ফন্ট সাইজ:
থিম:
মেঘের বর্ষন

পর্ব 3

লেখক: আরেব্বা চৌধুরী

#মেঘের_বর্ষণ
‎#আরেব্বা_চৌধুরী
‎#পর্বঃ-০৩
‎
‎
‎মেয়েকে ধরে ধরে ঘরে ফিরতে দেখে অস্থির হয়ে উঠলেন ফয়সাল আহমেদ। কপালের ভাঁজ গাঢ় হয়ে উঠলো, চোখেমুখে উৎকণ্ঠার ছাপ। শুভ্রা তড়িঘড়ি ব্যাখ্যা করলো,
‎-তেমন কিছু না আংকেল, না খাওয়ার ফলে ওর মাথাটা একটু ঘুরে গেছিলো।
‎
‎ফয়সাল চৌধুরীর দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠলো। রাজিয়া আহমেদকে উদ্দেশ করে কঠিন কণ্ঠে বললেন,
‎-মেয়ে না খেয়ে বাইরে বেরিয়ে গেলো আর তুমি ঘরে বসে কী করলে? কীভাবে এতো উদাসীন থাকতে পারো?
‎
‎রাজিয়া আহমেদ নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন।
‎
‎অনামিকা ও শুভ্রা মেঘকে সোফায় বসিয়ে তাড়াতাড়ি ফয়সাল চৌধুরীর সামনে এগিয়ে এসে বুঝাতে লাগলো,
‎-আংকেল, মেঘ একা যাচ্ছে না। আমরা সবাই মিলে যাচ্ছি। সাথে আমাদের বড় ভাই-বোনরাও থাকবে, স্যার-ম্যামরাও যাচ্ছেন। সেখানে মেঘ যেতে না পারলে তার মন খারাপ তো হবেই। আমরা সবাই মিলে খেয়াল রাখবো, ওর একটুও কষ্ট হতে দেবো না। কথা দিচ্ছি।
‎
‎ফয়সাল চৌধুরী এক মুহূর্ত নীরব থাকলেন, তারপর কণ্ঠে কঠোরতার রেখা টেনে বললেন,
‎-ঠিক আছে, যেতে দিতে পারি… তবে এক শর্তে। মেঘ একদম বর্ষণের কাছাকাছি যাবে না।
‎মেঘ নিঃশব্দে মাথা নাড়িয়ে সম্মতি জানালো।
‎অনুমতি মেলার সাথে সাথেই যেন তার শরীর থেকে সব ব্যথা মিলিয়ে গেলো। চোখে ফুটে উঠলো আলোর ঝিলিক। অনামিকা, তাহিয়া, শুভ্রা আর জ্যোতিকে বিদায় জানিয়ে সে তড়িঘড়ি নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়লো।
‎
‎বাড়ি জুড়ে সবাই যখন গভীর ঘুমে তলিয়ে আছে, তখন বর্ষণ একা দাঁড়িয়ে রইলো ছাদের নির্জন কোণে। নিস্তব্ধ রাতের অন্ধকারে সে হয়ে উঠলো এক নীরব প্রহরী। সবার সামনে হাসিখুশি থাকা সেই ছেলেটি নিঃসঙ্গতার আবরণে ঢেকে গেছে। একের পর এক সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে আকাশের দিকে।
‎আঙুলের ডগা দিয়ে চোখের কোণে থেমে থাকা একফোঁটা অশ্রুবিন্দুকে মুছে দিলো। ঠোঁট বাঁকিয়ে ফিসফিস করলো,
‎-পুরুষ মানুষ কি কাঁদে? না… না, তাদের তো কাঁদতে মানা। তাদের কষ্ট কাউকে দেখাতে নেই। শুধু নিকোটিনের ধোঁয়ার সাথে উড়িয়ে দিতে হয়।
‎
‎এরমধ্যে ফোনে টুংটাং শব্দ বেজে উঠলো। বর্ষণ চমকে তাকিয়ে দেখলো, মেঘ মেসেজ করেছে।
‎
‎-বর্ষণ ভাই…
‎
‎বর্ষণ দ্রুত উত্তর দিলো,
‎-রাত দুটো বাজে, তুই এখনো ঘুমাস নি?
‎
‎-ঘুম আসছে না।
‎
‎-কেনো? শরীর খারাপ লাগছে?
‎
‎-না… কাল ঘুরতে যাবো সেই আনন্দে ঘুম আসছে না।
‎
‎বর্ষণ গভীর নিশ্বাস নিয়ে উত্তর দিলো,
‎-ঘুমিয়ে পড়ো। একে তো কাল সারাদিন জার্নি করবি, তার উপর রাতে না ঘুমালে মাঝপথেই অসুস্থ হয়ে পড়বি।
‎
‎মেঘ একটু থেমে আবার লিখলো,
‎-তুমি ঘুমাও নি কেনো?
‎
‎বর্ষণ একটুখানি বিরতি দিয়ে লিখলো,
‎-এমনি।
‎
‎আর কোনো উত্তর দিলো না সে। আঙুলের ডগায় হালকা চাপ দিয়ে চ্যাটবক্স বন্ধ করে দিলো, যেনো কোনো অচেনা অনুভূতিকে নিজের ভেতরেই আটকে রাখলো।
‎কথা শেষ হয়ে গেলেও মেঘের চোখের পাতা আর এক হলো না। বিছানায় শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে রইলো। হৃদয়ের ভেতর হালকা কাঁপন, চোখের সামনে বারবার ভেসে উঠলো বর্ষণের মুখ, কখনো রাগী, আবার কখনো অদ্ভুত কোমলতায় ভরা।
‎
‎মেঘ মনে মনে বললো,
‎“তুমি যতই কঠোর হও, আমি জানি তোমার প্রতিটা রাগের ভেতরেই আমার প্রতি যত্ন লুকিয়ে আছে।তোমার অভিমান, তোমার নীরবতা… সবকিছুই আমার জন্য।”
‎
‎সকাল দশটার মধ্যেই যেনো সবাই কলেজে হাজির হয় এই নির্দেশ আগেই জানিয়ে দেওয়া হয়েছিলো।এগারোটার মধ্যেই বাস ছাড়বে।
‎
‎রাজিয়া আহমেদ বারবার মেয়েকে বলে যাচ্ছেন,
‎-বান্ধবীদের কাছ থেকে দূরে থাকবি না, সবসময় ওদের সাথে থাকবি। কোনো সমস্যা হলে স্যার বা ম্যাডামকে জানাবি, আর যদি বর্ষণ কোনো অসভ্যতা করে, সঙ্গে সঙ্গে আমায় ফোন দিবি।
‎-আচ্ছা।
‎
‎মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে ব্যাগ হাতে ধীর পায়ে বেরিয়ে পড়লো মেঘ।
‎গেটম্যানকে জিজ্ঞেস করলো,
‎-বর্ষণ ভাই চলে গেছে?
‎-হ্যাঁ, উনি তো সকাল আটটাতেই চলে গেছেন।
‎-ওহ…
‎নিঃশ্বাস ফেলে ধীর গতিতে হাঁটতে লাগলো মেঘ।
‎
‎এদিকে শুভ্রা, তাহিয়া, রুবা, অনামিকা সবাই মিলে সিট বাছাই করছে। বর্ষণ হাত গুটিয়ে সটান হয়ে দাঁড়িয়ে আছে বাসের সামনে, গম্ভীর চোখে চারপাশ লক্ষ্য করছে।
‎
‎রুবার পাশে বসেছে তার বয়ফ্রেন্ড সাদাফ। শুভ্রার পাশে এসে বসলো তুহিন।
‎তাহিয়া আফসোসের স্বরে বললো,
‎-ইশ, আমার বয়ফ্রেন্ডটাও যদি এই কলেজে পড়তো! তাহলে আজ আমরাও বসতে পারতাম একসাথে, মিষ্টি রোমান্টিক ফিলিংসে।
‎জ্যোতি হাসতে হাসতে বললো,
‎-ব্যাপার না বেবস, অন্যদিন তাকে নিয়ে দূরে কোথাও চলে যাস, তবে শর্ত একটাই আমাদেরও সাথে নিতে হবে।
‎অনামিকা মজা করে যোগ করলো,
‎-আমি আর জ্যোতি তো একে অপরের জন্যই, আমাদের তো কেউ নাই।
‎
‎এমন সময় প্রিন্সিপাল স্যার বাস ছাড়ার তাড়া দিলেন। সবাই সিটে বসে গেলেও মেঘ তখনো পৌঁছায়নি। একমাত্র বর্ষণই দাঁড়িয়ে রইলো বাইরে।
‎
‎-স্যার, আপনারা যান। আমি শেষের বাসে আসছি।
‎বর্ষণ শান্ত গলায় বললো।
‎
‎এক এক করে বাস ছাড়তে লাগলো। ঠিক তখনই দূর থেকে হাঁপাতে হাঁপাতে এলো মেঘ। বর্ষণ চোখের কোণে রাগ লুকিয়ে ঘড়ির দিকে তাকালেন।
‎-যা, বাসে উঠে বস, অনেক দেরি হয়ে গেছে।
‎অনামিকা জানালা দিয়ে মুখ বের করে হেসে বললো,
‎-কি ইয়ার, কত সময় লাগাস! সবাই চলে গেলো, শুধু আমরা তোর জন্য অপেক্ষা করছি।
‎
‎মেঘ মৃদু হেসে বাসে উঠে জানালার পাশের ফাঁকা সিটে গিয়ে বসল।
‎প্রতিটি বাসেই একজন স্যার আর একজন ম্যাডাম দায়িত্বে আছেন। এই বাসে বর্ষণ ও শামিমা ম্যাডাম।
‎শামিমা ম্যাডাম ইশারা করে বললেন,
‎-স্যার, আপনি এখানে আসুন।
‎বর্ষণ মৃদু হাসি দিয়ে তার পাশেই বসল।
‎বাস ছেড়ে দিল।
‎পেছন থেকে জ্যোতি উঁকি দিয়ে বললো,
‎-মেঘ, স্যারের আশা ছেড়ে দে। শুনেছি নাকি পাশাপাশি বসলেই প্রেম হয়ে যায়। এদিকে আবার স্যার-ম্যাম দুজনেই অবিবাহিত!
‎তাহিয়া আর অনামিকা জ্যোতির কথায় হেসে উঠলো।
‎
‎মেঘ চুপ করে কানে হেডফোন গুঁজে দিলো। হঠাৎ লাবিব পেছনের সিট থেকে উঠে এসে তার পাশে বসল।
‎
‎-আরে, ট্যুরে যাচ্ছিস, মজা-আনন্দ করবি, তুই কিনা হেডফোন কানে দিয়ে বসে আছিস! বলেই মেঘের কান থেকে হেডফোন টেনে নিলো সে। ঘটনাটা বর্ষণের চোখ এড়ালো না। সে হঠাৎ সিট ছেড়ে শামিমা ম্যাডামের দিকে তাকিয়ে বললো,
‎-ম্যাম, আপনি এখানে বসুন। আমি আমার বোনের পাশে বসবো।
‎
‎লাবিবের সামনে গিয়ে থেমে বর্ষণ বললো,
‎-কি ব্যাপার লাবিব, তুমি তোমার সিট ছেড়ে এখানে বসলে কেনো?
‎-আসলে স্যার, ওই সিটে আনকমফোর্টেবল লাগছিলো।
‎বর্ষণ নিচু স্বরে বিড়বিড় করলো,
‎-হ্যাঁ, মেয়েদের পাশের সিট খুবই আরামদায়ক হয়।
‎
‎তারপর চোখ তুলে দৃঢ় কণ্ঠে বললো,
‎-যাও, ম্যাডামের পাশে গিয়ে বসো। সেখানে নিশ্চয়ই যথেষ্ট কমফোর্টেবল লাগবে।
‎-কিন্তু আপনি কোথায় বসবেন স্যার?
‎-আমি আমার বোনের পাশে বসবো।
‎
‎মেঘ মুখ টিপে হেসে ফেললো। বর্ষণ সাথে সাথেই কড়া স্বরে বললো,
‎-এতো হাসার কিছু নেই। আমি শুধু স্যার নই, দায়িত্বও আমার কাঁধে। প্রতিটি স্টুডেন্টকে প্রটেক্ট করা, তাদের খেয়াল রাখা এটাই আমার কাজ।
‎
‎বর্ষণের সেই গম্ভীর কণ্ঠে সবার হাসি এক মুহূর্তে থেমে গেলো।
‎বর্ষণ মেঘের পাশে বসতেই বাসের ভেতরটা যেন উৎসবের আবেশে ভরে উঠলো। সামনের সারিতে জ্যোতি, অনামিকা, রুবা, তাহিয়া, সোহান সবাই মিলে সুর তুললো। হাসির শব্দ, গানের মেলডি সব মিলিয়ে যাত্রাপথ হয়ে উঠলো প্রাণবন্ত। শুভ্রা মেঘকে খোঁচা মেরে বললো,
‎-মেঘ, তুইও একটা গান ধর না।
‎
‎মেঘ লাজুক হাসি হেসে মুখ খুলতেই বর্ষণ চোখের ইশারায় তাকে থামিয়ে দিলো। মেঘ মিনমিন করে বললো,
‎- বর্ষণ ভাই, আমি কি একটু গান করতে পারি?
‎
‎বর্ষণ কোনো উত্তর দিলো না, নিঃশব্দে মেঘের নরম হাত দুটো নিজের হাতে পুরে নিলো। মেঘের বুকের ভেতর যেন কাঁপন শুরু হয়ে গেলো। বাইরে সবাই গাইছে, হাসছে, অথচ তার কানে কেবল বর্ষণের স্পর্শের উষ্ণতা বাজছিলো। চার ঘণ্টার দীর্ঘ জার্নি যেন মুহূর্তে কেটে গেলো।
‎
‎অবশেষে বাস গিয়ে থামলো সীতাকুণ্ডের পাহাড়চূড়ায়, বটতলা ইকো পার্ক ও ঝর্ণাধারার পাশে। চারপাশে সবুজ বনানী, আর দূর থেকে ভেসে আসা ঝর্ণার স্রোত মুহূর্তেই সবাই মুগ্ধ হয়ে গেলো। মনে হচ্ছিলো প্রকৃতি যেন বাহু মেলে স্বাগত জানাচ্ছে।
‎
‎দল বেঁধে সবাই ঘুরতে বের হলো। মেঘ হাঁটতে হাঁটতে কখনো পাহাড়ের গায়ে হাত রাখলো, কখনো ঝর্ণার ধারা দেখে হেসে উঠলো। এদিকে গোপনে বর্ষণের দিকে চোখ সরাতে পারছিলো না সে। হঠাৎ সুযোগ বুঝে মোবাইল বের করে লুকিয়ে লুকিয়ে বর্ষণের ছবি তুলতে লাগলো, কখনো তার প্রখর দৃষ্টি, কখনো গম্ভীর মুখ, আবার কখনো বাতাসে চুল এলোমেলো হয়ে যাওয়ার দৃশ্য। প্রতিটি মুহূর্ত তার কাছে অমূল্য মনে হচ্ছিলো।
‎
‎পাহাড়ের পাশে বসেছিলো ছোট্ট একটি মেলা। রঙিন বেলুন, কাগজের ঘুড়ি, মাটির পুতুল, চুড়ি, মিষ্টির দোকান, সব যেন শিশুর মতো আকর্ষণ করলো মেঘকে। সে উৎফুল্ল হয়ে ছুটে বেড়াতে লাগলো।
‎-বর্ষণ ভাই, এটা চাই! ওটাও চাই!
‎
‎বর্ষণ কিছু না বলেই সব কিনে দিলো, কখনো মাটির পুতুল, কখনো কাচের চুড়ি। মেঘের উচ্ছ্বাস দেখে তার চোখে এক অদ্ভুত মায়া ভেসে উঠলো। নিরবে হাসলো, যা মেঘ ছাড়া আর কেউ টের পেলো না।
‎
‎এরপর সবাই মিলে রেস্টুরেন্টে ঢুকলো। শিক্ষকরা আলাদা টেবিলে বসে গেলেন। শামীমা ম্যাম বর্ষণের পাশে বসে একের পর এক গল্প শুরু করলেন। মাঝে মাঝে হালকা স্পর্শ, মৃদু হাসি বর্ষণ ভদ্রতার খাতিরে কথা বললেও, চোখ মাঝে মাঝেই অন্যদিকে চলে যাচ্ছিলো। দূরে বসা মেঘ সব লক্ষ্য করছিলো। বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠলো, এক অচেনা কষ্ট তাকে ছুঁয়ে গেলো। তবুও সে কারো সামনে কিছু প্রকাশ করলো না, বরং জোর করে হাসির আড়ালে লুকিয়ে রাখলো অনুভূতিগুলো।
‎
‎সন্ধ্যা নামতেই পাহাড়ি পথ অন্ধকারে ডুবে গেলো। সবার থাকার জন্য কাছেই চার-পাঁচ কিলোমিটার দূরে একটি হোস্টেল বুক করা হলো। বাস ছুটতে শুরু করলো আঁকাবাঁকা পথে। দিনের ক্লান্তি আর ভ্রমণের আনন্দে চোখের পাতা ক্রমেই ভারী হয়ে আসছিলো মেঘের। হঠাৎ মাথা হেলে পড়লো বর্ষণের কাঁধে।
‎
‎বর্ষণ স্থির হয়ে গেলো। ধীরে ধীরে মেঘের চুল সরিয়ে দিলো কপাল থেকে। একটুখানি নিঃশ্বাসও যেন মেঘের ঘুম না ভাঙায়, এতটাই যত্নে কাঁধে তার মাথা রেখে জানালার বাইরে তাকিয়ে রইলো। গোধূলির আকাশ লালচে রঙে ভরে উঠছিলো, দূরে পাহাড়ের আঁধারে ঢেকে যাচ্ছিলো দিনের আলো।
‎সেই মুহূর্তে বর্ষণের মনে হলো সময় থেমে যাক, মেঘের এ শান্ত নিদ্রা যেন কোনোদিন না ভাঙে।
‎
‎বাসের ভেতর হাসি-ঠাট্টা, গানের কোলাহলে চারপাশ সরগরম, তবুও বর্ষণের দৃষ্টি আটকে ছিলো কেবল মেঘের শান্ত ঘুমন্ত মুখে। মাথাটা যখন হেলে পড়লো তার কাঁধে, সে মুহূর্তে বর্ষণের বুকের ভেতর অদ্ভুত এক আলোড়ন জেগে উঠলো। ধীরে ধীরে কাঁধ থেকে মেঘের মাথা নামিয়ে নিজের বুকে চেপে ধরলো সে, এমন দৃঢ়তায়, যেনো এই পৃথিবীকে অমান্য করেও মেঘকে নিজের বুকে লুকিয়ে রাখতে চায়।
‎হঠাৎই মেঘ হুড়মুড় করে সোজা হয়ে বসল। আধখোলা চোখে কয়েকবার তাকালো বর্ষণের দিকে। অথচ বর্ষণের চোখে তখন নিখাদ স্থিরতা, যেনো কিছুই ঘটেনি। নিজের ভেতরকার ঝড়টাকে সে নিখুঁতভাবে লুকিয়ে রেখেছে।
‎
‎ঠিক সেই সময় শামীমা ম্যামের ডাকে মুহূর্তটা ভেঙে গেলো।
‎-বর্ষণ স্যার, একটা মেয়ে বমি করছে, একটু দেখবেন?
‎
‎বর্ষণ উঠে গেলো, মেয়েটার পাশে দাঁড়িয়ে পানি এগিয়ে দিলো, আশ্বাসের সুরে দু’চারটা কথা বললো। এরপর আর সিটে ফিরে আসেনি কেবল এদিক-সেদিক হাঁটাহাঁটিতে ডুবে থাকলো, যেন ভেতরের অস্থিরতাকে লুকাতে চাইছে। আর মেঘ? সে চুপচাপ বসে নিজের ফোনে লুকিয়ে তোলা বর্ষণের ছবিগুলো দেখতে লাগলো। ছবিগুলো একের পর এক স্ক্রল করতে করতে চোখে ভাসলো কখনো গম্ভীর মুখ, কখনো মুচকি হাসি। তার শরীরটা শিরশির করে উঠলো।

‎-একটা ছেলে এতো সুন্দর হয় কিভাবে? ফিসফিস করলো মেঘ।
‎
‎চোখের সামনে ভেসে উঠলো বর্ষণের বুকের ঘন কালো লোম, হঠাৎই মনে হলো হাত বুলিয়ে দিলে হয়তো এই বুকে শান্তির ঘর খুঁজে পাওয়া যাবে। আরও কাছে গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিলো, ঠিক যেমন শিশুরা তাদের আশ্রয়ের কাছে লেপ্টে থাকে।
‎
‎অজান্তেই ফোনে বর্ষণের ছবির ঠোঁটে ওপর নিজের ঠোঁট ছুঁইয়ে দিলো মেঘ। বুকের গভীরে জমে থাকা অশান্তি হঠাৎই মিশে গেলো অদৃশ্য এক স্বপ্নে।
‎
‎ফিসফিস করে বলতে লাগলো,
‎“পাওয়া না-পাওয়া তো স্রষ্টার লিখন, কিন্তু তুমি যদি আমার হাতে এসে ধরা দাও, তবে এ দুনিয়ার সবটুকু আমার হয়ে যাবে। জীবন যদি ধ্বংসের কিনারায় ঠেকেও যায়, আমি তবুও কেবল তোমাকেই আঁকড়ে ধরতে চাইবো। সুখ-দুঃখ, আশা-নিরাশা, পৃথিবীর সব মায়া-ভালোবাসা মিলেমিশে এক হয়ে গেলেও আমার চাওয়া থাকবে একটাই, তুমি। তুমি ছাড়া আর কিছুই নয়, শুধু তুমি বর্ষণ ভাই।”
‎
‎সেই মুহূর্তে তার ভেতরের আকুলতা এতোটাই তীব্র হয়ে উঠলো যে ইচ্ছে করছিলো ছুটে গিয়ে বর্ষণের হাত শক্ত করে ধরে বলে দেয়,
‎-আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার শুধু তোমাকেই চাই বর্ষণ ভাই।
‎কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারলো না। ফোনের আলোয় বর্ষণের ছবির দিকে তাকিয়ে কেবল নিজের হৃদয়ের ধ্বনি শুনতে থাকলো, একটা নাম, একটাই আবেদন, একটাই আকাঙ্ক্ষা বর্ষণ...
‎
‎হোস্টেলে ফিরে সবার রুম বুঝিয়ে দেওয়া হলো। কোলাহল, হাসাহাসি, আড্ডায় চারদিক মুখর, অথচ মেঘ তখনও ডুবে আছে বর্ষণের ছবিতে। কখনো ছবি বড় করে দেখে, কখনো চুপিচুপি স্ক্রিনে আঙুল বুলিয়ে যায়। অনামিকা খোঁচা দিয়ে বললো,
‎-আরে কেউ স্যারকে ডেকে আনো, এ যে দেখছি স্যারের ছবিতেই ডুবে মরছে, বাঁচে যদি!
‎তাহিয়া হেসে যোগ করলো,
‎- আমাদের মেঘ ভীষণ স্বামীভক্ত হবে, দেখে নিস। আর স্যারের সাথেই যদি বিয়ে হয়ে যায়, তাহলে তো কথাই নেই।
‎
‎জ্যোতি ভ্রু তুলে তাকিয়ে বললো,
‎- যে যাই বল ভাই, স্যারকে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। ইশশ… সেই চোখ! একবার চেয়ে থাকলে তো মনে হয় পুরো পৃথিবী থমকে যাবে।
‎
‎মেঘ হঠাৎ ছবির স্ক্রিন নিভিয়ে গম্ভীর গলায় বললো,
‎- এসব নিয়ে মজা করবি না। তোরা সারাদিন তোদের বয়ফ্রেন্ড নিয়ে গল্প করিস, দেখা করিস, কখনো আমি কোনো মন্তব্য করিনি।
‎
‎শুভ্রা শান্ত স্বরে বললো,
‎- রাগ করছিস কেনো মেঘ? ওরা তো মজা করছিলো।
‎মেঘের চোখে তীব্রতার ঝলক ফুটে উঠলো,
‎- মজারও একটা সীমা থাকা উচিত শুভ্রা। বর্ষণ ভাই আমার কাছে কী, সেটা তোদের অজানা নয়। সে শুধু একজন স্যার নয়, সে আমার আবেগ, আমার ভালোবাসা, আমার দুনিয়া, আমার সবকিছু। তাকে নিয়ে কারো ঠাট্টা আমি সহ্য করতে পারবো না।
‎
‎এক মুহূর্ত নীরব থেকে জ্যোতি মুচকি হেসে বললো,
‎- তাহলে লুকিয়ে রাখছিস কেনো? বলেই দে, এটাই তো সুযোগ। এটা কলেজ নয়, এখানে কেউ বাঁধা দেবে না।
‎মেঘ ফিসফিস করে বললো,
‎- আমার ভয় হয়, যদি বর্ষণ ভাই আমার থেকে মুখ ফিরিয়ে নেয়? যদি চিরদিনের মতো দূরে সরে যায়?
‎
‎তাহিয়া চোখ টিপে হাসলো,
‎- ভয় পাস না, কালকে একটা লাভ লেটার লিখে দিস। সুযোগটা আমরা করে দেবো।
‎
‎অনামিকা হেসে বললো,
‎-আর চিঠিটা দেওয়ার পর যদি স্যার কিছু না বলে, তবে ধরে নেবি, তোর প্রেমকথা মনের ভেতরেই জায়গা করে নিয়েছে।
‎
‎মেঘ নীরবে বিছানায় আঙুল দিয়ে ছবির ফ্রেম আঁকতে আঁকতে ভাবলো, সত্যিই কি সাহস করে নিজের মনের কথাটা এক টুকরো কাগজে লিখে দিতে পারবো? এই একটুকরো কাগজ কি বর্ষণ ভাইয়ের কাছে আমার অনুভূতি ব্যাখ্যা করতে পারবে।
‎
‎চলবে,,,,,
‎

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন