ফন্ট সাইজ:
থিম:
মেসার্স তালুকদার এ্যান্ড সন্স

পর্ব 12

লেখক: ইসরাত ইতি

#মেসার্স_তালুকদার_অ্যান্ড_সন্স
#পর্ব_১২
#ইসরাত_আরা_ইতি

পুরনো দালানের তেরো নাম্বার কেবিনের সামনে গিয়ে পা থামে মূর্ছনার। এতক্ষণ অবশ্য দূর্বল কদমে, মেঝে ঘঁষেই হাঁটছিল। গন্তব্যে যাওয়ার প্রতি তুমুল অনীহা ওর মাঝে। কিন্তু উপায় কি? এখানে সবাই নিরুপায়। পাশ থেকে সুপ্তি বলে,“আরে ভেতরে ঢোক। দেরী হলে আরেক ঝামেলায় পরবি।”

মূর্ছনা বুক ভরে শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করে, কিন্তু কন্ঠে আতঙ্ক রয়েই যায়, ফিসফিসিয়ে বলে,“প্রমিজ কর তুই এখান থেকে নড়বি না?”

_আচ্ছা প্রমিজ। যা না এখন।

ধাক্কা খেয়ে মূর্ছনা দরজা ঠেলে ভেতরে ঢোকে কেবিনের। দৃষ্টি মেঝেতে রেখেই বিনীত স্বরে বলে,“স্যার আসসালামুয়ালাইকুম। আসতে পারি?”

ডাঃ খলিলুর রহমান চোখ তুলে বলে,“যাতে আসতে পারো সেজন্যই ডেকেছি।”

মূর্ছনা বেশ অবাক হয়। এই অসভ্য, জানোয়ার লোকটা মধু না ঢেলে কথা বলতে চায়না মূর্ছনার সাথে। আজ এতো রুক্ষ কেন বাচনভঙ্গি? সে যে কারণেই হোক, মূর্ছনা একটু স্বস্তি পায়। এর গুড বুকে থাকার চেয়ে চোখের বিষ হওয়া ঢের সম্মানের।

খলিলুর রহমানের তীক্ষ্ম দৃষ্টি মূর্ছনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে‌‌। কালো রঙের সুন্দর গঠনের শরীরের মেয়েটির মাঝে অন্যরকম একটা আকর্ষণ লক্ষ্য করে খলিলুর সবসময়। তার কারণ মেয়েটির চোখে মুখে লেগে থাকা আত্মবিশ্বাস আর দম্ভের ছটা। খলিলুর রহমান আত্মবিশ্বাসী মেয়েদের ভীষণ পছন্দ করে। এই ধরণের মেয়ে, বিশেষ করে ঐ সময়টিতে খুব ভালো “পারফর্ম্যান্স” দেখায়। এটা বেশ তৃপ্তিদায়ক ব্যাপার।

কুৎসিত এসব কথাগুলো ভাবতে ভাবতে খলিলুর কুৎসিত একটা হাসি দিয়ে গা জ্বালিয়ে দেয় মূর্ছনার। মূর্ছনা বলে ওঠে,“স্যার আমাকে ডেকেছিলেন কেন?”

একটু বিরক্তি ভাব দেখিয়ে কাঠ কাঠ গলায় খলিলুর বলে,“ইদানিং তোমার নামে একটা কথা কানে আসছে।”

_কি স্যার?

_হসপিটালে রিজার্ভ না থাকলেও তুমি পেশেন্টদের সামনে বলে দিচ্ছো রিজার্ভে ওষুধ পত্র আছে। ব্যাপার কি?

মূর্ছনা বুঝতে পারে এই ওষুধের পানি অনেক দূর অবধি গড়াবে বলেই আজ তাকে এখানে ডাকা হয়েছে। বহুকাল আগে একটা ভয়ংকর বাজে অভিজ্ঞতার পরে বড় ম্যামের চোখে শত্রু হয়েছে মূর্ছনা। সুযোগ পেলেই খাটিয়ে মারে তাকে। আজ এই লোক সরাসরি বোধহয় তার টুটি চেপে ধরবে। শুধু মূর্ছনা একটু দম নিয়ে নেয়, আজ যদি এখানে কিছু ঘটে, ও একটা খুন করে বেরুবে, এটাই শেষ কথা। সেসব ভেবেই নিজেকে শক্ত করে দাঁড়িয়ে থাকে। খলিলুর কিছু ঘটায় না। সে এতো বোকা না। হালকা গলায় বলে,“বলো?”

_স্যার দুঃখিত। ভুল করে করেছি। আর হবে না।

মূর্ছনা অল্প কথায় কেটে পরতে চায়। কিন্তু পারে না। খলিলুর ওকে আঁটকে দিতে বলে,“তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও।”

আত্মা কেঁপে ওঠার মতো কথা। মূর্ছনার মুখ থেকে রক্ত সরে যায়। অস্ফুটে বলে,“স্যার আমি আপনাকে বিনীত অনুরোধ করেছি সেদিন, আমার দ্বারা...!”

_কথা বলবে শুধু।

_স্যার আপনি আমার বাবার বয়সী,সংযত হোন, বারবার বলছি।

খলিলুর হেসে বলে,“সংযত হয়ে আমি কোথায় যাবো আর তুমি কোথায় যাবে? আমি এখানে আছি পাঁচ বছরের মতো,তোমাকেও তো.....”

শেষের কথাটা কিসের ইঙ্গিত দিচ্ছে মূর্ছনা বুঝতে পেরে ভেতরে ভেতরে জমে যায়। আর বুঝি ওর নার্সিং পড়া হবে না ! বাক্স পেটরা গুছিয়ে অচিরেই চলে যেতে হবে এখান থেকে।

খলিলুর বলতে থাকে,“আরে নাম্বারটা দাও নয়তো আমারটা নাও। নাও। কথা বলে দেখো। জোর করছি না তো। মানুষকে তো বুঝতে হলে তার সাথে কথা বলতে হয়‌ আগে। কথা বলো,তারপর দেখবে আমি তোমার বাপের বয়সী নাকি না। আচ্ছা মূর্ছনা তুমি একদিন বলেছিলে তোমার মায়ের কোমরের একটা হাড্ডি ভাঙা। তো রিপোর্ট গুলো আমাকে একবার দেখাতে পারো।”

মূর্ছনা অসহায় চোখে তাকিয়ে থাকে অমায়িক ভঙ্গিতে অথচ কুৎসিত মনোভাব নিয়ে কথা বলতে থাকা বিশালদেহী লোকটার দিকে। একবার ঘাড় ফিরিয়ে দরজায়ও তাকালো। পর পর বেশ লম্বা একটা শ্বাস ফেলে বললো,“স্যার দুঃখিত সম্ভব না। আমি রিকোয়েস্ট করছি আপনাকে। আপনি এসব অব্যাহত রাখলে.....”

_কি করবে? অথরিটিকে কম্প্লেইন করবে?

বলতে বলতে খলিলুর রহমান ঠান্ডা একটা হাসি দিল। মূর্ছনার মনে হলো সে তার জীবনের সবচেয়ে ভয়ংকর হাসিটা দেখে নিয়েছে। থেমে থেমে, ধরা গলায় বললো,“না কাউকে কম্প্লেইন করবো না। শুধু নার্সিং পড়াটা ছেড়ে দিতে হবে।”

কথাটা কোনোমতে বলেই মূর্ছনা কেবিন থেকে ছুটে বাইরে নামে। খলিলুর দরজার দিকে তাকিয়ে আবারও ঠান্ডা একটা হাসি দিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পরলো।

বাইরের করিডোর হয় পশ্চিমে মেডিসিন রিজার্ভেশন কর্ণার ঘুরতেই মূর্ছনার হাত টান দিলো সুপ্তি। বিরক্তির সুরে জানতে চাইলো,“কি ব্যাপার হাটছিস তো হাটছিস। ডাকছি অথচ দাড়াচ্ছিস না। ঐ খবিশটা কি বললো তোকে?”

উদাস চোখ দু'টো তোলে মূর্ছনা। নিস্তেজ গলায় বলে,“আবার নাম্বার দিতে চেয়েছে। আমারটাও চেয়েছিলো।”

সুপ্তির মুখটা অস্বাভাবিক বেজার হয়, ভীত গলায় বলে,“থ্রেট ফ্রেট দিয়েছে কোনো?”

মূর্ছনা আবার হাঁটতে শুরু করে, এবার সহজ গলায় বলে,“না দেয়নি, ইঙ্গিত দিয়েছে আমার নার্সিং পড়ার শখ ঘুচিয়ে দেবে।”

সুপ্তি মুখ চেপে মৃদু আওয়াজ করে,“এবার তবে?”

_তবে আবার কি! নার্সিং পড়া ছেড়ে দেবো। এমন জানোয়ার আর এই দালাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আছে আমার? ওরা তো রাতে ডাক্তারদের কেবিনে নার্স কিংবা নার্সিং স্টুডেন্ট ঢুকিয়ে দেওয়ার জন্য মোটা টাকা পায়। ভীষণ মোটা হয়েছে এদের রগ। এই সিন্ডিকেট ভাঙার ক্ষমতা আমার নেই। ইজ্জত থাকতে থাকতে এখান থেকে কেটে পরতে হবে বুঝলি।

_আচ্ছা হতাশ হোস না ভাই। দেখ আর বাড়াবাড়ি করার চেষ্টা করে কিনা এই বদ...

সুপ্তি কথাটা শেষ করতে পারলো না। হেলথ অফিসার বদরুল এসে দাঁড়ায় ওদের সামনে। তার মধ্যে ভীষণ তাড়াহুড়ো ভাব লক্ষ্য করা যাচ্ছে। মূর্ছনাকে পা থেকে মাথা একঝলক দেখে বললো,“এই যে তুমি এখানে। তুমি,সুপ্তি, তামান্না আর রমা চলো। কোভিড ভ্যাকসিন কর্ণারে। জেসমিন আর বাকিরা ছুটিতে। তোমাদের বড় ম্যাম শিফট দিয়েছে ওখানটায়।

মিনহাজ প্যান্টের পকেট হাতড়ে বেরাচ্ছে বিগত পাঁচ মিনিট যাবত। ওয়ালেট বাড়িতে ফেলে এসেছে তাড়াহুড়োতে। সদর হাসপাতালের কোভিড ভ্যাকসিন কর্ণারের ভিড় দেখে তার মাথাটাও গরম হচ্ছে ক্রমশ। এর মাঝে তুহিন এসে নেতার পাশে দাঁড়িয়ে বলে,“ভাই ওয়ালেট নিয়ে এতো দুশ্চিন্তা করতে হবে না। টাকা আনিয়ে দেবো বাড়ি থেকে। আপনি বসেন তো, বসেন।”

মিনহাজ ভীষণ কর্কশ স্বরে বলে,“শালা ওয়ালেট টা খুব দরকারি আমার। কত ডকুমেন্ট আছে পেনড্রাইভে। তোর ভাবির হাতে পরলে খবর আছে।”

_ভাবি কি ঐসব দেখবে নাকি খুঁচিয়ে?

_হু। মেয়ে মানুষের স্বভাবটা এমনই।

মানিব্যাগের জন্য মিনহাজের দুশ্চিন্তা বাড়ছে। ভ্যাকসিনটা দিয়ে দৌড়াতে হবে বাড়িতে। এদিকে ভিড়ের মধ্যে মেজাজ উঠছে লাল পাহাড়ের চূড়ায়। একা একা গজ গজ করতে করতে বলে,“এই মানকির পুতদের একটু তাড়াতাড়ি করতে বল তো। যুবলীগ নেতাকে দাড় করিয়ে রাখে কত্ত বড় সাহস। এই, এইসব সিস্টেমের পুন মারার সময় আছে আমার? দুইটা মিটিং ফেলে এসেছি। প্যান্ট পরার মতো সময় নাই আমার। এতো ব্যস্ততা।”

তুহিন হঠাৎ দাঁত বের করে বলে ওঠে,“ভাই প্যান্ট তো আপনার পরনে এমনেও থাকেনা সারাদিন।”

কথাটা বলেই তুহিন ঢোক গিলে তাকায় মিনহাজের দিকে। মিনহাজের লাল চোখ দু'টো তার মুখে স্থির। কিছুক্ষণ ওকে চোখ দিয়ে গিলে খেয়ে হঠাৎ মিনহাজ চেঁচিয়ে ওঠে,“এই ভলান্টিয়ারের দল। আর কতক্ষণ? কতক্ষন দাঁড়িয়ে থাকবো আমি। শনিতে তোমাদের ইয়ে মারছে নাকি? ফাজলামি করতেছো আমার সাথে?”

মূর্ছনার মন মেজাজ এমনিতেই বিক্ষিপ্ত ছিল সকালের ঐ ঘটনাগুলোর পরে । সার্কিট হাউস মাঠে মারপিটের ঘটনা, ডাঃ খলিলুর রহমানের ঘটনা, মনে পরলেই মুখটা তেতো হচ্ছে বারবার। এবার রাগ আর বিতৃষ্ণায় কেবিন থেকে বেরুতে বেরুতে বলে,“এই লোককে একটু দেখছি।”

সুপ্তি চোখ কপাল তুলে ডাকলো ওকে,“মূর্ছনা খবরদার উনি এখানকার যুবলীগ নেতা। সামলে কথা বলিস।”

এতো ভিড়ের মাঝে ও কথা মূর্ছনা শুনতে পেলো না। হন্তদন্ত হয়ে গিয়ে মিনহাজের সামনে দাঁড়িয়ে শীতল স্বরে বলে,“আপনাকে তো বলা হয়েছে ভাইয়া, আগে বাচ্চা ও মহিলারা। আজ ব্রাদারেরা আসেনি বলে পুরুষদেরও আমাদের ভ্যাকসিন দিতে হবে। কিপ পেশেন্স। চেল্লাবেন না, পাশে প্রসূতি ওয়ার্ড।”

_আরে রাখো তোমাদের জ্ঞান। আমাকে শুরুতে কেন তবে বলা হয়েছিল আর পাচ মিনিট?

_ভাইয়া ওরা জানতো না আজ ব্রাদারেরা নেই তাই।

_ও আমি জানি না, আমায় এখন ভ্যাকসিন দিতে হবে নয়তো আজ সারাদিন এখানে কোভিডের ভ্যাকসিন বন্ধ,ওকে?

এইবার মূর্ছনা মেজাজের নিয়ন্ত্রণ হারিয়ে চিল্লিয়ে ওঠে,“মগের মুল্লুক নাকি? একটা সিস্টেম আছে তো সবকিছুর! এমন বেহুদা চিল্লাচিল্লি করেন কেন? ব্যস্ততা সবার আছে। ঐ যে ঐ মহিলা, ওনার ব্যস্ততা নেই? ঐ বাচ্চাটার ব্যস্ততা নেই? অযথা চেল্লাবেন না, গালাগালি করবেন না, এখানে কুত্তার ভ্যাকসিন দেওয়া হয়না, সেজন্য পশু হাসপাতাল যান।”

মিনহাজ হা করে তাকিয়ে থাকে তার সম্মুখে দাঁড়ানো কালো মেয়েটির রাগী মুখটাতে। সে রীতিমতো হতবাক। ততক্ষণে মূর্ছনা হন্তদন্ত হয়ে ভ্যাকসিন স্টোর রুমে গিয়ে ঢোকে।
এদিকে তুহিন মিনহাজের দিকে তাকায় ভয়ে ভয়ে। ঘোর কাটিয়ে মিনহাজও তুহিনের দিকে তাকিয়ে বলে,“এই কালিতাড়ার পরিচয় জানিস? কতদিন ধরে এখানকার নার্স? হেড নার্স রুমিন তো কখনো বলেনি আমাকে!”

মাথা নাড়ে তুহিন,“নার্স না। সম্ভবত স্টুডেন্ট।”

_আচ্ছা একটু ঘেটে বের করিস তো পরিচয়টা।

মূর্ছনা স্টোর রুমে রমাকে পেল, বললো,“এই ওই লোকটাকে আগে ভ্যাকসিন দিয়ে আয়। ওনাকে বিদায় কর। অসহ্য লাগছে আমার ওনাকে।”

রমা বেরুতেই সুপ্তি গাট্টা মারলো মূর্ছনার মাথায়,“করেছিস কি তুই? ওটা যুবলীগ নেতা মিনহাজ সিদ্দিক। তুই কি ঝামেলা না বাধিয়ে থাকতে পারিস না?”

মূর্ছনা কিঞ্চিত আতঙ্কিত হয় মিনহাজের পরিচয় জেনে। কিন্তু তাৎক্ষণিকভাবে মুখটা তিনগুণ লাল করে রাগ ঝাড়ে সুপ্তির ওপর,“সব ঝামেলা আমি বাঁধাই না। তোরা আমাকেই পাঠাস সবকিছু হ্যান্ডেল করতে। তাই আমি ফেসে যাই।”

কল বাজছে মূর্ছনার। রাগ সামলে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মূর্ছনার মা ডাকলো ওকে। মায়ের গলা পেয়ে মন মেজাজ গলে গিয়ে এবার কন্ঠে কান্না চাপলো মূর্ছনার।

ওপাশ থেকে দরদী গলায় বললো,“কি হয়েছে? তোর গলা এমন কেন? অনেক বেশি চাপ পড়াশোনার মা?”

_হুম।
মূর্ছনা কান্না আঁটকে বলে।

_হুম হুম কি করছিস?

_আম্মু।

_হ্যা বল।

মূর্ছনা অতি আবেগী গলায় হঠাৎ বলে দিলো,“পড়াশোনা আমার দ্বারা হবে না সম্ভবত। নার্সিং পড়া খুব ঝামেলার। চাচা চাচীকে বলো পাত্র দেখতে। আমি বিয়ে করে নেবো।”

⚫

বিকেলের সময় তখন চারটা ছাব্বিশ। শাদ ভাত খেয়ে এক ঘণ্টার মতো ভাত ঘুম দিয়েছিল,তখন নাফিয়ার কল পেয়ে ছাড়তে হলো বিছানা।
শাওকি মারামারি করেছে উপজেলা চেয়ারম্যানের ছেলের সাথে, এ নিয়ে সালিশ বৈঠক বসবে উপজেলা পরিষদের মাঠে।
বিষয়টা থানা পুলিশ অবধি যেতে দেয়নি অসীম আর উপজেলা চেয়ারম্যান মাহতাব, উভয়ের ঘনিষ্ঠ লোকজনেরা। সিদ্ধান্ত নিয়েছে নিজেরা নিজেরা বিচার করবে এই ঝামেলার।

বিছানা ছেড়ে উঠে তাড়াহুড়ো করে শার্ট খুঁজছে শাদ। নিসা তখনো ঘুমাচ্ছে। বৃষ্টি পেয়ে কাঁথা মুড়ি দিয়েছিল। শার্ট খুঁজে না পেয়ে শাদ ডাকলো নিসাকে,“নিসামনি উঠবে? একটু বাইরে বেরুবো আমি। শার্ট গুলো কোন চিপায় রেখেছো? নিসামনি?”

নিসার ঘুম ভাঙ্গে না। শাদ এগিয়ে গিয়ে বিছানার একপাশে বসে ধীরে ধীরে মাথার কাছ থেকে কাঁথা সরিয়ে দেখলো ঘুমন্ত মুখটা। মুখটা দেখে বড্ড মায়া হলো শাদের। কানায় কানায় ক্লান্তি আর পড়াশোনার চিন্তা যেন! অনেক রাত অবধি পড়াশোনা করে রোজ।
আর ঘুমটা ভাঙালো না ওর,চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণের জন্য দিন দুনিয়া ভুলে রইলো শাদ। তাকালো নিসার শরীরে। তখন ওড়না পরা নিয়ে কথা শোনানোর কারণে এখন ঘুমোতে এসেও গলায় ওড়না পেঁচিয়ে ঘুরিয়ে এনে গা ঢেকে শুয়েছে। গলায় ফাঁস পরবে একটু বেতাল হয়ে ঘুরলেই। হাসলো শাদ ব্যাপারটাতে। পরপর হাত বাড়িয়ে সহজ ভঙ্গিতে, কোনোরূপ সংকোচ ছাড়াই গলা থেকে ওড়নাটার প্যাঁচ খুলে শরীর থেকে সরিয়ে ঝুকলো নিসার মুখের কাছে। আরো কাছ থেকে গভীর নিদ্রায় নিমজ্জিত মুখটা দেখতে দেখতে, আঙ্গুল দিয়ে কপালে লেপ্টে থাকা চুল গুলো সরিয়ে দিতে দিতে বলল,“এভাবে ওড়না বাইরের লোকদের জন্য গাঁয়ে জড়াবে। আমার জন্য নয়। আমার সামনে থাকলে খুব সম্ভবত আমি ওড়নাই রাখতে দেবো না গায়ে। বুঝেছি তোমাকে আরো বড় হতে হবে নিসামনি, বুঝতে শিখতে হবে ওড়নার প্রয়োজনীয়তা কোথায় ঠিক কত টুকু। বাইরে ১০০ পার্সেন্ট। স্বামীর সামনে জিরো পার্সেন্ট! কোনোটা হেরফের হলে সেটা এক্সেস বলে গণ্য হবে।”

বলেই শাদ হাসলো। কথা শুনে ঘুম আলগা হলো নিসার, নড়েচড়ে উঠে চোখ পিটপিট করে তাকিয়ে হাই তুলতে তুলতে বলল,“বলেছেন কিছু?”

_হুম। শার্ট খুঁজছিলাম।

_আমার ব্যাগে। কই যাচ্ছেন?

_একটু কাজে। তুমি শুয়ে থাকো। আমি বাইরে থেকে দরজা আটকে যাচ্ছি।

নিসা আর উঠলো না, সত্যিই ভীষণ ক্লান্ত সে। আরেকটু ঘুমিয়ে নিলে মন্দ নয়, রাত জেগে পরবে না হয়।

শাদ শার্ট পাল্টে দরজা আটকে ভীষণ ব্যস্ত হয়ে বাইকে চাপলো গিয়ে। পথ থেকে তুলে নিলো সুব্রতকে। বাইক গিয়ে থামলো উপজেলা পরিষদের গেটে। সেখানে তিন চারটা প্রাইভেট কার পার্ক করে রাখা। দাড়োয়ান শাদকে দেখে গেট খুলে দিল চুপচাপ। শাদ বললো,“সালিশ শুরু হয়েছে?”

_না উপজেলা চেয়ারম্যান আসেনি, আসছে।

হাঁফ ছাড়লো শাদ। একদম ছুটতে ছুটতে ঢুকলো ভেতরে, বৈঠক খানায়। সুব্রত উদ্বিগ্ন হয়ে পেছনে ছুটছে,“ভাই সব মুরব্বিরা। কিছু উল্টাপাল্টা করবি না খবরদার।”

বৈঠকখানার এক কোণে মাথা নিচু করে বসে আছে শাওকি। তার পাশের চেয়ারটাতে বসিয়ে রাখা হয়েছে সাফোয়ানকে। মজলিসের পরিবেশ বেশ গুরুগম্ভীর। সবাই উপজেলা চেয়ারম্যানের জন্য অপেক্ষারত। অসীম বুকে হাত বেঁধে ঝিমুচ্ছে, দৃষ্টি তার ছোটো ছেলের মুখটাতেই নিবদ্ধ। শাওকি মুখ তোলেনা এখন আর, দুপুর থেকে বাবার কাছে নিজের হয়ে সাফাই গাইতে গাইতে শেষ ও। এখন ক্লান্ত।

শাদ গিয়ে দাঁড়িয়ে পরলো একপাশে। ওকে দেখে মুরব্বিরা সকলে নড়েচড়ে উঠলো। সবার কপালে দুশ্চিন্তার রেখা জমেছে, এই ছেলে কিছু একটা বেগতিক করবে নির্ঘাত, সেই ভয় জেঁকে ধরেছে। এর মাঝে উপজেলা চেয়ারম্যানও এসে উপস্থিত। শাদকে দেখেই তিনি তাকান অসীমের দিকে। অসীম মেজো ছেলেকে বললো,“তুমি এখানে? সালিশে তো তোমাকে দাওয়াত দেয়া হয়নি!”

_আমি ওর বড় ভাই। আমার বাপ মা আমার পরে ওকে পৃথিবীতে এনেছে। ছোটো থেকে দেখেশুনে রেখেছি। ওর আচার আচরণের দায়ভার কিছুটা আমারও। ও একটা অন্যায় করেছে, সালিশ বিচার হবে, সেখানে আমি থাকবো না?

শাদের শক্ত গলার জবাব শুনে সকলে থিতু হলো কিছুটা। উপজেলা চেয়ারম্যান শান্ত গলায় বলে,“আচ্ছা বসো।”

শাদ বসে না। শাওকির দিকে তাকিয়ে বলে,“একটা মেয়ের জন্য মারামারি করেছিস?”

এই কথাটিতে ফোড়ন কাটে ইউনিয়ন সচিব। বলে,“হুম। মেয়েটা ওর কিছু লাগেও না।”

শাদ চুপচাপ ভাইকে দেখে যাচ্ছে, শাওকি মাথা তোলেনা। শাদ বলে,“ও কি বলেছিল মেয়েটাকে?”

এবার শাওকি মাথা তোলে, ভাইয়ের কঠিন মুখটা হঠাৎ তাকে বেশ ভরসা দিচ্ছে। এখানে তার ভাইয়া আছে তার পাশে। বুঝে নিয়ে বলল,“খুবই খারাপ কথা। আমি মুখে উচ্চারণ করতে পারবো না ভাইয়া।”

অসীম চোখ তুলে ছোটো ছেলেকে দেখেন। সারা দুপুর রাগে ফুঁসতে থাকলেও এখন তার ছোট ছেলের জন্য বুকটা পুড়ছে খুব। ইচ্ছে করছে চেঁচিয়ে সবাইকে বলতে,“ সালিশের গুষ্টি কিলাই,তোমরা মামলা দিলে দাও,আমি আমার ছেলেকে নিয়ে চললাম। বেশ করেছে আমার ছেলে মারামারি করে।”

কিন্তু অসীম বললো না, সাফোয়ানের মাথায় ব্যান্ডেজ, এমন ভাবে পাগলের মতো যে ছেলে মারামারি করে তার জন্য এতো গলা ফাটানো অনুচিত। এতে লাই পেয়ে যাবে পরবর্তীতে, হয়ে যাবে শাদের মতো।

শাদ বললো,“আচ্ছা বলতে হবে না।”

পাশ থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকন বলে ওঠে,“সে খারাপ কথা হয়তো বলেছে। নিশ্চয়ই মেয়েটার পোশাক আশাক ঠিক ছিল না। তাই বলে এভাবে মারবে? ওর নামে বিচার দিয়ে দিতে ওর বাবার কাছে।”

চেয়ারম্যানের এই একটা কথাই শাদ-শাওকি,দুই ভাইকে জ্বালিয়ে দিতে সক্ষম হলো। দাউদাউ করে জ্বলে উঠে ধরলো ভাইয়ের হাত। টেনে তুললো শাওকিকে। ক্ষিপ্ত শাওকি চেয়ারম্যানকে কিছু বলবে তার আগেই শাদ ওকে থামিয়ে দিয়ে ওখানে উপস্থিত প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বললো,“ঠিক বলেছেন। মেয়েটাকে সামান্য বাজে কথা বলায় এভাবে ওর মারাটা উচিত হয়নি। ওর ওকে ভর্তা বানিয়ে সার্কিট হাউসে গেড়ে আসা উচিত ছিল।”

উপজেলা চেয়ারম্যান উঠে দাঁড়ালেন, তিনি এবারো শান্ত গলায় বললেন,“শাদ তোমার বাবার দিকে তাকিয়ে আমি থানাপুলিশ করিনি। তুমিও যদি এভাবে....!”

চিল্লিয়ে উঠলো শাদ,“সালিশের গুষ্টি কিলাই,আপনারা মামলা দিলে দিন,আমি আমার ভাইকে নিয়ে চললাম। বেশ করেছে আমার ভাই মারামারি করে। মামলা দিন, ওকে ছাড়িয়ে আনবো। কিন্তু কোনো ইভটিজারের সাথে আপোষ নয়‌। গট ইট?”

অসীম তাকিয়ে আছে মেজো ছেলের মুখের দিকে। হঠাৎ, একদম হঠাৎ করেই অসীমের মনটা অজানা কারণেই ফুরফুরে হয়ে গেল। মুখে গম্ভীরতা বজায় থাকলেও ভেতরে ভেতরে স্বস্তির শ্বাস ফেলে চুপ করে রইলো। শাদ বাবার দিকে একপলক তাকিয়ে শাওকির হাত ধরে টানতে টানতে বৈঠক থেকে নামিয়ে নিয়ে বলতে লাগলো,“এরপর এমন পরিস্থিতিতে শুধু একা মারামারি করবি না। আমাকে একটা কল দিবি। দুই ভাই মিলে কেলিয়ে আসবো উদোম কেলানি।”

শাদ ভাইকে টেনে নিয়ে বেরিয়ে গেলো বাতাসের বেগে। কাউকে তোয়াক্কা অবধি করলো না। উপজেলা চেয়ারম্যান অসীমের দিকে তাকিয়ে বললো,“সময় আছে ভাই এখনো,ছোটো ছেলেকে আপনার এই মেজো ছেলের হাতে ছেড়ে দিয়েন না। নিজের মতো বানিয়ে ফেলবে। দেখছেন অবস্থা? আপনি বলেন আপনার বিবেক থেকে! আমার ছেলেটার কি হাল করেছে! ”

অসীম নির্লিপ্ত ভঙ্গিতে চুপচাপ উঠলেন, শুধু এক ফাকে বললেন,“আপনার ছেলের চিকিৎসার ব্যায়ভার আমি নিলাম। মাফ করবেন আমার ছেলেকে। আমি নিজেও ভীষণ বিব্রত। ও একটু বেশি করে ফেলেছে। দুঃখিত। আপনি চাইলে আইনি পদক্ষেপ নিতে পারেন। আমার আপত্তি নেই।”

অসীম বেরিয়ে যেতেই সভা ভাঙলো। সবাই বেরিয়ে যেতেই রাগে ফেটে পরলো উপজেলা চেয়ারম্যান। তার সহযোগী বললো,“স্যার এমনি এমনি ছেড়ে দেবেন? এই সুযোগে মামলা দেন!”

মাহতাব মাথা নাড়ে, বলে,“উহুম। এতে আমার ছেলেরই বদনাম হবে উল্টো। ওখানে সাক্ষী ছিল যারা সাফোয়ানের বলা বাজে কথাটা শুনেছে। এসব জানাজানি হলে আমার রেপুটেশন নষ্ট হবে। আমি শোধ তুলবো অন্য উপায়ে।”

_কি উপায়?

মাহতাব কিছু একটা চিন্তা করে সামান্য হাসলো,“এই ১৮ সালে ঐ শাদ তালুকদার সুরঞ্জিত দাসের একটা প্লট দখল করেছিলো না বাজারে?”

_হুম। কেন স্যার?

_হুম। তো সুরঞ্জিত দাসের সাথে একটু কথা বলিয়ো তো, তাকে বলবে উপজেলা চেয়ারম্যান আগামীকাল বিকেলে তার বাসায় আপনাকে চায়ের দাওয়াত দিয়েছে।

⚫

ফোন হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে মূর্ছনার কাছে এলো সুপ্তি। সারাদিনে মন ভালো হয়নি মূর্ছনার। ডিউটি আর ক্লাস শেষে হলে ফিরেই কাঁথা মুড়ি দিয়েছিল। সুপ্তির ডাকে বিরক্ত হয়ে কাঁথা সরিয়ে দিলো একটা লম্বা ধমক,“সবসময় চেচাস কেন? অসহ্য লাগছে। যা এখান থেকে।”

_ভাই যা দারুণ খবর নিয়ে এসেছি না! শুনলে তুইও চেচাবি। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গল্পের চার নম্বর পর্ব পোস্ট হয়েছে।

কথাটা মূর্ছনার মনোযোগ টানতে সক্ষম হলো। সে উঠে বসে বললো,“কি ঘটেছে?”

সুপ্তি গড়গড় করে সবটা বলে দিতেই মূর্ছনা বিভ্রান্ত মুখে কিছুক্ষণ চেয়ে থাকল,পর পর বললো,“গুন্ডারা নায়িকাকে বাজে কথা বলায় নায়ক রেগে গুন্ডাকে মারবে এটা তো কমন ব্যাপার সব গল্পে। হতেই পারে, কাকতালীয়।”

_ভাই নায়ক ফুটবল খেলছিল বৃষ্টিতে,এটাও কাকতালীয়?

_বৃষ্টিতে ফুটবল খেলতেই পারে। নায়িকা রাস্তা দিয়ে যেতেই পারে। আচ্ছা নায়িকাকে গুন্ডা কি বলেছিলো সেটা স্পষ্ট করে লেখা?

_না লেখক ওটা উল্লেখ করেনি। লেখক বাজে ওয়ার্ড গুলো স্পষ্ট করে লেখে না।

_আর কোনো মিল পেলি?

_হুম, তুই অনেকক্ষণ তাকিয়ে ছিলি নায়কের দিকে থুড়ি কসমেটিকসের দোকানদারের মুখের দিকে সেটাও লেখা আছে।

এসব কিছু মূর্ছনাকে সম্পূর্ণ বিভ্রান্ত করে চলেছে। তবে ওর মুড নেই এখন এসব নিয়ে ভাবার, সুপ্তিকে বলল,“নায়িকা এই পরিস্থিতিতে নায়কের দিকে তাকিয়ে তাকে দেখতে থাকবে এটাও স্বাভাবিক। কাকতালীয়! পরের পর্ব পরে আমাকে জানাস তো।”

সুপ্তি মাথা নাড়ায়। বললো,“আচ্ছা। আর জানিস গল্পের নায়ক শুভ্রটা বেশ রোমান্টিক, পর্বের শেষে শুভ্র মনে মনে বলেছে,“আমি মেয়েটির চোখের দিকে তাকিয়ে ছিলাম। বৃষ্টির মাঝেও ছলছল করছিলো চোখ দু'টো। আমার আশঙ্কা হয়েছিল মেয়েটা হয়তো ভেবেছে ঐ বাজে কথাটা আমিও তাকে বলেছি, অথবা আমিও মজা পেয়েছি। এসব আমার মস্তিষ্ক নিতে পারেনি। অহেতুক খারাপ লাগায় বুকটা ছেয়ে যাচ্ছিল। মেয়েটার জন্য মারামারি করার আগে আমি আরো একবার মেয়েটির চোখে তাকিয়েছি। কান্নার আগে চোখ দু'টো গাঢ় হচ্ছিলো, যেন শ্রাবণের মেঘগুলো জড়ো হয়েছে সেখানে। জীবনে এই প্রথম কোনো মেয়ের চোখ দু'টো আমি এতো মনযোগ নিয়ে দেখেছি।”

চলমান.....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 12 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন