দেখতে দেখতে বিকেল হয়ে এলো.. প্রকৃতিতে বসন্তের ছোঁয়া লেগেছে। রোদটা মাথার ওপর থেকে একটু নেমে এসেছে, তেজ নেই—নরম, সহনশীল। আকাশটা পরিষ্কার, নীলের মধ্যে হালকা সাদা মেঘ ধীরে ধীরে সরে যাচ্ছে। বাতাসে একটা উষ্ণতা আছে, কিন্তু অস্বস্তি নেই; যেন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে থাকাটাই স্বস্তির।
রাস্তার ধারে কৃষ্ণচূড়ার লাল ফুলগুলো আজও ঝরে পড়ছে। পায়ের নিচে চাপা পড়ে নরম একটা শব্দ তুলছে। হালকা বাতাস এলেই গাছের পাতাগুলো নড়ে ওঠে, আর সেই সাথে ছড়িয়ে পড়ে কাঁচা পাতার গন্ধ। কোথাও একটা রিকশা যাচ্ছে, ঘণ্টার টুংটাং শব্দটা বিকেলের নীরবতাকে ভাঙছে, আবার মিলিয়েও যাচ্ছে।
পাখিরা এখনো ডাকছে—দিন শেষ হয়ে যায়নি বলে। মানুষের হাঁটার গতি একটু ধীর, মুখে ক্লান্তির ছাপ থাকলেও বাতাসটা মনকে ভারী হতে দিচ্ছে না। এই বসন্তের বিকেলে সময় থেমে নেই, তবু তাড়াও নেই। সবকিছু ঠিক এই মুহূর্তেই ঘটছে—রোদ, বাতাস, শব্দ আর অনুভূতিগুলো একসাথে।
তেমনি একটা সুন্দর বিকেলে রমনা পার্কে ব্রীজের রেলিং এর উপর বসে আছে আহিয়ান, ইথান, রিহান, নির্জন, মৃদুল ও অলক। আজকে আহিয়ান হসপিটাল থেকে তাড়াতাড়ি ফিরেছে। তারপর ইথানকে নিয়ে এসেছে এখানে। ওর ফোন পেয়ে বাকি বন্ধুরাও এসে জয়েন হয়েছে। যদিও ব্যস্ততার কারণে আজকে রিহান আসতে চায়নি। কিন্তু ইথান আহিয়ার হবু বরকে দেখতে চায়। তাই আহিয়ান কিছুটা জোর করেই রিহানকে এখানে ডেকে এনেছে। ইথান অনেক মিশুক প্রকৃতির। তাই অল্প কিছুক্ষণেই সকলের সাথে বন্ধু হয়ে গেছে। আহিয়ানের বন্ধুদেরও ইথানের ভাঙ্গা ভাঙ্গা বাংলা কথাগুলো ভালই লাগছে।
বসন্তের বিকেলের এত সুন্দর রূপ দেখে ইথান বেশ মুগ্ধ। সবাই আড্ডায় মজে থাকলেও মৃদুল আজকে কেন জানি চুপচাপ হয়ে আছে। সেটা দেখে আহিয়ান জিজ্ঞেস করল: তোর ব্যাপার কি মৃদুল। সেই কখন থেকে চুপ করে আছিস..
মৃদুল হালকা হাসার চেষ্টা করে বলল: আমার আবার কি হবে..? পরিবেশটা খুব সুন্দর তাই উপভোগ করছিলাম।
আহিয়ান আবারো বলল: সেদিন এংগেজমেন্ট পার্টি থেকে হঠাৎ উধাও হয়ে গেলি.. তারপর তোকে আর দেখলাম না কেন..? তোর গার্লফ্রেন্ড কেউও তো আর দেখলাম না।
তারপর কিছু একটা ভেবে আহিয়ান হঠাৎ বলল: তোরা দুইটা আবার চিপায় চাপায় প্রেম করতে যাসনি তো..?
মৃদুল এবার না চাইতেও হেসে দিল। তারপর একটু অদ্ভুত কণ্ঠে বলল: আর প্রেম.. সেটা মনে হয় আর ভাগ্যে নেই।
ওর কথা শুনে রিহান জিজ্ঞেস করল: কেন..?
মৃদুল দীর্ঘশ্বাস ফেলে বললো: চেয়েছিলাম মেয়েটা কেমন টেস্ট করতে..
এটুকু বলেই মৃদুল চুপ হয়ে গেল। ওর কথা শুনে উপস্থিত সকল বন্ধুরাই আগ্রহ দৃষ্টিতে তাকালো। নির্জন দুষ্টু হেসে মৃদুলের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল: টেস্ট কেমন..?
বন্ধুর কথার মানে বুঝতে পেরে মৃদুল কিঞ্চিৎ রেগে গেল। তারপর রাগী কন্ঠে বলল: আমি সেই টেস্টের কথা বলিনি ইডিয়েট.. মেয়েটাকে পরীক্ষা করতে চেয়েছিলাম আসলে সে কেমন..
সেটা শুনে এবার রিহান প্রশ্ন করল: পরীক্ষায় কি পাস করল নাকি ফেল..?
মৃদুলের চোখগুলো জ্বলে উঠলো মুহূর্তেই । সে উৎফুল্ল কণ্ঠে বললো: পাস করেছে। ছোট মরিচের ঝাল বেশি।
কথাটা বলেই ছেলেটার মুখটা কেমন চুপসে গেল। সেটা দেখে আহিয়ান বলল: আবার কি হলো তোর..?
মৃদুল কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে বলল: কিছু না।
তখনই পাশ থেকে ইথান বলল: মিথুল কি বুললো.. ছোচা মইছে ঝেল বেছি..
ওর মুখে মৃদুলের নামটার এমন বিকৃতি শুনে অলক হাসতে হাসতে পারছে না শুয়ে পড়তে। ইথানের অদ্ভুত কথাবার্তা শুনে নির্জন, রিহানও হাসছে। তবে আহিয়ান বেশ স্বাভাবিক। কারণ এসবে সে বহু বছর ধরেই অভ্যস্ত।
আহিয়ান ইথান কে বোঝানোর জন্য বলল:“Mridul said, ‘Small chilies are spicier.’”
এবার ইথান বুঝেছে। সন্ধ্যা হতেই ওরা রমনা থেকে বের হয়েছে। গেটের বাহিরে এত এত ফুলের দোকান দেখে ইথান অনেক পুলকিত হলো। আচমকা আহিয়ান এগিয়ে গেল একটা দোকানের দিকে। সেখান থেকে তাজা দেখে একটা লাল গোলাপ কিনলো। সেটা দেখে রিহান নিজেও কিনলো। অতঃপর গোলাপটা আহিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল: আমার বউটাকে আমার পক্ষ থেকে দিয়ে দিস..
আহিয়ান কিঞ্চিত ভ্রু বাঁকিয়ে বলল: তোর বউকে গিয়ে তুই দে আমি কেন দিব..? আমি তো ফুল নিয়েছি আমার বউয়ের জন্য।
রিহান আহিয়ানের কথা শুনে হতাশ কন্ঠে বলল: আমার ভিলেন শ্বশুর তার মেয়ের সাথে আমাকে বিয়ের আগে দেখা করতে দেবে না।
__তুই কথায় কথায় আমার বাপকে ভিলেন বলিস কেন..? তোদের বিয়েটা মেনে নিয়েছে তবুও তুই বারবার বলিস ভিলেন শ্বশুর । কারণ কি বলতো...
রিহান আহিয়ানের কাঁধে হাত রেখে বলল: রাগ করিস না বন্ধু। ওনাকে তো আমি আগে ভিলেন শশুর ই ভাবতাম। তাই এখনো মুখ ফসকে বেরিয়ে যায়।
__ভালো হয়ে যা। ভালো হতে পয়সা লাগে না..
সেখান থেকে ওরা সব বন্ধুরা গেল চায়ের টং দোকানে। বিকেল থেকে পুরোটা সন্ধ্যা সব বন্ধু একসাথেই কাটালো। ইথানের বেশ ভালো লাগছে । বাংলাদেশের আবহাওয়া সত্যিই সুন্দর। তাছাড়া সে তো বাংলাদেশে এসেছে ঋতুর রানী বসন্তকালে। এখন তো প্রকৃতি আরো সুন্দর করে সেজে উঠেছে। ইথান রাস্তার পাশে একটা বড় গাছ দেখিয়ে ইশারা করে বলল: আহিয়ান.. এঠা খি ঘাছ..? কত ছুন্দার রেড ফ্লাওয়ার..
আহিয়ান সেদিকে তাকিয়ে মৃদু হেসে বলল: এটা কৃষ্ণচূড়া ফুলের গাছ। এই ফুলটা শুধু বসন্তকালেই ফোটে।
কৃষ্ণচূড়া নামটা শুনে ইথান বেশ কয়েকবার চেষ্টা করল উচ্চারণ করার। কিন্তু বেচারা পারলো না। হতাশ হয়ে চেনার সুবিধার্থে জিজ্ঞেস করল এটার ইংরেজি নাম কি..?
আহিয়ান স্বাভাবিক কন্ঠে জবাব দিল:Royal Poinciana... (রয়্যাল পয়ন-সি-আনা) । আর এটার বৈজ্ঞানিক নাম Delonix regia (ডি-লো-নিক্স রি-জি-আ)
কৃষ্ণচূড়া ফুলের ইংরেজি নামটা খুব সহজেই ইথান উচ্চারণ করে ফেলল। সেটা দেখে আহিয়ান হাসলো।
_________
আজকে সারাদিনে এমিলির সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে তৃধার। তবে এমিলির পোশাক-আশাক মেয়েটার একটুও পছন্দ না। তাই সন্ধ্যা বেলা আহিয়াকে গিয়ে বলল: আপু তুমি এমিলিকে প্লিজ বলবে এসব টি-শার্ট জিন্স ছেড়ে বাঙালি পোশাক পড়তে..
আহিয়া আশ্চর্য কন্ঠে প্রশ্ন ছুড়লো: কেন ওর পোশাকে তোর সমস্যা কি..? তাছাড়া এমিলি তো সবসময় এমন পোশাক ই পড়ে। বাহিরের দেশে তারা এভাবেই অভ্যস্ত।
তৃধা এবার নাক মুখ কুঁচকে বলল: এটা বাহিরের দেশ না আপু। বাড়িতে কত পুরুষ মানুষ আছে ওকে এভাবে ঘোরাফেরা করতে দেখলে আমার বেশ লজ্জা লাগে। তাছাড়া একটু পরে তো তোমার ভাইয়াও চলে আসবে।
__তো..?
__তো কি আবার.. তোমার ভাইয়ার সামনে একটা জোয়ান মেয়ে এমন ড্রেস পরে ঘুরে বেড়াবে সেটা কি আমি মেনে নেব..?
আহিয়া এবার মুচকি হেসে বোনের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলল: ভাইয়া কি জানে আমার ভাবি যে তাকে নিয়ে এতটা পজেসিভ..?
তৃধা খানিকটা লজ্জা পেয়ে বলল: উফফ আপু তুমিও না..
__হয়েছে আর লজ্জা পেতে হবে না। আমি এমিলিকে বলবো বাঙালি পোশাক পড়তে।
এ কথা শুনে তৃধা বেশ সন্তুষ্ট হলো। তবুও সে মনে মনে বিরক্ত। যখনই মস্তিষ্কে আসলো আহিয়ান ভাই প্রায় 14 বছর ধরে এই মেয়েটাকে দেখছে তাও এই পোশাকে। তখনই যেন রাগটা মাথা চাড়া দিয়ে উঠছে। আর শুধু মেয়েকে বলে লাভ কি.. এই মেয়ের মা মিসেস সুফিয়া মিলারও তো ঢিলে ঢালা ফতুয়া ও জিন্স পরে পুরো বাড়ি আজকে সারাদিন ঘুরে বেড়িয়েছে। বাড়িটা পুরো বাঁদরের কারখানা হয়ে গেছে। ভাবতেই তৃধার মেজাজ আরো খারাপ হলো।
তখনই আহিয়ার রুমে প্রবেশ করল এমিলি। এমিলি ওদেরকে দেখে ভাঙ্গা ভাঙ্গা শব্দে বলল: থোমরা খি খরছো..?
তৃধা কিছু না বলে চুপচাপ বিছানার এক কোণে গিয়ে বসলো। আহিয়া সেদিকে এক নজর তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। অতঃপর এমিলিকে বলল: বাংলাদেশে এসে বাঙালি খাবার খেলেই তো বাঙ্গালীদের মতো হওয়া যাবে না। বাঙালি বাঙালি ফিল পেতে হলে বাঙালি পোশাক গুলো পড়তে হবে। দেখবে আরো ভালো লাগবে।
এমিলি বেশ উৎসাহী হলো। খুশিতে লাফিয়ে উঠে বলল: wow... “This is such a great idea!”.. but আমি এগুলো খোথায় পাবো..
এবার আহিয়া মুচকি হেসে বলল: আমি দেবো তোমায়।
সেটা শুনে এমিলি বেশ খুশি হলো।
এমিলি সহজে মেনে যাওয়ায় তৃধা এতক্ষণে ওর উপর সন্তুষ্ট । যাক মেয়েটা খারাপ না।
প্রায় আধঘন্টা পর..
এমিলি আহিয়ার দেওয়া একটা কালো চুড়িদার পরে সিড়ি বেয়ে নিচে নেমে এলো। সেটা দেখে ড্রয়িং রুমের সকলেই হতবাক। ওর মম মিসেস সুফিয়া মেয়েকে দেখে উৎফুল্ল কণ্ঠে বললো : “You’re looking so pretty, my dear.”
এমিলি মুচকি হাসলো। মেঘের পাশে দাঁড়িয়ে বন্যা বিড়বিড় করে বলল: মেয়ের মতো মা টাও তো একটু মানুষ হলে পারে। উনার জন্য শ্বশুর ভাসুরের সামনে আমাদেরকে লজ্জায় পড়তে হচ্ছে।
মেঘ ও রাই দুজনেই বন্যার কথা শুনে ফেলল। মেঘ ও রাই মিসেস মিলার কে এভাবেই দেখে অভ্যস্ত। তবে এখানে পরিবারের সামনে তারাও বেশ ইতস্তত বোধ করছে। হয়তো তাদের মেয়েরাও তাই। তাইতো এমিলিকে বাঙালি পোশাক পড়িয়েছে।
কিছু একটা ভেবে মেঘ মিসেস সুফিয়াকে বলল: আপনিও চাইলে বাঙালি পোশাকগুলো ট্রাই করতে পারেন দেখবেন ভালো লাগবে।
এটা শুনে সুফিয়া বোধহয় খুশি হলেন এবং মেঘকে ইংরেজিতে বললেন তাকে একটা বাঙালি পোশাক দিতে। জন মিলার আবিরের সাথে ঘুরে যখন বাড়ি ফিরবে তখন যেন তাকে দেখে চমকে যায়।