#মন_খোঁজে_তোমাকে
#সুমনা_আক্তার
৯.
উবুড় হয়ে তন্দ্রা'ঘোরে আবদ্ধ ইয়াদ। জানালা খোলা বিধায় বাতাসে শুভ্র রঙের পর্দা গুলো দুলছে। সকালের স্নিগ্ধ বাতাস ছুঁয়ে দিচ্ছে তাকে ক্ষণে ক্ষণে। গভীর ঘুমের ঘোরে আরেকটু আরামের ঘুম এসে ভিড় জমায় দু চোখের পাতায়। তবে তার এই অতি আরামের ঘুমকে হয়তো সহ্য হলো না কেউ একজনের। তাইতো তাকে বিরক্ত করতে আগমন ঘটেছে তার।
তখন থেকে একনাগাড়ে বেজে চলছে কলিং বেলটা। একের পর এক কলিং বেলের শব্দে জানান দিচ্ছে ওপাশের মানুষটা কতটা অস্থির। তার এতো অস্থিরতার মধ্যেও বিরক্ত ইয়াদ। এতো এতো শব্দের মধ্যে কি ঘুম হয়? হয় না তো। ইয়াদেরও হয়নি। ভ্রুঁ দুয়ের মাঝে সূক্ষ্ম ভাজ বলে দিচ্ছে সে কতটা বিরক্ত। সেই বিরক্তিতে নড়েচড়ে উঠে তার শরীর। পিটপিট করে নয়ন জোড়া মেলে,ফের বন্ধ করে আবার মেলে তাকায়। সকাল কয়টা হবে জানা নেই তার। তখনও কলিং বেলের অসহ্যকর আওয়াজে মুখরিত চারিপাশ। বিরক্তিতে উঠে বসে। সেভাবেই বিছানা ছেড়ে উঠে যায় বাহিরে।
এদিকে একের পর এক কলিং বেল বেজেই চলছে। মুখ কঠিন করে মেইন দরজা খোলে ইয়াদ। উদ্দেশ্য কিছু কড়া কথা শুনানো। তবে তা সম্ভব হয়নি। দরজার সামনের দৃশ্যমান মানুষটিকে কিছু বলার পূর্বেই তার হাতের নিচ দিয়ে প্রবেশ করে বাড়ির ভেতর। মানবী এতটাই হন্তদন্ত হয়ে ছুটে যেন তার পিছনের পাগলা কুকুর ধেয়ে আসছে। আর এই মুহূর্তে জান বাঁচানো তার একমাত্র লক্ষ্য।
তার কার্যকলাপে বিরক্তির চরম সীমায় পৌঁছে ইয়াদ। প্রতিদিন সকালে এই আপদ কেন যে চলে আসে বোধগম্য হয় না তার। কতো অপমান করে তবুও তার মধ্যে নূন্যতম প্রভাব দেখা যায় না।
তার ভাবনার মধ্যে শুনা যায় যুবতীর কন্ঠ,
' ইরু বেবি, কোথায় তুমি?'
বলতে বলতে ইরহার রুমের দিক এগিয়ে যায়। কপালে ভাঁজ ফেলে সেদিকে তাকিয়ে মাথা নাড়ে ইয়াদ। হুট করেই মেয়েটা এতটা পাল্টে গেল কেন তার উত্তর এখনো অজানা। তবে ইরহার সাথে তার খুব ভাব। রিমশাকে দেখলেই দুনিয়া ভুলে মেয়েটা। তেমনটা রিমশার ক্ষেত্রেও। দুটোই একে অপরকে চোখে হারায়।
ইয়াদ সেদিকে আর যায় না। গিয়েও লাভ নেই এই বিয়াদব মেয়ে তার কথার দু পয়সারও দাম দেয় না। তেমনি হয়েছে তার বোনটাও। এই মেয়ের মাঝে কি এমন আছে যার ফলে বাচ্চা বোনটা দিন দিন তার জন্য পাগল হচ্ছে?
এইতো কিছুদিন পূর্বের কথা।
রিমশা প্রতিদিন টিফিন বক্সে ইরহার জন্য কিছু না কিছু তৈরি করে নিয়ে আসে। তাকে বারন করলেও শুনে না। বড্ড জেদী মেয়ে ঠিক ইরহার মতো। যা বলবে তাই করবে। তো সেদিনও ইরহার জন্য পায়েস রেঁধে নিয়ে আসে। ইরহা তো সেই খুশি। কেননা মিষ্টি জাতীয় খাবার তার পছন্দের শীর্ষে। পায়েস খাচ্ছে আর প্রশংসায় পঞ্চমুখ। সেই সময় বলে উঠে,
' তুমি প্রতিদিন সকালে এসে আমাকে মজার মজার খাবার বানিয়ে দিও রিমঝিম। আমি তোমায় এত্তোগুলো চকলেট দিব।'
তার কথায় হেসে উঠে রিমশা। মুখে বলে,
'তোমার যখন যা খেতে ইচ্ছে করবে আমায় বল, আমি রান্না করে দেব।'
তার এই কথায় মেয়েটি খুশিতে আত্মহারা। গলা জড়িয়ে গালে চুমু খায় বেশ কয়েকটি। আহ্লাদে আটকানা হয়ে বলে,
' তুমি কত ভালো। তুমি আমার বোন কেন হলে না?'
' কে বলল হই নি? এই দেখো তোমার বোন বলেই তো এখানে আসি।'
' কিন্তু সবসময় তো থাকো না।'
' সবসময় তো আর তুমি বাড়িতে থাকো না তাহলে থেকে কি করবো?'
চিন্তায় পড়ে ইরহা। আসলেই সে সবসময় বাড়িতে থাকে না। সকালে স্কুল তারপর ভাইয়ের সাথে অফিসে চলে যায়, ফিরে রাতে। কিছুক্ষণ ভেবে বলে উঠে,
' হুম তাও ঠিক। আচ্ছা তুমি প্রতিদিন সকালেই এসো কেমন?'
ইরহার এলোমেলো চুল গুছিয়ে দিয়ে বলে উঠে রিমশা, ' আচ্ছা।'
সেসব ভেবে ইয়াদ দীর্ঘশ্বাস ফেলে। ওই মেয়েটার জন্য বোনের এতো পাগলামি মোটেই পছন্দ নয় তাঁর। বিরক্তি নিয়ে ওয়াসরুমে যায় ফ্রেস হতে।
*******
যখন রিমশা বাড়ি যাবার কথা বলে তখন মুখ ফুলায় ইরহা। বায়না ধরে তার কাছে থাকতে। সেটা কি হয়? তাই মেয়েটা বলে,
' এভাবে থাকা যায় না ইরু। আম্মু-আব্বু কখনোই পারমিশন দেবে না।'
অথচ শুনতে নারাজ ইরহা। জোর খাটিয়ে রাখতে চাইল তাকে। যখন কোনো ভাবেই সফল হলো না তখন মনে পড়ে ইতির কথা। সেদিন ইতির সাথে রিমশার কথা বলছিল। সেই সাথে দুঃখ প্রকাশ করেছে রিমশা কেন তার সাথে সবসময় থাকে না। তার দুঃখী মুখ দেখে ইতি বলে উঠে,
'তোর ভাবি বানিয়ে নে আপু।'
অবুঝ ইরহার বোকার মত প্রশ্ন করে,
' আপু আবার ভাবি হয় কিভাবে?'
' হয় রে গাধী। তোর ভাইয়ার সাথে আপুর বিয়ে হলেই তোর ভাবি হয়ে যাবে। আর তোর সাথে সবসময় থাকতেও পারবে।'
চকচক করে উঠে ইরহার মুখ। উৎফুল্ল হয়ে জানতে চায়,
'সত্যি বলছিস? ভাবি হলে আমাকে ছেড়ে যাবে না আর?'
' যাবে না। কারণ ভাইয়ের বউ ভাবি তো তোদের বাসায়ই থাকবে। আমার ভাবিও তো আমাদের সাথে থাকে।'
ইরহার এই কথাটা ভালো লাগে তাই এখন সেই কথাটিই বলে উঠে,
' তুমি ভাইয়াকে বিয়ে করে নাও। তাহলে তোমাকে আর কোথাও যেতে হবে না।'
তার এই ছোট্ট কথায় যেন বাজ পড়ে রিমশা ও ইয়াদের উপর। স্তব্ধ, কিংকর্তব্যবিমূঢ় দুজনে। এক অপরের দিকে তাকিয়ে এমন ভাবে গা শিউরে ওঠার অভিনয় করে যেন পচা কিছু এই মাত্র তাদের শরীরে পড়েছে। নাক ছিটকে বমির ভাব নিয়ে দুজনে দু দিক মুখ ফেরায়। তাদের কান্ড দেখে ইরহা বলে উঠে,
' এমন করছ কেন? দেখো আমরা তিন জন এক সাথে থাকতে পারবো কতো মজা হবে।'
তারপর ইয়াদের হাত ধরে বায়না ধরে,
' প্লীজ ভাইয়া তুমি রিমঝিমকে বিয়ে করে নাও না। তাহলে রিমঝিমের আর আমাকে ছেড়ে যেতে হবে না।'
কথা শেষ হতেই ইয়াদ বিস্ফোরিত চোখে তাকায় বোনের দিক। ধমকে উঠে সাথে সাথে,
' চুপ, আর একবার বললে থাপ্পড় খাবি।'
সেই সময় রিমশা বলে উঠে,
' এমন অলুক্ষণে কথা বলতে নেই ইরু, পাপ হয়।'
এক মুহূর্তের জন্য ইরহার নিজেরও মনে হলো সে হয়তো খুবই বড় ভুল করেছে। নয়তো দুজনে এমন রিয়েকশন কেন দিবে? ভাইয়া তো তাকে এভাবে ধমকে কথা বলে না। ভুল করলেও তাকে কতো সুন্দর করে বুঝায়। আজ এভাবে ধমক খেয়ে তার ছোট মন ব্যথিত হয়। মন খারাপের মেঘ জমে চেহারায়। মুখটা ছোট হয়ে আসে। চোখ দুটো টইটুম্বুর হয় নোনা জলে। ফর্সা মুখ কাঁদলে, হাসলে লাল হয়। তার জ্বলজ্যান্ত প্রমাণ ইরহা। এই যেমন এখন কান্নার ফলে মুখ লাল হয়ে আছে।
মায়া হয় রিমশার। এই মেয়েটি কাঁদলে তার কষ্ট হয়। জানা নেই কেন, তবে ভীষণ কষ্ট হয়। তার ইচ্ছে পূরণ করা যেতো যদি না তার ভাই এই ইবলিশ শয়তান হতো। একে দেখলেই তো তার মাথা গরম হয়। সেখানে সারা জীবন এক সাথে? পুনরায় শরীর ঝাঁকিয়ে উঠে। অদৃশ্য হাতে দু গালে থাপ্পড় দিয়ে তওবা করে। জীবনে আর যাই হোক এই ছেলেকে নিজের জীবনসঙ্গী করা যাবে না। যাবে না মানে যাবে না।
ইয়াদ নিজেও বোনের চোঁখে জল দেখে হাত বাড়িয়ে মুছতে যায় তবে তার পূর্বেই দৌঁড়ে পালায় মেয়েটা। যেতে যেতে বলে যায়,
' তোমরা দুজনেই পঁচা। কেউ ভালোবাসো না আমায়। আমিও আব্বু-আম্মুর কাছে চলে যাবো।'
শেষ কথাটায় ইয়াদের বুক ধ্বক করে উঠলো। বুকের ভেতর হৃদযন্ত্রটা যেন কেউ নিষ্ঠুর ভাবে খামচে ধরে। মেয়েটি কি আদৌ জানে এই মাত্র কি বলেছে? তার এসব অবুঝ কথায় কারও পৃথিবী থমকে দাঁড়ায় সেই খেয়াল কি আছে তার? এই ত্রিভুবনে তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন এই মেয়ে আর সে কিনা তাকে ছেড়ে যাবে বলছে। চোখ জ্বালা করে ওঠে ইয়াদের। করুণ নেত্রে তার যাবার পথে তাকিয়ে থাকলো।
তার পাশে রিমশা নিজেও অবাক। এই মেয়ে এসব কি বলছে? একবার তাকায় ইয়াদের অসহায়, করুণ মুখে। বাচ্চা মেয়েটা হয়তো বুঝতেই পারল না তার এই ছোট্ট কথায় কারও হৃদয় ভাঙন হলো।
**********
কোন এক কারনে আজ স্কুলের ক্লাস হবে না সেই কথা শুনার পর থেকেই বাচ্চাদের আর আটকানো যায় নি ক্লাস রুমে। কেউ মাঠে খেলা করছে তো কেউ বাড়ি যাচ্ছে।
তাদের মধ্যে ইরহা আজ নিশ্চুপ। সকাল থেকেই সে চুপ করে বসে। ভাইয়ের ধমকের রেশ কাটতে সক্ষম হয়নি মেয়েটা। এতো এতো আদরে রাখা বোনকে কিভাবে ধমক দিয়ে কথা বলল ভাইয়া সেটাই তাকে কষ্ট দিচ্ছে বেশি। সে তো ভালো কথা বলেছে। রিমঝিম তাদের সাথে থাকলে কতো ভালো হতো। প্রতিদিন মজার মজার খাবার করে দিতো। তাকে রেডি করে দিতো স্কুলের জন্য। তার সাথে খেলত। এই যে প্রতিদিন সকালে ভাইয়া কতো কষ্ট করে তখন কি আর এত কষ্ট করতে হতো? উহুম করতে হতো না তো। তবুও ভাইয়া না বুঝে তাকে ধমক দিল। তার ভালো কথায় ভাইয়া কেন ধমক দিবে?
এসব ভেবে তার খুব কষ্ট হচ্ছে। সে আর কখনও ভাইয়ার সাথে কথা বলবে। কখনও না।
যেই মেয়ে সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকে সেই মেয়ে নিশ্চুপ দেখে চিন্তিত ইতি, মাহিন। বারবার প্রশ্ন করেও লাভ হয়নি। মেয়েটা একটি বারের জন্যও মুখ খুলেনি। একটু আগেই ইতির ভাই এসে নিয়ে গেছে ইতিকে। এখন মাঠের এক পাশে শুধু ইরহা ও মাহিন বসে। ইরহার এই নীরবতা বড্ড বেমানান লাগছে মাহিনের কাছে। তাই নীরবতা ভেঙে সে বলে উঠে,
' কি হয়েছে বলবি তো? না বললে বুঝবো কিভাবে?'
ইরহা মুখ ফুলিয়ে বসে। উত্তর দিতে মোটেও ইচ্ছে নেই তার। সেভাবেই চুপ রইলো। বিরক্ত হয়ে উঠে মাহিন,
' আচ্ছা তোকে কিছু বলতে হবে না। চল দোকানে কিছু খেয়ে আসি।'
' খাবো না আমি।'
অনেকক্ষণ পর কথা ফুটেছে ইরহার। মাহিন ফের বলে,
' তাহলে চল কিছু খেলি। দেখ সবাই খেলছে।'
ইরহা মুখ শক্ত করে বলে,
' তুই গিয়ে খেল। আমার ইচ্ছে নেই।'
দীর্ঘশ্বাস ফেলে ছেলেটা। এই মেয়ে এত ঘাড় ত্যাড়া কেন?
তাকে উপেক্ষা করে উঠে দাঁড়ায় ইরহা। ব্যাগ কাঁধে তুলে গেটের দিকে এগিয়ে যায়। তা দেখে আঁতকে উঠে মাহিন। নিজেও তাড়াহুড়ো করে উঠে ব্যাগ কাঁধে তুলে তার পিছু নেয়। যেতে যেতে শুধায়,
' বাড়ি যাচ্ছিস? ভাইয়া তো এখনো আসে নি।'
' বাড়ি যাবো না। ভাইয়ার জন্য অপেক্ষাও করব না।'
সরু চোখে তাকায় ছেলেটা। এই বার কিছুটা বোধগম্য হয় ইরহার মন খারাপের। নিশ্চিত ভাইয়ার সাথে কিছু একটা হয়েছে। নয়তো ভাই ভক্ত বোন যেখানে ভাইয়ের কথার বাহিরে এক পাও বাড়ায় না সেখানে আজ বাড়িই যাবে না বলছে। তাহলে যাবেটা কোথায়? জানতে চায় ছেলেটা,
' বাড়ি যাবি না বুঝলাম তাহলে যাবি কোথায়?'
ইরহার নির্লিপ্ত জবাব,
' যেখানে খুশি যাবো তবুও বাড়ি যাবো না।'
মাহিন চিন্তায় পড়ে। যেখানে খুশি যাবে মানে কি? যদি হারিয়ে যায় তাহলে সে ইরহাকে কোথায় খুঁজবে? তার ছোট মাথায় উত্তর মিলে না। সে আর ভাবে না কিছু ইরহার এক হাত আঁকড়ে ধরে বলে,
'তাহলে আমার সাথে আমার বাড়িতে চল। গেটের সামনে গাড়ি আছে।'
তার উত্তরের অপেক্ষা মোটেও করে না মাহিন। জোরপূর্বক হাত টেনে নিয়ে যায় তাকে।
ইরহা বারন করে,
' কোথাও যাবো না আমি ছাড় বলছি।'
তার কথার বিন্দুমাত্র দাম দেয় না ছেলেটা। নিজের মতো করে বলে,
' তোকে হারিয়ে আমি কেন পাগলের মতো খুজতে যাবো? তার থেকে তুই আমার কাছেই থাক। আমিও ভালো থাকবো তুইও ভালো থাকবি।'
ইরহা বিরক্তি নিয়ে বলে,
' আমি তোকে বলেছি আমাকে খুঁজ?'
' বলতে হবে কেন? তুই আমার বন্ধু তোকে হারিয়ে বন্ধু হারা হতে চাই না।'
হার মানে ইরহা। বাধ্য হয়ে চলে মাহিনের পিছু পিছু। অথচ একটি বারের জন্যও ধারণা করতে পারল না তাকে না পেলে ভাইয়ের কি হবে? সে কি আদৌ নিজেকে ঠিক রাখতে পারবে?
#চলবে