#চাতক_চিত্তে_চৈত্রমাস
#পর্বসংখ্যা_০২(শেষাংশ)
#ইনায়া_আফরিন_অপি
রূপদিয়ার হক বাড়ির উঠোনটায় সকালটা সেদিন অদ্ভুত রকমের আপন হয়ে নেমে এসেছিলো।
শীতের শেষভাগের সেই সকাল। রোদের তেজ তখনও পুরোপুরি ধারালো হয়ে ওঠেনি। কুয়াশার ক্ষীণ, প্রায় অদৃশ্য একটা পর্দা উঠোনের চারপাশে ছড়িয়ে থাকা আম, কাঁঠাল, সুপারি আর নিমগাছের পাতার ফাঁকে ফাঁকে আটকে ছিল। রাতের শিশিরে ভেজা ঘাসের ডগাগুলোয় আলো পড়লে মনে হচ্ছিল, মাটির বুকের ওপর অসংখ্য ক্ষুদ্র কাচের দানা কেউ ছড়িয়ে রেখে গেছে। দূরের বাঁশঝাড় থেকে মাঝেমধ্যে পাখির ডাক ভেসে আসছিল, আবার কোথাও কোনো অদৃশ্য গৃহস্থালির উঠোন থেকে ভেসে আসছিল হাঁড়ি-পাতিলের ক্ষীণ শব্দ।তার মাঝেই হক বাড়ির রান্নাঘরের দিক থেকে ছড়িয়ে পড়ছিল পিঠার গন্ধ। চালের গুঁড়া, খেজুরের গুড় আর ধোঁয়ার মিশ্রিত সেই গন্ধটা বাতাসে এমনভাবে মিশে ছিল যে, উঠোনে দাঁড়ালে মনে হচ্ছিল শীতের সকালটাকেই যেন কেউ মাটির চুলায় বসিয়ে ধীরে ধীরে সিদ্ধ করছে।
উঠোনের মাঝখানে তিনটে ইটের ওপর বসানো মাটির চুলা। তার ওপর কালচে হয়ে যাওয়া বড় লোহার তাওয়া। আগুনের লালচে আভা তাওয়ার নিচ থেকে কখনো উজ্জ্বল হয়ে উঠছে, কখনো আবার ছাইয়ের স্তরের নিচে নিভু নিভু হয়ে যাচ্ছে। আমেনা বেগম পিঁড়ির ওপর বসে ছিলেন। মাথার আঁচলটা একবার কাঁধ থেকে পিছলে গিয়েছিল; তিনি অন্যমনস্ক হাতে সেটা আবার টেনে মাথার ওপর তুলে নিলেন। এক হাতে চালের গোলা, অন্য হাতে ছোট কাঠের খুন্তি। তাওয়ার ওপর গোল করে গোলা ঢেলে তিনি পিঠার আকার দিচ্ছিলেন। পিঠার কিনারা যখন ধীরে ধীরে সাদা হয়ে উঠছিল, তখন তিনি খুন্তির ডগা দিয়ে সেটাকে আলতো করে উল্টে দিচ্ছিলেন।
কাজের মধ্যে তাঁর মুখে সেই চিরচেনা গৃহস্থ নারীর ব্যস্ততা যে ব্যস্ততা ক্লান্ত হলেও থামে না, বিরক্ত হলেও সংসারকে ছেড়ে যায় না। ঠিক তখনই উঠোনের একপাশ থেকে দোয়েলের গলা শোনা গেল।
"মামি! আমারটা কই?"
দোয়েল হাঁটতে হাঁটতে উঠোনে ঢুকছিল। তার চুলের কয়েকটা গোছা কপালের কাছে এসে এলোমেলো হয়ে ছিল। সে সরাসরি আমেনা বেগমের কাছে এসে দাঁড়িয়ে তাওয়ার দিকে এমনভাবে তাকাল, যেন পৃথিবীর সমস্ত জরুরি কাজের মধ্যে এই মুহূর্তে তার পিঠাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমেনা বেগম তাওয়ার ওপর পিঠা উল্টাতে উল্টাতে একবার চোখ তুলে তাকালেন। ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠলেও মুখটা ইচ্ছে করেই গম্ভীর রাখলেন।
"চুলায় আছে। আগে হাত-মুখ ধুইয়া আয়।"
দোয়েল তাওয়ার দিকে আরও একটু ঝুঁকে তাকাল। গরম পিঠা থেকে পাতলা ধোঁয়া উঠছিল। সেই ধোঁয়ার ভেতর দিয়ে তার চোখে এমন একটা আকুলতা ফুটে উঠল, যেন তাকে কোনো বড় অন্যায় থেকে বঞ্চিত করা হয়েছে।
"আগে একটা দাও না মামি।"
আমেনা বেগম এবার হাতের আঙুলে লেগে থাকা গোলা কাপড়ের এক কোণে মুছলেন। তারপর মাথা নাড়লেন।
"না। আগে হাত-মুখ ধুইয়া আয়।"
দোয়েল ঠোঁট বাঁকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আবার তাওয়ার দিকে তাকাল।
"একটা নিলে কী হইব?"
আমেনা বেগম এবার তার দিকে তাকিয়ে চোখ সরু করলেন।
"দোয়েল, কইলাম না আগে হাত-মুখ ধুইয়া আয়?"
দোয়েল আর কথা বাড়াল না। মুখটা সামান্য ফুলিয়ে কলসের দিকে হাঁটতে শুরু করল। যাওয়ার সময়ও একবার ঘাড় ফিরিয়ে তাওয়ার দিকে তাকাল। আমেনা বেগম সেটা দেখে হেসে ফেললেন। উঠোনের একপাশে বসে থাকা ছোট্ট শিমুল তখন মাটিতে একটা শুকনো কাঠি দিয়ে দাগ কাটছিল। দোয়েলের মুখ দেখে সে মিটমিট করে হাসতে লাগল। তার পাশে টুনি বসেছিল, দুই হাঁটুর ওপর দুই হাত রেখে। বয়সে শিমুলের চেয়ে সামান্য বড় হলেও দুজনের মধ্যেই শিশুসুলভ কৌতূহলের ছাপ স্পষ্ট। শিমুল নিচু গলায় টুনিকে বলল
"আপা, দোয়েল আপা আবার পিঠার লাইগা ঝামেলা করতেছে।"
টুনি মুখ চেপে হাসল। তারপর বড়দের মতো ভাবভঙ্গিমা করে চোখ রাঙিয়ে বলল
"চুপ কর। শুনলে তোরেই ধরব।"
শিমুল সঙ্গে সঙ্গে কাঠিটা মাটিতে ফেলে দিয়ে গম্ভীর মুখ করল। কিন্তু তার চোখের দুষ্টুমি লুকাল না। উঠোনের অন্য পাশে নিচু কাঠের জলচৌকিতে বসে আছে আয়মান। তার বসার ভঙ্গিতে এখনও অতিথির একধরনের সংকোচ ছিল। যেন এই বাড়ির দীর্ঘদিনের পরিচিত কোনো দৃশ্যের মধ্যে সে নিজেকে খুব সাবধানে স্থাপন করেছে, যাতে তার উপস্থিতি কারও স্বাভাবিক জীবনের ছন্দে অযাচিত কোনো রেখা না টেনে দেয়।
তার পাশে শিমুলের চেয়ে একটু দূরে বসানো ছিল একটা মাটির ভাঁড়। তাতে খেজুরের রস। পাশে বড় পিতলের থালায় সাজানো গরম চিতই পিঠা আর মুড়ি। আয়মান ভাঁড়টা হাতে তুলে কিছুক্ষণ তাকিয়ে রইল। খেজুরের রসের ওপর পাতলা ফেনার মতো একটা স্তর জমেছিল। সে এক চুমুক দিল। তারপর ধীরে ধীরে ভাঁড়টা নামিয়ে রাখল। তার দৃষ্টি একসময় চলে গেল উঠোনের দিকে।
বারান্দার সিঁড়িতে বসেছিল পূজা। পূজা দোয়েলের বান্ধবী। এই বাড়ির মানুষ নয়, তবু দোয়েলের সঙ্গে তার এমন সহজ সম্পর্ক যে, হক বাড়িতে এলে তাকে আলাদা অতিথি বলে মনে হয় না। সে সিঁড়ির ধাপে বসে আঁচলের কোণ নিয়ে অন্যমনস্কভাবে খেলছে। মাঝেমধ্যে দোয়েলের দিকে তাকাচ্ছিল, আবার আয়মানের দিকে তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিচ্ছিল। তার পাশে টুনি।
কিন্তু টুনির মন ছিল পিঠার দিকে। দোয়েল হাত-মুখ ধুয়ে ফিরে এলো। ভেজা হাত দুটো কাপড়ের সঙ্গে ঘষতে ঘষতে সে প্রথমেই তাওয়ার কাছে গেল। আমেনা বেগম তখন সদ্য নামানো একটা চিতই পিঠা একটা পিতলের থালায় রাখছিলেন। দোয়েল আর কিছু না বলে একটা পিঠা তুলে নিল। আমেনা বেগম ভ্রু কুঁচকে তাকালেন।
"এই যে! হাত মুছছিস ঠিকমতো?"
দোয়েল নিজের হাতের দিকে তাকিয়ে দেখল। তারপর নির্দোষ মুখ করে বলল
"মুছছি তো।"
আমেনা বেগম কিছু বলতে গিয়েও বললেন না। শুধু মাথা নাড়লেন। দোয়েল পিঠাটা হাতে নিয়ে ঘুরে দাঁড়াল।
কিন্তু নিজের কাছে রাখল না। সে ধীরে ধীরে আয়মানের কাছে গিয়ে দাঁড়াল। আয়মান তখন দূরের দিকে তাকিয়ে ছিল। দোয়েল তার সামনে দাঁড়াতেই সে চোখ তুলে তাকাল। দোয়েল কোনো ভূমিকা না করে পিঠাটা এগিয়ে দিল।
"খান।"
আয়মান কয়েক মুহূর্ত পিঠাটার দিকে তাকিয়ে রইল। তারপর দোয়েলের মুখের দিকে তাকিয়ে মৃদু বিস্ময়ে বলল
"আমি নিজে নিতে পারি।"
দোয়েলের মুখে অদ্ভুত এক সরল দৃঢ়তা ফুটে উঠল।
"জানি।"
"তাহলে?"
দোয়েল সামান্য কাঁধ ঝাঁকিয়ে বলল
"তবু দিচ্ছি।"
আয়মানের ঠোঁটে খুব হালকা একটা হাসি ফুটল।
"কেন?"
দোয়েল এবার যেন প্রশ্নটার উত্তর দেওয়াটাই খুব স্বাভাবিক মনে করে বলল
"আপনি অতিথি।"
কথাটা শুনে পাশ থেকে শিমুল হেসে উঠল। সে এতক্ষণ নিজের হাতে থাকা কাঠিটা দিয়ে মাটিতে একটা গোল দাগ আঁকছিল। এবার মুখ তুলে আয়মানের দিকে তাকিয়ে চোখ টিপে বলল
"ইঞ্জিনিয়ার সাহেব, এ বাড়িতে যুক্তি দেখাইয়া লাভ নাই।"
আয়মান শিমুলের দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপর দোয়েলের হাত থেকে পিঠাটা নিল।
"ঠিক আছে।"
দোয়েল তখনও দাঁড়িয়ে। আয়মান পিঠার এক টুকরো ভেঙে মুখে দিল। গরম পিঠার ভেতর থেকে চালের নরম গন্ধ আর হালকা ধোঁয়া বেরিয়ে এলো। সে কিছুক্ষণ চিবিয়ে মাথা তুলল।
"ভালো।"
দোয়েল সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে তাকাল। তার মুখে এমন একটা অভিব্যক্তি ফুটল, যেন সে কোনো অত্যন্ত অসম্পূর্ণ উত্তর শুনেছে।
"শুধু ভালো?"
আয়মান এবার একটু থামল। তার চোখে মুখে হাসির আভা।
"খুব ভালো।"
দোয়েলের মুখ সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল।
"এইবার ঠিক আছে।"
সে সরে গিয়ে পূজার পাশে দাঁড়াল। পূজা এতক্ষণ চুপচাপ ছিল। দোয়েল বসতেই পূজা তার কানে কানে কিছু বলল। দোয়েল মৃদু হেসে তার কাঁধে ধাক্কা দিল।
উঠোনের অন্যপ্রান্তে তখন ফজলুল হক পুরোনো একটা আরামকেদারায় বসে ছিলেন। বয়সের সঙ্গে তাঁর শরীর ভারী হয়েছে, কিন্তু চোখের দৃষ্টি এখনও তীক্ষ্ণ। এক হাতে তসবিহ। আঙুলের ফাঁকে ফাঁকে দানা এগিয়ে যাচ্ছিল। তাঁর ঠোঁট নড়ছিল খুব সামান্য। মনে হচ্ছিল, চারপাশের সমস্ত কোলাহলের মধ্যেও তিনি নিজের ভেতরে আরেকটি নীরব জগত বহন করে চলেছেন। হঠাৎ তিনি তসবিহর দানা ঘোরাতে ঘোরাতে আয়মানের দিকে তাকালেন। কণ্ঠে ধীরতা।
"ইঞ্জিনিয়ার সাহেব।"
আয়মান সঙ্গে সঙ্গে তাঁর দিকে ফিরল।
"জি?"
ফজলুল হক কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর দৃষ্টি সরিয়ে উঠোনের সীমানার দিকে ফেললেন।
"গ্রামডা দূর থেইকা যেমন লাগে, কাছে আইলে তেমন না।"
আয়মান চুপ করে শুনছে। ফজলুল হকের আঙুলে তসবিহ চলছিল, কিন্তু তাঁর দৃষ্টি যেন অনেক দূরের কোনো স্মৃতির ভেতর চলে গেছে।
"মাটির নিচে পানি থাকে, বুঝছেন? উপরে থেইকা দেখা যায় না। মানুষের কথাও তেমন। মুখে এক কথা কইব, কিন্তু ওই কথার নিচে আরেকটা কথা থাকতে পারে।"
আয়মানের চোখ স্থির হলো। ফজলুল হক এবার তার দিকে তাকালেন।
"সব কথা মানুষ মুখে কয় না।"
কথাটা বলার পর তিনি আবার তসবিহর দিকে তাকালেন। আয়মান কিছুক্ষণ নীরব থেকে বলল
"আমি কাজটা শেষ করতে চাই। কালভার্টের জায়গাটা দেখতে হবে। জমির সীমানাও দেখতে হবে। খাসজমির হিসাবও মিলাতে হবে।"
ফজলুল হকের আঙুলের গতি একটু ধীর হলো।
"খাসজমি?"
"জি।"
তিনি এবার পুরোপুরি সোজা হয়ে বসলেন।
"এই কাজ লইয়া ঝামেলা হইতে পারে।"
আয়মানের চোখে সতর্কতা ফুটে উঠল।
"কেন?"
ফজলুল হক উত্তর দেওয়ার আগে তসবিহর একটা দানা আঙুলের নিচে আটকে রাখলেন।
"শরাফত মাতবরের নাম শুনছেন?"
"শুনেছি।"
"ওর লোকজনের কথা?"
আয়মান কিছুক্ষণ ভাবল। তারপর বলল
"কুদ্দুস নামে একজনের সঙ্গে কথা হয়েছে।"
নামটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে ফজলুল হকের আঙুল থেমে গেল। তসবিহর দানা আর এগোল না।
এক মুহূর্তের জন্য তাঁর চোখে এমন কিছু ফুটে উঠল, যা তিনি সঙ্গে সঙ্গে আড়াল করার চেষ্টা করলেন। ভয় নয়, পুরোপুরি ভয়ও নয়। বরং বহুদিন ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা কোনো আশঙ্কা হঠাৎ অল্প আলো পেয়ে উঠে আসার মতো এক ধরনের অস্বস্তি। দোয়েল সেটা লক্ষ্য করল। পূজাও লক্ষ্য করল। পূজা ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল। কেউ কিছু বলল না। ঠিক সেই সময় বারান্দার ভেতর থেকে লাঠির ঠকঠক শব্দ ভেসে এলো।
ঠক। ঠক। ঠক। সুফিয়া বেগম ধীরে ধীরে বারান্দা থেকে নেমে এলেন। বয়সের ভারে তাঁর শরীর কিছুটা নুয়ে গেছে। এক হাতে লাঠি, চোখে মোটা কাচের চশমা। চশমার ভেতর দিয়ে তাঁর চোখ দুটো বয়সকে অস্বীকার করে এখনও অস্বাভাবিক তীক্ষ্ণ দেখায়। তিনি উঠোনে এসে প্রথমে দোয়েলের দিকে তাকালেন। তারপর আয়মানের দিকে। কিছুক্ষণ যেন তাকে যাচাই করলেন।
তারপর বললেন
"রাইতে দরজা-জানালা বন্ধ কইরা ঘুমাইবেন।"
আয়মান একটু বিস্মিত হয়ে তাকাল।
সুফিয়া বেগম লাঠির মাথাটা মাটিতে ঠেকিয়ে দাঁড়িয়ে রইলেন।
"কেউ ডাকলে আগে দেইখা নিবেন। সঙ্গে সঙ্গে দরজা খুইলবেন না।"
দোয়েল হেসে ফেলল।
"নানি আবার শুরু করছে।"
সুফিয়া বেগম এবার দোয়েলের দিকে তাকালেন।
"কী শুরু করছি?"
দোয়েল হেসে বলল
"ভূতের গল্প।"
সুফিয়া বেগমের মুখে কোনো হাসি ফুটল না।
"ভূত দেখছিস?"
দোয়েল একটু দুষ্টুমি করে বলল
"না।"
"কখনো দেখছিস?"
"না।"
"তাহলে এত ভয় কিসের?"
দোয়েল এবার হেসে ফেলল। বলল
"ওলন্দাজ ভিটায় জোনাকি ধরছি, ভূত তো দেখি নাই।"
পূজা এতক্ষণ চুপ করে ছিল। দোয়েলের কথা শুনে মাথা তুলে মৃদু হেসে বলল
"আমি তো ছিলাম।"
সুফিয়া বেগম এবার পূজার দিকে তাকালেন। চোখের দৃষ্টিতে মমতা ছিল, কিন্তু কথাটা বললেন একেবারে নির্বিকারভাবে।
"তোরা দুইজনই বোকা।"
দোয়েল হাসতে হাসতেই বলল
"ভূত থাকলে আমাদের দেখত না?"
সুফিয়া বেগম লাঠিটা একটু সরিয়ে দাঁড়ালেন। তাঁর চোখের দৃষ্টি হঠাৎ উঠোন পেরিয়ে দূরের গাছপালার দিকে চলে গেল।
"সবকিছু চোখে দেখা যায় না।"
কথাটা বলার সময় তাঁর গলার স্বর নিচু হয়ে গেল। এবার দোয়েলের হাসি একটু থেমে গেল। সুফিয়া বেগম ধীরে ধীরে বললেন
"রূপদিয়ার রাইত অন্য রকম। রাইতের বাতাসে পুরান গন্ধ আছে। পুরান কথা আছে। অনেক সময় মনে হয়, গাছের পাতাও সব কথা জানে। তিনি একটু থামলেন।
দূরের সুপারি গাছগুলোর পাতায় বাতাস লাগছিল। সূর্যের আলো পাতার ফাঁকে ফাঁকে কাঁপছিল। রাইতে শেওলা নড়ে। অথচ বাতাস থাকে না। দোয়েল এবার মাথা নেড়ে হেসে বলল—
"নানি, তুমি আবার গল্প শুরু করছ।"
সুফিয়া বেগম তার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ কোনো উত্তর দিলেন না। তারপর খুব ধীরে বললেন
"তুইও তো এমন আছিলি, দোয়েল।"
দোয়েলের মুখের হাসি একটু একটু করে মিলিয়ে গেল।
সুফিয়া বেগমের চোখ তখন তার মুখে স্থির।
"তোর আম্মার মতো।"
দোয়েল আর কিছু বলল না। উঠোনের বাতাস যেন আচমকা ভারী হয়ে উঠল। ফজলুল হক নিচের দিকে তাকিয়ে রইলেন। আমেনা বেগম চুলার আগুনে কাঠ সরাতে সরাতে একবার মুখ তুললেন, কিন্তু কিছু বললেন না। পূজা দোয়েলের দিকে তাকাল। দোয়েল চোখ নামিয়ে ফেলেছে। সুফিয়া বেগমের কণ্ঠ এবার আরও ধীর।
"আরজুও কোনো কথা শুনত না।"
আয়মানের বুকের ভেতর অকারণে একটা চাপ অনুভূত হলো। সুফিয়া বেগম যেন অতীতের কোনো দরজা খুলে তার ভেতরে তাকিয়ে আছেন।
"গাছ, নদী, পাখি—এইসব লইয়া পড়ে থাকত। কতবার কইছি, সব জায়গায় যাইস না। সব মানুষেরে বিশ্বাস করিস না।"
তিনি দীর্ঘশ্বাস ফেললেন।
"শুনল না।"
দোয়েল খুব আস্তে বলল
"নানি…"
সুফিয়া বেগম এবার তার দিকে তাকালেন। চোখের গভীরে দীর্ঘদিনের জমে থাকা বেদনা
"শেষমেশ যে কী জঘন্য কাণ্ড হইলো…"
কথাটা শেষ করলেন না। শুধু মুখ ফিরিয়ে নিলেন।
আর সেই অসমাপ্ত বাক্যটাই যেন পুরো উঠোনের মধ্যে সবচেয়ে ভারী শব্দ হয়ে রইল। আয়মান কোনো কথা বলল না। তার ডান হাত অজান্তেই পকেটের ভেতর চলে গেল। আঙুলে ঠেকল ছোট্ট একটা রুপালি লকেট।
সে লকেটটা বের করল না। শুধু আঙুলের ডগা দিয়ে তার ঠান্ডা ধাতব শরীরটা অনুভব করল। লকেটের গায়ে খোদাই করা আরবি অক্ষরগুলো তার মনে পড়ল।
আর পেছনে একটি নাম। ‘আরজু।’ তার দৃষ্টি একবার পূজার দিকে গেল। পূজা তখন মাথা নিচু করে বসে আছে। আয়মান বুঝতে পারছিল, মেয়েটা কিছু জানে।
হয়তো দোয়েলের চেয়েও বেশি। কিন্তু কেন সে চুপ?
ভয়? কোনো প্রতিশ্রুতি? নাকি এমন কোনো কারণ, যার কথা এই মুহূর্তে কেউ জানে না?প্রশ্নগুলো তার মাথার ভেতর নিঃশব্দে ঘুরতে লাগল। কিছুক্ষণ পর পিঠা খাওয়া শেষ হলো। আয়মান ধীরে ধীরে উঠে দাঁড়াল।
কাজে যেতে হবে। সে জলচৌকির পাশে রাখা কাগজগুলো গুছিয়ে নিল। শার্টের হাতা একটু টেনে ঠিক করল। তারপর উঠোন থেকে বের হওয়ার জন্য পা বাড়াল। দোয়েল তখন রান্নাঘরের দিকে যাচ্ছিল।
আয়মানকে উঠতে দেখে সে থেমে গেল।
"কোথায় যান?"
"সাইটে।"
দোয়েল আর কিছু না বলে রান্নাঘরের ভেতরে ঢুকে গেল। কয়েক মুহূর্ত পর ফিরে এলো। তার হাতে কলাপাতায় মোড়া কিছু একটা। অন্য হাতে ছোট মাটির বাটি। সে আয়মানের সামনে এসে দাঁড়াল।
"এইটা নেন।"
আয়মান অবাক হয়ে তাকাল।
"কী?"
"ভাপা পিঠা। আর গুড়।"
"এত কষ্ট কেন?"
দোয়েল চোখ সরিয়ে বলল
"কষ্ট কই?"
"আমি তো খেয়েছি।"
"সাইটে গিয়া আবার খাবেন।"
আয়মান হালকা হাসল।
আপনি সবাইকে এভাবে খাওয়ান?"
দোয়েল এবার তার দিকে তাকাল। চোখে মৃদু দুষ্টুমি।
"সবাইকে না।"
আয়মান অপেক্ষা করল। দোয়েল বলল
"যারা না খাইয়া চলে যাইতে চায়, তাদের।"
আয়মান কিছু বলল না। শুধু পিঠার প্যাকেটটা হাতে নিল। তারপর হঠাৎ থেমে গিয়ে দোয়েলের দিকে তাকাল।
"দোয়েল।"
"জি?"
আয়মানের মুখে এবার আগের হাসি ছিল না। কণ্ঠটাও নিচু।
"আপনার মায়ের মৃত্যুর আসল কারণ আপনি জানেন?"
প্রশ্নটা শুনে দোয়েলের চোখের ভেতর যেন হঠাৎ একটা পুরোনো দরজা খুলে গেল। সে কয়েক মুহূর্ত কোনো উত্তর দিল না। তার আঙুল কলাপাতার মোড়কের ওপর স্থির হয়ে রইল। তারপর ধীরে বলল—
"আমি তখন অনেক ছোট।"
আয়মান চুপ। দোয়েল মাটির দিকে তাকিয়ে বলল
"আমার বয়স তখন সাত হবে। একানব্বই সাল। আম্মা আর আব্বা নৌকায় কইরা শহরে গেছিল। জমিজমার জরুরি কাজ আছিল। সন্ধ্যার আগে ফেরার কথা। সে থামল। দূরে একটা পাখি করুন স্বরে ডেকে উঠল।
দোয়েল বলল—
"ফেরে নাই।"
আয়মানের দৃষ্টি তার মুখে।
"তারপর?"
দোয়েল এবার চোখ তুলে তাকাল।
"ওইদিন কালবৈশাখী হইছিল। নৌকা ডুইবা গেছিল। পুলিশ কইছিল দুর্ঘটনা।"
আয়মান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিজ্ঞেস করল
"আপনি বিশ্বাস করেন?"
দোয়েলের ঠোঁটে অতি ক্ষীণ একটা হাসি ফুটল। সেই হাসির মধ্যে আনন্দ ছিল না।
"আমি ছোট আছিলাম। তখন কী বুঝতাম?"
আয়মান এবার আরও নিচু স্বরে বলল
"এখন?"
দোয়েল অনেকক্ষণ উত্তর দিল না। তারপর ধীরে বলল
"এখনও সব বুঝি না।"
সে একটু দূরে তাকাল।
"কিন্তু নানি আর মামা যখন ওই দিনের কথা ওঠে, তখন তাদের মুখ দেখলে মনে হয়…"
সে থেমে গেল। আয়মান অপেক্ষা করল। দোয়েল বাকিটা বলল
"কাহিনীটা শুধু নৌকা ডোবার না।"
আয়মানের বুকের ভেতরটা কেমন যেন ভার হয়ে এলো।
সে পকেটের ভেতর লুকিয়ে থাকা লকেটটার কথা মনে করল। কিন্তু বের করল না। দোয়েল তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল, আয়মানের মনে আরও কিছু আছে।
"কী ভাবতেছেন?"
আয়মান চোখ সরিয়ে নিল।
"কিছু না।"
দোয়েল কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর মৃদু স্বরে বলল
"আপনিও আজকে খুব অদ্ভুত কথা কইতেছেন।"
আয়মানের ঠোঁটে ক্ষীণ হাসি ফুটল।
"হয়তো সকালটাই অদ্ভুত।"
দোয়েল মাথা দুইদিকে নাড়ল।
"সকাল না।"
আয়মান ধীরে ধীরে উঠোন পেরিয়ে বাইরে চলে গেল। দোয়েল কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ মনে পড়ার মতো করে ডাকল পিঠা খাবেন কিন্তু! আয়মান পেছনে না তাকিয়েই উত্তর দিল
"খাব।"
দোয়েল দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে ঘুরে ভেতরে চলে গেল।
.
নদীর কাছাকাছি মন্টুর ঘরটা খুব সাধারণ। পুরোনো চুনকাম করা দেয়াল। জানালার কাঠে সময়ের ক্ষত। একটা টেবিল, একটা চেয়ার, সরু একটা খাট। টেবিলের ওপর কিছু কাগজ, নকশা আর পুরোনো নথি। আয়মান দরজা বন্ধ করল। বাইরের শব্দগুলো এক মুহূর্তে মৃদু হয়ে গেল। সে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে পকেট থেকে রুপালি লকেটটা বের করল। সকালের কাদায় মলিন হয়ে থাকা ধাতব অংশটা সে কাপড়ের এক কোণে ঘষে পরিষ্কার করল।
আলো পড়তেই অক্ষরগুলো স্পষ্ট হলো। আরবি হরফ।
আর পেছনে ‘আরজু।’
আয়মান লকেটটা টেবিলের ওপর রাখল। তারপর পুরোনো মানচিত্রগুলো খুলে বসলো। একটার পর একটা কাগজ। খাসজমি। নদীর পাড়। চরের সীমানা।
হক বাড়ির পাশের জমি। তারপর একটি পুরোনো সরকারি মানচিত্র।সন—‘১৯৯১।’ আয়মানের চোখ ধীরে ধীরে মানচিত্রের ওপর এগোতে লাগল। হক বাড়ির সীমানার কাছে একটা ছোট নোট। সে কাগজটা কাছে টেনে নিল।সাক্ষীর নাম আরজু বেগম। তার নিচে লাল কালিতে লেখা “বাতিল, সাক্ষী মৃত।” আয়মান স্থির হয়ে বসে রইল। কিছুক্ষণ পর তার দৃষ্টি আবার টেবিলের ওপর রাখা লকেটের দিকে গেল। রুপালি ধাতুর ছোট্ট টুকরোটা নিঃশব্দে পড়ে আছে। বাইরে নদী বয়ে যাচ্ছে।
তার স্রোতের শব্দ জানালা পেরিয়ে ঘরের ভেতর ঢুকছে অবিরাম, অনিবার্য, বহু পুরোনো কোনো কথার মতো। আয়মান জানে না হক বাড়ির মানুষের মুখে আরজুর নাম উঠলেই কেন এমন অস্বস্তি জমে ওঠে। জানে না কুদ্দুসের নাম শুনে ফজলুল হকের তসবিহ কেন থেমে গিয়েছিল। শুধু একটা বিষয় এখন আর অস্বীকার করার উপায় নেই। রূপদিয়ার মাটির নিচে শুধু পানি নেই। কিছু পুরোনো কথা চাপা পড়ে আছে। আর সেই কথাগুলোর মাঝখানে বারবার ফিরে আসছে একটি নাম ‘আরজু।’
~চলবে?.