#শৈলবালা - [১২]
লাবিবা ওয়াহিদ
-
ভোরের দিকে উথাল-পাতাল ঝড় নেমেছিল পারুঘাটে। দীর্ঘ সেই ঝড়ে আশেপাশের খাল-বিল, পুকুর, চাষের জমি সবই পানিতে ভরপুর। কত কৃষকের ফসল নষ্ট হয়েছে, কতজনের বাড়ির গাছ-ছাউনি নষ্ট হয়েছে। এক দুজনের তো এই ঝড়ে মাথার ওপরের টিনের নড়বড়ে ছাদও উড়ে গেছে। কালবৈশাখী যেন গ্রামের বুকে নামিয়ে দিয়েছে একবুক শোক। মুরুব্বিরা বলেন, 'কালবৈশাখী কেড়ে নিতেই আসে।'
ঠিক এমন ভাবেই কেড়ে নেয় একজনকে। একজন অল্পবয়সী ছেলে শহর থেকে ফিরছিল। ক্ষেত পেরিয়ে আসার সময়েই এক বজ্রপাত তার গায়ের ওপর পড়ল। সেখানেই যুবক মৃ ত্যু বরণ করে। মসজিদে মাইকিং করা হয়েছে একবার। বজ্রপাতে মা রা যাওয়া মানুষ অনেকের কাছেই কৌতুহলের খোরাক। এজন্য দূর-দূরান্ত হতে মানুষজন আসছে সেই লা শ দেখতে। এই ধরণের লা শের চুরিও হয় বহু। কালো বাজারে বেশ কড়া দামে এই ধরণের লা শের বিক্রি হয়।
মরহুম যুবক তায়েজিদেরই এক লোক ছিল। সেজন্য সে খবর পেতেই সকাল সকাল ছুটে গিয়েছে। তোফায়েল সরোয়ার নাস্তা সেরে ধীরে-সুস্থেই যাবেন। এখন আপাতত বাগানে আয়েশ করে চা পান করছেন। ইতিমধ্যেই গ্রামের ক্ষয়-ক্ষতির ব্যাপারগুলো কানে এসেছে। বৃষ্টি থামার পর থেকেই তো কতজন এলো, নিজের অসহায়ত্ব প্রকাশ করল। তোফায়েল সরোয়ার সব শুনেছেন, ব্যথিত হয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। আর নগদ আদেশ দিয়েছেন ওনার ম্যানেজারকে। ম্যানেজার শহিদ সে অনুযায়ী তালিকা সাজিয়েছেন ইতিমধ্যেই। ভীষণ পাকা খেলোয়াড় তিনি। তোফায়েলের ত্রিশ বছর জীবনের নিখুঁত একজন ম্যানেজার। হাতে কলম থেকে পি স্ত ল সবই ওঠে ওনার। তাকে আদেশ করেই তোফায়েল খালাশ, শান্তিতে চা নিয়ে বসেছেন। তিনি হাতে ধরে কিছুই করেন না, যা করার চৌকস শহিদই করে ফেলবে। তবে তার একটা আফসোস থেকেই যায়, জোয়ান ছোকরাটার হঠাৎ মৃ ত্যু, এখনো বয়সই বা কত ছিল? আল্লাহর দেওয়া হায়াতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই।
গ্রামে এই অস্থিতিশীলতা থাকলেও অন্দরমহলে তার কোনো প্রভাব-ই পড়েনি। কোহিনূরের আদেশে বউভাতের আয়োজন স্বাভাবিক গতিতেই চলছে। আজ যেন ভিন্ন আনন্দ লক্ষ্য করা যাচ্ছে সবার মাঝে। সাথে ফুসুরফাসুর তো আছেই। আগামীকাল বউভাত। আজ আরও মেহমান আসবে। বাড়িটা আরও ভরপুর হবে মানুষে। শহর থেকে তোফায়েল সরোয়ারের ছোট ভাই আসছেন পরিবার নিয়ে। এছাড়াও ওনার ছোট ছেলে তুষারও আজই আসবে। এই নিয়ে সকলের মাঝে চাপা উত্তেজনা। বাড়ির ছোট ছেলে আসবে, কোহিনূরের মধ্যেও সেই আনন্দের এক ঝলক দেখা যায়।
এতকিছুর মাঝেও আমরীণ ছুঁতো খুঁজে সরোয়ার নিকেতনের বিরাট দীঘির সিঁড়িতে বসা। তার সাথে ছায়ার মতো দাঁড়ানো লায়লা। সে এদিক ওদিক তর্জনী তুলে আমরীণকে দেখাচ্ছে সব। কোন দিক থেকে তায়েজিদ ঝাপ দেয় গোসল করতে, কোন দিক থেকে দীঘির মাছ ওঠানো হয়, কোন পাশ থেকে টুকটাক কাপড় কাচা হয়। দীঘির চারদিকে বিভিন্ন ফল গাছে ভর্তি। কোন গাছের আম, তেঁতুল ভালো খেতে সেটাও সে দেখিয়ে দেয়। আমরীণ নীরবে তা শোনে আর দেখে যায় শুধু। মুন নেই তার সাথে। সে খুব ব্যস্ত তার ফুপি, চাচ্চুদের সাথে। আরও বাচ্চারাও এসেছে। মূলত তাদের সাথেই খেলে বেড়াচ্ছে। তাই হয়তো আমরীণের একটু সুযোগ হয়েছে লায়লার সাথে এখানে এসে বসার। তার বরাবরই পুকুরঘাট এবং দীঘিঘাট পছন্দের। আজ যেহেতু দীঘিটা চেনা হয়ে গেল, সে প্রায়ই আসবে।
গতকাল সন্ধ্যায় যখন আমরীণকে খোঁজ করা হচ্ছিল তখনই ওরা বাড়িতে প্রবেশ করে। সকলের চোখ কপালে উঠে যখন দেখে আমরীণ আর তায়েজিদ একসাথে বাড়ি ফিরেছে। কোহিনূর অবশ্য রেগে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তায়েজিদের স্পষ্ট কথার সামনে কেউই গলা উঁচাতে পারেনি। বিউটি তো মুখ ফসকে বলেই বসেছিল,
'ম্যাডাম আপনে না পালাই..'
তায়েজিদ যখন গরম চোখে তাকিয়েছিল বিউটির গলায় কথা আটকে যায়। ভয়ে বরফের মতো জমে গেছিল সে। এজন্য যতটা ঝামেলা বাঁধার কথা ছিল ততটাও হয়নি। তায়েজিদ তার মেয়েকে কোলে নিয়ে আর আমরীণকে সঙ্গে নিয়ে রুমে চলে এসেছিল। কিন্তু আমরীণ গতকাল স্পষ্ট দেখেছিল কোহিনূরের চোখের ক্রোধ। সেই ক্রোধ নতুন বউ হিসেবে বাইরে যাওয়ার জন্য নয়। সেই ক্রোধ ছিল তাকে অমান্য করার। তায়েজিদ ছিল বিধায়ই বুঝি সেবারের মতো বেঁচে গিয়েছে সে। ভোর থেকে অবশ্য সে এখনো মুখোমুখি হয়নি শাশুড়ির। একপ্রকার গা বাঁচিয়েই চলছে সে।
আমরীণ ভেবেছিল এই বাড়ির মেহমানরা নতুন বউয়ের আশেপাশেই ঘুরঘুর করবে। কিন্তু এরকম কিছু না। এরা প্রত্যেকেই ব্যস্ত। যেন তায়েজিদের বিয়ে করাটা অত্যাধিক স্বাভাবিক বিষয়। তা নয়তো কি— এটা তায়েজিদের দ্বিতীয় বিয়ে, আর এটাই বুঝি তাকে নিচু করে দেখার কারণ। আমরীণ বিয়েতে রাজি ছিল না, এটা ঠিক। কিন্তু সকলের তাকে এই এড়িয়ে চলা.. খুব একটা গুরুত্ব না দেওয়াটা ভীষণ পোড়াচ্ছে। সে ভেবেছিল একজন লোকের দ্বিতীয় বউ হিসেবে তার কোনোপ্রকার প্রভাব পড়বে না, কিন্তু তার মন-মস্তিষ্কে এই খুবই নেতিবাচক প্রভাব পড়ছে। সকলে ভাবছে মুনের ক্ষেত্রে সে খুবই উদাসীন, এই ব্যাপারটাও তাকে বেশ দুঃখ দিচ্ছে।
কেউ সরাসরি না বললেও আমরীণ বুঝতে পারছে, ওরা ইচ্ছাকৃতই মুনকে তার থেকে দূরে রাখছে। যেন আমরীণ তার ক্ষতি চায়। এজন্যই বুঝি এতটা সময় তার মন বিষণ্ণ। দু'বার লায়লাকে পাঠিয়েছে মুনকে আনার জন্য। কিন্তু লায়লা খালি হাতে ফিরেছে। আমরীণ তীব্র অধিকারবোধ পাচ্ছে না। কেমন যেন চুপসে গেছে সে। মুনের প্রতি এখনো তার অনুভূতি জোরালো না, তবে সে মুনকে অপছন্দ করে না। যখন ওই মিষ্টি কণ্ঠে 'আন্টি' ডাকটা শোনে.. তার সমস্ত খারাপ কোথায় যেন উবে যায়। এই অবুঝ, বাচ্চা মুনকে তার একজন স্বস্তির বন্ধুর মতোই লাগে। মেয়েটা তাকে ছুঁয়ে দিলেও আরাম লাগে। যেন এত অসৎ মানুষদের মাঝে এই ছোট্ট প্রাণটাই তাকে আলো দিচ্ছে। আমরীণ সর্বদাই সরল মনের মেয়ে। কেউ একটু আহ্লাদ করলেই সে গলে যায়। জীবনে আগ বাড়িয়ে নিজের ক্ষতি করলেও, কখনো অন্যের ক্ষতির কথা স্বপ্নেও চিন্তা করেনি। যদি তেমনই হতো এই কয়টাদিন এভাবে চুপ করে সব সয়ে যেত না।
নরম রোদ পড়েছে। এই রোদে গরম অনুভব হচ্ছে না। উলটো এক শীতল হাওয়া বয়ে যাচ্ছে। ভেজা মাটির স্যাঁতসেঁতে গন্ধটা এখনো নাকে বিঁধছে। কিন্তু সুন্দর এই ঘ্রাণ, নেশার মতো। কিছুক্ষণের মধ্যেই দেখল ওপাড় থেকে মাছ ধরতে দাঁড়িয়েছে। সম্ভবত মেহমানদের জন্য বড় মাছ উঠাবে। লায়লা বলল,
'এই দীঘির কাতলা মাছের ভাজাডা হেবি টেশ ম্যাডাম। আপনে খাইছেন না আগে?'
'হুঁ।'
আমরীণ থেমে প্রশ্ন করল,
'কি কি মাছ আছে দীঘিতে?'
'কাতলা, রুঁই, পাঙ্গাশ, তেলাপিয়া আরও কি কি জানি।'
তেলাপিয়া? আমরীণের প্রিয় মাছ। তবে সে মুখে কিছু বলে না। ছোটবেলায় মায়ের থেকে শুনত তেলাপিয়া নাকি জান্নাতি মাছ। এজন্য এই মাছের সুগন্ধও অন্যরকম। সেই থেকেই আমরীণ এর পছন্দের তালিকায় চলে যায় এই মাছ। সে খুবই মনোযোগ দিয়ে মাছ ধরা দেখল। দীঘির এই ঘাটের ওপর কারোই নজর পড়ল না, যে যার যার কাজে ব্যস্ত। আমরীণ লক্ষ্য করেছে, এই বাড়ির কাজের লোকেরা বাড়ির মেয়েদের দিকে তাকায় না। সবসময় চোখ নামিয়ে রাখে, এই ব্যাপারটা তার পছন্দ হয়েছে। বুঝেছে সরোয়ার নিকেতনের এই নিয়মের বাইরে গেলে তাদের নিশ্চিত বিপদ। এখানে মেয়েদের খুব সম্মান করা হয়। মেয়েদের পর্দার বিষয়ে এবং ছেলেদের চোখের পর্দা— উভয়ই মেনে চলা হয়।
মাছ ধরা দেখার পরপরই অন্দরমহল থেকে কোহিনূরের ডাক আসল। অগত্যা, আমরীণ উঠে যায়। ভেতরে আসতেই কোহিনূর আমরীণকে আদেশ করলেন,
'ছাদে যাও। এই ভেজা কাপড় গুলো রোদে শুকাতে দিবে।'
আমরীণ অবাক হয়। সে এই কাজ করবে? কাপড় রোদে তো উঠানেও দেওয়া যায়। কিন্তু পরে মনে পড়ল ওদিকটায় আয়োজন হচ্ছে, চাইলেও ভেজা কাপড় দেওয়া সম্ভব না। বালতি তিনটা তুলতে তিনজন সাহায্য করল। ছাদ পর্যন্ত দিয়ে ওরা ফিরে গেল— কোহিনূরের আদেশ। এমনকি লায়লাকেও অন্য কাজে লাগিয়ে দেওয়া হলো। আমরীণ খুব বুঝল এটা তার গতকালকের শা স্তি। তবে তার এটা কোনোক্রমেই শা স্তি লাগল না। কাপড় রশিতে দেওয়া আর এমন কি?
ছাদটা ধারণার চাইতেও বড়। এখানে যেন একটা ফুটবল কোট বানিয়ে খেলা যাবে। ছাদের মেঝেও খুবই পিচ্ছিল। বৃষ্টির কারণেই পিচ্ছিলটা বেশি হয়েছে। আমরীণ তাই সাব্ধানেই পা ফেলল। দুটো কাপড় রশিতে দিয়ে আরেকটা সে বালতি থেকে তুলতেই যাবে, ওমনি তার পা পিছলে গেল। টাল সামলাতে না পেরে বালতির কাপড় নিয়ে ধপ শব্দ করে পড়ে গেল। অসহনীয় ব্যথায় ফর্সা মুখটা নীলচে বর্ণ ধারণ করল। পরিষ্কার, ধোয়া কাপড় গুলি মেঝেতে গড়াগড়ি করছে। এক দুটো তো দূরে ছিটকে গেছে। আমরীণ কত করে উঠার চেষ্টা করল, কিন্তু পারল না। সময় গড়াল, একের পর এক সব চেষ্টা ব্যর্থ গেল। অসহায়ের মতো বুক ভার হয়ে এলো তার, চোখ ভিজে উঠেছে। হাত-পা ছড়িয়ে ওভাবেই সে পড়ে রইলো.. ঝাপসা চোখে তাকিয়ে রইলো আকাশের পানে। এতটা অসহায়, এতটা দমবন্ধকর পরিস্থিতি! সামান্য উঠে বসতে অবধি পারছে না সে। বাড়ি ভর্তি মানুষ, কী বলবে ওরা? নতুন বউ ছাদে চিৎপটাং? সম্মানহানির ভয়ে, নিজের অসহায়ত্বে অশ্রু গড়াচ্ছে অবিরত। আকাশের পানে চেয়ে সে যেন বহু অভিযোগে ব্যস্ত।
—
আমরীণের কথা সকলে ভুলে গেল তুষার বাড়িতে আসার খুশিতে। সবাই হইহই করছে তুষারের আশপাশে। কোহিনূরও এতদিন পর ওনার ছেলেকে পেয়ে সব ভুলে ছেলের খাতিরযত্নে ব্যস্ত। শেফালী দেখল তুষারকে। তুষার শহরে থাকায় তাকে খুব একটা দেখেনি। কিন্তু এটা টের পেল অন্য ভাইদের তুলনায় তুষার খুবই প্রাণচঞ্চল এবং উচ্ছ্বসিত স্বভাবের। কেমন একেকটা কথাতে সবাইকে হাসিয়ে চলছে। ব্যাপারটা শেফালীর পছন্দ হলো। ইচ্ছে করল এখনই গিয়ে তুষারের সাথে বেয়াই, বেয়াইনের ভাব জমাতে। তবে সে অপেক্ষা করল। সুযোগ পেলেই এই কাজ করতে দেরী করবে না সে। তায়েজিদের চেয়ে তুষার কি কম?
তুষারের সাথে দুজন বন্ধুও এসেছে, কিন্তু তাদের দুজনের এই মেয়েদের মধ্যে আসার অনুমতি নেই। এজন্য তাদের আগেভাগেই গেস্টরুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওদের একজন নয়ন আর সার্থক। সার্থক হিন্দু ধর্মাবলম্বীর। বড় ভাইয়ের বিয়ে উপলক্ষ্যেই এই দুই বন্ধুকে তুষার নিয়ে এসেছে। লায়লার দায়িত্বে পড়ে এই দুই বন্ধু। শরবত দিতেই আসছিল ওমনি দেখে সার্থক নামের ছেলেটা ছাদের সিঁড়িতে উঠছে। লায়লা জলদি পিছু ডাক দিল। শরবত হাতে নিয়েই বলল,
'মেহমানগো ছাদে যাওন নিষেধ।'
সার্থক তাকাল লায়লার দিকে। হাতের সিগারেটটা আড়াল করে বলল,
'কিন্তু যাওয়া যে জরুরি।'
লায়লা কিছু একটা আঁচ করতে পেরে বলল,
'নিষিদ্ধ আকামের জন্যে বাড়ির পিছন দিকে যাইতে পারেন। তবে ছাদে না। বেগম সাহেবায় নইলে আমারে জ্যান্ত খাইব।'
সার্থক মেনে নিল। লায়লার হাতের ট্রে থেকে এক গ্লাস শরবত নিয়ে চলে গেল সে। লায়লা ছাদের দরজার দিকে তাকিয়ে আমরীণের কথা ভাবল। সবে মনে পড়েছে তার। কোনোমতে ট্রেটা একপাশে রেখে সে ছুটল ছাদে। এতক্ষণ অবধিও আমরীণকে দেখেনি সে। ছাদে আছে কিনা কে জানে? ছাদে গিয়ে লায়লার চোখ কপালে উঠে গেছে। সে ভড়কে গেল আমরীণকে এভাবে পড়ে থাকতে দেখে। দৌড়ে গেল আমরীণকে সাহায্য করতে। প্যানিক করে বলল,
'ইন্না-লিল্লাহ আপা! কেমনে পড়ছেন আপনে? আল্লাহ মাফ করুক, আমার আপনের কথা একদমই খেয়াল আছিল না। সেই কহন আপনেরে ছাদে পাডাইছে।'
লায়লা রীতিমতো কাঁদছে। আমরীণকে বহু কষ্টে উঠাল। কিন্তু তাকে ছাদ থেকে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না। সে আরও কয়েকজন মহিলাকে ডাকল। সকলে মিলে ধরাধরি করে আমরীণকে তার ঘরে নিয়ে গেল। এই খবর জানাজানি হতে বেশি সময় লাগল না। যে যেখানে ছিল সেখান থেকেই ছুটে আসে। এই কাণ্ডে কোহিনূরের চোয়াল শক্ত হয়, তিনি সকল কর্মচারীদের ধমকান এই চরম বেখেয়ালীর জন্য। আজ কেন কেউ ছাদ পরিষ্কার করেনি? তারা কি জানত না, বৃষ্টি হলে ছাদ কতটা পিচ্ছিল হয়ে যায়?
আমরীণকে একজন মহিলা ডাক্তার দেখানো হলো। ভদ্রমহিলা বিদ্যার ডাক্তার নয়, তবে বেশ অভিজ্ঞ। উনিই ঘরোয়া উপায়ে আমরীণের কোমর মালিশ করে দিল। আমরীণের এখনো অত তীব্র ব্যথা অনুভব হচ্ছে না। কিন্তু পা টা মচকে গেছে। এজন্যই হাঁটতে অসুবিধা। মুন এসে আমরীণের গা ঘেঁষে চুপটি করে বসে রইলো। সকলের মন খারাপ দেখে তারও মন খারাপ। সে দেখছে তার আমরীণ আন্টি ব্যথা পেয়েছে। যাকে কিছুক্ষণ আগেও সকলে এড়িয়ে গিয়েছিল, এখন তাকেই সকলে কেমন সান্ত্বনার চোখে দেখছে। এই দৃষ্টি আমরীণের আগুনে ঘি ঢালার মতোই। তাই সে কারো দিকে মুখ তুলে তাকাল না। কেউ কোনো প্রশ্ন করলেও এক দুই শব্দে সাড়া দিচ্ছে। এই দেখানো দুঃখ তার সহ্য হচ্ছে না, দরকার নেই কারো মিথ্যে সহানুভূতির।
—
জানাজার কাজ শেষ করেই তায়েজিদ ফিরে এসেছে। এসেই তার ছোট ভাই তুষারের সাথে দেখা। দুই ভাই কোলাকুলি করল। তুষার আপেলে কামড় বসিয়ে বলল,
'উপরে যাও ভাই। শুনলাম ভাবী নাকি ছাদে পড়ে গেছে। অনেকক্ষণ ছাদেই পড়ে ছিল। তাকে এখন তোমার দরকার।'
তায়েজিদ হতবাক এই খবর শুনে। আমরীণ ছাদে গেছে কেন? পড়ে যাওয়ার পরেও কেউ ধরতে যায়নি এই কথারই বা মানে কি? বাড়িতে এতগুলা মানুষ! তায়েজিদ চোয়াল শক্ত করে লুঙ্গির পেছনের দিকের পি স্তলটা নিয়ে বাপ্পির দিকে তাক করল। বাপ্পী সেটা হাতে নিতেই পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে সে উপরে চলে গেল। গিয়ে দেখল আমরীণ বিছানা থেকে নামার চেষ্টা করছে। তায়েজিদ চাবুক গলায় থামাল,
'একদম নড়বে না। যেভাবে আছ সেভাবেই থাকো।'
আমরীণের পায়ের পাতা মেঝেতে ফেলার সুযোগ হলো না। তায়েজিদ চোয়াল শক্ত রেখেই এগিয়ে এলো। আমরীণের নজর নিচু। তায়েজিদ তার পাশে বসে তাকে পর্যবেক্ষণ করল। হাতে একটু, একটু অংশ ছিলে আছে। দূর থেকে বোঝা যায় না। আগামীকাল এত বড় অনুষ্ঠান আর আজ এই বিপদ! তায়েজিদ চাপা গলায় জিজ্ঞেস করল,
'ছাদে গেছিলে কেন?'
'আম্মা.. আম্মা বললেন কাপড় রোদ দিতে।'
'বাড়িতে আর কেউ ছিল না এই কাজের জন্য?' তায়েজিদের গলার স্বর বেড়ে গেছে। আমরীণ কিছুটা ভড়কে গেলেও সেভাবে প্রকাশ করল না। তায়েজিদ নিজের রাগ নিয়ন্ত্রণ করল।
'লায়লা কোথায় ছিল? ঘাস কাটছিল?'
'অ..অন্য কাজে..'
তায়েজিদ কপালে তি৷ আঙুল চেপে চোখ বুঝল। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে।
'ব্যথা পেয়েছ বেশি?'
আমরীণ জবাব দেয় না। তায়েজিদ তাকায় এবার ঘাড় বাঁকিয়ে।
'কোথায় ব্যথা পেয়েছ?'
এবারও উত্তর দেয় না আমরীণ। তায়েজিদের রাগ আর নিয়ন্ত্রণে রইল না। ধমকে উঠল সে আমরীণের সাথে।
'কথা কানে যায় না? কিছু জিজ্ঞেস করেছি তো! একে তো এত বড় ঘটনা ঘটিয়েছ, আবার আমাকে রাগ দেখাচ্ছ?'
এই ধমকে আমরীণের চোখ ছলছল করে উঠে। সে উঠে যেতে চায় তায়েজিদের পাশ থেকে। তায়েজিদ তার বাহু ধরে আবারও একই জায়গায় বসিয়ে দেয়। এবারও ধমকানোর সুর,
'আবারও দাঁড়াচ্ছ! সমস্যা কি? এত অবাধ্য কেন হ্যাঁ? চুপ করে বসো!'
আমরীণ মাথা নিচু করেই রইলো। নীরবে কাঁদছে সে। তায়েজিদ আর বসল না। অন্যের রাগ আবারও কখন আমরীণের ওপর ঝেড়ে দেয় ভেবেই সে রুম থেকে বেরিয়ে যায়।
—
মুন তার আমরীণ আন্টিকে কাঁদতে দেখেছে দুবার। কিন্তু এত মানুষ, সে কাউকেই এই কান্নাকাটির বিষয়ে জিজ্ঞেস করেনি। এমনকি আমরীণের কাছেও যায়নি। তাকে দূর থেকে কাঁদতে দেখেই মন খারাপ হয়ে গেছে। সে আবিরকে খুঁজল খেলার জন্য। খুঁজতে খুঁজতে দীঘির দিকে চলে আসে। ওখানে পাতানো চেয়ার-টেবিল আছে। সেটারই একটায় তায়েজিদ এই ভরদুপুরে পায়ের ওপর পা তুলে বসে খবরের কাগজ পড়ছে।
এই মুহূর্তে তার কোলাহল বি ষ লাগছে, এজন্যই এখানে নিরিবিলি বসা। তার মাথার কাছেই বাপ্পী মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো। অল্প অল্প স্বরে জানাচ্ছে রিফাত তায়েজিদের শ্বশুরবাড়ি কারেন্টের কাজ শুরু করে দিয়েছে। কাল-পরশুর মধ্যেই হয়তো লাইন পেয়ে যাবে। তায়েজিদ সেসব শুনেও কোনো প্রকার সাড়াশব্দ করল না। সকল মনোনিবেশ সেই খবরের কাগজে।
এখন তার ছোট ভাইয়ের সাথে বসে দুনিয়ার আলাপ জুড়ে দেওয়ার কথা। কিন্তু মেজাজ এতটাই তিরিক্ষি যে সেই ইচ্ছেটা অনুভব করছে না। তার রাগ একটাই, কেন এতগুলো মানুষ থাকতেও তার স্ত্রী-মেয়ে ভুগবে? ওরা কী ভেসে আসা কোনো বস্তু? আগে মুনের সাথে এরকম করত, এখন একই কাজ তার স্ত্রীর সাথে? সুযোগটা পাচ্ছে না কাউকে ঝাড়ার। নয়তো বাড়ি মাথায় তুলতে তার সময় লাগে কতটুকু?
মুন ছোট ছোট পায়ে এগিয়ে এলো বাবার কাছে।
'বাবা, ওই আন্টিটা..'
খবরের কাগজ থেকে চোখ সরিয়ে তায়েজিদ মেয়ের দিকে তাকাল। গলা নামিয়ে বলল,
'মা.. মা বলবে।'
মুন কিছুক্ষণ নীরব থেকে অল্পস্বল্প করে বলল,
'আ..ন. ম-মা কাঁদছে কেন? দাদু বকেছে?'
'আমি বকেছি।'
মুন চিন্তায় পড়ে গেল।
'তুমি? তুমি তো আমাকে বকো না, আন্টিকে কেন বকো?'
'আন্টি না, মা। তোমার মা।'
খেলার সাথী আবিরকে পেয়ে মুন বেমালুম ভুলে গেল আমরীণের কান্নার কথা। সে ছুটে বেড়াতে শুরু করল, খেলতে লাগল। তায়েজিদ শীতল চোখে এই দৃশ্য দেখল। বাপ্পী সাহস করে বলল,
'বস, মুন কি ম্যাডামের সাথে সহজ হয়েছে?'
জবাব দিল না তায়েজিদ। তার এই দৃশ্য দেখায় ব্যঘাত ঘটাল বিউটি। তাকে ডাকছে খেতে। কিন্তু সবার সাথে বসে খাবার রুচি হলো না তার।
'মুন খেয়েছে?'
'জে। চুমকি খাওয়াই দিছে।'
'আমি ঘরে যাচ্ছি। ওখানে খাবার পাঠিয়ে দাও। আমরীণেরটাও। লায়লার হাতে পাঠাবে।'
বিউটি মেনে নিয়ে ভেতরে চলে যায়। তায়েজিদও কিছুক্ষণ পর ভেতরে এলো। দেখল সব ছেলেরা আগে খেতে বসেছে।।খাওয়ার মাঝেও তোফায়েলের কানে ফোন। তার ছোট ভাই সম্ভবত কাছাকাছি চলে এসেছে, এ নিয়েও সবার মাঝে আরও চাপা উৎকণ্ঠা। নতুন মেহমানদের জন্য শরবত, শুকনো খাবারের আয়োজনে ব্যস্ত। তুষার ডাকল তায়েজিদকে, তাদের সাথে বসে খাওয়ার জন্য। তায়েজিদ এত লোকের দিকে চোখ বুলিয়ে বলল,
'তোরাই খা।'
বলেই সে উপরে চলে গেল। তায়েজিদকে দেখে আমরীণ মুখ ফিরিয়ে নিল। মুখ লাল, চোখ ফোলা। এখন কান্না করছে না, তবে তাকে বেশ রাগী দেখাচ্ছে। যেন সে তায়েজিদের সাথে কথা বলতে ইচ্ছুক নয়। লায়লা খাবার নিয়ে আসতে বেশি সময় নিল না। বেচারী ভয়ে আছে, তায়েজিদ কখন না কখন জানি তাকে পিষে দিবে। ঘরে এসেই কয়েকবার শুকনো ঢোক গিলেছে সে।
যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়। সত্যিই সত্যিই লায়লা ছাড় পেল না। বাঘের খাঁচায় তাকে গর্জন শুনতেই হলো।
'তোকে বলিনি আমরীণের ছায়া হয়ে থাকতে? এই তোর দেখভালের নমুনা? ছায়া তো দূরে থাক, দিনে-দুপুরে মানুষ মা রার ধান্দা!'
লায়লা কাঁদো কাঁদো হয়ে গেল। মিনমিন করে বলল,
'কসম সাব, আমি ইচ্ছা কইরা করি নাই। বেগম সাহেবা আমারে অন্য কামে পাডাই দিছিল। আমি তো ভাবিই নাই এমন কিছু অইব।'
লায়লার ফ্যাচফ্যাচানি বিরক্ত লাগল তায়েজিদের। সে আরও কিছুক্ষণ লায়লাকে ঘষামাজা করে রুম থেকে বের করে দিল। লায়লা সেই থেকে কসম কাটে, আর যাই হোক.. জীবিনেও আমরীণকে একা ছাড়বে না। এই ভুল আরেকবার করলে তায়েজিদ তাকে যে কোথাও পুঁতে দিবে না, তাতে কোনো সন্দেহ নেই। যা রাগচটা মানুষ!
তায়েজিদ খাবার নিয়ে আমরীণের মুখোমুখি বসল। এসব আদিখ্যেতার ধার ধারল না আমরীণ। মুখ ফিরিয়েই রইলো। তায়েজিদ খাবার হাতে নিলেও কীভাবে কি করবে ভেবে পেল না।
'হাত ধুঁয়ে নাও। লায়লা আলাদা পানি দিয়ে গেছে।'
'এখন খাব না।'
আবারও অবাধ্যতা। তায়েজিদের কপালে ভাজ পড়ল। সে অবাধ্য ব্যাপারগুলো খুব অপছন্দ করে। কিন্তু মেয়ের মুখে যখন শুনেছে আমরীণ কাঁদছে, তাই ভেবে-চিন্তে ফিরে এলো। এবার অবশ্য আগের মতো রাগটা নেই। নজর এবং গলা উভয়ই শীতল।
'আমি এক কথা দ্বিতীয়বার রিপিট করি না, আমরীণ। হয় বাধ্য হও, নয়তো..'
নয়তো বলেই তায়েজিদ চুপ করে গেল। নয়তো কি হবে তা জানার চেষ্টাও করল না আমরীণ। এবারও তার কোনো নড়চড় হলো না। তায়েজিদ খেয়াল করল আমরীণ তার ডান হাতটা লুকাচ্ছে। তায়েজিদ কোনো কথা না বাড়িয়ে ডান হাতে হেঁচকা টান দিল। আমরীণ চমকে যায়। হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে। তায়েজিদ দেখল আমরীণের ডান হাতের তালু কিছুটা ছিলে গেছে। এজন্যই বুঝি খেতে এমন গাইগুঁই করছিল? তায়েজিদ দীর্ঘশ্বাস ফেলে। ইচ্ছে তো করছে নিচে গিয়ে কিছু একটা ঘটিয়ে আসতে।
'হাত ধরেছেন কেন? ছাড়ুন।'
'হাতের মালিক হাতকে যত্ন না করলে ধরতে তো হবেই।'
তায়েজিদ সত্যি সত্যিই ছেড়ে দিল। নিজে হাত ধুঁয়ে তরকারির ঝোলে পোলাও মাখল। আমরীণকে অবাক করে দিয়ে এক লোকমা করে বলল,
'হা করো।'
আমরীণের বিস্ময় আকাশ ছুঁয়েছে। চোখ কপালে তুলে তাকিয়ে আছে সে। তায়েজিদ সেভাবেই লোকমা ধরে রইলো। স্বভাবতই এক কথা দ্বিতীয়বার আওড়াল না। লোকমাটা আরও কিছুটা মুখের কাছে নিয়ে গেল। না করার কোনো সুযোগ নেই। যেন আমরীণ খেতে না চাইলেও তায়েজিদ তাকে গাল টিপে খাওয়াবে। অথচ আমরীণ মাত্রাতিরিক্ত বিস্ময়ে হা করতেই ভুলে গেছে। তায়েজিদ ভ্রু নাচাল।
'মানুষকে গু লিও করতে জানি, আবার নিজ হাতে খাইয়েও দিতে জানি। মেয়ের বাবা তো, অভিজ্ঞতা আছে। এবার বলো, হা করবে নাকি আমার ভায়োলেন্ট রূপ দেখতে চাচ্ছ? আমি কিন্তু মানুষ অত ভালো নই, জানোই?'
____________
®লাবিবা ওয়াহিদ
চলবে—
বিঃদ্রঃ প্রায় ২৯০০+ শব্দ। তিন হাজারের কাছাকাছি। কেমন লেগেছে জানাবেন কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য খুব মিস করেছি।
রিচেক দিইনি।