ফন্ট সাইজ:
থিম:
চাতক চিত্তে চৈত্রমাস

পর্ব 4

লেখক: ইনায়া আফরিন অপি

#চাতক_চিত্তে_চৈত্রমাস.
#পর্বসংখ্যা_০৩.
#ইনায়া_আফরিন_অপি.

চৈত্র সংক্রান্তির সকাল। রূপদিয়া গ্রামের হক বাড়ির বিশাল মাটির উঠোনে ভোরের মিঠে রোদ এসে পড়েছে। রাতভর শিশিরে ভেজা উঠোনের মাটি এখনো কিছুটা কালচে, পায়ের ছাপ পড়লেই তাতে ছোট ছোট গর্ত হয়ে যাচ্ছে। চারপাশটা ঘন আম, জাম আর সুপারি গাছে ঘেরা থাকায় রোদের তেজ এই উঠোনে এসে অনেকটাই জুড়িয়ে যায় গাছের ফাঁক দিয়ে আলোর ছোট ছোট বৃত্ত এসে মাটিতে নকশা কেটে যাচ্ছে। বাতাসের সাথে সাথে সেই নকশাও নড়েচড়ে বেড়াচ্ছে। সকালের ঠান্ডা হাওয়া গাছের পাতাগুলোতে ঝিরঝির শব্দ তুলছে আর দূরে কোথাও একটা মোরগ শেষবারের মতো ডেকে উঠে থেমে গেল। উঠোনের কোণে বাঁধা গরুটা লেজ নাড়িয়ে মাছি তাড়াচ্ছে, আর তার গলার ঘন্টিটা টুংটাং শব্দ তুলছে প্রতিবার নড়াচড়ায়। বাড়ির পেছনের পুকুরঘাট থেকে ভেসে আসছে কারো বাসন মাজার আওয়াজ। মাঝে মাঝে একটা হাঁসের ডাকও শোনা যাচ্ছে। চৈত্রের এই শেষ সকালটায় গ্রামজুড়ে একটা উৎসবের গন্ধ নতুন বছরকে বরণ করার আগের দিনের সে চিরচেনা ব্যস্ততা।

উঠোনের এক কোণে পাতা বিশাল মাটির চুলার পাশে বসে বড় লোহার কড়াইয়ে চালের গুঁড়োর চিতই পিঠা বানাচ্ছিলেন ফজলুল মামার স্ত্রী, অর্থাৎ দোয়েলের মামি আমেনা বেগম। তাঁর পরনে লালপাড় সাদা শাড়ি, আঁচলটা কোমরে গোঁজা, কপালে ঘামের ফোঁটা চিকচিক করছে। কড়াইয়ের ঢাকনা তুলতেই ভাপের সাথে সাথে চালের গুঁড়োর একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। বাঁশের ফুঁকনি দিয়ে চুলার আগুনে ফুঁ দিতে দিতে ধোঁয়ায় তাঁর চোখ দুটো লাল হয়ে জল টলটল করছে। প্রতিটা ফুঁয়ের সাথে সাথে চুলার আগুন একবার দপ করে জ্বলে উঠছে, তারপর আবার নিভু নিভু হয়ে যাচ্ছে, আর কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠে যাচ্ছে টিনের চালের ফাঁক দিয়ে। কড়াইয়ের পাশে রাখা মাটির সরায় সারি সারি সাজানো আছে সদ্য বানানো পিঠা, ধোঁয়া উঠছে সেগুলো থেকেও।

উনানের পাশে বসে ছোট বঁটি দিয়ে আলু কুচোতে কুচোতে একমনে ক্যাসেট প্লেয়ারে সাবিনা ইয়াসমিনের গান শুনছে টুনি। পুরনো একখানা টু-ইন-ওয়ান ক্যাসেট প্লেয়ার, ব্যাটারি প্রায় শেষের দিকে বলে গানের সুরটা মাঝে মাঝে একটু জড়িয়ে টেনে টেনে বাজছে, তবু টুনির কানে যেন সেটাই মধুর ঠেকছে। তার চোখ দুটো আধবোজা, ঠোঁটের কোণে একটা আনমনা হাসি লেগে আছে, বঁটির ওপর হাতটা মাঝে মাঝে থেমে যাচ্ছে গানের কলিতে ডুবে গিয়ে। মাথার একগোছা চুল কপালে এসে পড়েছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই।

ঠিক তখনই রান্নাঘরের দরজায় এসে দাঁড়াল দোয়েল। আজ তার মেজাজটা সকাল সকাল বেশ ফুরফুরে। পরনে তার একটা নীল-সাদা ডুরে সুতির শাড়ি, চুলে আলগা একখানা বেণি করা, হাতে কয়েকগাছি কাচের চুড়ি রিনরিন শব্দ তুলছে। দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে সে কিছুক্ষণ চুপচাপ টুনিকে দেখল, তারপর দুষ্টুমি ভরা চোখে এগিয়ে এসে টুনির গালটা টিপে দিয়ে বলল,

"কিরে মায়াবতী! সকাল সকাল গান শুনে কার বিরহে বুক ফাটানো দীর্ঘশ্বাস ফেলছিস শুনি? শহরের ওই গম্ভীর ইঞ্জিনিয়ার সাহেবের নাকি?"

টুনি লজ্জায় এক্কেবারে লাল হয়ে বঁটি থেকে হাত সরিয়ে নিল। তাড়াহুড়োয় হাত থেকে একটা আলুর টুকরো মাটিতে পড়ে গেল সেদিকে তার খেয়ালই নেই। সে মুখ নিচু করে বলল,

"ধুর দোয়েল আপা! তোর মুখে সত্যি কোনো আটকোট নেই। আমি এমনি গান শুনছি, তাতে তোর এত হাসাহাসির কী হইল বুঝি না। আর ইঞ্জিনিয়ার বাবু তো কাল থেকে লজমেন্টের ঘরে ম্যাপ নিয়ে কুস্তি লড়ছেন, ওনার কথা খামোখা আমি ভাবতে যাব কেন? তুই তো জানিস, ওনার সাথে আমার কথাই হয় নাই এই কয়দিনে।"

"আরে বাবা, রাগ করিস কেন?"

দোয়েল টুনির পাশে বসে পড়ে তার কাঁধে হাত রাখল,

"আমি তো এমনিই একটু খ্যাপাচ্ছিলাম। তবে শোন, মানুষটা কিন্তু সুন্দর কথা বলে। কালকে যখন আমার সাথে দেখা হইল ঘাটের কাছে, দুইটা কথাই বলল, কিন্তু তাতে কী ভদ্রতা!"

বলেই সে হেসে ফেলল,

"যাই হোক, তুই তোর গান শোন, আমি মামির পিঠা দেখি।"

আমেনা মামি উনানের ধোঁয়া থেকে মুখ সরিয়ে হেসেই কূল পান না, শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন,

"থাম থাম, তোরা দুইজনে সকাল বেলাই লাগছস। টুনি গো, মন খারাপ করিস না, তোর দোয়েল আপায় তো সারাদিন এইরকমই করব।"

তিনি চোখ মুছতে মুছতে একটু ক্ষ্যাপাটে টানে আবার বললেন

"সকাল বেলা থেইক্যা ছেড়িডার পিছে লাগছিস ক্যা? তা আয়মান বাজান ভালা আছে তো রে দোয়েল? হুনলাম কালকে রাইতে মন্টুর ধানের গোলার ওদিক শরাফত মাতব্বরের চেলারা ঘুরঘুর করতাছিল। তুই একটু সাবধানে থাকিস মা, এই সব লোকজন ভালা না।"

দোয়েলের মুখের চঞ্চল হাসিটা এক পলকের জন্য একটু গম্ভীর হলো। সে রান্নাঘরের খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল,

"আরে মামি, ওনার চিন্তা ওনারে করতে দাও। শহরের মানুষ তো, গায়ে একটু রূপদিয়ার বাতাস লাগলেই সর্দি-কাশি হয়ে যাবে। তবে লোকটা মানুষ হিসেবে বড্ড সোজা-সরল। কাল শরাফত মাতব্বরের ওই কুদ্দুস ভাই যখন ওনারে কী যেন একটা খাম দিতে গেল, উনি নাকি ওটা ছুঁড়ে ফেলে দিয়েছেন! শিমুল আমারে বলল, লজমেন্টের বারান্দায় বসেই নাকি এই ঘটনা ঘটল। কুদ্দুস ভাই তো রাগে গজগজ করতে করতে চলে গেছে।"

"হায় আল্লাহ!"

আমেনা মামির হাত থেমে গেল ফুঁকনি ধরে রাখা অবস্থাতেই,

"এই ছেলে তো তাইলে সাহসী মানুষ! শরাফত মাতব্বরের সামনে খাম ছুঁইড়া ফেলা তো সোজা কথা না রে দোয়েল, ওই লোক তো পুরা এলাকাটা এক হাতে চালায়। তোর মামায় জানে এই কথা?"

"জানি না মামি, শুনি নাই মামায় জানে কি না। তবে তুমি চিন্তা কইরো না, ইঞ্জিনিয়ার সাহেব নিজেই তো পাথরের মতো শক্ত মানুষ, দেখলেই বুঝা যায়।"

বলে দোয়েল আবার হেসে ফেলল, তারপর টুনির মাথায় আলতো টোকা দিয়ে বলল,

"তুই ওনার কথা ভুইলা যা টুনি। শহরের মানুষ একদিন কাজ শেষ হইলে চইলা যাইব। মন খারাপ কইরা কী লাভ?"

কথাটা বলতে গিয়ে তার নিজের গলাতেই কেমন একটা অস্বস্তির সুর লেগে গেল, যেটা সে নিজেও বোধহয় ঠিক বুঝতে পারল না। ঠিক তখনই উঠোনে একটা তুমুল হইচই শোনা গেল। শিমুল এলো এবং তখন শিমুল ও টুনি একটা মস্ত বড় কাঁচের বয়াম নিয়ে কাড়াকাড়ি করছে, দুজনেরই হাত বয়ামের মুখ ধরে টানাটানি করছে, আর তাদের পায়ের নিচে ধুলো উড়ছে খানিকটা। শিমুলের পরনে একটা ঢোলা হাফপ্যান্ট আর ফতুয়া, পায়ে এক জোড়া স্যান্ডেল, সে বয়ামটা উঁচিয়ে ধরে চিৎকার করে বলছে,

"টুনি, এটা আমার রসগোল্লার বয়াম! গত ঈদে
বড় মামা আমারে দিছে, তুই এটা দিয়ে কী করবি?"

টুনি কোমরে হাত দিয়ে ঠোঁট উল্টে বলল,

"রাখ তোর রসগোল্লা! বয়াম তো এখন খালি, রসগোল্লা কবেই শেষ হইয়া গেছে। এই বয়াম ধুয়ে আমি লাল পিঁপড়ে জমাব। তুই জানিস না, লাল পিঁপড়ের কামড় খেলে গায়ের জোর বাড়ে? বদি ভাইয়ে কইছে, তার নাকি এইভাবেই এত শক্তি হইছে!"

"মিথ্যা কথা!"

শিমুল চেঁচিয়ে বলল,

"বদি ভাই তো সারাদিন খালি বাটপারি করে বেড়ায়, তার কথা তুই বিশ্বাস করিস? আর পিঁপড়ে জমাইয়া রাখলে কামড়াবে কারে? তোরে নাকি আমারে?"

"তোরেই তো কামড়াইবে, বেশি প্যাচাল পারলে!"

টুনি জিভ ভেংচি কেটে বলল কথাটা। দোয়েল রান্নাঘর থেকে বের হয়ে এসে দুজনের মাথায় দুটো মৃদু গাট্টা মারল, তারপর বয়ামটা টান দিয়ে নিজের হাতে নিয়ে নিল,

"তোরা দুটাই আস্ত পাগল! এই বয়াম দিয়ে পিঁপড়ে জমাবি কেন, আর রসগোল্লার লোভেই বা এমন কাড়াকাড়ি করিস কেন? তোদের দুইজনেরই মাথায় গণ্ডগোল আছে। তার চেয়ে চল, আজকে দুপুরে আমরা ভৈরব নদীর ঘাটে গিয়ে কাগজের নৌকা ভাসাব। ছোটবেলার মতো। পিঁপড়ে জমানোর চেয়ে এইটা অনেক মজার হবে, তাই না?"

শিমুল আর টুনি দুজনেই মুহূর্তের মধ্যে ঝগড়া ভুলে গিয়ে হাততালি দিয়ে উঠল,

"হ্যাঁ হ্যাঁ, নৌকা ভাসামু!"

টুনি আবার জিজ্ঞেস করল,

"আপা, তাইলে বয়ামটার কী হইব?"

দোয়েল বয়ামটা উঠানের একপাশে রেখে দিয়ে বলল,

"এইটা রাইখা দে, দুপুরে নৌকা বানানোর জন্য পূজার কাছ থেকে পুরান খবরের কাগজ যোগাড় করিস বরং।"

বারান্দার এক পাশে ইজিচেয়ারে বসে তসবিহ গুনছিলেন দোয়েলের বড় মামা ফজলুল হক সাহেব। মাথায় সাদা টুপি, পরনে সাদা লুঙ্গি আর ফতুয়া, চোখে মোটা কাচের চশমা। উঠোনের হইচই শুনে তিনি তসবিহ গোনা থামিয়ে বারান্দা থেকে গলা বাড়িয়ে একটু ধমকের সুরে বললেন,

"আরে তোরা কি সারাডাদিন খালি চিল্লাইবি? একটু শান্ত হ, পাড়া-প্রতিবেশী কী মনে করব। শিমুল, তুই এখনো নদীর ঘাটের কামলাগো খবর দিলি না? কালভার্টের বালু তো ঘাটে আইসা পইড়া রইছে, ওইগুলা সরাইতে না কইলে তো সন্ধ্যার আগে কামলারা আইবই না। আর দোয়েল, তুই বেশি ওই দুইটারে মাথায় তুলিস না, সারাদিনই তো ওদের নিয়া দৌড়াদৌড়ি করস।"

"আইচ্ছা আব্বা, আমি এখনই খবর দিয়া আসতাছি।"

শিমুল উত্তর দিয়ে দৌড় লাগাল, আর দোয়েল মিটিমিটি হেসে মামার দিকে তাকিয়ে বলল,

"তুমি চিন্তা কইরো না মামা, ওদের নিয়াই তো এই বাড়িতে মজা।"

ফজলুল হক সাহেব মাথা নেড়ে আবার তসবিহ গোনায় মন দিলেন, তবে ঠোঁটের কোণে একটা লুকানো হাসি স্পষ্ট বোঝা যাচ্ছিল। দুপুরের দিকে রোদের তেজ যখন একটু বাড়ল, তখন আয়মান লজমেন্ট থেকে বের হয়ে নদীর ঘাটের দিকে আসছিল। তার বগলে একগাদা সরকারি ফাইল আর ড্রয়িং শীট, হাতে একটা কাঠের স্কেল আর কম্পাস বাক্স। পরনে হালকা নীল রঙের হাফহাতা শার্ট, প্যান্টের নিচের দিকটা কাদায় খানিকটা নোংরা হয়ে আছে সকালের মাঠ ঘোরার ফলে। রোদের তাপে তার ফর্সা কপাল বেয়ে ঘাম ঝরছে, চশমাটা বারবার নাকের ডগা থেকে পিছলে নামছে, আর সে প্রতিবার হাতের একটা আঙুল দিয়ে সেটা ঠেলে ওপরে তুলে দিচ্ছে। খালের বাঁধ প্রকল্পের কাজে সরকার থেকে পাঠানো এই তরুণ প্রকৌশলী সপ্তাহ, সপ্তাহ ধরে গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হেঁটে হেঁটে জমি মেপে বেড়াচ্ছে, রাতে লজমেন্টের ঘরে বসে হ্যারিকেনের আলোয় ম্যাপ আর হিসাবপত্র নিয়ে বসে থাকে। শহরের ছেলে হলেও তার চালচলনে কোনো অহংকার নেই, বরং একটা লাজুক নীরবতা তাকে সবসময় ঘিরে রাখে।

ঘাটের বুড়ো বটগাছটার নিচে আসতেই আয়মান থমকে দাঁড়াল। সেখানে এক অভূতপূর্ব দৃশ্য! দোয়েল, পূজা, শিমুল আর টুনি—চারজন মিলে গোল হয়ে মাটির ওপর বসে খবরের কাগজ ছিঁড়ে মন দিয়ে কাগজের নৌকা বানাচ্ছে। চারপাশে ছেঁড়া কাগজের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে, বাতাসে সেগুলো মাঝে মাঝে উড়ে গিয়ে আবার মাটিতে পড়ছে। দোয়েলের পুরো কপালে আর গালে কাগজের কালির দাগ লেগে একাকার, হাতের চুড়িগুলোও কালিতে মাখামাখি। সে একটা বড় কাগজের নৌকা বানিয়ে বাতাসে দোলাতে দোলাতে গলা উঁচিয়ে বলল,

"আমার নৌকাটা এবার সোজা গিয়ে হুলুস্থুলু দূরে নদীতে পড়বে, কেউ আটকাতে পারবে না! দেখিস তোরা, আমারটাই সবচেয়ে দূরে যাইব।"

শিমুল খেয়াল করল আয়মান দাঁড়িয়ে আছে। সে হাত নেড়ে চেঁচিয়ে উঠল,

"আরে আয়মান ভাই! আসুন, আসুন! কাজের ফাইল রাখুন তো। শহরের ইঞ্জিনিয়ার সাহেব কি কাগজের নৌকা বানাতে পারেন? বাজি ধরলাম, আপনি পারবেন না! আসেন দেখি, আজকে পরীক্ষা হইয়া যাক।"

আয়মান কিছুটা অপ্রস্তুত হয়ে চশমাটা ঠিক করল, তার মুখে একটা হালকা লজ্জা মেশানো হাসি ফুটে উঠল,

"না মানে শিমুল, আমি তো সরকারি কাজের ম্যাপ নিয়ে থাকি... কাগজের নৌকা অনেক ছোটবেলায় বানিয়েছিলাম, এখন হয়তো ভুলে গেছি। তোমরা বরং তোমাদের কাজ চালিয়ে যাও, আমি এমনি দাঁড়িয়ে দেখি।"

"ভুলে গেছেন মানে কী!"

দোয়েল এক লাফে উঠে দাঁড়িয়ে আয়মানের সামনে এসে দাঁড়াল, হাতের নৌকাটা এখনো মুঠোয় ধরা। তার চঞ্চল চোখে এক দুষ্টুমির ঝলক, ঠোঁটে কি মনোমুগ্ধকর হাসি তবে মনে হচ্ছে এটা চ্যালেঞ্জের হাসি। সে মাথা দুলিয়ে বলল,

"রাস্তার নকশা আঁকতে পারেন, আর নদীর একটা কাগজের নৌকা বানাইতে পারেন না? এটা তো রূপদিয়া গ্রামের অপমান, ইঞ্জিনিয়ার সাহেব! বসেন এইহানে, আজ আপনারে পরীক্ষা দিতেই হইব। পালাইতে পারবেন না, বলে দিলাম।"

দোয়েলের এই চটপটে অধিকারবোধের জোরের সামনে আয়মান আর না করতে পারল না। সে তার সরকারি ফাইলগুলো বটগাছের শিকড়ের ওপর সাবধানে রেখে, স্কেল আর কম্পাস বাক্সটাও পাশে গুছিয়ে, ধুলোমাখা মাটিতেই বাবু হয়ে বসে পড়ল। পূজা এতক্ষণ চুপচাপ বসে থাকলেও এবার একটু সরে গিয়ে তাকে বসার জায়গা করে দিল, আর টুনি তার নিজের বানানো নৌকাটা দেখাতে দেখাতে বলল,

"দেখেন ভাইয়া, আমারটা কেমন হইছে! এইটা তো ফার্স্ট ক্লাস।"

দোয়েল তার দিকে একটা ছেঁড়া খবরের কাগজের টুকরো বাড়িয়ে দিয়ে বলল,

"এই নেন। দেখি আপনার ইঞ্জিনিয়ারিং বুদ্ধি এখানে কেমন কাজে লাগে।"

আয়মান অত্যন্ত গুরুত্বের সাথে কাগজটা হাতে নিল। সে যেভাবে নিখুঁত ম্যাপ আঁকে, ঠিক সেই ভঙ্গিতে খুব সাবধানে ভাঁজ করতে লাগল, প্রতিটা ভাঁজের কোণ যেন মেপে মেপে ঠিক করছে। কিন্তু চৈত্র মাসের দুপুরের বাতাসে কাগজটা বারবার উড়ে যাচ্ছিল, একবার তো প্রায় নদীর দিকেই উড়ে যাচ্ছিল, শিমুল দৌড়ে গিয়ে ধরে আনল। দোয়েল সেটা দেখে খিলখিল করে হেসে উঠল, হাসতে হাসতে তার চোখে জল এসে গেল প্রায়,

"আরে আয়মান সাহেব, কাগজের নৌকা বানাতে স্কেল আর পেনসিল লাগে না, লাগে মন! আপনার তো মনটাই শহরের কংক্রিটের মতো শক্ত হয়ে গেছে, তাই বাতাসের সাথে ভাব জমাইতে পারতাছেন না।"

আয়মান দোয়েলের এই কথার জবাবে কিছু বলল না, তবে তার ঠোঁটের কোণে এক চিলতে ম্লান ও শান্ত হাসি ফুটে উঠল। সে ধীরস্থিরভাবে শেষ ভাঁজটা দিতেই কাগজটা চমৎকার একটা ত্রিকোণ নৌকার রূপ নিল, ধারগুলো একদম সমান, যেন মাপজোখ করেই বানানো। শিমুল হাততালি দিয়ে উঠল,

"ওয়াহ ভাই! আপনার নৌকাটা তো আমাগো সবার চেয়ে সুন্দর হইছে! একদম সোজা, কোথাও একটুও বাঁকা না। দোয়েল আপা, দেখ দেখ!"

টুনি মুখ বাঁকিয়ে বলল,

"সুন্দর হলে কী হবে, পানিতে ভাসলে যদি ডুবে যায়? সুন্দর নৌকা সবসময় ভালো চলে না, নানি কইছে।"

"তোর নানির কথা রাখ, আগে দেইখা নিই,"

দোয়েল হেসে বলল, তারপর নিজের নৌকা আর আয়মানের নৌকাটা হাতে নিয়ে ঘাটের শেষ সিঁড়িটায় গিয়ে বসল। ভৈরব নদীর জল তখন চৈত্র শেষের শান্ত রূপ নিয়ে অলস বয়ে যাচ্ছে, রোদের আলোয় জলের ঢেউগুলো ছোট ছোট আয়নার মতো চিকচিক করছে। দূরে একটা মাঝি নৌকা বেয়ে যাচ্ছিল, গলুইয়ের ছলাৎ ছলাৎ শব্দ ভেসে আসছিল বাতাসে। দোয়েল নদীর জলের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল,

"জানেন আয়মান সাহেব, ছোটবেলায় যখন আমার খুব একা লাগত, আম্মা-আব্বা চলে যাওয়ার পর যখন রাতে কাঁদতে পারতাম না, তখন এই ঘাটে এসে কাগজের নৌকা ভাসাতাম। ভাবতাম, এই নৌকাগুলো বুঝি আমার সব দুঃখ ভাসাইয়া নিয়া দূর দেশে চলে যাবে, যেখানে কোনো কষ্ট নাই। আমি তখন খুব ছোট ছিলাম, নানি আমারে খুঁজতে খুঁজতে ঘাটে আইসা দেখত আমি একলা বইসা কাঁদতাছি।"

দোয়েলের এই আকস্মিক স্মৃতিকাতরতায় ঘাটের চারপাশের পরিবেশটা এক নিমেষে গম্ভীর হয়ে গেল। মায়া আর টুনিও এসে দোয়েলের পাশে বসল, শিমুল চুপচাপ দাঁড়িয়ে রইল একটু দূরে, তারও চোখেমুখে কেমন একটা করুণ ভাব ফুটে উঠল। আয়মান দাঁড়িয়ে থেকে দোয়েলের সেই কালির দাগ মাখা নিষ্পাপ মুখটার দিকে তাকাল। মেয়েটার এই চঞ্চলতার আড়ালে যে কত বড় এক মেঘ জমে আছে, তা সে ছাড়া আর কে ভালো বুঝবে? সে নিজেও তো এতিম, ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে চাচার বাড়িতে বড় হয়েছে, সে জানে মা-বাবা না থাকার শূন্যতা কেমন নিঃশব্দে মানুষকে কুরেকুরে খায়, রাতের বেলা কেমন হঠাৎ করে বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়।

আয়মান দোয়েলের পাশে এক ধাপ নিচে এসে বসল, তার নিজের নৌকাটা হাতে নিয়ে সেটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন কথা গুছিয়ে নিচ্ছে। তারপর শান্ত কণ্ঠস্বরে এক অদ্ভুত ভরসা ঢেলে দিয়ে বলল,।

"দোয়েল কাগজের নৌকা পানিতে ভিজে ছিঁড়ে যেতে পারে, কিন্তু মনের ইচ্ছা কখনো ডুবে যায় না। আমিও ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছি, আমি জানি এই একলা লাগাটা কেমন। কিন্তু দেখেন, সেই একলা লাগা থেকেই তো মানুষ নিজের ভেতরে একটা শক্তি খুঁজে পায়। আপনার আম্মা-আব্বা যেখানেই থাকুন না কেন, আপনার এই চঞ্চল হাসিটা দেখলে তাঁরাও নিশ্চয়ই অনেক খুশি হন। এই হাসিটা ধরে রাখবেন, এইটাই আপনার সবচেয়ে বড় সম্পদ।"

দোয়েল চোখ তুলে আয়মানের দিকে তাকাল। এই প্রথম সে আয়মানকে 'ইঞ্জিনিয়ার সাহেব' বা 'ওলন্দাজ' না বলে মনে মনে এক অদ্ভুত মানুষ হিসেবে আবিষ্কার করল, যার নিজের ভেতরেও একটা গোপন কষ্ট লুকানো আছে, যেটা সে সহজে কাউকে দেখায় না। তার চোখের কোণে ফোঁটা জল চকচক করে উঠলেও সে চট করে মাথা নেড়ে সেটা আড়াল করল, তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা একবার মুছে নিল আলগোছে। তারপর আবার চঞ্চলতায় ফিরে এসে আয়মানের নৌকাটা পানিতে ভাসিয়ে দিয়ে বলল,

"ঐ দেখেন! আপনার নৌকা কিন্তু আমার নৌকার আগে যাইতাছে! এটা অন্যায়, আপনি ম্যাপের কোনো টেকনিক লাগিয়েছেন নিশ্চয়ই, নাইলে এমনে সোজা যায় ক্যামনে!"

আয়মান হেসেই ফেলল, হাসিটা এবার আর লাজুক নয়, বরং একটু খোলামেলা,

"আরে না, এখানে তো নদীর স্রোত যা করার করছে। আমার নৌকা তো শুধু ভাসতেছে, স্রোত ওরে নিয়া যাইতেছে। এইটাতে আমার কোনো কৃতিত্ব নাই।"

"থাক থাক, আর সাফাই দিতে হইব না,"

দোয়েল হাসতে হাসতে বলল, "শহরের মানুষ হারলেও কারণ খুঁজে বাহানা দেয়, এইটা আমি জানি।"

শিমুল আর টুনিও তখন হেসে উঠল, পূজা মুখ টিপে হাসছিল একপাশে দাঁড়িয়ে। চারজন মিলে হাসাহাসি আর আনন্দের মধ্য দিয়ে কাগজের নৌকাগুলোর ভেসে যাওয়া দেখতে লাগল, একটু পরপরই কেউ না কেউ চেঁচিয়ে উঠছিল কার নৌকা কতদূর গেল তার হিসাব নিয়ে। আড্ডার মধ্যে এক অদ্ভুত শান্তির আবহ ছড়িয়ে পড়ল, যেন সময়টা সেখানেই থমকে গেছে কিছুক্ষণের জন্য।

ঠিক তখনই ঘাটের ওপরের পথ ধরে লাঠিতে ভর দিয়ে খটখট শব্দ করে হেঁটে আসছিলেন সুফিয়া বেগম। বয়সের ভারে নুয়ে পড়া এই প্রবীণ মানুষটির পরনে সাদা থান, মাথায় একটা আঁচল টানা, হাতের কাঠের লাঠিটা প্রতি পদক্ষেপে মাটিতে ঠুকঠুক শব্দ তুলছে। তিনি তাদের দিকে তাকিয়ে একটু ক্ষোভের টানে বললেন,

"ওরে তোরা এই রোদের মইধ্যে নদীর চরে বইসা কী করতাছিস? সকাল থেইক্যা খুঁজতাছি তোগো, বাড়িতে তো কেউ নাই। দোয়েল, বাড়ি চল। তোর মামায় ডাকতাছে, কী নাকি হিসাবের কথা কইব। আর আয়মান বাজান, তুমিও আসো, দুপুরের খাওনডা আমাগো ঘরেই খাইয়া যাও, একলা লজমেন্টে বইসা কী আর খাইবা, তোমগো মামি আজকে ভালা রান্না করছে।"

নানির কথা শুনে দোয়েল চট করে উঠে শাড়ির ধুলো ঝাড়ল, শিমুল আর টুনি নিজেদের নৌকাগুলো আরেকবার শেষবারের মতো দেখে নিয়ে দৌড়ে এল। আয়মানও তার ফাইলগুলো গুছিয়ে নিয়ে উঠে দাঁড়াল,

"নানী আপনাদের এত কষ্ট করার দরকার ছিল না, আমি লজমেন্টেই..."

কিন্তু সুফিয়া হাত নেড়ে থামিয়ে দিলেন,

"আরে না না। মেহমান মানুষ, তুমি না খাইলে হইব? চল চল।"

ঘাট থেকে হক বাড়ির দিকে ফেরার পথে, গ্রামের বড় তেঁতুল গাছটার নিচে দাঁড়িয়ে ছিল শরাফত আলীর চ্যালা কুদ্দুস আর তার সাথে আরও দুটো অচেনা লোক। তাদের পরনে লুঙ্গি আর গায়ে চাদর জড়ানো, যার ভেতর কিছু একটা লুকানো আছে বলে মনে হচ্ছিল, লুঙ্গির খুঁটে একটা শক্ত বস্তুর আকৃতি স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনজনের চোখেই অহংকারী নির্লিপ্ততা, যেন এই পথ দিয়ে যাওয়া সবাইকেই তাদের সামনে দিয়ে জবাবদিহি করে যেতে হবে।

কুদ্দুস আয়মানকে দেখে এক কুৎসিত হাসি দেয়। তার দাঁতের ফাঁকে পানের ছোপ স্পষ্ট,

"কী ইঞ্জিনিয়ার সাব? কাগজের নৌকা ভাসাইয়া খুব আনন্দ পাইতাছেন? ভালা ভালা, মজা কইরা লন যতদিন পারেন। মনে রাইখেন, কাগজের নৌকা বেশিক্ষণ পানিতে টেকে না, একটু বড় ঢেউ আইলেই তল ফাট্টা ডুবা যায়। আপনার এই নকশা-টকশাও তেমনই, বেশিদিন টিকব না বইলা দিলাম।"

দোয়েল রাগ সামলাতে না পেরে কুদ্দুসের দিকে তেড়ে যেতে চাইল, তার মুখ রাগে লাল হয়ে উঠেছে,

"এই কুদ্দুস ভাই! মুখ সামলে কথা বলেন। আপনি আমাগো মেহমানের সাথে এমন কইরা কথা কন কোন সাহসে? আপনার মাতব্বর যতই বড় লোক হোক, এই গ্রামে সবাইরে ভয় দেখাইয়া চলতে পারব না, বইলা দিলাম।"

আয়মান চট করে দোয়েলের হাতটা আলতো করে ধরে তাকে নিজের পেছনে টেনে নিল। তার নিজের চোখে এখন কোনো ভয় নেই, বরং এক শান্ত কাঠিন্য ফুটে উঠেছে, ঠোঁট দুটো শক্ত হয়ে বাঁধা। সে কুদ্দুসের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল,

"কুদ্দুস ভাই, ঢেউ যতই বড় হোক না কেন, মাটির ভিত যদি শক্ত থাকে, তবে কোনো ঝড়ই কিছু করতে পারে না। আপনার মাতব্বর সাহেবকে গিয়ে বলবেন, আমি আমার কাজ শেষ না করে এই রূপদিয়া গ্রাম ছাড়ছি না। আর ভবিষ্যতে কারো সামনে এইভাবে ভয় দেখানোর চেষ্টা করলে, সেটা যার সামনেই হোক না কেন, আমি প্রশাসনকে জানাতে বাধ্য হব। আশা করি কথাটা মনে থাকবে।"

কুদ্দুস আর কথা বাড়াল না, তবে তার চোয়াল শক্ত হয়ে উঠল রাগে, চোখে একটা হিংস্র ঝিলিক খেলে গেল এক মুহূর্তের জন্য। সে তার সাঙ্গোপাঙ্গদের দিকে ইশারা করে নিয়ে মেঠোপথ ধরে অন্ধকারের দিকে মিলিয়ে গেল, যাওয়ার আগে একবার ফিরে তাকিয়ে দোয়েলের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হানল, যেটা দেখে দোয়েলের গা একটু শিরশির করে উঠল।

দোয়েল আয়মানের পেছনের দিকে তাকিয়ে এক অদ্ভুত অনুভূতি টের পেল, বুকের ভেতরটা কেমন একটা মিশ্র অনুভূতিতে ভরে উঠল। কিছুটা ভয়, কিছুটা বিস্ময়, আর কিছুটা নতুন ধরনের ভরসা। লোকটা শান্ত হলেও, বিপদের মুখে সে যে কতটা শক্ত একটা দেয়াল হয়ে দাঁড়াতে পারে, তা দোয়েল আজ প্রথম উপলব্ধি করল। নানি পাশ থেকে বিড়বিড় করে দোয়া পড়তে পড়তে বললেন,

"আল্লাহ ভালা করুক, এই লোকগুলার লগে যেন কোনো ঝামেলা না লাগে,"

#চলবে.

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন