ফন্ট সাইজ:
থিম:
মন খোঁজে তোমাকে

পর্ব 1

লেখক: সুমনা আক্তার

দু দুটো লাশ পড়ে আছে দুটো খাটিয়াতে। আহাজারী করে চলেছেন অনেকেই। তাদের মধ্যে এক জন মহিলা বলে উঠলেন,

' এমন ভালো মানুষরে এতো তাড়াতাড়ি দুনিয়া ছাড়তে হইলো। ইস সকালেও কি সুন্দর এক সাথে দুজনে বেরিয়েছিল। আর ফিরল লাশ হয়ে।'

আরেক জন বললেন,
' কালকেও তো আমার আর ঋতুর মায়ের সাথে আপা কতো সময় নিয়া গল্প করলো। একটা বার তার মৃত্যুর কথা মাথায় আসে নি। কি ভয়ানক মৃত্যুটাই না হইছে।'

উপস্থিত সকলেই তাদের নিয়ে করে চলেছেন আহাজারি।

লাশের পাশে সতেরো বছরের একটি ছেলে বসে। যার দৃষ্টি লাশে। নড়চড় বিহীন পাথর ন্যায়। পেছন থেকে এক মহিলা আঁকড়ে ধরলেন তাকে।
বললেন,
' এভাবে চুপ করে বসে আছিস কেন বাবা? কিছু তো বল!'

মহিলাটি কেঁদে কেঁদেই প্রশ্ন করলেন। অথচ ছেলেটির কোনো ভাবাবেগ নেই। ঠিক আগের মতোই বসে সে।মহিলাটি এবার ছেলেটির মাথায় হাত বুলিয়ে বললেন,
' সবাইকে এক দিন মরতে হবে বাবা। আজ নয়তো কাল সবাইকে মরতে হবে। তুই ভেঙে পরিস না বাবা। তোকে তো সব কিছু সামলাতে হবে।'

থেমে তিনি আবার বললেন,
' ইরহা কোথায়? ও কি বাসায় নেই?'

ছেলেটি সে সব কিছুই যেন শুনে নি। মুখ ফোটে একটাই প্রশ্ন করলো,
' তাই বলে কি দুজনকেই এক সাথে যেতে হবে?'

মহিলাটি মুখে আঁচল দিয়ে কেঁদে উঠলেন শব্দ করে। সান্তনা দিতে বললেন,
' সব আল্লাহর ইচ্ছে বাবা। হয়তো তাদের দুজনকে আল্লাহ আলাদা করতে চান নি।'

ছেলেটি আর কিছুই বলল না। লাশের দিক তাকিয়ে বসে রইলো। অনেক লোক চারিপাশে। বাসায় পা ফেলার অবশিষ্ট জায়গা নেই। প্রতিবেশী,আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই একে একে দেখে যাচ্ছেন লাশ দুটো। সবার মুখেই তাদের গুণগান। হবে নাই বা কেন। এই অঞ্চলের সুনামধন্য ব্যবসায়ী ছিলেন মাহফুজ আহমেদ। সৎ ব্যক্তিত্ববান, যিনি সব সময় সকল দুখী মানুষের পাশে ছিলেন। তার স্ত্রী ইরিন ও কম ছিলেন না। স্বামীর কাজে তিনি নিজেও সাহায্য করতেন। দুজনে মিলেই ঘরে ছিলেন এক সুখের সংসার। তাদের এই সুখের সংসার বেশি দিনের ছিল না। তাইতো আজ সকালে গাড়ি এক্সিডেন্ট করে দুজনেই মৃত্যু হয়।

' আম্মু,আব্বু এভাবে ঘুমিয়ে কেনো আছো? উঠছো না কেনো?'

ইরহার কথায় চোখ তুলে তাকালো ইয়াদ। তার ছোট বোন। দু ভাই-বোন আর বাবা মা নিয়েই ছিল তাদের ছোট একটা সংসার। অথচ কিছুক্ষণ পূর্বেই সব কিছু তছনছ হয়ে গেল। শেষ হয়ে গেলো হাসি খুশি পরিবার। এইতো সকলেই তাদের সঙ্গে এক সাথে বেরিয়েছিল।

' ভাইয়া আম্মু-আব্বু এখানে ঘুমিয়ে আছে কেন?'

ইয়াদ কিছু বলছে না দেখে ইরহা তার কাছে যায়। ভাইয়ের কাঁধে হাত রেখে জানতে চাইলো,

' ভাইয়া আম্মু-আব্বু কথা বলছে না কেন?'

তারপর চারিপাশে একবার তাকালো। এতো মানুষকে দেখে কিছুটা ভয় পেয়ে ভাইয়ের কাঁধ শক্ত করে জড়িয়ে ধরলো। ফিসফিস করে বলল,

' এতো মানুষ কেন ভাইয়া? আজ তো স্কুলে কাউকে মারি নি। তাহলে ওরা কেনো এসেছে! আমাকে কি আম্মু বকবে ভাইয়া? তুমি কিছু বলছ না কেন?'

ইয়াদ ছোট ইরহার দিকে তাকিয়ে। কি বলবে সে?মাত্র ক্লাস টু তে পড়া বোনকে কিভাবে বোঝাবে যে তাদের আম্মু আব্বু আর নেই। আর কখনও তারা কথা বলবেন না, না আর কখনও তাকে বকবেন। ইরহা এবার বিরক্ত হলো। তার ভাইয়া কিছুই বলছে না। সে আর ইয়াদের অপেক্ষা না করে মৃত আব্বু আম্মু কাছে গেলো। সাদা কাপড়ে আচ্ছাদিত আব্বু আম্মুকে দেখে ভয়ও লাগছিলো কিছুটা। তবুও গিয়ে ইরিনের লাশকে ধাক্কা দিয়ে বলল,

' আম্মু এভাবে ঘুমিয়ে আছো কেন?'

তারপর মাহফুজকে ডেকে বলল,
' আব্বু তুমিও ঘুমাচ্ছো কেন? আজ কি অফিসে যাবে না?'

তার এই কথা গুলো শুনে ইয়াদ শব্দ করে কেঁদে উঠলো। বোনকে টেনে নিজের কোলে বসিয়ে জড়িয়ে ধরে কেঁদে বলল,
' আম্মু-আব্বু আর উঠবে না বোন। তারা আর কখনও উঠবে না। কখনও না।'

তার কথা গুলো ভেঙে ভেঙে আসছে। উপস্থিত প্রত্যেকে তার কান্না দেখে নিজেরাও কেঁদে উঠলেন। ইরহা বুঝলো না, তার আম্মু-আব্বু কেন উঠবে না। তাদের ঘুম ভাঙলেই তো উঠে পড়বেন। ভাইয়া তাহলে উঠবে না বলছে কেন? সে ইয়াদের দিক তাকিয়ে শুধালো,

' কেনো উঠবে না ভাইয়া? তারা তো ঘুমিয়েছেন? একটু পরেই উঠে পরবে দেখো।'

তার কথায় বিশ্বাস। সে নিশ্চিত তার আম্মু আব্বু ঘুম ভাঙলেই উঠে পড়বেন। ইয়াদ খুব করে চাইলো যেনো ইরহার কথাটাই সত্য হয়। কিন্তু এ জীবনে কি আর এটা সম্ভব? ইয়াদ আর কিছু বলল না। বোনকে জড়িয়ে ধরে কেঁদে গেল অনিমেষ। ইরহা এতক্ষণ না কাদলেও এখন ভাইয়ের কান্না দেখে কাঁদছে। ভাইয়ার কান্না তার পছন্দ না। তার নিজেরও কান্না পায়। ইরহা তার ছোট ছোট হাত দিয়ে মুছিয়ে দিলো ইয়াদের চোঁখের জল। বলল,

' কেঁদো না ভাইয়া। তুমি তো জানো তুমি কান্না করলে আমারও কান্না পায়।'

ইয়াদ শুনল না। সে আরো শক্ত করে চেপে ধরলো ইরহাকে। কেঁদে গেল অবিরাম। বেশ সময় নিয়ে ভাই বোনের কান্না থামলো। মিনহাজ আহমেদ ভাইয়ের ছেলে মেয়েকে আঁকড়ে ধরে বললেন,

' এখন লাশ নিয়ে যেতে হবে বাবা। লাশ বেশি সময় থাকলে লাশের আযাব হয়।'

ইয়াদ জাপটে ধরলো মিনহাজ আহমেদকে। বলল,
' আব্বু-আম্মু কেন আমাদের ছেড়ে গেলো চাচ্চু? সকালেও তো আমাদের সাথেই ছিল। তাহলে এখন কেন তারা এতটা দূরে?'

মিনহাজ আহমেদ চোঁখের জল মুছলেন। তিনি কি বলে এই এতিম ছেলেকে সান্তনা দিবেন? নিজেই তো নিজেকে সামলাতে পারছেন না। আর কিছু না বলে ইয়াদ চোঁখের জল মুছলেন। ইশারায় বুঝালেন এখন যেতে হবে। ইয়াদ মূর্তির ন্যায় উঠে দাঁড়ালো। সারা জীবনের জন্য আজ তারা এতিম। ইরহাকে তাদের ছোট চাচি রিনা বেগমের কাছে দিতে চাইল।
গেলো না ইরহা। ইয়াদের কোমর জড়িয়ে বলল,

' কোথায় যাচ্ছো ভাইয়া? আমিও যাবো।'

বোনের মাথায় হাত রাখলো ইয়াদ। আদুরে হাত বুলিয়ে বলল,

' চলে আসবো ভাইয়া। তুই চাচীর কাছে থাক।'

নাছোড়বান্দা ইরহা শুনতে নারাজ। এদিকে তার আম্মু আব্বু ঘুমিয়ে আছে, কথা বলছে না। অন্যদিকে এতো এতো মানুষের আগমন ঠিক লাগছে না তার। ভয়ে আরেকটু শক্ত করে জড়িয়ে নিলো ইয়াদকে। মনে হচ্ছে তার ভাই'ই এখন সব থেকে আপন। করুন চোখে মাথা তুলে তাকালো সে ভাইয়ের চোখে।
সেই চোখের দৃষ্টিতেই নিজেকে ভীষণ অসহায় মনে হলো ইয়াদের। দৃষ্টি সরিয়ে নিলো তৎক্ষণাৎ। এগিয়ে এলেন মিনহাজ। ইরহাকে নিতে চাইলেন। গেলো না সে আরো শক্ত করে আকড়ে ধরলো। মিনহাজ হাঁটু গেড়ে বসে বললেন,

' তুমি তোমার ছোট চাচীর কাছে থাকো মা। আমারা একটু পরেই চলে আসবো।'

' না আমি ভাইয়ার সাথে যাবো।'

ফের তাকালো ইয়াদের মুখ পানে। কন্ঠে আকুতি নিয়ে বলল,
' ভাইয়া তোমার সাথে যাবো আমি। আমাকে নিয়ে যাও। দেখো না আম্মু-আব্বু ঘুমিয়ে আছে, কথাও বলছে না। আমার ভয় হচ্ছে ভাইয়া।'

ইয়াদ শক্ত করে চোখ বুজে। এই মুহূর্তে কি বলা উচিত জানা নেই তার। এটাও জানে না ছোট এই বাচ্চা মেয়েটাকে কিভাবে বুঝাবে বাস্তবতা। ভেতরে ভেতরে এতটাই ভেঙে পড়েছে যে বার বার কন্ঠনালী রুদ্ধ হয়ে আসছে।
তার এই করুন দশা দেখে মিনহাজের স্ত্রী রিনা নিজেই এগিয়ে আসলেন। এক প্রকার জোর করেই ইরহাকে নিজের কাছে নিলেন। ছোট ইরহা শব্দ করে কেঁদে উঠলো। সেদিকে করুন চোখে তাকালো ইয়াদ। রিনা ইরহাকে বুকে জড়িয়ে বললেন,

' তুমি যাও ইয়াদ,ওকে আমি সামলে নিবো।'

ইয়াদ সেদিকে একবার তাকিয়ে অনুভূতিহীন পায়ে হেঁটে খাটিয়ার কাছে গেলো।
একে একে সবাই এগিয়ে এলেন খাটিয়া ধরতে। মিনহাজ ও ইয়াদ সামনের দিক ধরলেন। ইয়াদের মনে হলো পৃথিবীর সব থেকে ভারী জিনিস আজ তার কাঁধে। চোঁখ হতে অশ্রু ঝড়ছে। এই অশ্রু কি এ জীবনে শেষ হবে?

পেছনে আহাজারি করে কান্না করছে ইরহা। দু হাত বাড়িয়ে একটা কথাই বলে চলেছে,

' আমি আমার ভাইয়ার কাছে যাবো ছাড়ো আমাকে।

আম্মু আব্বুকে নিচ্ছো আমাকেও নিয়ে যাও ভাইয়া। আমাকে ছেড়ে যেও না ভাইয়া।'

অবুঝ শিশুর মনে হচ্ছে ওকে না নিয়েই আম্মু-আব্বু আর তার ভাইয়া চলে যাচ্ছে। একা রেখে যাচ্ছে তাকে। হয়তো আর কখনও নিতে আসবে না।

***********

লাশ দাফন সম্পন্ন হয়েছে অনেকক্ষণ। সবার শেষে বাড়িতে পৌঁছালো ইয়াদ। পা টেনে টেনে চলছে সে। দরজায় পা দিতেই ছোট বাচ্চা মেয়েটা আকড়ে ধরলো কোমর। পরপর হিঁচকি তুলে ভাঙ্গা গলায় বলল,

' আমাকে ছেড়ে গেলে কেনো? আম্মু-আব্বু কোথায়,আসছে না কেনো?'

ইয়াদ ঝুঁকে কোলে নিলো মেয়েটাকে। বুকে আগলে নিয়ে বলল,
' আর আসবে না বোন। কেউ আসবে না।'

এদিকে সবাই চলে গেছেন যে যার বাড়িতে। শুধু থেকে গেলেন ইয়াদের ছোট চাচা মিনহাজ ও তার স্ত্রী।

************

চারটে দিন এখানেই থেকে গেলেন মিনহাজ ও রিনা। এতিম বাচ্চা দুটোর মুখ দেখলেই কান্নায় ভেঙে পড়েন মিনহাজ। আদরের ভাইয়ের শেষ অংশ এই বাচ্চা গুলো। দুটো বাচ্চাই দেখতে ঠিক পুতুলের মতো। ইরহাকে প্রথম দেখাতে যে কেউ পুতুল বলেই ভাববে। এতটাই মিষ্টি মেয়েটা। চঞ্চল মেয়েটা চার দিন যাবত কেমন ঝিমিয়ে পড়েছে। বাবা মায়ের কাছে যাবে বলে কান্নায় ভেঙে পরছে বারবার। ইয়াদ ব্যতীত কেউই তাকে সামলাতে সক্ষম হয় নি।

আজ চলে যাবেন মিনহাজ ও রিনা। বাড়ির বাহিরে এই চার দিন কিভাবে ছিলেন শুধু তারাই জানেন।
প্রতিবেশীরা এই কয়দিন তাদের খোঁজ খবর নিয়েছে। আজও এসেছেন পাশের বাসার দুজন আন্টি। হাজেরা খাতুন ও আনোয়ারা বেগম।

' ভাই সাহেব এই ছেলে-মেয়ে দুটোর কি হবে? এখন তো তাদের অভিবাবক আর কেউ রইলো না।'

হাজেরা খাতুন মিনহাজ আহমেদকে উদ্দেশ্য করে কথাটি বললেন। মিনহাজ সাহেব নিজেও ভাবনায় পরলেন। তিনি নিজেও এই কথাটাই ভাবছিলেন এতক্ষণ। এতিম ছেলে মেয়ে দুটোকে একা কিভাবে রেখে যাবেন? কিন্তু সাথে নিয়ে যাওয়ারও তো কোনো উপায় নেই। বড় ভাইজান কখনও তাদের বাড়ীতে উঠতে দেবেন না। বহু আগেই মাহফুজ আহমেদের সাথে ছিন্ন হয়েছে সম্পর্কের। মিনহাজ একটু বেশিই ভালোবাসেন মাহফুজ আহমেদকে। তাইতো লুকিয়ে এসেছেন ভাইকে শেষ দেখা দেখতে। তিনি এ পর্যায়ে খুবই অসহায় বোধ করলেন। ইয়াদ আর ইরহাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন। অথচ আজ এতটাই অসহায় এই এতিম দুটো ছেলে মেয়েকে একটু আশ্রয় দিয়ে পারছেন না। ইয়াদ হয়তো বুঝেছে তার চাচ্চুর অবস্থা। তাই বলল,
' তোমাকে কিছু করতে হবে না চাচ্চু। আমি আছি তো ইরুকে ঠিক সামলে নেবো।'

' তা কিভাবে হয় বাবা। একা কিভাবে থাকবে তোমরা?'
চিন্তিত কন্ঠে বললেন মিনহাজ। যতই হোক বাচ্চা ছেলে মেয়েকে একা কিভাবে ছেড়ে যাবেন।
এ পর্যায়ে রিনা মুখ খুললেন,
' বলছিলাম কি আমার ভাইয়ের কাছেই না হয় ওদের পাঠিয়ে দেই। ওখানে অন্তত দুজনে ভালোই থাকবে।'

মিনহাজ আহমেদ তাকালেন রিনার দিক। কথাটা একটু ভেবে বললেন,
' ভালোই হবে। ভাই ভাবি আছেন ওখানে ওদের সমস্যা হবে না।'

ইয়াদ তাদের থামিয়ে দেয়,
' না চাচ্চু আমরা কোথাও যাবো না। আমাদের আব্বু- আম্মুর শেষ স্মৃতি এখানে আছে। এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না।'

মিনহাজ আহমেদ বোঝানোর সুরে বললেন,
' তোমার কথা বুঝতে পারছি বাবা। কিন্তু এখানে তোমরা থাকবে কিভাবে? তোমাদের খাবার দিবে কে?তোমার বোন ছোট, ও তো এখনো নিজের হাতে পর্যন্ত খেতে পারে না। ওর সব কিছু কে দেখবে বলো? তার উপর তোমার পড়াশোনা ইরুর পড়াশোনা সব কিছু তুমি একা সামলাতে পারবে না।'

ইয়াদ কিছু না ভেবেই বলে দিলো,
' পারতে তো হবে চাচ্চু। কতদিন অন্যের উপর ভরসা করে বসবো? এক বছর? দু বছর? তার পর তো নিজেকেই সব সামলাতে হবে, তাহলে এখন থেকে কেনো নয়?'

' তুমি এখনো ছোট বাবা তাই বুঝতে পারছো না। তুমি নিজেরটা সামলালেও ইরুকে কিভাবে সামলাবে? ওর তো নানান বাহানা লেগেই থাকে প্রতি দিন। সব কিছু কিভাবে দেখা শুনা করবে? আর নিজের পড়াশোনাই বা কখন করবে?'

মিনহাজ থেমে কিছু একটা ভেবে ফের বললেন,
' ঠিক আছে তুমি তো এখানে থাকতে চাও তাহলে থাকো। কিন্তু ইরুর ভবিষ্যতের কথা ভেবে অন্তত তাকে যেতে দাও। ও কিছুটা বড় হয়ে না হয় আবার ফিরে আসবে।'

' ওকে আমি কোথাও যেতে দেবো না চাচ্চু। আম্মু- আব্বুর পর ওই আমার সব। ওকে কোথাও যেতে দেবো না, মাফ করবেন আমায়। দয়া করে প্লীজ আর কথা বাড়াবেন না। আমারা কোথাও যাবো না। না আমি আর না আমার বোন।'

কথা গুলো বলেই সে ইরহার হাত ধরে চলে যায় সেখান থেকে। তার জীবনের এখন একটাই বেঁচে থাকার অবলম্বন। আর সেটা হচ্ছে ইরহা। ওকে কখনও নিজের থেকে আলাদা করবে না। কখনও না।

প্রতিবেশী দুজন আর কিছু না বলে চলে গেলেন।
এদিকে ভাবনায় পড়ে গেলেন মিনহাজ আহমেদ। ছোট ছোট দুটো বাচ্চাকে কিভাবে এখানে একা রেখে যাবেন? তাকেরকে তো আবার ও বাড়ি ফিরতে হবে। কি করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না তিনি।
ঘন্টা দুয়েক পর গেলেন ইয়াদের কাছে। দরজায় দু বার নক করতেই খুলে দিল ইয়াদ। মিনহাজকে দেখে সরে দাঁড়ায়। মিনহাজ একবার ইয়াদকে দেখে ভেতরে ডুকলেন। ইরহা ঘুমিয়ে পড়েছে। তিনি ইরহার পাশে বসে তার মাথায় হাত বুলালেন। নরম গলায় বললেন,
' আরেক বার ভেবে দেখো বাবা এখনো মেয়েটা ছোট। ওকে সামলানো এতটাও সহজ না।'

ইয়াদ আগের মতোই বলল,
' ভাবাভাবির কিছু নেই চাচ্চু। ওকে আমি কোথাও যেতে দেবো না।'
থেমে বলল,
'ওর অভ্যাস আমার সাথে প্রতিদিন কিছু না কিছু নিয়ে ঝগড়া করা। আমরা যখনই কোনো কিছু নিয়ে ঝগড়া করতাম তখন আম্মু একটা কথাই বলতেন, " আমাদের পর তো ওকে দেখে রাখতে হবে তোমায়,এভাবে ঝগড়া করলে চলে বলো তো?" আম্মুর সেই কথাটা আমি না রেখে পারি বলুন? আমাকে রাখতেই হবে। বোন আমার, তাই ওর সকল দায়িত্বও আমার।'

মিনহাজ আহমেদ আর কিছু বললেন না। ইরহার মাথায় চুমু খেয়ে উঠে দাঁড়ালেন। ইয়াদের কাছে এসে কাঁধে হাত রেখে বললেন,
' যদি কিছুর দরকার পড়ে তাহলে চাচ্চুকে সবার প্রথমে মনে করবে। চাচ্চু তোমাদের পাশে সব সময় থাকবো।'

ইয়াদ টলমল চোখে তাকিয়ে মাথা নাড়ায়।
মিনহাজ আহমেদ বিদায় নিয়ে চলে গেলেন। এতো বড় বাড়িতে শুধু রয়ে গেলো দুটো এতিম ছেলে-মেয়ে। যার একজন এখনো বুঝতে পারেনি তাদের আব্বু-আম্মু এই পৃথিবী ছেড়ে চিরতরে হারিয়ে গেছে। আর একজন ছোট বোনের মুখের দিক তাকিয়ে ভাবছে এখন কিভাবে চলবে তাদের জীবন?

#মন_খোঁজে_তোমাকে
#সুমনা_আক্তার
১.

( গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এখানে বাস্তবতা খুঁজতে যাবেন না। ধন্যবাদ )

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন