ফন্ট সাইজ:
থিম:
বর্ষা হিমেলের প্রেমের ছোঁয়া

পর্ব 8

লেখক: Shimla simu

বর্ষা হিমেলের প্রেমের ছোঁয়া

পর্ব : ৮

পরেরদিন দুপুরবেলা গোসল করে সাদা লুঙ্গি আর তার সঙ্গে সাদা শার্ট পরে নিল হিমেল। আয়নার সামনে গিয়ে ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে নিজেকে আরও একবার ভালো করে দেখে নিল। নিজের কাছে নিজেকে দেখতে ভালো লাগায় একটু খুশিই হলো হিমেল।

ঘর থেকে বের হবে, ঠিক তখনই সামনে এসে দাঁড়াল বৃষ্টি।

—এত সুন্দর কইরা সাজছো ক্যা?

বৃষ্টির কথায় হিমেল ভ্রুতে ভাঁজ ফেলে উত্তর দিল,

—আমি কি মাইয়া মানুষ যে সাজমু?

—না, তা কই নাই। কিন্তু আইজক্য তোমারে প্রতিদিনের চে বেশি সুন্দর লাগতাছে।

—আইচ্ছা, এইসব কতা বাদ দেও। তা, তোমার আম্মা কোনে?

—আম্মা তো খেতে সবজি তুলবার গেছে। ক্যান, কিছু কইবা?

—হ। কইতাছি, তোমাগো নৌকাডা আমারে একটু দিবা।

—হ, দিমু তো। নেও গা। কিন্তু এহন নৌকা দিয়া কী করবা?

—বিলে যাবু মাছ ধরতে।

—আইচ্ছা, নেও গা। আমি আম্মা আইলে কমুনি।

হিমেল টোন জাল আর পাতিল হাতে নিল।

—আম্মা, আমি মাছ মারতে গেলাম।

ভেতর থেকে রাবেয়া বেগমের কণ্ঠ ভেসে এলো,

—তাড়াতাড়ি আছিস।

—আইচ্ছা।

বলেই হিমেল মাছ ধরার উপকরণ নিয়ে বাড়ি থেকে বের হলো।

বিলের পাড়ে এসে হিমেল বৃষ্টিদের নৌকাটি ঘাটে বাঁধা দেখতে পেল। নৌকায় উঠে পড়ল সে। দুপুরের পর এই পদ্মবিলে তেমন কেউ থাকে না। তাই এই সময়টাকেই বেছে নিয়েছে হিমেল। ছোঁয়াকে নিয়ে বিলে যাবে, যাতে মানুষের চোখে না পড়ে। আর তার সঙ্গে বিকেলবেলার পদ্মবিলের মনোমুগ্ধকর আবহাওয়াটাও হিমেলের বেশ ভালো লাগে।

হিমেল নৌকাটি চালিয়ে ছোঁয়াদের বাড়ির পেছনে চলে এল। নৌকাটি পাড়ে ভিড়িয়ে রেখে ছোঁয়ার জন্য বসে রইল।

-------------

এদিকে ছোঁয়া বোরকা, হিজাব আর নিকাব পরে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে গাঢ় করে কাজল নিচ্ছে। সঙ্গে একটু শ্যাডো কালারও নিল চোখের ওপরে। চোখ দুটো দেখতে এতটাই সুন্দর আর মায়াবী লাগছে যে, কেউ একনজর দেখার সঙ্গে সঙ্গে তাকিয়ে থাকতে বাধ্য হবে।

ছোঁয়া ঘর থেকে বেরিয়ে ডাকল,

—আম্মা কই তুমি?

পাশ থেকে উত্তর এলো,

—তোর আম্মা গোসল দিতাছে।

—আইচ্ছা দাদি, তাইলে তুমি আম্মারে কইয়া দিও, আমি হিমেল ভাইগো বাড়িতে যামু।

আলেয়া বেগম তখন বসে জাতি দিয়ে সুপারি কাটছিলেন। ছোঁয়ার কথা শুনে তিনি তার দিকে তাকিয়ে বললেন,

—এহন হিমেল গো বাড়িতে যাবি ক্যা?

—একটু দরকার আছে। তুমি আম্মারে কইয়া দিও, আমি গেলাম। তাড়াতাড়ি ফিরমু, চিন্তা কইরো না।

—আইচ্ছা।

বলেই আলেয়া বেগম আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন।

-------------

বেশ কিছুক্ষণ পরে হিমেল ছোঁয়াকে দেখতে পেল।

ছোঁয়া ওদের বাড়ির পেছনের গেট খুলে হিমেলের দিকে এগিয়ে আসছে। হিমেল একমনে, একধ্যানে ছোঁয়ার এগিয়ে আসা দেখছে। আজ ছোঁয়াকে তার এতটাই মায়াবী লাগছে যে, হঠাৎ করেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের লাইন মনে মনে বলে উঠল,

“তোমাকে নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণে।”

ছোঁয়া নৌকায় উঠে বসে বলল,

—তাড়াতাড়ি চলো, হিমেল ভাই।

ছোঁয়ার কথায় হিমেলের ধ্যান ভাঙল। নিজেকে স্বাভাবিক করে বলল,

—আমার লগে ঘুরবার যাবা, বাড়িতে কেউ জানে?

—না। কইছি তোমাগো বাড়িতে যামু।

—আর যদি কইতাম পদ্মবিলে ঘুরবার যামু, তয় বাড়ি থেইক্যা বাইর হইতেই দিতো না কেউ।

ছোঁয়ার কথা শুনে হিমেল মৃদু হেসে ফেলল। তারপর নৌকার বৈঠায় হাত রেখে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। আর এভাবেই নৌকার দুলুনির সঙ্গে তাদের মধ্যে চলতে থাকল আরও কতশত কথার আসর।

এত কথার মাঝে কখন যে হিমেল আর ছোঁয়া বিলের মাঝখানে চলে এসেছে, কেউ বুঝতেই পারল না।

ওদের এই পদ্মবিলটা অনেক বড়। প্রতিবছর বর্ষাকালে এই বিল থেকে অনেক মাছ ধরে জেলেরা। এই গ্রামের বেশির ভাগ মানুষই,
হয় কৃষক, নয়তো জেলে।

হিমেল এখনো ছোঁয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। হিমেলকে ওমন করে তাকিয়ে থাকতে দেখে ছোঁয়ার ভীষণ লজ্জা লাগছে। তবে তাও কেন জানি তার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো। তাই বলেই দিল ছোঁয়া,

—ওমন কইরা তাকায়া আছো ক্যান, হিমেল ভাই?

ছোঁয়ার কণ্ঠে হিমেলের চোখ দুটো চকচকিয়ে উঠল। তারপর মৃদু হেসে বলল,

—তোমারে আইজক্য মেলা সুন্দর লাগতাছে, ছোঁয়া।

হিমেলের মুখে নিজের সৌন্দর্যের প্রশংসা শুনে ছোঁয়ার লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে হলো।

তবে সেই চিন্তাকে মাটি চাপা দিয়ে বলল,

—ক্যা, আমারে কি অন্য দিন সুন্দর লাগে না?

হিমেল হেসে বলল,

—আমি কি তা কইছি?

—আর আমি কি তোমার চেহারা কোনো দিন দেখছি, যে কমু?

—তুমি তো আইজক্যও আমার মুখ দেহো নাই, তাইলে কইলা ক্যা?

—কারণ আইজক্য তোমার চোখ দুইডা বেশি মায়া লাগতাছে। তোমার ওই নীল চোহে কাজল টানলে মেলা সুন্দর লাগে।

হিমেলের এইটুকু প্রশংসা শুনে মেয়েটা মনে মনে ভীষণ খুশি হলো। তবে সেই খুশিটুকু মনের ভেতর রাখতে পারল না। ছড়িয়ে পড়ল তার সেই অপরূপ সুন্দর নীল চোখজোড়ায়।

ছোঁয়া একমনে চেয়ে আছে তাদের থেকে অনেকটা দূরে চকচকে পানির ওপর ফুটে থাকা পদ্মফুলগুলোর দিকে। দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে! সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা গোলাপি পদ্মগুলোকে মনে হচ্ছে, নীলচে পানির বুকে কেউ যত্ন করে সাজিয়ে রেখেছে। হালকা বাতাসে ফুলগুলো দুলছে, আর পানির ঢেউয়ে তাদের ছায়াগুলোও কেঁপে কেঁপে উঠছে বারবার।

তবে হিমেলের চোখ শুধু ছোঁয়ার দিকেই আটকে আছে। এই দৃশ্যটা অন্য কেউ দেখলে হয়তো বলত,

“ওই দেখ, ছেলেটা কেমন বেহায়ার মতো মেয়েটার দিকে তাকিয়ে আছে! মনে হচ্ছে, জীবনে কোনো দিন মেয়ে দেখে নাই।”

হঠাৎ করেই হিমেলের ধূসর-বাদামি চোখ দুটো আটকে গেল ছোঁয়ার পায়ে। এতক্ষণ শুধু ওর চোখের দিকেই তাকিয়ে ছিল, তাই পায়ের দিকে একটুও খেয়াল করা হয়নি।

ফর্সা পায়ে টকটকে লাল আলতা, তার সঙ্গে সোনালি নুপুর। নুপুরজোড়া হয়তো সোনারই। সে যা দিয়েই তৈরি হোক, ছোঁয়ার পায়ে বেশ মানিয়েছে। পানির ওপর ফুটে থাকা গোলাপি পদ্মগুলোর মাঝেও আলতায় রাঙানো পা দুটো আলাদা করে চোখে পড়ছে—মনে হচ্ছে, পদ্মের পাপড়ির লালচে আভাটুকু যেন এসে ওর পায়ের ওপর পড়েছে।

পানিতে পা ডোবানোর ভীষণ ইচ্ছে হলো ছোঁয়ার। ইচ্ছে হয়েছে, ব্যস—আর দেরি কিসের!
পাশ ফিরে আলতা রাঙানো পা দুটো পানিতে নামিয়ে ছোঁয়া নিজেই ধীরে ধীরে পা দোলাতে লাগল। তার পায়ের হালকা নড়াচড়ায় স্বচ্ছ পানিতে ছোট ছোট ঢেউ উঠতে লাগল।

তাদের এই সুন্দর মুহূর্তটুকু আরও সুন্দর করে তুলল ওপার থেকে ভেসে আসা এক বাউলের একতারার সঙ্গে গাওয়া মিষ্টি এক প্রেমের সুর।

" যখন ওই রূপ স্মরণ হয়,
থাকে না লোক ও লজ্জার ভয়।

লালন ফকির ভেবে বলে সদায়,
লালন ফকির ভেবে বলে সদায়।

ঐ প্রেম যে করে সে জানে,
ঐ প্রেম যে করে সে জানে।

আমার মনের মানুষেরও সনে,
আমার মনের মানুষেরও সনে।"

------------

পদ্ম বিলের মাঝে এসে ছোঁয়া অনেকগুলো পদ্মফুল তুলে নিল। সঙ্গে বেশ কয়েকটা শাপলা ফুলও তুলে তা দিয়ে মালা বানিয়ে গলায় দিল।

পদ্ম বিলটা বাড়ির পাশে হলেও তার মা কখনোই আসতে দেয় না। আসতে না দেওয়ার কারণটা বোধহয় ছোঁয়ার এই সুন্দর রুপ।

তাসলিমা বেগম ছোঁয়াকে সবসময় বলে,

—বেশি ভাইরে যাস না। শুধু পরপুরুষের সামনেই না, অচেনা মাইয়াছেলের সামনেও যাইস না। কার চোখ কেমন, কেডা জানে! যদি আবার কুনজর লাইগা যায়।

আর এই গ্রামের মানুষগুলো যত সহজ-সরল দেখায়, ততটাও না। কারও সঙ্গে কারও মিল ভাঙলেই আগে কবিরাজের কাছে গিয়ে কালাজাদু-টোনা করে বান মারে। আর এইসব বিষয়েই তাসলিমা বেগম অনেক ভয় পান। কারণ তার বড় ভাইকেও কেউ কালাজাদু করেই মেরে ফেলেছিল।

আজকে ছোঁয়া উড়ন্ত, বন্দীহীন পাখির মতো উড়ছে। কেউ বলছে না, ছোঁয়া এটা করিস না। ছোঁয়া, এমন করে বসিস না। মাথায় ওড়নাটা আরও বড় করে দে। এসব বলার কেউ নেই।

এত বলারই বা কী আছে! মেয়েটা তো এমনিতেই কারও সামনে যায় না।

-------------

দুই হাত ভর্তি পদ্মফুল নিয়ে পানিতে পা ডুবিয়ে হালকা নড়াচড়া করছে আর হিমেলের মাছ মারা দেখছে ছোঁয়া।

হিমেল তার সাদা লুঙ্গিটা নিচ থেকে হাঁটু পর্যন্ত তুলে, দুই পাশের কাপড় একসঙ্গে করে সামনে একটা গিঁট দিয়ে রেখেছে। যাতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানির ছিটায় লুঙ্গিটা ভিজে না যায়।

লুঙ্গিটা ওমন করে ভাঁজ করায় হিমেলের ফর্সা পায়ের কালোকুচকুচে লোমগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগছে । ছোঁয়ার চোখেও আজকে হিমেলকে একটু অন্যরকম সুন্দর লাগছে। একদৃষ্টিতে নির্লজ্জের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চোখ ফিরিয়ে নিল অন্যদিকে।

হিমেলের মাছ ধরা শেষ হলে ছোঁয়ার দিকে তাকিয়ে দেখে, এইটুকু সময়ে অনেকগুলো পদ্মফুল তুলে সে বসে আছে।

হিমেলের কাছে ছোঁয়াকে দেখে মনে হলো, বিলের এত পদ্মফুলের মাঝেও ছোঁয়ার হাতের পদ্মফুলগুলোই যেন বেশি সুন্দর। আর তার থেকেও বেশি সুন্দর হলো—একটা ফুলের হাতে আরও কিছু ফুল।

হিমেল মুচকি হেসে রসিকতার সুরে বলল,

—তুমি দেহি বিলের সব ফুল একবারেই তুইলা নিছো।

ছোঁয়া নিজের হাতের ফুলগুলোর দিকে একবার তাকিয়ে বলল,

—হ । তুল । মুই তো আবার কবে এমন কইরা আসবার পারমু কে জানে। আর আবার কোনোদিন আইতে আইতে এই ফুলগুলান থাকবো নাকি।

দুজনের মধ্যে আরও অনেক কথা হলো।

একপর্যায়ে হিমেল চলে এলো ছোঁয়াদের বাড়ির পেছনের দিকে।

ছোঁয়ার দিকে তাকিয়ে হিমেল বলল,

—তুমি এহন বাড়ি যাও। আমি রাইতে তোমার ঘরের জানালার কাছে আসমু। জাইগ্যা থাইকো কিন্তু।

—আইচ্ছা, থাকমুনি। কিন্তু কিয়ের লিগা হেডা তো কও, হিমেল ভাই।

—পোনামাছ চরচরি আর শাপলা ভাজি দেওনের লিগা।

—আইচ্ছা, তোমারে একখান কতা কই, হিমেল ভাই।

—কও।

—তুমি কি আমার লিগা পোনামাছ ধরলা?

—হ। তুমি এহন যাও। নইলে তোমার আম্মায় রাগ করবো কইলাম।

—আইচ্ছা।

বলেই ছোঁয়া ওর হাতের সব পদ্মফুল গুলো নৌকায় রেখে চলে গেল। চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ল।

হিমেল ছোঁয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে বৈঠা দিয়ে নৌকা চালাতে লাগল।

এদিকে ছোঁয়া চোরের মতো উঠান পার হতে পারলেও ঘর পর্যন্ত পৌঁছাতে পারল না।

পেছন থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে এলো ছোঁয়ার কানে,

—কই গেছিলি তুই? তোর বোরকার নিচে ভেজা ক্যা? সত্যি কইরা কবি, নয়লে কিন্তু বেত ভাঙমু পিঠে!

ছোঁয়া যেন এটারই ভয় পাচ্ছিল।

যেইহানে বাঘের ভয়, সেইহানেই রাইত হয়।

কথাটা ছোঁয়া বিরবির করে উচ্চারণ করল।

পেছন ফিরে মায়ের দিকে তাকাতেই দেখল, চোখ বড় বড় করে তাসলিমা বেগম ওর দিকে তাকিয়ে আছেন।

ছোঁয়ার ভীষণ ভয় লাগছে। কী বলবে এখন?

ছোঁয়াকে চুপ থাকতে দেখে তাসলিমা বেগমের ভীষণ রাগ হলো। এগিয়ে গিয়ে একটা থাপ্পড় মারবে, তার আগেই পেছন থেকে জরো বলল,

—বড় আম্মা, ছোঁয়ারে মাইরেন না, ছোঁয়া আমার লগেইছিলো।

হঠাৎ চেনা কণ্ঠে মিথ্যা কথা শুনে তাসলিমা বেগমের সঙ্গে ছোঁয়াও সেদিকে দৃষ্টি দিল। দেখল, তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে মায়া।

মায়াকে দেখে ছোঁয়া একটু অবাক হয়ে মনে মনে বিরবির করল,

-‘আপা আমার লিগা মিথ্যা কতা কইলো ক্যা? আমি তো আপার লগে যাই নাই।’

তাসলিমা বেগম বললেন,

—তয় কই গেছিলি দুইডা?

মায়া শান্ত গলায় বলল,

—বেশি দূর না, বড় আম্মা। বাড়ির পিছনেই পানির মধ্যে একটু পা ডুবায়া বইসা আছিলাম।

তাসলিমা বেগম ছোঁয়ার দিকে তাকিয়ে বললেন,

—তয় ওই ওর দাদির কাছে হিমেল গো বাড়িতে যাইবো হেইডা কইছে ক্যা?

মায়া সঙ্গে সঙ্গে উত্তর দিল,

—আসলে বড় আম্মা, ছোঁয়া হিমেল গো বাড়িতেই যাইবার নিচ্ছিলো। কিন্তু আমি কইলাম, আইজক্য আর অংক বুজতে হইবো না। আমিই ওরে নিয়া গেছিলাম। আপনি ওরে মাইরেন না।

তাসলিমা বেগম ছোঁয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ধমক দিয়ে বলল,

—এমনি সময় তো মেলা ফটর ফটর করো। আমি যহন জিগাইলাম কই গেছিলি, তহন সত্যিডা কইতে পারো নাই ক্যা রে? তাইলে তো আর ধমক খাওন লাগতো না। আর চোরের মতোন ঢোকা লাগবো ক্যা, হ্যা?

ছোঁয়া প্রতিবাদ করে বলল,

—কই আম্মা, আমি চোরের মতোন ঢুকলাম?

—এই চুপ থাক। মুহে মুহে চোপা করিস না। ভিতরে যা। বোরকা খোল। ভাত বারমু, দুইডা এক লগে বইসা খায়া নে। পেটে নাই একখান দানা, মুরগির মতোন খালি ঘুরাঘুরি করা।

রান্নাঘরের দিকে যেতে যেতে মায়া আর ছোঁয়াকে বললেন তাসলিমা বেগম।

তাসলিমা বেগম চলে যেতেই ছোঁয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল।

মায়া এগিয়ে এসে টানতে টানতে তাকে ঘরে নিয়ে গেল। দরজাটা আটকে মাথায় একটা গাট্টা দিয়ে বলল,

—এই ছেমরি, আইজক্য আমি ঠিক সময় না দেখলে তোর পিঠে বড় আম্মায় বেত ভাঙতো, বুজলি?

ছোঁয়া ফিসফিস করে বলল,

—কিন্তু আপা, তুমি আমার লিগা মিথ্যা কতা কইলা ক্যা?

মায়া চোখ বড় করে বলল,

—হ। তাইলে সত্যিডা বড় আম্মার কাছে কইয়া দেই? কইয়া দেই যে, আপনার মাইয়া হিমেলের লগে পদ্মবিলে গেছিলো বেরাইতে।

ছোঁয়া মায়ার কথায় একটু লজ্জা পেল। মুখে লাজুক হাসি রেখেই বলল,

—তুমি জানলা কেমনে? আমি আইজক্য হিমেল ভাইয়ের লগে পদ্মবিলে যামু।

—কলক্য যহন হিমেল বারান্দায় খারায়া তোরে কইছিলো বিলে যাওয়ার কথা, তহনই আমি হুনছিলাম।

একটু থেমে মায়া বলল,

—যাই হক, বোরকা পাল্টায়া বাইরে আয়।

মায়া ঘর থেকে বের হতেই ছোঁয়ার যেন আরও লজ্জা লাগল।
এই ভেবে যে, ওরা ঘুরতে যাবে—সেটা আগে থেকেই তার মায়া আপা জানত।

---------

হিমেল বৃষ্টিদের নৌকাটা পাড়ে এনে ঘাটে বেঁধে। মাছের পাতিল, শাপলা ফুল আর জাল নিয়ে বাড়িতে গেল।

বাড়িতে এসে রান্নাঘরে মাছের পাতিল রাখল। তখন ওর মা রান্নাঘরে ভাত রান্না করছিল।

হাত-মুখ ধুয়ে হিমেল বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে গ্রামের বাজারের দিকে গেল।

একদম এশার নামাজ পড়ে ঘরে এসে দেখল, ওর মা নামাজ আদায় করছে আর বিছানায় ওর দাদি শুয়ে আছে।

দাদির কাছে গিয়ে মাথায় একটু হাত বুলিয়ে দিল হিমেল।

হিমেলের ভীষণ কষ্ট হয় ওর দাদির জন্য। ছোটবেলায় কত মজা করেছে ওর দাদির সঙ্গে। কমেলা ভানুও নাতি বলতে পাগল ছিলেন।—তার একটাই ছেলে, সেই ছেলের ঘরেও আবার এক সন্তান,শুধু হিমেল। তাই, ভালো তো একটু বেশি বাসবেনই।

তবে এখন আর কথাও বলতে পারে না, হাঁটা-চলা করতেও পারে না।

তার সবকিছু হিমেল আর রাবেয়া বেগমই করে দেয়।

তারপর হিমেল উঠে গিয়ে রান্নাঘরে গেল। একটা টিফিন বাটিতে ছোঁয়ার জন্য পোনা মাছের চরচরি আর শাপলা ভাজি নিল।

হ্যারিকেন হাতে ছোঁয়াদের বাড়ির দিকে রওনা হলো হিমেল।

ছোঁয়ার জানালার কাছে এসে নিচুস্বরে ডাকল,

—ছোঁয়া...তুমি কি ভিতরে আছো।

ছোঁয়া অনেকক্ষণ ধরে জানালাটার পাশেই বসেছিল হিমেলের জন্য। হিমেলের কণ্ঠ কানে আসতেই বুকটা কেমন কেঁপে উঠল ছোঁয়ার।

জানালার এক পাল্লা খুলতেই হিমেল বাটিটা জানালা দিয়ে বাড়িয়ে দিয়ে বলল,

—এই নাও তোমার পোনা মাছ আর শাপলা ভাজি।

ছোঁয়া হাসি হাসি মুখে হিমেলের হাত থেকে বাটিটা নিল।

—তুমি খাইছো, হিমেল ভাই?

—না। তোমারে আগে দিয়া গেলাম। আমি বাড়ি যায়া খামু। আইচ্ছা, আমি এহন যাই।

—আইচ্ছা, রাস্তা দেইখা যাইও।

—আইচ্ছা।
বলেই বাড়ির পথে হাঁটতে লাগালো।

আর ছোঁয়া তাকিয়ে রইল সেই নিকষ কালো রাস্তার দিকে, হ্যারিকেনের আলো যতদূর যায়, ওর চোখও যেন ততদূর হিমেলের পিছু পিছু যেতে লাগল।

হিমেল চোখের আড়াল হতেই ছোঁয়া রান্নাঘর থেকে ভাত এনে পোনা মাছের চচ্চড়ি আর শাপলা ভাজি দিয়ে তৃপ্তি সহকারে ভাতগুলো খেয়ে নিল। ছোঁয়ার কাছে দুটো রান্নাই বেশ মজা লাগল।

তারপর টিফিন বাটিটা ধুয়ে স্কুলব্যাগের ভিতর লুকিয়ে রেখে দিলো ।

চলবে ………………।
শিমলা সিমু

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 8 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন