ফন্ট সাইজ:
থিম:
আমৃত্যু ভালোবাসি তোকে(সিজন-৩)

178

লেখক: ফারজানা মনি

আবির নাতনিকে তানভীরের কোলে দিয়ে মেঘের হাত ধরে এগিয়ে গেল স্টেজের দিকে।

হল রুমটা তখন করতালিতে মুখরিত। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের উচ্ছ্বাস আর গর্বে ভরা দৃষ্টি—সবকিছু মিলিয়ে যেন এক অনন্য মুহূর্তের জন্ম হচ্ছে।

স্টেজের মাঝখানে দাঁড়িয়ে আছে আহিয়ান। চোখেমুখে আনন্দের ছটা।

আবির মেঘ মৃদু হাসি নিয়ে এগিয়ে এলেন। আবির এসেই ছেলেকে জড়িয়ে ধরল ।‌ তারপর আহিয়ান এগোলো মায়ের কাছে।‌ মেঘ ছেলের কপালে চুমু খেল। মন্ত্রী সাহেব নিজের হাতে আবিরের হাতে সযত্নে তুলে দিলেন একটি সাদা-সোনালি কাজ করা উত্তরীয়।

আবির সেটি হাতে নিয়ে ছেলের কাঁধে জড়িয়ে দিতে দিতে বলল—

“তোমার এই অর্জন শুধু তোমার না… এটা পুরো দেশের গর্ব।”

মুহূর্তেই চারদিকে আবারও করতালির ঢেউ উঠল।

ছেলেটা মাথা নিচু করে সম্মান গ্রহণ করল। তার চোখের কোণে চিকচিক করছে অশ্রু—শুধু আনন্দের না, হাজারো দিনের পরিশ্রম আর ত্যাগের সাক্ষী সেই জল।

এরপর মন্ত্রীর হাত থেকে সম্মাননার ক্রেস্ট নিয়ে আবির দিল মেঘের হাতে। পরবর্তীতে মেঘ সেটা সযত্নে ছেলের হাতে দেয়। ঝকঝকে ট্রফিটা যেন আহিয়ানের দীর্ঘদিনের স্বপ্নের প্রতিচ্ছবি হয়ে জ্বলজ্বল করছে।

ছেলেটা দু’হাতে সেটি গ্রহণ করে একবার তাকাল সামনে বসে থাকা নিজের প্রিয় মানুষগুলোর দিকে…

সেই দৃষ্টিতে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা আর এক অপূর্ব শান্তি।

তারপর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ধীরে বলে উঠল:

“আজ আমি যা পেয়েছি… সেটা আমার একার না। এই সম্মান আমার বাবা-মা, আমার পরিবার আর আমার দেশের প্রতিটি মানুষের।”

তার কণ্ঠ কাঁপছিল… কিন্তু সেই কাঁপা কণ্ঠেই ছিল অটুট দৃঢ়তা।স্টেজের আলো, করতালির শব্দ আর সেই ছেলেটার বিনয়ী হাসি—সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়।

আহিয়ান আবারও বলল: আমার এই সাফল্যের পেছনে আরেকটি নারীর অসামান্য অবদান রয়েছে.. সে হলো আমার স্ত্রী মিসেস আরিবা খান তৃধা। যে মেয়েটি উত্থান- পতন সকল পরিস্থিতিতে আমার পাশে ছিল। আমার এই সাফল্য এবং খুশি টুকু স্ত্রী সন্তানের সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে আমি তাদেরকে স্টেজে আসার অনুরোধ করছি।

আহিয়ানের কথা শুনে হল রুমে আবারো করতালির ঝড় বইল। ‌ হঠাৎ করে নিজের নাম শুনে তৃধা কিছুটা হকচকিয়ে উঠে পরিবারের বাকি সদস্যদের দিকে তাকালো। রিহান ও আহিয়া সহ সকলেই ইশারা করল তাকে যেতে। তৃধা মেয়েকে কোলে নিয়ে ধীরপায়ে এগিয়ে গেল স্টেজের দিকে।

স্টেজে ওঠার সিঁড়িতে গিয়ে দাঁড়াতেই লক্ষ্য করল আহিয়ান এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়েছে। তৃধা মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়িয়ে আহিয়ানের এক হাত ধরল। অতঃপর ধীরে ধীরে সিঁড়ি ভেঙ্গে উঠে গেল স্টেজে।

স্ত্রীর প্রতি এত প্রগাঢ় সম্মান দেখে হল রুমে আরেক দফা গুঞ্জন হলো। তৃধা মেয়েকে নিয়ে স্টেজে দাঁড়াতেই আহিয়ান নিজের কাধে পরা সম্মাননা উত্তরীয়টা তৃধাকে পরিয়ে দিল। আর ট্রফিটা দিল মেয়ের হাতে। চকচকে ট্রফিটা হাতে পেয়ে পুতুলের খুশি দেখে কে.. ভারী জিনিসটা পুতুলের হাত থেকে পড়ে যেতে পারে।তাই তৃধা তাকে সাহায্য করলো ধরতে।

মা-বাবা ও স্ত্রী - সন্তানের প্রতি ডঃ মাহাদীব খান আহিয়ানের এত আন্তরিকতা দেখে সকলেই আবারও হাততালি দিল। একের পর এক ক্যামেরার ফ্লাশ জ্বলছে নিবছে। কিছু কিছু চ্যানেলে লাইভ ভিডিও দেখাচ্ছে।

যদিও আহিয়ানের বন্ধু-বান্ধব ও খান পরিবারের সকলেই এখানে উপস্থিত। তবুও আত্মীয়-স্বজনদের মধ্যে যারা আসেনি তারা টিভিতে লাইভ দেখছে।

সেদিনের পর কেটে গেছে তিনটি বছর। এই তিন বছরে সকলের জীবনেই বিস্তর পরিবর্তন এসেছে। ‌ হিমেল, রিফাত ও পুতুলের বয়স এখন প্রায় চার বছর। এদের তিনটাকে একসাথে দেখলে সকলেই ভাবে তিনজন একই মায়ের পেটের জমজ সন্তান। পুতুল ওদের থেকে তিন মাসের ছোট হলেও লম্বায় পুরো সমান সমান। তাছাড়া পুরো পরিবার সহ কোথাও বেড়াতে গেলে তিনজনকে একই রকম পোশাকে দেখা যায়। এরা নিজেদের মধ্যে প্রচুর মারামারি করে কিন্তু বাহিরের কোন বাচ্চা যদি একজনের গায়ে আচরও কাটে তাহলে বাকি দুইজন গিয়ে ঢাল হয়ে দাঁড়ায়।

হিমেল, রিফাতের জন্মের পর থেকে আহিয়ার ভাইয়ের বাড়িতে আসা-যাওয়া বেড়েছে। বাচ্চাগুলো সারাক্ষণ বায়না করতে থাকে মামার বাড়িতে আসার। পুতুলের সাথে খেলাধুলা, ঝগড়া ও মারামারি করাই হলো ওদের মামা বাড়িতে আসার একমাত্র কারণ। আহিয়ান এখনো খান বাড়িতে যায়নি। তারা বকশিবাজারেই থাকছে। আহিয়ান এখন দেশের অন্যতম খ্যাতিমান নিউরোসার্জন স্পেশালিস্ট। শুধু অপারেশন থিয়েটারেই নয়—গবেষণা ও নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রেও তার নাম আজ দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। বকশিবাজারেই সে নিজের একটি আধুনিক রিসার্চ সেন্টার এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি গড়ে তুলেছে—যেখানে লকড-ইন সিনড্রোমের সেই স্বল্পমূল্যের ওষুধ তৈরি হয়। শুরুতে অনেক কোম্পানি তার এই ফর্মুলা কোটি কোটি টাকার বিনিময়ে কিনতে চেয়েছে। কিন্তু আহিয়ান প্রতিবারই সবাইকে ফিরিয়ে দিয়েছে । অবশেষে সে নিজেই তিলে তিলে তৈরি করেছে ‘পুতুল ফার্মাসিউটিক্যালস লিমিটেড’… যেখানে বর্তমানে প্রায় 1000 জন লোক নিজেদের কর্মসংস্থান পেয়েছে। ‌ সেই সাথে এই কোম্পানিতে তৈরিকৃত locked in syndrome এর মেডিসিন দেশ থেকে বিদেশে স্বল্পমূল্যে রপ্তানি হচ্ছে।

আহিয়ান ঢাকা মেডিকেল কলেজের জবটা অনেক আগেই ছেড়ে দিয়েছে। এখন সে ডাক্তারির পাশাপাশি গবেষণা ও নিজের বিজনেস নিয়ে ব্যস্ত। যেহেতু ওর কোম্পানির তৈরিকৃত মেডিসিনটি দেশের অন্য কোথাও পাওয়া যায় না তাই এই তিন বছরে ব্যবসা বেশ ফুলে ফেঁপে উঠেছে। এক সময়কার সংসার নিয়ে হাজারো চিন্তা করা ছেলেটার এখন আর আলহামদুলিল্লাহ টাকা-পয়সার অভাব নেই। তবুও কিছু ব্যক্তিগত কারণে এখন পর্যন্ত আগের ফ্ল্যাটটা সে ছাড়েনি। তৃধা নিজেও এখন একজন গাইনোকোলজিস্ট। ‌সে সংসারের পাশাপাশি ডাক্তারি পেশাটা মনোযোগ দিয়ে করছে। আহিয়ান যতই ব্যস্ত থাকুক না কেন তৃধা ও পুতুলকে সবার আগে প্রায়োরিটি দেয়।

হাসপাতালের ব্যস্ততা, অপারেশন, গবেষণা—সবকিছুর মাঝেও একটা জিনিস কখনো বদলায়নি… সেটা হলো তার পরিবারকে ঘিরে থাকা ভালোবাসা।

সেবার এহসানের লাশ নিয়ে দেশে ফেরার পর মেহেদী আর কোনো মিশনে দেশের বাহিরে যায়নি। জুঁই গাইনোকোলজিস্ট হিসেবে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।মেহেদী ও জুইয়ের এখন দুই বছরের একটা ছেলে বাবু আছে।

সোভা ও মৃদুলের টম এন্ড জেরির সংসার ভালই চলছে। তবে তাদের সংসারে যুক্ত হয়েছে আরও একটা ছোট্ট প্রাণ। ‌ সে হলো মৃদুল ও সোভার একমাত্র মেয়ে মিহি। মাইশা সোভার উপর পুরো সংসারের দায়িত্ব দিয়ে নিজে সারাক্ষণ নাতনি নিয়ে আনন্দ করায় ব্যস্ত থাকেন। এখন মৃদুলের সংসারের একমাত্র কর্তি সোভা। সে সংসারের পাশাপাশি ডাক্তারি পেশাটাকে দক্ষ হতে সামলে যাচ্ছে। ভাবা যায়, যে মেয়েটা বিয়ে করবে না করবে না বলে জ্ঞান হারিয়েছিল। সে কত সুন্দর করে শ্বশুর-শাশুড়ি ও স্বামীকে রপ্ত করেছে।

নীলের সংসারও ভালই চলছে।‌ স্বামী ও শ্বশুরবাড়ির লোক সবাই তাকে খুব ভালোবাসে। বিয়ের পরপরই সে বাচ্চা নেয়। তখন তার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান। তারা খুলনায় তাদের গ্রামের বাড়িতে বর্তমানে থাকছে। নীল খুলনার একটি বেসরকারি হসপিটালে গাইনি ডাক্তার হিসেবে বর্তমানে নিয়োজিত।

তবে আশিক, নাজমুল ও সজীব ঢাকাতেই আছে। তিন বন্ধু ইন্টার্নশিপের পর এমবিবিএস ডক্টর হিসেবে ঢাকা মেডিকেলেই থেকে গেছে। তারা বর্তমানে MBBS ডিগ্রিধারী চিকিৎসক এবং ভবিষ্যতে কার্ডিয়াক সার্জন হওয়ার লক্ষ্যে পোস্টগ্র্যাজুয়েট ট্রেনিংয়ে আছে। নাজমুলের সাথে হৃদির বিয়ে হয়েছে চার বছর হলো। কিন্তু হৃদির লেখাপড়ার ক্ষতি হতে পারে ভেবে নাজমুল এখনো সন্তানের কথা ভাবেনি। বউটা এবার ফাইনাল ইয়ারে পড়ছে। এইতো আর কয়েকটা মাস.. লেখাপড়াটা শেষ হলেই তারাও সন্তান নেবে। নাজমুলেরও বড্ড ইচ্ছে করে ছোট্ট একটা হাত তার আঙুল ধরে আব্বু বলে ডাকুক।

সজীব বাবা-মায়ের পছন্দে গ্রামের বাড়ির দূর সম্পর্কের এক কাজিনকে বিয়ে করেছে। মেয়েটা একদম সহজ সরল ঘরোয়া। তাদের বিয়ের বছর খানিক গড়িয়েছে। বর্তমানে সজিবের ওয়াইফ তিন মাসের প্রেগন্যান্ট।

তবে সকল বন্ধু-বান্ধবের মাঝে একাকীত্ব চুপচাপ জীবন কাটাচ্ছে আশিক। যদিও তার সুন্দর একটা পরিবার আছে। তবে লাইফ পার্টনার হিসেবে এখনো কাউকে বেছে নিতে পারেনি। ফ্যামিলি থেকে বিয়ের চাপ দিলেই সে জানায় ডক্টরি পেশা নিয়ে খুব ব্যস্ত আছে। এখন তার বিয়ে করার সময় নেই। তার ফ্যামিলি আদো জানে না, এই ছেলে বিয়ে‌ কবে করবে..

অন্যদিকে আহিয়ানের বন্ধুবান্ধবদের মধ্যে অলক স্ত্রী সন্তান ও বাবা মা নিয়ে সুখে দিন কাটাচ্ছে। মৃদুলের কথা তো আগেই বলেছি, সে নিজের পারিবারিক বিজনেস , ডাক্তার বউ এবং মেয়ে মিহিকে নিয়ে মহাব্যস্ত।

নির্জনের চোখ শেষ পর্যন্ত আটকেছে তার বুকের বা পাজরের হাড় দিয়ে তৈরি করা অর্ধাঙ্গিনী কে দেখে। বিয়ে করবে না করবে না বলেও এখন স্ত্রীকে চোখে হারায়।

রিহান এই কয়েক বছরে নিজের ব্যবসাটাকে আরও বড় করেছে। ছেলে দুটোর বয়স এখন চার বছর। ছেলেদের জন্য আজকাল তার আহিয়া পাখির ধারে কাছে যাওয়া

হুমকি হয়ে পড়েছে। ছেলেগুলো এত দুষ্টু হয়েছে। যখনি বাবা মাকে একসাথে দেখবে তখনই দুইটা থেকে একটা হলেও হাজির। তবে দিনশেষে দুই ছেলে, স্ত্রী ও বাবা মাকে নিয়ে তার ভরা সংসার। তাদের নিয়ে মাঝে মাঝেই খান বাড়ি সহ নানান জায়গায় বেড়াতে যাওয়া হয়। ছেলেগুলো পুতুলদের বাড়িতে যেতে খুব পছন্দ করে। পুতুলের সাথে চুল টানাটানি করতে পারে কিনা..

খান বাড়িতে আলি আহমেদ খানের বয়স আরো পড়ে এসেছে। মোজাম্মেল খান নিজেও বার্ধক্যের খাতায় নাম লিখিয়েছে। তবে ইকবাল খান এখনো শক্তপুক্ত ই আছে।

আবির, তানভীর ও আদি এখনো আগের মতো নিজেদের কর্মব্যস্ততা নিয়ে মেতে আছে। তবে সকল ব্যস্ততার মাঝেও তাদের একমাত্র স্বস্তির স্থান যেন নিজেদের ছেলে মেয়ে ও নাতি নাতনিগুলো। মেঘ,বন্যা ও রাই এখনো দক্ষ হাতে খান বাড়ির পুরো সংসার সামলায়। ওদের শাশুড়িরা তো বহু আগে ই সংসার জীবন থেকে মুক্তি নিয়েছে। এখন তারা নাতি পুতিদের সময় দেয়। সেই সাথে সময় কাটায় বৃদ্ধ স্বামীর সাথে।

আব্রাহামের বয়স এখন সাত বছর । আর আদিবার বয়স 12 বছর। সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। শিশু থেকে সদ্য কিশোরীতে পা দিবে দিবে ভাব তার চেহারায় ফুটে উঠেছে। মেয়েটা তৃধার মতোই চঞ্চল হয়েছে । দাদা-দাদী ও বড় পাপাদের আদরে তাকে কিছু বলা দায়। কোন অপরাধ করলেও রাই মেয়েকে কিছুই বলতে পারেনা। কিছু বললেই তো কেঁদে কেটে পুরো বাড়ির মানুষ একসাথে করে ফেলে। তখন আকলিমা খান, ইকবাল খান ,মেঘ ও বন্যা তাকেই এসে বকা দেয়।

আরিফ নিজের হাজারো ব্যস্ততার ফাঁকে ফাঁকে মিম ও ঊষা কে নিয়ে প্রায় প্রায়ই খান বাড়িতে আসে। ঊষার বয়স বর্তমানে ১৪ বছর। ঊষা আর আদিবা একই স্কুলে পড়ছে। তবে ঊষা অষ্টম শ্রেণীর ছাত্রী। লেখাপড়া ও বয়সের মাঝে দুই বছরের গ্যাপ হলেও ওদের দুইজনের মাঝে বন্ডিং বেশ ভালো।

সর্বোপরি ভালোই চলছে তাদের সকলের জীবন।

আজ ১২ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার। পুতুল সেই কখন থেকে বাবার অপেক্ষায় ড্রয়িং রুমে পা ঝুলিয়ে বসে আছে। তার পরনে টকটকে লাল বারবি ফ্রক। পাশেই নুডুলসের বাটি হাতে মুখ ভোঁতা করে দাঁড়িয়ে আছে টিয়া। তৃধা কিছুক্ষণ আগে হসপিটাল থেকে বাড়ি ফিরেছে । এসেই মেয়ের সাথে দেখা করে গেছে রুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বসার ঘরে আসতেই দেখল পুতুল গালে হাত দিয়ে কিছু ভেবে টিয়াকে আধো আধো কন্ঠে বলছে: বাবাই আজকে এখনো আসছে না কেন বলতো টিয়া ..?

টিয়া এক চামচ নুডুলস ওর মুখের সামনে এগিয়ে দিয়ে বলল: তুমি খেয়ে নাও ডাক্তার সাহেব চলে আসবে।

__আমি পরে খাব.. তুমি রেখে দাও।

তৃধা এগিয়ে এসে টিয়ার হাত থেকে বাটিটা নিয়ে মেয়ের পাশে বসে বলল: এসব পাকামি বুদ্ধি কোথায় পেয়েছো তুমি..?

পুতুল ঝকঝকে দাঁত বের করে খিলখিলিয়ে হেসে বলল: ফোনে দেখেছি মামমাম।

__এত বেলুন, ফুল এগুলো কে এনে দিয়েছে..?

পুতুল সঙ্গে সঙ্গে টিয়ার দিকে আঙ্গুল তুলে দেখালো। টিয়া হকচকিয়ে ওঠে বলল: আমি করতে চাইনি ভাবি। পুতুল আমাকে থ্রেট দিয়েছে আমি যদি পুরো ঘরটা বেলুন আর ফুল দিয়ে সাজিয়ে না দেই। তাহলে আমার নামে মিথ্যে বলে আপনার কাছে বিচার দিবে।

তৃধা ওর কথা শুনে মেয়ের দিকে তপ্ত চোখে তাকালো। সেটা দেখে পুতুল ভয় পাওয়ার বদলে ছোট্ট ছোট্ট দুহাত মুখে চেপে কুটকুটিয়ে হাসছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 178 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন