#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_২ [ ১ম অংশ ]
#ইসরাত_আরা_ইতি
[ ১ম অংশ ]
জরুরি বিভাগের কিছু কর্মচারী ব্যতিব্যস্ত হয়ে অসীমকে ধরে বসালেন উঁচু বেডটাতে। শাওকি তখন চারিপাশে চোখ বুলিয়ে বলে,“ডক্টর কই? নয়ন ভাই কই?”
_মেডিসিন ওয়ার্ডে একটা ঝামেলা হয়েছে, সম্ভবত সেখানে। দু'জন নার্স..না ঠিক নার্স নয়, তারা স্টুডেন্ট। আসছে, দেখবে। ধৈর্য্য ধরুন ভাই।
শাওকি খানিকটা বিরক্ত হলেও গুটিয়ে নিলো সেটা। উল্টো, কক্ষের দরজা থেকে বাইরে মাথা বের করে তালুকদার মিলসের ম্যানেজার জিল্লুরকে বললো,“চাচা বাইরে থেকে ট্রিটমেন্ট করিয়ে নিই তবে? ডক্টররা সব উধাও, বলছে নার্সিং স্টুডেন্টরা দেখবে। এখানে আনাটাই ভুল হয়েছে আব্বুকে!”
ব্যথা সইয়ে নিয়ে এখন চুপচাপ অসীম,ধীর স্থির বললেন,“অসুবিধা নেই। তারাও তো প্রশিক্ষিত।”
এমন সময়ে একজন বয় এসে শাওকিকে বললো,“এই ওষুধটা বাইরে থেকে আনুন। সিস্টার এসে লাগিয়ে দেবে। আসলে...”
শাওকি কিঞ্চিত অবাক গলায় বললো,“এই সামান্য ওষুধ আপনারা রিজার্ভ রাখেন না?”
_ভাই আমরা কি করে রাখবো? সরকার দিলে আপনাদের মতো বাঘা বাঘা লোকরাই লোক ধরে খেয়ে দেয়। আঙ্গুলটা এসে পরে আমাদের মতো সাধারণ কর্মচারীর ওপর। ডাক্তারদের কিছু বলেন না কেন?
শাওকি শ্বাস ফেলে কাগজটা নিলো। ম্যানেজার জিল্লুরকে অসীমের পাশে বসিয়ে চলে গেলো বাইরে।
মূর্ছনা ইমার্জেন্সিতে ছুটতে ছুটতে এলো, গাঁয়ের এপ্রোনটা হাঁটতে হাঁটতেই আটকেছে। ত্রস্ত পায়ে এসে অসীমের সামনে যখন দাঁড়াবে ঠিক তখনই দুজন অভিভাবক এলেন নিজেদের সাত বছর বয়সী পুত্রসন্তানকে নিয়ে। বাচ্চাটার সুন্নাতে খৎনা হয়েছে খুব সম্ভবত, ব্যান্ডেজ থেকে রক্ত ঝড়ছে গলগল করে। মূর্ছনা চিৎকার শুনে বাইরের ঘরে যেতেই শুনলো বাকিটা।
বাচ্চাটাকে আগলে নিয়ে বললো,“এসব কিভাবে হলো? ওর না সেদিন খৎনা হলো?”
বাচ্চাটার মা নাক টেনে জবাব দেয়,“কপাল আমার। আজ সকালে গিন্নি মুরগিটা এসে সরাসরি ঠোকর বসালো। সেই থেকে কি রক্ত! কি ব্যাথা!”
_ইশশ কি ভয়াবহ!
মূর্ছনা ব্যস্ত হয়ে পরলো বাচ্চাটাকে নিয়ে। ওপাশের ঘরে বসে থাকা অসীম এইবার চূড়ান্ত বিরক্ত। এপাশে কি ঘটেছে,কি হয়েছে তা কিছু জানতে না চেয়েই এবার চিল্লিয়ে উঠল,“বলছি এটা হসপিটাল নাকি? এই যদি হয় তোমাদের সার্ভিস! না, ডিসি মহোদয়ের সাথে কথা বলতেই হবে আমার। একজন মুরব্বিকে বসিয়ে রেখে গা ছাড়া ভাব দেখাচ্ছো, গরীব ফকিরদের সাথে তোমাদের আচরণ কেমন তা এখন বেশ টের পাচ্ছি! এই ! ডক্টর কোথায়?”
মূর্ছনা চোখ বড় বড় করে উঠে দাঁড়ায়। সকালের মেজাজটা পুনরায় ফিরে পায়, দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করে রাখতে চেয়েও পারেনা। অগত্যা মেজাজ চূড়ায় তুলে হনহনিয়ে চলে যায় অসীমের সামনে, খুব ঠান্ডা তবে কিঞ্চিত কড়া গলায় বলে,“গরীব ফকিরদেরকে আমরা খুব ভালো মতোই ট্রিট করি আঙ্কেল! শুধু আপনাদের মতো ভিআইপি লোকগুলো বড্ড অধৈর্য। আমরা সেবিকা,আমাদের জানটা সব আহতদের সমান ভাবে দিতে হয়। তবে সবার আগে শিশু এবং প্রসূতি মা আমাদের প্রায়োরিটি লিস্টে!”
অসীম চমকে উঠলেন, পর পর সতর্ক ভঙ্গিতে কান পাতলেন বাইরে। একটা বাচ্চা কাঁদছে শুনে বুঝলেন তার ভুল হয়েছে বুঝতে। তবে সে বেশ অবাক এই মেয়েটির কথা বলার ভঙ্গি দেখে। অসীমের সাথে এভাবে তেজ নিয়ে সচরাচর কেউ কথা বলে না। অসীম ছোটোদের কাছ থেকে এমন আচরণ পেতে অভ্যস্ত নয়। সহসা মুখটা কালো হয় অসীমের। বুড়ো মানুষ ভুল করলে একটু সম্মানের সহিত শুধরে দেয়া যায়না? অসীম তার সম্মুখে অবিচল, শক্তভাবে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ বর্ণের মেয়েটির থেকে দৃষ্টি সরিয়ে চুপ করে রইলো।
বয় এসে বললো,“মূর্ছনা আপু,ওনার ছেলেকে পাঠিয়েছি ওষুধটা আনতে! আসছে!”
_ওষুধটা তো আমাদের রিজার্ভে আছে। আনতে কেন পাঠালেন?
বলেই মূর্ছনা ঝুঁকে বসলো অসীমের পায়ের কাছে, বড্ড কোমল হাতে ড্রেসিং করে দিয়ে চলে যায় পাশের কক্ষে, আসার পূর্বে হেড ম্যামের কাছে হাজিরা দিতে সে ভুলে গিয়েছে।
শাওকি সদর হাসপাতালের সামনের চারটা ডিসপেনসারিতে ওষুধটা না পেয়ে একটু এগিয়ে ছিল সামনে। সে কারণে তার পাঁচ মিনিটের দেরি। এসে বাবার পায়ে ব্যান্ডেজ দেখে জিল্লুরকে বললো,“ওষুধ ছিলো নাকি?”
_হুম।
বাবাকে ধরে ধরে রিকশা ডেকে তুলে দিলো রিকশাতে। অসীমের কালো মুখটা দেখে এক ফাঁকে জিল্লুরকে বললো,“কিছু কি হয়েছে আমার অনুপস্থিতিতে?”
_হুম, এক নার্স এসে ধ'ম'ক দিয়েছে স্যারকে!
তাজ্জব বনে গেলো শাওকি, গা জ্বলে উঠলো, চাপা আক্রোশ নিয়ে বললো,“ধমকেছে মানে? কোন নার্স? চলেন তো একটু দেখিয়ে দিন।”
বাবার প্রসঙ্গ এলে তালুকদারের এই ছোটো ছেলেটিও মারাত্মক মেজাজী হয়ে ওঠে। জিল্লুর ওকে শান্ত করতে বললেন,
_আস্তে! ধীরে! শাদের মতো খমখম করছো কেন? নার্সদের অমন মেজাজ থাকে। নার্সরা অমন করে টুকটাক বলে। তাছাড়া স্যারের ভুল ছিল এখানে। চলো, চেতাচেতি কোরো না। স্যার শুনলে উল্টো কথা শুনাবে তোমাকেই!”
শাওকি শ্বাস ফেলে রিকশায় বাবার পাশে গিয়ে বসলো। থমথমে গলায় বললো,“এখন কোথায় যাবো আব্বু?”
_মিলে।
রিকশা যখন মেইন গেট থেকে ঘুরে গেলো। ঠিক তিন-চার সেকন্ড পরে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো মূর্ছনা সেথায়। আশেপাশে তাকিয়ে খুঁজছিল অসীমকে। হেড ম্যামের কামরা থেকে বেরিয়েছে,তখন থেকে সুপ্ত খারাপ লাগা ঘিরে ফেলেছিল তাকে। একজন মুরব্বি পেশেন্টের সাথে কথা বলার ধরণটা তার রূঢ় ছিল এটা সত্যি । চেয়েছিল মাফ চেয়ে নিতে, তা আর হলো না। শ্বাস ফেলে মূর্ছনা দাঁড়িয়ে রইল, মা ঠিকই বলে, মূর্ছনা নার্সিং পড়তে এসে অস্বাভাবিক হয়ে যাচ্ছে দিনকে দিন।
⚫
হাতের লাল রঙের লিপস্টিকটা সিঁথিতে ঘষতে ঘষতে ভেঙেই ফেললো মেয়েটা। যেন সিঁদুর পরেছে,অমন ভাবে হাত দিয়ে চওড়া করে দিয়ে আয়না দেখলো। দেখলো নিজের লাজুক মুখটা,পর পর তাকালো সুব্রতর চোখে। যে কিনা গোল চোখে চেয়ে মন্দিরাকেই দেখছিলো, সিঁথি ভর্তি লাল রং দেখে ঢোক গিলে বললো,“করেছিস কি ফাজিল!”
কপাল কুঁচকে নিলো মন্দিরা, ফাজলামির সুরেই বললো,“আমার সাথে তোর বিয়ে হবে না এটা শিয়র থাক। আর আমার অন্য লোকের সাথে বিয়ে হলে এ জীবনে আমি পরস্ত্রী হয়ে তোর সামনে আসবো না। তাই আমাকে বৌ বৌ সাজে এখনি দেখে রাখ।”
সুব্রত পকেট হাতড়ে টিস্যু পেপার বের করে ব্যতিব্যস্ত হয়ে মুছতে লাগলো মন্দিরার সিঁথি, ধমকে বললো,“এসব কাকিমার চোখে পরলে আজ আবার মার খাবি তুই ছাগল।”
_আরে রাখ না! একটু মার না হয় খেলাম। সুন্দর লাগছে না আমাকে?
সুব্রত ব্যাকুল হাতে ওর সিঁথি মুছে দিতে দিতে কোমল স্বরে বললো,“খুব সুন্দর লাগছে। তবে এটা মোছ ভাই, বিয়ের পর তোকে আমি মাসে ত্রিশ কেজি সিঁদুর কিনে দেবো। তুই প্রতিদিন দুই বেলা এক কেজি সিঁথিতে লাগাবি। স্নানের আগে আধা কেজি, স্নানের পরে আধা কেজি।”
স্টাফ কোয়ার্টার দিঘির পাড়ের বটতলাটা বড্ড নিড়িবিলি এখন। সুব্রত মন্দিরার পাশ ঘেঁষে বসে ঘেটে যাওয়া সিঁথি দেখে ওর দু'চোখ ভরে। এই বদ্ধ পাগল মেয়েটিকে সে হারাতে ইচ্ছুক নয় কোনো ভাবেই।
শাদ সহ বাকিরা বেশ দূরে বসে দিঘিতে ঢিল ছোড়ার প্রতিযোগিতা করছিলো এতক্ষণ। এখন নেই।
তবে আচমকা শাদের কল পেয়ে সুব্রতর ঘোর কেটে গেলেই কলটা রিসিভ করে।
ওপাশে শাদের শান্ত স্বর,“উঠে যা, বিজন কর্মকার আসছে! মন্দিরাকে মাথায় ওড়না টেনে নাক বরাবর হাঁটতে বল। বাইক নিয়ে আমি ডিসির বাসার সামনে দাঁড়িয়ে।”
বিজনের নামটা শুনেই অন্তর আত্মা কাঁপল সুব্রতর। মন্দিরার তিন ভাইকে সে ভয় পায়,ততটা যমেও নেই ভয়। লাফিয়ে উঠে দাড়াতেই মন্দিরা বললো,“এই কি হয়েছে?”
_তুই ঘরে যা, ওড়না টান, হেঁটে যা সোজা। রিকশা নিয়ে বাড়ি যা।
_কিন্তু কেন?
বলেই হালকা করে মাথাটা ঘুরিয়ে নিতেই নিজের বড় ভাইকে কোয়ার্টার এরিয়া থেকে আসতে দেখেই মন্দিরা “ঠাকুর” বলে মুখটা ঢেকে নিলো ওড়নায়। পর পর ভ্যানিটি ব্যাগ তুলে ছুটলো বিপরীত দিকে। সুব্রত আর দেরি করলো না, সেও ঘুরে পা বাড়ায় কালিবাড়ী রোডে উঠবে বলে।
বিজন কর্মকার দাঁড়িয়ে পরলো আচমকা। বরগুনার স্বর্ণ ব্যবসায়ীয়ের মধ্যে বড্ড সফল তার পরিবার। সুব্রতর বাবাও একজন স্বর্ণকার। সেই আদিকাল থেকেই দুই স্বর্ণকার পরিবারের মাঝে কোন্দল। কেউ কারো ছায়া মারাতে ইচ্ছুক নয়। একবার মন্দিরা সুব্রতর সাথে হেসে হেসে কথা বলেছে শুনে বোনকে মেরেছিল বেশ।
এখানে এসেছিল একটা কাজে, দূর থেকে সুব্রতকে দেখে কিছুটা এগোতেই নিজের বোনের মতো কাউকে দেখে খুব কৌতুহলে পা থেমেছিলো তার। মন্দিরাকে আর ধরতে পারলেন না, তবে কৌতুহল যে দমিয়ে রাখা দায়! সুব্রতকে ওভাবে পালাতে দেখে পিছু নিলো ওর।
সুব্রত টের পেয়ে শ্বাস ফেলল, এ তো মহা মুশকিল হলো! বিরক্ত হয়ে পালাতে চেয়ে ঢুকে পরলো কালীবাড়ি মন্দিরে। আজ সেখানে মোটামুটি ভিড়। মহিলাদের ডিঙিয়ে ভেতরে যেতে পারছিল না। গেটের সামনে দাঁড়িয়েই প্রণাম জুড়ে গেয়ে উঠলো,“দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী, মহিসাসুর মর্দিনী জয় মা দুর্গে।”
আচমকা টের পেলো কেউ হঠাৎ কাধ চেপে ধরলো ওর, আঁতকে উঠে চেচাতেই শাদ মুখ চেপে ধরে বলল,“বিজন বেটা সার্কিট হাউসের রাস্তা ধরেছে, চাপ নিস না। আর তুই কালি মন্দিরে এসে দূর্গা দূর্গা করছিস কেন?”
ঢোক গিলে নিয়ে সুব্রত জবাব দেয়,“নার্ভাসনেসে।”
শাদ দেখে বন্ধুকে। ঘুরে সামনে অগ্রসর হতে হতে বলে,“মন্দিরাকে রিকশায় তুলে দিয়ে এলাম। আর এতো নার্ভাস হলে প্রেম করতে গেছিলি কেন?”
_কি করবো বল, সবার যে তোর মতো বাস্তব জ্ঞান থাকে না!
একটু ঘুরলো শাদ, কপাল কুঁচকে বললো,“এই তুই হাত চাইবি মন্দিরার?”
বলেই দাঁড় করিয়ে রাখা বাইকে উঠে বসে। সুব্রত ওর পেছনে বসতে বসতে বলে,“আমার হয়ে তোরা চেয়ে দিবি! ছোটোবেলা থেকে তোদের পেলে পুষে বড় করেছি না আমি?”
শাদ হেসে বাইক স্টার্ট করে! সুব্রতও এখন ফুরফুরে মেজাজে বন্ধুকে চেপে ধরে থাকে। ও ভুল নয়, পেলে পুষে বড় না করলেও আত্মা দিয়ে সুব্রত পেলেছে বন্ধুত্ব। দু'জন ভিন্ন ধর্মের হলেও বন্ধুত্ব থেকেছে অম্লান। ছোটোবেলার একটা সামান্য ঘটনা, সুব্রতদের বাড়িতে সত্যনারায়ণ পূজা হচ্ছিল সেদিন। শাদ গিয়েছিল খেলতে, সুব্রতর ঠাকুমা ছিছিক্কার করে সুব্রতকে ধমকেছে,“আজ বাড়িতে পুজো আর তুই উঠানে গোরুখোর ঢোকালি একটা?”
রেগে মেগে সুব্রত ঠাকুমার হাতে খামচি দিয়ে শাদকে জড়িয়ে ধরে বলেছে,“তোমাদের পূজা তো ঐ ঠাকুরঘরে। এই উঠান আমার আর শাদের। ওদের বাড়িতেও উঠানটা আমার আর শাদের, আমি তো ওদের নামাজ ঘরে ঢুকি না!”
সেই বন্ধুত্ব, দু'বাড়ির উঠান থেকে, স্কুল পেড়িয়ে,কলেজ পেড়িয়ে বাইকে বাইকে ঘুরছে শহরময়।
“গার্লস স্কুল যাবি এখন?”
সুব্রত জানতে চায়। শাদ নিশ্চুপ। অবশ্য ধরেছে গার্লস স্কুলের পথটাই। তবে বেশিদূর আর যেতে পারলো না, মাঝপথে থামতে হলো রাস্তা আটকে দাঁড়িয়ে থাকা আট দশটা বাইক দেখে। যেন ওরা ইচ্ছে করেই এমনটা করেছে। শাদ ভীষণ শান্ত, দলপতিকে বললো,“কিছু কি চাই আমার থেকে?”
দলপতি তাচ্ছিল্যের হাসি হেসে রাস্তা ছেড়ে দিতে দিতে বলে উঠলো,“পুরা শহরে টই টই কইরা ঘুইরা বেড়ানো ছাড়া আর কিছুই থাকলো না রে শাদ! ভাই বলছে তোর অবস্থা ঝিমানো মুরগি হয়েছে। ওটা দেখতেই দাঁড়িয়ে ছিলাম।”
শাদ কিছুপল চুপ থেকে সহজ গলায় বললো,“আর তোর ভাইকে দেখলে আমার কি মনে হয় জানিস?”
_কি?
_ঐ প্রবাদ টা মনে পরে, “ধন নাই বন্দুক কাঁধে! চাল নাই সোয়া সের রাধে!
সামনে থেকে সর, এই দুপুর বেলা থানার ঝামেলায় যেতে চাচ্ছি না মারামারি করে! আমার কাজ আছে।
দলপতির হিংস্র মুখটা আরো কালো হলো। দাঁতে দাঁত চেপে রাস্তা ছাড়তেই শাদ বাইকের স্পিড বাড়িয়ে সরে গেল। পেছনে ফেলে গেলো আক্রোশে টইটম্বুর কিছু দৃষ্টি।
খানিক বাদেই শাদের ফোনে কল এলো শাওকির। অসীমের পায়ে ব্যথা পাওয়ার খবরটি পেলো সবেমাত্র।
⚫
তালুকদার মিলসের গেটের বাইরে বাইকটা দাঁড় করিয়ে ত্রস্ত পায়ে শাদ ঢুকলো ভেতরে। তবে ওর লম্বা কদম গুটিয়ে এলো মিনিট খানেক পরেই। অসীম তালুকদার বসে আছেন একটি চেয়ারে। ভিডিয়ো কলে কথা বলছিলেন বড় ছেলের সাথে। তার পাশে দাঁড়িয়ে আছে শাওকি।
শাদ বাবার সম্মুখে গিয়ে অবিচল দাঁড়িয়ে রয়, ততক্ষণে অসীম হাতের ফোনটা থেকে দৃষ্টি সরিয়ে মেজো ছেলের মুখ দেখে। পর পর ভ্রু যুগল গুটিয়ে শাদের শার্টের গলার কাছের বোতামটা দেখে। এতো ভদ্র বেশ? এ নিশ্চয়ই তার সামনে আসবে বলে ভোল পাল্টে এসেছে, মনে মনে ধরেই নেন অসীম।
“ব্যাথা কি বেশি আব্বু?”
শাদের কন্ঠে অবিচলিত ভাবটা বজায় থাকে। অসীম চোখ নামিয়ে গলা খাঁকারি দিয়ে বলে,“না এখন একটু কম, পেইন কিলার দিয়েছে!”
শাদ আশেপাশে তাকায়। মিলের সকল কর্মচারী চারিপাশ হতে উঁকি মেরে দেখছে ওকে। যেন এলিয়েন শাদ। বিষয়টা চূড়ান্ত বিরক্তি এনে দেয় শাদের মনে। ম্যানেজার জিল্লুর দিকে তাকিয়ে গমগম করে বলে,“সাইনবোর্ডটা চার মাস আগে না নামাতে বলে গিয়েছি?”
ম্যানেজার জিল্লুর আমতা আমতা করতে থাকলে শাদ এক কাজ করে বসলো। পরে থাকা মরচে ধরা সাইনবোর্ডটা তুলে পুনরায় আছাড় মেরে বিধ্বস্ত করে শান্ত গলায় বললো,“তুহিন মাল্টিমিডিয়া থেকে লোক আসবে, ডিজিটাল বোর্ড থাকবে এখানে।”
অসীম তালুকদার ছেলের কাণ্ড দেখলেন চুপচাপ। কি শান্ত! কি সভ্য! অথচ আস্ত এক প্রলয়। বলে উঠলেন,“এটা ভাঙার কি হলো এভাবে?”
_রাখারও তো কিছু নেই!
_সাইনবোর্ড টা যদি মানুষ হতো?
_তবে সে সাহসই করতো না শাদের বাপের ওপর পরার!
_তুমি জানো তোমার এই স্বভাব গুলো যতদিন না বদলাবে ততদিন কিসসু ভালো হবে না। সবকিছুতে এই অতিরঞ্জিত স্বভাবটা!
শাদ জবাব দিলো না বাবাকে। নির্লিপ্ত ভঙ্গিতে শাওকির দিকে তাকিয়ে বলে,“দুপুরে খেতে যাবো না। মা অথবা ভাবীকে বলে দিস, তাদের ফোনে পাচ্ছি না।”
বলেই সাইনবোর্ডটাকে আবার একটা লাথি মেরে রাস্তা থেকে সরিয়ে বাইরে নামলো। অসীম তালুকদার চুপচাপ দেখতে লাগলেন ছেলেকে।
⚫
ফোনটা লাগাতার বেজে চলেছে। রান্নাঘরে ভীষণ ব্যস্ত নাফিয়া ভেজা দু'হাত শাড়ির আঁচলে মুছে ফোনটা নিয়েই মিষ্টি করে হাসলো। চঞ্চল দৃষ্টি জোড়া ঘরময় বুলিয়ে বেশ আয়েশ করে বাড়ির বসার ঘরের ডিভানে বসেই স্বামীর ভিডিয়ো কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার আগে একবার আয়নায় নিজের মুখটা দেখেও নিলো। পরিপাটি মানুষটার সামনে সে অগোছালো হয়ে দেখা দেবে না।
সুন্দর, সুদর্শন দেখতে মানুষটা ভর দুপুরে হাসলো ঝকঝকে হাসি। নাফিয়া সালাম দিয়েই বলা শুরু করে দিল,“সকালে কবার তোমাকে কল করেছি? ধরলে না কেন? ক্লাসে থাকলে একটা মেসেজ করে তো দিতে পারো তাইনা?”
ওপাশে শাহেদ পুনরায় ঠোঁটে পাতলা হাসি ঝুলিয়ে বলে উঠলো,“তারপর বলো। এতো ক্লান্তি যে চেহারায়? বুয়া থাকতেও রান্নাটা তোমার কেন করতে হবে?”
_আব্বা সবার হাতের রান্না খেতে পারেন না যে। আর আমি কি পটের বিবি নাকি পায়ের ওপর পা তুলে খাবো? আচ্ছা শোনো, খুব কালো দেখাচ্ছে নাকি?
_না । শুধু অসুস্থ লাগছে।
নাফিয়া আবার ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে আশেপাশে তাকিয়ে ফিসফিসিয়ে শাহেদকে বললো,“আব্বাকে কিন্তু আমি বলে রেখেছি পনেরো তারিখ বরিশাল যাবো।”
বলতে বলতে নাফিয়ার গাল দু'টো লাল হয়। বিয়ের এতগুলো বছর পরেও, এমনটা প্রতিবার হয় নাফিয়ার। যখন যখন মানুষটার সান্নিধ্যে যায়, অনুভূতি গুলো ঠিক নতুনের মতো থাকে। শাহেদ বরিশাল সরকারি কলেজে ইংরেজি প্রভাষক। বছরের চারটি মাস নাফিয়া গিয়ে ওর কাছে থাকে, বাকিটা সময় শ্বশুর শাশুড়ির কাছে। বিষয়টা নাফিয়ার ইচ্ছেতেই হয়। বাপ মা মরা এতিম মেয়েটিকে গ্রাম থেকে অসীম পছন্দ করে নিয়ে এসেছিলেন নিজের বড় ছেলের জন্য। স্নেহে, আহ্লাদে বাড়ির এই বড় বৌটিকে মাথায় তুলে রাখে অসীম আর শাহনাজ,নাফিয়াও ঠিক তেমনি শ্বশুর শাশুড়ির জন্য মরে যায়। অপরদিকে শাহেদের সাথে স্বল্প সময়ের সংসার নিয়ে নাফিয়ার আক্ষেপ নেই, বছরে চারটা মাস কাছে পেলেও,ওর কখনো মনে হয়না শাহেদ ওর খুব দূরে। এভাবেই প্রেমে উদ্ভাসিত ওর সকাল-সন্ধ্যা, ফোনালাপের মাধ্যমে।
শাহেদ ঠোঁট জোড়া গোল করে ভিডিয়ো কলেই চুমুর ইঙ্গিত করে বলে উঠলো,“আ'ম ওয়েটিং ফর ইউ!”
নাফিয়া আবার বেশ লজ্জার ভঙ্গি করে মিনমিনে স্বরে বলল,“বলছিলাম, আমি এখানে কোনো ডাক্তারের সাথে আলাপ করে আসবো?”
_কেন ? কোন ব্যাপারে?
জানতে চেয়েই শাহেদ চুপ হয়ে গেল তৎক্ষণাৎ,নাফিয়ার নত মুখটা দেখতে লাগলো একদৃষ্টে। মনে পরে গেল, নাফিয়া দু'দিন আগে বাচ্চার কথা তুলেছিল তার কাছে। ছয় বছর পেড়িয়েছে, আর কেন দেরি?
তবে শাহেদ বললো,“আমরা আরেকটু সময় নিই নাফিয়া।”
নাফিয়ার চোখ দু'টো বরাবরের ন্যায় উদাস হলো শাহেদের প্রত্যুত্তর শুনে। সময়? শাহেদের বত্রিশ, তার সাতাশ। এখনো কিসের সময় প্রয়োজন নাফিয়া বুঝে ওঠে না। মাঝেমাঝেই ইচ্ছে করে বিষয়টি নিয়ে তর্কে যেতে, কিন্তু শাহেদকে অসম্মান করা হবে ভেবে আর এগোতে পারেনা নাফিয়া। বরাবরের ন্যায় অস্ফুটে জবাব দেয়,“জি আচ্ছা।”
_আচ্ছা, সোনা । আমার একটা ক্লাস আছে এখন, এইবার রাখি? বাবার সাথে কথা হয়েছে, পায়ের ব্যথা কমেছে, বাড়িতে ফিরছে, খেয়াল রেখো।
চুপচাপ হাসার চেষ্টা করে মাথা নেড়ে নাফিয়া কল কেটে দেয়। মিনিট খানেক উদাসী ভঙ্গিতে বসে থাকে। পাশের ঘর থেকে সিমিনের হিহি করে হাসির শব্দ শোনা যায়। শাহনাজের সাথে কিছু মেয়ের ছবি দেখতে বসেছে, শাদের জন্য পাত্রী খুঁজছে শাহনাজ।
বাড়িতে অসীম চলে আসে তখন। শাওকি এনেছে তাকে। বাড়িতে ফেরার পরে বৌ আর পুত্রবধূর কাছে একদফা কৈফিয়ত দিয়ে সোফাতে গা এলিয়ে দিতেই ছোটো ছেলের দিকে দৃষ্টি চলে যায় অসীমের। টানা দুই ঘণ্টা পরে কন্ঠে সেই সাবেকি গাম্ভীর্য টেনে বলে ওঠে,“দাড়িয়ে আছো কেনো? দোকানে যাবে না?”
_পানি খেয়ে আব্বু।
ঢোক গিলে জবাব খানা দিয়েই শাওকি পা বাড়ায় ডাইনিং রুমে। পিছু পিছু সিমিন ঢুকে বলে,“এই জানিস ছোটো ভাইয়া মেজো ভাইয়ার জন্য মামী একটা মেয়ে দেখেছে, কাকচিড়া বাড়ি। চেয়ারম্যানের মেয়ে।”
এক চুমুকে গ্লাসের সবটুকু পানি খেয়ে শাওকি বলে,“ভালো কথা। তোর লেখালেখি কতদূর এগলো? বাকি টা লিখেছিস?”
_নাহ। এগোতে পারছি না।
_আচ্ছা আমি বলে দিচ্ছি। গল্পে দেখাবি শাওকি নামের নায়কটা কসমেটিকসের দোকানদার।
_নায়ক কসমেটিকসের দোকানদার?
_হু রে। আমার মতো। লিখবি নায়ক বাপকে খুশি করতে পড়াশোনার পাশাপাশি তাদের কসমেটিকসের দোকানে বসে বসে মেয়েদের কাছে পারফিউম, ফর্সা হবার পাকিস্তানি ক্রিম, নেইল পলিশ রিমুভার বিক্রি করে। গার্লস স্কুল আর মহিলা কলেজের মেয়েরা যখন দোকানের সামনে দিয়ে যায় তখন হকারের মতো চিল্লিয়ে ওঠে,“এই আপু! এই আপু আসেন। এই আপু কি লাগবে!”
বোকা বোকা মুখ করে দাঁড়িয়ে আছে সিমিন,“তুমিও এমন করো?”
টেবিলের ওপর থেকে খাবলা মেরে কাজু বাদাম তুলে নিয়ে বেড়িয়ে যেতে যেতে শাওকি বললো,“হুম। আর মেয়েগুলো মুখ ঝামটা মেরে বলে, চুপ করেন তো। অসহ্যকর! বিরক্তির।”
_এই হবে আমার গল্পের নায়কের ছিড়ি?
_হুম।
_তারপর কি হবে?
_তুই এই পর্যন্ত আগে লেখ। বাকিটা পরে বলবো।
চলমান...
[ এই পর্বের ২য় অংশ পেয়ে যাবেন খানিকবাদেই। লিংক কমেন্ট বক্সে দেয়া থাকবে। ]#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_২ [ ২য় অংশ ]
#ইসরাত_আরা_ইতি
[ ২য় অংশ ]
বরগুনার বাগানবাড়ি এরিয়ায় প্রতিষ্ঠিত সৃষ্টি কোচিং সেন্টারের দরুণ এই রাস্তাটা দিনের বেশিরভাগ সময় মেতে থাকে। আজ বারেও মঙ্গলবার। হাটের দিন। কাঠপট্টি থেকে ফার্নিচার ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ দোকান সাজিয়ে বসিয়েছে বিভিন্ন কাঠের ফার্নিচার নিয়ে রাস্তার একটা পাশ দখল করে। লোকজন আসছে, যাচ্ছে।
গমগমে পরিবেশে একটা ক্যানকেনে পুরুষ কন্ঠ বড্ড কানে লাগছে সকলের। একটা মেহগনি কাঠের খাটের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছিলো।
“আসেন আসেন ভাইয়েরা। সেই রকমের ডিজাইন, সেই রকমের বার্নিশ। মালেশিয়ান ওয়েল দিয়ে পলিশ করা, এই মেহগনি কাঠ ঘুণে ধরবে না। সকল নতুন পুরান বিবাহিত ভাইয়েরা নিয়ে নিন। বিবাহিত জীবনে একটি মজবুত খাটের গুরুত্ব অপরিসীম। আমরা এই খাটটি ছাড়ছি খুবই স্বল্প দামে। এই সুযোগ লুফে নিন। এই মজবুত ছয় বাই সাত ফিটের খাটটি ঘরে নিয়ে ভাবীকে খুশি করে দিন, নিশ্চিন্তে ঘুমান। চমৎকার ফিনিশিংয়ের এই খাটে ক্যারক্যার আওয়াজ হবে না, ফুটবল টিম ছেড়ে দিলেও। তাই নিয়ে যান আর ভাবীকে নিয়ে নিশ্চিন্তে ঘুম দিন।”
শাদ চুপচাপ সিগারেটটাতে শেষ টান দিয়ে শলাকাটা পায়ে পিষে উঠে গিয়ে দাঁড়ায় লোকটার সামনে। লোকটা কিঞ্চিত ভ্রু গুটিয়ে নিয়ে বললো,“ভাই খাট দেখবেন? এইযে দেখেন...!”
শাদ কোনোদিকে না তাকিয়ে ঠান্ডা গলায় বললো,“তুই কি আগে মাছ বাজার ব্রিজে দাদ খুজলির মলমের হকারি করতি রে?’”
বিভ্রান্ত লোকটা আমতা আমতা করে বলল,“একটা বীজের দোকানে কর্মচারী ছিলাম। কেন?”
শাদ শ্বাস ফেলে বললো,“আগামী তিন ঘন্টা, যতক্ষণ ঐ কোচিং সেন্টারের ছাত্রীরা আসা যাওয়া করবে, তুই মুখে সিটকিনি আটকে থাকবি। একটাও শব্দ করেছিস কি থাব্রা মেরে গলা বসিয়ে দেবো। তখন কলিকাতা হারবালেও হকারি গিরি করার চাকুরী পাবিনা ফাজিল।”
আশেপাশের সবাই চুপ, শাদ তালুকদারের মুখটা বড্ড পরিচিত এ শহরে। তার সম্মুখে নির্লিপ্ততা তাদের সবথেকে নিরাপদ আচরণ। খাটের বিজ্ঞাপন দিতে থাকা সেলসম্যান ভয়ার্ত দৃষ্টিতে শাদকে কিছু পল দেখে চোখ নামিয়ে নিয়ে চুপ থাকে।
ঠিক তখনই শাদ ঘাড় বাকায় অতি পরিচিত, সুমিষ্ট স্বরটা কানে যেতেই। যে স্বরটা সে খুব কম সময়ই শুনে থাকে। মস্তিষ্ক চনমনে হয়ে ওঠে, উত্তপ্ত হওয়া মেজাজ গুটিয়ে ডানদিকে ফেরায় চোখজোড়া। দৃষ্টিতে ওর তৃষ্ণা।
“এই আমার নোট! আমার নোট! আমি কষ্ট করে লিখেছি!”
নিসা মেজাজ দেখাচ্ছে রিন্তুকে। একটা নোটবুক নিয়ে দু'জনে টানাটানি করতে করতে অগ্রসর হচ্ছে কোচিংয়ের দিকে। তবে আচমকাই দুই ষোড়শীর কদম থামলো শাদদের সামনে পেয়ে। কিছুপল বিভ্রান্ত নিসা না চাইতেও চেয়ে থাকলো শাদের চোখে। পরপর সেই চোখ নামিয়ে নোটবুক ছেড়ে দিল রিন্তুর হাতে চুপচাপ, নিচুস্বরে বললো,“চল তাড়াতাড়ি। তিন মিনিট বাকি আর।”
ওরা চলে গেলে সুব্রত তাকায় শাদের দিকে। হেঁয়ালি করে বলে,“ইটস এ ম্যাটার অফ গ্রেট হতাশা। বাচ্চা মেয়েটার বড্ড ইচ্ছে হয় তোর সামনে দাঁড়িয়ে তোকে দেখতে কিছু সময়, তুই সাহস-সুযোগ দিসনা তাই ভয়ে ওভাবে ছোটাছুটি করে। আচ্ছা চল।”
শাদ নড়ে না, বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কপালে তুলে রাখা সানগ্লাসটা ঠিক করে তাকিয়ে তাকে সৃষ্টি কোচিং সেন্টারের বারান্দায়।
_কিরে যাবিনা?
ওকে মৃদু ধাক্কা দেয় সুব্রত। শাদ মাথা নেড়ে না বলতেই অবাক গলায় বললো,“কেন?”
_আজ থাকবো। উৎসব নামের ছেলেটা গিটার নিয়ে আসবে লেকে সন্ধ্যায়। ও ঐ ছেলেটার গান শোনে দাঁড়িয়ে সবার সাথে। ওকে তখন দেখবো।
সহজ স্বীকারোক্তি দিয়ে আবার একটা সিগারেট ধরাতেই সুব্রত বলে ওঠে,“তুই ওই মেয়ের জন্য সারাদিন রাস্তায় থাকবি আজ? এটাও কি তোর জীবনের বাস্তবতা রে?”
শাদ জবাব না দিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিয়ে পেছনে তাকায়। খাটের সেলসম্যান লোকটা এখন প্রায় ফিসফিসিয়ে কাস্টমার ডাকছে,“এই ভাই! মেহগনি কাঠের মজবুত খাট এটি। দশ বছরের গ্যারান্টি। নিয়ে যান।”
রিন্তু খপ করে ধরলো নিসার বেনী। নিসা চোরের মতো মুখ করে তাকায়, দ্রুত সরে আসে জানালার পাশ থেকে। রিন্তু এইবার ওর কাঁধ চেপে বলে,“কাকে দেখছিলি?”
একটু পরে বায়োলজি ক্লাস শুরু হবে, রহমান স্যারের খোঁজে নিসা আশেপাশে চোখ বুলিয়ে কাঁচুমাচু ভঙ্গিতে মিথ্যা বলে,“কাউকে না!”
রিন্তু আরেকটু খানি ঘেঁষে দাঁড়ায় নিসার কাছে, পরে নিজেই উঁকি মারে জানালায়। দেখতে পায় শাদ ও তার বন্ধুরা তখনো বাগানবাড়ির কোণে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে।
রিন্তু তৎক্ষণাৎ নিসাকে কনুই দিয়ে গুঁতো মেরে গেয়ে উঠলো,“রং চটা জিন্সের প্যান্ট পরা ! জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা ! নীল শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা,
রাখো না কেন ঢেকে ঐ দুটি চোখ! হে নিসার সাতাশ বছর বয়সী লম্বা পাতলা ঢ্যামনা যুবক!”
নিসা ওর মুখ চেপে ধরলো, চাপা রাগ দেখিয়ে ফিসফিসিয়ে বললো,“পেকেছিস! থাম!”
রিন্তু কপাল কুঁচকে নিসার হাত সরিয়ে ওর মাথায় গাট্টা মেরে বললো,“আমি বললেই পেকেছি, আর তুই..এতো বড় একটা লোককে লুকিয়ে লুকিয়ে সবসময় দেখিস। তুই পাকিস নি?”
রক্তিম দু'টো গাল ঘুরিয়ে নিসা কলম দিয়ে খাতায় আঁচড় কাটে। রিন্তু ওর থুতনি ধরে মুখটা ঘুরিয়ে বলে,“কি হয়েছে? তাকে এভাবে দেখিস কেন?”
_জানিনাহ!
মিনমিনে স্বরে জবাব দেয় নিসা। ও সত্যিই জানে না। লোকটাকে সে কেন দেখে এই উত্তরটা ও এখনো সাজিয়ে নিজের কাছে উপস্থাপন করেনি, রিন্তুকে কি বলবে? রিন্তু ওর কানের কাছে মুখ নিয়ে বললো,“জানিস না? আচ্ছা, তোকে যদি ওনার ফোন নাম্বার দিয়ে বলে মিসড কল দিতে। তুই দিবি? রোজ কথা বলবি? খাড়াকান্দা ঘুরতে যাবি ওনার বাইকে চেপে? আরো আরো বেহায়া জিনিসগুলো করবি?”
নিসার শ্বাস বন্ধ হয়ে আসে ওসব শুনে। রিন্তু বলে,“এই শাদ ভাইয়াকে চিনিস? সেদিন কি হয়েছে শোন, ওনার ঐ বন্ধুটা, মানে নীলয় ভাইয়াকে ছ্যাঁকা দিয়েছে ঐ যে লিমা বিউটি পার্লারের মিতা আপু। তার বিয়ে ছিল সেদিন, সে নীলয় ভাইয়াকে ছেঁড়ে এক আমেরিকান সিটিজেন বিয়ে করে নিয়েছে। নীলয় ভাইয়া খুব কেঁদেছিল প্রথমে। পরে শাদ ভাইয়া কি করেছে জানিস?”
_কি করেছে ? মিতা আপুর বিয়ে ভেঙেছে নাকি?
দুশ্চিন্তা গ্রস্ত গলায় জানতে চায় নিসা।
_আরে ধূর। তোর নীল শার্ট পরা যুবক অমন গুণ্ডামি করে না।
শাদ ভাইয়া তার সব বন্ধু বান্ধব নিয়ে গিয়ে বিয়ে খেয়ে এসেছে। বিয়েতে আমিও গেছিলাম। শাদ ভাইয়াদের দেখে মিতা আপু আর তার পরিবারের লোকগুলো সারাদিনে ভয়ে দম ফেলতে পারেনি। খাওয়া দাওয়া শেষে শাদ ভাইয়াকে বর স্টেজের কাছে এগোতে দেখে মিতা আপু ভয়ে প্রায় কেঁদেই দেবে তখন শাদ ভাইয়া ঠান্ডা গলায় বলে,“কোন কেটরিং ডেকেছিস রে মিতা? গোরুর মাংসে লবণ বেশি। পোলাও সেদ্ধ হয়নি। আচ্ছা এই নে তোর গিফট।”
মিতা আপুর মুখটা যদি দেখতিস! ভেবেছিল শাদ ভাইয়া বন্ধুর হয়ে প্রতিশোধ নিতে বিয়েতে কাটি করবে।
ব্যস এটুকুই শাস্তি দিয়েছে মিতা আপুকে। ঠিক হয়েছে, অমন মেয়েদের এটুকু পাওনা।
নিসা হেঁসে ফেললো রিন্তুর কথা শুনে। হাসতে হাসতে ঘুরে তাকালো আবার জানালায়। ও এইমাত্র একটা জবাব পেলো। লোকটা এতো অদ্ভুত বলেই হয়তো ও এভাবে দেখে!
⚫
উৎসব নামের ছেলেটা রোজ বিকেলে লেকে আসে গিটার নিয়ে। বড্ড শৌখিন একটি ছেলে, রোজ বিকেলে এখানে গান প্র্যাকটিস করে, সবাইকে গান শোনায়। বৈকালিক ভ্রমণে আসা আট থেকে আশি মুগ্ধ হয়ে তার গান শোনে। লেকপাড় এরিয়ার কোচিং সেন্টারের মেয়েগুলো উৎসব ভাইয়া বলতে পাগল। নিসাও ব্যতিক্রম নয়, রোজ কোচিং শেষে এসে গান শুনে যায়। এই খবরটি শাদের নখদর্পণে।
তখনো গাইতে শুরু করেনি উৎসব,কেবল গিটারটা তুলেছে হাতে, ওপাশ থেকে নিসা আর তার দলবল ছুটে এসে দাঁড়িয়ে পরে এককোণে, ঠিক শাদদের মুখোমুখি। সুব্রত নিসাকে দেখে শাদকে খোঁচা মারতেই শাদ শান্ত গলায় বললো,“তোর আগে দেখেছি। অ্যাক্ট নরমাল! বয়েজ স্কুলের নিব্বা নই আমি যে এখন খুশিতে নেচে উঠবো!”
নিসা বোকা বোকা মুখ করে তাকিয়ে রয় সম্মুখে। এই মাত্র যেই না দৃষ্টি পরেছে লম্বা লোকটার চোখে, ফের গুটিয়েছে সমস্ত উচ্ছ্বলতা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দ্বিধাগ্রস্ত সে, চলে যাবে এখান থেকে?
উৎসব গিটারের সুর তুলে গাইতে শুরু করে,“বালিকা তোমার প্রেমের পদ্ম দিওনা এমন জনকে,
যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে,
একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে,
সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌনঝড়ে।
হও হুশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব
চোখের ফাঁকিতে, ঠোঁটের হাসিতে হয়োনা উৎসুক
বালিকা, পুড়ে যাবে সব সুখ।
শাদ চুপচাপ তাকিয়ে আছে নিসার মুখটাতে, নিসা গান শুনে তৎক্ষণাৎ মুখ তুলে দেখলো শাদকে। আবার চোখ নামিয়ে নিলো লোকটার ঠান্ডা চাউনি থেকে। ওর ভেতরটা হঠাৎ কেমন হাঁসফাঁস করছে।
“তোমার দিকে বাড়াবে সবাই ভালবাসার হাত,
কারণ তোমার কাছে আছে প্রেমের প্রপাত,
তোমার জন্য হাবা ছেলেও যেতে চাবে যুদ্ধে
আসলে কিন্তু মা বকলেই তোমায় ভুলবে,
তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পাড়াতো ভাই
প্রেম হয়ে গেলে কিছুদিন পরে দেখবে ভাই আর নাই।
কতোই শুনবে তোমার জন্য পারবে দিতেও প্রাণ
কেউবা আবার তোমায় নিয়ে লিখবে কবিতা-গান।
সব আয়োজন আসলে ঐ তোমার প্রেমের জন্য
তুমি ভেবে দেখো করবে কার জীবনটা ধন্য
নইলে, পুড়ে যাবে সব সুখ।”
আজ নিসার কি যেন হলো। গানটা শুনে গোলগাল ফর্সা মুখটা ফ্যাকাসে হলো ক্রমশ। পুরোপুরি আর শুনলো না আজ উৎসব ভাইয়ার গান। রিন্তুর হাত ধরে চলে গেলো সেখান থেকে, চুপচাপ, ঠিক যেভাবে পালিয়ে যায়। যাওয়ার আগে একটি বার তাকালো ও না নীল শার্ট পরিহিত লোকটার দিকে,যাকে সেও দেখে সবসময়।
শুধুমাত্র শাদ যেভাবে চুপচাপ দাঁড়িয়ে ছিলো,সেভাবেই দাঁড়িয়ে আছে।
সুব্রত আর বাকিরা গান শুনে বেশ বিরক্ত চোখে তাকিয়ে আছে উৎসব নামের ছেলেটার দিকে। গানটা শেষ হতেই যখন জায়গাটা ফাঁকা হলো, ওমর গিয়ে উৎসবের সামনে দাঁড়িয়ে বললো,“আর কোনোদিন যেন এই গানটা গাইতে না দেখি ছোটোভাই।”
বিভ্রান্ত উৎসব, ভীত গলায় বললো,“কেন বড় ভাইয়েরা?”
সুব্রত জবাব দিলো,“দুনিয়ার সব বালিকাকে সতর্ক করার ঠ্যাকা নিয়ে রেখেছিস নাকি রে ভাই? এখন থেকে রোজ দু'টো প্রেমের গান গাইবি।
পরিবেশ নষ্ট করবে না এসব সতর্কবাণী গেয়ে। বালিকারা প্রেমের পদ্ম নিয়ে না এগোলে তোমার বড় ভাইদের ভীষণ কষ্ট হবে।”
উৎসব ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রইল ঠাঁয়। শাদ গিয়ে চুপচাপ বাইকে উঠলো। হঠাৎ করে ভীষণ রকমের অস্বস্তি তাকেও জেঁকে ধরেছে। কি হয়েছে, কেনো হয়েছে বুঝতে পারছে না ও।
গোটা সন্ধ্যা কাঠপট্টির মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিয়েছে। ঠিক আড্ডা দেয়নি, চুপচাপ দাঁড়িয়ে ছিল ও। সুব্রত ভীষণ চিন্তায় পরে গেল বন্ধুকে নিয়ে, তবে সাহস করে আর কিছু জানতে চাইলো না।
রাত তখন এগারোটা প্রায়, শাদ ওখানেই দাঁড়িয়ে ছিল। চুপচাপ। একেবারে চুপচাপ। বাড়ি থেকে শাহনাজ কল করলেও ধরেনি। বন্ধুরা ওর কাছে থাকতে চাইলেও ও পাঠিয়ে দিয়েছে সকলকে। আধাঘণ্টার মতো একাই দাঁড়িয়ে ছিল। কিন্তু হঠাৎ কোথা থেকে ছুটতে ছুটতে এলো ওমর, চেঁচিয়ে শাদকে বললো,
“ভাই শাদ, আবার বের করে দিছে ঐ মেয়েরে ঘর থেকে। ব্রাঞ্চ রোডে ভিড় জমছে। বুঝি না ওর বড় বোনটা কি বলদ নাকি?”
শাদ অবিচল ওমরের মুখের দিকে তাকিয়ে থাকে মিনিট খানেক। কথাটা বুঝতে সময় নেয়।
পর পর হাতের সিগারেটটাতে শেষ টান টা দিয়ে টুকরোটা পায়ে পিষে ঘড়িতে সময় দেখে। রাত তখন সাড়ে এগারোটা প্রায়। কাঠপট্টির ওমাথার শেষ দোকানটির শাটার নামিয়ে ধীরেণ রায় নিজের বাইক চালু করে বাড়ির রাস্তা ধরে। দৃষ্টি এক ঝলক সেদিকে বুলিয়ে শান্ত গলায় ওমরকে বলে,“ওর কি আঠারো হয়েছে রে?”
_রিন্তুর কাছে শুনেছি হয়নি। সাড়ে ষোলো।
শাদ টান টান হয়ে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিলো। ও আসলে শ্বাস নয়,নিলো এক কঠিন সিদ্ধান্ত। সিদ্ধান্তটা নিতে গিয়ে শাদ তালুকদারের ঘাম ছুটে গিয়েছে। আজ গোটা সন্ধ্যার ঘাম।
“চরকলোনির হুজুররে টাকা দিলে বিয়ে পড়িয়ে দেবে না?”
ওর কথায় এক নিমিষেই ওখানে দাঁড়িয়ে থাকা তিনটা চোয়াল হা হয়ে ঝুলে পরতে চায়। ওরা শুরুতে এক মুহুর্তের জন্য ভেবেছিল শাদ ফাজলামি করছে। কিন্তু শাদের চির গম্ভীর মুখটা বুঝিয়ে দিল,শাদ ফাজলামি করার ছেলে নয়। ওমর চাপা স্বরে চিল্লিয়ে বলে ওঠে,“বাল্য বিবাহ করবি?”
পকেট থেকে মানিব্যাগ বের করে টাকার পরিমাণ দেখছে শাদ। জবাব টা দেয় শান্ত গলায়,“মুসলিম বিবাহ করবো। আমার বয়স হয়েছে, ওরও বয়স হয়েছে। চেহারা দেখে তোদের মনে হয়না দুই একটা বাচ্চা অনায়াসে পালতে পারবে ঐ মেয়ে? হাবলি হলে হবে কি? হাট্টাগাট্টা আছে। মনে তো হয় সংসারী হবে?”
ওরা তখনও অবিশ্বাসের ঘোরে। সুব্রত বলে,“আর এতদিন যে বাস্তবতার কথা বলতিস? বাস্তবতা এই, বাস্তবতা সেই। ওসব?”
ওয়ালেট টা পকেটে ঢুকিয়ে নিজের বাইকে চেপে বসে এবারো শান্ত গলায় জবাব টা দেয় শাদ।
“বাস্তবতার গুষ্টি কিলাবো। আমার বৌ পালা আর খাওয়ানোর গাটস আছে। তুই কাজি আন। কাঁদতেছে নাকি রে?”
_তা দেখিনি।
_কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে?
_এই আড়াই ঘণ্টা তো হবেই।
এবার একটু মেজাজ উঠলো শাদের, আপনমনেই বিড়বিড় করলো,“ডেঙ্গুর সিজন। নিশ্চয়ই মশায় কামড়ে তামা তামা করে ফেলছে। যদি এমন কিছু হয়না, ওর বোন দুলাভাইকে আমি চিবিয়ে খাবো দেখিস,তাও লবণ ছাড়া।”
⚫
আশেপাশের বাড়ি থেকে উঁকি মারছিলো সকলে। পাশের দু ঘর থেকে আওয়াজ এসেছিল যদিও,“এই নিসা! আমাদের ঘরে আয়। রিমার আর জামাইয়ের মাথা ঠান্ডা হলে ও ঘরে যাস।”
নিসা যায়নি। হাতের ব্যাগটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখের পানি শুকিয়ে লেপ্টে আছে ফর্সা দু'টো গালে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিকই মশার কামড় খেয়েছে।
ব্রাঞ্চ রোডের চার-দুই-পাঁচ নাম্বার বাড়িটা এখন নিশ্চুপ। ঝগড়া কি থেমেছে? হাড়ি পাতিল ভাঙার শব্দ আসছে না আর!
আচ্ছা নিসা এখন কি করবে? ও বেহায়ার মতো ঘরে ঢুকে যাবে? কেউ তো ডাকতে এলো না!
রাত বাড়ে, কমে ব্রাঞ্চ রোডের ভিড়। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকা মানুষ গুলোর ঘুম পাচ্ছে তাই চলে যাচ্ছে। নিসার ঘুম পাচ্ছে না, তার মাথাভর্তি টেনশন।
আগামীকাল নির্বাচনী পরিক্ষা শুরু। ও একটু পড়তে বসবে না? কাল বাংলা প্রথম পত্র।
নিসার চোখ ঘোলাটে হয় আবার। ঘোলাটে চোখে দেখে সম্পূর্ণ রাস্তায় সে একা দাঁড়িয়ে। ভেতর থেকে কেউ তখনো এলো না, আবার শুনলো কেউ কাউকে “কুত্তার বাচ্চা” বলে গালি দিলো। আবার ঝগড়া শুরু হয়েছে ভেতরে। আপু কি মারামারি শুরু করেছে দুলাভাইয়ের সাথে?
নিসা চোখ বন্ধ করে শ্বাস ফেলে। পর পর আচানক চোখ দু'টো খুলে যায় বাইকের হেডলাইট চোখে পরতেই । গুটিয়ে গিয়ে ওড়না সামলে দাঁড়ায় নিসা। আড়ষ্ট ভঙ্গিতে পেছনে এক কদম পিছিয়ে চোখ বড় বড় করে দেখে মানুষটাকে।
মানুষটা বরাবরের নেয় শান্ত ভাব বজায় রেখে তার দিকে এগোয়। নিসা এলোমেলো দৃষ্টি ফেলে। কেন এসেছে এ? এ কি লজ্জা! এই মানুষটার সামনে সে এতটা লজ্জায় পরতে চায়নি। এ যদি জানে নিসাকে ঘর থেকে বের করে দিয়েছে তবে নিসার জন্য সেটা লজ্জারই বটে!
শাদ গিয়ে চুপচাপ নিসার ঠিক সামনে দাঁড়িয়ে একবার উঁচু হয়ে উকি দেয় চার-দুই-পাঁচ নাম্বার বাড়ির ভেতরে। বাড়ির ভেতরকার ঝগড়া তখন তুঙ্গে।
শাদ এইবার রাখলো নিসার ভেজা ভেজা চোখ দুটোতে তার গাঢ় দু'টো চোখ, এবং বেশ শান্ত স্বরে বলল,“আমাকে বিয়ে করবা?”
চলমান......
[ প্রিয় পাঠকেরা, এই গল্পটিতে সবগুলোই কেন্দ্রীয় চরিত্র। কোনো বিশেষ নায়ক নায়িকা আমি রাখিনি। ]