ফন্ট সাইজ:
থিম:
মন প্রাঙ্গনের বৃষ্টি

পর্ব 50

লেখক: কংকা চৌধুরী

#মন_প্রাঙ্গনের_বৃষ্টি
#লেখনীতে_কংকা_চৌধুরী
(৪৬)

( অনুমতিবিহীন কপি করা নিষিদ্ধ।)

আদ্রিয়ান সব জায়গায় খুঁজেও নূর আর শাহনাবকে দেখতে পেলো না। ইরাকেও দেখতে পাচ্ছে না যে কিছু জিগ্যেস করবে। ছাদের কথা মাথায় আসতেই সে ভাবলো একবার ছাদে গিয়ে দেখে আসবে। যেই ভাবা সেই কাজ, ছাদের দিকে যেতেই দেখতে পেলো দরজার সামনে দাঁড়িয়ে আছে ইরা। পুরো ব্যপারটা বুঝতে পেরে সে দ্রুত ছাদে যেতেই দেখতে পেলো শাহনাব আর নূর দাঁড়িয়ে আছে কাছাকাছি। নূর আদ্রিয়ানকে হতদন্ত হয়ে আসতে দেখে তাজ্জব বনে গেলো। আদ্রিয়ান কি ভুল বুঝলো তাকে। কলেজের কথা মনে পড়ে গেলো তার, শাহনাবের সাথে কথা বলায় তাকে কত জঘন্য ভাবে আঘাত করেছিলো আদ্রিয়ান, এবারও কি তেমনটাই করবে সে? আদ্রিয়ান কিছু বললো না তাদের, নূরের মুখোমুখি আসতেই শাহনাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। আদ্রিয়ান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে, নূর ঢোক গিলে আদ্রিয়ানকে কিছু বলতে যাবে তার আগেই আদ্রিয়ান বলে উঠলো,

" দাদীজান তোমাকে নিচে ডাকছে। "

আদ্রিয়ানের কথা শুনে নূর বেরিয়ে গেলো সেখান থেকে। ততক্ষণে ইরাও চলে গিয়েছে। আদ্রিয়ান শার্টের হাতা ফোল্ড করতে করতে শাহনাবের দিকে এগিয়ে এসে বললো,

" পরের বউয়ের প্রতি এতো আকর্ষণ কেন তোর? আমি তাকাই তোর বউয়ের দিকে নজর দিই? তাহলে তুই কেন দিচ্ছিস?"

" তুই বিয়ে না করলে নূর আমারই বউ হতো। "

" হতো কিন্তু হয়নি। আরেকবার আমার বউয়ের আশেপাশে দেখলে হাত ভেঙে গুড়ো করে দিবো যেন সারাজীবন মনে থাকে। আমায় আগের রুপে ফিরিয়ে আনতে বাধ্য করিস না শাহনাব।"

উক্ত কথা বলে চলে এলো আদ্রিয়ান। শাহনাব হাতের মুঠো শক্ত করে পাকিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ কারো উপস্থিতি টের পেতেই শাহনাব সামনে তাকিয়ে দেখে ইরা এসেছে। ইরাকে দেখে সে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ে।তারাহীন আকাশের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে শাহনাব । দূর দিগন্তজুড়ে কালচে নীল অন্ধকারের চাদর বিছিয়ে আছে মেঘেরা ভেসে বেড়াচ্ছে নীলিমার বুকে। ইরা চুপটি করে তার পাশে বসলো। কিছুক্ষণ চুপ থেকে অত:পর বলে উঠলো,

" আপনি বোধহয় শোক পালন করছেন। সিগারেট খাচ্ছেন না কেন? "

শাহনাব কিছুক্ষণ নিশ্চুপ থেকে অত:পর দীর্ঘশ্বাস ফেলে বললো,

" সিগারেট খাই না আমি। "

" কেন খান না?"

" সিগারেটের গন্ধ সহ্য হয় না, এই কারণে। "

" তাহলে কি খান?"

" ওয়াইন। "

" বাব্বাহ কনফার্ম জান্নাতি। "

" চুপ করবে তুমি? "

" আমার মুখ ট্রাক্টরের মতো। থামেই না। "

ইরা শাহনাবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথা বলায় শাহনাব কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে বসা থেকে উঠে চোখ সরিয়ে বলে উঠে,

" এভাবে তাকিয়ে আছো কেন। আজ পর্যন্ত আমার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পায়নি। "

ইরা খুব একটা লম্বা নয়, শাহনাবের কাঁধ বরাবর সে।হুট করে শাহনাবের সামনে দাঁড়িয়ে সে বললো,

" এটাকে ভালোবাসা বলে বুঝলেন মিষ্টার। আমার তো এমন ছেলেই পছন্দ যে আমার সাথে মাথা নিচু হয়ে কথা বলবে কিন্তু আমি মাথা উঁচু করে কথা বলবো। "

"তুমি কি আমার সাথে ফ্লার্ট করছো?"

" বরের সাথে কেউ ফ্লার্ট করে? এটাকে ভালোবাসা বলে গোমড়ামুখো। "

ইরা এই কথা বলে শাহনাবের গলায় দুহাত বাড়িয়ে দিতেই শাহনাব আচমকা রেগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রেগে গেলে মাথা ঠিক থাকে না তার। এমনিতেই সাইমার কথায় এতো বড়ো বাঁশ খেয়ে বসেছে তার উপর ইরা আর আদ্রিয়ানের অত্যাচার। সে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে অত:পর রাগান্বিত স্বরে বলে উঠলো,

" লিমিট ক্রস করো না ইরা। স্ত্রীর মর্যাদা দিয়েছি বলে ভেবো না স্ত্রীর অধিকার পাবে। তুমি এই বাড়িতে আমার স্ত্রী হয়ে থাকলেও আমার উপর তোমার কোন অধিকার নেই।"

ইরা শাহনাবের ব্যবহারে খুব কষ্ট পেলো, কিন্তু সে কিছু বললো না। শাহনাব চলে যেতে নিলে ইরা বলে উঠলো,

" বিয়ে যখন করেছেন অধিকার ও দিতে হবে। "

" তোমার এইসব যুক্তি অন্য কাউকে দেখাও। ভুলেও আর আমাকে তোমার এইসব উদ্ভট যুক্তি দেখাতে আসবে না। "

ইরা মেঝে থেকে উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে বললো,

" দেখুন মানুষের বাঁচা ম'রার কোন ঠিক ঠিকানা নেই। আর আগেই বলে দিচ্ছি, ভালোবাসি আপনাকে। "

" চিটিংবাজ ভালোবাসা!"

ইরা ফিক করে হেসে ফেললো শাহনাবের কথায়। শাহনাব রেগে চলে যেতেই ইরাও নিচে চলে আসলো। সকলের জন্য ভাত বাড়ছে শামীমা চৌধুরী। আজ এই বাড়িতে প্রথমবার শামীমা চৌধুরীর রান্না খাবেন সুরাইয়া শাহ, তাই এতো আয়োজন। নূর ও আদ্রিয়ান পাশাপাশি বসেছে যদিও আদ্রিয়ান নূরের সাথে ছাদ থেকে আসার পর একটা কথাও বলেনি। ইরাকেও খেতে বসিয়ে দিয়েছে শামীমা চৌধুরী। শাহনাব মাছ মাংস সহ এটা ওইটা তুলে দিচ্ছে নূরের পাতে। আদ্রিয়ান হিংস্র হায়েনার মতো তাকিয়ে আছে শাহনাবের দিকে। যদিও ইরা শাহনাবের পাশে বসেছে কিন্তু শাহনাবের সেইদিকে খেয়াল নেই। নূরের প্লেটে চিংড়ি মাছ তুলে দিতেই নূর আদ্রিয়ানের দিকে তাকালো, বাকিদের কোনপ্রকার নজর নেই তাদের দিকে। তারা নিজের মতো খাওয়া দাওয়া করছে। নূর একটা চিংড়ি মাছ নিয়ে খেতে যাবে ঠিক তখনি আদ্রিয়ান সেটা তার হাত থেকে। আদ্রিয়ানের এহেন কান্ডে হতভম্ব নূর। সে আড়চোখে তাকাতেই আদ্রিয়ান তোয়াক্কা না করে খাওয়ায় মনোযোগ দিলো। পায়রা হঠাৎ ইরার দিকে তাকিয়ে জিগ্যেস করলো,

" তোমাদের বিয়ে কি করে হলো? তোমার সাথে তেমন একটা কথা বলতে পারিনি এসেছি পর্যন্ত। "

ইরা এক পলক শাহনাবের দিকে তাকিয়ে অত:পর আমতাআমতা করে বললো,

" ভালোবেসে বিয়ে করেছি আমরা। উনি তো আমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলেন। "

এতো বড়ো ডাহা মিথ্যে কথা শুনে শাহনাবের নাকে মুখে উঠে খেলো । কাঁশতে কাঁশতে চোখে জল এসে পড়েছে তার। ইরা দ্রুত পানি এগিয়ে দিতেই সে পানি খেলো। আদ্রিয়ান মুচকি মুচকি হাসছে তখন থেকে। এতোক্ষণ তার অধরে হাসি দেখা না গেলেও এখন সে কোনভাবেই হাসি লুকিয়ে রাখতে পারছে না। নূর বুঝতে পারছে না কি হয়েছে। ইরা শাহনাবের পিঠে দুটো থাপ্পড় মেরে বললো,

" আপনি ঠিক আছেন?"

" হ্যাঁ। "

রজনীর দ্বিতীয় প্রহরের সূচনা হয়েছে সবেমাত্র। আদ্রিয়ান সহ সকলে গাড়িতে উঠে পড়েছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। ইশতেহার চৌধুরী সুরাইয়া শাহকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠেছেন। মা-বাবাকে হারিয়েছেন সাত বছর চলমান। আজ আবারও মায়ের কোল পেয়ে ছোট বাচ্চার মতো আঁকড়ে ধরলেন। সুরাইয়া শাহ উনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন,

" তোর যখন মন চাইবে তখন চলে আসবি এই বুড়ো মা'কে দেখার জন্য। আর কদিন ই বা আছি, কাল দুপুরে বাড়ি আসবি আমি তোর জন্য কালো জিরার ভর্তা আর ডিম আলুর তরকারি বানিয়ে রাখবো। "

" আসবো বড়ো আম্মা আসবো। আমি আবার আমার মা'কে ফিরে পেয়েছি এতোবছর পর। "

" আসি খোকা। "

তারা চলে যেতেই শাহনাব ও ইরা উপরে নিজের ঘরে চলে গেলো। ইরা ভুলেই গিয়েছে আজ তাকে শামীমা চৌধুরীর সাথে থাকতে বলেছিলো। যদিও শামীমা চৌধুরী তাকে ডাকতে চেয়েছিলেন কিন্তু ইশতেহার চৌধুরী ই তাকে নিষেধ করেছে। স্বামীর কথা আর বিরক্ত করলো না তাদের। শাহনাব ঘরের ভেতর ঢুকেই ইরাকে বললো,

" তুমি তখন সবার সামনে কেন বললে যে আমরা ভালোবেসে বিয়ে করেছি?"

" আর কি বলতাম? আমাদের গ্রামের লোক ধরে বেঁধে বিয়ে দিয়েছে?"

শাহনাব চুপ করে রইলো ইরার কথায়। ইরা বিছানা ঝেড়ে শুয়ে পরলো তবে আজ শাহনাবকে শুতে বললো না। এক প্রকার অভিমান জমা হয়েছে শাহনাবের প্রতি। কিন্তু তাতে কি? শাহনাবের কি কিছু যায় আসে? প্রশ্নের উত্তর খুঁজে পেলো না ইরা।

বাড়ি ফিরে যে যার ঘরে শুয়ে পরেছে। নূরের জন্য রাখা বরাদ্দকৃত ঘরে সে থাকবে। আদ্রিয়ানের শরীর কাঁপুনি দিয়ে জ্বর এসেছে হঠাৎ। তরতর করে শরীর কাঁপছে তার। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই যে আরেকটা কাথা বের করে শরীরে জড়িয়ে নিবে। আসার পর একটা নাপা এক্সট্রা খেয়ে শুয়ে পরেছিলো তবে জ্বর কমলো না। কিছুক্ষণ গরম আবার কিছুক্ষণ ঠান্ডা লাগছে তার। ফোনটাও হাতের কাছে নেই, কোথায় রেখেছে মনে পড়ছে না। আদ্রিয়ানের ঘর পার হয়ে অত:পর নূরের ঘর। এক প্রকার ঘুমিয়ে পরেছিলো সে কিন্তু হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সে দেখতে পায় জানলা বন্ধ করেনি। জানলা বন্ধ করার জন্য উঠতেই গোঙ্গানোর শব্দ পায়। এতো রাতে অদ্ভুত শব্দ পেয়ে সে ভয় পেয়ে যায় ভুতের কথা ভেবে। শব্দ তার ঘরের বাইরে থেকে আসছে দেখে ভয়ে জমে যায় সে। কি করবে বুঝতে না পেরে কাথা মুড়ি দিয়ে শুয়ে পরে জানলা বন্ধ না করে। কিছুসময় অতিবাহিত হওয়ার পরেও শব্দ যখন কমলো না নূর তখন আল্লাহ'র নাম নিয়ে যতপ্রকার সূরা আছে সব পড়তে পড়তে ফোনের আলো জ্বালিয়ে বাইরে বেরিয়ে দেখতে এলো কিসের শব্দ। খুব ভয়ে ভয়ে এগিয়ে যেতেই দেখতে পেলো আদ্রিয়ানের ঘর থেকে আসছে। আদ্রিয়ানের জ্বিনের ঘটনা মনে পড়তেই সে ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখতে পেলো অন্ধকারছন্ন ঘর। এইবার শব্দ কিছুটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আলো জ্বালাতেই দেখতে পায় আদ্রিয়ান বিরবির করছে তখন থেকে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নূর তার কাছে এসে তাকে জাগানোর জন্য হাত ধরতেই অনুভব করলো জ্বরে পুড়ে যাচ্ছে শরীর।

" জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। এবার কি করবো। "

ড্রয়ার থেকে একটা থার্মোমিটার নিয়ে আদ্রিয়ানের জ্বর মেপে দেখলো ১০৩°। জ্বর দেখে চোখ কপালে তার। আদ্রিয়ান কি বলছে তা শুনার জন্য এগিয়ে আসতেই শুনতে পেলো,

" বাবা খুব পঁচা তাই না সোনা? বাবা ভালো না। আমার কোল থেকে যেও না কলিজা। বাবা তোমাকে ফিরিয়ে আনবো।"

" চাচ্চু আমার বাচ্চাকে নিয়ে যেও না। ফিরিয়ে দাও।"

আচমকা চোখ খুলে তাকিয়ে দেখলো তার পাশে নূর বসে আছে। নূরের এক হাত আদ্রিয়ান তার বুকের উপর আঁকড়ে ধরেছে। ঘামে জবুথবু হয়ে গিয়েছে আদ্রিয়ান। আদ্রিয়ান ভেবেছে সে হয়তো স্বপ্ন দেখছে, এটা তার ভ্রম। আদ্রিয়ানকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে নূর তার কপাল থেকে হাত সরিয়ে বললো,

" আদ্রিয়ান আপনার তো জ্বর এসেছে। "

" নিজে নিজেই ঠিক হয়ে যাবে। তুমি ঘুমাতে যাও।"

" জ্বরে শরীর পুড়ে যাচ্ছে আর আপনি বলছেন নিজে নিজেই ঠিক হয়ে যাবে? আমি জলপট্টি আনছি।"

" দু মিনিট আমার পাশে বসো তাহলেই হবে। গত একমাস ধরে এসবে অভ্যস্ত হয়ে গিয়েছি। "

" খাওয়া দাওয়া ঠিক মতো করেননি কেন? নিজের প্রতি এভাবে হেয়ালি করলে কিভাবে চলবে বলুন।"

" খাওয়া দাওয়া করেছি তো। বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়া দরকার ততটুকুই খেয়েছি। "

নূর আর কোন কথা না বলে একটা কাপড় ও গোসল করার মগে করে পানি এনে জলপট্টি দিয়ে দিলো। আদ্রিয়ানের শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, সে কাথা মুড়ি দিয়ে শুয়ে আছে। নূর তা দেখে আলমারি থেকে কম্বল নামিয়ে তার গায়ে দিয়ে দিলো। আদ্রিয়ানের হাত থরথর করে কাঁপছে। সে কম্বলের নিচে জড়োসড়ো হয়ে শুয়ে রইলো। প্রায় ঘন্টাখানিক ধরে জলপট্টি দেওয়ার পরেও জ্বর কমার কোন আশা না দেখে সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আমতাআমতা করে বললো,

" উঠে বসুন, আপনার শরীর মুছে দিই তাহলে জ্বর কমে আসবে। ঘরে তো নাপা ছাড়া আর ঔষধ নেই। সকালে ছাড়া ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হবে না। "

আদ্রিয়ান স্মিত হেসে দূর্বল কন্ঠে বললো,

" এতো অস্থির হতে হবে না। এই জ্বরে মানুষ ম''রে না। "

" আপনি এসব কি উল্টো পালটা কথা বলছেন। দেখি উঠে বসুন।"

আদ্রিয়ান উঠে বসতেই নূর কাঁপা কাঁপা হাতে তার শার্ট খুলে একটা তোয়ালে ভিজিয়ে মুছে দিতে শুরু করে। লজ্জ্বা লাগছে তার কিছুটা। আদ্রিয়ান খাটে হেলান দিয়ে বসেছে। নূর তার শরীর মুছে নতুন শার্ট দেয় পরার জন্য। আদ্রিয়ান তখন থেকে এক পলকে তাকিয়ে আছে নূরের দিকে। আদ্রিয়ানের শরীরের ক্ষত লক্ষ্য করতেই নূরের বুক কেঁপে উঠলো। ক্ষতগুলো এখনো তাজা। সেলাই গুলো দেখে সে আহত চাহনিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। হঠাৎ পেটে মোচড় দিয়ে উঠায় সে দূর্বল শরীর নিয়ে উঠতে নিলে নূর বলে উঠে,

" মাথায় ও পানি দিয়ে দিচ্ছি একেবারে। এখন উঠছেন কেন?"

" আসলে একটু ওয়াশরুম যাওয়ার ছিলো। "

নূর এগিয়ে দিতে গেলে আদ্রিয়ান তাকে বারণ করে কিন্তু সে শুনলো না। ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিলো তাকে। কিছুসময় অতিবাহিত হওয়ার পরেও আদ্রিয়ানকে বের হতে না দেখে নূর দরজায় কড়া নেড়ে বললো,

" আপনার হয়নি?"

" আসলে বমি করার কারণে কাপড় নষ্ট হয়ে গিয়েছে তাই সেগুলো পরিষ্কার করছিলাম।"

আদ্রিয়ানের কথা শুনে নূর অবাক হলো কিছুটা। এই অসুস্থ শরীর নিয়ে কিনা সে কাপড় পরিস্কার করছে। সে দরজায় আবারও কড়া নেড়ে বললো,

" দেখি আপনি দরজা খুলুন। আপনাকে কে বলেছে এসব পরিষ্কার করতে?"

নূরের ধমক শুনে আদ্রিয়ান দরজা খুলে দেয়। নূর দেখতে পায় আদ্রিয়ান তোয়ালে পরে কাপড়ে সাবান ঘষছে। নূর তাকে সেখান থেকে সরিয়ে বললো,

" আপনার কি মাথা ঠিক আছে? আপনাকে এই অবস্থায় কাজ কে করতে বলেছে?"

" কাপড় নষ্ট হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে ধুয়ে ফেলি। "

" আমি তো ছিলাম তাহলে আপনি কেন কষ্ট করে এসব করতে গেলেন? "

" তুমিই তো বলেছিলে তুমি এই বাড়িতে চাচির বোন হিসেবে থাকবে আমার বউ হিসেবে নয়। তাহলে তুমি কেন আমার কাজ করতে যাবে?"

" মনুষ্যত্ব বলেও কিছু আছে। দেখি সরুন এখান থেকে। এক কদম চলতে পারছে না আবার এই অসুস্থ শরীর নিয়ে কাজ করতে এসেছেন তিনি। "

আদ্রিয়ানকে সরিয়ে নূর তার কাপড় ধুতে শুরু করলে আদ্রিয়ান তাকে বাঁধা দিয়ে বললো,

" তোমাকে এসব করতে হবে না। নূর উঠে এসো। "

" আমাকে আমার সংসারের কাজ করতে দিন। আপনি বিশ্রাম নিন, যান।"

নিজের অজান্তেই উক্ত কথাটি বলে ফেললো সে। আদ্রিয়ান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে, তবে সে খুশিও হলো বেশ। মুখে না বললেও তার চোখে ফুটে উঠেছে তার উপচে পড়া আনন্দ। সে চুপচাপ বিছানায় শুয়ে পরলো কম্বল জড়িয়ে। নূর কাপড় ধুয়ে বেলকনিতে শুকাতে দিলো। আবারও থার্মোমিটার নিয়ে জ্বর মেপে দেখলো আগের চেয়ে কিছুটা কমেছে। জ্বর ১০৩° থেকে ১০১° এ এসেছে। থার্মোমিটারের দিকে তাকিয়ে সে লম্বা একটা নিঃশ্বাস ছাড়লো। ভাগ্যিস জ্বর কমেছে নাহয় যদি উল্টো পালটা কিছু হয় তখন সে কি করতো? আদ্রিয়ানের অবশ্য এখনো দূর্বল লাগছে। সে ঘুমায়নি, পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূর তাকে তাকিয়ে থাকতে দেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললো,

" ঘুমিয়ে পড়ুন। ঘুম ভালো হলে আর দূর্বল লাগবে না। "

আদ্রিয়ানের চোখের কোটর থেকে এক ফোটা জল গড়িয়ে পড়লো। নূর তা দেখে কিছুটা বিচলিত হয়ে বললো,

" কি হয়েছে? খারাপ লাগছে?"

আদ্রিয়ান মাথা নাড়লো, তার মানে খারাপ লাগছে না। হঠাৎ এভাবে টপটপ করে চোখের জল ফেলতে দেখে সে বুঝতে পারলো না কি হয়েছে। অবশ্য জ্বর হলে ছেলেমানুষী বেড়ে যায় তার সবচেয়ে বড়ো প্রমাণ সে। নূর কোমল গলায় জিগ্যেস করলো,

" কি হয়েছে বলুন?"

" আমার কি বাবা হওয়ার যোগ্যতা নেই? তুমি ঠিকই বলতে আমি খুব নিকৃষ্ট মানুষ। আজ হয়তো আমার ছেলে আমার পাশে থাকতো। ছোট ছোট হাত পা নেড়ে খেলা করতো আমার সাথে। না আমার সাথে হয়তো করতো না, আমি তো ভালো মানুষ না। "

নূর কি বলবে ভাষা খুঁজে পেলো না। সে কিছু সময় চুপ থেকে এদিক ওদিক তাকিয়ে বললো,

" ঘুমান আপনি। আপনার কথা গুলিয়ে আসছে বারবার। "

" আমায় ঘৃণা করো নূর?"

নূর জবাব দিলো না। আদ্রিয়ানের চুলে হাত বুলাতে গিয়ে লক্ষ্য করলো আগের মতো সিল্কি ও মসৃণ ভাবটা আর নেই, কেমন তৈলাক্ত ।

" চুলের অবস্থা এমন কেন? আগের মতো সেই সিল্কি ভাবটা নেই। "

" আয়না দেখি না আজ কতদিন। তুমি চলে যাওয়ার পর আর নিজের দিকে তাকানো হয়নি। "

আদ্রিয়ানের কথায় নূর দীর্ঘশ্বাস ফেলে বললো,

" কেন নেননি যত্ন? শরীরের কি অবস্থা করেছেন আপনি? "

" সময় হয়ে উঠেনি যত্ন নেওয়ার। অপরাধবোধের ভারে নুয়ে পড়েছিলাম আমি। তুমি ছাড়া সম্পুর্ন অচল। "

দুজনেই কিছু সময়ের জন্য চুপ হয়ে গেলো। আদ্রিয়ানের জ্বর এখন বাড়ে এখন কমে এমন একটা অবস্থা। এক পর্যায়ে আদ্রিয়ান বলে উঠলো,

" অনেক রাত হয়েছে। নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পরো। আর এখানে থাকতে হবে না। "

" আপনার জ্বর ভালো হয়নি এখনো। রাতে আবারও বাড়তে পারে। "

" সকালেই সেড়ে যাবে। চিন্তা করো না। "

নূর জেদ ধরে বসে রইলো। কখন যে সময় পেরিয়ে গিয়ে বলতে পারলো না দুজনের কেউই। রজনীর তৃতীয় প্রহরের আগমন ঘটলো সবেমাত্র। নূরের চোখ লেগে আসছে বারবার। আদ্রিয়ান ঘুমিয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই। নূরের হাতের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পরেছে সে।

প্রভাতের অষ্টম প্রহরের সোনালী আভা ছড়িয়ে পরেছে চারদিকে। আকাশে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো মেঘেরা। জানালার ফাঁক গলে ঘরে প্রবেশ করছে সেই আভা , সূর্যের মৃদু কিরণ আদ্রিয়ানের চোখে পড়তেই ঘুম ভাঙে তার। পেটের উপর কারো হাতের উপস্থিতি টের পেয়ে সে পাশ ফিরে তাকিয়ে দেখে নূর তার বুকে মাথা রেখে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। রাতে ঘুমাতে পারেনি মেয়েটা আর আর জাগালো না তাকে। কোনপ্রকার প্রসাধনী ছাড়াই নূরের চেহারায় জানলার ফাক গলে আসা সোনালী আভায় বেশ মোহনীয় লাগছে তাকে। তৈলাক্ত চেহারা যেন আলাদা এক সৌন্দর্যের উপমা। বাতাসের মৃদু পরশে মুখের উপর কিছু চুল উপচে পরতেই আদ্রিয়ান তা সযত্নে সরিয়ে দিলো। নূরকে তার ঘরে দেখতে না পেয়ে পায়রা ভেবেছিলো হয়তো সে চলে গিয়েছে। রাতেও তো সব ঠিক ছিলো তবে সকালে দেখতে না পেয়ে ভেবেছে হয়তো আদ্রিয়ানের সাথে কিছু হয়েছে। সবার জন্য নাস্তা তৈরি করে রেখেছে ফারজানা। আজ আদ্রিয়ানের ডাক্তারের যাওয়ার ডেইট ক্ষত পরিস্কার করতে যাওয়ার। আদ্রিয়ানকে এখনো আসতে না দেখে পায়রা নিজেই তাকে ডাকতে যায়। চাইলে ফারজানাকে বলতে পারতো কিন্তু একটা অবিবাহিত মেয়ে এভাবে ঘরে ঢুকবে তা তো ভালো দেখায় না। তাই সে নিজেই সিড়ি বেয়ে উপরে উঠে দেখলো দরজা না লাগালেও কিছুটা টেনে দেওয়া। সে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে পাবে বলে কখনো ভাবেনি। নূর আর আদ্রিয়ানকে একসাথে দেখে থতমত খেয়ে যায়, আদ্রিয়ান ও হতভম্ব হয়ে যায় পায়রাকে দেখে। সে কিছু বলতে যাবে তার আগেই পায়রা সরি বলে বেরিয়ে যায়। আদ্রিয়ান ও বেশ লজ্জ্বায় পরে যায়। এতো কাহিনি হওয়ার পর দুজনকে এভাবে একসাথে দেখে পায়রা মিনমিন করে নূরকে বকতে লাগলো।

" স্বামীর বিরুদ্ধে সালিশ বসাবে আবার আদর যত্ন ও করবে। ছেলে মেয়ে দুটোই দুমুখো সাপের মতো। "

ইলহাম রুম থেকে এসে পায়রা টেবিলে না দেখে পাইচারি করতে দেখে বললো,

" কি হলো তোমার? কোন কিছু নিয়ে ভাবছো? "

পায়রা ইলহামের পাশে এসে ধপ করে বসলো। দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে আছে। ইলহাম তার রাগ দেখে কিছু জিগ্যেস করার সাহস পেলো না। প্রেগন্যান্সিতে কত ধরনের মুড সুইং হয় তা ইলহাম জানে। টেবিলে কাউকে না দেখে ইলহাম জিগ্যেস করলো,

",নূর আর আদ্রিয়ান কোথায়?"

" ঘুমাচ্ছে তারা। "

" আদ্রিয়ানের আর হাসপাতালে যেতে হবে তো। ডাক নি ওকে?"

" ওর বউ আছে ডাকার জন্য। "

ইলহাম আদ্রিয়ানকে ডাকার জন্য বসা থেকে উঠে বললো,

" কি যে বলো না। ওদের সম্পর্ক কি আগের মতো আছে যে আদ্রিয়ানের খেয়াল রাখবে? "

পায়রা ইলহামের হাত ধরে তাকে টেনে চেয়ারে বসিয়ে বললো,

" তাদের স্বামী-স্ত্রী'র প্রাইভেসি নষ্ট করতে কেন আপনি উঠেপড়ে লেগেছেন কেন বলুন তো?"

" প্রাইভেসি! তারা এক ঘরে? তাদের না আলাদা ঘর দেখিয়ে দিয়েছিলে তুমি। "

" নূর আদ্রিয়ানের ঘরেই ঘুমিয়েছে কাল রাতে। "

পায়রার কথায় ইলহামের মুখ হা হয়ে গেলো। যেন সে আকাশ থেকে এই মাত্র টপকে পড়েছে। কিছুসময় হতভম্ব হয়ে পায়রার দিকে তাকিয়ে থেকে অত:পর হো হো করে হাসতে লাগলো। পায়রাও অধরে মুচকি হাসি ফুটিয়ে তুলেছে। ইলহাম হাসতে হাসতেই বলে উঠলো,

" দুজন পারেও বটে। "

নূরের ঘুম ভেঙেছে সবেমাত্র। নিজেকে আদ্রিয়ানের বাহুবন্ধনে আবদ্ধ দেখে সে কিছুটা সরে দাঁড়ালো। আদ্রিয়ান ও দুরত্ব বজায় রেখে বসে পড়লো। নূর আদ্রিয়ানের কপালে হাত ঠেকিয়ে দেখলো জ্বর আর নেই।

" জ্বর আর নেই। আপনি ফ্রেশ হয়ে আসুন। "

আদ্রিয়ান ফ্রেশ হতে যেতেই নূর ও চলে গেলো নিজের ঘরে। দুজনেই নাস্তা করার জন্য নিচে আসতেই দেখতে পেলো ইলহাম ও পায়রা মুচকি মুচকি হাসছে তাদের দিকে তাকিয়ে। আদ্রিয়ান বুঝতে পেরেছে তারা কেন হাসছে, সে টেবিলে বসে আড় চোখে তাকালো নূরের দিকে। নূর বুঝতে পারছে না তারা কেন হাসছে। তাই সে জিগ্যেস করে বসলো,

" তোমরা হাসছো কেন?"

পায়রা হাসি লুকিয়ে বললো,

" রাতে ঘুম কেমন হলো তোর?"

" রাতে ঘুমাতে পারিনি। উনার তো.... "

পুরো ঘটনা বুঝতে পারতেই চোখ কপালে তার। সে আমতাআমতা করে বললো,

" উনার জ্বর ছিলো তাই আমি রাতে জলপট্টি দিতে গিয়েছিলাম। "

নূর আদ্রিয়ানের দিকে তাকিয়ে সাফাই দেওয়ার ভঙ্গিতে বললো,

" কি হলো বলুন আপুকে। জলপট্টি দিতে গিয়েছিলাম আমি তাই না?"

আদ্রিয়ান ও তার কথায় দ্রুত মাথা নেড়ে সায় জানিয়ে বললো,

" হ্যাঁ হ্যাঁ আমার রাতে ভীষণ জ্বর উঠে গিয়েছিলো তাই জলপট্টি দিতে এসেছিলো।"

পায়রা ও ইলহাম তাদের অবস্থা দেখে ফিক করে হেসে ফেললো। নূর হতদন্ত হয়ে বললো,

" সত্যি বলছি। বিশ্বাস করছো না কেন তোমরা? বিশ্বাস করো। "

" হ্যাঁ করলাম তো।"

চলবে,,,,,,,,,,

গল্প নিয়ে প্রশ্ন কিংবা গল্পের সকল আপডেট জানতে জইন হোন আমার গ্রুপে
https://facebook.com/groups/4214405902220456/

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 50 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন