ফন্ট সাইজ:
থিম:
এই আশিকি

পর্ব 28

লেখক: আরিফা তাসনিম তামু

#এই_আশিকি
#পার্ট_২৭
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু

_কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌

দুপুর ২টা বাজে মেহেদীরা গ্রামে এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই মেহেদীর মামারা এগিয়ে আসলো। উনারা সেই সকাল থেকেই অপেক্ষা করছে। মেহেদীর মামারা দুজন। উনারা এখনো আলাদা হয়নি, দুই ভাই মিলে ২ তলা একটা বাড়ি করেছে। সে বাড়িতে দুই ভাই স্ত্রী-সন্তান নিয়ে একসাথে থাকে। বড় মামার এক ছেলে এক মেয়ে। ছেলে বিহান, মেহেদীর এক বছরের ছোট আর মেয়ে বৃষ্টি অনার্সে পড়ে। মূলত বৃষ্টির সাথেই মেহেদীর বিয়ের কথা চলছে। আর ছোট মামার একটাই মেয়ে, নাম ঝিনুক, অর্নিদের সমবয়সী, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে।

মারজান বেগম ভাইদের দিকে এগিয়ে গিয়ে ভালো-মন্দ জিজ্ঞেস করে বললেন—
— ভেতর থেকে তারেক ভাইকে বলো গাড়ি থেকে জিনিসগুলো নামাতে।

তারেক এই বাড়িতে কাজ করে। মারজান বেগম ছুটলেন বাড়ির দিকে, ভাবিদের সাথে দেখা করতে।
মেহেদী আর ফারিশ এগিয়ে গিয়ে মামাদের সাথে কোলাকুলি করে ভালো-মন্দ জিজ্ঞেস করছে। সবার শেষে গাড়ি থেকে তনিমা নেমে গাল ফুলিয়ে বলল—
— আমাকে তো কারো চোখে পড়ে না। আমি তো তোমাদের কেউ না, থাকো তোমরা তোমাদের মেয়ের জামাই আর ভাগ্নে নিয়ে।

বড় মামা তনিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলে—
— আসলেই তো চোখে পড়ে না, কী করবো বুড়ো হয়ে গেছি তো।

তনিমা অভিমানী সুরে বলল—
— চার চোখ লাগিয়েও তুমি আমাকে চোখে দেখছো না মামা, আসলে তোমরা আমাকে ভালোই বাসো না।

এবার ছোট মামা হেসে বলল—
— হুম, তোকে কেউ ভালোবাসে না। এটা তোর আজকের কথা না, ছোটবেলা থেকেই বলতি।

সবাই হেসে উঠলো। ছোট মামা ভ্রু কুঁচকে তনিমার দিকে চেয়ে বলল—
— কিরে চড়ুইয়ের দল, তুই একা কেন? আমাদের আরেকটা চড়ুই কোথায়?

তনিমার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। মেহেদীর মুখটাও মলিন হয়ে যায়। দুই মামা ওদের মুখ দেখে চিন্তিত হয়ে যায়। ছোট মামা বলল—
— কিরে মেহেদী, অর্নি কোথায়?

মেহেদী কিছু বলতে নিবে তার আগেই তনিমা বলে উঠলো—
— অর্নি একটু দেশের বাইরে গিয়েছে মামা, পড়ালেখার জন্য।

মেহেদী যেন হাঁফ ছেড়ে বাঁচলো। এবার বড় মামা বলল—
— আমাদের তো জানালি না।

— হুট করেই চলে গেছে তাই আর জানানো হয়নি।

— বিয়েতেও আসবে না?

এবার মেহেদী উত্তর দিলো—
— মনে হয় না আসা হবে।

— ডেট পিছিয়ে দেবো না হয়।

— না মামা, ও বলল ওর জন্য অপেক্ষা না করে বিয়ে সেরে ফেলতে।

মামাদের মনটা খারাপ হয়ে গেলো। অর্নিকে উনারা তনিমার মতোই স্নেহ করে। করার কথাও, অর্নি যেখানেই যাবে সবার মন জয় করে আসবে, দারুণ ব্যক্তিত্বের মানুষ। এবার সবাই বাড়ির দিকে হাঁটা দিলো। তনিমা আগে আগে হেঁটে চলে গেলো।

বাড়ির ভেতরে ঢুকতেই ঝিনুক দৌড়ে এসে তনিমাকে জড়িয়ে ধরলো।
— কেমন আছিস?
— ভালো, তুই?
ঝিনুক আশেপাশে তাকিয়ে বলল—
— আমিও ভালো, কিন্তু অর্নি আসেনি, ও কোথায়?

তনিমা দীর্ঘশ্বাস ফেলে বলল—
— আসেনি, অনেক কাহিনি, পরে বলবো সব। আগে একটু রেস্ট নিতে দে, জার্নি করে ক্লান্ত হয়ে গিয়েছি।

তনিমা গিয়ে মামিদের সাথে দেখা করে আসলো। মারজান বেগম তো ভাইয়ের বউদের সাথে গল্প জুড়ে দিয়েছেন। মেহেদীরা ভেতরে এসে সোফায় বসতেই মামিরা দুজনে এসে দেখা করে গেলো, তারপর অনেক রকম নাস্তা এনে দিলো। এর মধ্যে তারেক মেহেদীদের আনা মিষ্টি, ফলমূল বিভিন্ন জিনিসগুলো একে একে এনে রাখলো বসার ঘরে।

বিহান সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল—
— এই যে শহরের রাজপুত্ররা! অবশেষে আমাদের কথা মনে পড়ল?

মেহেদী হেসে বলল—
— হুম, মনে পড়তেই চলে আসলাম। তা কেমন আছিস?

— ভালো, তুই কেমন আছিস? আর ফারিশ মশায়ের কী হলো, চোখ বুজে আছে কেন?

ফারিশের মাথা ধরেছে, তাই চোখ বুজে সোফায় মাথা এলিয়ে দিলো। মেহেদী ওর দিকে তাকিয়ে বলল—
— আমিও ভালো আছি। ফারিশ ক্লান্ত আর মাথা ধরেছে ওর, এজন্য।

ফারিশ এবার চোখ খুলে বিহানের দিকে চেয়ে বলল—
— বকবক না করে আগে মামিকে বল রুম দেখিয়ে দিতে, রেস্ট নিতে হবে।

বিহান আর কথা বাড়ালো না। ফারিশকে সত্যি ক্লান্ত দেখাচ্ছে। বড় মামা বলল—
— বিহান, ওদের দুজনকেই নিয়ে যা, ফ্রেশ হয়ে রেস্ট নিক একটু, তারপর খাওয়া-দাওয়া করবে। মেহেদী, ফারিশ, ওর সাথে যাও।

ওরা দুজনেই উঠে বিহানের পিছু পিছু চলল। মাঝপথে ঝিনুকের সাথে দেখা। মেহেদীকে ভালো-মন্দ জিজ্ঞেস করলো, মেহেদী সুন্দর মতো উত্তর দিলো। কিন্তু ফারিশ হনহনিয়ে সিঁড়ি বেয়ে উঠে চলে গেলো। ঝিনুকের মন ভেঙে গেলো। একটু কথা বললেও তো পারতো। লোকটা ওর সাথে এমন করে কেন, ঝিনুক জানে না। বাকি সবার সাথেই তো ভালোভাবে কথা বলে, ওর বেলায় এমন কেন?

ফ্যাকাশে মুখ নিয়ে চলল বৃষ্টির রুমের দিকে, সেখানে তনিমা আছে, বৃষ্টির সাথে দেখা করতে গেছে। বৃষ্টি একবার এসে মারজান বেগমের সাথে দেখা করে গেছে, মেহেদীদের সাথে করেনি। ওর কেমন লজ্জা লাগছে মেহেদীর সামনে যেতে।

__________________

ঝিনুক আসতেই তনিমা ওদের অর্নির ব্যাপারে সব খুলে বলল। সেই থেকে তিনজনেই মন খারাপ করে বসে আছে। অনেকক্ষণ পর ঝিনুক মুখ খুলল—

— অর্নি পাগল নাকি? ওই ছেলের জন্য কেন এমন করতে গেল? ওই ছেলে জানে আমাদের অর্নির পিছে কত ছেলে লাইন দিয়ে ঘুরে? ওর কত বড় সাহস আমাদের অর্নিকে কষ্ট দেয়।

ঝিনুকের কথা শুনে বৃষ্টি বলে—
— অর্নি অনেক বেশি আঘাত পেয়েছে। আমরা সবাই জানি অর্নি ছোটবেলা থেকে তার সুপারম্যানকে কতটা ভালোবাসে। এতগুলো বছর অপেক্ষা করেছে, ওর তো কষ্ট পাওয়ার কথাই, সহ্য করতে না পেরে এমন করেছে। আচ্ছা বাদ দে, এই তনিমা, অর্নিকে ভিডিও কল দে, কথা বলি।

বৃষ্টির কথা অনুযায়ী তনিমা কল দিলো। কয়েকবার রিং হতে কল রিসিভ হলো।
— ফ্রি আছিস? বৃষ্টিপু আর ঝিনুক কথা বলবে।

অর্নি তখন রেডি হচ্ছিলো, বাইরে যাবে। তনিমার কথা শুনে বলল—
— দে।

বৃষ্টির দিকে ফোনটা এগিয়ে দিতেই অর্নি মুচকি হেসে বলল—
— কেমন আছো ভাবীপু?

বৃষ্টি অর্নিকে দেখছিলো। একটা টপস আর লেডিস জিন্স পড়ে লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে। কি সুন্দর লাগছে, বৃষ্টি মেয়ে হয়েও ক্রাশ খেলো। অর্নির কথা শুনে বৃষ্টি ভ্রু কুঁচকে বলল—
— ভাবীপু এটা আবার কী ডাক?

— আরে বুঝোনি, আগে আপু ছিলে এখন ভাবী হবে, তাই দুটো মিলে ডাকছি।

অর্নির কথায় বৃষ্টি হেসে ফেলে। পাশ থেকে ঝিনুক বলে উঠে—
— আমার কথা কারো মনে পড়ে না বুঝি?

ওর কথা শুনে অর্নি হেসে বলে—
— তোকে কি ভোলা সম্ভব? এখনো তোর বকবক কানের কাছে বাজছে।

— অর্নিইইই...

ঝিনুক চেঁচিয়ে উঠল। অর্নি কানে হাত দিয়ে দিলো। আসলে সত্যি বলতে ঝিনুক আসলেই অতিরিক্ত কথা বলে, এজন্য সবাই ওর নাম দিয়েছে বকবকানি। বৃষ্টি ওদের থামিয়ে বলল—
— দেশে কবে ফিরবে? খুব মিস করছি তোমায়।

অর্নি কিছুক্ষণ চুপ থেকে বলল—

— আমিও তোমাদের খুব মিস করছি, বাট দেশে এখন ফিরবো না আপাতত।

— বিয়েতে আসবে না?

— না, তোমাদের জন্য অনেক দোয়া রইল।

— তোমাকে ছাড়া ভালো লাগবে না।

— সমস্যা নেই, তনিরা সবাই আছে তো। আচ্ছা এবার বলো, আমার ভাইকে তোমার পছন্দ তো?

বৃষ্টির লজ্জায় গাল লাল হয়ে গেছে এই কথা শুনে। মেহেদীকে তার একটু আধটু পছন্দ ছিলো, তবে সেভাবে এসব নিয়ে ভাবেনি। ঝিনুক বলল—

— তা আর বলতে, দেখ আপু লজ্জা পাচ্ছে। জানিস আপুর ইচ্ছে ছিলো প্রেম করবে, প্রেমিক পুরুষ নাকি আপুর অনেক পছন্দ।

— তাই নাকি?

বৃষ্টি এবার ঝিনুককে ধমক দিয়ে চুপ করিয়ে বলল—
— ওর কথা কানে নিও না, জানোই তো ও কেমন।

এরপর চারজনে অনেকক্ষণ কথা বলে, হাসি-ঠাট্টা করে।

____________

বিকালে সূর্য ডোবার আগে আরিয়ান ছাদে আসলো। এই ছাদে তার আর অর্নির ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। রাতে আকাশে চাঁদ দেখা, তারা গোনা, অর্নিকে গান শোনানো, গিটার বাজানো। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে দোলনায় গিয়ে বসলো। এই বিষণ্ণ বিকালটা যেন তার ভেতরের শূন্যতা জাগিয়ে তুলছে। আরিয়ান কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে থাকলো, তারপর পকেট থেকে ওয়ালেটটা বের করে। ওয়ালেটে একটা বাচ্চা মেয়ের ছবি, একটা ছেলের দিকে তাকিয়ে আছে। এই ছবিটা প্রায় বারো বছর আগের, তাহমিদের জন্মদিনে ছাদে যখন আরিয়ান গান গেয়েছিলো, ছোট্ট অর্নি তখন ড্যাবড্যাব করে তাকিয়ে ছিলো। ছবিটা ক্যামেরাবন্দী করেছে রাফসান। তার পাশে আরেকটা ছবি, সিঁড়ি বেয়ে অর্নি নামছে, গায়ে আরিয়ানের দেওয়া গাউনটা। এই ছবিটা অর্নির জন্মদিনের, এটা আরিয়ানই অগোচরে তুলেছে। সেদিনই বের করে ওয়ালেটে রেখে দিয়েছিলো। আরিয়ান ছবির দিকে চেয়ে বিষণ্ণ গলায় গানের দুটো লাইন বলল—

— ঈশ্বর কী তোমার আমার
মিলন লিখতে পারতো না?
ঈশ্বর কী তোমার আমার
মিলন লিখতে পারতো না?

_ আমি জানি তোমার যে চোখে আগে আমার জন্য ভালোবাসা ছিলো, সেই চোখে এখন শুধু ঘৃণাই আছে। আমি চাই তুমি আমাকে ঘৃণাই করো। সবাই শুধু ওপরটাই দেখলো, ভেতরের ক্ষতগুলো কেউ দেখলো না। যেখানেই থাকো ভালো থাকো আমার কিউটিপাই।

___________________________

খাওয়া-দাওয়া শেষে রেস্ট নেওয়ার পর এখন সবাই বসার ঘরে বসেছে, আংটি পরানো হবে, একটু পর বৃষ্টিকে আনা হয় শাড়ি পরে মাথায় ঘোমটা টানা। মারজান বেগম আগে দুজনকে আলাদা ভাবে কথা বলার জন্য ছাদে পাঠালো। ছাদে এসে বৃষ্টি নিচের দিকে তাকিয়ে আছে। পরনে একটা নীল রঙের জামদানী শাড়ি। মেয়েটার হলদে ফর্সা, গায়ে বেশ মানিয়েছে। মেহেদী বেশ কিছুক্ষণ চেয়ে গলা খাঁকারি দিয়ে বলল—

— তোমার কি কাউকে পছন্দ বা কারো সাথে প্রেম?

বৃষ্টি নিচু কণ্ঠে বলল—
— না।

— তবে অনি বলল যে তোমার প্রেম আর প্রেমিক পুরুষ পছন্দ? প্রেমিক না থাকলে কীভাবে প্রেমিক পুরুষ পছন্দ?

বৃষ্টি চট করে মাথা তুলে তাকালো। দুজনের চোখাচোখি হতে বৃষ্টি চোখ নামিয়ে নিলো। অর্নি যে এটা বলে দিবে সে জানতো না।

— আমি বলিনি, ঝিনুক মজা করে বলেছে।

— শোনো মেয়ে, চলো বিবাহ সেরে ফেলি, হালাল হয়ে বিয়ের পর তোমার জন্য না হয় প্রেমিক পুরুষ হবো আর তুমি হবে আমার হালাল প্রেমিকা। ভালোবাসা আল্লাহর রহমতে তখন এমনিই হয়ে যাবে।

বৃষ্টি ড্যাবড্যাব করে মেহেদীর মুখের দিকে চেয়ে রইল। পাঞ্জাবিতে দারুণ লাগছে মেহেদীকে। বৃষ্টিকে এভাবে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মেহেদী ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল—

— বিয়ের পর মন ভরে দেখো। এবার বলো বিয়েতে রাজি? নিচে সবাই অপেক্ষা করছে।

— জ্বি রাজি।

— আলহামদুলিল্লাহ। এবার চলো নিচে যাওয়া যাক তবে।

— জ্বি চলুন।

দুজনে নিচে নামছে, মেহেদী আগে হাঁটছে, বৃষ্টি পিছু পিছু আসছে। নিচে আসার পর আংটি পরিয়ে বিয়ের ডেট ফেলা হয় এক সপ্তাহ পর, কারণ মেহেদী দেশের বাইরে যাবে। এটা আগে থেকে বলা ছিলো, সে জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া ছিলো। আরো কিছুক্ষণ কথা বলে মেহেদীরা বিদায় নেয়, কারণ থাকা যাবে না এখন। ফারিশ ভার্সিটি থেকে ছুটি নিয়েছে একদিনের, আর মেহেদীর কালকে মিটিং আছে একটা, অনেক গুরুত্বপূর্ণ। তাই আর জোর করেও লাভ হয়নি, চলে গেলো।

চলবে,,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 28 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন