আহিয়ান নিষ্পৃহ দৃষ্টিতে তাকালো পাপার দিকে। আবির সেটা দেখে ছেলেকে ভরসা দিয়ে বলল: পাপার উপর আর রাগ পুষে রেখো না.. ভেতরে চলো।
আহিয়ান মুচকি হেসে এগিয়ে গেল সামনে। আজকে খান বাড়ির সদর দরজায় কলিং বেল বাজাতে হলো না। হালকা খোলা দেখে আহিয়ান দরজা ধাক্কা দিয়ে ভেতরে তাকাল। দেখল সামনে পুরো খান পরিবার তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আহিয়ান বাড়ি ফিরবে বলে আবির-মেঘ, তানভীর - বন্যা সহ সকলেই পরিকুঞ্জ থেকে একটু আগে ফিরে এসেছে।
তাকে আরো খানিকটা অবাক করে দিয়ে পেছন থেকে মিষ্টি কন্ঠে ডেকে উঠল: বাবাই।
মেয়ের কন্ঠ পেয়ে আহিয়ান চট করে পিছু ঘুরে তাকালো। দেখল রিহানের কোলে পুতুল। আবির এগিয়ে গিয়ে পুতুলকে কোলে তুলে চুমু খেয়ে বলল: বেয়াদব টা জীবনেও শোধরাবে না। আমার আয়রা মনিকে রেখেই একা চলে এসেছে।
আহিয়ান মুচকি হাসলো পাপার কথা শুনে। সে তো ভেবেছিল আগামী কালকে মেয়ে বউ একসাথে এনে বাড়িতে তুলবে। কিন্তু মেয়েটা তো বাবাইয়ের বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছে।
পুতুল আহিয়ানের উদ্দেশ্যে অভিমানী কন্ঠে বলল: বাবাই তুমি নাকি আমাকে রেখেই বিয়ে করে ফেলবে..? আমাকে তোমার বিয়েতে নেবে না..?
বড়দের সামনে আহিয়ানের বেশ অস্বস্তি হচ্ছে মেয়ের এসব কথা শুনে। আহিয়ান মেয়ের ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে বলল: এসব কথা বলে না মামমাম। তোমাকে এগুলো কে শিখিয়েছে।
পুতুল সরাসরি আঙ্গুল তুলল রিহানের দিকে। আহিয়ান কটমট করে সেদিকে তাকালো। অতঃপর বিড়বিড় করে বলল: এটা যদি তোর শ্বশুরবাড়ি না হতো, তোকে এখন আমি জুতাপিটা করতাম।
কথাগুলো আহিয়ান অনেক ফিসফিস করে বলেছে তাই খান বাড়ির বাকিরা শুনেনি। তবে আহিয়ানের মুখায়ব দেখেই বুঝতে পেরেছে সে রিহানকে মনে মনে গালি দিচ্ছে।
এদিকে মালিহা খান সকলের উদ্দেশ্যে ধমকে বললেন: কি শুরু করলি তোরা..? ছেলেটা কি দরজার সামনেই দাঁড়িয়ে থাকবে..
ওনার কথায় যেন সকলেই স্বচকিত হলো। আবির ছেলেকে ভেতরে যেতে বলে নিজেও নাতনিকে কোলে নিয়ে ভেতরে ঢুকলেন।
মেঘ তো এত বছর পর ছেলেকে খান বাড়িতে দেখে খুশিতে জাপটে ধরে হাউমাউ করে কাঁদছে। মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সহ বাড়ির সকল মহিলাদের চোখে পানি।
আহিয়ান মায়ের মাথায় হাত বুলিয়ে বলল: কান্না কেন করছো মাম্মা... এইতো আমি চলে এসেছি। আর কোথাও যাবো না তোমাদের ছাড়া।
আদিবা এগিয়ে এসে ভাইয়ের বাহু টেনে ধরে বলল: তুমি আর আমাদের ছেড়ে যাবে না তো ভাইয়া..? আপু আর পুতুলকে নিয়ে এখানেই থাকবে..?
আহিয়ান মুচকি হেসে বোনের কপালে টোকা দিয়ে বলল: হুম এখন থেকে তোদের সাথেই থাকব।
কোথা থেকে জানি আব্রাহাম এসে ভাইয়াকে জাপটে ধরে বলল: ভাইয়া.. তুমি এখানে থেকে যাও। প্রতিদিন বিকালে আমরা বাগানে ক্রিকেট খেলব। আমার তো আর ভাই নেই। একা কি আর ক্রিকেট খেলা যায় বলো.. মাম্মা তো আমাকে মহল্লার বাকি ছেলেদের সাথে তেমন একটা মিশতে দেয় না।
আহিয়ান শুনলো ভাইয়ের আবদার টুকু। সে আব্রাহামের ফোলা ফোলা গাল দুটো টেনে বলল: এখন থেকে ভাইয়া প্রতি শুক্রবার তোর সাথে ক্রিকেট খেলব।
আব্রাহাম অবুজ নয়নে তাকিয়ে জিজ্ঞেস করল: আজকেই তো শুক্রবার ভাইয়া। তুমি দাঁড়াও আমি ব্যাট বল নিয়ে আসছি।
ছেলেটা আহিয়ান কে কিছু বলতে না দিয়ে রুমের দিকে দৌড়ে যেতে চাইলো। কিন্তু রিহান ওকে আটকে ধরে বলল: আরে শালা বাবু, আজকে তোমার ভাইয়ার গায়ে হলুদ। আজকে কিভাবে খেলবে বলো.. সামনের শুক্রবার থেকে তোমার সাথে ক্রিকেট খেলবে।
রিহানের কথা শুনে আব্রাহামের ছোট্ট মুখটা কেমন চুপসে গেল। আহিয়ান সেটা দেখে ভাইকে ইশারা দিয়ে বলল:যা নিয়ে আয়।
আব্রাহামকে আর পায় কে.. সে এক ছুটে চলে গেছে ব্যাট বল আনতে। রাই এগিয়ে এসে আহিয়ানের উদ্দেশ্যে বলল: তোমার ভাই এলাকার কিছু বেয়াদব ছেলেদের সাথে কয়েকদিন খেলতে গেছে। আমার চোখে পড়াতেই আমি তাকে নিষেধ করেছি। দেখলে তোমার কাছে কিভাবে আমার নামে অভিযোগ করল..
আহিয়ান মৃদু হেসে বলল: it's okay কাকিমনি।
__কিন্তু তুই এখন লাঞ্চ না করে খেলতে যাচ্ছিস কেন..? তোর জন্য আমি কত কিছু রান্না করেছি।
মায়ের কথায় পাশ ফিরে তাকালো আহিয়ান। অতঃপর মুখে হাসির রেখা টেনে বলল: তুলে রাখো মাম্মা। আগে ওর সাথে একটু বাগানে খেলতে যাই তারপর ফিরে এসে খাবো।
আব্রাহাম আসতেই আহিয়ান ব্যাট বল নিয়ে বাগানের দিকে যাচ্ছিল। তখনই এসে কাধ জড়িয়ে সমানে হাঁটা শুরু করল রিহান। তার ভাবলেসহীন কণ্ঠ: বহুদিন হলো ক্রিকেট খেলি না.. আজ আব্রাহামের উসিলায় চল এক রাউন্ড খেলে আসি।
ওরা সদর দরজা পার করতেই দেখল বাড়ীর প্রধান ফটক দিয়ে ঢুকছে মৃদুল, অলক ও নির্জন। নতুন জামাইয়ের হাতে ব্যাটবল দেখে সহসা ওদের কপাল কুঁচকে এলো। অতঃপর সবটা শুনে তারাও নামলো মাঠে।
এদিকে ছেলেদের বাগানে আসতে দেখে বাড়ির সকল পুরুষরা চেয়ার টেনে গাছের ছায়ায় বসেছে। আহিয়ানদের খেলা শুরু হয়ে গেছে। আলি আহমেদ খান সেটা দেখতে দেখতে মোজাম্মেল খানের উদ্দেশ্যে বলল: আমরা যখন মহল্লার মাঠে একসাথে ক্রিকেট খেলতাম তখনকার দিনগুলো কত ভালো ছিল তাই নারে মোজাম্মেল..
ভাইয়ের কথার সঙ্গে সঙ্গে উনি জবাব দিলেন: হ্যাঁ ভাইজান.. তখন বাবা-মা বেঁচে ছিলেন। মাঝে মাঝে মাঠ থেকে ফিরতে দেরি হলে মা সে কি রাগ করতেন।
আলী আহমেদ খান মৃদু হাসলেন পুরনো স্মৃতি মনে পড়তেই। তৎক্ষণাৎ ইকবাল খান বলে উঠলেন: আমি ছোট হয়েও কিন্তু তোমাদের থেকে খুব ভালো খেলতাম মনে আছে..
মোজাম্মেল খান ব্রু কুচকে বলল: তোর থেকে আমি ভালো খেলতাম।
__ মোটেও না।
__একদম মিথ্যা কথা বলবি না.. তুই তো এখনো আমার সাথে পারবি না। আর তখনকার কথা তো বাদই দিলাম। পুরো তাগড়া যুবক ছিলাম তখন..
ভাইয়ের কথা ইকবাল খানের বেশ মানে লাগলো। তাইতো ভাইকে বগল দাবা করে হাটলো নাতিদের খেলার দিকে।
আহিয়ান বেটিং করছিল .. হঠাৎ করে দাদুদের খেলার মাঝখানে আসতে দেখে ছেলেটা থমকে দাঁড়ালো। না খেয়াল করলেই তো দুই বুড়ো থেকে একটার মাথা অবশ্যই ফেটে যেত।
আবির আর তানভীর ওনাদের কান্ড দেখে মিটিমিটি হাসছে। তখনই রাকিব, রাসেল ও মোবারক এসে হাজির হলো। আবির কে বাগানে দেখে তারা আর বাড়ির ভেতরে গেল না। তারা অবশ্য বিকেলে আসার কথা ছিল। কিন্তু বন্ধুর কোন প্রয়োজনে তাদের লাগতে পারে ভেবে বউ বাচ্চাকে বাড়িতে রেখেই আগে চলে এসেছে। তাদের না হয় হলুদের আগে গিয়ে নিয়ে আসবে। তবে রিয়া এখানেই আছে।
আহিয়ান ও রিহানের চোয়াল হা হয়ে গেল যখন শুনলো দাদুরা ক্রিকেট খেলবে। তখনই ওনাদের পেছনে এসে দাঁড়ালো আবির ,তানভীর , আদি, রাকিব , রাসেল, মোবারক ও সাকিব। আহিয়ান বাবা চাচাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল: তোমরাও কি খেলবে নাকি..?
ওরা সবাই সমস্বরে জানালো : হ্যাঁ আমরাও খেলব..
আব্রাহাম খুশিতে চেঁচিয়ে উঠলো: ইয়া হু..
তারপর ধীরে ধীরে দুই দল ভাগাভাগি করা হলো। বিয়ের ডেকোরেশনের লোকেরা ছাদে এটা সেটা নিয়ে আসা যাওয়া করছে। পুরো বাড়ি তো আগেই লাইটিং করা হয়ে গেছে। এখন টুকটাক কাজ করা বাকি। ওনারা কাজের ফাঁকে ফাঁকে খান বাড়ির বাগানের দিকে তাকাচ্ছে। এটাই বোধহয় পৃথিবীর প্রথম বিয়ে। যেখানে একটু পর এত বড় হলুদের অনুষ্ঠান কিন্তু এখন নতুন বর এবং তার বাপ দাদারা মিলে ক্রিকেট খেলছে।
এ দিকে পরী কুঞ্জে চলছে সন্ধার হলুদের প্রস্তুতি। কিন্তু খান বাড়িতে এত চেঁচামেচি হওয়ায় অনেকেই ছাদে এসে দাঁড়ালো। একজন থেকে আরেকজন বলাবলি হতে হতে পুরো পরিকুঞ্জ তে ছড়াছড়ি হয়ে গেছে খান বাড়ির বাগানে ক্রিকেট ম্যাচ চলছে। নাজমুল , সজীব , আশিক বিকালে আসবে বলেও দুপুরের পরপর চলে এসেছে। খবর পাওয়ার সাথে সাথে তারাও এসে যোগ হলো আহিয়ানদের ক্রিকেট ম্যাচে। সেই সাথে যোগ হলো মেহেদী ও নীলের হাজবেন্ড সহ আরো পুরুষ সদস্য। আবার কিছু কিছু বয়স্ক সদস্য গাছের ছায়ায় বসে ওদের খেলা দেখছে।
খেলায় পুরো টানটান উত্তেজনা । একদিকে ওল্ড জেনারেশন অন্যদিকেই ইয়াং জেনারেশন। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ইয়াং জেনারেশন এর ক্যাপ্টেন আহিয়ান আর ওল্ড জেনারেশনের ক্যাপ্টেন মোজাম্মেল খান। আবির, তানভীর ,আদি সহ ওদের বন্ধুরা সবাই মোজাম্মেল খানের দলে। তবে আহিয়ান এর দলও পাতলা নয়। তার দলে মেহেদী, নীলের হাজব্যান্ড সহ আহিয়ান ও তৃধার ছেলেবন্ধু গুলো।
ইয়াং বয়সের ছেলেরা একটার পর একটা ছক্কা মারায় চারিদিকে হইহুল্লোড় বেধে যাচ্ছে। খান বাড়ির এত চেঁচামেচি শুনে তৃধা জুইয়ের উদ্দেশ্যে বলল: এত চেঁচামেচি কিসের..? মনে হচ্ছে রাস্তা দিয়ে ভোট চাওয়ার মিছিল যাচ্ছে।
বন্যা মেয়েকে হলুদ ও বিয়ের শপিং গুলো দেখাচ্ছিল। কথাটা কানে আসতেই তৎক্ষণাৎ বলল: বাড়ির সব ছেলে থেকে বুড়ো বাগানে ক্রিকেট খেলছে।
তৃধার চোয়াল আশ্চর্যে হাঁ হয়ে গেল। দুই বাড়িতেই বিয়ে। এত ব্যস্ততার মাঝে এরা খেলাধুলা করার সময় পায় কিভাবে..
তৃধা নিজের কানকে বিশ্বাস করতে না পেরে বান্ধবীদের নিয়ে গেল ছাদে। সেখান থেকে খান বাড়ির বাগান স্পষ্ট। তৃধার মূলত মাথা ঘুরে যাওয়ার অবস্থা। ওর পাপা, বড় পাপা, চাচ্চু ও দাদুরা সহ সবাই ক্রিকেট খেলছে। প্রায় দশ মিনিট সেখানে দাঁড়িয়ে খেলা দেখার পর তৃধা সবাইকে নিয়ে নিচে চলে এলো।
বেলা যখন চারটা ছুই ছুই। বয়স্ক রা বাদে বাকি সব ছেলেরা ঘর্মাক্ত শরীর নিয়ে পরি কুঞ্জে আসলো। সবগুলোর ফর্সা চেহারা দুপুরের কড়া রোদে লাল হয়ে আছে। ওরা আশেপাশে কোথাও তাকালো না। সবগুলো সরাসরি ছাদে এসে ঝাপ দিলো সুইমিং পুলের টলটলে পানিতে। সকলের চোখে মুখে জিতে যাওয়ার আনন্দ উচ্ছাস।