বর্ষা হিমেলের প্রেমের ছোঁয়া
পর্ব : ৭
—হিমেলের মা! ও হিমেলের মা, দরজাখান খোলো। হিমেলের মা, শুনতাছো? আমি বৃষ্টির আম্মা। দরজাখান খোলো।
বাহিরে তখন মুষলধারে বৃষ্টি নামছে। বৃষ্টির শব্দে ঘরের ভিতর থেকে কিছুই শুনতে পেলেন না রাবেয়া বেগম। দরজার উপর আরও কয়েকবার আঘাত করতেই তিনি তাড়াতাড়ি এসে দরজাটা খুলে দিলেন।
—কি গো ফরিদা, এমন কইরা ডাকতাছো ক্যা?
ফরিদা বানু কান্নায় ভাঙা গলায় বললেন,
—আমার বৃষ্টিরে খুইজা পাচ্ছি না গো হিমেলের মা।
—ও আল্লাহ! কী কও ফরিদা? মাইয়া ঘর ছাইড়া কই যাইব। ভালো কইরা দেখছো?
—হ। আমার ঘরে, বাড়ির পিছনে, আইরিনগো বাড়িতে—সবখানে দেখছি। সৃষ্টি আর বৃষ্টি তো একলগেই ঘুমায়। সৃষ্টি ঘুম থেইকা উইঠা দেহে পাশে ওর আপা নাই। তহন কিছু কয় নাই। মেলা সময় পার হইলে তহন আমারে ডাক দিয়া কয়, ‘আপা কই আম্মা? আপা আসে না ক্যা?’ তহন থেইক্কা সবদিক দেখছি। তয় মাইডারে পাইতাছি না।
ঘরের ভিতর থেকেই রাবেয়া বেগম আর ফরিদা বানুর সব কথাই শুনল হিমেল। ফজরের নামাজ পড়ে একটু আগেই মসজিদ থেকে ফিরেছে সে।
বাহিরের কথাবার্তা কানে আসামাত্রই হিমেলের কাল রাতের সব কথা মনে পড়তে লাগল। মনে পড়ল বৃষ্টির সেই কথা—
‘আমি তোমারে ছাড়া বাঁচমু না, হিমেল। আমি বাঁচমু না।’
কথাগুলো মনে পড়তেই হিমেলের খুব খারাপ লাগল।
তাইলে কি সত্যিই বৃষ্টি নিজের কোনো অঘটন ঘটাইছে?
এসব ভাবতেই হিমেলের বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল।
দ্রুত পায়ে ঘরের দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো হিমেল। ফরিদা বানুর দিকে তাকিয়ে বলল,
—কি কইতাছেন চাচি? ভালোমতন সব জায়গায় দেখছেন তো?
—হ রে হিমেল, সবজায়গায় দেখছি। ও হিমেল, তুই একটু খুইজা দেখ না। যা না বাপ। কই গেছে বুজতাছি না। ওর বাপে মেলা চিন্তা করতাছে আর কানতাছে।
একটু থেমে আবারও বললেন,
—আইচ্ছা, আমার মাইয়াডারে কেউ ধইরা নিয়া গেলো না তো? কয়দিন আগে হুনলাম পাশের গা থেইকা দুইডা মাইডা নিখোঁজ হইছে। তাইলে কি আমার মাইয়ারেও কেউ নিয়া গেলো?
কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন ফরিদা বানু।
হিমেল এগিয়ে গিয়ে বলল,
—চাচি, চিন্তা কইরেন না। আমি দেখতাছি।
তারপর মায়ের দিকে তাকিয়ে বলল,
—আম্মা, ছাতিখান দেও তো। বাইরের দিকটা দেইখা আসি।
ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়ল হিমেল।
আগে নদীর পাড়ে গেল। তারপর বিলের দিকটাও খুঁজে দেখল। একবার বুড়ো বকুল গাছটার নিচেও গিয়ে দাঁড়াল। কিন্তু কোথাও বৃষ্টিকে দেখতে পেল না সে।
হিমেল মনে মনে শুধু আল্লাহকে ডাকছিল।
‘আল্লাহ, মাইয়াডার যেন কিচ্ছু না হয়।’
কিছু হলে যে সে সারাটা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। আর এটা সে কখনোই চায় না।
হিমেল ভেবেছিল, কাল রাতে সে ঘরে আসার পরেই যে বৃষ্টি নেমেছিল, তখন বৃষ্টি হয়তো আর বাহিরে থাকবে না, ঘরেই চলে যাবে। তাই ভেবে আর একটিবারও বাহিরে গিয়ে দেখে আসেনি।
কিন্তু এখন আফসোস হচ্ছে হিমেলের।
যদি একটিবার দেখে আসত, তাহলে হয়তো আজকে আর বৃষ্টিকে এভাবে খুঁজতে হতো না তাকে।
এসব ভাবতে ভাবতেই বৃষ্টির মধ্যে কাদামাখা রাস্তা দিয়ে হাঁটছিল হিমেল। পুরো গা ভিজে চৌচির হয়ে গেছে। তার মায়ের দেওয়া ছাতাটা কোথায় যে রাখল, সেটাও আর মনে পড়ছে না হিমেলের।
হাঁটতে হাঁটতে হঠাৎ কিছু একটা ভেবে থেমে গেল সে।
পরক্ষণেই বাড়ির দিকে দৌড় লাগাল।
কিছুক্ষণের মধ্যেই বাড়িতে এসে পৌঁছাল হিমেল। কোনো দিকে না তাকিয়ে সোজা ওদের বাড়ির পিছনের কুয়োটার কাছে গেল।
চারপাশে একবার নজর বুলিয়ে নিল। তারপর জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে একটা ঢোক গিলল।
খুব ভয় করছে হিমেলের।
যেটা সে ভাবছে, সত্যিই যদি সেটা হয়, তাহলে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না।
চারপাশের শীতল আবহাওয়ার মধ্যেও হিমেলের কপালে ঘাম জমে উঠেছে। বৃষ্টির ফোঁটা আর শরীরের ঘাম মিশে একাকার হয়ে যাচ্ছে।
কাঁপা শরীরে কোনো রকমে নিজেকে কুয়োটার দিকে এগিয়ে নিয়ে গেল সে।
মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল,
‘হে আল্লাহ, যেইডা ভাবতাছি, সেইডা যেনো না হয়।’
নিচু হয়ে গভীর কুয়োর পানির দিকে তাকাল হিমেল।
পরক্ষণেই তার বুক কেঁপে উঠল।
—বৃষ্টি!
জোরে চিৎকার করে উঠল সে।
পানির উপরে বৃষ্টিকে দেখতে পেল হিমেল।
হিমেল যা ভয় করেছিল, সেটাই সত্যি হয়েছে।
আর এক মুহূর্তও নষ্ট করল না সে। একা বৃষ্টিকে তোলা সম্ভব না বুঝতে পেরে আশপাশের কয়েকজনকে ডাকল।
কিছুক্ষণের মধ্যেই সবাই এসে হাজির হলো সেখানে।
ফরিদা বানু একাধারে কান্না করছেন। পাশে বৃষ্টির ছোট বোন সৃষ্টিও তার বড় আপার জন্য কাঁদছে। সবাই মিলে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কোনো কিছুতেই লাভ হচ্ছে না।
হবেই বা কী করে? নিজের সন্তানকে চোখের সামনে এমন অবস্থায় দেখে কোনো মা কি আর নিজেকে সামলাতে পারে?
অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে সবাই মিলে বৃষ্টিকে ওপরে তুলে আনতে পারল।
হিমেল এগিয়ে গিয়ে বৃষ্টিকে নিজের কোলে তুলে নিল। তারপর দ্রুত ওদের ঘরের বারান্দার চৌকিতে এনে শুইয়ে দিল।
হিমেল উদ্বিগ্ন হয়ে তার শারীরিক অবস্থা বোঝার চেষ্টা করল। পাশে দাঁড়িয়ে থাকা সৃষ্টিকে ডাকল।
—সৃষ্টি, তুই একটু দেখ তো, তোর আপার শ্বাস-প্রশ্বাস ঠিক আছে নাকি।
সৃষ্টি কাঁদতে কাঁদতে বৃষ্টির কাছে গিয়ে দেখল।
হিমেল অস্থির গলায় জিজ্ঞেস করল,
—বুকের উপরে কি নরতাছে?
—হ, হিমেল ভাই... অল্প অল্প কাঁপতাছে।
কথাটা শুনেই হিমেলের মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল।
ফরিদা বানুর দিকে তাকিয়ে হাসি মুখে বলল,
—চাচি, কান্দেন না। আল্লাহরে ডাকেন। আমাগো বৃষ্টি বাঁইচা আছে, এহনো।
হিমেল আর দেরি করল না। যতটুকু প্রাথমিকভাবে করা সম্ভব, ততটুকু ব্যবস্থা করে পাশে দাঁড়িয়ে থাকা সাগরকে বলল,
—সাগর, একখান ভ্যান গাড়ি আন।
কিছুক্ষণের মধ্যেই সাগর একটা ভ্যান গাড়ি নিয়ে এলো।
বৃষ্টিকে গাড়িতে শুইয়ে দেওয়া হলো। পাশে বসলেন ফরিদা বানু আর সৃষ্টি।
হিমেল ভ্যানটি চালিয়ে দ্রুত হাসপাতালের দিকে রওনা হলো।
দুই ঘণ্টার রাস্তা এক ঘণ্টার মধ্যেই পাড়ি দিয়ে হিমেল বৃষ্টিকে নিয়ে সদর হাসপাতালে পৌঁছাল। অনেক চেষ্টার পর বৃষ্টির অল্প একটু চেতনা ফিরল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হলো।
চিকিৎসা শেষে বৃষ্টিকে ঘরে নিয়ে আসা হলো। ফরিদা বানু আর রাবেয়া বেগম মিলে তার ভেজা পোশাক পাল্টে গরম পোশাক পরিয়ে দিলেন।
বৃষ্টি তখনও বেশ দুর্বল।
ঝাপসা চোখে সে শুধু হিমেলকে দেখছে।
অশ্রুভরা চোখে মনে মনে বলল,
‘ক্যান আমারে বাঁচাইলা, হিমেল?
আমি বাঁচমু না।
যে হৃদয়ে বৃষ্টির লাইগা ভালোবাসা নাই, সেই হৃদয়ে বৃষ্টিরে বাঁচানোর লিগা কিসের এত চেষ্টা তোমার?’
কথাগুলো মনে মনেই রয়ে গেল তার।
শুধু অশ্রুসিক্ত চোখে হিমেলের দিকে তাকিয়ে রইল বৃষ্টি।
মেয়ের পাশে বসে ফরিদা বানু অশ্রুভেজা চোখে তাকিয়ে বললেন,
—কেমনে কুয়ার ভিতর পড়লি মা? দেইখা পানি তুলবি না? এমন কইরা কেউ কাম করে? আইজক্য যদি হিমেল না দেখতো, তয় কি হইতো ক তো? আমি তোরে কই পাইতাম? এই হিমেল তোরে দুইডা বার বাঁচাইলো, তাও আবার পানির থেইক্কা।
মায়ের কথার কোনো উত্তর দিল না বৃষ্টি। শুধু ভেজা চোখ দুটো বন্ধ করে চুপ করে রইল।
চোখ বন্ধ করতেই হঠাৎ বৃষ্টির স্মৃতির পাতায় ভেসে উঠল সেই দুপুরটার কথা। সেই দুপুর, যেদিন হিমেল তাকে নদীতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল।
সেদিন গ্রামের অনেকেই নদীতে গোসল করতে নেমেছিল। তখন বৃষ্টির বয়স হয়তো পনেরো কি ষোলো। গ্রামের মেয়ে হওয়ায় সাঁতার সে ভালোই জানত। তবে সেদিন নদীতে স্রোত ছিল অনেক বেশি।
সবাই মিলে নদীতে গোসল করছিল, কেউ শাপলা তুলছিল, কেউ পানিতে খেলছিল। আর নদীর একপাশে দাঁড়িয়ে ছিপ ফেলে মাছ ধরছিল হিমেল।
গোসল করতে করতে হঠাৎ বৃষ্টির পায়ে কী যেন পেঁচিয়ে গেল। অনেক চেষ্টা করেও পা ছাড়াতে পারছিল না সে। ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে শুরু করছিল বৃষ্টি।
চারপাশে সবাই তখন নিজেদের মতো ব্যস্ত। কেউ খেয়ালই করেনি বৃষ্টি যে ডুবে যাচ্ছে।
হঠাৎ হিমেলের চোখ গিয়ে আটকে গেল বৃষ্টির দিকে।
দেখল, বৃষ্টি পানির মধ্যে হাত দিয়ে বাঁচার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ওপরে উঠতে পারছে না।
দেখামাত্রই হিমেল আর এক মুহূর্ত দেরি করেনি। ছিপ ফেলে দৌড়ে নদীতে নেমে গিয়েছিল। তারপর সবাই মিলে বৃষ্টিকে পানি থেকে ওপরে তুলে এনেছিল।
সেদিন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে হিমেল বৃষ্টিকে বাঁচিয়েছিল।
সেই দিনের পর থেকেই হিমেলকে ভালোবেসে ফেলেছিল বৃষ্টি।
সেই দিনের ভালোবাসাটা আজও বৃষ্টির মনে ঠিক আগের মতোই রয়ে গেছে।
আজও সে শুধু হিমেলকেই ভালোবাসে।
পুরোনো সেই দিনটার কথা মনে পড়তেই বৃষ্টির চোখের পানি আর ধরে রাখা গেল না। বন্ধ চোখের কোণ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়তে লাগল।
মনে মনে কেমন করুণ স্বরে শুধু একটা কথাই বলল সে—
‘দুইডাবার প্রাণ ফিরাইয়া দিলা তুমি, হিমেল। কিন্তু আমারে শুধু ভালোবাসাটাই দিলা না...’
হিমেল এগিয়ে এসে ফরিদা বানুকে বলল,
—এইসব কতা বাদ দেন চাচি। যা হইছে, হইছে। এহন খালি আল্লাহর কাছে দোয়া করেন। আর এহন এক গ্লাস গরম দুধ আইনা খাওয়াইয়া দেন চাচি। ওর শরিলডা মেলা দুর্বল।
ফরিদা বানু ঘর থেকে বেরিয়ে গেলে হিমেল পাশে থাকা চেয়ারটা টেনে বৃষ্টির কাছে গিয়ে বসল। কিছুক্ষণ বৃষ্টির মুখের দিকে তাকিয়ে থেকে বলল,
—এইধরনের পাপ কাম করনের আগে একটাবার তোমার আম্মা, আব্বা আর বোনডার কতা মনে পড়ে নাই? সবাই তো জানে তুমি দুর্ঘটনায় কুয়ায় পড়ছো। কিন্তু আসল সত্যিডা তো আর কেউ জানে না। কেউ জানে না, তুমি আসলে নিজের জীবনডা শেষ কইরা দিবার চাইছিলা।
একটু থেমে হিমেল রাগী গলায় বলল,
—বিশ্বাস করো বৃষ্টি, তুমি যদি মাইয়া না হইতা, তাইলে একটা থাপ্পড় মাইরা সব দাঁত ফালাইয়া দিতাম আমি। এমন কাম করার লিগা!
কথাগুলো বলেই কিছুক্ষণ চুপ করে রইল হিমেল।
তারপর একটু নরম হয়ে বলল,
—এহনো সময় আছে। নিজেরে শুধরাও।
হিমেলের কথায় বৃষ্টি আবারও কেঁদে উঠল। তার বুকের ভিতর কেমন এক রক্তক্ষরণ চলছিল, সেটা সে কাকে বোঝাবে? কাকে বিশ্বাস করাবে যে হিমেলকে সে কতখানি ভালোবাসে?
বৃষ্টির কান্না দেখে হিমেল নরম স্বরে আবার বলল,
—শোনো বৃষ্টি, এমন ছুডু মানুষের মতো কইরো না। আমাগো জীবনের সময় মেলা অল্প। আর এই অল্প সময়টুকু ভালো কামে লাগাও।
একটু থেমে বলল,
—তোমার কোনো বড় ভাই নাই। তাই তোমার আব্বা-আম্মার সকল আশা তোমারে আর সৃষ্টিরে নিয়া। তাগো দিকে তাকাইয়া হইলেও নিজের দিকে খেয়াল রাহো। এই জীবন চইলা গেলে আর ফিরা পাইবা না।
হিমেল কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল,
—আর জীবনে সবাই সবকিছু পায় না। এইডা তোমারে বুজতে হইবো। এমন পাগলামো করলে জীবন চলে না বৃষ্টি।
বৃষ্টিকে চুপ করে কাঁদতে দেখে হিমেল আলতো করে তার মাথায় হাত রাখল।
—শোনো বৃষ্টি, দয়া কইরা আর কহনো এমন কাম কইরো না। নিজের খেয়াল রাখবা। আশা করি, আর এমন পাপ কাম করবা না। আল্লাহ তোমারে আবারও সুযোগ দিছে বাঁচনের। তুমি এই সুযোগডা কামে লাগাও।
কথাগুলো বলেই হিমেল উঠে দাঁড়াল।
বৃষ্টি অশ্রুভেজা চোখে হিমেলের চলে যাওয়ার পানে একদৃষ্টিতে তাকিয়ে রইল।
সে খুব ভালো করেই বুঝে গেছে—হয়তো এই জীবনে হিমেলকে সে পাবে না।
কিন্তু হিমেলকে না পেলে তার কী হবে?
এই প্রশ্নটার কোনো উত্তরই যেন বৃষ্টির কাছে নেই।
এসব ভাবতেই বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। ইচ্ছে করছে বুক ফেটে চিৎকার করে কাঁদতে।
----------------
ওই দিনের পর আরও কেটে গেল সাতটা দিন। এই সাত দিনে এক মুহূর্তের জন্যও বৃষ্টি থামেনি। সকাল-সন্ধ্যা আকাশটা মেঘে ঢাকা ছিল। কখনো মুষলধারে, কখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েছেই। চারপাশের পথঘাট কাদায় মাখামাখি হয়ে গেছে। পুকুর, ডোবা আর খাল-বিলের পানিও টইটম্বুর হয়ে উঠেছে।
তবে সাত দিন পর আজ একটু রোদের দেখা মিলেছে। বৃষ্টিভেজা চারপাশে রোদের আলো পড়তেই কেমন ভ্যাপসা গরম পড়ে গেছে।
এই সাতটা দিনে একবারের জন্যও হিমেল বৃষ্টির সঙ্গে দেখা করেনি। তবে রাবেয়া বেগমের কাছ থেকে নিয়মিতই বৃষ্টির শারীরিক অবস্থার খবর নিয়েছে সে।
কিন্তু বৃষ্টি? সে এখনো আগের মতোই জানালাটা খুলে হিমেলের ঘরের দিকে তাকিয়ে থাকে। যত রাত পর্যন্ত হিমেলের ঘর থেকে হ্যারিকেনের আলো দেখা যায়, তত রাত পর্যন্ত নিজেও জেগে থাকে।
শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে বৃষ্টি। কিন্তু মানসিকভাবে এখনো ভেঙেই আছে সে।
বৃষ্টি যেমন হিমেলকে দেখতে পারেনি, তেমন হিমেলও ছোঁয়াকে দেখতে পারেনি। দেখা হবেই বা কী করে! বৃষ্টির কারণে এতদিন স্কুল বন্ধ ছিল। আজ ঝকঝকে রোদ উঠতেই সকালের খাবার খেয়ে বই-খাতাগুলো নিয়ে ঘর থেকে সাইকেল বের করল, স্কুলে যাওয়ার উদ্দেশ্যে।
—মন দিয়া কেলাস করিস বাপ।
—আইচ্ছা আম্মা। গেলাম।
বেশ খানিকটা দূর থেকেই হিমেল দেখতে পেল, ছোঁয়া ব্যাগ নিয়ে ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হিমেল ছোঁয়ার সামনে সাইকেল থামাতেই ছোঁয়া সাইকেলের পেছনে উঠে বসল। তারপর হিমেল ছোঁয়াকে নিয়ে স্কুলের পথে রওনা হলো।
অনেকক্ষণ নীরব থাকার পর ছোঁয়াই মুখ খুলল।
—তুমি ভাত খাইয়া আইছো, হিমেল ভাই?
—হ। খাইছি। তুমি খাইছো?
—হ। আমিও খাইছি।
একটু পর হিমেল বলল,
—তোমারে তো কইতেই পারি নাই, সেইদিনের আমভর্তাডা মেলা মজা হইছিলো, ছোঁয়া।
ছোঁয়া একটু হেসে বলল,
—হ, আমার কাছেও মজা লাগছিলো।
ছোঁয়া আবার বলল,
—আইচ্ছা হিমেল ভাই, শুনলাম তোমাগো কুয়ার মধ্যে নাকি কোন মাইয়া পইরা গেছিলো। আর তুমিই নাকি বাঁচাইছিলা?
হিমেল একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল,
—হ, ঠিকি শুনছো। তয় এহন ভালো আছে।
—আলহামদুলিল্লাহ। ভালো থাকলেই ভালো।
একটু চুপ থেকে ছোঁয়া আবার বলল,
—আইচ্ছা হিমেল ভাই, তোমার পোনা মাছ খাইতে কেমন লাগে? আমার কিন্তু মেলা মজা লাগে। দেহি আব্বারে কওন লাগবো বাজার থিকা আননের লিগা।
হিমেল হেসে বলল,
—আমারও ভালোই লাগে। দেহি কী করন যায়।
কথা বলতে বলতে একসময় স্কুলের সামনে এসে পৌঁছাল হিমেল আর ছোঁয়া। তারপর যে যার মতো নিজের ক্লাসে চলে গেল।
স্কুল ছুটির পর ছোঁয়া হিমেলের জন্য কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আজ হিমেলের আগেই ছোঁয়া স্কুল থেকে বেরিয়ে এসেছে।
কিছুক্ষণ পর হিমেল ক্লাস থেকে বের হয়ে সাইকেল নিয়ে এল। ছোঁয়াকে সাইকেলে উঠিয়ে দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
হঠাৎ করেই আকাশের বুকে মেঘ জমতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই চারপাশ কেমন অন্ধকার হয়ে এলো।
পেছন থেকে ছোঁয়া বলল,
—মনে হয় বৃষ্টি আইবো, হিমেল ভাই।
—আমারও তাই মনে হইতাছে।
—তাড়াতাড়ি চালাও হিমেল ভাই।
কিন্তু ততক্ষণে হালকা বৃষ্টি নামতে শুরু করেছে। ওরা কিছুদূর যেতেই ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল।
দুজনে সারা রাস্তা ভিজতে ভিজতেই এগিয়ে চলল। বৃষ্টির বেগ যখন আরও বেড়ে গেল, তখন হিমেল একটা ইটের ভাঙা বাড়ির সামনে সাইকেল থামাল।
দুজনে একটু ভেতরে গিয়ে দাঁড়াল।
কিন্তু ছটফটে, চঞ্চল পঞ্চদশী মেয়েটা এত সুন্দর বৃষ্টি দেখে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না।
হঠাৎ করেই দৌড়ে খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়াল ছোঁয়া। দুহাত মেলে প্রাণভরে বৃষ্টিতে ভিজতে লাগল। হিজাবের পানি টুপটুপ করে তার নীল চোখ বেয়ে গড়িয়ে পড়ছে।
হিমেল একদৃষ্টিতে তাকিয়ে ছোঁয়ার কাণ্ডকারখানা দেখছে আর মুচকি মুচকি হাসছে।
ছোঁয়া হেসে বলল,
—হিমেল ভাই, তুমিও আহো। একলগে বৃষ্টিতে ভিজি।
হিমেল যেন এই কথাটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল। তাই আর দাঁড়িয়ে না থেকে সেও দৌড়ে চলে গেল বৃষ্টির মধ্যে।
ছোঁয়ার আনন্দ দেখে হিমেলেরও ভীষণ ভালো লাগছিল। বৃষ্টির ফোঁটাগুলো দুজনের মুখে এসে পড়ছিল, মাঝে মাঝে ছোঁয়া হাতের মুঠোয় বৃষ্টির পানি জমিয়ে দুষ্টুমি করে হিমেলকে ভিজিয়ে দিচ্ছিল। আর হিমেল শুধু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছিল সেসব।
হিমেলের কাছে ছোঁয়ার সেই মুহূর্তটুকু যেন অন্য এক আনন্দ হয়ে ধরা দিচ্ছিলো।
বৃষ্টিটা একটু হালকা হতেই ছোঁয়া আর হিমেল আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
ছোঁয়াদের বাড়ির সামনে এসে সাইকেল থামিয়ে ছোঁয়াকে নামিয়ে দিল হিমেল। তারপর নিজেও সাইকেল ঘুরিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল।
ঘরে ঢুকে দেখল, বৃষ্টি ঘরে বসে আছে।
গামছা দিয়ে মাথা মুছতে মুছতে হিমেল জিজ্ঞেস করল,
—এহন তোমার শরীর কেমন?
বৃষ্টি নির্লিপ্ত গলায় বলল,
—যেমন রাখছো, তেমন।
—তা তোমার বই-খাতা কই?
—ছোঁয়ার কাছে।
—ছোঁয়ার কাছে ক্যান?
—তুমি দেহ না, বাইরে বৃষ্টি আইছে। বই-খাতা সব ভিজা যাইবো না? তাই...
বৃষ্টি একটু থেমে আবার জিজ্ঞেস করল,
—তা দুইজনে কেমন ভিজলা?
হিমেল বৃষ্টির কথার কোনো জবাব দিল না। গামছা দিয়ে মাথা মুছতে মুছতে শুধু বলল,
—তুমি এখন যাও, বৃষ্টি। আমার খুব শীত করতাছে। আমি শুইয়া পড়মু।
—ক্যান, ভাত খাইবা না?
—না, এহন খামু না। পরে।
—তুমি যাও। আমি জামা-কাপড় পাল্টামু।
তারপর বৃষ্টি হিমেলের ঘর থেকে চলে গেল।
সন্ধ্যার সময় হিমেল বাড়ি থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়তে গেল। নামাজ শেষে সোজা ছোঁয়াদের বাড়ির ভেতরে ঢুকল। উঠানে এসে আলেয়া বেগমকে দেখে সালাম দিল।
—আসসালামু আলাইকুম, দাদি। ভালো আছেন?
—ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ, ভালা আছি। তা তুই ভালা আছিস তো, হিমেল?
—হ, দাদি। ভালো।
আলেয়া বেগম জিজ্ঞেস করলেন,
—তা কারে চাও দাদা? হাফিজুল তো শহরে গেছে, আইজক্য বিহানবেলায়।
—না দাদি, চাচারে লাগবো না। ছোঁয়ার কাছে আমার বই আছে। একটু আইনা দেন।
ছোঁয়া তখন বারান্দায় দাঁড়িয়ে ছিল। পর্দার ওপাশ থেকেই হিমেলের বইগুলো হাত বাড়িয়ে সাধল।
হিমেল বারান্দায় এসে ছোঁয়ার হাত থেকে বইগুলো নেওয়ার সময় আস্তে করে বলল,
—কাল থেইক্যা তো আবারও স্কুল বন্ধ আছে পাঁচ দিনের লিগা।
ছোঁয়া চুপ করে শুধু হিমেলের কথা শুনতে লাগলো।
হিমেল বলল,
—তয় কালক্যা বাড়ির উল্টা দিকে আইসো। তোমারে কাইল বিলে ঘুরতে নিয়্যা যামু।
ছোঁয়ার চোখেমুখে সঙ্গে সঙ্গে আনন্দ ফুটে উঠল।
—হাছা কইতাছো, হিমেল ভাই?
—হ। আমি এহন যাই। মনে যেন থাহে, ঠিক বিকাল তিনটার সময়।
—আইচ্ছা, মনে থাকবো। তুমি সাবধানে যাইও।
—আইচ্ছা।
বলেই হিমেল বাড়ির দিকে পা বাড়াল।
ছোঁয়া দৌড়ে পেছনে থাকা জানালাটার কাছে গিয়ে হালকা করে খুলে দিল। তারপর জানালা দিয়ে হিমেলের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল।
চলবে ………………।
শিমলা সিমু