#মন_খোঁজে_তোমাকে
#সুমনা_আক্তার
১০.
সুবিশাল এক ডুপ্লেক্স বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়াতেই ভেতর থেকে দৌঁড়ে এসে চাকচমক পূর্ণ দানবাকৃতির গেইট খুলে দিলেন দারোয়ান। গেটের দুপাশে দুটো বাগান বিলাস যেন তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তারপর চোখ যায় মার্বেল পাথর দ্বারা অক্ষরে লেখা নেমপ্লেটে,
'সুখ নীড়।'
সুখ নীড় নামটা খুব পছন্দ হয় মেয়েটার। মনে হয় আসলেই সে সুখের কোনো রূপকথার জগতে প্রবেশ করেছে। চারিদিকের এতো এতো চোখ ধাঁধানো সৌন্দর্যে নিজেকে কোনো এক অজানা স্বপ্ন জগতে ভাসিয়ে দিতে চাইছে।
তাদের গাড়ি থামে পার্কিং এরিয়ায়। সেখানে আরো তিন চারটে সাদা,কালো রঙের গাড়ি রয়েছে। গাড়ি গুলো এতটাই চকচক করছে যেন এই মাত্র কেনা। গাড়ি থেকে নামতেই চোখে পড়ে অত্যাধুনিক সৌন্দর্য ঘেরা ডুপ্লেক্স বাড়িটি। এতো সুন্দর বাড়ি এই প্রথম দেখলো ইরহা। মুগ্ধ চোখে একে একে অবলোকন করে চলেছে সব।
মাহিন এতো বড় বাড়িতে থাকে তা কখনও কল্পনা করেনি মেয়েটি। মাহিন দেখতে সাধারণ একটি ছেলে। তবে তার পোশাক-আশাক,ব্যাগ, জুতো দেখে সব সময়ই নতুন মনে হতো। এই নিয়ে তখন এতটা না ভাবলেও আজ ইরহাকে ভাবাচ্ছে।
এসব ভাবনার মধ্যে মাহিন তার হাত নিজের হাতে পুরে নিয়ে বাড়ির ভেতর পা বাড়ায়। সেসবে ধ্যান নেই মেয়েটার সে তো চারিদিক দেখছে মুগ্ধ চোখে। বাড়ির ভেতর প্রবেশ করে আরো মুগ্ধ হয়। বাহিরটা না যতটা সুন্দর তার থেকেও অধিক আভিজাত্যে মোড়ানো বাড়ির ভেতর। সামনেই বড় জায়গা জুড়ে রয়েছে ড্রয়িং রুম। শুভ্র রঙের সোফা পুরো রুম জুড়ে, তার সামনে কাচের টি টেবিল। সোফার একপাশে বড় আকৃতির ফুলদানি তার মধ্যে সাদা কালো নান্দনিক ফুলের সমাহার। বাম পাশে কিছুটা দূরে অনেকটা জায়গা নিয়ে ডাইনিং টেবিল সেটাও কাচের। সেখানে পনেরো,ষোলো জন বসে খেতে পারবে অনায়াসে। তার কিছুটা দূরে রান্না ঘর, সেখান থেকে কারো কথার আওয়াজ আসছে। কিছু একটা নিয়ে হাসছেন কেউ।
তখনই একজন অত্যন্ত রূপবতী রমণী বেরিয়ে আসেন। তাদের দিকে চোখ পড়তেই সেদিকে এগিয়ে আসতে আসতে বলে উঠেন,
' ক্লাস হয়নি বাবা? এতো তাড়াতাড়ি চলে আসলি যে?'
কথা বলতে বলতে চোখ পড়ে পাশে দাঁড়ানো মেয়েটার দিকে। সেকেন্ড পাঁচেক তাকিয়ে মাহিনের উদ্দেশ্যে গাল ভরে হেসে জিজ্ঞেস করেন,
' কি পুতুল দেখতে। তোর বন্ধু?'
ছেলেটা নিজেও হেসে বলে,
' পুতুল? কোথায় পুতুল? এই পেত্নীকে তোমার পুতুল মনে হচ্ছে আম্মু?'
ছেলের কথায় শব্দ করে হাসলেন রমণী,
' তোর চোখে সমস্যা কবে থেকে দেখা দিল বাবা?'
মায়ের কথায় গাল ফুলায় ছেলেটা,
' চোখ ভালো আছে আম্মু। তাইতো সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি।'
' ওহহ তাই বুঝি? তাহলে পেত্নীকে সাথে কেন আনলে? রাস্তার কোনো গাছের নিচে রেখে আসলেই হতো।'
এ পর্যায়ে দমে যায় ছেলেটা। হারিয়ে ফেলার ভয়েই তো সাথে নিয়ে আসা। সেখানে নাকি সে রেখে আসবে রাস্তায়! পাশে তাকাতেই দেখে রুদ্রমূর্তির ন্যায় তাকিয়ে ইরহা। তার দৃষ্টি দেখেই বোকা হাসে মাহিন। মাত্রই বুঝতে পারল কতো বড় ভুল হয়েছে তার দ্বারা। ঘুমন্ত বাগিনীকে জাগিয়ে তোলে। নিজের বোকামি বুঝতে পেরে কথা ঘুরায়,
' আমার বন্ধু আম্মু। ক্লাস হয়নি তো তাই সাথে নিয়ে এসছি।'
ছেলের অবস্থা দেখে আবারো শব্দ করে হাসলেন রমণী। ইরহার গালে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন,
' নাম কি তোমার?'
ইরহা চোখ সরায় মাহিন হতে। মুখের রাগ সরানোর চেষ্টা করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে উঠে,
' আসসালামুআলাইকুম আন্টি। আমি ইরহা। ইরহা আহমেদ সেহের।'
' ওয়ালাইকুম আসসালাম মা। মাশাআল্লাহ কি সুন্দর নাম।'
কথা শেষ করে চুমু খেলেন ইরহার গালে। ইরহা কিছু বলল না। বছর পূর্বের ইরহা হলে নিশ্চই মুখ কুঁচকে বারবার গাল মুছতো। তবে এখন তেমন কিছুই করেনি। কতদিন পর মায়ের মতো কেউ আদর করলো। তার মাও ঠিক এভাবেই আদর করতেন। দিনে হাজার খানেক চুমু তো দিতেন যার ফলে বারবার গাল মুছত মেয়েটা। অথচ এখন ভাই ছাড়া তাকে কেউ আদর করে না। মুহূর্তেই ভাইয়ের কথা মনে পড়ে। ভেতরে কোথাও কষ্ট এসে হানা দেয়। ভাই কি তাকে খুঁজছে? নাকি জানেই না তার স্কুল ছুটির কথা? আর যদি জেনে থাকে তখন না পেলে নিশ্চই চিন্তা করবে? পরমুহুর্তে ভাবলো করুক চিন্তা। তাকে ধমক দিয়ে কথা বলবে কেন? এখন খুঁজে খুঁজে পাগল হউক।
তার ভাবনার মধ্যে আরও একজন মহিলা এগিয়ে আসেন। তবে ওনার মুখে হাসি নেই। গম্ভীর মুখে তার দিকে একবার তাকিয়ে প্রশ্ন করেন সামনের রমণীকে,
' মেয়েটা কে মোহিনী?'
মোহিনী হাসি মুখে জবাব দেন,
' ইরহা। মাহিনের বন্ধু আপা।'
গম্ভীর মুখের মহিলা আবার ইরহাকে দেখলেন। কন্ঠে গম্ভীরতা বজায় রেখে বললেন,
' ভালো। যাও দুজনে ফ্রেস হয়ে আসো।'
ইরহার এবার কেমন যেন লাগছে। এই মহিলাকে মোটেও ভালো লাগেনি তার। মাহিনের আম্মুর মতো সুন্দর করে কথাও বলতে জানে না।কেমন রেগে রেগে তাকিয়ে আছে। দেখতে সুন্দর হলে কি হবে কথায় একটুও মিষ্টি নেই। ভাইয়াকে বিচার দিবে এই মহিলার। এখন আবার বলছে ফ্রেস হতে। সে কিভাবে ফ্রেস হবে? ভাইয়াই তো তাকে সবসময় ফ্রেস করিয়ে দেয়। তবুও মুখে কিছু বলল না। সোফার সামনের গ্লাসের টি টেবিলে দুজনের ব্যাগ রেখে মাহিনের রুমের দিকে যায়।
মাহিনের রুম দুতলায়। ইয়া বড় রুমে খেলার জিনিস ভরপুর। স্পোর্ট কার থেকে শুরু করে ব্যাট,বল, নানার ব্যাটারি চালিত পুতুল,সাইকেল সব আছে। ইরহা অবাক হয়। এতো কিছু দিয়ে এই ছেলে খেলে কখন? সে তো এক ঘণ্টার মতো পুতুল খেলেই হাঁফিয়ে উঠে। তারপর পড়া, খাওয়া,ঘুম এসবেই দিন পার হয়।
' কি দেখছিস?'
অন্যমনস্ক ইরহা কেঁপে ওঠে,
' হুম, না কিছু না।'
' তাহলে ফ্রেস হতে যা।'
ইরহা ফ্রেস হয়ে আসে। তারপর যায় মাহিন। সে ফ্রেস হয়ে এসে ইরহাকে ভেজা মুখেই দেখে। মেয়েটা ফ্রেস হতে গিয়ে পড়নের স্কুল ড্রেস প্রায় অর্ধেক ভিজিয়ে নিয়েছে। অথচ মাহিন খুবই গুছানো স্বভাবের। তার প্রতিটি কাজ নিখুত। মাহিন নিজের ব্যবহৃত টাওয়াল এগিয়ে দিয়ে বলে,
' প্রথম এসছিস বলে আমার জিনিস দিচ্ছি। নয়তো আমি কখনোই কাউকে আমার জিনিস ব্যবহার করতে দেই না।'
মুখ বাকায় মেয়েটা। পরমুহুর্তে কিছু মনে হতেই দুম করে কিল বসায় মাহিনের পিঠে। রাগী স্বরে বলে,
' তখন কি বললি? আমি পেত্নী?'
কিলটা জুড়েই দিয়েছে ইরহা। চোখ,মুখ কুঁচকে পিঠে হাত বুলাতে বুলাতে বলে,
' মজা করেছি, তাই বলে এভাবে মারবি?'
' মজা করেই বল আর যেভাবেই বল পেত্নী কেন বলবি?'
' তোকে দেখতে তো পেত্নীর মতো লাগে।'
' কি বললি তুই? আবার আমায় পেত্নী বলছিস?'
হাত উচু করে ধেয়ে আসতে নিলে পিছু হটে ছেলেটা। মুখে বলে,
' আচ্ছা ঠিক আছে তুই পেত্নী না। দয়া করে মারিস না আর। ভীষণ লাগে।'
পাত্তা দেয় না মেয়েটা। আরেকটা বসিয়ে তবেই শান্ত হয়। এদিকে পরপর দুটো কিল খেয়ে ব্যথায় কঁকিয়ে উঠে মাহিন। বলে উঠে,
' তুই মানুষ না ডাইনী?'
চোখ বড় করে তাকায় ইরহা।
' কি বললি?'
মাহিন থতমত খায়। মুখ ফসকে আবার উল্টাপাল্টা কথা বেরিয়ে এসেছে। আমতা আমতা করে বলে,
' ক..কই কিছু তো বলিনি।'
তাদের কথার মধ্যে শুনা যায় মোহিনীর কন্ঠ,
' শেষ হলো তোদের?'
মাহিন হাঁফ ছেড়ে বাঁচে। গলা উঁচিয়ে বলে,
' হ্যাঁ আম্মু।'
তিনি ভেতরে প্রবেশ করেন। ইরহার জামা ভেজা দেখে প্রশ্ন করেন,
' একি জামা ভেজালে কি করে?'
ইরহা কাঁচুমাচু করে। তার অবস্থা দেখে মাহিন বলে,
' বাচ্চা মেয়ে আম্মু। ফ্রেস হবে কি করে?'
মোহিনী অবাক চোখে দেখেন ছেলেকে। ইরহা বাচ্চা হলে সে কি? নিজেও একটা বাচ্চা হয়ে অন্যকে বাচ্চা বলছে। তবে একটা কথা মানতে হবে তার বড় ছেলের মতো ছোট ছেলেটাও গুছানো স্বভাবের। পরিপাটি ভাবে দুজনের চলাচল। এই একটা দিক দু ভাইয়ের মিল রয়েছে আর কিছুই না। বড় ছেলে যতটা শান্ত ছোট ছেলে ততটাই দুষ্টু। তিনি ছেলেকে বলেন,
' আচ্ছা তুই নিচে যা আমরা আসছি।'
মাহিন কথা বাড়ায় না চলে যায় নিচে। সে যেতেই কাবার্ড খুলে মাহিনের এক সেট কালো রঙের গেঞ্জি পেন্ট নিয়ে ইরহাকে পরিয়ে দেন মোহিনী। তিনি বেশ বুঝেছেন মেয়েটা এসবে অভ্যস্ত নয়। চুল গুলো সুন্দর করে বেধে দেন।
কথা না বাড়িয়ে মেয়েটার স্কুল ড্রেস নিয়ে বাড়ির কাজের মেয়েকে বলেন ধুয়ে দিতে। অতঃপর তাকে নিয়ে আসেন ডাইনিং টেবিলে। সেখানে ইতিমধ্যে মাহিন বসে। তার সামনে রয়েছে ভাতের প্লেট এবং নানান তরকারি। ভাত দেখে ইরহার নিজেরও মনে হলো খুব খিদে পেয়েছে তার। তবে কিছুটা জড়তা নিয়ে দাঁড়িয়ে রয় কেননা তার ঠিক সামনে আগের সেই রাগী মহিলা দাঁড়িয়ে। এখনো মুখে হাসির ছিটেফোঁটা নেই। একটু হাসলে কি হয় এই মহিলার? তাকে দাঁড়িয়ে থাকতে দেখে মোহিনী বলে উঠেন,
' দাঁড়িয়ে আছো কেন? যাও খেতে বসো।'
ইরহা মাথা নিচু করে গিয়ে বসে মাহিনের পাশে। ভুলেও চোখ তুলে তাকায় না পাশের মহিলার দিকে। এমন ভয়ঙ্কর মহিলা এজীবনে দেখেছে বলে মনে হয় না। সেভাবেই মাথা নিচু করে খাবার খেতে শুরু করে। তবে খাওয়া কম চারদিকে ছড়াচ্ছে বেশি। আবার ভাইয়ার কথা মনে পড়ে। সে তো কখনও নিজ হাতে খায় নি। তাহলে এখন কিভাবে খাবে? তার এমন হাল দেখে মোহিনী নিজেই হাত ধুয়ে তাকে খাইয়ে দিলেন। ইরহা চুপচাপ খেয়ে নেয়। তার কেমন লাগছে পাশে মাহিন কি সুন্দর করে খাচ্ছে আর সে কিনা ভালোভাবে খেতেও জানে না।
প্রতিটি তরকারি এতোই সুস্বাদু হয়েছে যে আজ পেট ভরে খেয়েছে ইরহা। খাওয়া শেষ খুশি মনে চট করে মোহিনীকে বলে,
' কি মজা হয়েছে বলে বুঝাতে পারবো না। আপনি রান্না করেছেন?'
মোহিনী গাল ভরে হাসলেন। কি আদুরে মেয়েটা, শুধু দেখতেই মন চায়। সেভাবেই বললেন,
' না মা আমি করিনি। আপা করেছেন।'
বলে হাতের ইশারায় দেখালেন সেই মহিলাকে। মুহূর্তেই ইরহার হাসি হাসি মুখ চুপসে যায়। সেই রমণী তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। ভয় পায় মেয়েটা। এভাবে তাকানোর কি আছে? সে তো এসে থেকে কিছুই করেনি। অথচ রমণীর তাকানো বলে দিচ্ছে যেন সে খুব বড় অপরাধ করেছে এবং তিনি সেই কারণে রেগে আছেন। ইরহা আর কিছু বলে না।
তাকে চুপ দেখে মোহিনী প্রশ্ন করেন,
' তোমার বাসায় কে কে আছে?'
ইরহা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়,
' ভাইয়া।'
' আর?'
' আর কেউ নেই।'
অবাক হন মোহিনী।
' কেন তোমার আম্মু, আব্বু কোথায়?'
দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকায় মেয়েটা। এই প্রশ্নের উত্তর জানা নেই তার। তবে ভাইয়া বলে আকাশে থাকে। সেদিন তার ক্লাসের এক মেয়ের মা তাকে দেখে আরেকজন মহিলাকে বলেন, ' কি সুন্দর বাচ্চাটা। অথচ দেখো এতিম।' তখন পাশের মহিলাম বিস্ময় নিয়ে প্রশ্ন করেন,' কি বলছ এসব? ওর বাবা মা নেই?' ' না। কিছুদিন পূর্বে মারা গেছে।' মারা গেছে কথাটা ততটা না বুঝলেও কিছুটা বুঝেছে যে মারা গেলে মানুষ আর ফিরে আসে না। ভাইকে প্রশ্ন করলে বলে, ' আম্মু আব্বু আকাশে তারার মধ্যে থাকে। এবং তাদের সবসময় দেখে।'
তাই সেকথাই বলে ইরহা,
' আকাশে তারার মধ্যে থাকেন।'
স্তব্ধ হয়ে যান মোহিনী সেই সাথে সামনের মহিলা। যা বুঝার বুঝে যান দুই রমণী একে অপরকে দিকে তাকান। তারা মোটেও ভাবেননি এমনটা। এতো ফুটফুটে মেয়ের বাবা মা নেই। ইসস তাদের বাড়িতে এমন একটা ফুল থাকলে মন্দ হতো না। বরং সবার আদরের দুলালী হয়ে থাকতো। মোহিনী এগিয়ে গিয়ে ইরহাকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করেন। জানতে চান,
' তোমার ভাই কি করে?'
এতো আদরে মিইয়ে পড়ে মেয়েটা। বিড়াল ছানার মতো বসে থাকে। ছোট করে বলে,
' পড়ে আবার অফিসে কাজ করে।'
' তাই? খুব ভালো।'
থেমে ফের জানতে চাইলেন,
' তোমার ভাই জানে তুমি এখানে?'
চুপ থাকে মেয়েটা। ভাইকে হুট করেই এতটা কেন মনে পড়ছে? এতো সময়ে এতটুকু বুঝেছে ভাই ছাড়া সে অচল। তার প্রতিটা কাজ ভাই করে দেয়। এই যে তাকে ফ্রেস করানো, গোছল করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছুই তো ভাইয়া করে।
ইরহাকে চুপ দেখে মাহিন সত্যিটা লুকিয়ে বলে উঠে,
' ভাইয়া তো জানে না এতো তাড়াতাড়ি ছুটি হবে। তাই ওকে একা না রেখে সাথে নিয়ে এসেছি।'
আঁতকে উঠলেন মোহিনী। ছেলের কথায় মুহূর্তে ক্ষিপ্ত স্বরে বললেন,
' কি বলছিস এসব? যদি ছেলেটা জানতে পারে তাহলে? নিশ্চই এতক্ষণে খুঁজছে, যখন ইরহাকে সেখানে পাবে না চিন্তা করবে তো?'
থেমে আবার ইরহার দিকে তাকিয়ে বললেন,
' তোমার ভাইয়ার ফোন নাম্বার আছে?'
মাথা নাড়ে মেয়েটা। আছে তার কাছে। ভাইয়া তার প্রতিটি খাতা এবং বইয়ে নিজের নাম্বার লিখে রেখেছে সেই সাথে তার স্কুলের আইডি কার্ডের পিছনেও লিখা আছে। লিখে বলেছে কখনও প্রয়োজন হলে প্রথমেই যেন তাকে ফোন করে। কিন্তু সেভাবে কখনও প্রয়োজন হয় নি। আজই প্রথম এভাবে ভাইকে না জানি এসেছে।
তার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন মোহিনী। শান্ত স্বরে বললেন,
' ঠিক আছে আমাকে নাম্বারটা দাও আমি ফোন করছি।'
ইরহার এপর্যায়ে মনে হলো আসলেই ভাইকে দরকার। ভাই ছাড়া তার কিছুই ভালো লাগছে না। এতো আদর যত্ন কিছুই তার মন ভালো করতে সক্ষম নয়। একটা কথা বারবার মন বলছে ভাই আসলেই সব ঠিক হয়ে যাবে। সব মানে সব। তাই উঠে গিয়ে নিজের ব্যাগ থেকে উপরে যে বইটি ছিল সেটাই নিয়ে আসে। সর্ব প্রথম পাতায় গুটিগুটি সংখ্যায় লিখা নাম্বারটি নিজের ফোনে তুলেন মোহিনী। এবং সাথে সাথে কল করেন সেই এগারো সংখ্যার নাম্বারে।
*********
কিছুক্ষণ পূর্বেই স্কুলের ম্যাম কল করে তাকে জানান যে আজ ক্লাস হচ্ছে না। ম্যাম কখনোই কল করতেন না যদি না সে আগে থেকে বলে রাখতো। ইরহার উড়নচণ্ডী স্বভাব সম্পর্কে অবগত ছেলেটা। তাই ম্যামকে পূর্বেই বলে রেখেছিল ইরহা স্কুলে কিছু করলে যেন সাথে সাথে তাকে ফোন করা হয়।
স্কুল ছুটি হওয়ার পরও মাঠে ইরহাকে বসে থাকতে দেখে ম্যাম তাকে জানান যে আজ ক্লাস হবে না। সেই সময় মাত্র তার দুটো ক্লাস শেষ হয়েছে। ফোন মিলতেই সাথে সাথে বেরিয়ে যায় ছেলেটা।
তাকে এমন অস্থির হয়ে বেরিয়ে যেতে দেখে রিমশা নিজেও চিন্তিত হয়ে তার পিছু নেয়। তার মনে একটাই প্রশ্ন 'ইরহা ঠিক আছে তো?' সে নিজেও অস্থির হয়ে পড়ে। দ্রুত পায়ে ছুটে ইয়াদের পিছনে। ভার্সিটি থেকে স্কুলের দূরত্ব মিনিট ত্রিশের। ইয়াদ নিজের বাইক স্টার্ট দিতেই পিছনে এসে বসে রিমশা। এই সময় গাড়ি পাওয়া একেবারেই মুসকিল। উপায় না দেখে কিছু না ভেবেই ইয়াদের বাইকে উঠে বসে। তাকে বসতে দেখেই বিরক্তি নিয়ে তাকায় ছেলেটা। মুখ কঠিন করে বলে উঠে,
' কি সমস্যা তোমার? আমার বাইকে কেন উঠেছ?'
তার কথায় মোটেও ভাবান্তর হয় না মেয়েটার। ঠিকঠাক ভাবে বসে বলে উঠে,
' কোথায় যাচ্ছিলে তাড়াতাড়ি চলো। সময় নষ্ট করো না তো।'
' আমি যেখানে খুশি যাবো তুমি আমার সাথে কেন? তোমার গাড়ি কোথায়?'
' সখে কি কেউ শত্রুর গাড়িতে উঠে?এখনো ক্লাস শেষ হয়নি তাই গাড়ি বাসায়।'
' তাহলে রিকশা নেও। তাও প্লীজ আমার পিছু ছাড়ো।'
সেসবের উত্তর না করে তাড়া দেয় রিমশা,
' লেট হচ্ছে কিন্তু। ঝগড়া পরেও করা যাবে।'
ইয়াদ কথা বাড়ায় না। চোখ, মুখ শক্ত করে স্টার্ট দেয় বাইক। এতটাই জোরে স্পিড বাড়িয়ে চালায় যেন এটা বাইক নয় প্লেন। রিমশা ভয়ে ইয়াদের কাঁধ ধরে। এতেই যেন চেতে উঠে সে। ধমকে উঠে বলে,
' হাত সরাবে নাকি ধাক্কা দিয়ে রাস্তায় ফেলব?'
তার ধমকে কেঁপে ওঠে হাত সরায় রিমশা। মুখ বাঁকিয়ে বাইকের পিছনের দিক চেপে ধরে। বিড়বিড় করে, ' খারাপ ছেলে।'
ত্রিশ মিনিটের রাস্তা হলেও বিশ মিনিটে পৌঁছায় তাঁরা। দারোয়ানকে বলে ভেতরে প্রবেশ করে এদিক সেদিক তাকিয়ে খুঁজে ইরহাকে। এখন স্কুল পুরো খালি। অফিস রুমে শিক্ষক ছাড়া একটা ছাত্রেরও দেখা নেই।
চারিদিকের শূন্যতা দেখে বুক কাপে ছেলেটার। অজানা আতঙ্কে শ্বাস নিতে কষ্ট হয়। পরক্ষণে ভাবে হয়তো অফিস রুমে আছে তার বোন। তবুও চারিদিক খুঁজে অফিস রুমে যায় ছেলেটা। দেখে ছয় সাতজন শিক্ষক শিক্ষিকা বসে। কোনো কিছু নিয়ে চলছে তাদের মধ্যে আলোচনা। ইয়াদ অনুমতি নিয়ে প্রবেশ করে তার পিছু রিমশাও। আশপাশ দেখে অধৈর্য গলায় প্রশ্ন করে ফোন দিয়ে জানানো ম্যামকে,
' ম্যাম ইরহা কোথায়?'
ম্যাম কিছু কাগজ দেখছিলেন। ইয়াদের কথায় তার দিক চোখ তুলে তাকিয়ে দেখেন তার আতঙ্কিত চেহারা। চশমা ঠিক করে বলেন,
' মাঠেই তো ছিলো। হয়ত ওখানো কোথাও আছে।'
অস্থির হয়ে উঠে ইয়াদ। কম্পিত কন্ঠে বলে,
' ন..না ম্যাম মাঠে, ক্লাসে ক..কোথাও নেই।'
ম্যাম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান চিন্তিত মুখে সামনে এগিয়ে যেতে যেতে বলেন,
' আমি তো কিছুক্ষন পূর্বেই ওকে দেখে আসলাম মাঠে বসে আছে।'
বলতে বলতে মাঠে এসে চারিদিকে দৃষ্টি ঘুরান। না একটা কাকপক্ষীও নেই। স্কুল ছুটি হওয়াতে কেউ বসে থাকেনি সবাই চলে গেছে। তিনি গেইটের কাছে দাঁড়ানো দারোয়ানকে জিজ্ঞেস করেন,
' ইরহাকে বাহিরে যেতে দেখেছো?'
দারোয়ান ইয়াদকে দেখে নিজেও ইরহাকে খুঁজে চলেছেন। আজকে সত্যি তিনি মেয়েটাকে দেখেন নি। প্রতিদিন ক্লাস ছুটি হলেই তো তার কাছে বসে থাকে। তাই গেইট দিয়ে ছুটির সময় ততটা লক্ষ্য করেন নি। কারণ প্রতিটা ছাত্রছাত্রীর অভিবাবক তাদের নিয়ে যান। তবে আজ ইরহাকে না দেখে মনে করেছেন ইয়াদ নিয়ে গেছে। প্রায়ই ইয়াদ স্কুল টাইম শেষ হবার আগেই চলে আসে। সেই ভেবে ততটা আমলে নেন নি বিষয়টি তবে এখন ওনার নিজেরও চিন্তা হচ্ছে। তাই তিনি বলে উঠেন,
' জ্বী না ম্যাডাম। আমি দেখিনি।'
ম্যাম চিন্তায় পড়েন। দ্রুত ইরহাদের ক্লাসে যান সেখানেও কেউ নেই।
ইয়াদের বুকে অসহনীয় ব্যথা শুরু হয়। চারিদিকে পাগলের মতো খুঁজে। প্রতিটা ক্লাস রুম সহ ওয়াশরুম স্কুলের পিছনের দিক সব জায়গা খুঁজে সেই সাথে চিৎকার দিয়ে ডেকে চলেছে অবিরাম। তবুও খুঁজ মিলে না ইরহার। তার শরীর কাপছে। কাপা পায়ে হাঁটতে কষ্ট হচ্ছে তবুও থেমে নেই ছেলেটা। বুকের বা পাশ চেপে ধরে ঘনঘন নিশ্বাস ফেলে বলে উঠে,
' কলিজা আমার কোথায় তুই? আমাকে এভাবে নিঃস্ব করিস না প্লীজ।'
আবারো ইরহা বলে চিৎকার করে ডেকে উঠে। নিস্তব্ধ স্কুলের তার চিৎকার দেয়ালে সংঘর্ষ হয়ে দুবার প্রতিধ্বনি হয়। দৌঁড়ে পুনরায় ক্লাস রুম গুলো দেখে হাঁফিয়ে উঠে ছেলেটা
মুহূর্তেই মনে পড়ে সকালের ইরাহার বলা কথা, ' তোমরা দুজনেই পঁচা। কেউ ভালোবাসো না আমায়। আমিও আব্বু,আম্মুর কাছে চলে যাবো।' কথাটা তীরের ফলার মত বিধে হৃদয়ে। মুখ চেপে বসে পড়ে মাঠের সবুজ ঘাসের উপর। মুহূর্তেই কপোল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। বিড়বিড় করে বলে উঠে,
' এমনটা করিস না প্লীজ। আমি মরে যাবো তোকে ছাড়া। প্লীজ চলে আয়। আর কখনও বকবো না তোকে কথা দিচ্ছি। তবুও ফিরে আয় ।'
#চলবে