ফন্ট সাইজ:
থিম:
চাতক চিত্তে চৈত্রমাস

পর্ব 6

লেখক: ইনায়া আফরিন অপি

#চাতক_চিত্তে_চৈত্রমাস.
#পর্বসংখ্যা_০৫.
#ইনায়া_আফরিন_অপি.

ভৈরব নদীর ঘাটে ট্রলার ডুবিয়ে শরাফত মাতব্বরের চেলারা যে বড় চাল চেলেছিলো তার পাল্টা ব্যবস্থা হিসেবে আয়মান আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে গিয়েছিল। শহরের সরকারি ল্যান্ডফোনের লাইনটা পেতে তাকে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করতে হয়েছিল, তারপর ক্র্যাক-ক্র্যাক শব্দ তোলা রিসিভারের ওপারে বড় স্যারদের সাথে কথা বলে সে বিস্তারিত রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। কাজটা শেষ করে সে যখন হক বাড়ির দিকে হাঁটা দিল, তখনো তার মনের মধ্যে একটা অস্বস্তির কাঁটা খচখচ করছে। নদীর পাড়ে যা ঘটেছে, তা নেহাত দুর্ঘটনা না, তার পেছনে যে গভীর কোনো চক্রান্ত লুকিয়ে আছে, সে কথা আয়মানের প্রশিক্ষিত মন বারবার তাকে জানান দিচ্ছে।

তবে আজ সকাল থেকেই রূপদিয়ার আকাশটা কেমন যেন একটু বেশিই মেঘলা, থমথমে। চৈত্র মাসের শেষ দিকের আকাশ সাধারণত রোদে ঝলসানো থাকে, কিন্তু আজ যেন প্রকৃতিও কোনো এক অজানা দুঃসংবাদের অপেক্ষায় মুখ ভার করে বসে আছে। দূরের তালগাছগুলোর মাথার ওপর দিয়ে ধূসর মেঘের স্তূপ ভেসে বেড়াচ্ছে ধীরগতিতে, আর বাতাসে ভেজা মাটির একটা সোঁদা গন্ধ। চৈত্র শেষের এমন মেঘলা দিনে যেমন এক অদ্ভুত গুমোট, ভ্যাপসা গরম চেপে বসে গ্রামের ওপর, শ্বাস নিতেও কষ্ট হয় ঠিক তেমনই এক অলস, নিস্তব্ধ দুপুরে হক বাড়ির প্রকাণ্ড উঠোনে হঠাৎ করেই বেঁধে গেল এক অভূতপূর্ব, হাস্যকর লঙ্কাকাণ্ড।

উঠোনের দক্ষিণ কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল ফজলি আম গাছটার নিচে দাঁড়িয়ে আছে শিমুল আর টুনি। শিমুলের পরনে একটা ঢিলেঢালা, মালকোঁচা মারা লুঙ্গি, খালি গায়ে ঘামে চিকচিক করছে তার পিঠ। টুনি তার নিচে দাঁড়িয়ে একটা পুরনো, ছেঁড়া কিনারার গামছা দুহাতে টান টান করে ধরে আছে, যাতে ওপর থেকে পড়া আম মাটিতে না লেগে সরাসরি গামছাতেই এসে পড়ে। আর গাছের একেবারে মগডালে, যেখানে ডালপালাগুলো সরু হয়ে এসেছে, সেখানে পা ঝুলিয়ে অবিকল বানরের মতো ক্ষিপ্রতায় বসে আছে দোয়েল। তার পরনে একটা সুতির বাসন্তী রঙের শাড়ি, যার আঁচলটা সে কোমরে শক্ত করে গুঁজে রেখেছে, যাতে গাছে ওঠার সময় কোনো অসুবিধা না হয়। রোদহীন মেঘলা আলোতেও তার মুখের দুরন্তপনা চকচকে, জ্বলজ্বল করছে।

"ঐ শিমুইল্যা! নিচে ভালো কইরা গামছা ধর, কইলাম! এই যে আমডা দেখতাছস, এইডা যদি হাত ফসকাইয়া মাটিতে পইড়া ফাইটা যায়, তাইলে কিন্তু তোরেই দিয়া আমসি বানামু, বাজান, এইডা মনে রাখিস!"

উপর থেকে একটা মোটাসোটা ডাল দুই হাতে ধরে সজোরে ঝাঁকাতে ঝাঁকাতে দোয়েল গলা চড়িয়ে চেঁচিয়ে উঠল, তার হাসির ফাঁকে ফাঁকে কথাগুলো ঝরে পড়ছে। শিমুল নিচ থেকে দাঁত বের করে দুষ্টু হাসি হেসে জবাব দিল,

"আপা, তুই খালি চিল্লাইস না তো এমন কইরা! তর এই চিল্লানির চোটে যদি আমাগো দাদি ঘুম থেইক্যা জাইগা উইঠ্যা আহে, তাইলে কিন্তু এই আম চুরির আস্ত গুষ্টি উদ্ধার কইরা ছাড়বো, কইয়া রাখলাম। তুই খালি তাড়াতাড়ি বড় বড় চাইরখান আম পাইড়া দে দেহি মা হেইগুলা দিয়া আইজকা কাসুন্দি মাখাইব।"

টুনি নিচ থেকে ঠোঁট উল্টে, আকাশের দিকে চোখ তুলে বলল,

"হ আপা, জলদি কর একটু। পূজাদিরেও তো খবর পাঠাইছি, হেয় নাকি আসনের সময় এক কলসি তেঁতুল লইয়া আইব কইছে। এদিকে দাঁড়াইয়া থাইক্যা থাইক্যা আমার তো জিভে জল আইয়া যাইতাছে!"

ঠিক এই আম চুরির মহাসংগ্রামের মধ্যিখানেই, বগলে একটা মোটা ম্যাপের ফাইল চেপে ধরে আর হাতে জল মাপার লম্বা লোহার চেইনটা নিয়ে একেবারে ধীরস্থির, মাপা পায়ে হক বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকল আয়মান। প্রতিদিনকার মতো আজও তার পরনে যত্ন করে ইস্ত্রি করা ধবধবে সাদা রঙের হালকা শার্ট, চোখে কালো ফ্রেমের চশমা, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। দেখে বোঝাই যায় না এই লোকটাই কাল রাতে ডুবে যাওয়া ট্রলারের কী ভয়াবহ রিপোর্ট নিয়ে এতক্ষণ শহরে কথা বলে এসেছে। সে উঠোনে পা দিতেই এই বিচিত্র, অদ্ভুত চুরির দৃশ্যটা তার চোখে পড়ল, আর সে যেন এক পলকের জন্য পাথর হয়ে থমকে দাঁড়িয়ে গেল।

আয়মান নাকের ডগা থেকে চশমাটা আঙুল দিয়ে ঠিক করতে করতে ওপরের দিকে তাকাল, তারপর তার সেই চিরপরিচিত অত্যন্ত মার্জিত, ভদ্র গলায় বলল,

"শুভ দুপুর, দোয়েল। আপনি... আপনি এই ভরদুপুরে গাছের মগডালে চড়ে ঠিক কী করছেন, জানতে পারি? না বলে বাগানের ফলগাছ থেকে এভাবে ফল সংগ্রহ করাটা আসলে..."

"রাখেন মিয়া আপনার এসব"

দোয়েল কথাটা শেষ করারও সুযোগ না দিয়ে ওপর থেকেই একটা কাঁচা আম আয়মানের দিকে সোজা তাক করে ছুঁড়ে মারল। আয়মান কোনোমতে মাথাটা নিচু করে নিজেকে বাঁচিয়ে নিল, আমটা তার কানের পাশ দিয়ে ছুটে গিয়ে বেশ কিছুটা দূরে ধপাস করে মাটিতে গিয়ে পড়ল। দোয়েল খিলখিল করে প্রাণখোলা হাসিতে ফেটে পড়ে বলল,

"আরে নিজেগো গাছের নিজেগো আম পাড়ারে কেউ চুরি কয় নাকি সাহেব! এইডারে কয় 'হক আদায়'। আপনেরা তো শহরে বইয়া খালি টাকা দিয়া ফরমালিন মাখানো আম চিবান, গাছপাকা তাজা আমের আসল স্বাদ কেমন, হেইডা বুঝবেন কী কইরা? তার চাইতে এক কাজ করেন না, খামোখা ওই লোহার শিকল হাতে খাড়ায়া রইয়া সময় নষ্ট না কইরা, আমাগো একটু সাহায্য করেন।"

আয়মান একটু অপ্রস্তুত হয়ে, গলা খাঁকারি দিয়ে বলল,

"না মানে, আমি একজন সরকারি জরিপ ইঞ্জিনিয়ার, আমার পক্ষে এভাবে গাছে চড়ে আম পাড়া তো ঠিক..."

"আরে আসেন তো ভাই, এত ফরমালিটি করার কী আছে!"

শিমুল কথাটা লুফে নিয়ে হাসতে হাসতে আয়মানের হাত থেকে জাবরজং ফাইলের ব্যাগ আর লোহার চেইনটা প্রায় কেড়ে নেওয়ার মতো করে টেনে নিয়ে বারান্দার এক কোণে রেখে দিল। তারপর বলল,

"ইঞ্জিনিয়ার সাব, আপনে খালি একটু ওই পাশের ডালটা নিচ থেইক্যা ধইরা একটু জোরসে ঝাঁকান তো। আপার হাত নাকি ওইখানের বিরাট বড় আমডার কাছে কিছুতেই পৌঁছাইতে পারতাছে না।"

দোয়েলের নাছোড়বান্দা জেদ আর শিমুলের এই জোরাজুরির সামনে আয়মান আর না করতে পারল না। আয়মান নাদান বাচ্চার ন্যায় মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর নিজের ধবধবে শার্টের হাতা দুটো সাবধানে গুটিয়ে কনুই পর্যন্ত তুলল। এরপর ধীর পায়ে গাছের কাছে গিয়ে একটা নিচু ডাল দুহাতে শক্ত করে চেপে ধরে বলল,

"ঠিক আছে, আমি এই ডালটা নামিয়ে ধরছি। আপনি সাবধানে হাত বাড়িয়ে আমগুলো পেড়ে নিন, তাড়াহুড়ো করবেন না।"

ঠিক এই নির্দিষ্ট ডালটার উপরের পাতার আড়ালে, নিঃশব্দে লুকিয়ে ছিল এক বিশাল লাল পিঁপড়ের নালিশ পিঁপড়ের বাসা! এটা গোপন বাসা বলা যায়। আয়মান যেই না সবটুকু শক্তি দিয়ে ডালটা জোরে ঝাঁকাল, ঠিক তখনই ঝুরঝুর করে একঝাঁক রাগী, তেজি লাল পিঁপড়ে হুড়মুড় করে সোজা গিয়ে পড়ল আয়মানের সে সুবেশ শার্টের কলারের ভেতর দিয়ে তার ফর্সা, নরম ঘাড়ে!

পরমুহূর্তেই আয়মানের সে চিরচেনা গম্ভীর, মার্জিত রূপ যেন কর্পূরের মতো এক নিমেষে উবে গেল। পিঁপড়ের তীব্র কামড়ে সে হুড়মুড় করে এক লাফে ডাল ছেড়ে দিয়ে সটান উঠোনের মাঝখানে এসে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করল

"উহ! আহ! ও গড! এ কী কামড়াচ্ছে গায়ে! মিস দোয়েল আমার পিঠের ভেতর দিয়ে যেন কী একটা সেঁধিয়ে যাচ্ছে, দয়া করে একটু দেখুন তো!"

নিচ থেকে আয়মানের এই আকস্মিক, অদ্ভুত লাফালাফি আর একেবারে রংডংয়ের ইংরেজি মিশ্রিত কায়দার চিৎকার দেখে শিমুল আর টুনি হাসতে হাসতে একেবারে মাটিতে গড়িয়ে পড়ল। শিমুল দুহাতে পেট চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলল,

"ওরে বাবারে বাবা! ইঞ্জিনিয়ার সাব তো দেহি আইজকা লাল পিঁপড়ের লগে সাক্ষাৎ কুস্তি লড়তাছে! এইডা তো কোনো সরকারি রিপোর্টে লেহনের মতো ঘটনা হইয়া গেল রে!"

গাছের ওপর থেকে দোয়েলও এই অদ্ভুত দৃশ্য দেখে এমনভাবে হাসতে লাগল যে তার হাতের ধরে রাখা দুটো আম ফসকে সোজা নিচে পড়ে গেল। সে হাসতে হাসতেই খুব দ্রুত, ক্ষিপ্র হাতে গাছের ডাল বেয়ে তরতর করে নিচে নেমে এলো। এদিকে আয়মান এখনো নিজের পিঠ চুলকানোর আপ্রাণ, ব্যর্থ চেষ্টা করছে, তার ফর্সা মুখখানা পিঁপড়ের কামড়ের যন্ত্রণায় আর লজ্জায় টকটকে লাল হয়ে উঠেছে।

দোয়েল দ্রুত পায়ে আয়মানের একদম সামনে এসে দাঁড়িয়ে, কড়া সুরে ধমকের গলায় বলল,

"আরে চুপচাপ স্থির হয়ে দাঁড়ান তো সাহেব! এমন লাফালাফি করলে পিঁপড়ে তো আরও বেশি খেপে গিয়ে কামড়াবে, বুঝলেন? একদম নড়বেন না, বলে দিলাম।"

দোয়েলের এই আচমকা ধমক খেয়ে আয়মান কেমন যেন কাঁচুমাচু হয়ে, একেবারে দেয়ালের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। দোয়েল কোনোরকম দ্বিধা না করেই, অত্যন্ত আপনজনের মতো অধিকার নিয়ে আয়মানের শার্টের কলারটা আলতো হাতে টেনে ধরল, তারপর তার ঘাড়ের ওপর ফুঁ দিতে শুরু করল। তার মুখের সে ঠান্ডা বাতাস আয়মানের গরম, চুলকানো ঘাড়ে স্পর্শ করতেই আয়মানের ভেতরের সমস্ত অস্বস্তি যেন এক লহমায় কোথায় মিলিয়ে গেল। দোয়েল নিজের চটপটে আঙুল দিয়ে আয়মানের পিঠের ওপর থেকে দুটো বড় লাল পিঁপড়ে টিপে মেরে মাটিতে ফেলে দিয়ে খিলখিল করে হেসে বলল,

"শহরের বাবুগো চামড়া বড্ড নরম রে, বুঝলি! আমাগো রূপদিয়ার পিঁপড়েরাও ওগোরে এট্টু আদর না কইরা ছাড়ল না দেখলি!"

ঠিক তখনই হাতে একটা মাটির বাটিতে করে টলটলে তেঁতুলের রস নিয়ে আসে পূজা। আয়মান আর দোয়েলকে এতটা কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে সে দূরেই থমকে দাঁড়িয়ে গেল। তার চোখেমুখে খানিকটা কৌতুক ফুটে উঠল। পূজার চোখের কোণে সঙ্গে সঙ্গে এক পলকের জন্য একটা দুষ্টু হাসির রেখা খেলে গেল। সে গলা খাঁকারি দিয়ে, কাশির ভান করে বলল,

"উহুম! তা আম চুরি করতে এসে দেখি এখানে তো আবার অন্য এক চুরির কারবার শুরু হয়ে গেছে গো! দোয়েল, তোর আম মাখা খাওয়ার এত্ত শখ, তা ইঞ্জিনিয়ার বাবুর ঘাড় থেকে পিঁপড়ে বেছে বেছে না মারলে বুঝি আম টক হয়ে যেত রে?"

পূজার এই খোঁচা মারা কথায় দোয়েল যেন বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠে চট করে আয়মানের কলার ছেড়ে দিয়ে দুই পা পিছিয়ে গেল। তার একটু আগের সেই চঞ্চল, দুরন্ত মুখখানায় এবার এক রঙিন লজ্জার লাল আভা ছড়িয়ে পড়ল। সে তেড়েফুঁড়ে পূজার দিকে এগিয়ে গিয়ে বলল,

"তুই একটা আস্ত ডাইনি, পূজা! সকাল সকাল তোর মুখে ভালো কোনো কথা জোটে না, না রে? খালি মানুষরে খোঁচানোই তোর কাম!"

পূজা তেঁতুলের বাটিটা এক হাতে ধরে রেখে অন্য হাতে মুখ চেপে হাসি লুকানোর ব্যর্থ চেষ্টা করতে করতে বলল,

"আরে বাবা রাগ করিস ক্যান? আমি তো খালি সত্যিটাই কইলাম। শিমুল, টুনি, তোরাও তো দেখলি সব, তাই না? আমারে একলা দোষ দিলে চলব না।"

শিমুল তখনো হাসি থামাতে না পেরে বলল,

"হ পূজাদি, আমরা তো আছিই সাক্ষী! ইঞ্জিনিয়ার সাবের নাচন দেইখ্যা তো আমার পেটে খিল ধইরা গেছে।"

আয়মান লজ্জায় আর কী বলবে খুঁজে না পেয়ে কেবল শার্টের হাতা টেনে ঠিক করার ভান করতে লাগল, আর মনে মনে ভাবল, এই বাড়িতে পা দেওয়ার পর থেকে তার ভদ্রতা যেন প্রতি মুহূর্তেই একটু একটু করে খসে পড়ছে। এই সময়ে ঘরের ভেতর থেকে লাঠি ঠুকতে ঠুকতে, ধীর অথচ দৃঢ় পায়ে বের হয়ে এলেন বৃদ্ধা সুফিয়া বেগম। বয়সের ভারে খানিকটা নুয়ে পড়া এই প্রবীণ, অভিজ্ঞ মানুষটি বারান্দার কাছে এসে দাঁড়াতেই শিমুল আর টুনির হাতে ধরা আমগুলোর স্তূপ দেখে একেবারে তেলেবেগুনে জ্বলে উঠলেন। তাঁর মাথার সাদা চুলগুলো এলোমেলো, চোখে মোটা ফ্রেমের চশমা, আর গলার স্বরে যেন এখনো বাড়ির সবাইকে শাসন করার সেই আগের পুরনো তেজ অটুট। তিনি তাঁর সেই কড়া গলাশ চেঁচিয়ে উঠলেন,

"ওরে তোরা এই ভরদুপুরে আমাগো আরজুর হাতে লাগানো গাছটার আম পাইড়া একেবারে শেষ কইরা দিলি রে তোরা সবডি! তোগো পিঠের ছাল আমি আইজ তুইল্যা লমু, দেইখ্যা রাখিস! আর দোয়েল, তোরে না হাজারবার কইছি এই কড়া রোদের মধ্যে গাছে চইড়া লাফালাফি করবি না, শইলডা খারাপ করব?"

নানির মুখ থেকে 'আরজু' নামটা উচ্চারিত হতেই উঠোনের সেই খানিক আগের প্রাণখোলা, আবিল হাসির পরিবেশটা যেন এক নিমেষে থমকে গেল। শিমুল আর টুনি চুপ করে গেল, দোয়েলের মুখের হাসিটাও কোথাও একটু ম্লান হয়ে এলো। পূজা দ্রুত চোখ নামিয়ে নিলো।আয়মান নিজেকে সামলে নিয়ে নানির দিকে তাকিয়ে বিনীতভাবে মাথা নুইয়ে বলল,

"নানুজান, আপনি দয়া করে ওদের বকবেন না। আসলে ঘটনাটা আমারই ভুল, ওরা তো আমাকে জোর করে সাহায্য করতে বলেছিল মাত্র, আমিই ডালটা ঠিকমতো ধরতে পারিনি..."

সুফিয়া বেগম আয়মানের দিকে একবার তাকিয়ে, চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে খানিকটা নরম সুরে বললেন,

"আরে আয়মান বাজান, তুমি এই ফাজিল পোলাপানগুলার চক্করে পইড়ো না বাবা। এরা তোমারেও শেষমেশ নিজেগো মতো বানাইয়া ছাড়ব, দেইখো। যাও, ঘরে আসো এখন। আমেনা আইজ নদীর একেবারে তাজা ট্যাংরা মাছ রাঁইধা রাখছে, দুপুরের খাওনডা এইহানেই খাইয়া যাও, ফেরনের তাড়া কইরো না।"

দুপুরের খাওয়াদাওয়া মিটে গেলে হক বাড়ির চঞ্চল পরিবেশটা ধীরে ধীরে একটু শান্ত হয়ে এলো। রান্নাঘরের চুলার আঁচ কমে এসেছে, উঠোনের কোলাহলও থেমে গেছে, শুধু গাছের পাতায় পাতায় দুপুরের অলস বাতাসের একটা মৃদু শব্দ শোনা যাচ্ছে। আয়মান তখন বারান্দার এক নিরিবিলি কোণে বসে ফজলুল মামার সাথে কাল রাতের ট্রলার ডুবির সরকারি ডায়েরি নিয়ে গম্ভীর গলায় কথা বলছে তার হাতে খোলা একটা খাতা, তাতে টুকরো টুকরো নোট লেখা।

তখন পূজা খুব সন্তর্পণে চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখে নিয়ে, নিঃশব্দ পায়ে আয়মানের কাছাকাছি এসে দাঁড়াল। সেই মুহূর্তে দোয়েল ঘরের ভেতর বসে নানির চুল আঁচড়ে বেণি বেঁধে দিচ্ছিল, তাই বারান্দার এই কোণে তখন আর কেউ ছিল না।
পূজা অত্যন্ত নিচু, ভয়ার্ত আর কাঁপা কাঁপা ফিসফিসে স্বরে আয়মানকে বলল,

"আয়মান বাবু... আপনি যে লকেটের পেছন দিকে খোদাই করা 'আরজু' নামডা নিয়া জিগাইতাছিলেন না পরে? সেই আরজু আর কেউ না, আয়মান বাবু... হেয় আমাগো দোয়েলের আম্মা।"

আয়মান এই কথা শুনে তেমন প্রতিক্রিয়া দেখায় না। সোজা হয়ে বসল। সে গলার স্বর যতটা সম্ভব নিচু রেখে জিজ্ঞেস করল,

"তাহলে দোয়েলের আম্মার লকেটটা ওই নদীর পাড়ের কাদামাটির মধ্যে কীভাবে এলো? আর আপনি এতদিন এই কথাটা লুকিয়ে রেখেছিলেন কেন?"

পূজার চোখ দুটো হঠাৎ করেই জলে ছলছল করে উঠল, সে ঠোঁট কামড়ে একবার নিজেকে সামলে নিয়ে আরও নিচু গলায় বলতে লাগল,

"১৯৯১ সালের সেই রাইতে কোনো কালবৈশাখীর ঝড় হয় নাই, আয়মান বাবু, বিশ্বাস করেন। এইডা আমরা এতদিন ধইরা বাইরে কইতে সাহস পাই নাই। শরাফত মাতব্বর আর কুদ্দুস মিইল্যা মাঝনদীতে নৌকাডা ইচ্ছা কইরাই ডুবাইয়া দিছিল, কারণ আরজু ফুপুআম্মা তখন সরকারি খাস জমির আসল দলিলখান লইয়া শহরের বড় আদালতে জমা দিতে যাইতাছিলেন। আরজু কাকিমার গলায় সবসময় ওই লকেটডা ঝুলতো, একটুও খুলতেন না। কালকা যখন কুদ্দুস আপনার ট্রলারডাও ওই একই জায়গায় ডুবাইয়া দিলো, তখন থেইক্যা আমার বুকের ভিতর দিয়া যেন রক্ত শুকাইয়া যাইতাছে, আয়মান বাবু। আমার ভয় লাগতাছে, ওরা এইবার আপনারেও ছাড়ব না।"

কথাগুলো বলতে বলতে পূজার গলা কেঁপে উঠে। শুষ্ক হয়ে আসে গলা। চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গালে। সে দ্রুত হাতে চোখ মুছে নিয়ে চারপাশে আরেকবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিলো। ভয় পাচ্ছে কেউ শুনে ফেলল কিনা। তারপর আর এক মুহূর্তও দাঁড়াল না, হক বাড়ির পেছনের দরজা দিয়ে একরকম ছুটেই বেরিয়ে গেল, তার পায়ের শব্দ মিলিয়ে গেল উঠোনের পেছনের কলাবাগানের দিকে।

আয়মান বারান্দার খুঁটিটা দুহাতে শক্ত করে চেপে ধরল। চৈত্র শেষের এই তপ্ত, গুমোট পরিস্থিতিতেও তার শিরা-উপশিরার ভেতর দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে। তার সমস্ত শরীর হঠাৎ ভারী হয়ে এলো। সে বুঝতে পারল, রূপদিয়া গ্রামের এই নিটোল, সরল হাসি-ঠাট্টার আড়ালে কতটা গভীর, কতটা ভয়ঙ্কর এক মনস্তাত্ত্বিক কুয়াশা ধীরে ধীরে দোয়েলের চারপাশ থেকে তাকে গ্রাস করতে আসছে। মেঘলা আকাশের নিচে, স্তব্ধ দুপুরের বাতাসে যেন এক অজানা বিপদের গন্ধ ভাসছে। আর এই রহস্যের প্রতিটা জট তাকে খুলতেই হবে। নিজের জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে হলেও, সে পিছপা হবে না।

~#চলবে.

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 6 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন