ফন্ট সাইজ:
থিম:
অবেলায় এলে আমার হৃদয়ারণ্যে

পর্ব 1

লেখক: আসরিফা সুলতানা জেবা

"আবারও জিন্স টিন্স পইরা নাগর ধরতে যাইতেছে বাইরে। বেহায়া,নির্লজ্জ মেয়ে কোনখানকার!"
তরুণিমা ব্যাগপত্র নিয়ে নিচে আসতেই ঘৃণামিশ্রিত তিক্ত কথাগুলো শুনতে পেল। সেগুলোকে এক প্রকার হেলায় উড়িয়ে দিয়ে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসে পড়ে ও।

শিল্পী ছুটে এলেন রান্নাঘর থেকে খুন্তি হাতে। একমনে বাড়ির কর্তার জন্য ইলিশ ভাজা করছিলেন তিনি। কর্তা সাহেবের আবার সকালে গরম গরম ধোঁয়া উঠা ভাত পছন্দ। বসার ঘরে এসে সামান্য মৃদু গলায় আঁতকে উঠলেন," আস্তে বলুন আপা। কীসব বলছেন? তানভীরের আব্বা শুনতে পেলে যে গণ্ডগোল বেঁধে যাবে। মেয়েটার নামে একটা কটু বাক্যও তিনি সইতে পারেন না। "

গ্লাসে পানি ভরছিল তরুণিমা। ছাবেতা সেদিকে চেয়ে হিং-সাত্মক হয়ে বললেন," যা সত্য তা-ই বলেছি,বাপু। কোনো শরম ভরম আছে এই মেয়ের? এত বিশ্রী কথা বললাম তবুও দেহো কেমনে টেবিলে বসে নাস্তা খাইতেছে! গ্রাম থিকা তোমাদের বাড়িতে বেড়াইতে আসলাম থেকে এই পর্যন্ত তো দেখতেছিই এই মেয়ের কর্মকাণ্ড। ভাব এমন যেন বিশ্ব সুন্দরী, অথচ রূপের কিছুই নাই। তাকানোই যায় না,এত কালা! দেখলেই গা ডা কেমন ঘিনঘিন করে। "
চাপা কণ্ঠে ফের আর্তনাদ করেন শিল্পী বড়ো জা কে থামাতে," আপা!"

ছাবেতা চুপ থাকলেন না, পরোয়াই করলেন না শিল্পীর ডাক বা নিষেধাজ্ঞাকে। আরও কিছু বলতে যাবেন তার আগেই তরুণিমা হাতের গ্লাসটা নিঃশব্দে টেবিলে রাখল। রিনরিনে,মায়াভরা কণ্ঠটায় পর্যাপ্ত পরিমাণে বিনয় ঢেলে বলল," জেঠিমা,আপনিই বললেন আমার গায়ের বর্ণ কালো বলে আমাকে দেখলে আপনার গা ঘিনঘিন করে,তাহলে পুরুষ আমার দিকে কীভাবে তাকাবে বলেন? আপনার নারী হয়ে যদি আমার রূপে ঘৃণা হয়,তাহলে সুন্দরের পূজারী পুরুষের তো আরো আগে ঘৃণা হবে। তাহলে আমি নাগরটা ধরব কীভাবে? "

ছাবেতা সাপের ন্যায় ফোঁস ফোঁস করে উঠলেন। তরুণিমার জবাব তার কাছে বিষের মতো লেগেছে। মনে হচ্ছে গলায় জোরজবরদস্তি করে বিষ ঢেলে দিয়েছে কেউ। সে চেয়েছিল মেয়েটা অপ-মানে,অসহ্যরকম যন্ত্রণায় বিভোর হয়ে কষ্ট পেয়ে কেঁদেকেটে ভাসিয়ে দিক। এতেই স্বস্তি মিলত উনার। অথচ কি কাটা কাটা জবাব! শিল্পী হাত চেপে ধরলেন তরুণিমার। শক্ত গলায় শাসালেন," কীভাবে কথা বলছ তুমি আপার সাথে? "
" উনি আমাকে নিয়ে কেমন খারাপ মন্তব্য করলেন,শুনেন নি আন্টি?"
" মাঝে মাঝে শুনেও চুপ থাকতে হয়। আজ আবার কোথায় যাচ্ছ এই সাতসকালে?"
" বান্দরবান যাচ্ছি। ২-৩ দিনের ট্যুর। আপনি আংকেলকে জানিয়ে দিবেন প্লিজ। ঘুমিয়ে আছে বলে আর জাগাই নি। "
অসন্তোষ প্রকাশ করলেন উনি, " আন্টি ডাকটা আর পাল্টাতে পারলে না। "
তরুণিমা কিঞ্চিৎ তিরস্কারের সুরে বলে উঠে," যেই সম্পর্কটা গড়ার আগে ভেঙে তচনচ হয়ে গেছে সেটাকে পুঁজি করে অধিকার খাটানো যে মানায় না। "
তাদের কথার মাঝে ফোঁড়ন কাটলেন ছাবেতা," দেখেছিস শিল্পী,কেমন বেয়া""দব মেয়ে? তোদের খায়,পরে, এখনও তোদের খেল, আর কথা বলে উল্টা স্বরে। এখন বুঝলাম, কেন ভাইটা বাড়িতে যাইতে দেয় না,ডাকে না। পরের খাইয়া কোনো কৃতজ্ঞতা বোধ নাই। "
তরুণিমা, শিল্পীর কাঁধের ওপর দিয়ে ছাবেতার পানে চোখ রেখে প্রতিবাদ করে, " পরের খাই না জেঠিমা। এ বাড়ির ছেলেরা যেমন নিজের ইনকামের টাকা দেয়,আমিও দিই নিজের সাধ্যমতো। "
" যেখানে যাচ্ছিলে সেখানে যাও, তরুণিমা। আর একটা শব্দও উচ্চারণ করবে না এখানে দাঁড়িয়ে। " দাঁতে দাঁত চেপে কড়া গলায় বললেন শিল্পী।

তরুণিমা কথা না বাড়িয়ে কাঁধে ব্যাগ তুলে বেড়িয়ে এলো সদর দরজা পেরিয়ে। দেরি হয়ে যাচ্ছিল ওর। মাঘ মাসের শেষের সময় তখন। সকাল সাতটা বাজে বোধহয় ঘড়ির কাটায়। প্রকৃতির চারিধারে ধবল কুয়াশা আর কুয়াশা। শেষ সময়ে রুক্ষশুষ্ক শীতটা যেন প্রবল ঠান্ডায় জুবুথুবু করে ফেলতে চাইছে গোটা দেশটাকে। বাড়ির সামনে দাঁড়িয়ে প্রাণভরে শ্বাস নিল ও। যেন বহুদিনের তৃষ্ণার্ত কাকটা খুঁজে পেয়েছে সেই পানিভরা কলসিটাকে। গত কয়েকদিন ধরে জ্বরে পুড়ে অবস্থা ছিল ম""রণদশা। বন্দি ছিল চার দেয়ালের ঘরে। শ্বাস-প্রশ্বাস গুলোকে কত যে ভারি মনে হচ্ছিল তখন!

" আপু কোথায় যাচ্ছ? এবারও আমাকে নিয়ে যাচ্ছ না তুমি। "- বিমর্ষ মুখে কথাগুলো বলতে বলতে কুয়াশার আড়াল হতে বেড়িয়ে আসে চতুর্যা। মেয়েটার দুধে আলতা সুন্দর চেহারাটার এখানে ওখানে ছোপ ছোপ রক্তাভ দাগ হয়ে আছে কনকনে ঠান্ডার প্রভাবে। হাত দুটো ঢলে উত্তপ্ত করার ব্যর্থ চেষ্টা তার। তরুণিমার চিকন অধরে একটুখানি হাসি মাখিয়ে বলে," অনুমতি ব্যতীত যে নিতে পারব না তোমাকে। আর কলেজ জীবনে তোমার ট্যুরের অনুমতি নেই। ইউ নো না?"
" ইয়েস,আই নো। বাট তোমাকে প্রতিবার যেতে দেখলে আমার কি যে হিং*সা হয় যেতে পারি না বলে! "
" এটা তো আমার চাকরি। "
" গতকাল রাতে তানভীর ভাইয়ার সাথে কথা হলো। ভাই বলল দেশে আসলে ঘুরতে গেলে আমায় সাথে নিয়ে যাবে। "
তরুণিমা ঠোঁটের হাসি মিলিয়ে গেল কাছেপিঠে তাদের ঘিরে থাকা কুয়াশায়। চতুর্যার হাসিটাও বাতাসে এসে যেমন প্রদীপের আগুন নিভিয়ে দিয়ে চলে যায় তেমনই ধপ করে নিভে গেল যেন। কথার সুর পাল্টে,অধ্যায়টা পাল্টে ভিন্ন অধ্যায়ে চলে গেল," তোমার জ্বর কি কমেছে? আজ ট্যুরে না গেলে হতো না?"
" আমি একদম ঠিক আছি। আর আমি পাহাড়ে,সমুদ্রে ভালো লাগা,শান্তি খুঁজে পাই, চতুর্যা। সেখানে গেলেই দেখবে কেমন আরও সুস্থ হয়ে ফিরে আসি!"
চতুর্যা হেসে জড়িয়ে ধরল তরুণিমাকে। বাড়ন্ত কিশোরী গাঢ় স্বরে তরুণিমার কানে কানে জানাল," আমিও তোমার মতো হতে চাই। ঘুরতে চাই, স্ট্রং হতে চাই। "

" আজও তুমি তিন মিনিট লেট, তরুণিমা। " জয়ন্তিকার কথায় তরুণিমা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে জানতে চাইল," সবাই এসে গেছে? "
" হ্যাঁ, বাস ভরতি। এই নাও,প্যাসেঞ্জার তালিকা। চেক দিয়ে নিও। কিছু লাভ বার্ডস উঠেছে। চিপকে বসেছে,আমি কি তাদের পরস্পর থেকে আলাদা করে দিব?" এক চোখ টিপে বলল জয়ন্তিকা।
তরুণিমা অল্প একটু হেসে বাসে উঠে দেখে নিল সবাইকে,লিস্ট চেক করল সবাই এলো কি-না। সব কাজ মিটিয়ে তাদের মধ্যকার আরেকজন ট্যুর গাইড কাইফ এর হাতে তুলে দিল সবকিছুর ডিটেইলস। জয়ন্তীকার পাশে বসে বলল," মোটেও আলাদা বসতে বলার প্রয়োজন নেই। লাভ বার্ডসগুলোকে দেখতে ভীষণ ভালো লাগছে। "
জয়ন্তীকা মজার ছলেই বলল," তোমার জোড়া কোথায় তরুণিমা? যেই ট্যুর গাইড তরুণিমা আবসারকে সবাই এত পছন্দ করে, তার সঙ্গীকে দেখার আমার খুব শখ। "
জয়ন্তীকার প্রশ্নে তরুণিমা একটু ঘাবড়ে গেলেও প্রকাশ করল না। স্রেফ জবাব দিল," আমার কোনো সঙ্গী নেই। "

জয়ন্তীকা উৎসুক হয়ে প্রশ্ন করে পুনশ্চ: " কী বলছ! তোমার সত্যিই কোনো বয়ফ্রেন্ড নেই? সাতাশ বছরের জীবনটা কিন্তু কম নয়, তরুণিমা। স্কুল,কলেজ, ইউনিভার্সিটি কোথাও কি কোনোদিন বয়ফ্রেন্ড হয় নি? কখনো কাউকে ভালোবাসো নি?"
" বাসব না কেন? আমার কাছে ভালোবাসার ধরন দু রকম। এক. সুখময় ভালোবাসা, দুই. যন্ত্রণাময় ভালোবাসা। তাকে ভালোবাসার জন্য আমি যন্ত্রণাময় ভালোবাসাটা বেছে নিয়েছিলাম। আর ভালোবাসার মানুষটা বিহীন ভালোবাসাটাই তো যন্ত্রণাময় ভালোবাসা হয়। "
" মানুষটা কে? কী নাম তার? সে কী তোমাকে ভালোবাসে?" প্রচণ্ড আগ্রহ জয়ন্তীকার কণ্ঠে। তরুণিমা সিটে হেলান দিয়ে বড়ো বড়ো চোখ দু'টি ঢেকে ফেলল স্লিপিং মাস্কে। বলল," আমাকে আর ডাকিও না জয়ন্তীকা আপু। কাইফ ভাই বিরতিতে নাস্তার প্যাকেটগুলো সব যাত্রীকে দিয়ে দিবে। আমি খাব না। আর যদি কক্সবাজার পৌঁছানোর আগে ঘুম থেকে না উঠি,তবে ডেকে দিও। "

জয়ন্তীকা কিচ্ছু বলল না। মুখ ভার করে রইল। তরুণিমা তাদের এজেন্সিতে ট্যুর গাইড হিসেবে জয়েন করেছে বছর হতে চলল। মেয়েটা বড্ড মিশুক আর পরিশ্রমী। যত পর্যটক আসুক ওর ব্যবহারে, কাজে মুগ্ধ হয়ে বিদায়বেলা জানিয়ে যায় পরের বারও ট্যুর গাইড হিসেবে তাদের তরুণিমা আবসারকেই চাই। কিছু সুদর্শন, ডিসেন্ট পর্যটক তো প্রেমেই পড়ে যায় মেয়েটার। প্রস্তাবও রাখে। কিন্তু মেয়েটা খুবই বিনয়ের সাথে ফিরিয়ে দেয় প্রপোজালগুলো। আবার যাকে ভালোবাসে বলছে,তার কোনো নামধাম, অস্তিত্ব সম্পর্কে কিছুই তথ্য দিচ্ছে না! বড়োই অদ্ভুত ধাঁচের মেয়েটা! জয়ন্তীকা আর ঘাঁটাল না।

একটি প্রাইভেট ফার্মের আওতায় চাকরি করে তরুণিমা একজন ট্যুর গাইড হিসেবে। চাকরির বয়সটা খুব একটা হয় নি। মাস খানেক পর স্রেফ এক বছর হবে। তবে পরিশ্রম ও মেধার জোরে অভিজ্ঞতা ও সুনাম কামাই করেছে অনেকখানি। এক বাস পর্যটক নিয়ে তাদের যাত্রা গন্তব্য আজ বান্দরবানের আলীকদমে এবং সেখান হতে মারায়ং তং পাহাড়। বেলা ফুরিয়ে চতুর্দিকের আলো যখন ডুবো ডুবো, আকাশ জুড়ে যখন কমলা রঙের খেলা, সূর্যের যখন বিদায় লগ্ন ঠিক তক্ষুনি কক্সবাজারের চকোরিয়ায় এসে পৌঁছাল বাসটা। জয়ন্তীকার কষ্ট করে আর ডাকতে হলো না। তরুণিমা নিজ থেকে জাগনা পেয়ে গেল। শ্যামবর্ণ চেহারার জৌলুসটা উবে গিয়ে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। উন্মুক্ত লম্বা চুলগুলো পনিটেল করে নিল, কপাল দখল করে রইল ছোট ছোট কয়েকগাছি অলকচূর্ণ। বাস থেকে নেমে সর্বপ্রথম বোতল থেকে পানি ঢেলে মুখে ছিটাল। তৎপরে কাইফের সাথে এগিয়ে গেল জিপ ভাড়া করতে। এখান থেকে জিপ রিজার্ভ নিয়ে সোজা আলীকদমে যাবে সকল ট্যুরিস্ট নিয়ে। পাঁচটা জিপ দেখা গেল। মূলত সন্ধ্যে লগ্নে জিপ পাওয়া কিছুটা কঠিন হয়ে যায়। রাত ঘনিয়ে এলে পাহাড়ি রাস্তায় ভ্রমণ করা কিছুটা ভয়াতুর ব্যাপার। অদূরে আবার অনেক লোকের ভীড়। বড়ো বড়ো দামি দামি গাড়ি দাঁড়িয়ে আছে তিন-চারটে। কয়েকজন লোক তিনটে জিপ চালকের সাথে কথা বলছে আলীকদমে যাওয়ার জন্যে। জিপ নিয়ে গেলে জলদি পৌঁছে যাওয়া যায় সেখানে। নয়তো অন্য কোনো যানবাহনে ঘন্টা কয়েক লেগে যেতে পারে। তরুণিমা সেসব লক্ষ্য করে বলল কাইফকে হুশিয়ারি কণ্ঠে, " কাইফ ভাই,আমাদের জন্য অবশিষ্ট জিপ দুটো জলদি ভাড়া করে ফেলুন। নয়তো পরে জিপ পেতে ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। "
কাইফ ইশারা বুঝে চালকদের সাথে জলদি দরদাম করে ভাড়া করতে গেল। কিন্তু নিমিষেই বাঁধল বিপত্তি। কোথা হতে একটা লোক এসে জিপ চালককে বলল," আমরা একটা জিপ নিব। দ্বিগুণ ভাড়া দিব। "

লোভী চালক মুহূর্তেই সায় দিয়ে হেসে উঠল। দ্বিগুণ টাকা পাওয়ার আনন্দে বসন্তের অগ্রিম পরশ লেগে গেল তার শুষ্ক,কালচে আদলটায়। তরুণিমা টের পেয়েও তীব্র বিতৃষ্ণায় হুট করে এসে দ্বিগুণ টাকার প্রস্তাব দেওয়া লোকটাকে বলল," আপনি কি অন্ধ? দেখতে পান নি,জিপটা দুটো আমরা ভাড়া করেছি? একটা জিপ আপনি নিয়ে গেলে আমরা যাব কী করে? দুটো জিপই লাগবে আমাদের। আমাদের সকল পর্যটকের এক জিপে জায়গা হবে না। "
সাব্বির থমকে গেল। কী বলবে বুঝতে পারল না। আসলে, খারাপ লাগলেও জিপটা তার চাই-ই। মূলত তার নয়, অন্য কারো প্রয়োজন। সে তো হুকুমের গোলাম। হুকুম মানা আর করাই তার কর্ম। সে তোয়াক্কা করল না তরুণিমার কথা," দেখুন মিস অর মিসেস, জিপটা আমাদেরই প্রয়োজন। আপনাদের থেকেও বেশি প্রয়োজন। সঠিক সময়ে না গেলে শ্যুটিংয়ে লেট হয়ে যাবে আমাদের। "

কাইফ,তরুণিমা উভয়ে অন্য জিপগুলো দেখল। বুঝল,শ্যুটিংয়ের কাজে যাচ্ছে লোকগুলো। তরুণিমা ভালো করে লক্ষ্য করতেই প্রখর রোদের মতো তেতে উঠল সাব্বিরের ওপর," আপনাদের আর কয়জনের জন্য জিপ চাই?"
সাব্বির উত্তর দিতে বিলম্ব করল না," আমার ও আমাদের প্রডিউসারের জন্য। "
" মাত্র দু'জনের জন্য! ওই জিপে এখনও দুটো সিট খালি। আপনারা দুজন ওটাতে চলে যান। পুরো একটা জিপ নিলে আমরা কতগুলো মানুষ ঘন্টাখানেকের জন্য আটকা পড়ে যাব।"
" দেখুন মিস, আমার স্যার একটা জিপ আলাদা নিয়েই যাবেন। এবং নিজের টাকাতেই যাবেন। আপনার সমস্যা কী? আমরা কি ডা**কাতি করে যাচ্ছি? না-কি জিপ চালকের মাথায় বন্দু-ক ঠেকিয়ে বলছি নিয়ে যেতে? টাকা দিয়েই জিপ চালকের সম্মতিতে যাব। "
তরুণিমা রেগে গেল। আগুনের স্ফুলিঙ্গ যেন ঠিকরে পড়ছে মেয়েটার গাঢ় চোখ দুটি থেকে," আপনার প্রডিউসার নাকি টডিউসার! ডাকুন তাকে। এক্ষুণি ডাকুন। আমি জিজ্ঞেস করব কেমন অমানবিক হলে এতগুলো মানুষকে এই শীতের রাতে অপেক্ষা করিয়ে উনি জিপ নিয়ে যাবেন। "
সাব্বির থমকে যায় মুহূর্তেই। বাব্বাহ! মেয়েটার গলায় এত তেজ! সে আস্তে করে বলে," অপেক্ষা করুন। "
গাড়ির জানালার কাঁচে হাতের সাহায্যে আওয়াজ তুলল সে। সাথে সাথে নেমে গেল জানালার কাছ। ভরাট একটি পুরুষালি কণ্ঠ প্রশ্ন করল," এনিথিং রং? জিপ পাও নি?"
" পেয়েছি,স্যার। কিন্তু ঝামেলা হয়ে গেছে। আমি গিয়ে দেখি দুইটা জিপ। দুইটা জিপই একদল ট্যুরিস্ট ভাড়া করছিল,তার মধ্যে আমি গিয়ে একজন চালককে মোটা অংকের টাকা অফার করি,সে রাজি হয়ে যায়। কিন্তু সেই দলের একটা মেয়ে আর ছেলে ঝামেলা করছে। দলের লিডার বা গাইডস হয়তো। কোনোভাবেই মানছে না।"
ভেতরের পুরুষটা মনোযোগ দিয়ে শুনছে কথাগুলো তবে কোনো প্রকার হেলদোল নেই। সাব্বির এবারে ইতস্তত করল," আমি বলছি কি, আমরা বরং আমাদের গাড়িটা নিয়েই যাই। ফেরার সময় নাহয় আপনার শখটা পূর্ণ করলেন, স্যার। "
তাকে সরিয়ে গাড়ির দরজা ঠেলে বেড়িয়ে এলো ইয়াজিদ। কিছু দূরে দাঁড়ানো জিপ দুটোর দিকে তীক্ষ্ণ নজরে চেয়ে বলল," ওই জিপ দুটো?"
" জি,স্যার। "
" গাড়ি থেকে আমার ব্যাগ নামিয়ে জিপে উঠাও। "
সাব্বির মিনমিনে গলায় বলে, " কিন্তু স্যার মেয়েটা অনেক জাঁদরেল টাইপের। আমার মনে হচ্ছে আমরা জিপে উঠলে আমাদের শরীর থেকে কল্লা আলাদা করে ফেলবে।"
ইয়াজিদ ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে, "কোন মেয়েটা?"
" ওই যে স্যার ছেলেটার একটু পিছনে থাকা কালো কুর্তি আর জিন্স পরিহিতা মেয়েটা। গলায় গোলাপি স্কার্ফ প্যাঁচানো। "

জিপগুলো থেকে ইয়াজিদের দূরত্ব খুব একটা নয়। চোখের নাগালেই বলা চলে। আবার কৃত্রিম হলদে আলোর রাজত্বও কম না। কেবল মেয়েটা ছেলেটার দীর্ঘদেহের একটুখানি আড়ালে বলে দেখা যাচ্ছে না ঠিকঠাক। ইয়াজিদ তবুও দেখার প্রচেষ্টা চালাল। একটা সময় ছেলেটার পেছন হতে একটু সরে আসল মেয়েটা। দৃশ্যমান হলো তার গাল,চোখ, ঠোঁট এবং সম্পূর্ণ মুখশ্রী। নিমেষেই চলতে লাগল ইয়াজিদের পা দুটো সেদিকে। ঝড়ের বেগে যেন আগমন হলো তার জিপগুলোর সামনে। কণ্ঠে গম্ভীরতা,আদেশের উপস্থিতি, " দুটো জিপই ভাড়া করে নাও,সাব্বির। "

তরুণিমা ক্ষীণ সময়ও ব্যয় না করে কণ্ঠের মালিকের দিকে চাইল। বাদামি চোখের মণি, লোমশে ঢাকা হাতের কব্জিতে কালো ব্রেসলেট, ঘন এলোমেলো চুল, কঠিন ছাঁচে গড়া মুখ,জ্যাকেট পরিহিত ফর্সা ও দীর্ঘ দেহের পুরুষকে দেখে বাকহারা হয়ে পড়ল সে।
" জি স্যার?" সাব্বির হকচকিয়ে গেল।
" শুনতে পাও নি? কানের ট্রিটমেন্ট করাতে যাবে ঢাকা গিয়েই। "
" সরি স্যার। শুনেছি,কিন্তু দুটো কেন?"
" দুটোই আমার প্রয়োজন তাই। "
" দুটোতে কে বসবে স্যার?"
ইয়াজিদ দাঁতে দাঁত চেপে বলল," একটাতে আমার আত্মা এবং আরেকটাতে আমি। "
সাব্বির বোকা বোকা চেহারা করে হাসল উত্তর শুনে। স্যারের সিরিয়াস টাইমেও এরকম রসাত্মক কথাগুলো বেশ মজা লাগে তার।

অনুভূতিশূন্য হয়ে পড়েছিল তরুণিমা। ক্ষণিকের পলকে ভুলে বসেছিল এই জগত সংসার। সময় মিনিট গড়াল হয়তো,তক্ষুণি ফিরে পেল আপন সত্তা। যেই সত্তা সে তিলে তিলে গড়ে তুলেছে মোটেও হারিয়ে ফেলা যাবে না তা। আগ্নেয়গিরির ন্যায় জ্বলে উঠল," দুটোই নিয়ে যাবেন মানে? পাগল না-কি? নিয়ে গিয়ে দেখান পারলে। টাকা আছে বলে অমানবিক,অস--ভ্য কাজকর্ম করে বেড়াবেন?"

ইয়াজিদ গলার কাছে গেঞ্জিতে ঝুলানো চশমাটা খুবই পরিপাটি করে চোখে পরে নিল। ড্যামকেয়ার ভাব নিয়ে ঠান্ডা গলায় পাল্টা প্রশ্ন করল সামান্য ঝুঁকে, " মিস অর মিসেস?"
" তরুণিমা। " শীতল স্বরে বলল তরুণিমা নিজের নামখানি।
" আই নো। আমি দুটোই গাড়িই নিচ্ছি,টাকার জোরেই নিচ্ছি। তুমি চাইলে আমার গাড়িটা নিতে পারো,অথবা বাস নিয়ে যেতে পারো। তোমার ইচ্ছে। কিন্তু জিপ দুটো আমিই নিব। পারলে আটকাও। "

কাইফ, তরুণিমাকে বাঁধা দিল। মিডিয়ার লোকের সাথে ভেজাল করে লাভ নাই। নামি-দামি মানুষের কাজকারবারও কঠিন হয়। আর ওয়াসিম খান ইয়াজিদ মাত্র দু বছরেই প্রডিউসার হিসেবে বেশ নাম কামাই করেছে। তার বাবারও অনেক নাম,খ্যাতি। এ ধরনের মানুষের সাথে সামান্য বিষয় নিয়ে কোনো জঞ্জালে জড়ানো মানেই রোজ নতুন নতুন ভেজালকে আমন্ত্রণ জানানো।
" তরুণিমা চলো এখান থেকে। আমরা বাসে চলে যাব,নাহয় জিপের অপেক্ষা করব। "

ইয়াজিদ এক লাফে জিপে উঠে বসল। কাছেই,পাশেই তরুণিমা পুতুলের মতোন দাঁড়িয়ে ছিল। তার দিকে চেয়ে তীর্যক হেসে বলে উঠল," আগেও কিছু করতে পারো নি,এখনও পারবে না। আমার কাছে তুমি হেরে এসেছ,হেরেই যাবে বার বার। অন্য বাসে এসো, সেইফ জার্নি,ওকে?"
হাতের পানির বোতলটা ছুঁড়ে মা-রল তরুণিমা। নিশানা সঠিক না হওয়ার দরুন সাব্বিরের কপালে গিয়ে লাগল বোতলটা। জিপের অপর পাশে দাঁড়িয়ে ছিল সে। ও মা গো চিৎকারে কপাল ঢলতে লাগল ক্রমাগত। ইয়াজিদ অবাকের মেকি ভান করে জিপ থেকে মাথাটা তরুণিমার মুখের কাছে নিয়ে ফিসফিস করে বলল," নরম সরম মেয়েটা এত কঠিন,রাগী হয়ে গেল কেমন করে? ভালোই পরিবর্তন দেখছি তাহলে। এই পরিবর্তনের কারণ আমি নই তো?"

তরুণিমা গটগট করে চলে এলো সেখান থেকে। তার ভিতরে যেন দাউদাউ করে আগুন জ্বলছে আর পুড়িয়ে ছাই করে দিচ্ছে সব। কাইফ সবাইকে জিজ্ঞেস করল জিপের জন্য অপেক্ষা করতে কারো আপত্তি আছে কি-না। সবাই হেসে জবাবে বলে কোনো আপত্তি নাই। ঢাকা থেকে ভাড়া করে আনা বাসটা আলীকদমে যাবে না। আর হুট করে নতুন বাস ভাড়া করাও কঠিন। জিপে গেলে ৩০ মিনিটেই পৌঁছে যাওয়া যেত। কিন্তু এখন কিছু করার নেই। শত বাকবিতণ্ডার পরও পারল না। তরুণিমাকে দেখল,দূরে চায়ের দোকানের বেঞ্চে থম মেরে বসে আছে। এই মেয়েটার জেদ বরাবরই বেশি। কোনো কিছু মনমতো না হলে দলের সবার সাথেই জেদ দেখায়। তবে এত বড়ো প্রডিউসার পূর্বে থেকে তরুণিমাকে চিনে কী করে? প্রযোজকের কথার ধরনে তার মনে হলো তাকে সে চিনে। না-কি ভুল ভাবছে সে কে জানে!

আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছে জিপ দুইটা। একটাতে মানুষ থাকলেও, আরেকটায় ড্রাইভার ব্যতীত কেউই নেই। সাব্বির জিপের পেছন সিট থেকে বলল," স্যার মেয়েটা কত বড়ো ডা**কাত দেখলেন? মে-রেই ফেলছিল। এত বড়ো লোক আপনি, আপনাকে একটুও ভয় পেল না। আবার আপনাকে এতটা কাছাকাছি পেয়ে একটুও ইমপ্রেস হলো না, স্যার। যেখানে নায়িকা ইলিনা পর্যন্ত আপনাকে জীবনসঙ্গী হিসেবে চেয়ে প্রপোজাল দিল। "

কথাগুলো জোরেশোরেই বলে সাব্বির। রাস্তার দুপাশ থেকে দমকা হাওয়া ভেসে আসছে। কথারা মিলিয়ে যাচ্ছে সমীরণের মাঝে। তবুও ইয়াজিদ শুনতে পেল। সিটে মাথা হেলিয়ে দিল," সে ইমপ্রেস হলেই কি না হলেই কি!"
আবার ঘাড় ফিরিয়ে প্রশ্ন করল," তুমি কি কখনো তোমার ফেলে দেওয়া ঝুটা আবার মুখে দিতে পারবে?"
সাব্বিরের বমি পেয়েছে মুখটা এমন করল," কি বলেন স্যার! কখনোই না। "
পরক্ষণেই প্রশ্ন করল বিস্মিত কণ্ঠে," এরকম প্রশ্ন কেন করলেন, স্যার?"
ইয়াজিদ জবাব দিল না। মাথা এলিয়ে দিল পুনরায় সিটে। রাত্তিরের থইথই অন্ধকারে ছড়িয়ে পড়ল শিসের ধ্বনি।

#চলবে....
#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#পর্ব_১
#লেখনীতে_আসরিফা সুলতানা জেবা

কিছু কথা~
প্রথমেই বলি,গল্প মানেই একটা কল্পনার জগত,যা বাস্তবতা থেকে ভিন্ন। আমরা মনে মনে একটা কল্পনার জগত তৈরি করি,যা তা ভাবি, যা কখনো ঘটে,রটে নি, বাস্তব হবে না,তা জেনেও আমরা লিখতে শুরু করে দিই। এই কল্পনার জগতটা বাস্তবতার সাথে অমিল বলেই যা ইচ্ছে হয় কল্পনা করতে পারি। এবং সেটা লিখা শুরু করে দিয়ে একটি গল্প বুনন করি। তাই যদি কোনো ভুল-ত্রুটি আমার থেকে যায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোনো তথ্য যদি আমার ভুল হয় সেটাও বলে দেবেন,ঠিক করে নিব। আর আপনারা তো জানেন,কল্পনার এই জগত থেকে আমি দীর্ঘ সময় ধরে দূরে। আর এই গ্যাপের কারণে আমার মধ্যে কেমন যেন একটা ভয় ঢুকে গিয়েছে। কোনোভাবেই লিখতে পারছিলাম না। গত কয়েকদিন ধরেই লিখতে গিয়ে আমার হাত বার বার কেঁপে উঠত,ভয় ভয় লাগত। বার বার লেখা রিমুভ করে বার বারই লেখার চেষ্টা করেছি। এই লেখাটা পোস্ট করতেও আমার ভয় করছে। মনে হচ্ছে কীসব লিখছি, কেমন যেন লাগে। বুঝতে পারি সবই দীর্ঘ গ্যাপের প্রভাব। তবুও নতুন করে ফেরার প্রচেষ্টা।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন