আজকে পরী কুঞ্জের ছাদ দেখে মনে হচ্ছে কেউ যেন আকাশের নিচে আরেকটা স্বপ্নরাজ্য সাজিয়ে রেখেছে। চারপাশ জুড়ে ঝুলছে ওয়ার্ম ফেয়ারি লাইট, সোনালি আলোর বিন্দুগুলো বাতাসে দুলে দুলে ছড়িয়ে দিচ্ছে নরম মায়া। ছাদের রেলিং জুড়ে গাঁদা আর রজনীগন্ধার মালা, মাঝেমধ্যে ঝুলন্ত কাঁচের লণ্ঠন। ওপরে খোলা আকাশ, দূরে আধখানা চাঁদ, আর নরম রাতের বাতাসে ফুল আর মেহেদির মিষ্টি গন্ধ।
ছাদের একপাশে গোল করে সাজানো হয়েছে মেহেদির কর্নার। হলুদ, সবুজ আর সোনালি কাপড়ে মোড়ানো লো-সিটিং, রঙিন কুশন, কারুকাজ করা পিতলের থালায় সাজানো টাটকা মেহেদি, গোলাপের পাপড়ি, সুগন্ধি মোমবাতি আর ছোট ছোট প্রদীপ। মেহেদি আর্টিস্টদের সামনে রাখা সূক্ষ্ম ডিজাইনের ক্যাটালগ।
মাঝখানে নরম কার্পেট পাতা, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে মেয়েরা। কারও হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে আর্টিস্ট, কেউ শুকনো হাতে ফুঁ দিচ্ছে, কেউ আবার ডিজাইন দেখে মুগ্ধ। তৃধা দুহাত ভর্তি মেহেদি লাগিয়ে সকলের মাঝখানে বসে আছে। পাশেই বসে আছে পুতুল ও মিহি। তাদের হাতেও মেহেদি দেওয়া। কোথাও থেকে চাপা হাসির শব্দ ভেসে আসছে, কোথাও খুনসুটি, কোথাও ক্যামেরার ফ্ল্যাশ। দূরে মৃদু সুরে বাজছে মেহেদি নাইটের গান, আর তার তালে বাতাসটাও যেন দুলছে।
রাতের আকাশের নিচে, ফেয়ারি লাইটের ঝিকিমিকি আলোয়, মেহেদির গাঢ় সবুজ রঙ আর মানুষের মুখের হাসি—সব মিলিয়ে ছাদটা তখন এক টুকরো জীবন্ত রূপকথা।
রাত গভীর হওয়ায় বিয়ে বাড়ির মিউজিক কিছুটা কমে এসেছে। আত্মীয় স্বজনরা জায়গায় জায়গায় চেয়ার নিয়ে গোল করে বসে আড্ডা দিচ্ছে। আবার কেউ কেউ ফিরে যাওয়ার পায়তারা দেখাচ্ছে। কিছু মানুষ ইতিমধ্যেই হালকা রেস্টের জন্য খান বাড়িতে চলে গেছে। আবার কেউ কেউ পরি কুঞ্জের রুমগুলোতে ঘুমানোর জায়গা খুঁজে নিচ্ছে।
তৃধা সকলের মাঝে চুপচাপ বসে নিজের হাতের মেহেদী গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তখনই হঠাৎ ফোনের মেসেজ টিউন বেজে উঠল। সে ফোন হাতে নিয়ে দেখল পুতুলের পাপার মেসেজ। রাত তখন তিনটা বাজে। কিন্তু লোকটা তাকে রুমে যেতে বলছে কেন..? উনি কি এখনো খান বাড়িতে যায়নি..? ভেবেই তৃধার কপালে ভাঁজ পড়ল।
তৃধা এক পলক তাকাল নিজের কোলে মাথা রেখে পুতুলের ঘুমন্ত মুখের দিকে। হাত ভরা মেহেদী কিন্তু মেয়েটা কে ওতো রুমে নিয়ে যাওয়া প্রয়োজন।
তৃধা কোন উপায় না পেয়ে ধীরে ধীরে মেহেদি তোলা শুরু করলো। সেটা দেখে একটা আর্টিস্ট বলল: আরে আপু, আপনি মেহেদি তুলছেন কেন..? আরেকটু পরে তুললে কালার ভালো হবে...?
তৃধা হাতের দিকে তাকিয়ে বলল: কালার কম হলেও সমস্যা নেই আপু। কিন্তু আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। এখানে অনেক মশা। ওকে এখনই রুমে নিয়ে শুইয়ে দেওয়া প্রয়োজন।
আহিয়া মাত্র এক হাতে মেহেদী পড়েছে আর আরেক হাতে আর্টিস্ট মেহেদি দেওয়া শুরু করেছে। তৃধার কথা শুনে সে বলল: তুই বস আমি পুতুলকে শুইয়ে দিয়ে আসি।
__না আপু.. তুমি মেহেদি দাও। আমি নিজেই যাচ্ছি।
তখনই পাশ থেকে সোভা বলে উঠল: আমিতো এখনো মেহেদি দেইনি। ওকে আমার কাছে দে।
তৃধা এবার বান্ধবীর দিকে তাকিয়ে আশ্বস্ত কণ্ঠে বললো: সমস্যা নেই, আমি পারবো। কাচা ঘুম থেকে উঠে আমাকে না দেখলে কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় তুলবে।
ওর কথা শুনে আর কেউ কিছু বলল না। তৃধা ধীরে ধীরে হাতের মেহেদি গুলো তুলে ফেলল। তখনই জুই আশ্চর্য কন্ঠে বললো: এত অল্প সময়ে তোর হাতের মেহেদি রং তো অনেক গাঢ় হয়েছে তৃধা..?
তখনই নীল ফূরন কেটে বলল: হবে না..? আমাদের আহিয়ান ভাই কি তাকে কম ভালোবাসে...?
ওর কথা শুনে সকলেই হেসে দিল। তৃধার তো লজ্জায় মরে যাওয়ার যোগাড়। তাই সে তাড়াতাড়ি করে পুতুলকে কোলে নিয়ে হাঁটল দ্বিতীয় তলার দিকে।
এদিকে তৃধার ফোনে আবারো মেসেজ টিউন বেজে উঠতেই আহিয়া সে দিকে তাকালো। দেখল ভাইয়ার মেসেজ। সে তৃধার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল: যুগ যুগ ধরে বেঁচে থাকুক এই ভালোবাসা।
তৃধা দ্বিতীয় তলায় নিজের রুমে এসে দেখলো হিমেল ও রিফাত বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। সে পুতুলকে একপাশে শুইয়ে সোজা হয়ে দাঁড়াতেই পিঠে শক্ত কিছুর সাথে ধাক্কা খেল। মুহূর্তেই হকচকিয়ে উঠে পেছনে তাকাতেই দেখলো আহিয়ান ভাই দাঁড়িয়ে।
লোকটা তাকে কিছু বলার সুযোগ না দিয়ে দুহাত ভর্তি কাঁচা হলুদ বাটা মেখে দিল তৃধার ফর্সা গালে ,কপালে ও গলায়। তৃধা উত্তেজিত কন্ঠে বলতে চাইলো: এই এই কি করছেন..?
কিন্তু তার আগেই আহিয়ান তৃধার ঠোটে নিশব্দে চুমু বসিয়ে দিয়ে বলল: শব্দ করো না। মেয়ে উঠে যাবে।
অতঃপর তৃধাকে কিছু বলতে না দিয়ে আহিয়ান নিজেই আবারও বলল: দেখি হাতের মেহেদিটা কেমন লাল হয়েছে..?
কথাটা বলে সে নিজেই তৃধার দুহাত টেনে সামনে ধরল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে পুরোটা দেখে বলল: কালার তো ভালোই হয়েছে। তার মানে আমার ভালবাসায় ফরমালিন নেই। কিন্তু মাঝের অংশটা ফাঁকা কেন..?
তৃধা লজ্জায় হাঁসফাঁস করে উঠে বলল: এমনি..
আহিয়ান তৃধার লাজুক মুখের দিকে তাকিয়ে ঠোট কামড়ে হাসলো। অতঃপর পাঞ্জাবির পকেট থেকে একটা মেহেদির কোণ বের করে ফাকা স্থানে গোটা গোটা বাংলা অক্ষরে লিখলো:
~আহিয়ানের পরী~
ভোররাত সাড়ে চারটা.. দূরদূরান্ত থেকে ফজরের আযান ভেসে আসছে। সন্ধ্যা রাত থেকে হইহুল্লোড় করা বিয়ে বাড়িটা এখন নেতিয়ে গেছে একেবারে। ছাদের লাল নীল লাইট গুলো যেন এখন জিমিয়ে পড়েছে।
একদল ছেলেরা খান বাড়ি ও পরী কুঞ্জের কোথাও ঘুমানো জায়গা খালি পায়নি। তাইতো তারা ছাদে এসে স্টেজে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। আহিয়ান ও তৃধার ছেলে বন্ধুরা ছাদের চেয়ার গুলো লম্বা লম্বি করে পেতে ঘুমিয়ে আছে। কারো হাত ঝুলছে , কারো পা ঝুলছে। মাঝে মাঝে মশার কামড়ে নিজের গালে নিজেই থাপ্পড় মারছে। তবুও ক্লান্ত শরীর নিয়ে সকলেই ঘুমানোতে ব্যস্ত।
আজকে ৭ নভেম্বর। সকাল গড়িয়ে বেলা বাড়তেই পরী কুঞ্জ যেন রূপ নিল এক আধুনিক স্বপ্ন রাজ্যে। পুরো বাড়ি জুড়ে তোরজোড়, ব্যস্ততা আর উৎসবের উচ্ছ্বাস। মূল গেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত সবখানে ডেকোরেটরদের টুংটাং শব্দ, ফুল সাজানোর ব্যস্ততা—চারদিক যেন উৎসবের ছন্দে কাঁপছে।
প্রবেশদ্বারে বানানো হয়েছে বিশাল ফুলের তোরণ— রাজনীগন্ধা, গাঁদা, লাল গোলাপ আর অর্কিডে মোড়ানো। তোরণের দু’পাশে পিতলের বড় বড় প্রদীপ, তার চারপাশে ছড়ানো গোলাপ পাপড়ি। গেট পেরোলেই লাল কার্পেট, দু’ধারে ঝুলছে ক্রিস্টাল ঝাড়বাতি আর সোনালি ড্রেপিং। বাতাসে ফুল আর রান্নার মশলার গন্ধ মিশে এক অদ্ভুত মাতাল করা আবেশ ছড়িয়ে দিচ্ছে।
বাড়ির বিশাল ছাদে বসানো হয়েছে ওয়েডিং প্যান্ডেল। মাথার ওপর আইভরি আর গোল্ডেন ক্যানোপি, মাঝখানে ঝাড়বাতির সারি, চারপাশে ফেয়ারি লাইটের ঝর্ণাধারা। গোল টেবিলগুলো সাদা কাভারে মোড়ানো। অতিথিদের বসার জন্য আলাদা লাউঞ্জ কর্নার—ভেলভেট সোফা, কুশন, আর পাশে হিটার-ল্যাম্প, যেন নভেম্বরের হালকা শীতও আরামদায়ক লাগে।
একপাশে বিশাল ফুড কোর্ট। সারি সারি লাইভ স্টেশন—কাচ্চি, রেজালা, রোস্ট, কাবাব, নান, বিরিয়ানি, চটপটি, ফুচকা, ডেজার্ট কাউন্টার, কুলফি, জর্দা, ফিরনি—কি নেই সেখানে! বাবুর্চিরা বিশাল খাবারের হাড়ি নাড়ছে, ধোঁয়া উঠছে, আর গরম মসলার সুবাসে চারপাশ মৌ মৌ করছে। মাথার ওপর কা কা করতে থাকা কাকের দলও যেন বুঝে গেছে—আজ এখানে রাজকীয় ভোজ।
স্টেজটা যেন আলাদা এক বিস্ময়। লাল, সোনালি আর অফ-হোয়াইট ফুলে বানানো ব্যাকড্রপ, মাঝখানে রাজসিংহাসনের মতো বর-কনের সোফা। উপরে ঝুলছে ক্রিস্টাল ড্রপ, চারপাশে candle arrangement, আর soft spotlight এসে পড়ছে ঠিক কেন্দ্রবিন্দুতে।
আর সেই কেন্দ্রবিন্দুতেই একটু পর এসে বসবে নতুন বর।
তৃধা কে ইতিমধ্যেই লাল বেনারসিতে মুড়ে বধূ সাজানো হয়েছে। শাড়ির পাথর ও সোনালী কারু কাজ আলোয় চিকচিক করছে। গলায় ভারী সোনার হার, কানে ঝুমকা, কপালে টিকলি, হাত ভরা লাল চুড়ি আর গত রাতের গাঢ় মেহেদি—সব মিলিয়ে যেন কোন মায়া রাজ্যের লাল পরী। মাথায় টেনে দেওয়া লাল ওড়নার আড়াল থেকে লাজুক মুখটা আরও মোহনীয় লাগছে। বিউটি আর্টিস্ট শেষবারের মতো আঁচল ঠিক করে দিয়ে সরে যেতেই ঘরে উপস্থিত সবাই কিছুক্ষণের জন্য তাকিয়ে রইল নিঃশব্দে।
এদিকে সকালের নাস্তা খেয়ে পুতুল তো আগেই আবির-এর সাথে খান বাড়ি চলে গেছে। যাবার আগে আবির বলে গেছে—
“আমার নাতনি আজ আমার সাথে দুপুরে একেবারে বরযাত্রী হয়ে আসবে। এর আগে তাকে কেউ আনতে যাবে না"
আর সেই কথা মনে পড়তেই বাড়ির সবাই নতুন করে হেসে উঠল—কারণ আজ শুধু একটা বিয়ে নয়, আজ দুই হৃদয়ের বহুদিনের ভালোবাসার পূর্ণতা।
বিকাল ৫ টা বাজে । চারিদিকে আছরের আজান মিলিয়ে গেছে কিছুক্ষণ হলো।। তখনি একদল বাচ্চা পরী কুঞ্জের ভেতরে এসে খবর দিল বর এসেছে। সঙ্গে সঙ্গেই তরুণ তরুণীরা গিয়ে গেইট ধরল। পুতুল তার দাদুর কোলে ছিল। আবির বর যাত্রীর গেট ধরতে দেখে নিজে ভেতরে চলে যেতে চাইলো। কিন্তু পুতুল বায়না করে বলল: আমি ভেতরে যাব না দাদু.. এখানেই থাকবো বাবাইয়ের সাথে।
__ না দাদুভাই। এটা বড়দের অনুষ্ঠান। এখানে ছোটরা থাকতে নেই।
কিন্তু পুতুল সে কথা মানতে নারাজ। সে এখানেই থাকবে।
আহিয়ান মেয়েকে কোলে নিয়ে পাপাকে ভেতরে যেতে বলল। কি আর করার.. আবির সকল মুরুব্বিদের নিয়ে ভেতরে চলে গেল। আর এখানে রেখে গেল একদল তরুণ তরুণীর হৈ হুল্লোড়।