ফন্ট সাইজ:
থিম:
শৈলবালা

পর্ব 15

লেখক: লাবিবা ওয়াহিদ

#শৈলবালা - [১৫]
লাবিবা ওয়াহিদ

-
মুনকে খাইয়ে দিচ্ছে আমরীণ, তবে সে অন্যমনস্ক। তায়েজিদ এখনো বাড়িতে ফিরেনি। মুনকে সামলানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। মেয়ে বড়ই বাবা ভক্ত। ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হতেই আবির আসল মক্তব থেকে। মুন সব ভুলে ছুটে গেল তার ভাইয়ের কাছে। সে মনে করে আবির সাথে থাকলেই তার সব মন খারাপ উড়ে যায়। আবির যে কত খেলনা নিয়ে খেলে তার সাথে। এছাড়া তার আজ কাদামাটি দিয়ে খেলতে ইচ্ছা করছে।

আমরীণ আজ মুনকে একা ছাড়ল না, মেয়ের পিছে পিছেই থাকল। কোহিনূর তার সাথে কথা বলছেন না। গতকালের ব্যাপার নিয়ে যে তিনি আমরীণের উপর ক্ষিপ্ত সেটা বেশ বোঝা যাচ্ছে। এতে আমরীণও খুব একটা মাথা ঘামায় না। যেখানে তার কোনো দোষ নেই, সেখানে সে কেন মাথা নিচু করবে? এই সাহসটা আমরীণের কোত্থেকে এসেছে সে জানে না। হয়তো তার এই শক্তির উৎস মনের অজান্তেই তায়েজিদের থেকেই আসছে। তার কিছুটা দুশ্চিন্তাও হলো। মানুষটা কোথায় গায়েব হয়ে গেল?

'আবির ভাই, আমার মন খারাপ।'
'কেন কেন?'
'বাবা আসছে না আমার সাথে দেখা করতে। বাবা কই?'

আমরীণ দুঃখী চোখে তাকাল মুনের দিকে। কেন যেন এই মিষ্টি মেয়েটার মন খারাপ তার ভালো লাগছে না। আবির তাকাল তার চাচি আম্মুর দিকে। ছোট বাচ্চাটা কি বুঝেছে কে জানে? সে মুনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,
'মেজো আব্বু তো কাজে গেছে মুন। সে তো সারাদিন আমাদের মতো খেলা করে না।'

মুন চিন্তায় পড়ে গেল। বাবা কেন কাজে যায়? বাবা কি জানে না তার মুন তাকে ছাড়া থাকতে পারে না? কষ্ট হয়? কান্না পায়, কোনো কিছু ভালো লাগে না? আমরীণ এগিয়ে এসে আবিরকে জিজ্ঞেস করল,
'কোন হুজুরের কাছে মক্তবে যাও বাবা?'
'বড় হুজুরের কাছে চাচি আম্মু।'
'মুন পড়ে না?'
'না তো।'

আমরীণ মুনের দিকে তাকাল। মুনের বয়স পাঁচ বছর। এতদিনে তো তার স্কুলেও ভর্তি হওয়ার কথা। বাচ্চারা আর এসব নিয়ে কথা আগায় না। তারা ব্যস্ত হয়ে যায় কাদামাটি দিয়ে খেলতে। এই বাড়িতে বাচ্চাদের কাদামাটি দিয়ে খেলার মধ্যে কোনো নাকচ নেই। বাচ্চারা মাটির সংস্পর্শে এলেই তো হাত-পায়ের হাড় শক্ত হবে। আমরীণ সব ভুলে মুচকি হেসে দেখল সব। যাক, মুনের মুখে তবে হাসি ফুটেছে।

আমরীণ ভাবল নিজের শৈশবের কথা। তার কখনো বাবার জন্য এভাবে অপেক্ষা করা, কান্না করা হয়নি। বরং সে সবসময় ভয়ে থাকত। কখন কি করলে না জানি বাবা এসে মা র লাগিয়ে দেন। সে দোয়া করত যেন বাবা আজ না ফিরে। বাবার চোখের গরম চাহনিই তার সহ্য হতো না, বুক কাঁপত। সেখানে মুনের শৈশবে তার বাবাই সব— এটা দেখে স্বস্তি অনুভব হচ্ছে। সব বাবারা খারাপ হয় না, আমরীণের মতো। আল্লাহ হয়তো চাননি তার রিজিকে একজন ভালো বাবা থাকুক।

আমরীণ ঘণ্টাখানেকই একটু আরাম করে থাকল। এর মাঝেই কোহিনূরের ডাক পড়ল। তাকে কতগুলো কথা শোনাল। বিয়ে হয়েছে, তায়েজিদের বউ হয়েছে অথচ তায়েজিদ গতকাল রাত থেকে গায়েব! আমরীণ কেমন বউ যে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে পারে না? একজন নারীর এর চাইতে বড় ব্যর্থতা আর কি হতে পারে? কোহিনূর কটাক্ষ করে বললেন,
"জানো তো শুধু কীভাবে একজনের সাথে আরেকজনের প্যাঁচ লাগাবে আর স্বামীকে কান পড়া দিবে। এছাড়া তোমার মতো মেয়েরা আর কি পারে?'

আমরীণ জবাব দিতে পারল না। একজন মধ্যবয়সী মহিলার ঝাঁঝালো কণ্ঠের সাথে তার মতো কুড়ি বছর বয়সী মেয়ে পারবে না এটাই স্বাভাবিক। সে গিলে নিল সবটা। ভাগ্যিস তার ধৈর্যশক্তি ভালো। কিন্তু আবারও, তার নিভু নিভু মনের আগুন পুরোপুরি নিভে গেল তায়েজিদের প্রতি। সে নিজের কপালকে দোষ দিল। কেন এমন বিচ্ছিরি পরিবেশে তার বিয়ে হলো? কেন সে মানিয়ে নিতে পারছে না। সে একাই বা কেন মানিয়ে নিবে? বাকিরা কতজন তাকে মেনে নিচ্ছে, আপন করে নিচ্ছে? উলটো তার বিপদেই দেখা যায় সকলে কেমন বিষধর সাপের ন্যায় ছোবল দেওয়ার চেষ্টা করে যায়। অমৃতা যে কোহিনূরের কান ভরছে সেটা তো তার আরও অজানা।

অমৃতা একপাশে দাঁড়িয়ে চরম সুখের সাথে আমরীণের কথা শোনা দেখছে। শেফালী তুষারের আশেপাশে ঘেঁষার চেষ্টা করছিল দেখে গতকালই বোনকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন যা করছে, সে একাই করছে। দেখেছে সাথীর সাথে আমরীণের খুব ভাব হয়েছে। এত ভাব কোত্থেকে আসে, তা অমৃতাও দেখে ছাড়বে।

—
মনমরা হয়ে অপরিষ্কার মুনকে গোসল করিয়ে দিচ্ছে আমরীণ। মুন পানি দিয়ে খেলছে আর খিলখিল করে হাসছে। সেই হাসিতে কিছুটা ধ্যান ভাঙল আমরীণের। মুহূর্তেই সব ঝেড়ে ফেলে সে প্রশ্ন করল,
'মুন, তোমার পড়াশোনা করতে ইচ্ছে করে না?'
'পড়াশোনা?'
'হু! অ, আ। ক, খ। আলিফ বা?'

মুন ভাবল কিছু। পরে আবারও খেলতে ব্যস্ত হয়ে গেল।
'স্কুলে যাব?'
'যেতে চাও?'
'হুঁ মা!'

'মা' ডাক শুনলেই আমরীণের কেমন মিশ্র শিহরণ অনুভব হয়। মা ডাকটা কি সত্যিই এত শান্তির? এই একটা শব্দ শুনলেই মনে হয় দুনিয়ার সমস্ত বাঁধা-বিপত্তি হাসি-মুখে পার করা যাবে। আমরীণ মুনকে তোয়ালে মুড়িয়ে ঘরে নিয়ে আসল, বিছানায় দাঁড় করিয়ে দেয়। মুন মৃদু কাঁপছে শীতে। আমরীণ চটজলদি তার শরীর মুছিয়ে দিতে দিতে বলল,
'তুমি কি আবির ভাইয়ার সাথে মক্তবে যেতে চাও?'

'আলিফ বা পড়াবে?'
'হুঁ। আল্লাহর কাছাকাছি যাবে, তারপর কুরআন পড়বে। খুব মজা লাগে পড়তে জানো? আমি ছোটোবেলায় আমার ভাইয়ার হাত ধরে যেতাম। হুজুর বেশ আদর করত। কত নবীদের গল্প শোনাত। তুমিও যাবে তাই না?'

মুনকে হঠাৎই প্রচণ্ড কৌতুহলী দেখাল। সে পড়তে চায়। সেও আবির ভাইয়ার সাথে যেতে চায়। মেয়েটা সব ভুলে বায়না ধরা শুরু করল,
'মা আমি পড়ব, আমি যাব। আমিও আবির ভাইয়ার সাথে যাব। নিয়ে যাও মা। মা মা!'

আমরীণ মুচকি হাসে। মুনের কপালে চুমু দিয়ে বলল,
'বাবা ফিরুক, তারপর বলব তাকে। হুঁ?'

মুন খিলখিল করে হাসল। তার ধৈর্যে কুলাচ্ছে না। জামা পড়ে, গায়ে পাউডার মেখেই সে নিচে ছুটে গেল। নিচে রিফাত এসেছিল এক কাজে। রিফাতকে দেখে সে আগে রিফাতের দিকে চলে গেল।
'আরে আমাদের রাজকুমারী যে।'

'চাচ্চু চাচ্চু। আমাকে আলিফ বা এনে দাও।'

রিফাত শুরুতে ধরতে পারে না। মুনকে কোলে তুলে বলল,
'কি লাগবে?'
'ওইযে আবির ভাইয়া যে পড়ে। আলিফ, বা, তা। ওই বইয়ে?'

রিফাত বুঝল মুন কায়দার কথা বলছে। তবে সে ভেবে পেল না মুনের হঠাৎ এই কৌতুহল কেন? তায়েজিদ তো সেভাবে কখনো কিছু বলেনি। তখনই নিচে এলো আমরীণ। মাকে দেখে মুন বলল,
'মা, মা! চাচ্চুকে বলো না আমাকে আলিফ, বা এনে দিতে।'

রিফাতের চোখ কপালে। মুন আমরীণকে মা ডাকছে? এও বুঝি বিশ্বাসযোগ্য?
আমরীণ তাকাল রিফাতের দিকে। রিফাত দ্রুত চোখ নামিয়ে নেয়। বসের স্ত্রীর দিকে সরাসরি তাকানোর অনুমতি তাদের কারো নেই।
'আপনার বস কোথায়?'

রিফাত নিজেকে কিছুটা সামলে বলল,
'আছে ম্যাডাম। ডাক পাঠাব? বলব ফিরতে?'

আমরীণ ইতঃস্তত হলো।
'আসতে বলবেন, মুন বাবাকে চাচ্ছে।'

রিফাত ঘাড় কাত করল। মুন ততক্ষণে ছুটে গেছে সবাইকে জানাতে সে মক্তবে যাবে। কোহিনূর সবচেয়ে বেশি অবাক হয় নাতনির মক্তবের প্রতি এত আগ্রহ দেখে। মেয়েটা কখনো একা কোথাও বের হয়নি, আগে মসজিদের কথা শুনলেই কেমন কেঁদে বাড়ি মাথা তুলত। ধারণা ছিল, হয়তো কোনো জিনের আছর। এজন্যই কুরআন, নামাজ কিংবা তিলওয়াত শুনতে পারত না। অবশ্য অস্বাভাবিক ছিল না। কারণ তো ছিল। তায়েজিদও মেয়ে যা বলবে তাই, মেয়েকে কখনো কোনো বিষয়ে জোর-জবরদস্তিও করেনি।

তায়েজিদ ফিরল দু'ঘণ্টা পর। ফিরে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ঘরে গিয়েছে। আমরীণ শরবত নিয়ে গেল উপরে। কিন্তু গিয়ে তার মাথা এলোমেলো হয়ে যায়। তায়েজিদের গায়ে তাজা র ক্ত। পাঞ্জাবি, হাতে ছোপ ছোপ দাগ। কিছুটা ভড়কে উঠল সে। যেন কিছুক্ষণ আগেই তায়েজিদ কেলেঙ্কারি করে এসেছে। এত র ক্তা র ক্তির মানে কি? তায়েজিদ আড়চোখে আমরীণকে দেখল, কিন্তু কিছু বলল না। নিজের মতো ব্যস্ত পাঞ্জাবি খুলতে।
'ধুঁয়ে দিয়ো।'

আমরীণের চোখ কপালে। সে এমন কোন মহাকাজ করে এসেছে যে আমরীণ মন্ত্রমুগ্ধের মতো এটা ধুঁতে যাবে? প্রশ্নই আসে না। তার এত ঠ্যাকা পড়েনি এটা ধুঁবে। মানুষের র ক্ত মুছে দেওয়া আমরীণের পক্ষে সম্ভব না। সে ঘৃ ণায় মুখ ফিরিয়ে নেয়।

'আ-আপনার গায়ে র ক্ত কেন?'

তায়েজিদ আমরীণের চোখে ভয় দেখল। দুই ধাপ এগিয়ে গেল। বলল,
'শুনতে পারবে?'

'ছি, আপনি এতটা অ-মানুষ!'

'সেটা ইমন জা*য়ারের সাথে পালানোর আগে মনে রাখা উচিত ছিল।'

'বিয়ের সাথে আমার পালানোর কী সম্পর্ক?'

'তুমি না পালালে হয়তো বিয়ে করতাম না।'

বুকটা ধ্ক করে উঠল আমরীণের। সে চোখ ফিরিয়ে নিয়ে বলল,
'তো এখন সেই অপ রাধে আমাকে মা র বেন?'

তায়েজিদ সরু চোখে আমরীণের নজর এড়ানো দেখল।
'মেয়েদের গায়ে হাত তুলি না। সেখানে, তুমি তো বউ।'

আমরীণ দুই ধাপ পেছাল। লোকটাকে উদোম শরীরে সহ্য হচ্ছে না। তাকে কি সত্যিই তায়েজিদ বিয়ে করত না নাকি এ-সবই নাটক? সে অন্তত তাকে বিশ্বাস করছে না।

'কি? পালাচ্ছ কোথায়?'

'সরুন সামনে থেকে, কিছু পরুন!'

তায়েজিদ তার অস্বস্তি টের পেল। কিন্তু তার গা ছাড়া ভাব সর্বদা। সে হচ্ছে পুরুষ মানুষ, সে উদোম শরীরে ঘুরে বেড়াবে এটাই তো স্বাভাবিক। এতে আমরীণ লজ্জা পাক বা অস্বস্তিতে পড়ুক তাতে তার কি?

'এই উদোম শরীর দেখে অভ্যাস করে নাও। আমি এক কথা বারবার শুনতে পছন্দ করি না।'

বলেই তার হাতে পাঞ্জাবিটা ধরিয়ে দিয়ে বাথরুমের দিকে আগায়। ঝটপট গোসল দিয়ে মেয়ের কাছেও যেতে হবে। ফিরতে ফিরতে মেয়ের সম্পর্কে শুনেছে তার মেয়ে নাকি খুবই মিস করেছে।

আমরীণ এদিকে বোকা হয়ে দাঁড়ানো। হাতে তখনো পাঞ্জাবিটা। এই র ক্ত মাখা পাঞ্জাবি শেষমেষ তারই ধুঁতে হবে? কি আশ্চর্য!

—
তুষার আর রিফাত পাশাপাশি হাঁটছে। হাঁটতে হাঁটতে ওরা অনেকটাই দূরে চলে এসেছে। আপাতত তুষার যে কয়দিন থাকছে, রিফাতই তার সাথে থাকবে। তুষার এখনো ব্যক্তিগত ভাবে কাউকে নিজের জন্য বেছে নেয়নি। তবে একজন চোখে লেগেছে তার। নাম ফিজ। ফিজ নামটা বড়ই অদ্ভুত। মূলত নামটাই বেশি কৌতুহলী করেছে তাকে। এছাড়া ভালো গুণও আছে ব্যক্তিগত বডিগার্ড হিসেবে। কিন্তু কথা হচ্ছে, সে এসব চায় না। সে স্বাধীনভাবে ঘুরতে-ফিরতে পছন্দ করে। তার ধরা-বাঁধা একদমই পছন্দ না।

ওরা দূরে পলাশের দোকান দেখতে পেল। তুষার সেখানে গিয়েই বসল। রিফাত দাঁড়াল তার পাশেই। রিফাতকে দেখেই পলাশ কাকা বুঝে নিল তার এখন বেশ লাভ হতে চলেছে। তুষারকে চেনা চেনা লাগলেও মুখটা মনে করতে পারছে না। তুষার বলল,
'কাকা, কড়া লিকারের দুই কাপ দিবেন।'

পলাশ তাই করল। রিফাত হাসল, যাক তুষার এখনো তার পছন্দ মনে রেখেছে। তুষার কিছুটা মনমরা হয়ে আছে। কারণ কিছুক্ষণ আগেই তার বন্ধুরা ঢাকায় ফিরে গেছে। সে আরও কয়েকদিন থাকবে। ওজন না বাড়িয়ে ঢাকা ফিরলে হয়? রেগুলার যা ডেবে ডেবে তাকে খাওয়ানো হয়।

রিফাত বলল,
'ভাই, এখনো মনে রেখেছ।'

তুষার আর রিফাত সমবয়সী। বলা চলে বন্ধুর মতোই বড় হয়েছে। রিফাত কখনো তুষারকে আপনি করে বলেনি। সবসময় তুমি আর ভাইতেই সে অভ্যস্ত।
'মনে রাখব না কেন? এখান থেকে গেছি কি দশ-পনেরো বছর হয়ে গেছে?'

'না তা না। হঠাৎ বললে তো। খুশি হলাম।'

'তোর কথা বল রিফাত! তুই তো কসম দেওয়ার মতো অবস্থা, যে জীবনেও আমার ভাইয়ের কর্মচারী হবি না। এছাড়া তোর যা ঘাউড়ামির রেকর্ড, তোর গলায় ছুঁ রি চালিয়েও কেউ এই পেশায় আনতে পারত না। তাহলে এবার কী এমন হলো যে তোর মন ঘুরে গেল?'

রিফাত হো হো করে হাসল। তার পেটে হাত।
'বেশি কিছু না। আমাদের উঠোনে একদিন বস এসে বসল। বলল যে আমি যদি না আসি তাহলে আমার ঘর জ্বা লি য়ে দিবে।'

'রাজি হয়ে গেলে?'

'উহু।'

'তাহলে?'

'বললাম দেন জ্বালায়া। আমিও দেখি!'

'পরে?'

'পরে আর কি, বাপ্পীদের দিয়ে আনাল কেরোসিন। বিশেষ করে আমার ঘরে। চোখের সামনে আমার ঘর পুড়ে গেল। আমার বাপ এক লাত্থি দিয়ে বলল, তোর ঘরে জায়গা নাই, বিদায় হ। কয়েকদিন লাত্থি-উষ্টা খেলাম মানুষের। খাওয়া-দাওয়ায় আমি কত সৌখিন জানোই। সেবার আমি দুইদিন না খাওয়া। তখন মনে হলো যে নাহ, আমার জীবনে খাওয়ার থেকে বেশি প্রয়োজন আর কিছু নাই। রোগা শরীর নিয়ে গেলাম পরে বসের কাছে। বস রাজি হয়ে গেল।'

তুষার হতভম্ভ!
'সামান্য এই খাবারের জন্য তুমি রাজি হয়ে গেলা? ঘর পুড়েছে তোমার ব্রো, তখন চাইলেই রাজি হতে পারতা! পাগল নাকি?'

'পাগল গো বটেই। কিছু পাগল না থাকলে দুনিয়া চলবে কেমন করে।'

'আমার ভাইয়ের নজর ভালো কিন্তু। তুই ঘাউড়া হলেও বেশ কাজের। বরঞ্চ আরও বেশি।'

'থাক, এসব প্রশংসা আবার হজম হবে না। চা-ই যথেষ্ট।'

বলেই রিফাত দূরে ইশারা করল,
'ওইযে, লুঙ্গি ফতুয়া পরা এক চাচাকে দেখা যাচ্ছে? ওটা তোমার ভাইয়ের শ্বশুর। বস আমাকে একে জুয়াতে হারানোর জন্য এক হাজার টাকা দিছে। টাকা পকেটে অথচ জুয়া আর খেলা হচ্ছে না।'

তুষার আরও অবাক হলো। শেষমেষ জুয়া? সে দেখল তায়েজিদের শ্বশুর অর্থাৎ খায়রুলকে। রিফাত পলাশের দিকে তাকিয়ে দেখল লোকটা চা বানানো বাদ দিয়ে হা করে চেয়ে আছে। রিফাত তার দিকে একশো টাকার নোট এগিয়ে দিয়ে বলল,
'খবরদার কাকা, কেউ যেন এসব না জানে। জানলে এই একশো টাকা কি করে উশুল করতে হয়, তা কিন্তু জানি।'

পলাশ হাসার চেষ্টা করল। টাকাটা টুপ করে পকেটে ঢুকিয়ে বলল,
'কি যে কন। আমার ছায়াতেও কিছু জানব না। নিশ্চিন্তে থাহেন।'

তুষার ওদিকের বাড়িগুলো দেখল। রিফাত দেখিয়ে দিল কোনটা তায়েজিদের শ্বশুরবাড়ি। তুষার কি মনে করে বলল,
'এই রুমকি কে রে? ভাবীর কি বোন টোন আছে নাকি?'

'না তো। ওটা পাশের বাড়ির। ক্লাস নাইনে পড়ে।'

'তা জানি।'

'ব্যাপার কি ভাই, কখনো তো কোনো মেয়ের বিষয়ে জিজ্ঞেস করো না।'

'বেশি ভাবিস না রিফাত। আমার ছোটো মেয়ের প্রতি অত আগ্রহ নেই।'

রিফাত হো হো করে হাসল। হাসতে হাসতে বলল,
'বসেও এই কথা বলেছিল। এখন দেখো, বিয়েশাদি করে সংসারও চলছে। তোমাদের ভাইদের কথা আমি বিশ্বাস করি না ভাই!'

রিফাত থেমে বলল,
'অবশ্য, ওই বাড়ি থেকে আমি একটা মেয়ে ভাগাব ভাই। দোয়া কোরো শুধু।'

'রুমকি?'

'ছে ছে, অন্যের জিনিসে নজর দেই না। আরেকজন আছে। রাগচটা মেয়ে। জমবে দারুণ। তুমিও ভালো করেছ আমার ঊষার দিকে নজর দাওনি। নয়তো আজ তোমার আমার হাড্ডাহাড্ডি হতো। ভাবা যায়? এক মেয়ে নিয়ে দুজনে লাগতাম।'

'শাট আপ, রিফাত।'

—
সন্ধ্যার মধ্যেই গ্রামে ছড়িয়ে গেল, গতকাল মধ্যরাতে ডা কাতদের হাতেনাতে ধরেছে তায়েজিদ এবং তার দলবল। এদের সারাদিন তেলমশলা দিতে গিয়েই লোকজনের জানাজানিতে দেরী হয়ে যায়। তায়েজিদের ধারণা ছিল, এই সংগঠন তার বউভাতের মধ্যেই কিছু না কিছু গণ্ডগোল করবে। হয়তো ওরা ভেবেছিল তায়েজিদ নিজের বিয়ে নিয়ে ব্যস্ত, আর এখানেই ওরা সবচেয়ে বড় ভুলটা করে বসে। ওরা আবারও গর্ত ছেড়ে বেরিয়ে আসে সম্পদ লুটার উদ্দেশ্যে। এমনকি তায়েজিদকেও ওরা কমই ভেবে নেয়। এরপর যা হওয়ার তাই হলো। হাতাহাতি হলো, ধাওয়া পালটা ধাওয়া হলো। তায়েজিদের কাছ তো কেউ ঘেঁষতেই পারেনি তার পি স্তলের জন্য। এরা ভেবেই পায় না এই মা লের কাছে এত পি স্তলের ব্যবস্থা কি করে থাকে? এদের ধারালো অ স্ত্রই ভরসা ছিল। তায়েজিদের একেকটা শুটও ছিল নিখুঁত। এরা সব তখনই মাটিতে লুটিয়ে পড়ে। তায়েজিদ এদের কাউকেই সরাসরি মা রেনি। এদের আত্মসাৎ করা সম্পদের পাশাপাশি এখন তাদের বন্দী করে রেখেছে। এদের আগে নির্যা তন করেছে, বিচার আপাতত পরে করবে।

বাইরে এতকিছু করে এসে তায়েজিদ মেয়ের কাছে নিতান্তই একজন ভদ্র-সভ্য বাবা। সেই যে তখন থেকে মেয়েটা বাবার কোলে বসে টিভি দেখছে। ছাড়ছেই না বাবাকে। আমরীণের দূর থেকে তায়েজিদের এই সত্ত্বাকে চিনতে অসুবিধা হলো। বাইরে এই লোক সিংহের ন্যায় হিং স্র, অথচ মেয়ের কাছে একজন সেরা বাবা। কেউ এতটা রূপ বদল করতে জানে? এমন পাথর মানুষটা নিজের মেয়েকে বুঝি এতটা ভালোবাসতে জানে?

মুন টিভি দেখার ফাঁকে ফাঁকে বাবার গলা জড়িয়ে ধরল।
'বাবা কোথায় ছিলে?'
'কাজ করছিলাম মা।'
'কি কাজ?'
'দুঃখী মানুষদের মুখে হাসি ফোটানোর কাজ।'
'সেটা বুঝি এত কঠিন?'
'কঠিনই তো!'
'কিভাবে করে?'

তায়েজিদ মেয়ের চুলে ভাজে হাত গলিয়ে দেয়।
'আমার মায়ের চুল এত সুন্দর করে কে বেঁধে দিয়েছে?'

মুন খুশি হয়ে গেল। ভুলে গেল কিছুক্ষণ আগে বাবাকে কি জিজ্ঞেস করেছে। সে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চুলের স্টাইল দেখিয়ে বলল,
'মা করে দিয়েছে। আগে দেখোনি বাবা?'
'উহু।'
'সুন্দর না বাবা? সুন্দর?'
'হুঁ।'

আমরীণ তখনই তটস্থ পায়ে এগিয়ে এলো। টিভিতে তখনো টম এন্ড জেরী চলছে। সেটা দেখে মুন খিলখিল করে হাসছে। আবির এসেছিল এক ফাঁকে। কিন্তু সাথী জেগে আছে এখন, সে ছেলেকে ধরে পড়তে বসিয়ে দিয়েছে। আবির যেহেতু স্কুলে যায়, তাই ছেলের পড়াশোনায় সাথী চেষ্টা করে সঙ্গ দিতে।

তায়েজিদ মাথা তুলে তাকাল আমরীণের দিকে। তার হাতে চায়ের ট্রে। এক কাপ দেখে তায়েজিদের চোয়াল শক্ত হলো।
'আরেক কাপ আনো।'

আমরীণ কথা বাড়ায় না, ট্রে-টা টেবিলের ওপর রেখে আরেক কাপ আনতে যায়। সে চায় না মুনের সামনে কোনোপ্রকার ঝগড়াঝাঁটি করতে। তায়েজিদেরও এতে বারণ আছে। তায়েজিদ একবার বলেছিল, তাদের মধ্যে যত ঝগড়া-ঝামেলাই হোক সেটা চার দেয়ালের মাঝে থাকবে। কখনো মুন বা বাইরের কেউ যেন জানতে না পারে। বিশেষ করে মুন। মুন এই ছোট বয়সে অনেক খারাপের সম্মুখীন হয়েছে। সে চায় না সামনে এই বাচ্চাটার উপর আর কোনো বাজে প্রভাব পড়ুক।

লায়লা দূর থেকে দেখল এরা তিনজন একসাথে বসেছে। মেয়েটার চোখ ভরে উঠল মুগ্ধতায়। পাশের কাজের মেয়েটাকে খুঁচিয়ে বলল,
'দ্যাখ দ্যাখ, কি সুন্দর লাগতেছে।'
'লাগব না, তাইযেদ সাব মানেই তো সব ভালো।'

'হ রে। ম্যালা মানাইছে। না ডাকলে আমরা ওদিকে যামু না, বুঝছত?'
'হ, হ। জানি আমি। আমি একটু পাকনা আছি জানোই।'

—
আমরীণ কাপে চা ঢালতে ঢালতে বলল,
'মুনের বিষয়ে কথা ছিল।'

'হুঁ।'

'ওকে মক্তবে পাঠানোর বিষয়ে আর কি। স্কুলেও আগামী বছর ভর্তি হলে..'

তায়েজিদ তাকাল আমরীণের দিকে। মক্তবের নাম শুনে মুনের মনে পড়ল সে কি চায়। সে এবার বাবার কোলে দাঁড়িয়ে পড়ল। দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল,
'বাবা, বাবা! আমিও আবির ভাইয়ের সাথে পড়তে যাব। যাব যাব! আমাকে আলিফ বা কিনে দাও বাবা। আমি যাব।'

তায়েজিদ অবাক হলো। মুন ইতিমধ্যেই জেদ করতে শুরু করে দিয়েছে। তায়েজিদ কিছুটা খুশিও হলো বটে। অবশেষে তার মেয়েটা রাজি হয়েছে। মেয়ের কপালে চুমু দিয়ে বলল,
'আমার মা যা চায় তাই হবে।'

তায়েজিদ তখনই গলা উঁচিয়ে বাপ্পিকে ডাকল। বাপ্পি কোত্থেকে যেন খুব দ্রুত চলে এলো। তায়েজিদ তাকে আদেশ দিল যেন এখনই মুনের জন্য নতুন কায়দা আর রেহাল কিনে আনে। মুন তো রীতিমতো সোফায় খুশিতে লাফাচ্ছে। তাকে এক হাতে আগলে রেখেছে তায়েজিদ, যেন কোনো মতেই সে না পড়ে যায়। আমরীণ মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখল। বাবা-মেয়ের সম্পর্ক বুঝি এতটা সুন্দর হয়?

মুন চলে যায় এই খুশির খবরটা সবাইকে বলতে। তায়েজিদ গলা উঁচিয়ে লায়লাকে ডাকে যেন মুনের পিছে থাকে। লায়লাও তাই করল। আমরীণ সবটা শুধু দেখে গেল।

'তুমি জিজ্ঞেস করেছিলে না, কেন আমার গায়ে র ক্ত?'

আমরীণ তাকাল তায়েজিদের দিকে।
'এই গ্রামে আমিই আইন নিয়ন্ত্রণ করি, আমার হাতেই সব। আমি যদি আমার গ্রামকেই সুরক্ষা দিতে না পারি, তাহলে আমি আমার ঘরের মানুষগুলোকে কি করে সুরক্ষা দিব?'

'মা র পিট অবশ্যই এসবের সমাধান নয়।'

তায়েজিদ তাচ্ছিল্যের হাসি দিল।
'ওসব সিনেমার সংলাপ আমাকে শোনাবে না। সব ভালোর পিছে কেউ না কেউ খারাপ থাকে। সেই খারাপটাই হলাম আমি। সমাজ রক্ষার জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতেই হয়। আর আমি, আমার মেয়ের জন্য সব পারি।'

তায়েজিদ থেমে বলল,
'আমার মতো কিছু অ মানুষের খুব প্রয়োজন এদের সাইজ করার জন্য। নয়তো দূর্নীতি, ঝামেলা, অ ন্যায় এই গ্রামে থামবে না।'

আমরীণ শুনে গেল নীরবে। তার কিছুটা খারাপ লাগছে। তখন মুখের ওপর কেমন করে অ মানুষ বলে দিল। নিশ্চয়ই খারাপ লেগেছে? কিন্তু তায়েজিদের মধ্যে খারাপ লাগালাগির কিছুই দেখা যাচ্ছে না। আমরীণই বা কি করবে? এসব তার দমবন্ধকর লাগে, সে নিজের মনের অবস্থা তায়েজিদকে বোঝাতে অক্ষম হলো। তায়েজিদও কথা বাড়ায় না, চলে যায় বাইরে একটু হাঁটাহাঁটি করতে।

নতুন কায়দা, রেহাল পেয়ে মুনের খুশির অন্ত নেই। সেগুলো নিয়েই সে খাবার খেল, সেগুলো বালিশের পাশে রেখেই ঘুমিয়ে পড়ল। তায়েজিদ জানিয়েছে আগামী মাসের এক তারিখ থেকে মুনও আবিরের সাথে মক্তবে যাবে। এক তারিখ আসতে এখনো কিছুদিন বাকি।

রাতে আমরীণ একপাশে বসে গায়ে তিব্বত মাখছে। তখনই তায়েজিদ এলো। কারেন্ট নেই। বারান্দার দরজাটা খোলা। সুন্দর বাতাস আসছিল। তায়েজিদ এসে চট করে দরজাটা লাগিয়ে দেয়। এমনকি খোলা জানালাও। তায়েজিদের এই কাণ্ড আমরীণ আগেও দেখেছে। কেন যেন লোকটা রাতে এসব খুলতেই চায় না। প্রশ্ন করলে রেগে যায়। এবারও আমরীণ বলল,
'গরম লাগছে, তাই খুলে রেখেছিলাম।'

তায়েজিদ পাঞ্জাবি খুলতে খুলতে বলল,
'দরকার নেই খোলার। সামনে যেন খোলা না দেখি।'

'কেন?'

এবার তায়েজিদ রাগ করল না।
'আমি বলেছি তাই। রাতে এদিকটা ভালো না।'

আমরীণ বুঝল তায়েজিদ কোন দিকে ইঙ্গিত করছে। তায়েজিদের মতো পুরুষ মানুষও যে এসব বিশ্বাস করে— দেখে তা অবাক লাগল।

তায়েজিদ ততক্ষণে তার দিকে পিঠমুখী হয়ে বসেছে। আমরীণ হারিকেনের আলোয় দেখল তায়েজিদের পিঠের একপাশে ক্ষত। সে চমকে গেল। কেমন র ক্ত জমে নীল হয়ে আসছে। সে কিছুটা এগিয়ে এসে বলল,
'এখানে র ক্ত জমেছে। ছিলেও গেছে দেখছি। এটা কী হাতাহাতিতে হয়েছে?'

তায়েজিদ ঘাড় ঘুরিয়ে তাকাল আমরীণের দিকে। সে নিজেও বলতে পারবে না সে আহত হয়েছে।
'কোথায় জমেছে?'
'আপনার কোমরে, আর পিঠের একপাশেও।'

তায়েজিদ শীতল চোখে আমরীণের চিন্তিত মুখটা দেখল।
'ছুঁয়ে দিয়ে দেখাও।'

__________________
®লাবিবা ওয়াহিদ
#চলবে~~

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন