ফন্ট সাইজ:
থিম:
শৈলবালা

পর্ব 2

লেখক: লাবিবা ওয়াহিদ

#শৈলবালা
০২_
লাবিবা ওয়াহিদ

তায়েজিদ জিপে বসে সিগারেট ফুঁসছে। বাপ্পী আর শওকত একপাশে দাঁড়ানো। ওরা কখনো ক্লান্ত হয় না, তায়েজিদের পাশে ছায়ার মতো থেকে যায়। আজও তাই। হাতে পি স্তল নিয়ে বৃক্ষের মতো দাঁড়িয়ে।

বাপ্পী বলল,
--"সিগারেটের প্যাকেট তো শেষ, স্যার।"

তায়েজিদ তাকাল ওর দিকে। ওর তাকানো দেখেই বাপ্পী ছুটল সামনের সেই পলাশের টঙে৷ নতুন সিগারেট প্যাকেট না কিনলে আবার স্যার তাদের হেস্তনেস্ত করবে। তায়েজিদ যখন সিগারেট চায়, তখনই তার হাতে ধরিয়ে দেওয়া বাধ্যতামূলক। শওকত কিছু সময় বাদেই ধীরে-সুস্থে বলল,
--"স্যার, ম্যাডাম বেরিয়েছে। উনিই আপনার মায়ের পছন্দ।"

তায়েজিদ তখনই জিপ থেকে সামনে তাকাল। দেখল আমরীণ কলেজ ড্রেস পরে চুপিচুপি বেরোচ্ছে। ওরা আমরীণদের বাড়ি থেকে কিছুটা দূরে, ঝোপঝাড়ের মধ্যে জিপটা থামিয়ে রেখেছে। তায়েজিদ সিগারেট ফুঁকতে ফুঁকতেই দেখল ছোটো হাইটের মেয়েটা কেমন চারপাশে নজর বুলিয়ে আগাচ্ছে। বাপ্পীও দূর থেকে দেখল। সে তাকাল আড়ালে থাকা তায়েজিদের দিকেও। তায়েজিদের চোখে চোখ পড়তেই সে মাথা নাড়ল। অর্থাৎ পিছু নিবে।

বাপ্পী সিগারেটের প্যাকেটটা হাতে নিয়েই আমরীণের পিছু নিল। ততক্ষণে তায়েজিদ জিপ থেকে নেমে পলাশের দোকানে এসে বসল। শওকত সর্বদা তার পিছুপিছু। পলাশ তাকে দেখেই নড়েচড়ে বসল। সে গ্রামে বড্ড সুপরিচিত মুখ। তাকে দেখলে যেমন ভয় হয়, তেমনই লাভ হয়। দুই-পাঁচ টাকার চায়ে যে পঞ্চাশ টাকা ধরিয়ে দেয়। লাভের ওপরে লাভ। এজন্য ভয়টা যতটা সম্ভব গিলে থাকতে হয়। তায়েজিদ বেঞ্চে বসে বলল,
--"সিগারেট?"

পলাশ তৎক্ষণাৎ এগিয়ে দিল। তায়েজিদ সেটা হাতে নিতেই শওকত সেটা লাইটার দিয়ে ধরিয়ে দেয়। সে সর্বদা দুটো করে লাইটার পাঞ্জাবির পকেটে নিয়ে ঘুরে। একটা শেষ হলেও আরেকটা সবসময় তৈরি থাকে।

বাপ্পী কিছুক্ষণের মাঝে এলো। তায়েজিদ তাকাল।
--"খবর কি?"
--"জি, আপুটা.. দেখলাম কিছু দূর গিয়ে রিকশায় চড়ল। কলেজ যাবে বোধ হয়।"

বাপ্পী খুবই ধীরে বলল কথাগুলো, যা পলাশের কান অবধি পৌঁছাল না। সে দুই কাপ চা বানাতে ব্যস্ত। বাপ্পীকে দেখে আরেকটা কাপও নিল।

তায়েজিদ সময় নিয়ে বলল,
--"বাচ্চা মেয়ে।"

বাপ্পী আর শওকত চাওয়া-চাওয়ি করল। যখনই পলাশের চা বানানো শেষ, তখনই তায়েজিদ সিগারেট ফুঁকতে ফুঁকতে টঙের ছাউনি থেকে বেরিয়ে গেল। পলাশ হতভম্ভ হয়ে কিছু বলতে নিবে ওমনি তার সামনে একশো টাকার নোট দিয়ে দুই বান্দাও পিছু নিল।

শওকত সাহস করে বলল,
--"আপনি কি চান স্যার?"
--"বাচ্চাদের সামলানোর সময় নেই। বিয়ে বাদ।"

বলেই সে জিপে উঠে বসল। বাপ্পী ড্রাইভিং সিটে বসে বলল,
--"না স্যার, বাচ্চা না। ওনার বয়স বিশ-একুশ।"

--"এই গ্রামে বিশ-একুশ বছর বয়সী মেয়ে অবিবাহিত?" তায়েজিদের ভ্রু কুঁচকানো। সামান্য তাচ্ছিল্যের সুর।

--"বাগদত্তা আছে। সিএনজি চালায়। সেই নিয়ে করে নাই এখনো।"

তায়েজিদ শুধু শুনে গেল, বাপ্পীর কোনো কথাতেই আর টু-শব্দ করল না। এসব বিয়ে-শাদিতে সে বড্ড উদাসীন। মায়ের চক্করে পড়েই দেখতে এসেছিল ওনার পছন্দ। প্রথম দেখাতেই তো বাদ পড়ে গেল। এই মেয়ে সামলাবে মুনকে? প্রশ্নই আসে না। সরোয়ার বিবি হওয়ার দায়িত্ব এই বাচ্চা-কাচ্চারা নিতে পারবে না।

—
কলেজে বেশিক্ষণ ক্লাস করতে পারেনি আমরীণ। তার বড্ড পেট ব্যথা করছে। গতকাল খাওয়া-দাওয়ায় অনিয়ম গেছে, এজন্যই এখন ভুগতে হচ্ছে। খায়রুল সাহেব তার বড়ো ছেলে নামিরের খোঁজ করতে বেরিয়েছে, এজন্য আমরীণও মাকে রাজি করিয়ে লুকিয়ে কলেজ চলে এসেছে। তার ইন্টার দিতে বেশি দেরী নেই। এই গ্রীষ্ম, এরপর ঠিক আগামী গ্রীষ্মেই সে ইন্টার দিবে। তার জন্য ইন্টারের ডিগ্রী অনেক কিছু। এই পড়াশোনা করতে বাবার হাতে কম মা র খায়নি সে। তবুও দমে যায়নি, যে করেই হোক পড়াশোনাটা চালিয়ে গেছে।

কলেজ থেকে ছুটি নিয়ে গ্রামে এসে দেখল তার পরিচিত এক বান্ধবীর মা ই ন্তে কাল করেছে। চারপাশে মাইকিং হচ্ছে। খবরটা শুনেই সে ছুটল সেই বাড়িতে। গিয়ে দেখল তার বান্ধবী খাটিয়ার কাছে বসে কাঁদছে। যোহরের নামাজ পড়ে পুরুষটাও এলো। আমরীণ একপাশে বসে দোয়া পড়ছিল বাকিদের সাথে।

পুরুষদের দিকে নজর যেতেই সে থমকে যায়। সবার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তায়েজিদ। জমে গেল সে মানুষটাকে দেখে। সঙ্গে মনে নাড়া দিল অসংখ্য বিতৃষ্ণা। গুণ্ডাদের সে সর্বদাই এড়িয়ে চলে। কখনো তায়েজিদকে নিয়ে আলাদা করে ভাবা তো দূর, মাথাও ঘামায়নি সে। ভেবে গেছে যার যার জীবন, সে বুঝবে। কিন্তু যখন মায়ের মুখে গতকালকের বর্ণনা শুনল, তখন থেকেই সরোয়ার পরিবারের প্রতি তার বিরক্তি, বিতৃষ্ণা বহুগুণে বেড়ে গেছে। মহিলা তার বাড়িতে এসে হুম কি দিয়ে গেছে। অন্যান্য মেয়েরা পাগল হোক তায়েজিদের জন্য, কিন্তু সে নয়। সে এসব বড়লোকি ঝামেলা ঠিকঠাক নিতে পারে না, বদহজম হয়। তায়েজিদ তাকিয়ে ছিল একবার এদিকে, আমরীণ বুদ্ধি খাটিয়ে আরেকজনের পেছনে নিজেকে আড়াল করে নেয়।

যখন দেখল খাটিয়া তায়েজিদও কাঁধে তুলেছে, তখন আমরীণ মুখ ফিরিয়ে নিল। যেই কাঁধে পাপের বোঝা, সেখানে আবার আরেকজনের শেষ যাত্রায় নাটক করতে এসেছে। ভেতর থেকে চিৎকার ভেসে আসছে। আমরীণ চেয়েও পারছে না বান্ধবীর মুখোমুখি হতে। একবার খায়রুল তার এই সইকে প্রচন্ড অপ মান করেছিল, সেই থেকে আমরীণকে ঘৃণা করে মেয়েটা। এই ঘৃণার ভার নিয়ে সে চাইল না সইয়ের মুখোমুখি হতে। মেয়েটা তাকে দেখে আরও উত্তেজিত হয়ে পড়বে। আমরীণের চোখ ছলছল করে উঠল, মুঠোবন্দী করে সে আবার নীরবেই চলে গেল। তার বাবা যে কোনো দিকে মুখ রাখেনি, সব জায়গায় ব দ নাম করিয়ে রেখেছে তার।

পথেই তার অনাকাঙ্খিত ভাবে ঈমনের সাথে দেখা হয়ে গেল। ঈমনকে দেখে যেন আমরীণ প্রাণ ফিরে পেল। ঈমন ছলছল চোখ জোড়া দেখে চিন্তিত হয়ে পড়ল।
--"কাঁদছ কেন? সিএনজি রিজার্ভের জন্য খুব ভোরে শহরের দিকে গিয়েছি, মাত্র ফিরলাম।"

আমরীণের চোখের জল গাল অবধি পৌঁছাতে পারল না। ঘনঘন চোখের পলক ফেলে মিনমিন করে বলল,
--"খাদিজার মা মা রা গেল। জানাজার জন্য ঈদগাহ ময়দানে নিয়ে গেছে।"

ঈমন খাদিজাকে না চিনলেও অদূরের বাড়ি দেখে ঠিকই বুঝল ওই বাড়ির কেউ মা রা গিয়েছেন। আফসোস করে ইন্না-লিল্লাহ পড়ল।
--"তুমি বাড়ি যাও, রোদ মাথায় নিয়ে ঘুরাফেরা কোরো না। আমিও যাই ঈদগাহর দিকে। তাড়াতাড়ি চললে বোধ হয় জানাজা ধরতে পারব।"

আমরীণ থামিয়ে দিল ঈমনকে। মাথা নিচু করে মিনমিন করে বলল,
--"আমাকে কবে বিয়ে করবেন, ঈমন ভাই?"

ঈমন হাসল। বোঝা গেল আমরীণের বাড়ির খবর এখনো তার কান অবধি পৌঁছায়নি। অবিশ্বাস্য সুরে বলল,
--"বাব্বাহ, এমন সময়ে এই প্রশ্ন আশা করিনি।"
--"বলেন। হঠাৎ জানতে ইচ্ছে করল।"
--"এতদিন তো বিয়ে করতে চাইতে না। বিয়ের কথা বললেই বলতে বিয়ে করবে না, আরও দেরীতে করবে। আজ সূর্য কোন দিকে উঠল?"

আমরীণ উত্তর দিতে পারল না। এড়িয়ে গেল।
ঈমন সময় নিল। ধীরে-সুস্থে বলল,
--"তোমার বাবা বলেছেন তোমাকে বিয়ে করার আগে আমার বাবার ওই জঙ্গলের কাছাকাছি এক বিঘা জমিটা যেন ওনার নামে করে দিই। নয়তো তোমাকে দিবে না। ওই জমির ঝামেলাতেই এতদিন যাবৎ আটকে। চিন্তা কোরো না। আর দুইটা মাস অপেক্ষা করো লক্ষীটি, জমির ভেজাল সামলেই তোমাকে বিয়ে করে নিব। হুঁ? এবার বাড়ি যাও।"

ঈমন তাড়া দিয়ে চলে গেল, তার ব্যস্ততা দেখে আমরীণ আসল খবরটাই জানাতে পারল না। আমরীণ আবারও পিছে ডাকতে গিয়ে অনুভব করল তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাট কাট। সে চলে গেল নিজের বাড়িতে। সৌভাগ্যবশত বাবা এখনো ফিরেনি। কিন্তু হতাশ, সৌভাগ্য হলো কই? সবেই পাটিতে ভাতের থালাটা নিয়ে বসেছিল সে। কোত্থেকে খায়রুল এসে সেই থালা লাথি দিয়ে ফেলে দিল। চুলের মুঠি ধরে বিশ্রী গা লি দিয়ে বলল,

--"শু*রের বাচ্চা! তোর এত বড় সাহস তুই ঠ্যাং খুইলা গেছস কলেজে আবার লাঙের লগে দিনে দুপুরে রাস্তায় দাঁড়াইয়া প্রেমলীলা করোস? তোরে কই নাই তোরে আমি জ্যান্ত পুইত্তা দিমু? বাপের লগে মাতব্বরি কইরা এহন তার খাওন গিলোস লজ্জা করে না? নির্লজ্জ, বেলাজ, বেহায়া। তোর মতো চরিত্রহীনারে জন্ম দেওয়াই ভুল অইছে।"

বকুল এসে ব্যস্ত হয়ে স্বামীর হাত থেকে মেয়েকে ছুটালো। আমরীণ ব্যথায়, অপ মানে মেঝের একপাশে বসে কাঁদছে। ঝাপসা চোখে দেখছে পান্তাভাত কেমন মাটির মেঝেতে ছড়িয়ে আছে। স্টিলের থালাটাও উলটে আছে। খায়রুল মেয়ে-মাকে শাসিয়ে আবারও বেরিয়ে গেলেন। বকুল ততক্ষণে মেয়েকে বুকে জড়িয়ে নিয়েছে। আমরীণ মায়ের ঘ্রাণ পেয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যাচ্ছে তার। মায়ের চোখেও জল। এত অ ন্যায়, এত অত্যা চারের শেষ কোথায়? উপরওয়ালা কবে মুক্তি দিবে তাদের মা-মেয়েকে? কোনো আপন বাবা এতটা নির্দয় কী করে হতে পারে? বুঝে আসে না। ওদিকে এই মুশকিল সময়ে বড় ছেলেটাকেও পাওয়া যাচ্ছে না। হুট করে নিখোঁজ হলো কোথায়?

—

মাগরিবের নামাজ পড়ে যে যার কাজে ব্যস্ত। কাজের মেয়ে চুমকি মুনের জন্য খাবার নিয়ে যেতে চাচ্ছিল উপরে। কোহিনূর গরম গলায় থামালেন চমকিকে।
--"অন্য কাউকে পাঠা। তুই এদিকে আয়, আমার পা মালিশ করে দে। তুই জানিস না তোর হাতের মালিশ আমি কতটা পছন্দ করি?"

চুমকি কি বলবে ভেবে পেল না। কর্ত্রীর হুকুম মেনে নিতে সে বাধ্য। অন্য কাজের লোকের কাছে খাবার হস্তান্তর করে সে গিয়ে বসল কোহিনূরের পায়ের কাছে। আজ তিনি রেগে আছেন, রেগে থাকার কারণটাও চুমকি জানে। আজ সকালে মুন আবদার করেছিল সে তার নানু বাড়ি যেতে চায়। এই আবদারে কোহিনূর প্রতিবারই রেগে যায়। নাতনির ওপর গলা উঁচু করে, ধমকায়। সেই ধমকে বাচ্চাটা নাজুক হয়ে পড়ে। সারাদিন কেউ বাচ্চাটার খোঁজ করেছে কিনা কে জানে? তায়েজিদের মেয়ে হওয়া সত্ত্বেও সবার মুনের প্রতি বড্ড বিতৃষ্ণা, অবহেলা। শুধুমাত্র কোহিনূর আর মুনের বড়ো চাচি ওকে আগলে রাখেন। কিন্তু নাতনি কোনো কারণে রাগিয়ে দিলে তিনি ভুলে যান, মুন ওনার নিজেরই র ক্ত।

রাতে তায়েজিদ বাড়ি ফিরল। ফিরে দেখল ডাইনিং-এ খাবার সাজানো হচ্ছে। তার চোখ-জোড়া তার ছোট্ট মেয়েটাকে খুঁজল। কোহিনূর ছেলেকে দেখেই ডাকলেন,
--"খেতে আয় বাবা। আজ আমি রেঁধেছি।"

তায়েজিদ তা পরোয়া না করে জিজ্ঞেস করল,
--"মুন কোথায়?"

কোহিনূর বেশ ব্যস্ততা দেখিয়ে বললেন,
--"ঘরেই আছে।"

উত্তরটা পছন্দ হলো না তায়েজিদের। আর না সে খাওয়ার প্রতি কোনো আগ্রহ দেখাল। মেয়ের জন্য দুশ্চিন্তা হচ্ছে। একা একা কোথায় কি করছে? তায়েজিদ সবাইকে ছেড়ে উপরে ছুটল। মেয়ের ঘরে তাকে পেল না। নিজের ঘরে যেতেই দেখল কাঁথা মুড়ি দিয়ে একটা ছোট্ট শরীর শুয়ে আছে। রুমে লাইটও জ্বলছে না। তায়েজিদ অবাক হলো, মুন তো অন্ধকার ভয় পায়। সুইচবোর্ডে গিয়ে লাইট জ্বালিয়ে ডাকল মেয়েকে।
--"মা আমার। উঠো, বাবা এসেছে।"

মুনের কোনো নড়চড় হলো না। তায়েজিদ কিছুটা এগিয়ে গেল। ডাকল আবারো, এবারও মুনের সাড়া নেই। সে কাঁথাটা শরীরে দিতেই দেখল তার মেয়েটার মুখ লাল হয়ে আছে। চোখজোড়া বন্ধ, কাঁপছে ছোট্ট শরীরটা। বিড়বিড় করছে সে। ঠোঁট নাড়ানোর ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে, মা মা করছে। তায়েজিদ হাত বাড়িয়ে মেয়ের কপাল চেক করল। মুহূর্তেই হাত সরিয়ে ফেলল। মুনের গা পুড়ে যাচ্ছে জ্বরে। তায়েজিদ হতবাক হয়ে গেল! বাড়ি ভর্তি মানুষ, আর তার ছোট্ট মেয়েটা একা একা জ্বরে ভুগছে অথচ কেউ কিছু জানেই না?

তায়েজিদ এক মুহূর্ত দেরী না করে মেয়েকে কোলে তুলে নিচে নেমে এলো। সবাই নিশ্চিন্ত মনে খেতে বসেছিল সবে৷ তায়েজিদের রাগী মুখ আর তার কোলে ছোট বাচ্চাটাকে ওভাবে দেখে কারোই আর খাওয়া হলো না। আবিরের মা সাথী এই দৃশ্য দেখে রান্নাঘর থেকে ছুটে এলো। সে মুনের বড় চাচী। বেশ অবাক হয়ে বলল,
--"কি হয়েছে মুনের?"

তায়েজিদ কাউকে কোনো জবাব দিল না। শুধু সবার মুখটা ভালো ভাবে দেখল। খাবার টেবিলে অসংখ্য সাজানো খাবার দেখে তাচ্ছিল্য করে মুখ বাঁকিয়ে সে বেরিয়ে গেল। গলা উঁচিয়ে ডাকল বাপ্পীকে।
--"বাপ্পী, বাপ্পী! গাড়ি বের কর! এখনই!"

শওকত এসে গাড়ির দরজা খুলে দিতেই তায়েজিদ হন্য হয়ে পেছন সিটে বসল। তার মেয়ে এখনো তার বুকের সাথে মিশে আছে। সকালে তার হাসি-খুশি মেয়েটাকে দেখে গিয়েছিল। অথচ এখন দূর্বল অসুস্থ এক প্রাণ তার বুকে মিশে আছে। তায়েজিদের চোখ-জোড়া কেমন লাল টকটকে হয়ে আছে। বাপ্পী গাড়ি চালিয়ে গ্রামের ডাক্তারের কাছেই যাচ্ছে।

মুন চোখ বন্ধ করা অবস্থাতেই বিড়বিড় করছে,
--"বাবা, বাবা। শীত। মাকে এনে দাও, মাকে। শীত।"

তায়েজিদ গাড়িতে থাকা নিজের শালটা দিয়ে মেয়েকে আরও ঢেকে দিল। কপালে চুমু দিতে দিতে বলল,
--"এনে দিব তোমার জন্য মা। দুনিয়ার সব সুখ দিব তোমায়। তোমাকে কোনো দুঃখ পেতে দিব না। তুমি তো আমার মা, তাই না? এবার বাবার জন্য সুস্থ হয়ে যাও।"

—
খায়রুল ছেলের খোঁজ নিতে গিয়ে রাতেই খবর পায়, তার ছেলে পাশের গ্রামের থানায় আছে। অর্থাৎ তার ছেলেকে জেলে ভরা হয়েছে। এই কাজের পেছনে হাত আছে সরোয়ার পরিবারের— যাদের সাথে দুদিন পর তাদের সম্পর্ক হতে যাচ্ছে।

______
®লাবিবা ওয়াহিদ
চলবে~~

বিঃদ্রঃ আজকে কেন যেন মন-মেজাজ ভালো নেই। এজন্য এটুকুই লিখতে পেরেছি। কেমন লেগেছে আপনারা জানাবেন হুঁ? আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের অপেক্ষায়।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন