ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 2

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (০২)
#সানা_শেখ

“আমাকে কিছু খেতে দেবেন? আমার খুব খিদে পেয়েছে।”

কেমন করুণ শোনাল মেয়েটার গলার আওয়াজ। ইহসান চৌধুরী কিছু বলছে না দেখে আবার বলল,

“গতকাল দুপুরের পর পানি ছাড়া কিছু খাইনি আমি। কিছু খেতে দিন আমায়।”

রোশনাইয়ের কথা শুনে আর চোখের পানি দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন ইহসান চৌধুরী।
এই সময়ে এসেও কেউ এভাবে খেতে চায়? গতকাল থেকে মেয়েটা না খেয়ে আছে কেন? আর এই অবস্থায় একা একাই বা কেন এসেছে?

রোশনাইয়ের এই অসহায় অবস্থার কারণ জানতে মনে একের পর এক প্রশ্ন জাগলেও সেসব প্রশ্ন করলেন না ইহসান চৌধুরী। সকল চিন্তা-ভাবনা ঝেড়ে ফেলে করিম মিয়ার দিকে তাকিয়ে বললেন,

“করিম, রোশনাইয়ের জন্য খাবার রেডি করো।”

করিম মিয়া মাথা নেড়ে রোশনাইয়ের দিকে তাকিয়ে ডাইনিংরুমের দিকে এগোলেন।
ইভান সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল,

“ড্যাড, আমি ঘুমোতে গেলাম।”

“যাও।”

ইভান কোনোদিকে না তাকিয়ে দুলতে দুলতে সিঁড়ির দিকে এগোল। করিম মিয়া খাবার রেডি করে ড্রয়িংরুমে ফিরে এলেন। ইহসান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন,

“স্যার, নাস্তা রেডি।”

ইহসান চৌধুরী রোশনাইয়ের দিকে তাকিয়ে বললেন,

“রোশনাই, খেতে চলো।”

রোশনাই বসা থেকে উঠে ধীর পায়ে মামার সঙ্গে এগোল ডাইনিংরুমের দিকে।
ইহসান চৌধুরী নিজেই চেয়ার টেনে দিলেন রোশনাইয়ের বসার জন্য। রোশনাই চেয়ারে বসার পর ইহসান চৌধুরী নিজেও একটা চেয়ার টেনে বসলেন। রোশনাই কোনো কথা না বলে খাওয়া শুরু করল। দু লোকমা খাওয়ার পর মামার দিকে তাকিয়ে বলল,

“মামা, আপনি খেয়েছেন?”

“আমি ফ্রেশ হয়ে খাব, তুমি খাও।”

রোশনাই আর কোনো কথা বলল না। ইহসান চৌধুরী রোশনাইয়ের খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলেন।

খাওয়া শেষ হওয়ার পর রোশনাই আরও বেশি অসুস্থ বোধ করতে লাগল। বমি পাচ্ছে তার। গা গরম হয়ে উঠছে। মাথা ভার ভার লাগছে, দপদপ করছে।

“আর ইউ ওকে?”

রোশনাই ক্ষীণ স্বরে বলল,

“হুম।”

“যদি বেশি খারাপ লাগে তাহলে বিশ্রাম নাও।”

“আপনি এখনো বিশ্বাস করতে পারছেন না যে আমি ইলমা চৌধুরীর মেয়ে, তাই না?”

ইহসান চৌধুরী চুপ রইলেন। রোশনাই বলল,

“আমি প্রমাণ দেখাতে পারব যে আমি ইলমা চৌধুরীর মেয়ে।”

এবারেও চুপ রইলেন ইহসান চৌধুরী। রোশনাই বলল,

“আপনি হয়তো ভাবছেন হুট করে আমি এখানে কেন এলাম।”

“হ্যাঁ। এতগুলো বছর পর হঠাৎ কেন এলে তাও ইলমার মৃ’ত্যুর পর?”

রোশনাই কোনো রকম ভনিতা না করে বলল,

“আমি আপনার কাছে আশ্রয়ের জন্য এসেছি, মামা।”

ইহসান চৌধুরীর চোখজোড়া কিছুটা সরু হয়ে এলো। তার কাছে আশ্রয়ের জন্য এসেছে? কিন্তু কেন?
রোশনাই নিজে থেকেই আবার বলল,

“আপনাকে তো বলেছিই আব্বু-আম্মু মা’রা গেছে। এখন এই দুনিয়ায় আপনি ছাড়া আমার আপন কেউ নেই।”

“তোমার আব্বু-আম্মু কীভাবে মা’রা গেছে?”

রোশনাই কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে খুলে বলল সবকিছু। সব শুনে আবারও স্তব্ধ হয়ে গেলেন ইহসান চৌধুরী। বিয়ের আগের রাতে প্রেমিকের হাত ধরে বোনের পালিয়ে যাওয়া, আর সেই আঘাত সইতে না পেরে বাবার মৃ’ত্যু—এসব কারণে গত একুশ বছর ধরে বোনের ওপর যে তীব্র অভিমান এবং রাগ জমা হয়েছিল সেসব যেন একমুহূর্তে গলে পানি হয়ে গেল। বোন আর বোন জামাইয়ের সম্পর্কে সবকিছু শোনার পর তার মনে আর কোনো সন্দেহ নেই রোশনাই যে ইলমা চৌধুরীর মেয়ে।

রোশনাইয়ের চোখ দুটো থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে।
ইহসান চৌধুরী নিজেকে সামলে নিলেন। রোশনাই কেন তার কাছে আশ্রয়ের জন্য এসেছে সেটা জানার জন্য বললেন,

“তোমার হাজব্যান্ড কোথায়?”

“নেই।”

“মা’রা গেছে?”

“না।”

“তাহলে কোথায়?”

“আমাদের ডিভোর্স হয়ে গেছে।”

“কীভাবে? তুমি না প্রেগন্যান্ট!”

রোশনাই লম্বা শ্বাস টেনে চোখের পানি মুছে বলল,

“আমি প্রেগন্যান্ট এটা জানার আগেই আমাদের ডিভোর্স হয়েছিল।”

“ইদ্দত শেষ না হওয়া পর্যন্ত তো তোমার শ্বশুরবাড়িতে থাকার কথা।”

“থাকার কথা, কিন্তু তারা থাকতে না দিলে কীভাবে থাকব?”

“মানে?”

“আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।”

“কীভাবে দিলো? দেশে আইন আর ধর্ম বলেও তো কিছু আছে।”

“গর্ভবতী অবস্থায় ইদ্দত শেষ না হওয়া পর্যন্ত থাকার ও খোরপোশ পাওয়ার অধিকার শরিয়ত ও আইন আমাকে দিয়েছিল, কিন্তু ওরা কোনো কিছুর তোয়াক্কা করেনি। আম্মুর মৃ’ত্যুর আগে থেকে আইনের পেছনে ছুটতে ছুটতে আমি এখন ক্লান্ত। শরীর আর মন কোনোটাই সায় দেয় না আর।”

ইহসান চৌধুরী রোশনাইয়ের অশ্রু সিক্ত চোখের দিকে তাকিয়ে রইলেন। রোশনাই ঠোঁট কামড়ে কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করছে।

“তোমাদের ডিভোর্স কেন হয়েছিল?”

“আমাকে আর ভালো লাগেনি তাই।”

“তোমার শ্বশুর-শাশুড়ি বা বাড়ির অন্য কেউ তোমার স্বামীকে বোঝানোর চেষ্টা করেনি?”

“না।”

“কেন?”

“তারা তো আমার মুখ দেখে তাদের ছেলের বউ করেনি, করেছিল আমার বাবার সম্পত্তির দিকে তাকিয়ে। আমি বাবা-মায়ের একমাত্র সন্তান, সেই হিসেবে আব্বুর সকল সম্পত্তির মালিক আমি। কিন্তু পরে যখন জানা গেল সবকিছু জালিয়াতি করে চাচ্চুরা নিজেদের নামে করে নিয়েছে, আমি কানা কড়িও পাব না—তখন আর আমাকে তাদের প্রয়োজন মনে হয়নি।”

ইহসান চৌধুরীর চোয়াল শক্ত হয়ে গেল। কপাল আর ঘাড়ের রগ ফুলে ফেঁপে উঠল। হাত মুষ্টিবদ্ধ করে বললেন,

“তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কে?”

“বাচ্চার বাবা-ই।”

“কেন?”

“আমাকে তার দ্বিতীয় বউয়ের সহ্য হয় না। রোজ রোজ আমার জন্য বাড়িতে অশান্তি হয়, তাই ঘাড় ধরে বাড়ি থেকে অশান্তিকে বিদায় করে দিয়েছে।”

ইহসান চৌধুরী মুখ খোলার আগেই রোশনাই জড়ানো গলায় আবার বলল,

“এই দুনিয়ায় এখন আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমি অনেক কষ্টে চট্টগ্রাম থেকে এখানে এসেছি আপনার কাছে। আপনি যদি আমাকে আশ্রয় না দেন তবে আ—

ইহসান চৌধুরী কথার মাঝখানে রোশনাইকে থামিয়ে দিলেন। কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বললেন,

“আশ্রয় দেবো না মানে? বাকি জীবনটা তুমি এই মামার কাছেই থাকবে। এখানে তোমার কোনো কষ্ট হবে না।”

কথা বলতে বলতে রোশনাইয়ের মাথা থেকে হাত সরিয়ে কপালে রাখলেন। উদ্বিগ্ন হয়ে বললেন,

“তোমার জ্বর আসবে বোধহয়, গা তো বেশ গরম হয়ে উঠেছে!”

“হুম।”

“গেস্ট রুমে গিয়ে রেস্ট নাও, আমি তোমার জন্য ওষুধ আনাচ্ছি।”

রোশনাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। মাথা চক্কর দিয়ে উঠল সঙ্গে সঙ্গেই। এত খারাপ লাগছে কেন এখন?
চেয়ার ধরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মামার মুখের দিকে তাকিয়ে বলল,

“মামির কি হয়েছিল, মামা?”

ইহসান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন,

“কি আর হবে? এই সংসার ভালো লাগেনি তাই চলে গেছে।”

“মানে?”

রোশনাইয়ের চোখে কিছুটা বিস্ময়, সঙ্গে অবুঝের মতন চাহনি। আচমকাই গলার আওয়াজ জোরে হয়ে গেছে। ইহসান চৌধুরী রোশনাইয়ের এমন রিঅ্যাকশনের মানে বুঝলেন না। বললেন,

“কী মানে?”

“মামি কোথায় গেছে?”

“এই সংসার ভালো লাগেনি তাই অন্যজনের কাছে গেছে, সেখানে ভালোই আছে বোধহয়। চলো তোমাকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে আসি।”

মামার কথা শুনে ভীষন বিস্মিত হলো রোশনাই। বলল,

“ভাইয়া যে বলল মামি ম’রে গেছে?”

ইহসান চৌধুরী ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বললেন,

“ইভান সবাইকে এটাই বলে। আসো আমার সঙ্গে।”

রোশনাই মামার পেছনে না গিয়ে আগের জায়গায় দাঁড়িয়ে রইল। ইহসান চৌধুরী পিছু ফিরে দেখলেন রোশনাই তার পেছনে নেই। ফিরে এলেন ডাইনিংরুমে। বললেন,

“শরীর বেশি খারাপ লাগছে?”

রোশনাই মাথা নাড়ল। তারপর ধীরে পায়ে এগিয়ে বলল,

“গেস্ট রুম আমি চিনি, ভাইয়া দেখিয়ে দিয়েছিল।”

“আচ্ছা তুমি যাও আমি ওষুধ নিয়ে আসছি।”

রোশনাই হাঁটতে লাগল। তার শরীর দুলছে। মনে হচ্ছে এখনই ঠাস করে আছড়ে পড়বে।

চলবে………..

গল্প কেমন হয়েছে জানাতে ভুলবেন না কেউ। পর্ব ছোটো হয়েছে বলে রাগারাগি কইরেন না। নেক্সট পর্ব বড়ো করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন