ফন্ট সাইজ:
থিম:
মেসার্স তালুকদার এ্যান্ড সন্স

পর্ব 1

লেখক: ইসরাত ইতি

#মেসার্স_তালুকদার_অ্যান্ড_সন্স
#পর্ব_১
#ইসরাত_ইতি

আজকের দিনের শুরুতেই অসীম তালুকদারের মেজাজ খারাপ করার মতো দু'টি ঘটনা ঘটে গিয়েছে। এক, তার পোষা তিনটা কবুতর খোপ থেকে উধাও। দুই, কোথাকার কোন নোংরা একটা বিড়াল এসে তার পায়ে খামচি দিয়ে গিয়েছে।
খুব সকালে বাড়ির পেছনের সুপাড়ি বাগানে বসে খবরের কাগজ পড়ার সময়টিতে দ্বিতীয় কাণ্ডটি ঘটেছে। মুখ থেকে টু টা শব্দ বের না করেই বেড়ালের চৌদ্দ পুরুষকে মনে মনে ধোলাই করে হন্তদন্ত ভঙ্গিতে বাড়িতে ঢুকেছেন অসীম। রাশভারী আওয়াজে ডাকছিলেন শাহানাজকে। শাহানাজ বারান্দা থেকে দুর্বল কদমে ছুটে এসে মুখোমুখি দাঁড়ায় স্বামীর। টকটকে হলুদ ফর্সা শাহানার মুখটা এক নিমিষেই ফ্যাকাসে দেখালো। ভ্রু যুগল গুটিয়ে নিয়ে চিন্তিত ভঙ্গিতে বলে উঠলো,“শান্ত হন। কি হয়েছে? শাদ,শাওকি কাল সন্ধ্যায় বাড়িতে ঢুকেছে কসম। ওরা কোথাও যায়নি।”

বিস্ময়ে বিহ্বল দৃষ্টি মেলে স্ত্রীর মুখটা দেখলো অসীম মিনিট খানেক। চট করেই আবার তার লাল পাহাড়ের চূড়ায় ওঠা মেজাজটা নেমে গিয়ে মুখটা সহজ হলো। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে শান্ত ভঙ্গিতে বেশ কিছুক্ষণ শাহানাজের কাঁচুমাচু মুখটা দেখে ছাড়লো মৃদু শ্বাস।

“তোমার সু পুত্র ধনদের ব্যাপারে কিছু জানতে চাইনি তো। তোমার ভাষ্যমতে উহারা ভালো হয়ে গিয়েছেন তা বিশ্বাস করেছি। চোরের মন পুলিশ পুলিশ করলে তো মুশকিল শাহানাজ!”

মাথা নুইয়ে নিলো শাহানাজ। কেমন অপ্রতিভ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল স্বামীর সম্মুখে, ইদানিং একটা খুব বাজে ব্যাপার ঘটছে শাহানাজের সাথে। তার বুকটা সারাক্ষণ ধড়ফড় করতেই থাকে শঙ্কায়, কখন বাড়িতে দক্ষ যুদ্ধ শুরু হয় !
বাড়িতে দক্ষ যুদ্ধ কখনোই শুরু হয়না। অসীম তালুকদারের পূর্বের ন্যায় ঠাটবাট নেই, ভীষণ মেজাজী মানুষটা অনেকটাই গুটিয়ে নিয়েছে নিজেকে এখন। আগের মতো চোটপাট করা তো দূরে থাক, বাড়ির সার্বিক পরিস্থিতিতে নির্লিপ্ত অবস্থানকে বেছে নিয়েছেন তিনি।

শাহানাজ ঢোক গিললো, জড়ানো গলায় বলল,“আপনি এমন ভাবে ডাকছিলেন, ভাবলাম ওদের ওপর ক্ষেপেছেন হয়তো, কেউ নালিশ এনেছে হয়তো। এতো মেজাজ তো ওদের ওপর ছাড়া আপনি...”

_তবে পরোক্ষভাবে স্বীকার করলে তোমার সুপুত্র ধনেরা ছাড়া আর কেউ আমাকে ক্ষেপায় না?

শাহানাজের কথা শেষ হতে না দিয়েই অসীম তালুকদার বললেন তাচ্ছিল্যের ভঙ্গিতে।
শাহানাজ এইবার আহত গলায় বলে,“সব সময় তোমার সুপুত্র ধন তোমার সুপুত্র ধন করেন কেন? ওরা কি শুধু আমার ছেলে?”

অসীম ড্রয়িংরুমে ঢুকে হাতের খবরের কাগজটা সেন্টার টেবিলের ওপর রেখে গমগমে স্বরে বলল,“না না। সে কথা বলেছি? ওরা তো আমারও ছেলে। সেজন্যই তো লাখ লাখ টাকা খরচা করে থানা থেকে ছাড়াতে হতো আমাকেই। বাপ যে আমি!”

গলাটা যেন কেঁপে উঠলো মৃদু। শাহানাজ টের পেয়ে চমকাল, স্বামীর কন্ঠে পুরনো সেই হতাশা ! এতদিন অনেকটাই নিস্পৃহ ছিল।
তবে এর পেছনে কারণ কি? আসলেই কি কিছু ঘটেছে?

“কিছু হয়েছে? ওরা তো চেষ্টা করছে আপনার মন মতো চলতে । শাওকি বসছে না তালুকদার কসমেটিকসে?”

_আর তোমার মেজো পুত্র?

বিদ্রুপাত্মক ভঙ্গিতে ঘুরে তাকায় অসীম স্ত্রীর মুখ পানে, জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে শাহানাজের মুখ দেখে। শাহানাজ গলা খাঁকারি দেয়, কন্ঠে জোর এনে বলে,“শাদের নামে নালিশ তো আসে না আগের মত। এতো চুপচাপ হয়েছে ছেলেটা। একটু ঘোরাঘুরি করে শুধু। কারো ক্ষতি তো করে না। তবুও এতো নারাজগি কেন?”

ছেলের হয়ে সাফাই গাওয়ার ভঙ্গিটা বড্ড শিশুসুলভ শাহানাজের। অসীম তালুকদার হাসি চেপে রেখে মুখে রাগী রাগী ভাব এনে বলে,“হুম। ঘোরাঘুরি করলেই হবে। এ জন্মে আর সংসার ধর্ম করতে হবে না।”

_চাকরি খুঁজছে তো! পেয়ে গেলেই একটা ভালো মেয়ে দেখে...

_চাকরি পাবে তোমার ছেলে? সে যোগ্যতা আছে? তাও না হয় পেলো কপাল গুনে। মেয়ে দেবে কে ওকে?

শাহানাজ ভর সকালে ছেলের বিরুদ্ধে স্বামীর লাগাম ছাড়া কথা শুনে ভয়ার্ত চোখে আশেপাশে তাকায়। অসীমের মুখের লাগাম সে টানতে পারবে না এখন, ছেলেটা বাড়িতেই আছে, যদি এসব কথা কানে যায় তবে এক্ষুনি খুব বাজে একটা কিছু ঘটে যাবে এই তালুকদার ম্যানশনের ড্রয়িং রুমে।

নিচ তলায় সর্বদক্ষিণের ঘরটি এ বাড়ির মেজো ছেলে শাদ তালুকদারের। শাহানাজ তেরছা চোখে বার কয়েক ঐ বন্ধ দরজার দিকে তাকিয়ে স্বামীকে চাপা আওয়াজে বললো চুপ করতে। অসীম থামলেন না, বরং গলার আওয়াজ আরেকটু উঁচিয়ে যেন ঐ দক্ষিণ পাশের ঘরের মানুষটাকেই শুনিয়ে বলে যেতে লাগলেন,“ওনাকে বলে দিয়ো তালুকদার রাইসে ক্যাশিয়ারের পোস্টটা এখন খালি আছে। এক তারিখে গিয়ে বসতে। ইন্টারভিউও দিতে হবে না। যে ধারার লেখাপড়া করেছে আজীবন তাতে সাহেবী চাকুরী ভুলে যাও। ঐ ক্যাশিয়ারের পোস্টটাই ঠিক আছে ওনার জন্য। বেতন ফিক্সড, বারো হাজার দেবো। বৌ নিয়ে বারো হাজারে দারুণ চলতে পারবে। খাওয়া থাকার খরচা তো আমারই আজীবন।”

শাহানাজের ইচ্ছে করছে মাথা ঠুকতে দেয়ালে, এই লোককে কি করে থামাবে সে? ওদিকে শাদ উঠে গেলে তর্ক লেগে যাবে। তবে শাহানাজের কিছুই করতে হয়না, অসীম নিজেই থামলেন সিঁড়ির দিকে দৃষ্টি যেতেই। হাই তুলতে তুলতে নামছে তার ছোটো ছেলে।

বাদামী রঙের একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর ঢিলেঢালা একটা কালো টি শার্ট পরে চোখ ডলতে ডলতে সিঁড়ির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েই অসীমকে দেখে ভীষণ চমকে গিয়ে খানিকটা নড়ে উঠলো শাওকি। কন্ঠ চিঁড়ে ভারি স্বরে সালাম দিলো তৎক্ষণাৎ।

অসীম সালামের জবাব দিয়ে মিনিট খানেক ছোটো ছেলেকে অবলোকন করে চলে গেল নিজ কক্ষে। শাওকি দাঁড়িয়ে রইল ঠাঁয়, ডান হাতটা আপনা আপনি চলে গেল বুকে, চেপে ধরে দাঁড়িয়ে থেকে মাকে বললো,“কিছু হয়েছে?”

_হুম। বিড়াল খামছি দিয়েছে।

_কোথাকার বিড়াল? টিকা দিতে হবে না?

_নাস্তা সেরে নিয়ে যাস তুই।

_আমি?

অপ্রতিভ ভঙ্গিতে শাওকি বলতেই শাহানাজ শক্ত গলায় বললো,“কেন? তোর বাবা তোকে খেয়ে ফেলবে নাকি? একটু একটু করে ফ্রি হবি। নাহলে কিভাবে হয় বাবা? বাপ ছেলেরা আজীবন এমন ঠান্ডা যুদ্ধ চালিয়ে গেলে আমি যাবো কই?”

শেষের কথাটা করুণ স্বরে বলে শাহানাজ দীর্ঘশ্বাস ফেলে। রান্নাঘর থেকে তখন ব্যস্ত পায়ে এগিয়ে আসে আরেক নারী মূর্তি। হাতে তার চায়ের কাপ ভর্তি একটা বিশাল ট্রে। শাওকি ঐ মায়াবী মুখটা দেখে স্মিত হেসে নিজের কাপটা তুলে নিয়ে বলে ওঠে,“ভাবী। কত সুন্দর করে হাসো তুমি। দেখলে সকালটাই ভালো হয়ে যায় আমার। তোমার শ্বশুরকে বলতে পারো না এমন করে একটু হাসতে? একটু শিখিয়ে দিতে পারো না?”

নাফিয়া এই বাড়ির বড় বৌ। অসীম তালুকদারের বড় ছেলে শাহেদের স্ত্রী। ছোটো দেবরের কথায় তার কান মলে দিয়ে বলে,“হাসবে। মন মতন একটা সিজিপিএ এনে দে, সে অবশ্যই হাসবে।”

_আর সিজিপিএ, ফেল ঠেকানোই মুশকিল হলো। মেজো ভাইয়া যে কি করতো! সারাদিন রাস্তায় ঘোরাঘুরি করেও ফার্স্ট ক্লাস এনে দিতো! আসলেই ভাইয়া জিনিয়াস!

“সে তো তখন পাওয়ার খাটিয়ে এক্সাম হল ফাঁকা করে অন্যেরটা দেখে লিখতো মেজো ভাইয়া!”

বারান্দা থেকে ভেসে এলো রিনরিনে তরুণী স্বর। এ বাড়ির এক মাত্র মেয়ে সিমিন,যে এইবার উচ্চমাধ্যমিক দিয়েছে। সম্পর্কে অসীমের ভাগ্নি হলেও এতিম মেয়েটিকে শাহানা আর অসীম তালুকদার পেলেছে নিজেদের কন্যাসন্তানের মতো। শাহেদ,শাদ আর শাওকি,তিন ভাইয়ের সবচেয়ে আদর আর স্নেহের মানুষ সিমিন।

শাওকি বোনের কথার পিঠে দাঁতে দাঁত চেপে বলে,“এসব বলছিস তুই? ঐ যে দক্ষিণের ঘরে ঘুমন্ত বাঘের ঘুমটা ভেঙে গেলে তোর এসব কথা শুনে ফেললে কি হবে জানিস?”

_কি আবার হবে! কিছুই হবে না।

_তা ঠিক। যে আহ্লাদ পাস তুই ! তোর তো সাত খুন মাফ। অথচ আমার বেলাতে তোর মামু , শিবের তপস্যা ভাঙে অসীম তালুকদারের বেহুদা রাগ ভাঙে না।

সিমিন ফোন নিয়ে বসে পরে ড্রয়িংরুমে। শাওকি চা খেতে খেতে বোনকে তেরছা নজরে এক পলক দেখে বলে,“কি সারাদিন ফোন নিয়ে পরে থাকিস। দে ফোনটা আমার কাছে দে।”

সিমিন ফোনটা শাওকির হাতে তুলে দিয়ে মন খারাপের সুরে বলে,“আর কি করবো? টুকটাক লিখা লিখি করি। আমার ফোন ঘেটে তুমি কিচ্ছু পাবে না। আমি অন্য লেভেলের মেয়ে।”

শাওকি সিমিনের পাশে বসে হালকা গলায় বলে উঠলো,“উপন্যাস লিখবি? আচ্ছা তোর এই উপন্যাসে নায়কের নাম দিবি শাওকি। বাবার নাম দিবি অসীম তালুকদার। এবং গল্পে দেখাবি নায়কটা খুব ভীতু, ভীষণ সিরিয়াস টাইপের ভীতু। বাবার সামনে গেলে হাঁটু কাঁপে তার। এজন্য নায়ক এখন অবধি একটা প্রেম করে উঠতে পারেনি। কারণ নায়কের বাবার সামনে গিয়ে,“আব্বা আমি ঐ মেয়েকেই বিয়ে করবো বলে” হাংকি পাংকি করার সাহস নেই।
ওসব শাদ তালুকদারের সাথে যায়, শাওকি তালুকদার পারেনা।”

সিমিন তিতিবিরক্ত হয়ে বলে উঠলো,“বড্ড বেশিই ভীতু তুমি ছিহঃ”

শাওকি হাই তুলে বলে,“ভীতু না। আমি বুদ্ধিমান। এবং সৎ। অযথা প্রেম করে কোনো মেয়ের লাইফ হেল করছি না। কারণ ইহজনমে ঐ অসীম তালুকদার আমার আবদার মানবে না, আমিও বাবার বিরুদ্ধে যেতে পারবো না। মাঝখান থেকে একটা ইনোসেন্ট মেয়ের অভিশাপ নিয়ে লাভ কি?
এই তোর তো উচিত তোর ভাইয়ের এহেন সততা নিয়ে গর্ব করা।”

_আচ্ছা গর্ব করবো। কিভাবে করবো?

_তোর মামু মানে অসীম তালুকদারের কাছ থেকে আমার হেলমেটের জন্য কিছু অনুদান এনে দিলেই তোর গর্ব করা হয়ে যাবে। যাহ।

সিমিন তার লেখালেখিতে অসুবিধা হচ্ছিল দেখে ফোন নিয়ে উঠে চলে যেতে নিলে শাওকি আবার টেনে ধরলো ওকে,“ফাজলামির সুরে বলে,“গল্পের বাকি থিম টা শুনে যা!”

বিরক্তির শ্বাস ফেলে সিমিন অস্ফুটে বলে,“বলো।”

_লিখবি নায়কটা পরে বাবার পছন্দে ব্রয়লার মুরগির মতো ফর্সা দেখতে কচি এক মেয়েকে বিয়ে করেছে। বাবার বন্ধুর মেয়ে। আচ্ছা বাস্তবে তোর মামুর বন্ধুর এমন কোনো মেয়ে আছে? আমার মনে পরছেনা।

_হুম,আছে তো। জাফর আঙ্কেলের মেয়েটা। মিমি আপু।

_এহহ মিমি? ঐ সর্দি মিমি? তাহলে আমি সেইফ জোনে আছি। ওটা আমার চেয়ে বয়সে বড়। ঝুললে শাদ তালুকদারের গলায় ঝুলতে পারে।

সিমিন একটু নাক কোচকাল, আপত্তি দেখিয়ে বললো,“ইশশ আল্লাহ আমি মেজো ভাইয়ার পাশে ঐ মিমিকে কল্পনাও করতে পারি না! একদম বেমানান!"

_কেন তোর মেজো ভাই প্রিন্স চার্মিং নাকি? গাঁয়ের রং আমার চেয়ে দুই শেড ময়লা!

_না, তা ঠিক না। তবুও মেজো ভাইয়ার বৌ হিসেবে আমার কল্পনাতে চলে আসে দেবী চৌধুরানীর মতো দুর্ধর্ষ ব্যক্তিত্ব।

এ পর্যায়ে শাওকি একটু কৌতুহলী হয়ে উঠলো। বোনকে বললো,“আর আমার পাশে?”

হাই তোলে সিমিন, সোফাতে পিঠ এলিয়ে দিয়ে ফাজলামির সুরে বলে,“তোমার পাশে কা-কা-কা-পাকাপি ব্যক্তিত্ব কল্পনা করি। যে তোমার মতো ভী-ভী-ভীতু হবে। বিয়ের পর তোমাদের জুটির নাম দেব আমি ঠকঠক জুটি। যারা ঠকঠক করে কাঁপে।”

শাওকি বোনের অপমান গাঁয়ে মাখলো না। বসে বসে পা দোলাতে থাকে। তার দৃষ্টি দক্ষিণের কক্ষের বন্ধ দরজায় নিবদ্ধ। আজ এতো দেরি হচ্ছে কেন সে সেটাই বুঝতে পারছে না! গার্লস স্কুলের অ্যাসেম্বলির সময় কি হয়নি? তার কি ফোনে এলার্ম সেট করা নেই? ভাই হিসেবে এখন শাওকির দায়িত্ব কি? ডেকে দেবে ভাইকে ? দ্বিধাগ্রস্ত শাওকি !

নাফিয়া দরজায় দুইবার ধাক্কা দিতেই ওপাশ থেকে ঘুম জড়ানো ভারি গলায় আওয়াজ এলো, কন্ঠে বিরক্তির সুর,“চা লাগবে না ভাবী । রোজ রোজ কত বলবো?”

নিশ্চুপ হেসে নিলো নাফিয়া কতক্ষন। পর পর বললো,“চা নিয়ে আসিনি। বালিশের কাভার আর জানালার পর্দা ধোবো আজ, ওগুলো খুলে নিতে এসেছি। আর বলছি যে, সকাল কিন্তু সাড়ে সাতটা প্রায়, গার্লস স্কুলের অ্যাসেম্বলি কিন্তু শুরু হয়ে গিয়েছে..!”

নাফিয়া বলে শেষ করতে পারলো না বাক্যটা, ঘুম ঘুম ঘোলাটে চোখ দু'টো মেলে যায় তৎক্ষণাৎ। গাঢ় বাদামী একজোড়া চোখ সিলিংয়ের ফ্যানের দিকে মিনিট খানেক ভাবলেশহীন হয়ে চেয়ে থেকে বন্ধ করে নেয় পুনর্বার। দৃষ্টি পটে থালার মতো গোলাকৃতির একটা কাঁদো কাঁদো মুখ, সেই মুখটাতে দু'টো বড় বড় চোখ আছে, সেই চোখে আছে চোরা দৃষ্টি। চোরের মতো লুকিয়ে তাকায় যে, ঠিক চোরের মতো।

বাইরে নাফিয়া আবার কড়া নেড়ে ওঠে,“কি হলো? সাতটা তেরো কিন্তু! আর সতেরো মিনিট!”

হুড়মুড়িয়ে উঠে বসে লম্বা মানুষ টা। চোখ ডলে এক হাতে, এক হাতে গাঁয়ের কম্ফোর্টার সরিয়ে বিছানা ছেড়ে গিয়ে দরজা খুলে দেয়। ঘুরে এসে দ্রুত ঢুকে পরে ওয়াশ রুমে। দাঁত ব্রাশ করে নেয় অতিদ্রুত, অতিদ্রুত গাঁয়ের কোচকানো সাদা টি-শার্ট টা খুলে পরে নেয় একটা শার্ট, গলার কাছের বোতামটা অবধি যত্ন সহকারে লাগিয়ে পুরোপুরি ভোল পাল্টে চুলে ব্রাশ ছোঁয়ায়।

নাফিয়া কোলবালিশের কাভার খুলে নিতে নিতে ঠাট্টার ছলে মেজো দেবরকে বলে,“এসব আর আমি পারি না। তোমরা বড় হয়েছো! বিয়ে শাদি করে নিজ মানুষ এনে নাও। সাত সকালে তোমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে রোজ কড়া নাড়তে বিরক্ত লাগে।”

শাদ চুপচাপ ঘুরে আয়নায় নিজেকে একঝলক দেখলো। ভাবীর কথার জবাব না দিয়ে শুকনো হেসে লম্বা কদমে বেরুলো ঘর থেকে। নাফিয়া বলে যেতে থাকে,“সামনের গেট হয়ে যাও। আব্বার মেজাজ ইতিমধ্যে খারাপ হয়েছে। বৌ দেখতে যাচ্ছো , বাপের সাথে ঝগড়া লাগিয়ে বাজে মুড নিয়ে যাওয়ার দরকার নেই।

⚫

সুব্রত দেখছে ওর সামনে দাঁড়িয়ে থাকা নেহাত শিশু শিশু দেখতে এক সাতাশের পুরুষকে। যেন সে এইমাত্র দুনিয়াতে এসেছে, জাগতিক কোনো কিছু সম্পর্কে নেই কোনো জ্ঞান, মুখের ভঙ্গি ঠিক অমনই আলাভোলা। সুব্রত শ্বাস ফেলে, গিরগিটি নাকি এ? কার গতি দ্রুত? কে সবচে দ্রুত ভোল পাল্টাতে পারে? ভাবছে সুব্রত।

ওমর সিগারেটে বেশ আয়েশ করে একটা টান দিতে গিয়েও দিতে পারলো না, ওর পাশে সহজ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এতক্ষণের ব্যক্তিটা কেমন কঠোর হাতে ঝটকা মেরে সিগারেটটা নিচে ফেললো,পরপর পায়ের জুতো দিয়ে পিশলো ওটা। বাকিদের কৌতুহলী দৃষ্টি শাদ আর ওমরের দিকে নিবদ্ধ। ঢোক গিলছে ওমর, তার আগেই শাদ বেশ ঠান্ডা গলায় বলে,“বলেছিলাম এই টাইমে সিগারেট ধরাবি না!”

ওমর ইতস্তত করে,হাতের তালু ঘঁষে বলে,“ইয়ে মানে! তারা তো আসেনি। পাঁচ মিনিটে টানা হয়ে যেত!”

_ওরা গন্ধ পাবে! সকাল সকাল আমার বন্ধুরা কারো বিরক্তির কারণ হোক,আমি চাইনা। বিশেষ করে ওর বিরক্তির কারণ হোক আমি চাইনা।

নীলয় হেয়ালি করে উঠলো,“আরে ধূর। আজকালকার এই মেয়েগুলো উল্টো সিগারেট পছন্দ করে। তুই চাপ নিস না! ভাবী মাইন্ড.....”

শেষের কথাগুলো কন্ঠেই রয়ে যায় ওর। সুব্রত মুখ চেপে ধরে নীলয়ের। ওমর টান টান হয়ে দাঁড়ায়। প্রত্যেকে নিজের স্থানে সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়। শুধু নির্লিপ্ত শাদ। চুপচাপ তাকিয়ে আছে বঙ্গবন্ধু সড়কের ও মাথায়। অদূর হতে একঝাঁক ষোড়শী বরগুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সবুজ-সাদা ইউনিফর্ম আর দুই পাশে বিনুনী দুলিয়ে কিচিরমিচির কলরব তুলে মুখোমুখি এগিয়ে আসছে।

শাদের দৃষ্টি স্থির সবথেকে মাঝখানের ব্যক্তিটাতে। যার দু পাশের মেয়েগুলো হাসতে হাসতে ভেঙে পরলেও সে ধীর কদমে এগুচ্ছে শরীর ভর্তি সমুদ্র সমান সংকোচ নিয়ে। দৃষ্টি বরাবরের ন্যায় পায়ের নখে নিবদ্ধ। দুই পাশে ওর হেসে কুটে ভেঙে যাওয়া মেয়ে দু'টো যখন ঠাট্টার ছলে কনুই দিয়ে গুঁতো মারলো ওকে, তবুও চোখ দু'টো তুললো না, বড়জোর পাতলা ঠোট দু'টো বাঁকিয়ে সামান্য হাসলো। কিন্তু যখন এগোতে এগোতে ছয়জোড়া কদম নিরঞ্জন কাকার দোকান অবধি পৌঁছাল, প্রত্যেকে হাসি থামালো। আর ঐ যে থালার মতো গোলাকৃতির কাঁদো কাঁদো মুখটা, সংকোচ আর আড়ষ্টতায় ছাই চাপিয়ে খুব সাহস করে তুললো ডাগর ডাগর চোখ দুটো। তাকালো সরাসরি রাস্তায় একপাশে শান্ত ভঙ্গিতে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকা নীল চেক শার্ট পরিহিত লম্বা লোকটার চোখে।

শাদের নিস্প্রভ দৃষ্টি ষোড়শীর মুখ আর চোখের নিচের ল্যাপ্টানো কাজলে আঁটকে আছে। গার্লস স্কুলের পিয়ন সাদেক কাকা খুব জোড়ে বেল পিটাতে শুরু করলো তখনি। অ্যাসেম্বলি শুরু হয়ে গিয়েছে।
গোল মুখের ষোড়শী হাতে টান খেলো আচানক। দুর্ধর্ষ বান্ধবী দু'জন ওর দুইহাত টেনে ধরে ছুটলো স্কুলের গেট বরাবর। চেঁচিয়ে বললো,“পা চালারে নিসা, আফতাব স্যার সেদিনের মতো কান ধরাবে।”

নিসা ছুটছে, কদমে গতি আছে। তবে জোর নেই যেন। বেনী দুলিয়ে মাথা ঘুরিয়ে পরপর দুইবার তাকিয়েছে শাদের দিকে। শাদের শান্ত চোখে।

স্কুলের গেট ঠিক সাড়ে সাতটা নাগাদ বন্ধ করে দেয়া হলে শাদ নড়েচড়ে গলা খাঁকারি দিলো। নিরঞ্জন কাকা আরো এক কাপ চা বানিয়ে এগিয়ে দেয়। সুব্রত হঠাৎ কন্ঠে রাশভারী বিরক্তি নিয়ে বলে ওঠে,“ইটস আ ম্যাটার অফ গ্রেট বিরক্তি! ওই মেয়েও ফ্যালফ্যাল করে তাকায়,তুইও তাকাবি বলেই রোজ সকালে এখানে আসিস।‌আম শিয়র ঐ মেয়ে তোকে হার্ডলি পছন্দ করে, বয়সে বড় কোনো মেয়ে হলে বুঝতে পারতাম না। তবে এ তো বোকা বোকা শিশু! তাই এক্সপ্রেশন দেখে বুঝে ফেলেছি। তুইও ঐ মেয়েকে পছন্দ করিস। শুধু পছন্দ না, তোর পছন্দের লিস্টে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছে ঐ আলাভোলা মেয়েটা। তো তোরা দু'জন যখন এভাবে তাকাতাকি করিস রোজ ,তাহলে একটু সামনে আগা! আমরাও বড় আশা নিয়ে বসে আছি তুই প্রেম করবি আর আমরা পাহারা দেবো!”

শাদ চুপচাপ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপ নামিয়ে রাখলো। সুব্রত কপাল কুঁচকে ফের বললো,“কিছু বল! আটকাচ্ছিস কোথায়?”

পকেট হাতড়ে বাইকের চাবি নিয়ে লেকের পাড়ে পার্ক করে রাখা কালো রঙের অ্যাপাচিটার দিকে এগুতে এগুতে ঠান্ডা গলায় বললো,“আটকাচ্ছি বাস্তবতায়।”

_বাস্তবতা?

পেছন থেকে সুব্রত,নীলয় আর ওমর একই সঙ্গে প্রশ্ন করে বসলো।

শাদ নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিলো,“প্রথমত। আমাদের বয়সের পার্থক্য মাশাআল্লাহ। দ্বিতীয়ত, এই মেয়ে আমার মতো ফালতু লোকের সাথে সংসার করতে পারবে বলে মনে হয়না। তৃতীয়ত, এই মেয়ের পরিবারটা সুবিধার না, এই মেয়েকে বাড়ি থেকে আজ বের করে দেয় , কাল বের করে দেয় অবস্থা। এভাবে হুট করে একদিন বের করে দেবে আর এই মেয়ে এসে বলবে, আমাকে বিয়ে করেন। চাকরি নেই বাকরি নেই আমি তখন আঙ্গুল চুষতে থাকবো। এ বড্ড ঝামেলার। এতো ঝামেলা শাদের পছন্দ না।
চতুর্থত, আ'ম শিয়র এই মেয়েকে খুব কাছ থেকে আমি সহ্য করতে পারবো না, আ'ম শিয়র এই মেয়ে যতটা আলাভোলা দেখতে ততটা আসলে নয়।”

সুব্রত তব্দা খেয়ে দাঁড়িয়ে রইল, পরপর চাপা আওয়াজে চেঁচিয়ে বললো,“এতো এতো এতো বাস্তবতার দেয়াল থাকলে, তো আসিস কেন রোজ?”

বাইকে উঠে বাইক স্টার্ট করলো শাদ,পর পর বললো,“দিনের শুরুতে এর মুখটা দেখতে ভালো লাগে। এটাও আমার জীবনে একটা বাস্তবতা।”

_তো কতদিন চলবে এসব?

_ওর বালপাকনা বড়বোন আর ইতর দুলাভাইটা যখন ওকে কোনো ইতালি প্রবাসীর হাতে তুলে দেবে ঠিক ততদিন পর্যন্ত।

লেকপাড়ের রাস্তার ধুলো উড়িয়ে অ্যাপাচিটা ছুটে যায়। সুব্রত বোকা বোকা মুখ করিয়ে দাঁড়িয়ে থাকে, মৃদু শ্বাস ফেলে মিনমিন স্বরে বলে,“ঠাকুর কপাল করে একটা বন্ধু জুটিয়ে দিয়েছিল বটে। মাথাভাঙা কোথাকার!”

⚫

আজকের দিনের তৃতীয় দূর্ঘটনা ঘটে গিয়েছে অসীম তালুকদারের সাথে। মন মেজাজ শান্ত করে সকাল নয়টা নাগাদ একটু বেরিয়েছিল তালুকদার মিলসের ক্যাশ দেখবে বলে। গেটে পা রাখতে আর পারলো না, প্রধান গেটে “মেসার্স তালুকদার অ্যান্ড সন্স” লেখা মস্ত বড় সাইনবোর্ডটা হুট করে খুলে পরেছে ঠিক পায়ের ওপর। ভাগ্যগুণে মাথা বেঁচেছে তবে পায়ের অবস্থা বেগতিক। তালুকদার কসমেটিকস থেকে খবর পেয়ে ছুটে এসেছে শাওকি। ভয়ে ভয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলেছে,“আব্বু হসপিটালে গেলে ভালো হয়না?”

দাঁতে দাঁত চেপে কাতরাচ্ছিলেন অসীম, বললেন,“না ভালো হয়না, আমাকে তো এখন আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেলে ভালো হয়। যাবে তোমার নানু বাড়ি আব্বা? যাও আল মদিনা মিষ্টান্ন ভান্ডার থেকে পাঁচ কেজি মিষ্টি কিনে আনো তবে! ”

_আব্বু খেপে যাচ্ছেন কেন?

_তুমি আহাম্মকের মতো কথা বলে যাচ্ছো কেন? কোথায় ধরে ধরে হসপিটালে নিয়ে যাবে তা না! এক একজন বিশ্ব নিদর্শন জন্ম দিয়েছি আমি! আরেকজন তো সারাদিনে উধাও।

_মেজো ভাইয়াকে কল করবো?

_না থাক বাপ, তার দরকার নেই। তুমি নিয়ে যাও হসপিটালে। নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করো।

শাওকি এসে বাবার হাত ধরলো, নিজের কাঁধে বাবার হাতটা রেখে উঠে দাঁড়াল। একটু যেন আবেগপ্রবণ হলো শাওকি। আজ বহুকাল পরে আবার আব্বুর পায়ে ব্যাথার ছুতোয় আব্বুকে ছুঁতে পারলো। শেষ ছুঁয়েছিল গতবার ইদের নামাজের পর কোলাকুলি করতে গিয়ে।

⚫

কালো রঙের ক্রস বেল্ট টা জলপাই রঙের কামিজের ওপর আড়াআড়ি রাখলো সে। হাত কাঁপছে তার, কাজটা ঠিকঠাক ভাবে হচ্ছে না, অথচ ইমার্জেন্সিতে পেশেন্ট এসে ভর্তি হয়ে গিয়েছে। হেড ম্যাম শাস্তি স্বরূপ এ কি জ্বালা ঘাড়ে তুলে দিলো কে জানে। ওদিকে তখনকার ঘটনায় গা এখনও কাঁপছে মুহুর্মুহু। ওর চোখের শুকিয়ে যাওয়া জল ও আবার মুছতে চাইলো অকারণে। বরগুনা নার্সিং ইনস্টিটিউটের হোস্টেলের বারান্দা দিয়ে সিনিয়ররা সবাইকে তাড়া দিতে দিতে নিচে নামছে। আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মিটিং হবে। তবে ও সেখানে থাকতে পারবে না,ওকে যেতে হবে ইমার্জেন্সি ওয়ার্ডে, অগত্যাই।

বাইরে থেকে হুড়মুড় করে ঘরে ঢুকলো তন্বী। কন্ঠে চাঁপা উত্তেজনা নিয়ে ডেকে উঠলো,“এই মূর্ছনা! মূর্ছনা শুনেছিস মেডিসিন ওয়ার্ডে কেলেঙ্কারি ঘটে গিয়েছে। এক আধবুড়ো পেশেন্ট ফার্স্ট ইয়ারের রাত্রির গায়ে হাত দেয়ার চেষ্টা করেছে। সেটা নিয়ে ঝামেলা চলছে ওয়ার্ডে! বুড়োর খায়েশ দ্যাখ, এক নিজে পা ভাঙ্গা পেশেন্ট তারপর রাত্রি তার মেয়ের বয়সী সেবিকা। শরীরে নিদারুণ যন্ত্রণা নিয়েও এদের চেতনাদণ্ড এভাবে খুজলি করে ওঠে?”

মূর্ছনা চুপচাপ আয়নার ভেতর থেকে তন্বীর প্রতিবিম্বের দিকে তাকায়। পর পর নিজের কৃষ্ণ বর্ণের গাল দুটোতে নিভিয়া ক্রিম লাগাতে গিয়েও লাগায়না। এসবের তার প্রয়োজন নেই। ক্রিমের কৌটুটা আয়নার সামনে রেখে দিয়ে পুনরায় নিজের কান্না আটকানোর চেষ্টা করে থমথমে গলায় বলে ওঠে,“মেয়ের বয়সী সেবিকা? এদের চেতনা দণ্ড দাঁড়ায় না কিসে বলতো? মোরগ মুরগি থেকে শুরু করে গবাদি পশু, রাস্তার পাগলের নোংরা চিটচিটে শরীর দেখলেও এরা চেতনা হারায়। আমাকে দেখ, কি নিকৃষ্ট কুঁচকুচে কি কুৎসিত আমি। আমাকেও নাকি মানুষের ছুঁয়ে দিতে রুচি হয়! ছিঃ”

বলতে বলতে আবার ডুকরে কেঁদে ওঠে মূর্ছনা। তন্বী আহত চোখে তাকিয়ে আছে। ও জানে মূর্ছনা কেন কাঁদছে, মূর্ছনা প্রায়ই যে কারণে কাঁদে ঠিক সে কারণে কাঁদছে। তবে তন্বী সান্ত্বনা দিতে আর এগোয় না। কারণ মূর্ছনার সান্ত্বনার প্রয়োজন নেই। মারাত্মক শক্ত এই মেয়েটি নিজেই নিজেকে সামলাতে জানে। তাই খুব স্বাভাবিক গলায় তন্বী বলে উঠলো,“ইমার্জেন্সিতে আয়। কেউ নেই ওখানে। একটা ছেলে এসেছে তার বাবাকে নিয়ে, তালুকদার মিলসের মালিক। ডক্টর মেহেদী স্যারের রিলেটিভ। তুই গিয়ে একটু দেখ।”

চলমান.......

[ আমার প্রিয় পাঠকেরা। দীর্ঘসময়ের বিরতি নিয়ে ফিরছি। নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদের। গল্পটি আপনারা দু'দিন পর পর পাবেন। ভালোবাসা নেবেন সকলে। প্রথম পর্বটি কেমন লাগলো জানাবেন। ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন