#শৈলবালা - [১১]
লাবিবা ওয়াহিদ
-
আজ লিপি এসেছেন বাড়ি। আমরীণের ফুফু শাশুড়ি। ওনার দুটো মেয়ে আর এক ছেলে। ছেলের সাথেই বিধবা এই নারী শহরে থাকেন। কিন্তু বছরের বেশিরভাগ সময় তার এই পারুঘাটেই কাটে। তার আলাদা বসত আছে। সেখান থেকেই সরোয়ার বাড়ি আসা-যাওয়া করেন। লিপি তোফায়েল সরোয়ারের আপন বোন নন। চাচাতো বোন। লিপি যখন অল্প বয়সী ছিলেন তখন ডাকাতের হামলায় নি হত হয় লিপির বাবা-মাসহ ভাই-বোন। লিপি কোনোক্রমে বেঁচে যায় সেই পরিস্থিতি থেকে। সেদিন সৌভাগ্যক্রমে তিনি সরোয়ার নিকেতনেই এক রাতের জন্য বেড়াতে এসেছিলেন। এরপর আর কি, ভাইয়ের মৃ ত্যুতে তোফায়েল সরোয়ারের মরহুম আব্বা দেলগীর সরোয়ার লিপিকে নিজের মেয়ের মতো মানুষ করেন।
বাড়ির সকলে তৈরি হচ্ছে মার্কেটে যাওয়ার জন্য। মার্কেট করতে শহরে যাবে সবাই। তায়েজিদের দুর্সম্পর্কের আত্নীয়, কাজিনরা এসেছে এই উপলক্ষ্যে। যার বউভাত নিয়ে এতকিছু, অথচ তাকেই সাথে করে নেওয়া হবে না। কোহিনূরের সাফ বারণ, নতুন বউয়ের বাড়ির বাইরে প্রবেশ নিষিদ্ধ। বাকিদের সাথে মুনও বেশ খুশি। সেও তো যাচ্ছে। এমনকি কাজের মেয়ে দুজনও যাচ্ছে। কাজের মেয়ে যাচ্ছে অথচ আমরীণ যেতে পারবে না। লিপির এক মেয়ে দোলন এতে গাঁইগুঁই করে বলল,
'মামী, বউভাত তো ওর। ওর পছন্দে না কিনলে..'
কোহিনূর তৎক্ষণাৎ ধমক লাগান দোলনকে। দোলন খুবই আধুনিক মানসিকতার। তার মোবাইলও আছে, শিক্ষিত। এখনো তাকে৷ বিয়ে দেওয়া হয়নি, অথচ বয়স বাইশ। এই অতি পাকামো করা মেয়েকে কোহিনূরের বড্ড অপছন্দের। লিপি যে কেন এখনো মেয়েকে ঘরে বসিয়ে খাওয়াচ্ছে কে জানে?
দোলন কোহিনূরের ধমকের সাথে পারল না, বুঝে-শুনেও চুপ করে রইলো। আমরীণ তাদের মাঝে নেই। এই দিনেও তাকে রুটি বেলতে রান্নাঘরে আটকে রাখা হয়েছে। সাথীর আজ হুঁশ নেই। সে নিজের ঘরে ঘুমোচ্ছে। আবির সবেই এলো মক্তব থেকে। এখন মুন আর সে বাড়ি-জুড়ে ছোটাছুটি করছে। মুন তো খুব খুশি, সে শহরে যাবে। নতুন জামা কিনবে। এজন্য তার খিলখিল হাসির ধ্বনি বাড়িময় ঘুরে বেড়াচ্ছে।
আমরীণ প্রতিবারের মতোই অনুভূতিশূন্য ভাব করে রুটি বেলছে। যখন ওরা শহরের মার্কেটে যাবে শুনেছিল তখন তার মুখে বহুদিন পর একটা অদ্ভুত চমক দেখা গিয়েছিল। সে কখনো শহরে যায়নি, শহর নিয়ে তার আকাশসম আগ্রহ, কৌতুহল। সে এক মুহূর্তের জন্য ভুলেই বসেছিল তার বর্তমান পরিস্থিতি। সে যতই সরোয়ার বিবি হয়ে যাক না কেন, তার এখনো সব শখ-আহ্লাদ ম রেনি। সেগুলোকে আমরীণ এখনো অজানায় আশায় আগলে রেখেছে মনের গোপন কুঠুরিতে। কিন্তু যেই মুহূর্তে কোহিনূর জানালেন, আমরীণ যেতে পারবে না.. আমরীণ কাচের টুকরোর ন্যায় ভেঙে গুড়িয়ে গেল। রাতে ঘুমানোর আগে নীরবে কাঁদে সে। কান্না অবশ্য তার রোজকার সঙ্গী। রাত হলেই দুঃখ হানা দেয়। দুঃখের সাথে কান্না বিনামূল্যে তো আসবেই।
তায়েজিদ আজ ভোর হওয়ার আগেই বেরিয়ে গেছে। তার কখনোই এসব মেয়েলি ঝঞ্ঝাটে পড়ার আগ্রহ হয়নি। মেয়ে মানুষের কেনাকাটার অর্থই ঝামেলা পোহানো। এমনিতেও ইদানিং ডাকাতের উপদ্রব বেড়েছে। সেগুলো নিয়েই তাকে প্রায় সময়ই ব্যস্ত থাকতে হয়।
আমরীণ নিরিবিলি সকলের তৈরি হওয়া দেখল এবং নাস্তার ব্যবস্থা করল। মুন কে সে আগেই খাইয়ে তৈরি করে দিয়েছে। মুন বারবার আমরীণকে বলছে তাদের সাথে যেতে। কিন্তু কোহিনূর মুনকে আমরীণের কথা প্রায় ভুলিয়েই দিয়েছেন। ভদ্রমহিলা বড্ড চতুর কিনা।
খাওয়া-দাওয়া সেরে সকলে রওনা হলো শহরের উদ্দেশ্যে— আমরীণকে একা ফেলে। সে দরজায় দাঁড়িয়ে সবার চলে যাওয়া দেখল। একে একে গাড়ি বেরিয়ে গেল সরোয়ার বাড়ি থেকে। পিহে থেকে গেল আমরীণ এবং সরোয়ার নিকেতন।
লায়লা আমিনের পাশেই দাঁড়ানো তারও মন বেজার। যাকে নিয়ে এত আয়োজন তাকেই কোহিনূর নিয়ে গেলেন না? এ কেমন অবিচার? বউভাত কি তাদের নাকি আমরীণের?
লায়লা বলল,
'আপনারে লইয়া যাওয়া উচিত আছিল আপনি গেলেন না কের লাইগা?'
আমরীণ লায়লার কথাকে গুরুত্ব না দিয়ে নীরবে উপরে চলে গেল। যাওয়ার আগে বলে গেল,
'আমি না ডাকলে আসবে না।'
লায়লা মেনে নিল। উপরে গিয়ে সাথীর ঘরটা নজরে এলো তার। এখনো সে সরোয়ার নিকেতনের বেশিরভাগ স্থান এখনো তার অচেনা। এত বড় বাড়ি, চারপাশ জুড়ে এত বিস্তৃত জমি যে এখনো তার সবচেয়ে ঘুরে দেখার সময় হয়নি। দূর থেকে দেখলে যতটা বড় দেখা যায় বাড়িটা, ঠিক ততটাই বড় এই বাড়ি। সাথীকে বিরক্ত করার মানসিকতা নেই আপাতত তার। আমরীণ চলে গেল নিজের ঘরে। মুহূর্তেই বিছানায় গা এলিয়ে দিল। তায়েজিদের ঘরের ফ্যানটা ঘটঘট শব্দ করে না তাদের ভাঙা বাড়ির ফ্যানের মতো। এই ফ্যান খুবই আধুনিক এবং ভালো বাতাস প্রদান করে। ঘরের জানালা, বারান্দার দরজা সবই খুলে রাখা। এজন্য প্রকৃতির হাওয়াও হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করছে।
আমরীণ শোয়া অবস্থাতেই গায়ের ছোটখাটো গয়না গুলো খুলে ফেলল। মাথার ঘোমটাটাও শেষ হওয়ার আগেই ফেলেছে। শাড়ির আঁচলটা এখন বালিশের উপর গড়াগড়ি খাচ্ছে। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই গয়না তাকে পড়তে হয়। এসব তার একদম বিরক্ত লাগে। কখনো সে সামান্য চুড়িও পরেনি শখ ছাড়া, সেখানে বিয়ে হতে না হতেই কেমন স্বর্ণ তাকে চেপে রেখেছে। স্বর্ণের গহনা তাকে তার সেই রেশমী চুড়ির আনন্দ দেয় না। রেশমী চুড়ি তার জন্য মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলার মতো ছিল, সেখানে স্বর্ণের গহনা তার বোঝার মতো লাগে। দায়িত্ব, কর্তব্য, আনুগত্য সবকিছুই তাকে মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় তার দমবন্ধকর নতুন পরিচয়।
কোহিনূরের বলা শেষ কথাগুলো কানে এখনো ঝাঁঝ দিচ্ছে। কোহিনুর যাওয়ার আগে আমরীণকে শাসিয়ে গেছেন। যেন একা একা কিছু না করে। এমনকি নিজের খুঁটিও তাকে বারবার মনে করিয়ে দিয়ে যায়। আমরীণ সরোয়ার বিবি, শুধুই সরোয়ার বিবি। আর কোহিনূরের কথায় সে উঠবে আর বসবে, তাকে যেন অমান্য করা না হয়। এটাই সম্ভবত সরোয়ার বিবির নিয়ম। নয়তো খুব পস্তাতে হবে।
আমরীণের তার বাড়ির কথা খুব মনে পড়ছে। একই গ্রামে থেকেও সে ছুটে যেতে পারছে না। এই কটাদিন তার উপর দিয়ে কতশত ঝড় গেল, তবুও সে একবারও 'মা' বলে ডাকতে পারেনি। মায়ের বুকে লুকাতে পারেনি। সব ঝড় একা গাছের মতো তাকে বয়ে যেতে হয়েছে। তায়েজিদকেও সে একদমই সহ্য করতে পারে না। লোকটাকে সে যথাসম্ভব এড়িয়ে চলে। তবুও যেন তার মন বলে তায়েজিদের চাইতেও বড় আতঙ্ক তার এই শাশুড়ি। যার চুল থেকে পা অবধি অহমিকায় ভরপুর।
দুই ঘণ্টা পেরিয়েছে। আমরীণের হঠাৎ-ই কেমন তীব্র জেদ চাপল মাথায়। সে চট করে উঠে বসল। খুদায় পেট জ্বলছে, সকালে খেতে পারেনি। খিদে পাওয়া সত্ত্বেও এই মুহূর্তে এই বাড়ির এক দানাও তার মুখে তুলতে ইচ্ছে করল না। সে পরিকল্পনা করেছে। কোহিনূরের এই অহমিকা আর এত অপ মান এখন তার সহ্য-সীমানার বাইরে। বারবার বলেছেন নতুন বউরা বের হয় না। বেশ, আমরীণ তবে এবার এই বড় নিষেধাজ্ঞাই ভাঙবে। সে বের হওয়ার প্রস্তুতি নিল। কালো বোরকায় নিজের সর্বাঙ্গ ঢেকে সে করিডোরে গেল। রেলিং থেকে নিচে তাকিয়ে সবাইকে পর্যবেক্ষণ করল। এই মুহূর্তে সিঁড়ি আর সদর দরজার দিকে কেউ নেই। সদর দরজার পাহারাদাররা প্রায়ই আশেপাশে যায় সিগারেট খেতে। আমরীণ সকলের চোখকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সরোয়ার নিকেতনের বাইরের বিরাট লোহার গেটটা আটকানো। এই উঁচু দেয়াল আর লোহার গেইট পেরিয়ে আমরীণের একার পক্ষে যাওয়া অসম্ভব। সে এদিক ওদিক তাকাল। তখনই চোখে এলো গুদামের দিক থেকে রিফাত আসছে। তায়েজিদ রিফাতকে বাড়িতে রেখে গেছে, যদি কোনো প্রয়োজন হয়?
রিফাতের বহুদিনের শখ সে সরোয়ার নিকেতনের কাছাকাছি সিগারেট ধরাবে। নয়তো প্রকাশ্যে এই বাড়ির কর্মচারীদের সিগারেট, বিড়ি, নেশাপানির নিষেধাজ্ঞা আছে। এজন্য ওরা যা করে, আড়ালে-আবডালেই। আজ বাড়িতে কেউ নেই, এজন্যই রিফাত তার বহুদিনের আকাঙ্খা পূরণের পরিকল্পনায় আছে। দুই হাতের ফাঁকে সিগারেট গলিয়ে শিস বাজাতে বাজাতে যেই এলো, ওমনি বোরকায় আবৃত নারীমূর্তি দেখে সে থমকাল। বোরকায় আভিজাত্য ভাব আছে। সে দ্রুত সিগারেট শূন্য ফেলে এগিয়ে এলো। সালাম দিল। এখনো সে বুঝতে পারছে না এটা কে। শুনেছে বাড়িতে সাথী আর আমরীণই আছে শুধু। আমরীণ শব্দ করল এবার,
'আপনি ওনার গার্ড না?'
'গার্ড' শব্দটা এখানে কেউই ব্যবহার করে না। বেশিরভাগ চ্যালাই বলে। আমরীণের নরম গলা শুনেই সে যা বোঝার বুঝে নিল। দ্রুত চোখ নামিয়ে বলল,
'বস আপনার সেবায় আমাকে রেখে গেছে ম্যাডাম।'
আমরীণের পছন্দ হলো রিফাতের চোখ নামানোটা। একেই বুঝি বলে মাহাজনের প্রতি আনুগত্য? সে গলা নামিয়ে বলল,
'আমাকে একটা সাহায্য করুন।'
'হুকুম করুন ম্যাডাম।'
'আমি আমার বাড়ি যেতে চাই, এখনই। আমাকে নিয়ে যান। আর কেউ যাতে না জানে। একদম চুপিচুপি।'
রিফাত মেনে নিল। যেন আমরীণের কথা অক্ষরে অক্ষরে মেনে নেয়াই তার একমাত্র কাজ। তার এত প্যাচ নেই মাথায়। কেউ ঝামেলা করলে সে ঝগড়া-বিবাদে না গিয়ে সোজা গু লি চালিয়ে দিতে যায়।
রিফাত আমরীণকে গোপন পথ দিয়ে নিয়ে রওনা হলো বসের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তার মাথায় আবারও বসের শ্বশুরের কথা ঘুরপাক খাচ্ছে। তায়েজিদের দেওয়া টাকাটা সে খুবই যত্ন করে রেখে দিয়েছে। শুধু সুযোগ বুঝে কো *প মা* র*বে সে। এটা কি আর আমরীণের সামনে বলা যায়, এজন্য সে নীরব থাকল। খায়রুলের সাত জনমের ভাগ্য, সে তায়েজিদের শ্বশুর হয়েছে। নয়তো কবেই পি স্ত*ল চলত তার।
—
আমরীণদের আগের ভাঙা বাড়িটা ভেঙে সেখানে পাকা বাড়ির কাজ চলছে। আমরীণ করুণ চোখে সেই ভাঙা দশা দেখল। ওইতো, মায়ের রান্নাঘরের চুলোটা এখনো অবশিষ্ট দেখা যাচ্ছে। আমরীণের বুক ব্যথা করে উঠল। ছোট থেকে কতশত স্মৃতি ছিল এই বাড়িটায়। তার শিশুবেলা, স্কুলে যাওয়া, কৈশোর, তরুণী, সবটাই তার চোখের সামনে ভেসে উঠল। তার মা যত্ন করে প্রায়ই ঘরের মেঝেতে মাটি লেপত। আমরীণ যখন আবদার করে বলত সেও লেপবে তখন বকুল তাকে ধমক দিয়ে চকিতে বসিয়ে রাখত। সোনালী স্মৃতি চোখে ভাসতেই আবারও চোখটা ছলছল করে উঠল। মিনিট দুয়েক সেখানে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে সে চলে গেল রুমকিদের বাড়ির উদ্দেশ্যে। আপাতত রুমকিদের বাড়িতেই এক ঘর ভাড়া করে থাকছে খায়রুল আর তার স্ত্রী। নামীর এদিক সেদিক কাটিয়ে দিচ্ছে সময়-রাত। সরোয়ার পরিবারের কর্মচারীদের জন্য আলাদা কলোনি আছে। ওখানে অনেক পুরুষদেরই থাকার ব্যবস্থা আছে। তবে নারীদের জন্য সরোয়ার নিকেতনের ভেতরেই সেই ব্যবস্থা করে রাখা।
রুমকিদের বাড়িতে আমরীণকে পৌঁছে দিয়ে রিফাত পলাশের দোকানে গিয়ে বসল। পলাশ চাচা তো চেনামুখ দেখতেই চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল। রিফাত বলল,
'চা না, সিগারেটের তৃষ্ণা পেয়েছে আমার। দ্রুত দেন।'
পলাশ তাই করল। রিফাত ততক্ষণে তার বাটন মোবাইল বের করে তায়েজিদকে কল করল। তায়েজিদ তখন বুঝি কোথাও যাচ্ছিল, গাড়ির শব্দ শোনা যাচ্ছিল। তায়েজিদ কল রিসিভ করতে বেশি সময় নিল না।
'বল।'
'বস, ম্যাডামকে নিয়ে আপনার শ্বশুর বাড়ি এসেছি।'
'বাকিদের সাথে কেনাকাটা করতে যায়নি?'
'সেটা তো বলতে পারব না। ম্যাডাম আসতে চাইলেন এজন্য নিয়ে এলাম। বাড়িতে একাই ছিলেন।'
'ঠিক আছে। নজর রাখিস।'
বলেই তায়েজিদ রিফাতের মুখের উপর কল কেটে দিল। রিফাত মোবাইল রেখে সিগারেটে সুখ টান দিতে লাগল।
অন্যান্য বাড়ির মতো রুমকিদের বাড়ির উঠোনের একপাশে রান্নাঘর। রান্নাঘরের উপরে ছাউনি দেওয়া এবং আশেপাশে খোলামেলা। আমরীণ উঁকি দিয়ে দেখলো তার মা রান্না করছেন। এতদিন পর মাকে দেখে তার বুক চিনচিন করে উঠল। ভাঙা গলায় আকুতি সুরে ডাকল,
'মা।'
বকুল চমকে গেলেন। পরিচিত, খুব চেনা কণ্ঠটা তার বুকে এসে বিঁধল। হাহাকার বুক নিয়ে সে পাশ ফিরে তাকালেন, দেখলেন তার মেয়ে দাঁড়িয়ে। বোরকা আবৃত মেয়েকে চিনতে তার সময় লাগলো না। সময়, কাল, অবস্থান, ভুলে তিনি ছুটে এলেন মেয়ের কাছে। জড়িয়ে ধরলেন খুব শক্ত করে। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে একই সাথে কাঁদছে। এতদিন পর মাকে পেয়ে আমরীণও অবাধ কাঁদছে। নিজের ভেতরের সমস্ত ভার, বোঝা, ঝড় উগলে দিচ্ছে মায়ের বুকে। মা মেয়ের কান্নার শব্দ পেয়ে রুমকি এবং তার মা ছুটে এলো ভেতরের রুম থেকে। আমরীণকে দেখে ওরা খুশি হলো। কান্নাকাটিতে বাঁধ সাধলেন রুমকির মা রুজানা।
'একি! মেয়ে বিয়ের পর প্রথম এলো আর তুমি আপা উঠোনে দাঁড় করিয়ে কাঁদছ? ওকে ভেতরে নিয়ে আসো আপা। রুমকি, যা! চটপট শরবত বানিয়ে আন।'
রুমকি তাই করল। ঊষা অন্য ঘরের জানালা দিয়ে ভেতরে যাওয়া দেখল। ঊষা সম্পর্কে রুমকির চাচাতো বোন হয়। এখন তাদের সাথেই থাকছে মাসখানেক। সে আমরীণকে চিনে। রুমকির থেকেও শুনেছে আমরীণের কোন অবস্থায় বিয়ে হয়েছে। শুনেছে এই গ্রামে রাজত্ব করা সরোয়ার পরিবারে সে বিয়ে করে গিয়েছে। ঊষা খুশিই হলো। তবে তার মুখ দেখে সেই খুশি আন্দাজ করা গেল না। বরাবরই সে গম্ভীর স্বভাবের, কথা-বার্তাও তার বড্ড জটিল। তার কথাগুলো বড্ড তেতো, যা যে কেউ সহ্য করতে পারে না। সেই অসহ্য অনুভূতি নিয়েই তার সৎ মা তাকে দূর-ছাই করে দিয়েছে। বাবাও খোঁজ নেয় না। এজন্যই সে এখন চুপ থাকে। কোনো দরকার ছাড়া মুখ খোলে না।
এখানে তাকে আনা হয়েছে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার জন্য। ঊষাও মেনে নিয়েছে তার ভাগ্য। ভাগ্য মেনেই দিব্যি দিন কাটিয়ে দিচ্ছে। মেয়ে মানুষের জীবনের আর কি-ই বা দাম? বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়া, সংসার-সেবা করা ছাড়া আর কিছুই নেই তাদের জীবনে। না তাদের ভালো থাকাকে দেখা হয়, আর না তাদের ইচ্ছে-অনিচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়। আঠারো বছরের এই নারী এত প্যাচ বুঝে না, তবে এটুকু বোঝে— মেয়ে মানুষের জীবনটাই মূল্যহীন।
রুমকি আর আমরীণ ঘণ্টাখানেক ধরে পুকুরঘাটে বসে আছে। এই বিশাল পুকুরটা আমরীণদের। বলতে গেলে আমরীণের অন্যতম বন্ধু এই পুকুর। যদিও আহামরি বড় নয়। তবে এই ঘাটে এসে গাছের ছায়ায় বসলে তার শান্তি অনুভব হয়, মন খারাপরা ধীরে ধীরে মিলিয়ে যায়। ছোট থেকেই এই পুকুর, এই বড় বড় গাছ তার একাকিত্ব, দুঃখের সঙ্গী।
রুমকি এক মনে বকবক করেই চলেছে। তার যেন বহুদিনের কথা জমে আছে, সেগুলোই ঝেড়ে দিচ্ছে আমরীণের কাছে। তাকে বড্ড ভালোবাসে মেয়েটা। তাই তো আমরীণের এই দুঃখের মাঝেও নীরবে সব শুনে নিচ্ছে। মেয়েটার উচ্ছ্বাস তার ভালো লাগছে। অথচ তার মন পড়ে আছে মায়ের দিকে।
মায়ের মুখে সে আ ঘাতের চিহ্ন দেখেছে। খুবই তাজা সেই দাগ। খায়রুলের স্বভাব এখনো বদলায়নি। বদলে যাবে এটাও সে আশা করেনি। না জানি তার অনুপস্থিতিতে তার মা কি কি সহ্য করে। বুকটা তার ফেটে যাচ্ছে অসহনীয় যন্ত্রণায়। মায়ের তুলনায় সে তো তাহলে বেশ আছে সরোয়ার বাড়িতে। তার নিজেকে বড্ড স্বার্থপর লাগছে। সে কি করে মায়ের কোনো খোঁজ নিতে পারল না এ কদিনে। কেন সে এতকিছু সত্ত্বেও মাকে এই অ মানুষটার থেকে বাঁচানোর জন্য কিছু করছে না? সে যে আর মায়ের দুঃখ নিতে পারে না। মাকে কেমন অসুস্থও দেখাচ্ছিল। আমরীণ কত করে চাইল মায়ের থেকে রান্নার ভার নিতে। তা হতেই দিল না। উলটো নামীরকে ডেকে পাঠিয়েছে বাজারে। আজ ভালো-মন্দ রাঁধবে মেয়ের জন্য। এই প্রথম মেয়ে এসেছে আর তিনি বুঝি শুকনো ভাতে মেয়ের পেট ভরবেন? তা কি করে হয়? মায়ের এত তড়িঘড়ি দেখেও তার বুক পুড়েছে। সে যেন এখন আর এই বাড়ির মেয়ে নয়, মেহমান। সম্পর্কের এই বিরাট পরিবর্তনটা সে যে ধরতেই পারেনি। কদিন আগেও যেই মায়ের হাতের রান্নার পান্তাভাতেও তৃপ্তির ঢেঁকুর তুলত আজ সেই মা তাকে ভালো খেতে দিতে কতটা উদগ্রীব!
এই পরিবর্তনটা উপলব্ধি করার পর থেকেই আমরীণ কেমন যেন নেতিয়ে গেছে। বিড়বিড় করল সে আপনমনে—
'মায়ের আস্ত ফুল ছিলাম। এখন ফুলের পাপড়ি ঝরে গিয়ে, সঙ্গী করেছি শুকনো কাটা।'
নামীর এলো সেই মুহূর্তে। রুমকি তাকে দেখেই থেমে গেল। নামীর বলল,
'তোরা ভেতরে যা। রিফাত বায়না করেছে পুকুরে সাঁতার কাটবে। তোরা যা।'
আমরীণ আর রুমকি দেরী করল না, দ্রুত তাদের বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়। ওরা যেতেই রিফাত আসে। তার মুখে বেশ তৃপ্তির হাসি। বহুদিনের শখ তার এই পুকুরে ডুবানোর। আজ একদম নিরিবিলি পেয়েছে পুকুরটা। নামীরকে যেতে বলে লুঙ্গি ভালো করে বেঁধে সে পুকুরে ঝাপ দিল। মনের সুখে এখান থেকে সেখান সাঁতার কাটল। আবার উলটো হয়েও সাঁতার কাটল। সাঁতার, ডুবে বেশ পাকাপোক্ত সে।
যখন রিফাত নিঃশ্বাস বন্ধ ডুব দিয়ে ছিল তখন অন্য দিক দিয়ে পুকুরে নামে ঊষা। হাতে তার জামা-কাপড়। সেগুলোই কাচতে বসেছে। সে ঘূর্ণাক্ষরেও টের পায়নি রিফাত ডুব দিয়ে আছে তার থেকে কিছুটা দূরে। দুপুরের এই সময়টায় পুকুর এখন অস্বাভাবিক নীরব। পানি তখন তরঙ্গিত হচ্ছে এদিক ওদিক। ঊষা ভেবে নেয় হয়তো কেউ ইট-পাটকেল ছুঁড়েছে পানিতে। তাই হয়্তো এমন?
কিন্তু ঊষার ধারণাকে ভুল প্রমাণিত করে তখনই রিফাত ডুব থেকে উঠে গেল। হঠাৎ এহেম কাণ্ডে ঊষা ভয় পেয়ে গেল। কুঁকড়ে ভেজা মাটির সেই বাঁধে বসে পড়ল। চোখ বড় বড় করে সে দেখল রিফাতকে। মেয়েলি কণ্ঠ শুনে রিফাত চোখ-মুখ হাত দিয়ে মুছে অদূরে তাকাল। একটা মেয়ে বসে আছে হিজল গাছের নিচটায়। পরনে ছিমছাম বাহারি রঙের সেলোয়ার-কামিজ পরা। মাথায় ওড়না নেই। ওটা কোমরে, বুকে পেচিয়ে রাখা। চোখ কেমন অস্বাভাবিক বড় করে রেখেছে বিস্ময়ে। অল্পবয়সী শ্যাম মেয়েটাকে সে দেখল শুধু। কেন যেন সে মজা পেল মেয়েটাকে ভড়কে দিয়ে। দেখল পুকুরের পানিতে একটা শাড়ি ভাসছে। ঊষার হাত থেকে ওটা ফসকে গেছে। ভাসতে ভাসতে ঊষার হাতের নাগালের বাইরে চলে যায়, সে তখনো স্তব্ধ। রিফাত সাঁতার কেটে গিয়ে নিয়ে নেয় শাড়িটা। পরপর এগিয়ে যায় ঊষার দিকে। ঊষা আরও ভয় পেয়ে যায়। রিফাত তার কাছাকাছি এসে শাড়িটা দিয়ে বলল,
'এত ভয় পাওয়ার কী আছে? আমি তো র ক্তে মাংসে মানুষ। বিশ্বাস না হলে ছুঁয়ে দেখো।'
ঊষা এবার বাস্তবে ফিরল। বাইরের পুরুষকে নামীরদের ব্যক্তিগত পুকুরে দেখে সে বেশ বিরক্তই হলো এবার। ঝাঁঝালো গলায় বলল,
'এটা কী ধরণের বেয়াদবি? অন্যের পুকুরে আপনি কি করছেন?'
রিফাতও চিনল না ঊষাকে।
'তুমি কে?'
'আমি কে তা জেনে আপনি কি করবেন নির্বোধ লোক?'
'জানতে হবে না পরিচয়, কে আমাকে দিনে-দুপুরে বেয়াদব আর নির্বোধ বলছে?'
ঊষা বিরক্ত হয়, অর্ধেক ধোঁয়া জামা-কাপড় নিয়ে উঠে দাঁড়ায়।
'আমি এখনই নামীর ভাইকে বিচার দিচ্ছি।'
'আমিও বিচার দিচ্ছি আমার বন্ধুকে।'
'আপনার বন্ধু কে?'
'ওইযে বললে না? তোমার নামীর ভাই!'
ঊষার জন্য এটুকু ইঙ্গিতই যথেষ্ট ছিল সব বোঝার। সে দ্রুত ঘাট থেকে উঠে গেল। অসাবধানে পিছলে গেলেও নিজেকে সামলে আবারও উঠে চলে যেতে লাগল। নামীরের সাথে যারা থাকে সবই তো গু ণ্ডা। সে আবার কোন গু ণ্ডার খপ্পরে পড়েছে এই দিনে-দুপুরে।
'এই নামীরের বোন, নাম তো বলে যাও।'
ঊষা থেমে যায়, কিন্তু তাকায় না। আবারও সে ছুট লাগায়। তাকে কী জিনে ধরেছে নাকি সে অচেনা একটা লোককে নিজের নাম বলতে যাবে? কখনোই না।
—
বাড়ির কাছাকাছি এসেই ভালো খাবারের সুঘ্রাণ পেল খায়রুল। বাড়ি এসেই দেখল তার মেয়ে এসেছে। বেশ বিরক্ত হলো সে, যখন দেখল তায়েজিদ ছাড়া খালি হাতে এসেছে। আমরীণ তাকে এবারও সালাম দিল না। নীরবে পাটিতে বসে ভাত গিলছে। কারেন্ট লাগায়নি তাদের এই ভাড়া বাড়িতে। বকুল পাশে বসে মেয়েকে বাতাস করছে। খায়রুল মেয়ের বেয়াদবি দেখে বেশ রাগ হলো। সেদিন কিছু বলতে পারেনি, আজ বলতে পারবে না কেন? আজ এই মেয়ে তার বাড়িতে বসে তারই অন্ন গিলছে। সে তাকাল স্ত্রীর দিকে।
'দেখেছ? কয়েকদিনেই এই বেয়াদব কত অহংকার করছে?'
আমরীণ তাকাল তার বাবার দিকে, নির্ভয়ে। আজ আমরীণের চোখে ভয় নেই। খায়রুল কবির অপ্রস্তুত হলো মেয়ের এই নজরে। এই চোখে সে ভয়, আতঙ্ক দেখে অভ্যস্ত। অথচ আজ এই মেয়ে অন্য রূপ দেখাচ্ছে। তিনি কথা বাড়ালেন না। হাত-মুখ ধুঁতে গিয়ে দেখা হয়ে গেল রিফাতের সাথে। খায়রুলের কপালে বিরক্তির ভাজ পড়ল, একই সাথে রিফাতের কপালেও। দুজনই দুজনের জন্য কাঁটা। খায়রুল বলল,
'তুমি এখানে কি করতেছ?'
'বসের বউ এখানে। আমি তার বডিগার্ড!'
কথাটা বেশ নাটকীয় ভাবেই বলল রিফাতকে। যেন মনে করিয়ে দিল আমরীণের সাথে উলটো পালটা যেন কিছু না করে। গা-পিত্তি জ্বলে উঠল খায়রুলের।
'আমার বাড়িতে পরপুরুষের জায়গা নাই।'
'আপনি জায়গা দেওয়ার কে? আমি ছায়ার মতোই থাকব। আপনি যা খুশি করেন।'
'বড়দের সাথে তর্ক করা ছাড়া আর কি কিছু পারো না?'
'আপনি বড় হলেও আপনাকে আমার সম্মান দেওয়ার কোনো ইচ্ছাই নেই।'
'মুখ সামলাইয়া কথা কও। আমি তুমার বসের শ্বশুর।'
'শ্বশুর আর বাপ এক জিনিস না। তেরিবেরি করলে আমি তো আমার বাপকেও ছাড়ি না।'
রিফাতের কথায় শুকনো ঢোঁক গিলল খায়রুল। কেন, তা সে বুঝল না। এই হাঁটুর বয়সী ছেলে তো মহা গুটিবাজ। সে বুঝল এই ছেলের সাথে পারবে না, তাই ভেতরে যাওয়াই শ্রেয় মনে করল। রিফাত তাকে পিছুডাক দিয়ে বলল,
'বস আমাকে আপনার উপর নজর রাখতে বলেছে। আমাদের ম্যাডামের সাথে ঠিকঠাক আচরণ করবেন। নয়তো উপরমহল কখন কাকে কি করে বলা মুশকিল!'
খায়রুল নড়েচড়ে উঠল এই হু ম কি শুনে। হালকা গলা খাঁকারি দিয়ে সে ভেতরে চলে গেল। কোথায় ভেবেছিল আমরীণকে কঠিন কথা শুনিয়ে দিবে। অথচ এই আপদটা তার ঘাড়ে চেপে বসে আছে। আমরীণ দেখল হঠাৎ তার বাবার চুপ হয়ে যাওয়াটা। সে এবার মুখ খুলল,
'আমার মাকে আপনি কেন মা রেন? সব তো হাতের নাগালে পাচ্ছেনই। তবুও এমন অনৈতিক আচরণ আর কতদিন?'
খায়রুল চোখ তুলে তাকাল। মেয়ের দেখছি কথার ফুল ফুটেছে। বকুল স্বামীর এহেম নজরে ভড়কে গেল। সে বারবার মেয়েকে চুপ থাকতে বলছেন। খায়রুল বিশ্রী এক হাসি দিয়ে বলল,
'কে কইছে হাতের নাগালে সব পাইতেছি? তুই আমারে এহনো হাত-খরচা দিছস? তোর ওই শাশুড়ি তো দেমাগে আমারে বাড়ি থেইকা বাইর কইরা দিল, আর তুই দাঁড়ায়া দেহস। এডি মাইন্না নেওন যায়? রাগ বকুলের উপর তুলমু কি তুলমু না হেইডা তোর থেইক্কা জানমু?'
আমরীণ হতভম্ব হয়ে গিয়েছে তার বাবার কথা শুনে। মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে তা এই লোককে না দেখলে সে কখনো জানতই না। সে এখনো লোভে অন্ধ। ঘৃ ণায় আমরীণের গলা দিয়ে এক দানাও আর নামতে চাইল না। হঠাৎই তার মুখে অরুচি এসে ভর করল। কোনরকমে খেয়ে সে হাত ধুতে চলে গেল। ফিরে এসে দেখল মায়ের অসহায় মুখটা মায়ের মুখের সেই অসহনীয় দাগ।
আমরীণ হঠাৎ কিছু না ভেবেই নিজের গলা থেকে স্বর্ণের চেইনটা খুলে হাতে ধরিয়ে দিল।
'এই নিন চাইছেন এই আশা করি এটার মধ্য থেকে যা টাকা চান তা পেয়ে যাবেন। এবার আপনি আমার মাকে আর স্পর্শ করবেন না।'
খায়রুল হাতে স্বর্ণের চেইনটা দেখে বিশ্বজয়ের হাসি দিল। সে তো এটাই চেয়েছিল। চেইন চিকন হলেও এই স্বর্ণের বেশ ভালো দাম পাবে। সে প্রথমবারের মতো, বহুদিন পর আমরীণের সাথে ভালো আচরণ করল, যেন মধু ঝরছে গলা থেকে।
' কি খাবি মা? ওই নামীর, যা বইনের লেখা কোক নিয়ে আয় পলাশের দোকান থেইকা। আরে রে মুখটা কেমন শুকাইয়া গেছে।'
বাবার এই আদিখ্যেতা ঘৃণা লাগল আমরীণের কাছে। মুখে থুথু গলা পাকিয়ে এলো তার। মায়ের জন্য সে এবারও বাবাকে মুখ ফুটে কিছু বলল না। চেইন পেয়ে মনের আনন্দে খায়রুল বাড়ি থেকে বেরিয়ে গেল। আমরীণ দীর্ঘশ্বাস ফেলল।
বকুল মেয়ের মাথায় তেল লাগিয়ে দিচ্ছে। আমরীণ চোখ বন্ধ করে আয়েশ করে মায়ের হাতের অনুভব করছে তার মাথায়। এ যেন তার হারিয়ে যাওয়া সুখের খনি। মায়ের ঘ্রাণ, মায়ের হাত তাকে প্রায় ভুলিয়েই দিল তার অন্য এক পরিচয় আছে। সে এখনো যেন তার মায়ের সেই ছোট্ট মেয়ে। দুনিয়াদারির দায়িত্ব, বোঝা এক মায়ের হাতের জাদুতেই সে ভুলে গেল।
—
ওদিকে সরোয়ার নিকেতনে ধুম পড়েছে। আমরীণ নিখোঁজ। কাজের লোকেরা সব এদিক ওদিক তাকে তন্ন তন্ন করে খুঁজছে। লায়লা সহ আরো কয়েকজন তো ভয়েই শেষ। তারা তো জানেই না আমরীণ কখন বের হয়েছে বা কোথায় গিয়েছে। তারাও মনেপ্রাণে বিশ্বাস করে নতুন বউদের বাড়ি থেকে বের হতে নেই। তাহলে আমরিন হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? লায়লার তো হাত পা ছড়িয়ে কান্নার অবস্থা। কোহিনুর কে কি জবাব দেবে তা ভেবে ভেবে একেকজনের অবস্থা শোচনীয়।
তাদের ভয়ের মধ্যে কোহিনূরা ফিরে এলো আসরের সময়। এ সেই দেখলেন বাড়ির অবস্থা ঠিক সুবিধার নয়। ভ্রু কুঁচকে তাকালেন ঘেমেনেয়ে অস্থির লায়লার দিকে। তাকে দেখেই কেমন ভয়ে আঁতকে উঠল সে, এটাও উনার চোখ এড়ায়নি। উনি নিবিড় ভাবে সকলের চোখ-মুখ পর্যবেক্ষণ করলেন। জিজ্ঞাসা করলেন,
'কি হয়েছে?'
লায়লার ভয়ে জবান বন্ধ হয়ে গিয়েছে। কি বাহানা দিবে বা কি উত্তর দিবে সেটা তার জানা নেই। মুন তখন হচ্ছে তার আমরীণ আন্টিকে। সে কি কি কিনেছে তা তাকে দেখাতে চায়।
'আমরীণ আন্টি, আন্টি! দাদী আন্টি?'
এর মাঝে চুমকি হাটে হাড়ি ভাঙল। বিলাপ করে বলল,
'নতুন বউ পালাইছে রে পালাইছে। তায়েজিদের সাহেবের বউয়ে পালাইছে যে বেগম সাব!'
—
সন্ধ্যায় রুমকিদের বাড়ির সামনে একটি সাদা গাড়ি এসে থামল। গাড়ি থেকে বেরিয়ে এলো তায়েজিদ। রিফাত তাকে দেখি এগিয়ে গেল সালাম দিল। তায়েজিদ রিফাতের দিকে তাকাতেই সে বলল,
'ম্যাডাম ঘরে আছে।'
'ওকে বেরিয়ে আসতে বল বল আমি এসেছি।'
'আচ্ছা বস।'
তায়েজিদের আসার খবর শুনে আমরীণ চমকে গেল। সে যতদূর শুনেছে তায়েজিদের এত দ্রুত ফিরে আসার কথা নয়। সে জরুরী কাজে অন্য গ্রামে গিয়েছিল। তবুও রিফাত তাড়া দেয়ায় সে বেরিয়ে এলো। বকুল চাইল জামাইকে ঘরে আনতে। কিন্তু এই বিদ্যুৎহীন ঘরে জামাইকে আনার সাহস হলো না তার। আমরীণ শেষবারের মতো তাকাল তার মায়ের দিকে। মাকে ছেড়ে যেতে তার ইচ্ছে করছে না। সারাজীবন এখানেই, তার মায়ের ছায়াতলেই থেকে যেতে ইচ্ছা করছে তার। বকুল বুঝি মেয়ের চোখের ভাষা বুঝল। তাঁর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,
'যা, জামাই এসেছে। এখন ওটা তোর সংসার। নিজের ঘর, নিজের সংসার ছেড়ে আসার কথা কখনোই ভাববি না। যাই হয়ে যাক না কেন, আমাদের মেয়েদের এই সংসার আঁকড়ে ধরেই বাঁচতে হয়। প্রথমে দেখবি সব খুব দমবন্ধ লাগবে। কিন্তু যখন সংসারের উপর মায়া পড়বে, তখন আর ছাড়তে পারবি না। মনে রাখবি, এখন ও বাড়ির মানুষই তোর আপনজন। তায়েজিদ বাবা, তার মেয়ে ছাড়া এই জগতে আর কেউই তোর।আপন নয়। তাদের খেয়াল রাখবি, যত্ন করবি।'
আমরীণ অবাক হয়ে মায়ের দিকে তাকাল। কিভাবে তার মা তার মনের ভেতরের কথাগুলো পড়ে নিল। সে তো এখনো বলেনি তার মনের বোঝাগুলো, তবুও মা ঠিক ধরে ফেলল। মায়েরা বুঝি এমনই হয়?
আমরীণকে বকুলকে জড়িয়ে ধরে বলল,
'বাবা আবারো তোমাকে মা রার চেষ্টা করলে তুমি আমার কাছে চলে আসবে মা। আমি তোমাকে আমার কাছে রেখে দিব।'
মা হাসল।
'তোর চেইনটা ফিরিয়ে নিয়ে যা?'
'ওটা বাবাকে আমি দিয়েছি তুমি তাকে আর কিছু বোলো না মা। ওসব জিনিসের থেকে তুমি আমার জন্য বেশি মূল্যবান।'
এরপর আমরীণ বেরিয়ে এলো। বকুল দরজায় দাঁড়িয়ে মুখে আঁচল চেপে চোখের পানি ফেলছে। আবারও তার মেয়েটা তার থেকে বহু দূরে চলে যাচ্ছে। কিন্তু মেয়েকে সে আটকাতে পারবে না। খুব যত্ন করে বড় করা সন্তানকে এখন তার অন্যের হাতে তুলে দিতে হচ্ছে। চোখের সামনে দিয়ে তার ছোট মেয়েটা তাকে ছেড়ে চলে যাচ্ছে আর সে আটকাতে পারছে না। আটকাবে কী করে? আটকানোর কোনো পন্থাই যে এই দুনিয়াতে নেই।
আমরীণ বাইরে এসে দেখল তায়েজিদ নামীরের সাথে কথা বলছে। গায়ে তার জড়ানো সেই ভোরের পাঞ্জাবি। পাঞ্জাবির হাতা কনুই অবধি গোটানো। সে দেখেছে, লোকটার লোকটার আলমারিতে বেশিরভাগ শুধু সাদা পাঞ্জাবি। রং এক হওয়ায় সবই একই ধাঁচের মনে হয় তার কাছে, কোনো পরিবর্তন নেই।
শেষ মুহূর্তে সে রুমকিকে জড়িয়ে ধরে গাড়িতে উঠে বসল। তায়েজিদ শাশুড়িকে সালাম জানিয়ে সেও তার পাশে বসল। বাপ্পি ড্রাইভিং সিটে বসা। বেশি দেরী না করে গাড়ি চালু করল। রিফাত বাপ্পীর পাশেই বসা। রিফাত এদিক সেদিক সেই নাম না জানা মেয়েটাকে খুঁজল। যতটুকু বুঝেছে, মেয়েটা রুমকিদেরই কোনো আত্মীয়। খুঁজল আবারও কিন্তু পেল না, ঘরে আটকে আছে নাকি? দমবন্ধ লাগে না? রুমকির মতো বের হলে কোন মহাভারত অশুদ্ধ হতো? সে তো একটু দেখতেই চাচ্ছিল। রিফাতের বহুদিন পর মুখ ভোঁতা হলো। তবুও নিজের হতাশা আড়াল করে তায়েজিদের উদ্দেশে বলল,
'বস, আজকের কাজ কি শেষ?'
তায়েজিদ আমরীণদের অন্ধকার ঘরের দিকে তাকিয়ে। সন্ধ্যা হয়ে রাত নামতে চলল অথচ এই ঘরটায় কোনরকম আলো জ্বলছে না। ছোট করে বলল,
'হুঁ।'
আমরীণ জানালায় দিকে মুখ করে আছে। জানতে চাইল তার দ্রুত চলে আসার কারণ। হঠাৎ তায়েজিদ আমরীণের উদ্দেশে বলল,
'তোমাদের বাড়িতে কি কারেন্ট নেই?'
'জি না।'
'কেন?'
'বাবা বিদ্যুৎ লাইন টানেনি। আমাদের আগের বাড়িতেই রয়ে গেছে লাইন।'
'সেটা আবার কেমন কথা? ইদানিং কি পরিমাণে গরম পড়েছে।'
সামনে বসা রিফাত এসব শুনে মনে মনে বিচ্ছিরি এক বকা দিল। এই বুড়োটার সবেতেই তার খুব রাগ হয়। প্রতিবারের মতোই এবারও সে আফসোসে কাঁতরাল, কেন এই লোক তারই বসের শ্বশুর হতে গেল? কেন?
'বাবা লাইন টানেনি। এতে আমার কি করার?'
তায়েজিদ আর আমরীণের সাথে বাক্য ব্যয় করল না। ডাকল বাপ্পীকে।
'বাপ্পি!'
'হ্যাঁ বস।'
'আগামীকাল এই ঘরে বিদ্যুৎ টেনে দিবি। কালকের দিনের মধ্যেই।'
তায়েজিদের হুকুমে সে মাথা নাড়ায়।
'আচ্ছা বস, হয়ে যাবে।'
জীবনে প্রথমবারের মতো রিফাত আগ বাড়িয়ে কোনো দায়িত্ব চাইল। সে তো না চাইতেও আকাশের চাঁদ হাতে পেয়েছে।
'বস, বাপ্পির বদলে এই কাজটা আমি করি?'
তায়েজিদ ভ্রু কুঁচকে তাকাল। বাপ্পীর ড্রাইভিং অবস্থায় চোখ কপালে। সেই ছেলে সব সময় দায়িত্ব থেকে পালায় সেই ছেলে নিজে থেকেই দায়িত্ব চাচ্ছে? এও বুঝি বিশ্বাসযোগ্য। বস সামনে থাকায় আর ড্রাইভিং-এ থাকায় বাপ্পী কিছু বলল না। শওকতকে জানাতে হবে এই ছেলের কীর্তি। তায়েজিদের অনুমতি আসতে বেশি সময় লাগল না।
আমরীণ কিছু সময় ইতঃস্তত করল। সে কিছু একটা বলতে চায় তায়েজিদকে। সময় নিয়ে, সাহস করে সে তায়েজিদের দিকে তাকাল। ডাকল বুঝি প্রথমবারের মতো,
'শুনুন?'
তায়েজিদ তাকাল। এই ধরণের ডাক সে আগেও শুনেছে, তবে আমরীণের সাথে এটা নতুন। তাই কিছুটা অপ্রস্তুতি হলো সে।
'হুঁ?'
আমরীণ বেশ অস্বস্তি নিয়ে বলল,
'আমি আমার স্বর্ণের দিয়ে দিয়েছি।'
'তো?'
আমরীণ অবাক হলো।
'আপনি রাগ করেননি?'
'রাগ করবো কেন তোমার জিনিস এটা তোমার বিষয়?'
অথচ ওরা জানেই না, বাড়িতে কী পরিমাণে অঘটন ঘটে আছে।
______________
®লাবিবা ওয়াহিদ
#চলবে~~
[রিচেক দেইনি]