ক্যান্টিনের সেই বিশৃঙ্খলার পর—
তাড়াহুড়ো করে তৃধাকে নিয়ে আসা হলো হাসপাতালে। তৃধার বন্ধুরাও এসেছে সাথে। শিশির ও মাহিন আসতে চাইলে আহিয়ান জানাল এত ব্যস্ত হতে হবে না, প্রয়োজন পড়লে সে নিজেই তাদের ডেকে নেবে।
ডিউটিরত নার্সরা দ্রুত একটা বেডে শুইয়ে দিল তৃধাকে।
তার হাতে স্যালাইনের ক্যানুলা লাগানো হলো।
আহিয়ান একদৃষ্টিতে তাকিয়ে আছে—
মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে স্পষ্ট উদ্বেগ। এক নার্স বলল:
— “স্যার BP লো… শরীর অনেক দুর্বল।” —
আহিয়ান নিজেকে সামলে ধীর গলায় বলল—
— “ডক্টর জানিসা কে ইনফর্ম করা হয়েছে ?”
— “জি স্যার, ম্যাডাম আসছেন।”
কিছুক্ষণ পর গাইনি স্পেশালিস্ট এসে তৃধাকে চেক করলেন।
প্রেশার, পালস, কিছু প্রশ্ন… তারপর হালকা টেস্ট।
আহিয়ান বাইরে দাঁড়িয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে।
মিনিটগুলো যেন ঘণ্টার মতো লাগছে… ইতিমধ্যেই সে তানভীর মামাকে কল দিয়ে তৃধার অসুস্থতার কথা জানিয়েছে। তাদের একমাত্র মেয়ে তৃধা। মেয়ের ভালো-মন্দ জানার অধিকার তাদের অবশ্যই আছে।
আহিয়ানের চিন্তিত অবস্থা বুঝতে পেরে নাজমুল এগিয়ে এসে বলল: টেনশন করবেন না ভাইয়া। তৃধা ঠিক হয়ে যাবে।
ওর সাথে সাথে সজিব আর আশিকও আহিয়ান কে সান্ত্বনা দিল। জবাবে আহিয়ান কিছুই বলল না । তার নজর কেবিনের বন্ধ দরজার দিকে।
কিছুক্ষণ পরেই ডক্টর বাইরে এসে দাঁড়ালেন।
— “ডক্টর মাহাদিব…”
আহিয়ান তাড়াতাড়ি এগিয়ে গেল—
— " আমার ওয়াইফ ঠিক আছে তো ডক্টর জানিসা?”
ডক্টর হালকা হাসলেন—
— “উনি ঠিক আছেন। দুর্বলতা আর লো প্রেসারের কারণে অজ্ঞান হয়েছিল।”
অতঃপর একটু থেমে মৃদু হাসি নিয়ে আবারো বললেন—
— “আর একটা খবর আছে…
কথা টা কানে আসা মাত্রই আহিয়ান অধীর আগ্রহে তাকিয়ে রইল ডক্টরের দিকে।
ডক্টর জানিসা ঠোঁটের কোণের হাসি দীর্ঘ করে বলল: কনগ্র্যাচুলেশনস—
আপনি বাবা হতে যাচ্ছেন।”
মুহূর্তেই সবকিছু মনে হয় থেমে গেল…
আহিয়ানের চোখ স্থির… নিঃশ্বাস আটকে গেছে…
— “আমি… বাবা…?”
ঠোঁট কাঁপছে… চোখে পানি জমছে…
সে স্তব্ধ হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল—
তৃধার বন্ধুরা সকলেই ভীষণ খুশি। আহিয়ান কে এসে তারা সবাই অভিনন্দন জানালো।
তখনই পেছন থেকে ভেসে এলো পরিচিত কন্ঠস্বর: তাশফিন..
আহিয়ান পিছনে ঘুরে তাকাতেই দেখল তানভীর মামা, মামনি ও তার মাম্মা দাঁড়িয়ে আছে। ওনারা আহিয়ানের দিকে এগিয়ে আসতেই তার নজর পরল একটু দূরে দাঁড়িয়ে থাকা নিজের পাপার দিকে।
আহিয়ান সকলকে এভোয়েড করে ধীর পায়ে এগিয়ে গেল সামনে।
আবির শীতল চোখে তাকিয়ে আছে ছেলের মুখের পানে। অনেকদিন পর বাবা ছেলের এত কাছাকাছি দেখা হলো। আড়ালে আবডালে সে সর্বদা ছেলেমেয়েদের খবর রেখেছে। কিন্তু সামনাসামনি দেখা হল বহুদিন পর। তৃধাকে সে সর্বদা নিজের মেয়ের মতো ভালোবেসে এসেছে। তাইতো মেয়ের গুরুতর অসুস্থের কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি। নিজের কঠিন খোলস থেকে বেরিয়ে ছুটে এসেছে হসপিটালে।
উপস্থিত সকলেই তাকিয়ে আছে এই পিতা পুত্রের দিকে। সামনাসামনি হওয়ার পরেও কি তাদের মান অভিমান ভাঙবে..? নাকি আবারো কঠোরতা এসে ভর করবে দুজনের মন মস্তিষ্কে।
আবির পকেটে এক হাত গুঁজে চুপচাপ দাঁড়িয়ে আছে। আহিয়ান এগিয়ে গিয়ে কোন কথা ছাড়াই পাপাকে জড়িয়ে ধরে ভেজা কন্ঠে বলল: I’ve always missed you so much, Papa. and thank you আজকের দিনে পুনরায় আমার জীবনে তোমার উপস্থিতি ফিরিয়ে আনার জন্য। আজকে আমি ভীষণ খুশি পাপা.. ভীষন। কে কতটুকু বুঝেছে আমি জানিনা তবে এই কয়েক বছরে আমি এটুকু বুঝে গেছি সেদিন কেন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। সেদিন তোমার নেওয়া সিদ্ধান্তের জন্যই আমার জীবনের সফলতা দ্রুত এসেছে। thanks again..
ইতিমধ্যে আবির নিজেও ছেলেকে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে কত শত কোটি বছর পর বুকের ভেতরটা ঠান্ডা হয়েছে। আহিয়ান তার বড্ড আদরের ছেলে। আবির তো সবচেয়ে বেশি হতবাক হয়েছিল যেদিন শুনেছে তার ছেলে দেড় বছরের কঠোর পরিশ্রম করা রিসার্চ ছেড়ে তৃধার বিয়ের কথা শুনে দেশে ফিরে এসেছে। জীবনে বেঁচে থাকার জন্য ভালোবাসার যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন পারফেক্ট ক্যারিয়ার। কিন্তু সেদিন আহিয়ান পাপা মাম্মার সাথে এ বিষয়ে আলোচনা না করে আচমকা দেশে ফিরে এসেছিল। আহিয়ান যদি একবার তাকে জানাতো সে তৃধাকে ভালোবাসে। তাহলে আবির নিজেই এহসানের সাথে বিয়েটা ভেঙে দিত। কিন্তু ছেলেটা বোকার মত দেশে ফিরে এলো। যে ছেলে নিজের ভালোবাসার জন্য কঠোর পরিশ্রমে গড়া রিসার্চের কথা ভাবেনি। সে ছেলে যে কোন মুহূর্তে ভালোবাসার জন্য নিজের ক্যারিয়ার ধ্বংস করতেও ভাববে না। কথায় কথায় জন মিলার তাকে পুরো বিষয়টা জানিয়ে ছিল আহিয়ার গায়ে হলুদের দিন দুপুরে। জন মিলার মূলত ইথান ও আহিয়ানের কথা বলার সময় শুনেছে। আবিরের খুব রাগ হয়েছিল তখন এসব শুনে। ভেবেছিল মেয়ের বিয়ে শেষ হলেই ছেলের সাথে এ ব্যাপারে কথা বলবে। কিন্তু এর মাঝেই রাতে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই সে ইচ্ছে করেই ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবার ছায়া তলে থাকলে হয়তো আরো বড় কিছু করে ফেলত নির্দ্বিধায়। কিন্তু আবির তাকে আত্মসম্মানে আঘাত করে বাড়ি থেকে বের করে দেওয়ায় ছেলেটা পুনরায় ক্যারিয়ারে ফোকাস করেছে। সংসার ও ক্যারিয়ার দুহাতে সামলে যাচ্ছে গত দুবছর ধরে।
__sorry papa..
ছেলের কন্ঠে আবিরের ঘোর কাটল। অবশেষে সেও নরম কন্ঠে বললো: it's okay my son.. and congratulations..
আহিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে মৃদু হেসে বলল: thank you papa..
ওদের বাবা ছেলের মিলন পর্ব দেখে সকলের চোখে যেন পানি চলে এলো। মেঘ, বন্যা ও তানভীর আজকে ভীষণ খুশি। অবশেষে তারা বাড়ির ছেলে মেয়েদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবে।
ওদের এত আনন্দের মাঝে সেখানে উপস্থিত হল ইকবাল খান ও আদি। তারা এসেছে তৃধার অসুস্থতার কথা শুনে কিন্তু এখানে এসে তো দেখে বাবা ছেলের মিলন পর্ব চলছে। ইকবাল খান ও আদি আরো মিনিট পাঁচেক আগেই এসেছিল। এদের বাবা ছেলের কোলাকুলি দেখে আদি সঙ্গে সঙ্গে খান বাড়িতে ভিডিও কল দিয়েছে। সবাইতো রীতিমতো অবাক ওদের দুইজনকে একসাথে দেখে। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান ভীষণ খুশি। সর্বপ্রথম কল রিসিভ করে রাই এই দৃশ্য দেখে পুরো বাড়ির সবাইকে ডেকে একসাথে এনে দেখিয়েছে। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান তো কেঁদেই দিয়েছে।
তানভীর একজন নার্সকে জিজ্ঞেস করল তৃধার অবস্থা। নার্স সবকিছু জানিয়ে বলল দুইজন দুইজন করে পেশেন্ট কে দেখে আসতে এবং তাকে যেন ডিস্টার্ব না করে। বর্তমানে পেশেন্টকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে।
প্রথমে তানভীর বন্যা তারপর আবির মেঘ। তারপর ইকবাল খান ও আদি এবং ধীরে ধীরে তৃধার বন্ধুবান্ধবরা মেয়েটাকে দেখে আসলো। খান বাড়ির মানুষ তো আজকে ভীষণ খুশি। বিশেষ করে তানভীর খুশিতে আত্মহারা। তার একমাত্র মেয়ের বেবি হবে। মানে সে নানু হতে যাচ্ছে। ভাবলেই শরীরে অন্যরকম এক শিহরণ বয়ে যায়।
দুপুর একটার আজান পড়তেই তৃধার বন্ধুরা আহিয়ানের কাছ থেকে বিদায় নিয়ে যার যার বাড়ি চলে যায়।
এতক্ষণ সকলে ভেতরে গিয়ে তৃধাকে দেখে আসলেও আহিয়ান যায়নি। তার বুকের ভেতরটা কেমন জানি কাপছে। আদি অভয় দিয়ে ছেলেটাকে ভেতরে প্রবেশ করতে বলল।
তৃধার চোখ ধীরে ধীরে খুলছে…
স্যালাইন চলছে… চারপাশ ঝাপসা…
সে অনুভব করল—
তার হাতটা কেউ শক্ত করে ধরে আছে।
চোখ মেলতেই দেখল—আহিয়ান ভাই।
চোখে অদ্ভুত এক স্বস্তি আর ভয় মেশানো ভালোবাসা। আহিয়ান নরম কন্ঠে বলল:
— “কেমন লাগছে…?”
তৃধা ধীরে জবাব দিল—
— “আমি… ঠিক আছি…”
আহিয়ান কিছুক্ষণ চুপ…
তারপর মাথা নিচু করে কপালে আলতো চুমু দিয়ে বলল:
thank you পরি। জীবনের সেরা সুখটা আমাকে উপহার দেওয়ার জন্য। আজকে আমি কতটা খুশি তা তোকে বলে বোঝাতে পারবো না।
এদিকে আহিয়ান ভাইয়ের সমস্ত কথা যেন তৃধার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে ফেল ফেল করে তাকিয়ে থেকে বলল: আহিয়ান ভাই.. আমি অসুস্থ আর আপনি খুশি হচ্ছেন..? আপনি এখন আর আমায় আগের মতো ভালোবাসেন না।
আহিয়ান মৃদু হেসে তৃধার হাতে ঠোঁটের উষ্ণ স্পর্শ দিয়ে বলল:
— “পরি তোর জুনিয়র আসছে। তুই… আমাকে বাবা বানাতে যাচ্ছিস…”
তৃধার চোখ বড় হয়ে গেল—
— “কি…?”
তারপর ধীরে ধীরে চোখ ভিজে উঠল…
সে নিজের পেটের উপর হাত রাখল…
— “আমাদের… বেবি…?”
আহিয়ান মাথা নাড়ল।
তৃধা কাঁদতে কাঁদতেই হেসে ফেলল… তার যেন এসব কিছু বিশ্বাসই হচ্ছে না।
সত্যি বলতে, “কিছু ভালোবাসা শুধু চোখে চোখে থাকে না—
একসময় সেটা নতুন প্রাণ হয়ে পৃথিবীতে আসার অপেক্ষা করে…”
আজ আহিয়ান ও তৃধার ক্ষেত্রেও তাই ঘটেছে। তাদের দীর্ঘদিনের ভালবাসার যাত্রা আজকে পরিপূর্ণতা পাচ্ছে।
তৃধা কে বিকেলবেলা বাড়িতে নিয়ে যাওয়া হলো। ডক্টর জানিয়েছে তার এখন তিন মাস চলছে। তার মানে আহিয়া ও তৃধার প্রেগনেন্সি গ্যাপ মাত্র তিন মাসের। আহিয়ার সন্তানের তিন মাস পরেই তৃধার সন্তান পৃথিবীর আলো দেখবে।
আবির এই প্রথম সকলের সাথে ছেলের বাড়িতে গেল। তৃধাকে নিজের রুমে রেস্ট করতে রেখে সকলেই এসে বসলো ড্রয়িং রুমে।
কিছুক্ষণ চুপ করে থেকে আবির গলা খাকারি দিয়ে ছেলের উদ্দেশ্যে বলল: আমাদের সাথে বাড়ি চলো। এ অবস্থায় তৃধার একা এ বাড়িতে থাকা সেফ না। তুমি তো সারাদিন বাড়িতেই থাকো না। ওর খেয়াল কে রাখবে।
পাপার কথা শুনে আহিয়ান অসম্মতি জানিয়ে বলল: পাপা তুমি কষ্ট পেয়ো না। আমরা এখন তোমাদের সাথে যেতে পারবো না। এখনো আমার অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে। তার জন্য আমার আরো কয়েক বছর সময় চাই।
__কি এমন কাজ যেটা তুমি খান বাড়ি থেকে করতে পারবেনা..?
__কাজের কথা বাদ দাও.. সবচেয়ে বড় কথা হল দুবছর আগে তুমি আমাকে যেই টাস্ক দিয়েছিলে। সেটা আমি এখনো ফুলফিল করতে পারিনি। তাই সেই অনুযায়ী আমার জন্য এখনো খান বাড়ির দরজা বন্ধ। আমি জানি এখন আর এসব কথার ভ্যালু নেই। তবুও আমি নিজেকে প্রমাণ করেই খান বাড়িতে ফিরতে চাই।
ছেলের দীর্ঘ কথা শুনে আবির কিছু বলতে চাইলে মেঘ ইশারায় থামিয়ে দিয়ে বলল: আজকের দিনে এসব কথা কি না বললেই নয়..? তোর ইচ্ছা হলে বাড়িতে আয় না হলে না আয়। আমি আমার ছেলের বউ কে আজকেই বাড়ি নিয়ে যাব।
আহিয়ান মৃদু হেসে মায়ের উদ্দেশ্যে বলল: তোমার ছেলের বউ যদি আমাকে ছেড়ে যায় তাহলে তাকে নিয়ে যেতে পারো।