#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_১১
#ইসরাত_আরা_ইতি
আকাশটা আজ রোজকার মতো ফকফকে নয়। পশ্চিম কোণে মেটে রঙের মেঘ জমেছে সকাল থেকে। গত দুইদিন ধরে আবহাওয়া অধিদপ্তর অবশ্য জানান দিয়ে যাচ্ছে এই সপ্তাহ জুড়ে ভারি বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে।
সার্কিট হাউস সংলগ্ন বিস্তির্ণ মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে জেলার ফুটবল দলের বাইশজন সুঠাম তরুণ। ডিসি স্যারের অনুমতি নিয়ে আজ শুক্রবারে আয়োজিত হয়েছে একটা ম্যাচ। ম্যানস স্কোয়াড দলের অন্যতম দুর্ধর্ষ খেলোয়াড় শাওকি, মাঠের একপাশে জার্সি পরে আপাতত বিশ্রাম নিচ্ছে। টাই ব্রেকারের জন্য প্রস্তুত হচ্ছে দু'টো দলই। শাওকির পাশে এসে বসে রূপম। ঘাড়ে হাত দিয়ে বলে,“আসছিস পর থেকে মুড অফ। ভাই সমস্যা কি?”
শাওকির ঠিক কি অসুবিধে তা রূপম জানে বৈকি। তবুও জিজ্ঞেস করছে। প্রতিপক্ষে রয়েছে উপজেলা চেয়ারম্যানের ছেলে সাফোয়ান, শাওকির অসুবিধা মূলত সে। ২০১৯-য়ে ঘটে যাওয়া নাফিস শরীফ মার্ডার কেসের সাথে সংশ্লিষ্ট মেসেঞ্জার গ্রুপটার কারণে শাওকি যখন ফেঁসেছিল,তখন মিথ্যা বানোয়াট সাক্ষী দিয়ে মামলাটাকে আরো পোক্ত করেছিল সাফোয়ান। অথচ শাওকির সাথে সাফোয়ানের ছিলো বন্ধুত্ব কেবল। এসবের কারণ আজও জানেনা শাওকি। জামিন পেয়ে কখনো জানতেও চায়নি, বরাবর এড়িয়ে গিয়েছে।
রূপম ধীর গলায় বললো,“সাফোয়ানের কথা আমি জানতাম নারে সত্যি, কোচ বলেনি, না বলেছে কর্তৃপক্ষ, হুট করে দেখলাম। আচ্ছা খেলা তো খেললিই। এখন বাদ দে!”
“ও খেলবে জানলেও আমি আসতাম। মুড এমনিতেই অফ আমার। আব্বুকে বলে আসিনি তাই। এ নিয়ে নি কথা শুনতে হয় কে জানে!”
হাঁটুর চামড়া উঠে সেখানটায় সাদা হয়ে আছে, শাওকি দাগটা দেখতে দেখতে জবাব দেয়।
আকাশ ছাপিয়ে তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি নামতে শুরু করে, ক্রমশ বাড়ে গতি। রূপম দুইহাতে চুলে ব্যাকব্রাশ করে চাপা স্বরে চেঁচিয়ে উঠল,“ওহ শীট! বৃষ্টি!”
_বৃষ্টি তো কি?
বলতে বলতেই শাওকি ঘুরে তাকায় রূপমের দৃষ্টি অনুসরণ করে। রূপমের উদ্বিগ্ন দৃষ্টি তাক করা কালীবাড়ি রোডের গলিতে। ওখানে দাঁড়িয়ে খেলা দেখতে থাকা উৎসুক জনতার ভিড়ের এক কোণে কয়েকজন নার্সিং পড়ুয়া মেয়ে দাড়িয়ে আছে। রূপম ধীরে বলে,“তোকে বলেছিলাম না জারার কথা? বাড়ি কুমিল্লা? এবছর নার্সিং সেকেন্ড ইয়ারে। এসেছে এখানে!”
_খেলা দেখতে?
_উহু। ওদের ইনস্টিটিউট থেকে সরকারি ক্যাম্পেইন চলছে কি একটা বিষয়ে,কদমতলা থেকে ফিরেছিলো। এসে এখানে দাঁড়িয়ে আছে লুকিয়ে। দেখবি?
_না তোর প্রেমিকা আমি দেখে কি করবো।
রূপম হাসে, পরপর বলে,“কয়েকজন শ্যালিকাকেও দেখতে পাচ্ছি সাথে। তাদের দেখলে দেখতে পারিস। অবশ্য ওগুলো জারার সিনিয়র।”
শাওকি ফিরে তাকায় না। এ ধরণের ছ্যাঁচড়া স্বভাব তার মাঝে কস্মিনকালেও ছিলো না। মেয়ের গন্ধ পেলে হুরমুরিয়ে পরার স্বভাব নেই তার।
দুই দল তখনো বসে আছে, বৃষ্টি কমবার অপেক্ষায়।
এর মাঝে বিস্তির্ণ মাঠের চারধার হতে সবাই ছুটে গিয়েছে মাথা বাঁচাতে। আশপাশটা ভীষণ ফাঁকা হয়ে যাচ্ছে। শাওকির চোখ সাফোয়ানের দলের ওপর এ নিয়ে দুইবার পরেছে, যতবার পরেছে চাপা ক্ষোভ টা উপচে উঠতে চাইছে ক্রমশ। হাত মুঠি হয় শক্ত করে, বুকটা জ্বলে। খেলার সময় যখন সামনে পরেছিল তখন ইচ্ছে করছিল একদম ল্যাং মেরে দিতে।
সাফোয়ানের ঠোঁটে কৌতুকপূর্ণ হাসির রেখা জেগে উঠেছে দেখেও নিজের মেজাজ নিয়ন্ত্রণে নিয়ে দাঁড়িয়ে থাকে শাওকি, কারণ তাকে ঝামেলা থেকে দূরে থাকতে হবে।
মূর্ছনা ছুটছে, এই বৃষ্টিতে এভাবে ছুটতে তার অস্বস্তি হচ্ছিল যদিও কিন্তু না ছুটলে আর রেহাই নেই। এই জারা মেয়েটার খপ্পরে পরে নিজের ব্যান্ড বাজিয়ে ছাড়বে অর্ধেকটা আজ,বাকি অর্ধেক তো ঐ বড় ম্যাম আর ডক্টর মিলে বাজাতেই থাকে। জারা পেছন থেকে ডাকছে ওকে,“এই মূর্ছনা আপু। একটু দাঁড়াও, টাই ব্রেকারের পরে যাবো।”
এক দণ্ড থেমে মূর্ছনা রাগ দেখিয়ে বলে,“তুমি এমন ভাব করছো যেন আন্তর্জাতিক মানের ম্যাচ চলছে এখানে,যার জন্য নিজের একাডেমিক লাইফ রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছো।”
জারা থতমত খায়, ভেজা মুখটা নামিয়ে নেয় লজ্জায়। সিনিয়র আপু মূর্ছনা,খুব স্ট্রিক্ট একজন সিনিয়র। তার কাছে নিজের প্রেমিকের কথা বলাটা নেহাত বোকামি। ক্যাম্পেইন থেকে ফেরার পথে এখানে ভুজুং ভাজুং দিয়ে মূর্ছনাকে ধরে রেখেছিল রূপমের ম্যাচ দেখবে বলে। বৃষ্টি চলে আসায় শেষটা আর দেখা হলো না। অগত্যা জারাও পা বাড়ায়।
সার্কিট হাউজের প্রধান ফটকের কাছে গিয়ে তখন থামে মূর্ছনা,এখান থেকে এক দৌড়ে হসপিটালের পেছনের গেটে পৌঁছালে আর ভয় নেই, মর্গের সোবহান কাকু গেট খুলে দিলে চুপি চুপি গিয়ে ওয়ার্ডেনকে বললেই সময় নিয়ে ঝামেলা পোহাতে হবে না। কিন্তু তাকে থামতে হলো পা স্লিপ কাটাতে, থামতে হলো খুব কাছে থেকে উড়ে আসা কুশ্রী, অশ্রাব্য দু'টো শব্দের আঘাতে,কেউ খুব ঠান্ডা গলায় বলল,“নাইস নিতম্ব।”
এপাশের রাস্তাটা ফাঁকা সম্পূর্ণ। লোকজন তুলাতলা সংলগ্ন বটতলাতে জমায়েত হয়েছে। মূর্ছনার গা কেঁপে উঠলে অবাক বিস্ময়ে ঘুরে তাকায় ডান পাশে, যেদিকে দেখেছিল বিশ্রামরত জার্সি পরিহিত টগবগে কিছু তরুণ। মূর্ছনা উদাস,মায়া ভরা চোখ দুটোতে রাজ্যের বিস্ময় নিয়েই তাকিয়ে থাকে ছেলেগুলোর সরল মুখে। যাদের মধ্যে কেউ তার দিকে তাকায়নি তবে ঠোঁট বাঁকিয়ে মাথা নিচু করে হেসে বুঝিয়ে দিচ্ছে এই কুশ্রী শব্দ দুটো তাদেরও মনের কথা। মূর্ছনা যেহেতু একা ওটি তাকেই বলা হয়েছে ধরে নিয়ে মূর্ছনা দাঁড়িয়ে রইল, শরীরের সাথে আঁটসাঁট হয়ে থাকা ভেজা ইউনিফর্ম তার।
সাফোয়ানের মুখ থেকে নিঃসৃত শব্দ দু'টো শাওকি শুনেছে, শুরুতে পাত্তা না দিলেও কপাল কুঁচকে যখন তাকিয়েছে ডানে, নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ বর্ণের তরুণীকে দেখে চূড়ান্ত হতবাক হয়ে ঘাস থেকে উঠে দাঁড়ায় টনটন হয়ে। মূর্ছনা শাওকিকেও দেখে,হতাশ চোখে।
মস্তিষ্ক ঘটনাটা প্রসেস করে এক মিনিটে শাওকির। অতঃপর হাতের মুঠি ছেড়ে শ্বাস ফেলে তাকাল সাফোয়ানের দিকে। চট করে আবার তাকাল মূর্ছনার দিকে। এ মূহুর্তে শাওকি চূড়ান্ত লজ্জায় পরেছে। ঐ মেয়েটা কি ভেবেছে? শাওকি এই ছেলেদের সাথে আছে তার মানে শাওকিও এই ছেলেদের মতো? ঐ মেয়েটির চোখ দু'টো এসবই বলছে? ঐ দৃষ্টি অসহনীয়। লজ্জার! লজ্জা ক্রমশ রাগে পরিনত হয়,রাগ তীব্র ক্ষোভের দাবানলে। তখন একটা ছোটোখাটো বিস্ফোরণ ঘটিয়ে ফেলে শাওকি। মেজাজ হারিয়ে, নিজের নিয়ন্ত্রন হারিয়ে চট করে গিয়ে ধরে সাফোয়ানের কলার। নিমিষেই জায়গাটা স্তব্ধ হয়।
মূর্ছনা তাকিয়েই আছে। বৃষ্টির ঝাপটা বাড়ছে তো বাড়ছেই। এদিকে শাওকি শক্ত গলায় সাফোয়ানকে বললো,“কি বললি?”
হতবাক সাফোয়ান,তবে একটু সময়ে নিজেকে সামলে নিয়ে উল্টো রাগ দেখিয়ে বলে,“কি বলেছি?”
_তুই কি বলেছিস মেয়েটাকে?
_কি বলেছি?
_বাজে কথা বলেছিস স্কাউন্ড্রেল।
কি জানি হচ্ছে শাওকির, ভেতর থেকে ক্ষোভের উদ্গিরণ বেরুচ্ছে। মূর্ছনা তখনো দাঁড়িয়ে আছে। পাশে এসে দাঁড়িয়েছে জারা,হাপাচ্ছে সে,বলছে,“ওমা এরা আবার চেতেছে কেন!”
সাফোয়ান এবার নিজের কলারটা ছাড়িয়ে নিতে হাত বাড়ায়, শান্ত গলায় বলে,“শাওকি ছাড়।”
_ছাড়বো না। মাফ চাবি তুই।
_আমি কি করেছি?
বলার সাথে সাথে এবার চড় খেলো সাফোয়ান,হাত গালে চেপে রেখে কয়েক ঝলক শাওকিকে দেখে উত্তপ্ত শ্বাস ফেলে এবার সেও ধরলো শাওকির কলার। ঝাকুনি দিয়ে বললো,“তোর সমস্যা কি বাঞ্চোদ কোথাকার। তোর মা লাগে?”
_না । তোর মা লাগে অজাত কোথাকার! তুই মাফ চাবি।
শাওকি আরেকটা ঘুষি মারলো সাফোয়ানের নাক বরাবর। দু'জনের টিমের প্রতিটা সদস্য হতভম্ব ভাব কাটিয়ে ছুটে এলো ওদের থামাতে। ততক্ষণে বড্ড দেরি, প্রচণ্ড তেজ নিয়ে সাফোয়ানকে ভেজা মাটিতে ধরাশায়ী করে দুমদাম লাগাতেই থাকল শাওকি। থামবার নাম নেই। রূপম এসে ওকে টানলো, কর্তৃপক্ষের লোক এলো। ঠান্ডা আর নম্র স্বভাবের ছেলে রাগলে ঠিক কতটা ভয়ংকর হতে পারে তা পাচ মিনিটে দেখিয়ে দিয়েছে শাওকি। কিন্তু একই সাথে মার সেও কম খায়নি সাফোয়ানের হাতে। নাক ফেটে রক্ত বেরুচ্ছে।
মূর্ছনা তখনো নির্বাক হয়ে দাঁড়িয়ে ছিল বৃষ্টি মাথায় নিয়ে, দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলো মারামারি করতে থাকা দুই শ্রেণীর দুটি ছেলেকে। জারা খুব ভীত গলায় পাশ থেকে বললো,“আপু চলো,সুপ্তি আপু কল করছে। এখানে কি দেখছো? টাইব্রেকারের আগেই মারামারি লেগেছে। চলো চলো।”
মূর্ছনা প্রত্যুত্তর না করলে জারা ওকে টানলো, হাতে টান খেতেই ওর ঘোর কাটল। আইঢাঁই করে উঠলো আতঙ্ক আর অস্বস্তিতে। ঝামেলা বাধার স্থানটিতে লোক জমেছে ভীষণ, কি নিয়ে মারামারি লেগেছে জানতে সবাই কৌতুহলী। মূর্ছনা আর দাঁড়াল না, চুপচাপ ধীর কদমে পিছিয়ে গিয়ে হাঁটা ধরলো হসপিটাল রোডে।
⚫
গা থেকে ভেজা ইউনিফর্ম খুলে একটা ঢিলেঢালা টিশার্ট আর লং স্কার্টে গা গলিয়ে কাঁথা টেনে বসে আছে মূর্ছনা। মুখভঙ্গি থমথমে, শরীর কাঁপছে তিরতির করে। সুপ্তি আড়চোখে ওকে দেখে বললো,“ক্যাম্পেইন কেমন হয়েছে? বড় ম্যাম মিটিংয়ে ডেকেছে যাবি না?”
মূর্ছনা উদাস গলায় বলে,“আজ একটা বিশ্রী ব্যাপার ঘটেছে রে।”
বিশ্রী ব্যাপারটা মূর্ছনার থেকে শুনেই সুপ্তি হেঁসে উঠলো,“তোকেই পেয়েছে মানুষ। আর তুই, সারাদিন এতো হম্বিতম্বি দেখানো মেয়ে আসল সময় খিচ মেরে থাকিস কেন? তখন প্রতিবাদ কোথায় যায় তোর? বাই দ্য ওয়ে, তোর ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না, কসমেটিকসের দোকানদারের সাথে ইদানিং বেশিই দেখা হয়ে যাচ্ছে তোর।”
চমকাল মূর্ছনা,পর পর কন্ঠে বিরক্তি ঢেলে বললো,“বরগুনা ছোটো শহর। লোকটাকে তো কালও দেখলাম পুড়ির দোকানে। প্রায়ই দেখি । তাদের দোকানের সামনে থেকে যেতে হয় কাঁচা বাজার। এতে এতো অবাক হচ্ছিস কেন?”
সুপ্তি এগিয়ে এলো, বললো,“আচ্ছা শোন! আজ খুব হিরোর মতো মারামারি করেছে,তাই না?”
সুপ্তির অতি আগ্রহ দেখে মূর্ছনা হাসে,“না। মেরেছে একটা ভিলেনের মতো। খুব বাজে ভাবে মেরেছে।”
_একটা থ্যাংকস না দিয়েই চলে এলি?
_তুই জানিস আমি এসব ঝামেলা এড়িয়ে চলি। বিষয়টা ইনস্টিটিউট অবধি আসার আগে কেটে পরেছি।
_অদ্ভুত মেয়ে তুই। ছেলেটা কত হ্যান্ডসাম।
_তো?
_তো তোর জন্য অযথা ঝামেলা করে মার খেল, ট্রিটমেন্টের জন্যও সেধে এলি না?
একটু নড়েচড়ে উঠলো মূর্ছনা। এবার টনক নড়তেই এক রাশ দ্বিধা ছেয়ে গেল মনে। পর পর মৃদু শ্বাসের সাথে সেসব বের করে দিয়ে অস্ফুটে বললো,“আমি বলিনি তাকে আমার হয়ে ঝামেলা পাকাতে। তুই এতো গ্যাজাস নাতো,এমনিই ঝামেলা আমার পিছু ছাড়ে নাহ, বড় ম্যাম....!”
পুরো কথাটা শেষ করার আগেই ফাইনাল ইয়ারের মুমু এসে দাঁড়ায় কক্ষের বাইরে, দরজার কপাটে ঠকঠক আওয়াজ করে বলে,“এই মূর্ছনা? মূর্ছনা তোমাকে বড় স্যার ডাকছেন।”
মূর্ছনা চমকাল। রক্ত সরে যাওয়া মুখটা নিয়ে তাকাল সুপ্তির দিকে। সুপ্তিও আতঙ্কিত, চাপা স্বরে চেচালো,“আবার কি করেছিস রে মূর্ছনা! ঝামেলা সত্যিই তোর পিছু ছাড়ে না কেন?”
⚫
“এই মেয়ে। এই দুই বেনী। উঠে দাঁড়াও। স্ট্যান্ড আপ।”
লুৎফর রহমান স্যারের গর্জন শুনে শিরদাঁড়া বেয়ে ঘাম ছুটলো নিসার। আতঙ্কে হাত পা হিম হয়ে এলো। সটান দাঁড়িয়ে চোখ নামিয়ে ঢোক গিললো বার কয়েক। দুই পাশে ওর রিন্তু আর রুম্পা, দাঁত কেলানি বাদ দিয়ে ভয়ে জড়সড় হয়ে গুটিয়ে গেলো।
লুৎফর রহমান কপাল কুঁচকে এগিয়ে আসেন। হাতে তার চিকন বেত। এটা তিনি সবসময় হাতে রাখেন তার ছাত্রীদের মনে তাকে নিয়ে আতঙ্ক বিরাজমান রাখতে। নিসাকে দু'দিন থেকে ধরবেন বলেই ওঁৎ পেতে ছিলো সে। খবর এসেছে মেয়েটি প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এ ধরণের ইঁচড়ে পাকা মেয়েরা দু চক্ষের বিষ লুৎফর রহমানের। নেহাত নির্বাচনী পরিক্ষা দিয়ে ফেলেছে নয়তো বসতেই দিতো না বোর্ড এক্সামে,এই বাজে মেয়েটাকে।
“দাত বের করে হাসছো কেন? ফ্রিতে টিচাররা টেস্ট এক্সামের পরেও তোমাদের পেছনে পরিশ্রম দিচ্ছে পছন্দ হচ্ছে না?”
নিসা নত মাথাটা আরেকটু নুইয়ে নেয়। সে তো হাসছিল না, রুম্পা আর তাজরি অসভ্য অসভ্য প্রশ্ন করে করে তাকে কাতুকুতু দিয়ে যাচ্ছিল। এ কথা অবশ্য নিসা লুৎফর স্যারকে বলে না। কারণ নিসা আঁচ পেয়েছে লুৎফর স্যার দু'দিন যাবত তাকে পাকড়াও করার পথ খুঁজছিল, কোনো বাহানা পাচ্ছিল না। আজ যখন পেয়েছে, তর্ক করতে গেলে যদি হেড ম্যামের কাছে নিয়ে যায়? হেড ম্যাম আবার ভীষণ ভয়ংকর, অল্পবয়সী মেয়েরা বিয়ে করেছে শুনলে বাবা মাকে তো বকেই,মেয়েটিকে বলে,“শখের তো কমতি নেই এই বয়সেই ঢ্যাবঢ্যাব করছো পেকে। ছ্যাহ। পাকা টকটক গন্ধ ছড়াচ্ছে।”
সিনথিয়া আপুকে তো সেদিন কাঁদিয়ে ছেড়েছিল।
লুৎফর ধমকে উঠলো আবার,“এখন কথা গেলো কোথায়? সাজুগুজু করে এই বয়সেই ছেলে চড়িয়ে বিয়ে বসা মেয়ে কোথাকার! একদম ভোলা সাজার চেষ্টা করবে না। চেহারা দেখাতে স্কুলে আসার প্রয়োজন নেই। পড়াশোনা তো গোল্লায় গিয়েছেই, এক্সট্রা ক্লাস করে কি করবে? কাল থেকে যেন না দেখি এখানে। তোমার জন্য বাকি মেয়ে গুলো বখে যাবে।”
নিসার মুখটা ক্রমশ লাল হচ্ছে,লজ্জা আর অপমানে ও একদমই মিশে গিয়েছে, যদিও গোলগাল শরীরটা দাঁড়িয়ে আছে নির্লিপ্ত ভঙ্গিতে।
লুৎফর রহমান সবটুকু রাগ ঢেলে দিয়ে গিয়ে হোয়াইট বোর্ডের পাশে গিয়ে দাঁড়ালে নিসাও নিজের বইপত্র সব ব্যাগে পুরে নিলো, একবার চোখ তুলে ক্লাসের চারপাশে বুলিয়ে দেখে সবাই একটা মজার ঘটনা দেখার মতো অভিব্যক্তি নিয়ে তাকিয়ে আছে। চোখ মুখ ঠিকরে পরছে কৌতুক। নিসাকে ক্লাসের অধিকাংশ মেয়েই হিংসা করে নিসা জানে, এর কারণ খুবই সামান্য, নিসার মুখ সুন্দর,চুল সুন্দর, রং সুন্দর। হিংসা থেকে এতো ঘৃণা?
হাঁফ ছেড়ে নিসা ব্যাগ নিয়ে বেরুতেই শুনলো লুৎফর রহমান পড়া ধরতে শুরু করেছে। নিসা কদমে কদমে এগোয়। ভাবছে,আজকের এই ঘটনাটা শাদকে বলবে? পর পর নিজেকে সামলে নেয়, না লোকটা শুনলে ঝামেলা যে কিছু একটা করে দেবে এটা সত্যি। আর সত্যি এটাও, ধর্মে অনুমতি থাকলেও নিসা যেটা করে ফেলেছে সেটা স্কুলের মেয়েরা করে না। স্কুলের ভালো মেয়েরা বইয়ের পাতায় মুখ গুজে থাকে। পালিয়ে বিয়ে করে স্বামীর সাথে ছোয়াছুয়ি খেলা খেলেনা এতোটুকু বয়সেই। তাই একটু কটু কথা শোনা উচিত নিসার। ও অতি পেকেছিল এটা সত্যি, না পাকলে এত টুকু মেয়ের ঠোঁটে স্বামী ছুঁয়ে দিলে তার ভালো লাগলো কেন? কেন এখন ক্ষণে ক্ষণে মন চায় ওভাবে ছুঁয়ে দিক? কিন্তু লজ্জায় এ কথা মুখে ফোটানোর সাধ্যি নেই।
শেষের কথাটা ভাবতে ভাবতেই হঠাৎ নিসার হাসি পায়, অস্ফুটে হেসে ফেলে, পরপর মনটা আবার ফুরফুরে লাগতে শুরু করে সেদিন রাতের চুমুর কথাটা মনে করে, কিছুক্ষণ দাঁড়িয়ে মিটিমিটি হেসে স্কুলের ঝামেলা স্কুলের গেটের ভেতরে রেখেই বাইরে পা রাখে। বাইরেটা ফাঁকা, ও অসময়ে বেরিয়েছে তাই। এমনিতেও আজ বৃষ্টি বিধায় লোক সমাগম নেই কাছে দূরে। ও ছাতা নিয়ে এগিয়ে যায়। একটা রিকশা নেই কোথাও, পিরিয়ড পেইন নিয়ে নিসার বেগ পেতে হচ্ছিল হাঁটতে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিকশা যখন পেল, খুশিমনে ডাক দেওয়ার আগেই শুনলো বঙ্গবন্ধু সড়ক থেকে কেউ আগেই ডেকে নিয়েছে রিকশাটা।
“এই খালি ঘোরাও।”
_জি আসসালামুয়ালাইকুম তালুকদার সাহেব।
রিক্সাওয়ালার বিনীত আওয়াজের সম্বোধন শুনে নিসা হকচকিয়ে ঘুরে দাঁড়ায়। দেখতে পায় স্বয়ং তার শশুর দাঁড়িয়ে,হাতে ছাতা। সেদিনের সেই অগ্নিমূর্তি। দেখামাত্রই নিসা গুটিয়ে যেতে চাইলো যেমন করে শামুক লুকায় খোলসে। কিন্তু পারলো না, তার আগেই ধরা পরেছে অসীম তালুকদারের দৃষ্টিপটে। ছটফট করতে করতে ঘড়ি হাত ঘড়ি দেখছিলো অসীম। তার মধ্যে ভীষণ অস্থিরতা। কিছুক্ষণ আগে শাওকির ঝামেলার ব্যাপারে অবগত হয়েছে তিনি। এখন সেখানেই যাচ্ছিলেন।
অসী সম্মুখে স্কুল ড্রেস পরিহিত,দুই বেনীতে সুসজ্জিত নিতান্তই বাচ্চা বয়সী মেয়েটাকে দেখে থতমত খায় শুরুতে। পর পর মুখভঙ্গি পাল্টে কপাল কুঁচকে ফেলে, হুট করে শাদের ওপর রাগটা চড়ে যায়, কি এক মেয়েকে বিয়ে করে নিয়েছে হতচ্ছাড়া বেয়াক্কেল কোথাকার! আর এই মেয়েটাও ইঁচড়ে পাকা সম্ভবত, এই মেয়েরও দোষ কম নয়। এখন ভুগুক, ভুগতে যখন এসেছে তখন ভুগুক।
নিসা আইঢাঁই করছে, রিক্সাওয়ালাকে ডিঙিয়ে কয়েক কদম সামনে এগিয়ে নতস্বরে বললো,“আসসালামু আলাইকুম বাবা।”
অসীম তালুকদার চোরা দৃষ্টিতে তাকায়, ভারি পাকা হলেও ভারি মিষ্টি দেখতে। তার ওপর ডাকছে বাবা বলে। যে ডাক শুনলে অসীম মোমের মতো গলে।
ওপরে ওপরে প্রস্তরের নেয় কঠোর থেকেই অসীম ভ্রু উঁচিয়ে গম্ভীর কন্ঠে বলে ওঠে,“এই মেয়ে! বাবা কাকে ডাকছো? আমাকে তুমি বাবা ডাকবে না। আমি তোমার বাবা নই। আমি তোমার স্বামীরও বাবা নই। আমাকে বাবা হিসেবে সে মানে না। তাই তুমিও বাবা বলে ডাকবে না। মনে থাকবে?”
বলতে বলতে তোতলায় অসীম। নিসা মুখ তোলেনা এসব কথা শুনে, তার দৃষ্টি পায়ের নখেই নিবদ্ধ। সহজ গলায় জবাব দিলো,“জি শ্বশুর বাবা।”
বাবা ডাকতে নিষেধ করেছে তাই নিসা বাবা ডাকবে না, শ্বশুর বাবা বলে ডাকবে। কিন্তু শ্বশুর বাবা শব্দ দু'টো শুনে অসীম ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রয়, রিকশা ওয়ালা তাড়া লাগায়,“তালুকদার সাহেব যাইবেন না?”
‘হু’
অসীম ঘাড় ঘুরিয়ে নিসাকে আবার দেখলেন।
‘এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার স্বামী কোথায়? শহর চষে বেরাচ্ছে?’
নিসা দুই পাশে মাথা নাড়ায়,“উনি বাড়িতেই শ্বশুর বাবা। দেখে এলাম নতুন করে সিভি রেডি করছেন। আর আমি এখানে দাড়িয়ে আছি রিক্সার জন্য,রিক্সা পেলে চলে যাবো।”
আশেপাশে তাকায় অসীম, বৃষ্টি নেমে একশেষ, আশেপাশে দূর দূরান্তে রিক্সার টিকিটি নেই। ওদিকে আবার সময় দেখে সে, শাওকির ঝামেলাটা বুকটা জ্বালিয়ে দিচ্ছে খুব। এই ছেলে কয়টা সম্ভবত তিনি কবরে যাওয়ার আগেও তাকে জ্বালানো ছাড়বে না।
ঘাড় বাঁকিয়ে আবার অসীম দেখে নিসাকে, মৃদু শ্বাস ফেলে সংকোচ পাশে সরিয়ে দিয়ে রিক্সায় উঠে পরে বলে,“চলো তোমাকে নামিয়ে দিই। উঠে এসো।”
নিসা ইতস্তত করছে দেখে ধমকায় অসীম। শাদের কান্ড জ্ঞান দেখেও তিনি হতাশ। এই বৃষ্টিতে মেয়েটাকে রিসিভ করতে আসবে না ছেলেটা? এতো আহাম্মক কি করে হয় একজন স্বামী? ও কি জানে না ওর শত্রুর শেষ নেই, এভাবে যদি মেয়েটিকে কেউ ক্ষতি করে দিতে চায়? রাগটা এতো বাড়ছিল অসীমের শাদের ওপর, দাঁতে দাঁত চেপে সেই রাগ নিসাকে দেখালেন,“কি হলো এসো! স্বামীর কুশিক্ষায় কুশিক্ষিত হচ্ছো দেখছি দাম্ভিক মেয়ে!”
নিসা চমকে ওঠে, ঘাবড়ে যাওয়া মুখটা নিয়ে ভীত কদমে এগোয়,“জি না শ্বশুর বাবা। আসছি।”
চলমান......#মেসার্স_তালুকদার_এ্যান্ড_সন্স
#পর্ব_১১ [ বর্ধিতাংশ ]
#ইসরাত_আরা_ইতি
মিশুক রিক্সার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে নিসা, শ্বাস ফেলছে ভীষণ সতর্ক ভঙ্গিতে।
অসীম তালুকদার কপাল কুঁচকে আছেন, মেয়েটা তাকে ভয় পাচ্ছে তিনি টের পাচ্ছেন। কিন্তু যা কথা শোনানোর অসীম শুনিয়ে দিয়েছে, আর এই এতটুকু মেয়েকে কি শোনাবে? তার শুধু লজ্জাই বাড়ছে উল্টো। তিনি জ্ঞানত অমন ধামড়া ছেলের জন্য এমন পিচ্চি মেয়ে আনতেন না। নাফিয়াকেও এনেছিল খুব দেখেশুনে। নাফিয়া তখন ভার্সিটি স্টুডেন্ট।
মেয়েটিকে স্বস্তিতে বসতে দিতে অসীম নিজের গম্ভীরতা ভাঙেন। রিকশাওয়ালা অসীমের পরিচিত,তার তালুকদার মিলসে কাজ করতো একসময়। অসীম শাওকির দুশ্চিন্তা পাশে সরিয়ে রেখে হালকা গলায় বলে,“নওফেল তোমার ভাইয়ের মাছের ব্যবসা কেমন চলে কুয়াকাটায়?”
_আপনাদের দোয়ায় ভীষন ভালো চলে তালুকদার সাহেব।
_তাকে বলবে তালুকদার বাড়িতে কিছু তপসী মাছ আর আইর মাছ পাঠিয়ে দিতে, অবশ্য আমিই খবর পাঠাতাম। একদম তাজা দেখে পাঠাতে বলবে। কুয়াকাটার মাছ! আহ সেই স্বাদ! বরগুনা বাজারে যা আসে মুখে দিলে কুলি করতে মন চায়।
_জি আচ্ছা তালুকদার সাহেব। আর ইলিশ কি খাবেন? ইলিশের কথাও বলে দিবো?
_উহুম, ইলিশ দরকার নেই। ইলিশ আবার বিষখালি নদীরটাই বেশি স্বাদের...
একটু হঠাৎ থামলেন অসীম। ঘাড় ঘুরিয়ে পাশে মাথা নিচু করে বসে থাকা তরুণীর পাংশুবর্ণের মুখটা দেখে গলা খাঁকারি দিয়ে তার মনযোগ আকর্ষণ করলেন। নিসা চোখ তুললো ভয়ে ভয়ে। অসীম বললেন,“তা বিষখালির ইলিশ কিনেছে তোমার স্বামী? তিন দিন ধরে মাছের হিড়িক পরেছে শুনতে পাচ্ছি ?”
নিসা মাথা নাড়ায়। বাজার সদাই-ই তো ঠিকমত করা হয়না, নিসা রাঁধতে সময় পাচ্ছে না তাই। অসীম কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে হুট করে পকেট থেকে তিন হাজার টাকা বের করে দিয়ে বললেন,“এটা রাখো, তোমার স্বামীকে দিয়ে আনিয়ে খেয়ো। রাত বারোটার পরে যেতে বলবে আজ। ঐ সময়ে ইলিশের চালানটা তাজা থাকে, সরাসরি বিষখালি থেকেই আসে।”
নিসা টাকাটা না নিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে অসীমের হাতের দিকে। অসীম বিরক্ত গলায় ধমকালেন আবার,“কি হলো নাও?”
নিসা ধমক খেয়ে টাকাটা নেয়। অসীম বলে,“বাবা কি করতেন? তিনি কিভাবে গত হয়েছেন?”
_ঠিকাদারি করতেন। কেউ শত্রুতার জের ধরে পেটে ছুরি বসিয়েছিলো।
অসীম আৎকে ওঠার ভঙ্গিতে ফের তাকায়। আহত চোখে দেখতে থাকে বাচ্চা মেয়েটাকে। বাড়ির সামনে পৌঁছালে নিসা বলে ওঠে,“বাবা আমি নামবো। এসে গিয়েছি।”
রিকশা নিসাদের বাড়ির সামনে দাঁড়িয়ে পরতেই অসীম উঁকি দিয়ে বাড়িটা দেখলেন। একটা পাকা বাড়ি,তবে টিনের চালা। বললেন,“ভাড়া কত?”
_সাড়ে চার হাজার টাকা।
_আশেপাশে ব্যাচেলর আছে নাকি? এসব জায়গায় তো ব্যাচেলর বাসার অভাব নেই। আর তোমার স্বামীরও তো আক্কেল নেই।
নিসা মাথা নাড়িয়ে বলে,“জি না। ব্যাচেলর নেই।”
_ঠিক আছে যাও।
নিসা তবুও দাঁড়িয়ে থাকলো, দ্বিধা ভরা মন নিয়ে বহু কষ্টে তুতলে বললো,
_আপনি ভেতরে আসবেন না বাবা?
_না।
জবাবটা অসীম শক্ত গলায় দিয়ে রিক্সাওয়ালাকে রিক্সা ঘোরাতে বললেন। শ্বশুর চলে যাওয়ার পরে হাতের টাকাটা উল্টে পাল্টে দেখতে থাকে নিসা কতক্ষণ। তার যে কি খুশি লাগছে! এটা তার স্বামীকে দেখালে সেও খুশি হবে নির্ঘাত। লোকটার মন মেজাজ গত দু'দিন থেকে ঠিক নেই। বিছানায় শু'লে নিসার দিকে ফেরেনা, একটু বসে কথা বলে না, চাকরির জন্য দুশ্চিন্তা করছে হয়তো। ভাবতে ভাবতেই হঠাৎ আবার নিসার হাতটা তলপেটে চলে যায়, তলপেটের ঠিক আরেকটু নিচে অসহনীয় যন্ত্রণা অনুভূত হয়েছে, আজকের দিনের মতো তিনবার হচ্ছে। হঠাৎ হঠাৎ এমন ব্যাথা করার কারণ নিসা জানে না। পেট চেপে ধরে বাসার সামনে গিয়ে দরজায় চাবি দিয়ে ভেতরে ঢুকেই নিসা থমকায়।
⚫
“শোনো! কেমন লাগছে? এইটা নেবো? মানাবে?”
খুব চমৎকার একটা সালোয়ার স্যুট গাঁয়ে ধরে রেখে আহ্লাদী স্বরে জানতে চায় ফাতিমা। শাহেদ মোবাইলে কথা বলা থামিয়ে স্পিকারটা আঙ্গুলে চেপে রেখে হাসি দিয়ে বলে,“ভীষন সুন্দর লাগছে ! নিয়ে নাও!”
ফাতিমা আনন্দিত ভঙ্গিতে সালোয়ার স্যুট টা সেলস গার্লের হাতে ধরিয়ে কাউন্টারে জমা দিতে বলবে তার আগে শাহেদ হঠাৎ ঘুরে বলে ওঠে,“শোনো।”
_হু?
_এটার আটত্রিশ সাইজের আর একটা নিয়ো।
আদেশ দিয়েই শাহেদ আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পরে। ফাতিমা সালোয়ার স্যুট হাতে দাঁড়িয়ে আছে ভাবলেশহীন মুখে। সে শাহেদের ওপর বিরক্ত হবে নাকি কষ্ট পাবে নাকি নাফিয়ার ওপর হিংসা করবে বুঝতে পারছে না। কিন্তু সেও তো বিয়ের কাগজে সই করার আগে অপরাধী ভঙ্গিতে বসে থাকা শাহেদের দুই হাত ছুঁয়ে কথা দিয়েছিল নাফিয়াকে কখনো হিংসা করবে না। মানুষটার গা ছুঁয়ে এই আগুন নিয়ে খেলায় নেমেছিল। আজ কেন সুপ্ত হিংসাবোধ জাগ্রত হচ্ছে! কেন মন চাচ্ছে নাফিয়াকে ডিঙিয়ে শাহেদের কাছে একটু স্পেশালই থাকতে। শাহেদ তাকে ভালোবাসে এটা সত্যি, কিন্তু একইভাবে নাফিয়াকে ভালোবাসে এটাও ফাতিমা টের পায়। এটা বেশ অদ্ভুত, অসম্ভব। এক সাথে দু'জনকে ভালোবাসা যায়?
হাতের সালোয়ার স্যুট টা সেলস গার্লের হাতে ধরিয়ে ফাতিমা বলে,“এটার আটত্রিশ সাইজেরও একটা দেবেন।”
সেলস গার্ল চলে যেতেই শাহেদ আসে,ব্যস্ত হয়ে বলে,“আর কিছু নেবে না? ওখানে একটা টপস দেখেছি তোমার জন্য। ভীষণ সুন্দর। চলো দেখবে।”
মুখ ভার করে ফাতিমা বলে,“নাফিয়ার জন্য দেখোনি?”
শাহেদ ফাতিমার অভিব্যক্তি টের পায়। কিন্তু ওসবে এখানে বিশেষ পাত্তা না দিয়ে বলে,“নাফিয়া এসব পরে না। ওর জন্য কিছু চুড়ি দেখবো আমি।”
ফাতিমা চুপচাপ শাহেদের পাশে হাঁটছে। মনটা হুট করেই
মারাত্মক বিষিয়ে উঠেছে। জেনে বুঝে একটা অপরাধ সে করেছে, বহুবার,বহুভাবে চেষ্টা করে যাচ্ছে নিজের মনের কাছে, নিজের বিবেকের কাছে নিজেকে অসহায় সাজিয়ে মাফ চেয়ে নিতে। পারছে না। বারবার,সবসময় সব পরিস্থিতি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে,সব কিছুর জন্য ফাতিমাই দায়ী। ফাতিমাই খলনায়িকা। কেন কানাডায় বসেও ফেসবুকে ফেক আইডি দিয়ে শাহেদকে দেখে দীর্ঘশ্বাস ফেলতো ও? কেন শাহেদের পাশে হাসিখুশি এক লক্ষি বৌয়ের ছবি দেখে ও কাঁদতো শাহেদকে পেতে? কেন মরা কান্না কাঁদত ওদের সুখী দেখে? কেন শাহেদের ভালোবাসা আবার পাওয়ার নেশা জাগতো? তাতে ধর্ম ছাড়ার হলেও ছাড়তে রাজি হলো? কেন? কেন দেশে ফিরে শাহেদের সাথে যোগাযোগ করে আবার ওকে নরম বানিয়ে ফেলেছিল? কেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলো না ও? এতো কিছু করে ফাতিমা পেল কি? শাহেদকে পেল? আসলেই পেল?
প্রহসন চলছে তাদের তিনজনের দাম্পত্যে। এর শেষ কোথায়? শুরুটা তো অমৃতা ওরফে ফাতিমার হাত ধরে হয়েছিল। শেষ হবে কার হাতে?
⚫
ঘরে ঢুকে,দরজা ঘেষেই দাঁড়িয়ে আছে নিসা। শাদ একটা প্যান্ট পরে আছে শুধু , গা খালি, তোয়ালে দিয়ে মাথা মুছে নিতে নিতে তার ল্যাপটপে কিছু টাইপ করছে। ঠোঁটে চেপে আছে সিগারেটের শলাকা। কপাল কুঁচকে আছে। নিসা দরজায় দাঁড়িয়ে চুপচাপ দেখছে। এমন ভয়ংকর সুন্দর পুরুষটি নিসার, এ কথা মনে পরতেই আশ্চর্য হতে হয় নিসার, বারবার।
দরজা খোলার শব্দে শাদ ঘুরে নিসাকে দেখতে পেয়েই চটজলদি হাতের সিগারেটটা অ্যাশট্রেতে চেপে নিভিয়ে ফেলল। উঠে গিয়ে অ্যাশট্রেটা বেলকোনিতে রেখে এলো। এটা করছে শাদ,যেদিন থেকে জানতে পেরেছে নিসার অ্যাজমা। ওর সামনে খুল্লাম খুল্লা সিগারেট খাওয়ার মতো নির্মম কাজটা শাদ সেদিন থেকে করেনি। লাগাম টেনেছে নিজের পাপিষ্ঠ নেশায়।
খালি গা শার্টে ঢাকতে ঢাকতে নিসার সম্মুখে দাঁড়িয়ে বললো,“দুইটায় ছুটি হবার কথা না? এতো তাড়াতাড়ি এলে? আমার যাওয়ার কথা ছিল তো। লুকিয়ে একটা ফোন করা যেতো না?”
স্কুলের ঘটনাটা ফের মনে পরলো নিসার। মুখটা ফ্যাকাসে হয়ে উঠতেই শাদের সন্দেহ বাড়লো, জোর দিয়ে জানতে চাইলো,“কি হয়েছে? কে কি বলেছে?”
নিসা চোখ নামিয়ে নেয়,প্রসঙ্গটা লুকাতে কেবল বলেছিল,“না কেউ....”
_নিসামনি তোমার প্রতিটা মুখভঙ্গি আমি পড়তে পারি। তুমি খুশি হলে তোমার চোখ কেমন হয়, তুমি রাগে ফেটে পরলে তোমার মুখ কেমন হয়, তুমি কারো থেকে কথা শুনলে বিষন্নতায় তোমার মুখ কেমন হয় এসব আমি দুই বছর ধরে জানি। তুমি ক্লাস নাইনে উঠেছিলে তখন, আমি তখন কেবল রাজনীতি ছেড়ে ঘর নিয়েছিলাম, আমার গোটানো দুনিয়ায় একটা বড় অংশ হয়ে এসেছিলে। আমার সম্পূর্ণ মনযোগ তোমার ওপরেই থাকতো । তাই বলছি ,আমার থেকে কখনো কিছু লুকানোর চেষ্টা করবে না, এটা এই একবারই বললাম, মনে রাখবে সবসময়। আসলে আমি মানুষটা একটু ত্যাড়া তো, খোঁচাখুঁচির অভ্যাস। তাই ভালোয় ভালোয় বলে দাও আমার খাটনি না বাড়িয়ে। কে কি বলেছে? তোমার বড় আপু? নাকি স্কুলের কেউ? দেখো তুমি এটা নিয়ে আমাকে খাটালে আমি তোমার স্কুলেও চলে যেতে পারি।
নিসা ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরপর ঢোক গিলে সবেগে মাথা নাড়িয়ে বলে,“আসলে ভীষণ পেটব্যথা।”
বলতে বলতে আবার পেট চেপে ধরে নিসা। ওর আসলেই পেটে ব্যাথাটা বাড়ছে ভীষণ। শাদ অবাক হয়ে ধরলো ওকে। উদ্বিগ্ন কন্ঠে বললো,“ইনহেলার আনবো? দিবা?”
নিসার হাসি পেলো যন্ত্রণা কাতর শরীরেও, অস্ফুটে বললো,“পেটে ব্যাথা হলে ইনহেলার দেয় মানুষ?”
_কি জানি, বুঝিনা ঠিক। তোমার লাগলে দিবে । আমাদের দাদুবাড়ির এলাকায় এক বৃদ্ধ মহিলা ছিলেন বুঝলে। সে যে ওষুধ কুড়িয়ে পেতো সেটাই খেয়ে ফেলতো। কিছু জানতে চাইলেই বলতো,“আরে খেয়ে ফেলেছি,একটা না একটা কাজে অবশ্যই দিবে।”
নিসা একটু শব্দ করে হাসলো শাদের কথা শুনে,শাদও হাসলো। পর পর যখন মাগো বলে মৃদু গুঙ্গিয়ে আবার পেট চেপে ধরলো শাদও মৃদু আওয়াজে চেঁচায়,“মাই গড। আসলে সমস্যাটা কোথায়? গ্যাস ফর্ম করেনি তো? আনবো ফার্মেসি থেকে দু'টো ট্যাবলেট?”
নিসা দারুণ লজ্জা পাচ্ছে। ওকে লজ্জা পেতে দেখে শাদ আরো অবাক, একটু ধমকে বললো,“নটাঙ্কি না করে বলবা কি সমস্যা?”
নিসা এবার এক কাজ করলো,তার লজ্জা কাতর চোখ দু'টো শাদের চোখে রেখে বললো,“কেন? আপনি নাকি আমার অভিব্যক্তি পড়ে ফেলতে পারেন দুই বছর ধরে। তো আপনি বুঝতে পারছেন না?”
শাদ নিসার পাশে বসলো। বললো,“না পারছি না, কারণ গত দুই বছরে কেউ পেট ব্যথা করলে লজ্জা পেতো না। এটা এই প্রথম দেখছি। এই পাগলের মতো আচরণ এই প্রথম দেখছি।”
নিসা হাসি চেপে রেখে সামান্য বিরক্ত সুরে জবাব দেয় তৎক্ষণাৎ, বিড়বিড় করে,“মেয়েদের কখনো কখনো পেটে ব্যথা হতেই পারে। আপনার এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করার দরকার নেই।”
শাদ থমকায়। মিনিট দুয়েক নিস্পৃহ ভঙ্গিতে নিসাকে দেখে, নিসা লজ্জায় জমে গিয়ে উঠতে চাইলে হঠাৎ ওর হাত টেনে আবার বসিয়ে দেয়, খুব নিচুগলায়,প্রায় ফিসফিসিয়ে নিসাকে বলে,“ডাক্তার দেখাতে হয়?”
নিসা লজ্জায় আরো আরো বেশি লাল হয়, মাথা নিচু করে মাথা নাড়ায়,ধীরে ধীরে। শাদ ওর হাতটা ছেড়ে দেয়। দু'জনের মধ্যকার অস্বস্তি কমাতে প্রসঙ্গ পাল্টাতে শাদ বলে ওঠে,“একটা কথা বলার ছিল,জানি না কিভাবে নেবে তবে আমি চাইবো তুমি এই কথাটা মানো, অধিকার বলো বা যাই বলো, আমি চাচ্ছি তুমি আমার কথা শোনো।”
_বলুন।
_রিন্তু বাদে বাকি বান্ধবী গুলো থেকে একটু এড়িয়ে চলবে। অনেক কিছু কানে আসে আমার। আমি পছন্দ করছি না ওদের সাথে তোমার চলাফেরা। আর বান্ধবী তো একটা থাকলেই হয়। এতো কেন লাগে?
নিসার হাসিই পাচ্ছে লোকটার টুকটাক শাসনে। বাধ্য মেয়ের মতো দুই পাশে মাথা নেড়ে জবাব দেয়,“জি আচ্ছা।”
_আরেকটা কথা।
_কি?
_তোমাদের কোচিংয়ে তূর্য বলে ছেলেটা, ওর সাথে কথা বলবে না আর। কোনো পরিস্থিতিতেই। নোট দিতে চেয়েছে, কলম তুলে দিয়ে হেল্প করেছে বলে ধন্যবাদ দিয়েছো, এসে যদি বলে নিসা আমাকে এই উপপাদ্যটা বুঝিয়ে দাও, বা যেকোনো ব্যাপারেই হোক, আমি নিষেধ করার পরেও যদি শুনি ওর সাথে কথা বলেছো তবুও কিন্তু সেটা এক্সেস হিসেবে গণ্য হবে। আর এক্সেস এভরিথিং ইজ ব্যাড।
নিসার পেট ব্যাথা লোকটার সরলতায় ভরা স্বামী সুলভ শাসনে উবে যায় ক্রমশ। শাদের চোখে চোখ রেখে অস্ফুটে বলল,“আর কি কি এক্সেস হিসেবে গণ্য হবে, সব এক সাথে বলে দিন!”
_মনে রাখতে পারবে?
_আমার ব্রেইন শার্প।
শাদ শ্বাস নেয়,মেয়েটির চোখে বেশ সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে বলে,“তোমার ওড়না পরা হয় না কোনো কালেই হয়না,ওভাবে ওড়না পরে না। কিভাবে ওড়না পরতে হয়,তুমি কিন্তু সেটা জানো। আই থিংক বোঝাতে হবে না। সেভাবে পরবে, আজকের পর থেকে না মানলে এটা এক্সেস হিসেবে গণ্য হবে।”
নিসা চোখ নামিয়ে নেয়,তার কান গরম হয় লাজে,বলে,“আর?”
_পোশাকের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকবে। সাদা সুতি পাজামা এই বৃষ্টির সিজনে পরবে না। ভিজলে বাদামী পা স্পষ্ট ফুটে থাকে।
_স্কুল ড্রেসের সাথে আর কি রং পরবো?
_সাদাই পরবে, তবে সুতি নয়। একটা মোটা ফেব্রিক আছে,নাম ভুলে গিয়েছি। বিকেলে বেরিয়ে টেইলরের কাছে নিয়ে যাবো তোমাকে।
নিসা কিছুক্ষণ চুপ থেকে আবার বলে ওঠে,“আর?”
শাদ মোবাইলে সময় দেখে,বলে,“আবার আরেকদিন বলবো সেসব। মুখ হাত ধুয়ে এসো, ভাত খাবো।”
নিসা বললো,“সব তো বিয়ের প্রথম রাত থেকে আপনিই বলে আসছেন। আমি কিছু বলবো না?”
শাদ অবাক নজরে তাকায়, অস্ফুটে বলে,“বলো। তবে তুমি কি বলবে?”
_আপনি কি কি করলে আমি এক্সেস হিসেবে ধরে নেবো সেসব।
_ও, হ্যা বলো।
নিসা নড়েচড়ে বসে। খুব দুঃসাহসী একটা কাজ করতে চলেছে তাই গলা খাঁকারি দিয়ে মানসিক প্রস্তুতি নিয়ে নেয়। বলতে শুরু করে,“তার আগে বলুন রিন্তুর ওড়না পরা হয় কি না?”
থতমত খায় শাদ, হতভম্ব গলায় বলে,“ওকে খেয়াল করিনি।”
_কেন খেয়াল করেননি?
_আরে ওকে কেন খেয়াল করবো? ও আমার কিছু হয় নাকি?
_আমিও তো আপনার কিছু হতাম না তখন, আমার ওড়না পরা এতো খুঁটিয়ে দেখতেন কেন?
শাদ এইবার মাটির সাথে মিশতে চায় ধরা পরে যাওয়ার লজ্জায়। পাকা মেয়েটা তাকে ধরাশায়ী করে ফেলবে বুঝতে পারলো, আর কথা ঘোরানো ঠিক হবে না তাই গম্ভীর গলায় স্বীকারোক্তি দিলো, ইতস্তত করে বলে,“এটা উচিত কাজ ছিলো না তবুও স্বাভাবিক নিসামনি, আমি যার প্রতি অনুভূতি এনেছি তাকে একটু খুটিয়েই দেখবো। তাইনা? তাই বলে রিন্তু রুম্পা কিভাবে ওড়না পরতো বা পরে সেটা তো জানি না।”
নিসা শাদের অপরাধবোধ আর না বাড়িয়ে হালকা গলায় বলে,“বৌকে দেখেন ভালো কথা,বৌ ওড়না পরেছে কি পরেনি সেটা অবশ্যই দেখবেন। তবে এটা যেন আর কোনো মেয়েদের বেলায় না হয়। আজকে এই প্রথম আর শেষ বার বলছি। তবে সেটা যদি না মানেন সেটা এক্সেস হিসেবে গণ্য হবে।”
শাদ তাকিয়ে আছে, ধীরে ধীরে বলে,“আর?”
_তিন বেলা আমার সাথে খাওয়ার চেষ্টা করবেন।
_সবসময় এটা পসিবল না নিসামনি,আর চাকরি পেলে....
_তখনকার কথা আলাদা। চাকরি পেলে লাঞ্চ টাইমে যদি না আসতে পারেন তখন ফোনে কথা বলবেন,এর অন্যথা হলে সেটা এক্সেস হিসেবে গণ্য হবে। আর এক্সেস এভরিথিং ইজ ব্যাড।
_আর?
নিসা ভাবছে। সে ভেবে পাচ্ছে না কিছু। এই লোকের আর একটা ত্রুটিও তার মাথায় আসছে না এই মূহুর্তে। শ্বাস ফেলে বলে,“আরেকদিন বলবো।”
বলতে বলতে নিসা কিছু একটা মনে করার ভঙ্গিতে হাতের মুঠি থেকে তিন হাজার টাকা বের করে দিয়ে শাদকে বলে,“শ্বশুর বাবা দিলেন।”
_শ্বশুর বাবা?
_উনি বাবা ডাকতে নিষেধ করলেন,আর কি ডাকবো?
ঝটপট স্বতঃস্ফূর্ত জবাব নিসার। শাদ অবাকের সুরে বললো,
_কখন দেখা হলো?
নিসা ধীরে ধীরে সবটা শাদকে খুলে বলতেই শাদ নিসার হাত থেকে টাকাটা নিয়ে টাকাটা উল্টেপাল্টে দেখে হাসলো। নিসা বলে,“আপনাকে রাত বারোটায় মাছ বাজারে যেতে বলেছে। তাজা বিষখালির ইলিশ খেতে চাইলে গিয়ে আনবেন।”
শাদ ভেতরে ভেতরে ভীষণ খুশি,তার মন ফুরফুরে নিসা বুঝতে পারলো। সেও খুশি ভীষণ। হঠাৎ শুনতে পেল শাদ বিড়বিড় করে বলছে,“মেয়েদের থেকে কম ড্রামা জানে না এই লোক।”
চলমান.....