#অনুভূতির_মায়াজাল (৩৫—অন্তিম পর্ব)
#সানা_শেখ
“অভিনন্দন, মিস্টার ইভান। আপনি দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন।”
রোশনাইয়ের বলা কথাগুলো কর্ণগোচর হতেই ইভান যেন জমে গেল। কয়েক মুহূর্ত পর রোশনাইয়ের মুখ নিজের বুক থেকে তুলে তাকাল তার মুখের দিকে। ইভানের চেহারা বিস্ময়ে কিংকর্তব্যবিমূঢ়। চেহারা দেখে মনে হচ্ছে এই মুহূর্তে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে।
“খুশি হননি?”
“কী বললে তুমি?”
“আপনি আবারও বাবা হতে চলেছেন।”
ইভানের চোখ দুটো স্ত্রীর মুখ থেকে পেটের দিকে নেমে এলো। রোশনাই স্বামীর ডানহাতটা নিজের উদরে চেপে ধরল। বলল,
“এখানে একটু একটু করে বেড়ে উঠছে একটা ছোটো প্রাণ—আমার আর আপনার সন্তান।”
“ক…কবে থেকে?”
“দু মাস ধরে।”
“তু…তু…তুমি শিওর?”
“হ্যাঁ।”
“কীভাবে?”
“টেস্ট করেছি।”
“কবে?”
“আজ সকালে।”
“কী…কীভাবে করলে?”
“প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে।”
“কোথায় পেলে? আমি তো এনে দিইনি।”
“আপনাকে সারপ্রাইজ দেবো ভেবে অনলাইনে অর্ডার দিয়েছিলাম।”
“এত সারপ্রাইজ তো এখন হজম হচ্ছে না।”
“আপনি শান্ত হোন, বসুন এখানে।”
রোশনাই নিজের পাশে বসার জন্য জায়গা দেখিয়ে দিলো ইভানকে। কিন্তু ইভান তার পাশে না বসে মেঝেতে হাঁটু গেড়ে বসল। তার হাত দুটো থরথর করে কাঁপছে। বেচারা স্ত্রীর মুখে তার প্রাক্তন স্বামীর খু’নের বর্ণনা শুনে এমনিতেই শকড। এখন বাবা হওয়ার কথা শুনে নিজের আনন্দ চেপে রাখতেও পারছে না, আবার প্রকাশ করতেও পারছে। সব অনুভূতি মিলেমিশে তার অবস্থা এখন খারাপ।
রোশনাই ইভানের চুলে হাত বুলিয়ে বলল,
“এত উত্তেজিত হচ্ছেন কেন?”
ইভান স্ত্রীর পেটে মুখ গুঁজে কোমর জড়িয়ে ধরল শক্ত করে। ঠোঁটের গভীর স্পর্শ দিলো স্ত্রীর উদরে। অনুভব করার চেষ্টা করল নিজের ঔরসজাত সন্তানের অস্তিত্ব।
বেশ কিছুক্ষণ পর ইভান নিজেকে সামলাতে সক্ষম হলো। তার হাতপায়ের কাঁপুনিও থেমে গেছে এখন।
রোশনাইয়ের পেট থেকে মুখ তুলে ওপরের দিকে তাকাতেই দেখল রোশনাই গাল মুছছে।
“নিভানের মা।”
ইভানের ডাক শুনে তার মুখের দিকে তাকাল রোশনাই। তার চোখ দুটো টলটল করছে স্বচ্ছ পানিতে।
“কাঁদছো কেন?”
রোশনাই পুনরায় চোখ মুছে ধরা গলায় বলল,
“আমি যেদিন প্রথম জানতে পেরেছিলাম আমি মা হতে চলেছি, নিভান আমার গর্ভে সেদিন আমি ওকে মে’রে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম!”
“কিহ! কেন?”
“তখন মনে হয়েছিল কেন আমি একজন বিশ্বাসঘাতক, প্রতারক, চরিত্রহীন মানুষের সন্তানকে নিজের ভেতরে একটু একটু করে বড়ো করব। ওই জানোয়ারের সন্তানকে আমি জন্ম দেবো না। এসব ভেবেই অ্যাবরশন করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।”
“পাগল হয়ে গিয়েছিলে নাকি?”
“হ্যাঁ। তখন আমার পাগল পাগলই লাগত। কোনটা ভুল আর কোনটা সঠিক বুঝতে পারতাম না। আম্মু নেই, স্বামী সংসার হারিয়ে ফেলেছি, মাথার ওপর আপন কারও ছায়া নেই, পায়ের নিচে শক্ত মাটি নেই, অন্যের বাড়িতে জঞ্জালের মতো রয়েছি। ওই মুহূর্তে ওসব ছাড়া আর কিছু ভাবতে পারছিলাম না আমি। মানসিক রোগীর মতন অবস্থা হয়েছিল আমার। রাগের মাথায় নিজের পেটে নিজেই দুবার আঘাত করে বসেছিলাম। কী নরক যন্ত্রণার মধ্যে দিয়ে আজ আমি এখানে সেটা শুধু আমি আর আল্লাহ তায়ালা জানি।”
রোশনাই ফোঁপাতে লাগল নিজের সন্তানকে মে’রে ফেলার সিদ্ধান্ত নেওয়ার কারণে। এই একটা অপরাধ বোধ থেকে সে এখনো বের হতে পারে না।
ইভান উঠে দাঁড়িয়ে রোশনাইকে জড়িয়ে ধরল আবার। মাথায় হাত বুলিয়ে বলল,
“ভুলে যাও অতীতের সব কালো অধ্যায়।”
“পারি না। হাজারবার চেষ্টা করেছি। কিন্তু কিছুতেই ভুলতে পারি না। শামসকে খু’ন করার পর থেকে মনে হতো সে আমার সঙ্গেই রয়েছে সারাক্ষণ। আমি যেদিকেই তাকাতাম মনে হতো সে দাঁড়িয়ে আছে। এই এক যন্ত্রণায় আমি কয়েক মাস ঘুমোতে পারিনি ঠিকমতো। তাকে খু’ন করার অপরাধে দিনে হাজারবার মাফ চাইতাম আল্লাহর কাছে। রাতে ঘুমোলে স্বপ্নে দেখতাম শামস ছু’রি হাতে এগিয়ে আসছে আমাকে মে’রে নিভানকে নিয়ে যাওয়ার জন্য। মানসিক যন্ত্রণা থেকে আমি কতবার আ/ত্ম/হ/ত্যা করার কথা ভেবেছিলাম আমি নিজেও জানি না। আপনি আর আব্বু নিভানকে দেখে রাখবেন এমনটাই ভাবতাম তখন। একবার তো ফ্যানের সঙ্গে ওড়নাও ঝুলিয়ে ফেলেছিলাম। গলায় ওড়না পেঁচানোর পর মনে পড়ল আমার ছেলেটার বাবা নেই, আমিও চলে গেলে ছেলেটা কার মুখের দিকে তাকিয়ে বড়ো হবে? আমার ছেলেটাকে তার মায়ের মতো করে কে ভালোবাসবে? এত বড়ো পৃথিবীতে এত মানুষ থাকার পরও আমার ছেলেটার বাবা-মা কেউ থাকবে না এটা তার সঙ্গে অন্যায় হয়ে যায়। নিভানের তখন মাত্র বিশদিন বয়স। এই বয়সে বাবা-মা দুজনকেই চিরতরে হারিয়ে ফেলবে সে?
আমি বেঁচে থাকার সিদ্ধান্ত নিলাম। এর জন্য নিজের সঙ্গে নিজেই লড়তে শুরু করলাম আবার। একদিন আপনার সঙ্গে বিয়ে হয়ে গেল আমার। তারপর আজ আমি এখানে।”
কান্নার কারণে রোশনাইয়ের শেষের কথাগুলো স্পষ্ট হলো না। ইভান ঝুঁকে তার মাথায় চুমু খেলো। রোশনাই কাঁদতে কাঁদতে আবার বলল,
“আমি খু’ন করেছি বলে আপনি আর ভালোবাসবেন না আমাকে?”
“বাসবো না কেন? সারাজীবনই ভালোবাসবো তোমাকে।”
একটু থেমে রোশনাইয়ের গাল মুছে দিতে দিতে বলল,
“পুলিশ যদি খু’নের প্রমাণ পেয়ে যায়?”
“পাবে না। আমি কোনো প্রমাণই রাখিনি। জমিনে আপনি আর আব্বু ছাড়া কেউ জানে না।”
ইভান বিস্ময় নিয়ে বলল,
“ড্যাড জানে?”
“হ্যাঁ।”
“কবে থেকে?”
“নিভান হওয়ার দুদিন আগে থেকে।”
ইভান স্তব্ধ। তার ড্যাড সবকিছু জেনেশুনে তাকে রোশনাইয়ের সঙ্গে বিয়ে করিয়ে দিয়েছিল! এই মেয়ে রাগের মাথায় যদি তাকে খু’ন করে ফেলত?
চোখের সামনে ওই ঘটনা দেখার পর টিউলিপকে সেদিন জানে না মে’রে আস্ত যে ছেড়েছিল এটাই তো অনেক।
তার বউ যা ডেঞ্জারাস, তাকে মেয়ে মানুষদের থেকে একশো হাত দূর দিয়ে চলতে হবে এখন থেকে। পাগলের মতো ভালোবেসেও ওই শামসের যা অবস্থা করেছিল—নাজানি তার কী অবস্থা করবে!
রোশনাই হেঁচকি তুলতে তুলতে বলল,
“কী হলো? কী ভাবছেন এত?”
“শামসকে তুমি অনেক ভালোবাসতে?”
“ভয়ংকর রকমের ভালোবাসতাম। তার থেকেও বেশি এখন আপনাকে ভালোবাসি।”
“ওই অবস্থায় অসুস্থ শরীর নিয়ে শামসকে গাছের সঙ্গে কীভাবে বেঁধেছিলে একা একা?”
“ভালোমন্দ রেঁধে বেড়ে খাইয়ে খাইয়ে শামসকে মোটাতাজা বানিয়েছিলাম আমি, আর পিয়া ওকেই খেয়ে শুটকি বানিয়ে দিয়েছিল। শামস যেখানে অজ্ঞান হয়েছিল তার পাশেই কয়েকটা গাছ ছিল, আর গাছের পাশেই ছিল গভীর খাদ। গাছের সঙ্গে বাঁধতে কষ্ট হয়েছিল, খাদে ফেলতে কষ্ট হয়নি তেমন। সেদিন যদি শামস অজ্ঞান না হতো তবে আজ আমি কোথায় থাকতাম জানেন? কোনো এক বে/শ্যা/খানায়।”
“রোশনি, একদম চুপ! দ্বিতীয়বার এসব যেন না শুনি তোমার মুখে।”
রোশনাই ইভানকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগল আবার। জড়ানো গলায় বলল,
“বাবা-মা না থাকলে বেশির ভাগ সন্তানের জীবন হয় সাগরে ভেসে বেড়ানো ছোট্টো খড়কুটোর মতো। আমার জীবনটাও এমন হয়ে গিয়েছিল। ডিভোর্সের পর চারদিকে তাকিয়ে কোনো কূলকিনারা দেখতে পেতাম না। আপনারা সেদিন আশ্রয় না দিলে জানি না আজ আমি আমার আর আমার ছেলে কোথায় আর কী অবস্থায় থাকতাম।”
“নিভানের মা, চুপ করো, পুরোনো কথা বাদ দাও।”
“আমার আব্বু আর আম্মু কতটা কষ্ট করেছিল তাদের জীবনে! আব্বুর আপন ভাইয়েরা আব্বুর অসুস্থতার সুযোগ নিয়ে ষড়যন্ত্র করে আব্বুর ভাগের সকল সম্পত্তি নিজেদের নামে করে নেয়। আব্বুর নিজের টাকায় কেনা সম্পত্তিও নিজেদের নামে করে নিয়েছিল। আমাদের অজান্তেই আমাদের একদম পথে বসিয়ে দিয়েছিল তারা। আব্বু মা’রা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে আর আম্মুকে বাড়ি থেকে বের করে দিলো বড়ো চাচা। আম্মু যখন আমাকে নিয়ে মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল আমি বলেছিলাম চলো নানা বাড়ি যাই। আম্মু সোজা মানা করে দিলো। আম্মুও ছিল নানভাইয়ের মতো জেদি, একরোখা, আর ছিল প্রচুর আত্মসম্মান বোধ। এসবের চেয়েও বেশি যা ছিল তা অপরাধ বোধ। বাবা ও ভাইয়ের অবাধ্য হয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পর অসময়ে বাবা ও ভাইয়ের সামনে দাঁড়ানোর মতো দুঃসাহস দেখাতে আম্মু রাজি ছিল না।”
“ফুপির বিয়ে ঠিক হওয়ার পর ফুপা এসেছিল এই বাড়িতে। ড্যাড ফুপির ভালোবাসা মেনে নিতে চাইলেও দাদাভাই কোনোভাবে রাজি ছিল না। সেদিন অপমান করে ফুপাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল দাদাভাই। বিয়ের আগের রাতে ফুপি পালিয়ে যাওয়ার পর দাদাভাই স্ট্রোক করে মা’রা যায়। এই রাগে ড্যাড আর ফুপির কোনো খোঁজ খবর নেয়নি।”
“আমাদের সকলের জীবনই কেমন জটিলতার মধ্যে দিয়ে এসেছে। একটা মানুষও জীবনের পুরোটা সময় সুখে পার করতে পারলাম না।”
“জীবন মানেই সুখ দুঃখ।”
“তাই বলে এভাবে ভেঙে গুঁড়িয়ে যাওয়া?”
.
দাদা হতে চলেছেন শুনে মিষ্টি আনিয়েছেন ইহসান চৌধুরী। তার আনন্দের কোনো সীমা নেই।
বড়ো নাতিকে কোলে নিয়ে গপাগপ মিষ্টি গিলছেন তিনি। জোর করে ছেলেকেও খাইয়েছেন একটা। ইভান মিষ্টি জাতীয় কিছু খায় না ছোটবেলা থেকেই। বাবার জোরাজুরিতে আজ একটা আস্ত মিষ্টি খেতে হয়েছে। করিম মিয়াও মিষ্টি খাচ্ছেন। নিভান মিষ্টি হাতে নিয়ে বসে আছে, মাঝেমধ্যে দাদার মুখের সামনে তুলে ধরছে খাওয়ার জন্য। ইহসান চৌধুরী ছোটো করে কামড় বসিয়ে নাতিকে খেতে বলেন, তবে নিভান খায় না। বাবার মতনই মিষ্টি তার অপছন্দ। বাবার সঙ্গে সে করলার জুস খায় ঢকঢক করে।
ইহসান চৌধুরী আরেকটা মিষ্টি ছেলের মুখের দিকে বাড়িয়ে ধরলেন। ইভান নাকমুখ কুঁচকে বলল,
“ড্যাড, তুমি খাচ্ছো খাও, বারবার আমার মুখের দিকে ধরছো কেন?”
“খাওয়ার জন্য ধরছি, খাও।”
“মিষ্টি আমি খাই না তুমি জানো না?”
“সারা বছর খাও না ঠিক আছে, আজকে তো খাবে। বাবা হচ্ছো তুমি, এক কেজি মিষ্টি তো তোমার একাই খাওয়া উচিত।”
ইভান মুখ ফিরিয়ে নিল অন্য দিকে। মিষ্টি দেখলেই তার বমি আসে। আজ তবুও জোর করে একটা খেয়েছে। সে বাবা হতে চলেছে, সে মিষ্টি না খেলে ব্যাপারটা ভালো দেখায় না তাই খেয়েছে, নয়তো খেতই না। নিভান হওয়ার পরও তার ড্যাড তাকে জোর করে মিষ্টি খাইয়ে দিয়েছিল।
ইহসান চৌধুরী হাতের মিষ্টিটা খেয়ে করিম মিয়ার দিকে তাকিয়ে বললেন,
“ওকে এক কেজি করলার জুস বানিয়ে খাওয়াও।”
করিম মিষ্টি খেতে খেতে মাথা নাড়লেন। তিনি তিনটা খেয়েছেন, আরও একটা খাবেন। মিষ্টি জাতীয় খাবার তার বরাবরই ভীষণ পছন্দ।
নিভান হাতের মিষ্টিটা ভেঙে ফেলে দিলো, তারপর দাদার টি-শার্টে হাত ডলতে লাগল।
“আয় হায় ভাই, কী করলে এটা?”
“মিশটি খাও।”
“খেলাম তো। তুমি আমার টি-শার্টকে কেন খাওয়াচ্ছো?”
নিভান দুদিকে মাথা নেড়ে বলল,
“খাওয়াই না তো, হাত মুচি।”
ইহসান চৌধুরী নাটির সরল কথা শুনে হাঁ হাঁ করে হেসে উঠলেন। দাদার সঙ্গে সঙ্গে নিভান নিজেও হেসে উঠল।
হাত দুটো দাদার মুখের সামনে তুলে ধরে একবার মুঠো পাকাতে লাগল, আবার খুলতে লাগল। আধো বুলিতে বলল,
“মিশটি উঠে না, আঠা আঠা লাগে।”
“আঠা আঠা লাগে?”
নিভান মাথা নেড়ে বলল,
“হ্যাঁ। ডুস্টু মিশটি।”
ইভান ছেলেকে নিজের কোলে নিয়ে বলল,
“দুষ্টু মিষ্টি আর ধরবে না। হাতমুখ কী করেছো?”
নিভান দাদাকে দেখিয়ে দিয়ে বলল,
“ডাডা দিচে।”
ইহসান চৌধুরী অবাক হওয়ার ভান করে বললেন,
“এখন দোষ আমার? তুমি নিজেই তো খেতে চাইলে।”
“তুমি বললে খাও, সেজুন্য খাব বুলচি।”
“আমি না বললে তুমি খেতে না?”
নিভান দুদিকে মাথা নাড়ল, দাদা না বললে সে খেতো না।
বাবার মুখের দিকে হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল,
“ডুয়ে ডাও।”
করিম মিয়া নিভানকে নকল করে বললেন,
“ডুয়ে ডাও! সব কথা স্পষ্ট বলতে পারে অথচ দ আর ছ উচ্চারণ করতে পারে না। ডুয়ে ডাও কী? ওটা ধুয়ে দাও হবে।”
নিভান করিম মিয়ার দিকে তর্জনী তুলে বলল,
“ইউ পচা ডাডা, তুমি শুডু আমার সঙ্গে আর আব্বুর সঙ্গে ঝগড়া করো।”
“তুমি পচা, আর তোমার বাপও পচা।”
“বাপ কী?”
“বাপ মানে তোমার আব্বু।”
“বাপ মানে আমার আব্বু।”
“হ্যাঁ।”
নিভান এক কথা বারবার বলতে লাগল ‘বাপ মানে আমার আব্বু।’ যেন কোনো পড়া মুখস্থ করতে চাইছে সে।
ইভান ছেলেকে নিয়ে উঠে দাঁড়াল তার হাত ধুয়ে দেওয়ার জন্য, নাহলে একটু পরই তার টি-শার্টে মিষ্টির রস লাগিয়ে দেবে।
ইহসান চৌধুরীও বসা থেকে উঠে দাঁড়ালেন টি-শার্ট ও ট্রাউজার চেঞ্জ করার জন্য।
মিষ্টি দিয়ে তার টি-শার্ট ও ট্রাউজারের বারোটা বাজিয়ে দিয়েছে। অথচ বাবার কোলে গিয়ে কী সুন্দর দুহাত দুদিকে মেলে দিয়েছে।
*****
পেরিয়ে গেছে সাতটা মাস।
সাক্ষী প্রমাণের অভাবে শামসের পরিবার রোশনাইয়ের একটা চুলও নড়াতে পারেনি। জবানবন্দি দেওয়ার জন্য রোশনাইকে একবার শুধু চট্টগ্রাম যেতে হয়েছিল। এছাড়া আর কোনো ঝামেলায় তাকে পড়তে হয়নি।
নিভানের কাস্টডির জন্য শামসের পরিবার মামলা করতে চাইলে ইহসান চৌধুরী শান্ত গলায় বলেছিলেন, ‘একবার শুধু মামলা করে দেখুন, কথা দিচ্ছি আমি আপনাদের দেউলিয়া করে ছাড়ব। আপনাদের বিরুদ্ধে সকল সাক্ষী প্রমাণ আমার হাতে আছে।’
ইহসান চৌধুরীর শান্ত গলার হুমকিতে কাজ হয়েছিল। শামসের বাবা এরপর আর একটা শব্দও উচ্চারণ করেননি।
রোশনাই এখন নয় মাসের অন্তঃসত্ত্বা। স্ফীত পেট নিয়ে চলাফেরায় বেশ বেগ পোহাতে হয় তাকে। শরীরে পানি ধরে হাতপা ফুলে ফেঁপে উঠেছে। উঁচু ভারী পেট নিয়ে নামাজ আদায়ের সময় জমিনে সেজদা দিতে পারে না সে, সেজদা দিতে হয় টুলের ওপর। নিভান পেটে থাকতে পেট যতটা বড়ো হয়েছিল, এবার তার দ্বিগুণ বড়ো হয়েছে।
নিভান পেটে থাকতে পোহাতে হয়েছে মানসিক যন্ত্রণা, আর এবার পোহাতে হচ্ছে শারীরিক যন্ত্রণা। রাতে ঘুমোতে পারে না ভালোমতো। শ্বাস নিতে কষ্ট হয়, কিছুক্ষণ পর পর পায়ের রগ খিঁচে ধরে। ভাগ্যিস নিভান তাকে বেশি জ্বালাতন করে না, নয়তো সে পাগল হয়ে যেত।
ইভানের সাহায্য ছাড়া সে ওয়াশরুমে যাওয়ার সাহস পর্যন্ত পায় না।
নিভান ঘুমিয়ে আছে। তার পাশে শুয়ে আছে রোশনাই। ইভান দুপুরের খাবার খেয়ে বেরিয়েছে, এখনো ফেরেনি। সে তো এতক্ষণ বাইরে থাকে না। কোথায় গেছে মানুষটা? এখনো ফিরছে না কেন?
রোশনাই ফোন হাতে নিয়ে ইভানের ফোনে কল করল। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে ভেসে এলো ইভানের মোলায়েম গলার আওয়াজ।
“আসসালামু আলাইকুম।”
“ওয়ালাইকুম আসসালাম।”
“আই লাভ ইউ।”
“কোথায় আপনি?”
“বাড়ি ফিরছি। কিছু লাগবে তোমার?”
“না।”
“নিভান উঠেছে?”
“না। দ্রুত আসুন।”
“মিস করছো?”
“হ্যাঁ।”
“সত্যি সত্যিই মিস করছো?”
“হ্যাঁ।”
“এক্ষণই আসছি।”
“সাবধানে আসবেন।”
“আচ্ছা। আই লাভ ইউ, বউ।”
কল কে’টে দিলো রোশনাই। ফোন রেখে চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসতে লাগল। কারণে অকারণে প্রিয় মানুষের মুখে ভালোবাসি শুনতে কার কেমন লাগে সে জানে না, কিন্তু তার ভীষণ ভালো লাগে।
গাড়ি পার্ক করে ভেতর থেকে বেরিয়ে এলো ইভান। ব্যাক সিট থেকে ফুলের তোড়া বের করে কাঁধে তুলে দরজার দিকে এগোল। তার পরনে বরাবরের ন্যায় সাদা ধবধবে জুব্বা। মাথায় রয়েছে গুতরা ও আগাল। দেখতে পুরো সৌদি আরবের শেখদের মতন লাগছে তাকে।
“বউ।”
ইভানের ডাক শুনে চোখ মেলল রোশনাই। ইভানকে এক রূপে বাড়ি থেকে বের হয়ে আরেক রূপে ফিরতে দেখে তাকিয়ে রইল।
কাঁধের ওপর থাকা ফুলের তোড়াটা নজরে আসতেই বলল,
“আবার এতগুলো ফুল? বলেছি না কম করে আনবেন?”
ইভান পিছু ফিরল। রোশনাই তাকিয়ে রইল তোড়ার দিকে। গোটা গোটা অক্ষরে লেখা ‘I Love you Bou’
ইভান এগিয়ে এসে তোড়াটা রাখল রোশনাইয়ের কোলের ওপর। উঁচু পেটের ওপর হাত বুলিয়ে বলল,
“কেমন আছে আমার বাবুরা?”
সন্তানদের নড়াচড়া অনুভব করতে পারল ইভান। রোশনাই ফুলের ভাঁজে মুখ ডুবিয়ে ঘ্রাণ টেনে নিল। তারপর মুখ তুলে হাসি মুখে বলল,
“খুব সুন্দর!”
“তুমিও—খুব সুন্দরী।”
রোশনাইয়ের ঠোঁটের হাসি আরও চওড়া হলো। ইভান তার কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে গাঢ় কণ্ঠে বলল,
“তুমি কী জানো নিভানের মা, তোমার সৌন্দর্যের কাছে এই ফুলের সৌন্দর্য কিছুই না? তোমার গায়ের ঘ্রাণের কাছে এই ফুলের ঘ্রাণ অতি নগণ্য?”
রোশনাই হাত বাড়িয়ে ইভানের গলা জড়িয়ে ধরে তার গালে ঠেসে ঠেসে দুটো চুমু খেলো।
কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
“বাবুরা আজ দুনিয়ায় আসবে, নিভানের আব্বু।”
“হ্যাঁ!”
“হুম।”
রোশনাইয়ের কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে ইভান।
“কী বললে?”
“বাবুরা আজ দুনিয়ায় আসবে।”
“ডেট তো আরও পাঁচদিন পর।”
“ওয়াটার ব্রেক হয়ে গেছে।”
“কিহ! কখন?”
“আপনাকে কল করার কিছুক্ষণ আগে।”
“তাহলে তখন বললে না কেন?”
“আপনি উদভ্রান্তের মতন ছুটে আসবেন তাই।”
“তুমি ঠিক আছো?”
“হ্যাঁ।”
ফুলের তোড়াটা সরিয়ে রাখল ইভান। সেই কখন ওয়াটার ব্রেক হয়েছে আর মাত্র তাকে বলছে। কোনো কিছু ঘটে যাবে এই ভয়েই সে বাড়ি থেকে বের হয় না। বের হলেও বেশিক্ষণ বাইরে থাকে না। অথচ আজ একটু দেরি হয়েছে ফিরতে, আর আজই এমন একটা দূর্ঘটনা ঘটে গেল।
.
রোশনাইকে বোরকা হিজাব পরিয়ে পা মোজা পরিয়ে দিচ্ছে ইভান। রোশনাই হাত মোজা পরছে। নিভান এখনো বিভোর হয়ে ঘুমাচ্ছে।
ইহসান চৌধুরী একটু আগেই কল করেছিলেন।
সি সেকশনের জন্য ডাক্তার-নার্স সব রেডি, তারা হাসপাতালে গেলেই সার্জারি শুরু হবে।
ঘুমের ছেলেকেই কোলে তুলে নিল ইভান। বাবার কোলে উঠতেই চোখ মেলল নিভান। ঘুম ঘুম চোখে মায়ের দিকে তাকিয়ে দেখল মায়ের পরনে বোরকা হিজাব। চোখ কচলাতে কচলাতে বাবার কাঁধ থেকে মাথা তুলে মুখের দিকে তাকাল। হাই তুলতে তুলতে বলল,
“কোথায় যাব?”
ইভান দরজার দিকে এগিয়ে বলল,
“হসপিটালে যাব, আব্বু।”
“কেন?”
“আজকে তোমার আপু আর ভাইয়ারা দুনিয়ায় আসবে।”
কথাগুলো বলতে বলতে করিম মিয়ার কোলে তুলে দিলো নিভান। নিভান বাবার জুব্বার হাতা টেনে ধরল শক্ত করে। কাঁদতে শুরু করল মুহূর্তেই। বলল,
“আব্বু যাব, ডাডা যাব না।”
ইভান ছেলেকে আদর করে বলল,
“তোমার আম্মুকে নিয়ে আসছি, আব্বু। তুমি দাদার সঙ্গে নিচে গিয়ে গাড়িতে বসো।”
“না না না।”
নিভান হাতপা ছোড়াছুড়ি করে কাঁদতে লাগল। করিম মিয়া নানান কথা বলতে বলতে সিঁড়ির দিকে এগোলেন। ইভান এগিয়ে এসে রোশনাইকে ধরল। রোশনাই ধীর পায়ে হাঁটতে হাঁটতে বলল,
“নিভান আপনার জন্য যেমন পাগল, এই তিনজনও যদি একই রকম পাগল হয়, তবে আপনাকে হাগা, মুতা, খাওয়া সব বন্ধ করে দিতে হবে।”
ইভান অসহায় কণ্ঠে বলল,
“এভাবে বোলো না। আমি বলেছিলাম নিভান আমার জন্য পাগল হবে। এই তিনজন পাগল হবে এমনটা বলিনি। ছোটো তিনজন তোমার পাগল হবে।”
“ছোটো তিনজন বেলায় গা বাঁচালে চলবে না।”
“আল্লাহ, এবার বোধহয় সত্যি সত্যিই সবকিছু বন্ধ করে দিতে হবে।”
রোশনাই শব্দ করে হেসে উঠল। ইভান নিজেও হাসল।
রোশনাই হাসি থামিয়ে বলল,
“আজকে তো বললেন না ‘আমি কী করব? হসপিটালে যাও।’?”
“সেই কথা এখনো মনে রেখেছো তুমি?”
“সারাজীবন মনে থাকবে।”
“তখন কী তুমি আমার বউ ছিলে? আর অত কিছু ভেবে বলিনি।”
.
রোশনাইকে এনেস্থেসিয়া দেওয়া হয়েছে। সার্জারিও শুরু হয়ে গেছে। তার শিয়রে দাঁড়িয়ে আছেন ইহসান চৌধুরী। তিনি বাদে আর কোনো পুরুষ ডাক্তার নেই ওটির ভেতর। তারা যখন জানতে পেরেছিলেন রোশনাই ট্রিপল বেবি জন্ম দিতে চলেছে, তখনই তিনি সি সেকশনের জন্য একজন অভিজ্ঞ নারী ডাক্তারের সঙ্গে পরামর্শ করে রেখেছিলেন। রোশনাইয়ের কাছে ওয়াটার ব্রেকের কথা শুনে ডাক্তারকে কল করতেই তিনি নিজের এসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে ইহসান চৌধুরীর হাসপাতালে ছুটে এসেছেন।
“ভয় লাগছে?”
রোশনাই দুদিকে মাথা নেড়ে বলল,
“না।”
“ভয় পেও না। এখানকার সকল ডাক্তার অভিজ্ঞ।”
“ভয় পাচ্ছি না, আব্বু।”
ইহসান চৌধুরী রোশনাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। এই মেয়েটার জন্য তার হৃদয়ে যে কত মায়া!
ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ইভান। পাশেই দাঁড়িয়ে আছে আশিক, মেহেদী ও করিম মিয়া। একটু আগেই হাসপাতালে এসে পৌঁছেছে দুই বন্ধু। ইভান দরদর করে ঘামছে। মৃদু কাঁপছে তার হাত দুটো। নিভান ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর বাবাকে এটা ওটা জিজ্ঞেস করছে।
দুজন নার্স বেরিয়ে এলেন তিনটা নবজাতক শিশুকে কোলে নিয়ে। তিনজনের মধ্যে দুজনই গলা ছেড়ে কাঁদছে।
চারজনই এগিয়ে এলো নবজাতকদের কাছে। আশপাশের মানুষজনও তাকিয়ে আছে তাদের দিকে।
মেহেদী জোর করে নিভানকে নিজের কোলে নিল। ইভান একসঙ্গেই তিন ছেলেমেয়েকে কোলে তুলে নিল। নিভান বাবার দিকে তাকিয়ে ফোঁপাতে লাগল। তার বাবা তাকে রেখে অন্য কাউকে কোলে নিয়েছে এটা তার সহ্য হচ্ছে না।
মেহেদী নিভানের গালে চুমু খেয়ে বলল,
“কাঁদিস না, ব্যাটা। আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেবো, এবার খুশী হয়ে যা।”
নিভান ফোঁপাতে ফোঁপাতে দুদিকে মাথা নেড়ে বলল,
“না। বিয়ে নেবো না।”
“বিয়ে মানুষ নেয় না, বিয়ে করে।”
“বিয়ে করব না।”
“কেন?”
“আব্বু যাব।”
“তোর আব্বুকে বিক্রি করে দিয়েছি ওই তিনজনের কাছে।”
বাবাকে বিক্রি করে দিয়েছে শুনে গলা ছেড়ে কাঁদতে লাগল নিভান। ইভান হকচকিয়ে বড়ো ছেলের দিকে তাকাল। বলল,
“কী হয়েছে, আব্বু।”
ইভান হাতপা ছোড়াছুড়ি করতে করতে এলোমেলোভাবে বলল,
“চাচ্চু তোমাকে বিক্রি করে দিয়েছে ওদের কাছে, আমি এখন কোথায় পাব তোমাকে?”
ইভান তিন ছেলেমেয়ের কান্নার মাঝে নিভানের অর্ধেক কথা বুঝল না। চারজনের মধ্যে তিনজনই কাঁদছে। নিভানের কান্না ক্রমেই বেড়ে চলেছে। ইভান আশপাশে নজর বুলাল। ইহসান চৌধুরী ওটির ভেতর থেকে বেরিয়ে এসে বললেন,
“কী হয়েছে? নিভান কাঁদছে কেন?”
নিভান দাদার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল,
“চাচ্চু আব্বুকে বিক্রি করে দিয়েছে ওদের কাছে, আমি এখন আব্বুকে কোথায় পাব?”
ইহসান চৌধুরী নাতির কথা বুঝতে পেরে মেহেদীর মুখের দিকে তাকালেন। এই ছেলেরা আর ভালো হলো না।
ছেলের দিকে হাত বাড়িয়ে বললেন,
“তিনজনকে আমাদের তিনজনের কাছে দিয়ে ওকে আগে শান্ত করো।”
ইভান তিনজনের কাছে তিন ছেলেমেয়েকে দিয়ে দিলো। নিভানকে কোলে নিয়েই নিভান তাকে শক্ত করে আঁকড়ে ধরল চার হাতপা দিয়ে।
বড়ো ছেলেকে কোলে নিয়েই ছোটো ছেলেমেয়েদের কানে আজান দিলো ইভান। বারবার মনে পড়ছে নিভানকে প্রথম কোলে নেওয়ার দিনটার কথা। এই ওটির সামনে দাঁড়িয়েই সে অনিচ্ছা সত্ত্বেও নিভানকে কোলে তুলে নিয়েছিল। অনিচ্ছায় কোলে নেওয়া সেই বাচ্চাটা আজ তার জানবাচ্চা। এই বাচ্চাকে ছাড়া সে নিজের জীবন ভাবতেই পারে না। তার জীবনের অর্ধেকটা জুড়েই নিভান।
রোশনাইকে কেবিনে শিফট করা হয়েছে। নবজাতক শিশুদের খাওয়ানো হয়েছে, তারা এখন ঘুমোচ্ছে। নিভানকে কোলে নিয়ে রোশনাইয়ের পাশে বসে আছে ইভান।
“এভাবে চুপচাপ বসে রইলেন কেন?”
“আমাদের জন্য কত কষ্ট করতে হচ্ছে তোমাকে।”
“আপনারাই আমার সুখ। আপনাদের জন্য কষ্ট না করলে কাদের জন্য করব?”
“আল্লাহ তাআলা তোমাকে নেক ও দীর্ঘ হায়াত দান করুক।”
“আপনাদেরও।”
“ভালোবাসি তোমাকে নিভানের মা।”
“আমিও ভীষণ ভালোবাসি আপনাকে।”
“নিভানের মা, তুমি মানে শুধু শান্তি নয়, হৃদয়ের গভীর প্রশান্তি।”
রোশনাই মুচকি হাসল আবারও। ইভান নিভানের মাথায় চুমু খেয়ে ঝুকল স্ত্রীর দিকে। কপালে গভীর চুমু খেয়ে মাথা ঠেকিয়ে রাখল স্ত্রীর মাথার সঙ্গে।
তার জীবনের সকল সুখ শান্তি এই একটা কেবিনের ভেতরেই রয়েছে।
(সমাপ্ত)
পুরো গল্প কেমন লেগেছে জানাতে ভুলবেন না কেউ। নতুন গল্প নিয়ে ফিরব খুব শীঘ্রই ইনশাআল্লাহ।