্ধদের ভীড় থাকে। কিন্তু এখন যোহরের ওয়াক্ত বিধায় খড়ের এই টং নিরিবিলি। গাড়ি ভাড়ার টাকাটা দিয়েই সে কলা কিনে খেল বসে বসে। টঙে বসে মধ্যবয়সী পলাশ। সে আমরীণের দিকে চেয়ে সন্দিহান গলায় বলল,
--"তুমাগো বাসায় তো মেহমান আইছে। তুমি এহানে বসে রইছ কেন?"

টনক নড়ে আমরীণের। পরপর নিজেদের বেড়া দেয়া বাড়িটার দিকে তাকায়। অবাক হয়ে দেখল, বাঁশের গেটের বাইরেই একটা চকচকে সাদা ব্যক্তিগত গাড়ি। তার আশেপাশে একজন লোক ঘোরাফেরা করছে। মাটির রাস্তায়, এই গ্রামাঞ্চলে এমন গাড়ি, তাও আবার তাদের বাড়ির মুখে? সেটা লক্ষ্য করে পলাশ আবারও বলল,
--"গাড়ি থেকে দুজন মহিলা বেরিয়েছে, মনে তো হয় সরোয়ার বাড়ির কেউ। এমুন গাড়ি তো 'সরোয়ার নিকেতন' এই আছে। পোস্তাব নিয়া আইছে নি?"

প্রস্তাব? তা কি করে হয়? গরীব ঘরে এত বড়ো মাপের মানুষরা কেনই বা প্রস্তাব নিয়ে আসবে? আর আমরীণের তো বিয়ে ঠিক ঈমনের সাথে। তবে? সে বেশি দুশ্চিন্তা করল না। ঈমনের সাথে বিয়ে যেহেতু ঠিক, নিশ্চয়ই তার জন্য আসবে না। এজন্য সে নিশ্চিন্ত হয়ে রইল। কলাটা রয়েসয়ে শেষ করে বলল,
--"বাড়ি যাই মামা। জানি না কে বা কারা কেন এসেছে। বেশি ভেবো না।"

তখনই দেখল দুজন মহিলা তাদের বাড়ি থেকে বেরোচ্ছে। ওনারা গাড়ির কাছাকাছি আসতেই লোকটা মাথা নত করে গাড়ির পেছনের দরজা খুলে দাঁড়াল। ওনারা বসতেই আবারও লাগিয়ে দিয়ে ছুটল ড্রাইভিং সিটের জন্য। এবার আমরীণের মনে সন্দেহের বীজ পড়ল। আল্লাহ না করুক, বাড়িতে কোনো ঝামেলা হয়নি তো? সে দ্রুত ছুটল বাড়ির উদ্দেশে।

গাড়িতে বসে লিপি জিজ্ঞেস করলেন কোহিনূরকে,
--"মেয়ে না দেখেই চলে এলে ভাবী?"
--"তুমিই তো ছবিতে দেখিয়েছ। মন্দ হবে না তো।"

--"বাড়িঘর এত বিচ্ছিরি দেখেও রাজি হয়ে গেলে? এই মেয়ে তো আমাদের তায়েজিদের নখেরও যোগ্য নয়।"

কোহিনূর অদ্ভুত হাসি দিলেন। জানালার বাইরে নজর স্থির করে বললেন,
--"যোগ্য নয় বলেই তো আনছি। অযোগ্যদের লাগাম টানা যায়, যোগ্যদের নয়।"

লিপির হঠাৎ কিছু একটা মনে পড়ল ভাবে সে হাসল। সত্যি, তার বড় ভাবী একজন চিজ! এই মহিলা একাই যথেষ্ট তান্ডব করতে। এখন শুধু ভালোয় ভালোয় তায়েজিদ রাজি হলেই হবে।

—
বাড়ি গিয়ে দেখল পরিবেশ উত্তপ্ত। মা আর বাবা ঝগড়া করছেন। মাকে বহুদিন পর এভাবে প্রতিবাদ করতে দেখল সে। কিন্তু সেই প্রতিবাদ, গলার শক্তি.. সবটাই ছিল ক্ষণস্থায়ী। পুরুষালি হাতের আ ঘাত পড়তেই মহিলা ছিটকে পড়লেন মেঝেতে, তাও সন্তানের সামনে। খায়রুল কবির স্তব্ধ আমরীণের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বিশ্রী গা লি দিলেন। বললেন,
--"আজ থেইক্কা রংলীলা করোন এক্কেবারে বন্ধ। কলেজ যাইবি না। ঈমনের লগেও কোনো যোগাযোগ করবি না। তোর এই সপ্তাহে বিয়া।"

আমরীণ আকাশ থেকে পড়ল। বাবার গা লিতে নয়, বিয়ের কথা শুনে। গা লি তার জন্য নতুন কিছু নয়। আমরীণ আঁতকে উঠে বলল,
--"বিয়ে? কার বিয়ে? এত দ্রুত কেন?"

--"তোর ওই তায়েজিদ সরোয়ারের লগে বিয়া! তোর সাত কপালের ভাগ্য ওরা তোরে বউ করোনের কথা কইছে। এর আগে পিছে কোনো কথা না, আমি এই বাইত যা কমু ওডাই অইব। ক্ষ্যাপাবি না কিন্তু। এক্কেবারে মা-মাইয়ারে পুইত্তা দিমু।"

—

সরোয়ার নিকেতনে প্রতিদিনের মতোই সবাই যে যার মতো ব্যস্ত। এই বাড়ির সবকিছু এক নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে চলে। এই নিয়মে হেরফের হয় না কখনো। আজও হলো না। সবাই যার যার মতো ব্যস্ত থাকায় এক ছোট্ট ফুলের দিকে কেউ খেয়ালই করল না। দুপুরের খাবার খায়নি সে। বাবার ঘরের বারান্দার একপাশে লুকিয়ে কাঁদছে সে। তাকে লুকানো অবস্থায় খুঁজে পেল তার চাচাতো ভাই আবির।
আবির ডাকল বাচ্চাটাকে,
--"মুন, মুন। দাদু ডাকে।"

মুন মুখ তুলে তাকাল। চোখ-মুখ লাল তার। ফর্সা মুখটায় কান্নার ছাপ। বোনের এই রূপ কেন যেন আবিরের ভালো লাগে না। তার মন খারাপ হয়। সে মুনের বড় ভাই, তিন বছরের বড়। আবির তার ছোট হাত মুনের মাথায় বুলিয়ে দিতে দিতে বলল,
--"মুন, কি হয়েছে? কাঁদছ কেন?"

মুন ফুঁপিয়ে ওঠে,
--"মা স্বপ্নে এসেছে। আমি মায়ের কাছে যাব। মা আমাকে খুব ভালোবাসে! খুব।"

--"চাচী স্বপ্নে এসেছিল?"

--"হুঁ। তোমার মতো করেই আদর করছিল।"

আবির কি বলবে ভেবে পায় না। সে নিজেও তো সবে আট বছরের। এই ব্যাপারগুলো একটু কমই বোঝে। তবে এটুকু বোঝে— মুনের যেমন মা নেই তার তেমন বাবা নেই।

আবির মুনকে নিয়ে নিচে নেমে গেল। কোহিনূর শক্ত চোখে দেখলেন নাতনির লাল মুখটা। দাদীকে দেখেই মুন কিছুটা ভড়কে গেল। বুকের পুতুলটা আরও নিবিড়ভাবে বুকে জড়িয়ে নিল। কোহিনূর কাছে ডাকলেন নাতনিকে। মুন যেতে চায় না। কোহিনূর নিজের শক্ত খোলসে থেকেই নরম সুরে কাছে ডাকলেন,
--"মুন, আসো দাদীর কাছে। আজ তোমার পছন্দের রান্না হয়েছে।"

মুন কিছুটা সময় নিল। ধীরে ধীরে এগিয়ে গেল দাদীর কাছে। কোহিনূর নাতনিকে নিয়ে বসলেন ডাইনিং-এ। মুন বসল দাদীর কোলে৷ কোহিনূরই খাইয়ে দিলেন ওকে। খাইয়ে দিতে দিতে বললেন,
--"ভয় পাবে না। শেফালী তোমার নতুন মা হবে না।"

মুহূর্তেই মুনের চোখ-মুখ চকচক করে উঠল,
--"সত্যি দাদু?"

--"হুঁ। তোমার বাবা তাকে খুব বকে তাড়িয়ে দিয়েছে। আর বিরক্ত করবে না তোমায়।"

মুন খুশি হলো। খুশিমনেই খাচ্ছে এবার। ভুলেই গেল মাকে স্বপ্নে দেখে কাঁদছিল সে। কিন্তু সেঝো বউ অমৃতাকে এই খবরে মোটেই খুশি লাগছে না। সে মুখ ভার করেই ঘুরে বেড়াচ্ছে। তাকে গুরুত্বও কেউ দিচ্ছে না।

—
মাগরিবের পরপরই দুটো গাড়ি এসে থামল সরোয়ার নিকেতনের সামনে। পেছনে অ স্ত্রবাহী লোকজন আর সামনের গাড়িতে একজন। সেই গাড়ি থেকে নামল এক তাগড়া, সুদর্শন যুবক। পাঞ্জাবি, পাজামা পরিহিত। লম্বাটে এই মানবের পাশেই দাঁড়ানো তার ডান হাত বাপ্পী, শক্ত হয়ে দাঁড়ানো সে। পাঞ্জাবির হাতা কনুই অবধি গুটাতেই পেশিবহুল, শ্যাম হাত জোড়া বেরিয়ে এলো। রোদে পুড়ে হাত আরও কালচে দেখাচ্ছে। সেদিকে তোয়াক্কা না করে তায়েজিদ নিজের পি স্তলটা বাপ্পীর হাতে দিয়ে ছুটল ভেতরে। চোখ-মুখ তার এখনো গম্ভীর।

ভেতরে যেতেই লিভিংরুমে বাবা-মাকে একত্রে দেখল। তোফায়েল সরোয়ার এবং কোহিনূর ছেলের অপেক্ষাতেই ছিলেন। কিন্তু তায়েজিদ তাদের সামান্য সালামটুকুও না দিয়ে সিঁড়ির দিকে ছুটল। কোহিনূর পেছন থেকে বললেন,
--"শেফালীকে না করে দিয়েছি। তোর জন্য নতুন মেয়ে দেখেছি। শুক্রবার বিয়ে।"

তায়েজিদ কান অবধি পৌঁছালেও সে থামল না। তা দেখে তোফায়েল সরোয়ার বেশ বিরক্ত হলেন। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন,
--"ছেলের কাছে এই সম্মান রইলো আমার! মানুষ তো সালামটুকুও দেয়। তোমার ছেলে এত বেয়াদব কেন?"

কোহিনূর কিছু বললেন না। তিনি কখনোই ছেলের দোষ দেখেন না। পুরুষ মানুষের একটু আকটু জেদ থাকতেই হয়। এজন্য স্বামীর কথাকে গুরুত্ব দিলেন না। তিনি ভালো করেই জানেন স্বামী এখানে বসেছেন জায়গা-জমির হিসাবের জন্য, শ ত্রুর খবরের জন্য। তায়েজিদের বিয়ে বিষয়ক কথাতে ওনার কোনো আগ্রহ নেই।

উপরে সোজা গেল মেয়ের রুমটায়। গিয়ে দেখল পুতুল নিয়ে চুপটি করে বসা। বাবাকে পেতেই মুন পুতুল ফেলেই ছুটল। বাবাকে জড়িয়ে ধরে ফোঁপাল সে। সবসময় শক্ত থাকা হাত-জোড়া নরম হয়ে মেয়েকে ছুঁয়ে দিচ্ছে। তায়েজিদ সময় নিয়ে প্রশ্ন করল মেয়েকে,
--"কী হয়েছে?"
--"মাকে স্বপ্নে দেখেছি।"
--"এজন্যই বাবাকে এভাবে কল দিবে? বাবা ভয় পায় না?"

মুন কান্নার মাঝেও খিলখিল করে হাসল।
--"আমার বাবাকে আমি ভয় দেখাতে জানি?"

তায়েজিদ শুধু মেয়ের চুলে হাত বুলিয়ে দিল, আর কিছু বলল না।

মুন বাবার গালে চুমু দিয়ে বলল,
--"মুন তার বাবাকে এতগুলা মিস করেছে। বাবা কেন মুনের থেকে দূরে থাকে?"

তায়েজিদ কিছুটা নরম হলো। মেয়ের গালে বৃদ্ধাঙ্গুল বুলিয়ে বলল,
--"যেতে হয়।"
--"এখন তাহলে থাকবে?"
--"হুঁ। নাস্তা করেছ?"

--"না বাবা। এজন্যই তোমাকে ডেকেছি। আজ তোমার কোলে বসে খাব।"

তায়েজিদ মেয়েকে কোলে নিয়ে নিজের ঘরে চলে গেল। যাওয়ার পথে কাজের মেয়েটাকে ইশারা করতেই সে ছুটল খাবার আনতে। মুনকে বিছানায় রেখে সে গেল ফ্রেশ হতে। ঘামের দূর্গন্ধ নিয়ে মেয়ের সাথে থাকে না সে।

তায়েজিদ আসতেই দেখল বিছানায় মুন লাফাচ্ছে। মুন হাসতে হাসতে বলল,
--"বাবা জানো, শেফালী আন্টির সাথে তোমার বিয়ে হবে না।"

তায়েজিদ তাকিয়ে দেখল মেয়ের খুশি। গামছা দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বলল,
--"এতে কি আমার মা খুশি?"

--"খুব খুশি। ঠিক করেছ তাকে ভাগিয়ে দিয়ে।"

তায়েজিদ বসল বিছানায়। মুন এক সেকেন্ডও সময় নিল না বাবার কোলে বসতে। ইতিমধ্যেই খাবার চলে এসেছে। তায়েজিদ মেয়েকে খাইয়ে দিচ্ছে। অবিশ্বাস্য হলেও এই দৃশ্য নতুন না। মুন খেতে খেতে বলছে,
--"তুমি জানো, যখন তুমি থাকতে না তখন শেফালী আন্টি তোমার ঘরে এসে বসে থাকত। আমার পাশে বসে সবার সামনে ভালো ব্যবহার করলেও সবার আড়ালে আমাকে খামচি দিত, ধমক দিত। তোমাদের কাউকে না বলার হুমকি দিত। বললে মা র বে খুব। মায়েরা কি মন্দ হয়? কই, আমার মা তো এমন ছিল না। মা তো খুব আদর করত।"

তায়েজিদ গম্ভীর হয়ে রইলো, মেয়ের প্রশ্নের জবাব দিতে পারল না। শুধু মিনমিন করে বলল,
--"শেফালী আর আসবে না। এটা তোমার বাড়ি মা। এরপর থেকে যেই আসবে, তোমার পারমিশন নিয়ে আসবে। হুঁ?"

—

আমরীণের চোখে ঘুম নেই। ঘুমালেও সময়টা কেটে যেত, কিন্তু তাও হচ্ছে না। হঠাৎ বিয়ের খবর শুনেই সে প্রচন্ড বিচলিত হয়ে পড়েছে। সে তো আগের বিয়েতেই রাজি ছিল না। তবুও ঈমনের বিষয়টা আলাদা। সে ভালো পরিবারের সন্তান। বাবা নেই, সিএনজি চালিয়ে কোনো রকমে সংসার চালায়। ঈমন ভদ্র, কথা-বার্তাও খুব গুছিয়ে বলতে পারে। সবথেকে বড় কথা, সে আমরীণের ইচ্ছেকে প্রাধান্য দেয়। নয়তো তার বাবা তো তার পড়াশোনা বন্ধই করে দিয়েছিল। ঈমনের বলাতে আবারও পড়ার অনুমতি দেয়। বাবা পড়তে দিলেবএতদিনে তার এইচএসসিই শেষ হয়ে যেত।

ঈমনকে সে ভীষণ সম্মান করে। ধীরে ধীরে মেনেও নিতে শুরু করেছিল হবু বর হিসেবে। যদিও অন্যান্য হবু বর-বউয়ের মতো তাদের আলাপচারিতা হয় না রোজ। তবুও সে মাঝেমধ্যে আসে, কাউকে না কাউকে দিয়ে চিঠি পাঠায়। এখনো ঈমনের সাথে খুব গোপন কোনো অনুভূতি জন্মায়নি। জন্মাবেই বা কি করে, বাড়িতে বাবার কোলাহলে কতক্ষণ শান্তিতে থাকা যায়?

বাবা আগেও নিজের স্বার্থে ঈমনের ঘাড়ে গছিয়ে দিয়েছিল। কারণ ঈমনদের জমি-জমা আছে, উনি লাভ করতে পারতেন। কিন্তু এবার তো একদম লালে লাল! এমন প্রস্তাব যে বাপের জন্মেও ওনার দ্বারে আসেনি। একজনের আমানত সে আরেকজনের ঘাড়ে তুলে দিতে দ্বিতীয়বারও ভাবলেন না। আমরীণ কি এতটাই ফেলনা নাকি হাটের গোরু? যে ভালো দাম পেল আর বিক্রি করে দিল? সারাদিন ওর কান্নাকাটির ওপর গেছে। কী করবে তাও ভেবে পাচ্ছে না। বুকটা কেমন করছে। এত অশান্তির চাইতে বুঝি মৃ ত্যুই ভালো। ঈমনকে খুব মনে পড়ছে তার। আফসোস তার কোনো মোবাইল নেই। নয়তো ঠিকই ঈমনকে খবরটা দিয়ে দিত। এরপর হয়তো ঈমন কোনো ব্যবস্থা করত? এই পেরেশানি থেকে তাকে ছুটি দিত?

তায়েজিদকে সে প্রায়ই কলেজ যাওয়া আসার সময়ে দেখে। শুধু কি তাই? ছোটো থেকেই দেখে বড় হয়েছে। এই লোক গুণ্ডাগিরি আর আধিপত্য বিস্তার ছাড়া আর কি জানে? কত গরীবের হক মে রেছে। কত মানুষকে রাস্তা-ঘাটে কু পিয়েছে, মে রেছে। সবই এই 'পারুঘাট' গ্রামের বাতাসের সাথে মিশে আছে। সেই ছেলের নাকি আবার একটা মেয়েও আছে। তার জীবনকে কি সবাই মগের মুল্লুক পেয়েছে?

রাতের খাবারের যখন ডাক পড়ল, আমরীণ পাথরের মতো গেল। খায়রুল কবির তখন শক্ত হয়ে বসে ছেলের অপেক্ষা করছেন। ছেলে তো সন্ধ্যার সময়েই ফিরে। কখনো না ফিরলে আগেই জানিয়ে যায়, কিন্তু আজ তেমন কিছুই হয়নি। আমরীণের বড় ভাই নামীর তার থেকে মাত্র দুই বছরের বড়। কাজ করে সরোয়ার বাড়ির গার্ড হিসেবে। এই গ্রামের বেশিরভাগ অল্পবয়সী ছেলেরাই সরোয়ার পরিবারের হয়ে কাজ করছে আর মাসশেষে বেতন তুলছে। এই গ্রামে না আছে পুলিশ, না আছে কোনো বিচারক। সব বিচার, সবকিছু চলে সরোয়ার পরিবারের অধীনে। থানা যাও আছে, গ্রামের বাইরে। এই গ্রামে অনুমতিহীন পুলিশ প্রবেশও নিষিদ্ধ।

কিছুক্ষণের মাঝেই বাইরে থেকে কেউ "কাকা" বলে ডাকল। খায়রুল খাবার রেখে বেরিয়ে এলো। দেখল প্রতিবেশি এক স্কুল পড়ুয়া ছেলে। বিরক্ত হলো সে।
--"কি হইছে? খাবার সময়ে কেউ ডাকে?"

কিন্তু ছেলেটাকে বিচলিত দেখাচ্ছে।
--"নামীর ভাইরে খুইজা পাওয়া যাচ্ছে না যে।"

___________
চলবে~~

#শৈলবালা
|সূচনা পর্ব|
লাবিবা ওয়াহিদ

বিঃদ্রঃ অবশেষে নতুন গল্প নিয়ে হাজির হলাম প্রিয়রা। এই গল্পটা আগাব আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে। তাই আপনারা যারা পড়বেন সাড়া দিন, যেন অন্যান্য পাঠকদের ফিডেও গল্পটি পৌঁছায়। ধীরে ধীরে এই প্লট আপনারা আরও বিস্তারিত ভাবে জানতে পারবেন। আপাতত প্রথম পর্ব কেমন লেগেছে জানান। আর বেশি বেশি রেসপন্স, কমেন্টস, শেয়ার করে দিইন।

আর হ্যাঁ, গল্পটা সত্য ঘটনা থেকে ইন্সপায়ার্ড। বেশিরভাগ আমারই মশলা। একটা সত্য ঘটনা থেকেই বিস্তারিত প্লট সাজিয়েছি। আমার সবচেয়ে ইউনিক প্লট হতে যাচ্ছে এটা, ইনশাআল্লাহ। প্লট সাজিয়েছি ২০১৩ সালের পটভূমিতে।

গল্পের ট্রোপস—
এইজ গ্যাপ × সেকেন্ড ম্যারেজ × রোমান্স × স্ট্রাগল।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন