#অবেলায়_এলে_আমার_হৃদয়ারণ্যে
#পর্ব-২
#লেখনীতে_আসরিফা সুলতানা জেবা
ক্যালেন্ডারের পাতায় তখন ২০১৬ সাল। রৌদ্রস্নাত সকাল। তপ্ত রোদে গায়ের চামড়া পুড়ে যাবার উপক্রম। মাঝরাস্তায় এসে বা পায়ের জুতাটা ছিঁড়ে গেল তরুণিমার। সাধারণ দেখে ফ্ল্যাট জুতা জোড়া বাবা কিনে দিয়েছিলেন গত মাসে বেতন পেয়ে। আবার নতুন জুতা কেনার জন্য বাবার কাছে টাকা চাইতে হবে ভেবে ওর মনের অলিন্দে বেদনার বাতাস বয়ে গেল। নিশ্চিত বাবার হিসেবে ভাটা পড়ে যাবে! বেতন পেয়ে প্রতি মাসের একটা হিসেব কষে রাখেন আবসার সাহেব। তাছাড়া মা বলেন, মাঝরাস্তায় জুতা ছিঁড়ে যাওয়া অলক্ষুণে ব্যাপার। যদিও ওর মন এসব কুসংস্কার মানে না,তবুও মন পাখি মধুর স্বরে ডেকে ডেকে জানান দিচ্ছে, অলক্ষুণে কাণ্ড একখানা ঘটেই যাবে আজ তার সাথে। ছেঁড়া জুতাকে টেনেটুনেই,লক্কর ঝক্কর গাড়ির মতো হেলেদুলে এলো বিশ্ববিদ্যালয়ে। শেষ মুহূর্তে দৌড়ে এসে ট্রেন ধরার মতোই এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছিল তার। সে ছিল তাদের ক্লাসে সবচেয়ে লাস্টে ভর্তির সুযোগ পাওয়া পড়ালেখায় দুর্বল প্রজাতির একজন প্রাণী। ওয়েটিং লিস্ট থেকে টেনেটুনে, ভাগ্যের জুড়ে মিলেছে মেধাবীদের ভীড়ে একটি সিট। সেই এডমিশন হতে শুরু করে প্রতিটিদিনই যেন হাঁপাতে হাঁপাতে, অনেক বাধা-বিঘ্ন, বিপত্তির সাথে মুখোমুখি হয়ে,সংঘর্ষ করে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে হয়। দ্বিতীয় বর্ষের রেজাল্ট আজ। অপছন্দের বিষয়টা নিয়েই পড়তে হচ্ছে বাবার ইচ্ছে পূরণ করতে। জার্নালিস্ট হওয়ার কোনো শখ কোনো কালেই ছিল না ওর। সমাজকর্ম পাওয়ার পর বাবা জোরাজুরি করে বললেন,
" তুমি মাইগ্রেশন করেই দেখো মা, আমার মনে হচ্ছে জার্নালিজম বিভাগে তুমি একটা সিট পেয়ে যাবে। "
তরুণিমা মুখ কালো করে বলেছিল," আমি পড়ালেখায় যে ডাব্বা,এটা আপনার অজানা? আমি পাব না,আব্বা। "
" আমার মন বলছে পাবে। ভাগ্যও ম্যাটার করে। না পেলে সমাজকর্ম নিয়েই পড়ো,আমার কোনো সমস্যা নেই। "
বাবা পাগল তরুণিমা বাবার ইচ্ছে পূরণ করতে মাইগ্রেশন করার পর কেমন করে যেন জার্নালিজম সাবজেক্টটা পেয়ে যায়। নিজের ভাগ্যের ওপর চরম বিস্ময় কাজ করে ওর তখন। দুর্বল মেয়েটা উন্নতমানের একটা সাবজেক্ট পেল এই নিয়ে কানাঘুঁষাও কম হলো না আত্মীয়-স্বজন, স্কুল-কলেজের ব্যাচমেটদের মাঝে। কিন্তু সাবজেক্ট টা কাল হয়ে দাঁড়াল ওর জীবনে। দিন-রাত পড়ার পরও বিষয়খানি তার মনের ঘরে বসল না। ঘাড়ত্যাড়া বিষয়টা ভয়াবহভাবে ফাঁ-সিয়ে দিল ওকে দ্বিতীয় বর্ষে। প্রথম বর্ষে কোনোরকমে পাশ করলেও দ্বিতীয় বর্ষে আর সম্ভব হলো না। ঠ্যালাগাড়ি ঠেলে আর কতক্ষণ নেওয়া যায়! শ্রান্ত হয়ে একটা সময় থমকে যেতে হয়। তিন তিনটে কোর্সে ফেইল করে বসল ও। চিন্তা, অস্থিরতায় ভাসিয়ে দিতে লাগল নিজেকে ক্লাসের শেষ বেঞ্চে মাথা রেখে। নরম-সরম গড়নের নাজুক মেয়েটাকে অপ-মান,তিরস্কার কাবু করে নেয় নিমিষেই। বাবার বিমর্ষ চেহারাটা কল্পনা করে নয়নযুগলে অশ্রুকণারা হানা দেয়। ক্লাসের সবচেয়ে শান্ত, নিশ্চুপ স্বভাবের মেয়েটা ওর পাশে এসে বসল। মাথায় হাত রেখে প্রশ্ন করল, " কাঁদছ কেন,তরুণিমা?"
মাথা উঠিয়ে একটু করে মেয়েটাকে দেখে নেয় সে। সবাই বলে সীরাত নামের এই মেয়েটার মানসিক কিছু সমস্যা আছে। কিন্তু তরুণিমা এতগুলো দিনে এমন কিছুই দেখে নি। কারো সাথে মিশে না এটা অন্য কথা,যার যার নিজস্ব ইচ্ছে। এই ক্লাসের কেউই তরুণিমার সাথে বন্ধুত্ব পাতায় না, আগ বাড়িয়ে কথা বলতে আসে না। গায়ের রং দেখলেও অলক্ষ্যে-অগোচরে নাক ছিটকায়। যেন মধ্যবিত্ত পরিবারের আর অসুন্দর মেয়ে হয়ে সে মহাপা""প করে ফেলেছে। কথা বলতে গেলে এক দুটো বাক্য ব্যয় করে এড়িয়ে যায়। মেধাবী ছেলেমেয়ে বা অর্থবিত্তে পরিপূর্ণ ছেলেমেয়েদের আবার এখানে অনেক দাম। সীরাত অর্থবিত্ত,মেধাবী, রূপের দিক হতে অন্যতম। কিন্তু এই মেয়েটার কাছেও ঘেঁষতে পারে না কেউ। একা একা থাকে সর্বদা,কেউ কথা বলতে চাইলে মুখ ফুটে অতি সামান্য একটা বর্ণও বের হয় না তার। কেউ কেউ আড়ালে-আবডালে বলে বেড়ায়, মেন্টালি সিক, আবার কেউ কেউ বলে তীব্র অহংকারী।
তরুণিমা কোনটা ধরে নিবে ভেবে কুল-কিনারাহীণ হয়ে গেল ক্ষণিকের মধ্যেই। ক্লাসের সবার কাছ থেকে মুখ ফিরিয়ে রাখা মেয়েটাকে নিজের অতীব নিকটে পেয়ে অবাকও হলো বটে। কিছু বলতেও ভুলে গেল। সীরাত ফের প্রশ্নের ঝুড়ি নিয়ে বলল," কী হয়েছে, বলো?"
তরুণিমা ক্রন্দনরত স্বরে শুধু এটুকু প্রশ্ন করতে পারল," তুমি আমাকে চেনো?"
সীরাত আশ্চর্য হয়ে, চোখ বৃহৎ আকৃতির করে বলল," ওমা! চিনব না কেন? নিজের ক্লাসমেটকে চিনব না?"
তরুণিমা বিব্রত অনুভব করে। বলার মতো কিছু পায় না। সীরাত সবজান্তা হয়ে বলে উঠে," তিনটে কোর্সে ফেইল এসেছে বলে ছোটবেলার মতো কাঁদছ? "
" তুমি কীভাবে জানো! " তরুণিমা অবাক,কিংকর্তব্যবিমূঢ়।
" জানব না কেন? বাহিরে টানানো রেজাল্ট শিটে দেখলাম কে টপ করল, কে ফেল্টুস হলো। " বলেই হেসে কুটিকুটি মেয়েটা।
তরুণিমার রাগ হয়, ভীষণ রাগ। সীরাতের হাতটা সরিয়ে দেয়," টপ করেছ বলে অন্য কাউকে নিয়ে পরিহাস করছ!"
" সরি,সরি। তুমি আমার সাথে চলো। "
গোলাপী, নরম ওষ্ঠাধরে হাসি ঝুলে আছে সীরাতের। ফর্সা বদনে সুখের ছোঁয়া। তরুণিমার অবাকের শেষ নেই।
" কোথায় যাব?"
" ইয়াজিদ ভাইয়ার নাম শুনেছ? "
" উনাকে কে না চিনে? টপ স্টুডেন্টদের মাঝে একজন। মাস্টার্সে পড়েন। "
" হ্যাঁ, উনি আমার কাজিন। চলো ভাইয়ার কাছে। ভাইয়ার কাছে ক্লাস নিলে তুমি ফেল্টুস থেকে টপ লিস্টে চলে আসবে দেখো। "
" উনি কি ম্যাজিক জানেন যে একদম ফেল্টুস থেকে টপ করা স্টুডেন্ট হয়ে যাব?"
সীরাত কনফিডেন্সের সহিত বলল, " হি ইজ এ্যা গ্রেট ম্যাজিশিয়ান। গেলেই টের পাবে। জীবনের মোড় ঘুরে যাবে। "
" তরুণিমা,এই তরুণিমা! সবাইকে স্যালাইন, গ্লুকোজ এসব দিয়ে দাও। পাহাড়ে উঠার সময় হয়ে গিয়েছে। "
কাইফের ডাকে অতীতের কোনো এক অধ্যায়ের ঘোর কাটল তরুণিমার। শীতের দাপুটে হাওয়ায় সমস্ত কায়ায় কাঁপুনি ছুটে গেল তার। প্রতিটি অঙ্গে অঙ্গে লাগল হিমশীতল বাতাসের বেপরোয়া ছোঁয়া। পাহাড়ি এলাকায় ঠান্ডার কমতি নাই। মোটাসোটা জ্যাকেট জড়িয়েও শীতের সাথে লড়াইয়ে হেরে যাচ্ছে সকলে। হোটেলের সামনে দাঁড়িয়েছিল এতসময়। প্রভাতের এই সতেজ, মাতাল হাওয়া যেমন করে কম্পন সৃষ্ট করছে দেহে, তেমন করে শান্তির পরশে ভরিয়ে দিচ্ছে মনটাকে। নিশীথে আলীকদমে পৌঁছায় ওরা। গভীর রাত্রিরের আঁধারে পাহাড় চড়ার রিস্ক না নিয়ে পর্যটকে ভরপুর এলাকার হোটেল দ্যা দামতুয়া ইন-এ সবার থাকার ব্যবস্থা করা হয়। এখন ভোর হতেই হালকা পাতলা খেয়ে সবাই তৈরি হলো মারায়তং জাদীতে যাওয়ার জন্য। এটিকে মেরাইথং জাদীও বলে থাকে স্থানীয়রা। কাঁধের ব্যাগে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে যাত্রা শুরু করে সবাই। কাইফ এগিয়ে এসে পানির বোতল ধরিয়ে দেয় তরুণিমার হাতে। বলে," পানি নাও নি তুমি। উঁচু আর দূরের পথে এটাই যে সবথেকে জরুরি। সবার পাশাপাশি নিজেরও খেয়াল রাখা উচিত। "
তরুণিমা হাসে। হাসিতে ঝলমল করে উঠে সমস্ত চেহারা। কাইফ ফের বলে," স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা শেষ। তোমার রাতে জ্বর এলো আবার। পাহাড় ট্র্যাকিং করতে পারবে?"
এক শব্দে উত্তর দেয় ও," পারব। "
একটা লম্বা পথ পাড়ি দিতে হবে মারায়ং তং এর ১৬৪০ ফুট উঁচুতে যেতে। স্থানীয় একজন গাইড নেওয়া হলো মিরিঞ্জা রেঞ্জ থেকে। তার নাম মেনলে। মুরং উপজাতি সে। মারায়ং তং এর পাহাড়ের আদিবাসী এলাকায় তার বাস। মেনলে এর সাথে ওদের পরিচয় হয়েছিল গতবার পর্যটক নিয়ে এখানে এসে। ছেলেটা বেশ ভালো,দেখতে অদ্ভুত কিন্তু ব্যবহারে অমায়িক। লাঠি নিয়ে সবার আগে আগে চলছে। মাথায় খোপা করে চিরুনি গাঁথা। মুরং উপজাতির ছেলেরা নাকি এমন লম্বা চুল রেখে খোঁপা করে রাখে। প্রায় এক ঘন্টা হাঁটার পর বিরতির দাবি করল পর্যটকরা। শ্বাস ভারী হয়ে এসেছে তাদের। মেনলের সাথে পিচ্চি দুটো ছেলে এসেছে। এরা তাবু, রান্নার জন্য প্রয়োজনীয় সামগ্রী নিতে সাহায্য করছে। সাপের মতো আঁকাবাঁকা এই পাহাড়ি পথে বসে জোরে জোরে তপ্ত নিঃশ্বাস ফেলতে লাগল কতগুলো প্রাণ। জয়ন্তীকা মুখ কালো করে বলল, " বাইক নিয়ে নিলেই হতো। বাইক নিয়ে চূড়ায় উঠলে এত কষ্ট হতো না। "
ট্রেকিং ব্যুটের ফিতে বাঁধছিল তরুণিমা স্বল্প পরিমাণে ঝুঁকে। জবাবটা বোধহয় ওর ঠোঁট স্পর্শ করেই ছিল," পাহাড়ে এসে ট্র্যাকিং না করলে মজা নেই। যতই কষ্ট হোক,দিনশেষে এটাই আনন্দ দেবে। "
" তা ঠিক। তবে শরীর আর চলে না,বুঝেছ? বাচ্চাটাকে পালতে চাকরিটা করি। অন্য কোনো চাকরি ভাগ্যে জুটছে না। "
" আপনার প্রাক্তন হাসবেন্ড কি বাচ্চার খরচ দেয় না?"
হাসল জয়ন্তীকা। তরুণিমা চট করে ধরে ফেলল এটা পরিহাসের হাসি,এটা দুঃখের হাসি।
" পুরুষ মানুষ নতুন নারীর সঙ্গ পেলে আর পুরোনো নারীকে মনে রাখে না, বুঝলে তরুণিমা? আমরা নারীরা যে তা পারি না। আমাদের মায়াটা বরাবরই বেশি। আমরা আটকে যাই প্রেমে, সংসারে, সমাজের তিরস্কারে, সমাজ কী ভাববে সেই চিন্তায়,সন্তানের মায়ায়। "
জয়ন্তীকার ভেতরের নিঃশব্দের হাহাকার তরুণিমার অভ্যন্তরে স্পর্শ করল। মাটি থেকে লাঠি তুলে পাশে বসেই গ্লুকোজ মেশানো পানিটা বাড়িয়ে দিল তার দিকে। মিনিট দশেক কেটে যাওয়ার পর যাত্রা আবারও শুরু হলো। মিনিট পাঁচেক পেরোতেই দেখা মিলল মুরং পাড়ার। পাহাড়ের ভাঁজে ভাঁজে রয়েছে আদিবাসীদের বাস। মুরং পাড়ার কতকগুলো বাচ্চা তাদের দেখে খিলখিল করে হাসতে লাগল। ব্যাগ থেকে কয়েকটা চকলেট বের করে তরুণিমা বাড়িয়ে দেয় ওদের দিকে।
ইয়াজিদ স্ক্রিপ্ট এর পেপারটা ছুঁড়ে ফেলল মাটিতে। চিৎকার করে উঠল ডিরেক্টর ফুয়াদের ওপর," এতগুলো টাকা এরকম ফালতু একটা কাজের জন্য ইনভেস্ট করব? এই স্ক্রিপ্টটা আমি আগেই পরিবর্তন করতে বলেছিলাম, ফুয়াদ। কোনোভাবেই এরকম পরিবেশের সাথে এই ফালতু সিনটা যায় না। "
ফুয়াদ হতাশ হয়ে চেয়ারে বসে পড়ল। এই নিয়ে তিনবার স্ক্রিপ্ট পরিবর্তন করিয়েছে সে। রাইটার পর্যন্ত এখন বিরক্ত। ইয়াজিদ প্রতিটি স্ক্রিপ্ট ফালতু বলে পরিবর্তন করাচ্ছে। মাঝেমধ্যে ইচ্ছে করে এই কাজটা ছেড়ে ছুঁড়ে চলে যেতে। কিন্তু কাগজে ও কথায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মুভির ডিরেকশন করার জন্য। মিডিয়া জগতের বড়োছোটো অনেকেই ওয়ার্ন করেছিল ইয়াজিদের সাথে কাজ করা চাট্টিখানি কথা না। বরং নিজের প্রাণ খোয়ানোর মতো হাল হয়। নামধাম, সুনাম অর্জনের জন্য, বড়ো একজন ডিরেক্টর হবার জন্য ইয়াজিদের সাথে কাজের সুযোগটা হাতছাড়া করে নি সে। কিন্তু কথিত রয়েছে,অতি লোভে তাঁতি নষ্ট। ইয়াজিদের সাথে কাজ করতে গিয়ে দিনরাত নিজের প্রাণ নিয়ে আতঙ্কে থাকে। মাঝেমধ্যে মন বলে, লোক মুখে যা শুনে তা-ই সত্য।
ফুয়াদ উঠে যাওয়ার পর ইলিনা এসে দাঁড়াল পাশে। কফি হাতে ইয়াজিদ পাহাড়ের খাদে চোখের দৃষ্টি নিমজ্জিত করে রেখেছে। ইলিনা পাশে দাঁড়ানো পুরুষের শক্ত চেহারার দিকে পলকের দৃষ্টি ফেলে হাত ধরতে নিলে শীতল স্বর ভেসে এলো কর্ণকুহরে," খাদের গভীরতা পরিমাপ করেছ,ইলিনা? তুমি পড়ে গেলে কেউ দেখবে না, কেউ জানবে না কে ফেলে দিল তোমাকে,কেউ তোমাকে আর খুঁজে পাবে না। হারাতে চাও এই খাদে? "
ইলিনা ঝট করে কয়েক পা পেছনে নিয়ে এলো। চেহারার অভিব্যক্তি পাল্টে ভয় জড়ো হলো সেখানে। সদ্য করা কৃত্রিম সৌন্দর্য এনে দেওয়া মেকআপটাও সেই ভয় ঢাকতে পারল না। ইয়াজিদ সম্মুখে চেয়েই দাঁত বের করে হা হা শব্দ তুলে হাসতে লাগল। পাগলের মতো লাগল হাসিটা ওর কাছে। মোটেও স্বাভাবিক ঠেকল না। ভয়ে হৃদপিণ্ডটা প্রক্রিয়া বাড়িয়ে দিল। অল্পখানি সাহস সঞ্চয় করে ডাকল ভয়ার্ত স্বরে, " ইয়াজিদ? "
ইয়াজিদ দুই দিকে ঘাড় নেড়ে, ফোঁস করে নিঃশ্বাস বিমোচন করে গুরুগম্ভীর কণ্ঠে বলল," যখন তখন আমার কাছে এসো না,ইলিনা। ভালো লাগে না। বাঁচতে চাইলে দূরে থাকবে। নাম কামাও, টাকা কামাও বাট আমার কাছে এসে ম*রো না। "
ইলিনা টুপ করে সরে এলো। ইয়াজিদ প্রায়শই এমন রেগে থাকে। তখন কাউকে আশপাশে সহ্য করতে পারে না। ইলিনা ভেবেছিল কোনোভাবে রাগ ঠান্ডা করে নিজের জন্য মনে একটা জায়গা তৈরি করবে। ইয়াজিদের জীবনসঙ্গী হতে পারলে মিডিয়ার জগতে তার জায়গাটা আরো পাকাপোক্ত হবে, আরো অনেক বেশি লাইমলাইটে থাকতে পারবে। কিন্তু যতবার কাছে যেতে চায় মৃ*ত্যুভয়ে ফিরে আসতে হয়। মনে হয়,এই বুঝি ইয়াজিদ সত্যিই মে*রে ফেলল!
সাব্বির দূর থেকে সবটা লক্ষ্য করল। বিড়বিড় করল কতক্ষণ, " নিশ্চিত স্যারের মেয়ে মানুষে ইন্টারেস্ট নাই,নয়তো মেয়ে মানুষ দেখলে এমন চিড়চিড় করে ক্যান! স্যারের পোলা মানুষ পছন্দ নয় তো? "
আয়হায় এমন করলে সাব্বির কীভাবে কাজ করবে? যদি তার দিকে নজর দেয়! স্যারকে জানাতে হবে শীঘ্রই, সে বিবাহিত। গোপনে একটা বিয়ে করে রেখেছে।
তিন ঘন্টা পাড়ি দেওয়ার পর পাহাড়ের চূড়ায় পৌঁছাল তরুণিমাদের টিম। উঠেই চোখ ধাঁধিয়ে গেল মারায়ং তং এর অপার সৌন্দর্যে। ক্লান্ত শরীরের ঘাম, ঘন ঘন নিঃশ্বাস ফেলা সবকিছু নিঃশেষ হয়ে যায় সবুজ প্রকৃতির মধ্যে। যেদিকে চোখ যায় সবুজ আর সবুজের অস্তিত্ব। শীতের আলস্য দুপুরে রোদের দেখা নেই। দূরের পাহাড় হতে কুয়াশারা উড়ে আসছে এই পাহাড়ের চূড়ায়। তরুণিমার শরীর নেতিয়ে গেল জ্বরের দাপটে। মাটির বুকে গা এলিয়ে দিল ও।কোনোদিকে তাকাল না। চোখের পল্লব জোড়া বন্ধ করে হারিয়ে গেল সাময়িক অন্ধকারে। অকস্মাৎ নিজের মুখের ওপর গরম নিঃশ্বাস অনুভব হতেই ঘুমের রাজ্যটা তচনচ হয়ে গেল। চোখ মেলতে লেগে গেল অনেকখানি সময়। কতক্ষণ ধরে ঘুমিয়ে আছে! সময় অনেক কেটে গেল মন বলছে। অনেক দূরে জয়ন্তীকা ও কাইফকে তাবু টানাতে দেখতে পেল। কে ছিল! জয়ন্তীকাকে গিয়ে প্রশ্ন করল, " তুমি এসেছিলে আমার কাছে?"
" গিয়েছিলাম। তবে আধা ঘণ্টা আগে। মেলনেকে হেল্প করতে হলো ক্যাম্প-ফায়ারের জন্য কাঠগুলো এগিয়ে আনতে। কাইফ বলল তোমাকে না ডাকতে। তুমি মাটিতে শুয়েই ঘুমিয়ে পড়লে। শরীর বেশি খারাপ লাগছে? ছুটি বাড়িয়ে নেওয়া দরকার ছিল। "
" না,না। আমি ঠিক আছি। সবে জ্বর ছেড়েছে বিধায় একটুখানি ক্লান্ত। বাকিসব তাবুগুলো টানাতে হেল্প করছি আমি। "
কাইফ বাধা দিল," চুপ করে বসে থাকো, তরুণিমা। আমাদের করতে দাও। তুমি শুধু আরাম করো। "
তরুণিমার প্রতি কাইফকে সদয় হতে দেখা যায় প্রায় সময়। মেয়েটার খেয়াল রাখতে কৃপণতা করে না সে কখনো। কাইফও কি তরুণিমাকে পছন্দ করে? প্রশ্নটা ভাবল কিয়ৎক্ষণ জয়ন্তীকা। কিছু সময় পর আবার বলল," বা পাশে দেখেছ? শ্যুটিং চলছে। গতকাল যে চকরিয়ায় দেখা হলো সেই শ্যুটিং টিম টা। সেই ত্যাড়া প্রডিউসারটাও আছে। স্থানীয় প্রশাসন থেকে বলা হলো তাদের কাজে ব্যাঘাত ঘটবে এমন কোনো কিছু যেন আমাদের দ্বারা না হয়। "
বুক ধ্বক করে উঠল তরুণিমার। শান্তির খোঁজে পাহাড়ে এসে শান্তি আর বোধহয় পাওয়া হলো না। ভুল করেও বা দিকে চেয়ে দেখল না সে। এটা তার চাকরির অংশ না হলে এক্ষুনি নেমে যেত এই পাহাড় বেয়ে, দূরে চলে যেত এই পাহাড়ে উপস্থিত সেই নিষ্ঠুর- পাষাণ মানুষটার কাছ থেকে।
সবার তাবু টানানো শেষ হলে সাথে আনা ফাস্টফুড খেয়ে পরিশ্রান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল তাবুর ভিতরে গিয়ে। কোনো কোনো ট্যুরিস্ট আশপাশ ঘুরে দেখতে ব্যস্ত। এদের মাঝে একজন বিদেশি কাপল এসেছে। তরুণিমাকে ডেকে ইংরেজিতে গড়গড় করে জানতে চাইল," শরীর ঠিক আছে কি-না। জ্বরের মেডিসিন নিয়েছ?"
শ্যুটিং সাইডের দিকে ছিলেন তারা। জবাব দিতে গিয়ে ফিরতে হলো, দৃষ্টি স্থাপন করতে হলো ওর সেদিকে। ইয়াজিদকে দেখা গেল ক্যামেরা হাতে কিছু একটা করতে। তার চোখ পড়ার আগেই দৃষ্টি সরিয়ে নিয়ে বলল," নিয়েছি।"
বলেই তাবুর ভিতরে চলে গেল।
সারাটা মধ্যাহ্ন তাবুতে শুয়ে,ঘুমিয়ে কাটাল তরুণিমা। তন্মধ্যে জয়ন্তীকার ডাকে সন্ধ্যার পর বের হয়ে আসতে হলো। রাতের মারায়ং তং-এ প্রশান্তিরা খেলা করছে। প্রজাপতির ন্যায় উড়ে বেড়াচ্ছে এদিক সেদিকে অদৃশ্য হয়ে। মেদুর ছায়া নেমে এলো তরুণিমার চেহারাতে। হরিৎ এই অরণ্যে রাতের সূচনাতেই যেন গাঢ় নিশুতি। অনুষ্ণ ভাব সর্বত্র জুড়ে। তরুণিমা তাবুর ভেতরে গিয়ে সাথে আনা কাশ্মীরি শালটা নিয়ে আসল। পরনে শ্বেত রঙের গাউন ছিল। কৃষ্ণাভ চাদরটা গায়ে জড়িয়ে নিয়ে ক্যাম্প-ফায়ারের ওদিকে পায়ের কদম ফেলেও গেল না। থিতু হয়ে রইল কিছুক্ষণ। শিরশিরে ভাব,শীতল বায়ু তাড়াতে গোল হয়ে ক্যাম্প-ফায়ারের কাছে বসে আছে সবাই। বিদেশী কাপল এলেক্স ও আনাসিয়া একে অপরের সাথে মাথা লাগিয়ে আগুনের উত্তাপের মজা লুটে নিচ্ছে। কাইফ ও জয়ন্তীকা বারবিকিউ করতে নিমগ্ন। শ্যুটিং সেটের ওদিক হতে গিটারের সুর ভেসে ভেসে আসছে শুভ্র কাদম্বিনীর মতোন। এই শোরগোল,আওয়াজ থেকে পালিয়ে নীরবতার ভাষা খুঁজতে অন্যত্র পা বাড়াল তরুণিমা। পা ফেলার তালে তালে সবুজ ঘাসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে গাউনের নিম্নাংশ টুকু।
পাহাড়ের নিশ্চুপতা মানেই গা ছমছম করা ব্যাপার। তবে তরুণিমার এখানে ভয় টয় কিচ্ছু লাগল না। কিনারা থেকে একটুখানি দূরত্বে দাঁড়িয়ে চাদরের নিচ থেকে চিকন ডান হাতটা বাড়িয়ে শুক্ল কুয়াশাকে ছুঁয়ে দেবার আপ্রাণ চেষ্টা করছে। মাথার ওপর তারকাখচিত ঝলমলে অম্বর। তার নিচে বড়ো একটি গাছ ও গাছের তলে জড়োসড়ো হয়ে তরুণিমার অবস্থান। সহসা ওর চোখের তারায় ধপ করে ছোট্ট একটি আগুনের শিখার আগমন ঘটল। জ্বলে রইল বিরতিহীন। গ্যাসলাইটারের আগুন। সেই অগ্নি প্রদীপের আবছা আলোতে লোচনের আয়নায় ভাসল একটি সাদা বর্ণের লোমশে সজ্জিত লম্বাটে হাত। তরুণিমা ঝট করে পাশ ফিরে চাইল। সরে গেল পেছনে। আগুনটা এখনও জ্বলছে। সেই দীপ্তিতে বাদামি চোখের মণি দুটো জ্বলজ্বল করছে কোনো হিং*স্র প্রাণীর ন্যায়। হালকা কালচে হওয়া ঠোঁট দুটি নড়ে উঠল। শোনা গেল স্তিমিত স্বর,
" কেন এসেছ এখানে? আমার কাছে আসতে তোমার এত ভালো লাগে,তরু?"
প্রথমে ঘাবড়ে গিয়ে কয়েক পল নিশ্চুপ রইল ও। তৎপরে তিরিক্ষি মেজাজে বলল," আমার নাম তরুণিমা। সম্পূর্ণ নাম ডাকুন। আর আমি কেন আসব আপনার কাছে? আপনি এসেছেন আমার কাছে। এখানে আগে আমি এসেছিলাম। "
ইয়াজিদ ইশারা করে বলল," গাছের ওই পাশে একটু দেখো, কে আগে এসেছে বুঝে যাবে। "
অনুজ্জ্বল আলোতে তরুণিমা দেখতে পেল সেখানে চেয়ার পাতানো। তার মানে, আগে ইয়াজিদ-ই অবস্থান করছিল এখানে! অমনোযোগী হওয়ায় দেখাই হলো না চারপাশ। শব্দহীন চলে যেতে নিলে ঝড়ো হাওয়া হয়ে নিঃশ্বাসের কাছাকাছি এসে থমকে দাঁড়াল ইয়াজিদ। দুজনের মাঝে বোধহয় তিল পরিমাণ দূরত্ব রয়েছে। দুটি দেহ স্পর্শ হয় নি এখনও। স্রেফ একে অপরের নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তরুণিমা ভয় পেলেও ইস্পাতের মতো কঠিন হয়ে থাকল। নড়ল না তিলার্ধ। আগুনের ফুলকি উড়ে বেড়ানো চোখ দুটিতে নিজের নির্ভয়ে জ্বলে উঠা চোখগুলো রাখল। তার কাঁধের ওপর দিয়ে হাত নিয়ে গাছে টানানো মশালটা জ্বালাল ইয়াজিদ। গাঢ়, কঠিন হলো কণ্ঠস্বর,
" কেন দেখা দিলে এত বছর পর? নিজের ধ্বংস ডেকে আনতে? তোমাকে দেখে যে আমার ভিতরে তোমাকে পুনরায় ধ্বংস করার তীব্র নেশা জেগে উঠল! কীভাবে বাঁচাবে তুমি নিজেকে আমার এই নেশার আসক্তি হতে?"
তরুণিমা টলল না। চোখে চোখ মনোনিবেশ করে বলে," আমি আপনার সামনে আসি নি। পরিস্থিতি এনেছে আমাদের সামনে। নয়তো আমার চোখ দুটি কখনোই আপনাকে দেখার জন্য উতলা হয় নি। ভালো করে তাকিয়ে দেখুন,এই চোখে আপনার জন্য ঘৃ*ণার একটা সমুদ্র তৈরি হয়ে আছে। "
ইয়াজিদ দু হাত উপরের দিকে করে এক পা পিছনে চলে আসল। ভয় পেল এমন মেকি অভিনয় করে বলল," ওপস! আমি এই ঘৃ*ণার সমুদ্রে ভেসে গিয়ে ম*রতে চাই না। "
বলেই ক্ষীণভাবে শব্দ তুলে হাসল।
বিদঘুটে লাগল তরুণিমার কাছে এই হাসিটা। পাশাপাশি পরিবেশটাও কেমন ভয়ংকর করে তুলল। এদিকটা সবার থেকে একটু দূরেই। কথা না বাড়িয়ে চলে যেতে চাইল। সাথে সাথেই পায়ের সাথে ইয়াজিদের পায়ের বাধা পেল ও। হুমড়ি খেয়ে সামনের দিকে পড়তে নিলে পাশে থাকা ইয়াজিদের হাতটা ধরে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে টান দিল। নিমিষেই মাটিতে হুমড়ি খেয়ে পড়ল দুজনে। ব্যথার তোড়ে মৃদু চিল্লিয়ে উঠল তরুণিমা। তবে ব্যথামিশ্রিত ধ্বনিটা কোথাও, কারো কানে গেল না। শ্রবণ হলো কেবল কাছাকাছি পড়ে থাকা ইয়াজিদের। মেজাজ তপ্ত হয়ে উঠল তার। মাটি থেকে উঠে রাগে ভস্ম করে ফেলতে চাইল তরুণিমাকে। নিষ্পেষিত করে দেবে এমনভাবে বলল," তোমার সাহস হলো কী করে আমাকে ফেলে দেওয়ার!"
তরুণিমা উঠে বসল। হাতের কনুইতে কিঞ্চিত জ্বলুনি টের পাচ্ছে। সেদিকে আর খেয়াল দেওয়ার সুযোগ,সময় কোনোটাই হলো না। অকঠিন সুরে বলল," কী ভেবেছিলেন বার বার আমাকে হারিয়ে দিবেন? এই যে আপনার প্ল্যানে এখন আপনাকেও ডুবালাম,এতে আমিও আপনাকে হারিয়ে দিলাম ওয়াসিম খান ইয়াজিদ। "
ইয়াজিদ ভ্রু উঁচিয়ে চোখের আকৃতি বৃহৎ আকার ধারণ করে ঘাড় সামান্য হেলিয়ে সন্তুষ্টের গলায় বলল," ওহ আচ্ছা! আই লাইক ইট,তরু। শ*ত্রু আ--ক্রমণ করলেই তো আরও গভীরভাবে আক্র*মণ করার ইচ্ছেটা বেড়ে যায়। নাজুক তরুর চেয়ে শক্তপোক্ত এই তরুকেই আমার ভালো লাগছে ভীষণ। "
তরুণিমার কনুই চুইয়ে র**ক্তের লাল তরল ফোঁটায় ফোঁটায় সাদা গাউনে জমছে। রক্তে জমে গোলাকার বৃত্তে পরিণত হচ্ছে জায়গাটা। ইয়াজিদ ঝুঁকে এলো ওর দিকে। কুঁজো হয়ে পকেট থেকে টিস্যু বের করে চেপে ধরল আলগোছে ক্ষতস্থানে। চমকে উঠল তরুণিমা। তাকাল সেখানটায়। জ্বলুনি তাহলে এ কারণেই হচ্ছিল! শানিত ঘাসের আচরে কেটে গেছে বোধহয়। চোখের কোণা দিয়ে দেখল ইয়াজিদকে। ইয়াজিদ ক্ষততে টিস্যু চেপে ধরে রেখে তেছড়াভাবে চেয়ে বলে উঠে,
" ক্ষতকে সারিয়ে দিচ্ছি, পুনরায় ক্ষত করব বলে। না সারলে ক্ষত করে মজা পাব না। "
তিরস্কারের হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠে খোঁচা খোঁচা দাড়িতে মাখা, ঘন ভ্রু তে সজ্জিত ফর্সা আদলটা। তরুণিমা টিস্যুটা নিয়ে ইয়াজিদের হাতের তালুতে রাখল। কাছে গেল না। দূরে দাঁড়িয়েই বলল,
" টিস্যুটা ফিরিয়ে দিলাম, ভবিষ্যতে আপনার চোখের জল মুছতে হবে বলে। "
" আমার চোখের জল মুছতে হবে?"- প্রশ্নটা করে টিস্যুখানা হাতে পেষিত করে অরণ্যের খাদে ফেলে দিল ইয়াজিদ।
দমল না তরুণিমা," নিষ্ঠুর এই ভুবনে প্রতিটি মানুষকেই একবার না একবার কাঁদতে হয়। কেউই বাদ যায় না অসুখের বা সুখের কান্না হতে। আপনিও কাঁদবেন। অর্থবিত্ত,অসুর,পাষাণ, পাথরের মতো কঠিন যা-ই হোন না কেন কাঁদতে আপনাকে হবেই। "
" আমাকে কান্নার বর্ণনা শোনাতে বলি নি তোমাকে। তোমাকে দেখলেই নিশ্চিহ্ন করে দিতে ইচ্ছে করে আমার। "
" আর আপনাকে দেখলে...
বাক্যটা শেষ না করে তরুণিমা ইয়াজিদের স্বল্প কাছে এগিয়ে গেল। ঠিক তার পায়ের কাছাকাছি স্থানে থুতু ফেলে বলল," আপনাকে দেখলেই আমার থুতু মা**রতে ইচ্ছে করে।"
ইয়াজিদের মুখের একেকটা পেশি কঠিন হয়ে উঠল। ক্ষুধার্ত, হিংস্র প্রাণীর ন্যায় ঝরের গতিতে কাছে এসে তরুণিমাকে ছুঁতে চাইল সে নিজের পেশিবহুল হাত দুটি দিয়ে। হঠাৎ এমন হওয়াতে মেয়েটা টলেছে কিছুটা। পলকে হুঁশ আসতেই বাড়ানো হাতটা পিছিয়ে এনে নিজেকে শাসাল," কন্ট্রোল ইয়াজিদ, কন্ট্রোল। " শব্দ করে বলল," পরের জিনিস আমি স্পর্শ করি না। হাতে নয়,অন্য পদ্ধতিতে মা**রব তোমায়। "
তারপর এক মুহূর্তও না নষ্ট করে প্রস্থান করল সেখান থেকে। পেছনে রেখে গেল মৃদু আঘাতে জর্জরিত করে দেওয়া শ্যামবর্ণাকে।
#চলবে......
কিছু কথা______
প্রথম পর্ব পড়ে ইয়াজিদের প্রতি অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন ইয়াজিদের কথা এতটা খারাপ কেন। আবার অনেকে বলেছেন ইয়াজিদ পূর্বে লেখা বাকি সবার মতো নয়। হ্যাঁ, ইয়াজিদ ভিন্ন, অন্যরকম। আর এই গল্পটা সবার ভালো না-ও লাগতে পারে। বিশেষ করে, যারা অ-পমান,জোরজবরদস্তি, অবজ্ঞা, আ-ঘাত, ঝগড়া, হিং*স্র আচরণ এসব ধরনের গল্প অপছন্দ করেন। আর একটা গল্প সবার পছন্দের তালিকায় থাকে না। কারো বেশি পছন্দ হয়ে যায়,কারো আবার হয়ও না। এই গল্পটাও সবার পছন্দ হবে এমন নয়। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন, পরবর্তীতে ঠিক করে নেওয়ার চেষ্টা করব।