নয় মাসের গর্ভবতী রোশনাই বৃষ্টিতে ভিজতে ভিজতে একটি বাড়ির গেটের সামনে এসে দাঁড়াল। গেটের নামফলকে গোটা গোটা অক্ষরে লেখা ‘বাগানবিলাস’।
কাঙ্ক্ষিত বাড়িটা খুঁজে পেয়ে স্বস্তির শ্বাস ফেলল মেয়েটা। বৃষ্টিতে ভিজে জবজবে তার পুরো শরীর। পরনের জামা শরীরের সঙ্গে আটকে গেছে। ভারী পেট নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটা তার জন্য বেশ কষ্টকর, তার ওপর হাতে একটা কাপড়ের বড়ো ব্যাগ। বৃষ্টি এখন আগের চেয়ে অনেকটাই কমে গেছে, ঝিরিঝিরি পড়ছে।
হাতের ব্যাগটা নিচে রেখে গেটে করাঘাত করল।
বেশ কিছুক্ষণ পর ছাতা মাথায় সিকিউরিটি এসে গেট খুলল। এতক্ষণ সিকিউরিটি বক্সে বসে মনিটরে রোশনাইকে দেখছিল সে। কপালে গাঢ় ভাঁজ ফেলে বলল,
“কাকে চাই?”
রোশনাই ঢোঁক গিলে নিচু স্বরে বলল,
“এটা কি ইহসান চৌধুরীর বাড়ি?”
“জি। আপনি কে?”
“আমি রোশনাই। একটু ইহসান চৌধুরীকে ডাকুন।”
“স্যার বাড়িতে নেই।”
“কোথায় গেছেন?”
“হসপিটালে?”
“কখন ফিরবে?”
“সঠিক জানি না।”
“বাড়িতে যে আছে তাকেই ডাকুন।”
“কেন? কি দরকার?”
“দরকার আছে। গিয়ে বলুন ইলমা চৌধুরীর মেয়ে এসেছে।”
ইলমা চৌধুরীর নাম শুনে কথা না বলে রোশনাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল সিকিউরিটি। কিছুক্ষণ পর বলল,
“ইলমা চৌধুরী কে?”
“ইহসান চৌধুরীর বোন।”
“স্যারের বোন এলো কোথা থেকে? স্যারের তো কোনো ভাইবোনই নেই।”
“দয়া করে আপনি একটু ভেতরে গিয়ে বলুন ইলমা চৌধুরীর মেয়ে এসেছে।”
রোশনাইয়ের শরীর খারাপ লাগছে। ঘণ্টা খানেক সময় ধরে বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডায় শরীরে কাঁপুনি উঠে যাচ্ছে। তার ওপর সারারাত ঘুমায়নি সে। মনে হচ্ছে ভারসাম্য হারিয়ে পড়ে যাবে এখনই।
সিকিউরিটি পকেট থেকে ফোন বের করে কল করল ইহসান চৌধুরীর ছেলে ইভান চৌধুরীর ফোনে। দুবার রিং হয়ে কেটে যাওয়ার পর তিনবারের বেলায় রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে এলো ইভানের গলার আওয়াজ।
“হ্যালো।”
“স্যার।”
“বলুন।”
“স্যার, একজন গর্ভবতী মেয়ে এসেছে, বলছে সে নাকি আপনার ফুপুর মেয়ে।”
“কী?”
“জি, স্যার। বলছে সে নাকি ইলমা চৌধুরীর মেয়ে।”
ইভান কিছুক্ষণ চুপ থেকে বলল,
“সাথে আর কে কে আছে?”
“আর কেউ নেই, স্যার। মেয়েটা একাই।”
“ভেতরে পাঠিয়ে দিন।”
“জি, স্যার।”
কল কেটে গেল। সিকিউরিটি রোশনাইয়ের দিকে তাকিয়ে বলল,
“ভেতরে যান।”
রোশনাই নিচ থেকে ব্যাগটা তুলে ধীর পায়ে ভেতরের দিকে এগোল। আশপাশে কোনোদিকে তাকাল না সে, সোজা এসে দাঁড়াল সদর দরজার সামনে। কলিংবেল টেপার আগেই খুলে গেল দরজাটা।
দরজার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া যুবকের দিকে এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নিল রোশনাই। ইভানের গায়ে স্লিভ লেস টি-শার্ট, পরনে হাফ প্যান্ট।
“তুমি ফুপির মেয়ে?”
রাশভারী গলার আওয়াজ শুনে চোখ তুলে তাকাল রোশনাই। ইভানের চোখে চোখ পড়তেই বিস্মিত হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। এমন গাঢ় নীল রঙের চোখ আজকের আগে কোনোদিন সামনে থেকে দেখেনি সে। আর এমন সুন্দর গলার আওয়াজও শোনেনি সে।
ইভান কপালে গাঢ় ভাঁজ ফেলে বলল,
“কি হলো? কথা বলছো না কেন?”
তড়িঘড়ি চোখ নামিয়ে নিল রোশনাই। মাথা নেড়ে বলল,
“হ্যাঁ।”
“সত্যিই তুমি ফুপির মেয়ে?”
“আপনি বিশ্বাস না করলে আমি প্রমাণ দেখাতে পারি।”
ইভান তাকিয়ে রইল রোশনাইয়ের দিকে। রোশনাইয়ের চেহারা দেখা যাচ্ছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওড়না দিয়ে মাথা সহ শরীর ঢেকে রাখা, তবে উঁচু পেটটা স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ সরিয়ে পথ ছেড়ে বলল,
“ভেতরে এসো।”
রোশনাই ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। ইভান দরজা লাগিয়ে রোশনাইয়ের পেছন পেছন আসতে আসতে রাশভারী গলায় বলল,
“তুমি এই অবস্থায় এভাবে বৃষ্টিতে ভিজেছো কেন?”
রোশনাই পিছু না ফিরেই বলল,
“সিএনজি চালক ভুল করে অন্য জায়গায় নামিয়ে দিয়েছিল। এবাড়ি খুঁজে বের করতে করতে ভিজে গেছি।”
ইভান আর কিছু বলল না। রোশনাই বলল,
“বাড়ির আর মানুষজন কোথায়?”
“ড্যাড হসপিটালে।”
“মামি?”
“ম’রে গেছে।”
রোশনাই ইভানের কথা শুনে ফট করে পিছু ফিরে তাকাল। মায়ের মৃ’ত্যুর কথা এভাবে কে বলে? নিজেকে সামলে বলল,
“নানাভাই?”
“ফুপি চলে যাওয়ার পর দাদা ভাই স্ট্রোক করে মা’রা গেছে।”
রোশনাই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। ইভান বলল,
“তুমি ভেজা কাপড় চেঞ্জ করবে না?”
“বাড়িতে আর কেউ নেই?”
“করিম আঙ্কেল আছে।”
“উনি কে?”
“আমাদের রান্না করে খাওয়ায়, আর বাড়ির কাজকর্ম করে।”
“অন্য কেউ নেই?”
“আর কে থাকবে?”
“না মানে আপনার ভাইবোন।”
“নেই।”
“কোথায় থাকে?”
“জন্মেনি যখন—তখন আল্লাহর কাছেই আছে।”
ইভানের কথা শুনে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল রোশনাই। ইভান বলল,
“চলো তোমাকে গেস্ট রুম দেখিয়ে দেই।”
“মামা কখন ফিরবেন?”
“কল করেছিলাম, আসছে।”
“কতক্ষণ লাগবে?”
“ঘণ্টা খানেক।”
রোশনাই হাতের ব্যাগ রেখে দিলো নিচে। আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। পা দুটো ব্যথা করছে, ফুলেও গেছে। বসতে ইচ্ছে করছে কিন্তু ভেজা কাপড়ে সোফায় বসলে তো সোফা ভিজে যাবে।
ইভান বলল,
“তুমি চেঞ্জ করবে কি-না?”
“হুম।”
“চলো গেস্ট রুম দেখিয়ে দেই।”
রোশনাই পুনরায় ব্যাগটা হাতে নিয়ে ইভানের পিছু পিছু হাঁটতে লাগল। শরীর আর চলছে না এখন। ইচ্ছে করছে সিঁড়ির ওপরেই বসে পড়তে। অতীতের স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে উঠতেই বুক ভার হয়ে এলো, চোখে পানি জমলো।
ইভান রোশনাইকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে নিচে নেমে এলো। আজকে বোধহয় তার আর ঘুমোনো হবে না। ঘুমনোর জন্য মাত্র শুয়েছিল সে তখনই সিকিউরিটি কল করেছিল। প্রথমে ইচ্ছে করেই রিসিভ করেনি, পর পর তিনবার কল করায় রিসিভ করেছিল।
ইভান চৌধুরী বাবার একমাত্র এবং অতি আদরের সন্তান। বয়স ছাব্বিশ বছর। উচ্চতা প্রায় ছয় ফুট। ফরসা গায়ের রঙ। সবচেয়ে বেশি নজরকাড়া তার গাঢ় নীল চোখজোড়া। চোখ ধাঁধানো সৌন্দর্য ও গলার আওয়াজের জন্য ইভান বেশ পরিচিত একটি মুখ।
নিচে নেমে এসে সোফায় চিত হয়ে শুয়ে পড়ল। নিজের রুমেই শুতো সে, কিন্তু তার বাবা ইহসান চৌধুরী তাকে বারবার বলেছেন তিনি বাড়িতে না পৌঁছানো পর্যন্ত যেন ইভান না ঘুমায়। কিন্তু ঘুমের কারণে ইভান দিন দুনিয়া চোখে দেখছে না এখন।
রোশনাই গোসল সেরে নিচে নেমে এলো ধীর পায়ে। তার শুতে ইচ্ছে করছে এখন, কিন্তু মামার সঙ্গে কথা না বলে সে ঘুমোতে চায় না। গত রাত থেকে না খাওয়া সে। ভীষণ খিদে পেয়েছে। সে একা থাকলে কোনোদিন এত দূর আসতো না, কিন্তু সে তো একা নয়। নিজের কথা না ভাবলেও অনাগত সন্তানের কথা ভাবতে হয় বারবার।
সোফার কাছে এগিয়ে এসে দেখল ইভান ঘুমিয়ে আছে সোফায় শুয়ে। তার এক পা সোফার ওপর, অন্য পা ঝুলে আছে নিচে।
আশপাশে তাকিয়ে অন্য সোফায় বসল। পা দুটোতে পানি জমে ফুলে ফেঁপে উঠেছে। সোফায় গা এলিয়ে দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে বসে রইল। বাবুর নড়াচড়া বাড়তে লাগল। আপনাআপনি একটা হাত চলে এলো পেটের ওপর। ঘাড় ঘুরিয়ে তাকাল ইভানের দিকে। ছেলেটাকে ডেকে খাবার চাইবে কী?
আধা ঘণ্টা পরই পর পর দুবার কলিংবেল বেজে উঠল। ধড়মড় করে সোজা হয়ে বসল রোশনাই। ঘুমিয়ে পড়েছিল প্রায়। ইভানের দিকে চোখ পড়তেই দেখল সে চোখমুখ কুঁচকে মাথা তুলে সদর দরজার দিকে তাকিয়ে আছে।
বাড়ির কাজের লোক করিম মিয়া নিজের রুম থেকে বেরিয়ে এলেন। সোফা পার হয়ে যাওয়ার পথে রোশনাইকে দেখে তার চোখ ছানাবড়া। এই মেয়ে কে? বাড়ির ভেতর প্রবেশ করল কীভাবে?
আবারও কলিংবেল বাজতেই ইভান শোয়া থেকে উঠে সোজা হয়ে বসল। করিম মিয়ার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল,
“এখানে দাঁড়িয়ে কি দেখছেন? গিয়ে দরজা খুলুন।”
ইভানকে এই সময়ে সোফায় দেখে করিম মিয়ার চোখ দুটো আরও বড়ো বড়ো হয়ে গেল। ইভান মেয়ে নিয়ে এসেছে বাড়িতে? কিন্তু সে যখন বাড়িতে ফিরল তখন তো তার সঙ্গে কোনো মেয়ে ছিল না।
“এভাবে দাঁড়িয়ে রইলেন কেন?”
করিম মিয়া বিস্ময় নিয়েই দরজার দিকে এগোলেন। যাওয়ার সময় পিছু ফিরে তাকালেনও কয়েকবার। ইহসান চৌধুরী সমানে কলিংবেল বাজিয়েই চলেছেন আজ। অন্যদিন তো এমন করেন না। পর পর দুবার বেল টিপে দাঁড়িয়ে থাকেন।
দরজা খুলে দিতেই দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলেন ইহসান চৌধুরী। তার দৃষ্টি সোফায় বসে থাকা রোশনাইয়ের ওপর স্থির। রোশনাইও ইহসান চৌধুরীর দিকেই তাকিয়ে আছে। ইহসান চৌধুরী কিছুতেই ভেবে পাচ্ছেন না তার বোন বাড়ি থেকে পালানোর দীর্ঘ একুশ বছর পর তার মেয়েকে কেন পাঠাল নিজে না এসে।
ইহসান চৌধুরী সোফার কাছে আসতেই রোশনাই উঠে দাঁড়াল যদিও তার শরীর সায় দিচ্ছে না।
কাছ থেকে রোশনাইকে দেখে নিজের বোনের চেহারার সঙ্গে কোনো মিল পেলেন না ইহসান চৌধুরী। মেয়েটার শরীর শুকিয়ে চোয়ালের হাড় ভেসে উঠেছে। চোখের নিচে গাঢ় কালি। ঠোঁটজোড়া শুষ্ক খরখরে।
“আসসালামু আলাইকুম, মামা।”
ইহসান চৌধুরী নিজেকে শান্ত করে গম্ভীর গলায় সালামের জবাব দিয়ে বললেন,
“নাম কী তোমার?”
“রোশনাই।”
“তুমি ইলমার মেয়ে?”
“জি।”
রোশনাইয়ের কথা কেন যেন বিশ্বাস হচ্ছে না ইহসান চৌধুরীর। তিনি সন্দিহান চোখে চেয়ে বললেন,
“ইলমা কোথায়?”
রোশনাই প্রায় ত্রিশ সেকেন্ড পর বলল,
“আম্মু মা’রা গেছে।”
ইহসান চৌধুরী খেয়াল করলেন রোশনাইয়ের শরীর কাঁপছে। আর তার বোন মা’রা গেছে শুনে ঝটকা খেলেন একটা। ছেলের দিকে তাকিয়ে দেখলেন সে ঘুম ঘুম চোখে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে।
“তোমার আব্বু?”
“আব্বুও মা’রা গেছে।”
“কীভাবে?”
রোশনাই সোফায় বসে পড়ল। চোখের পানি মুছে বলল,
“আমাকে কিছু খেতে দেবেন? আমার খুব খিদে পেয়েছে।”
চলবে………..
#অনুভূতির_মায়াজাল (০১)
#সানা_শেখ
#অনুভূতির_মায়াজাল দ্বিতীয় পর্বের লিংক
https://www.facebook.com/share/p/1M9yj2Yp2q/
গল্প কেমন হয়েছে জানাতে ভুলবেন না কেউ। আর আমার সকল ই-বুকে ২৫% ডিসকাউন্ট পাবেন আগামীকাল পর্যন্ত, তারপর অফার বন্ধ হয়ে যাবে।