“তোমার ওই দুই টাকার চাচ্চু আমার বোনকে রাস্তার ভ্যানগাড়ি থেকে কাপড় কিনে পড়াচ্ছে! আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেছে ওই দুই টাকার থার্ডক্লাস ছেলেটার সঙ্গে পালিয়ে। যে বোনকে আমি অলওয়েজ ব্র্যান্ডের জিনিস পরিয়েছি, সেই বোনকে আজ আমি দেখছি ফুটপাত থেকে জিনিসপত্র কিনছে!”
প্রচন্ড আক্রোশে কথাগুলো বলে মোবাইলটা বিছানার ওপর ছুড়ে ফেলে রুদ্রিক। বিকেলের ঘুম ভেঙেছে এই রাত ১০ টায় নৌশির। ঘুমজড়ানো চোখে বিছানায় উঠে বসে হাই তুলতে তুলতে দেখে, রাগে গজগজ করতে করতে রুমের ভেতরে ঢুকে রুদ্রিক। তারপর ক্ষুব্ধ দৃষ্টিতে নৌশির দিকে তাকিয়ে কথাটা বলে।
নৌশি অবাক হয়ে বলে,
— কি হয়েছে? এমন করছেন কেন?
রুদ্রিক নৌশির দিকে এগিয়ে এসে ফুঁসতে ফুঁসতে বলে,
— তোমার যে ছোটলোক চাচ্চুটা আমার বোনের সাথে প্রেম করে তাকে পালিয়ে নিয়ে গেছে? সে আমার বোনকে রাস্তার পাশের ভ্যান থেকে কাপড় কিনে দিচ্ছে। আমার বাড়ির মেয়েকে আমরা রাজকন্যার মতো বড় করেছি। সেই মেয়ে এখন ফুটপাতের দুইশো তিনশো টাকার কাপড় কিনে পরছে। এটা আমার দেখতে হচ্ছে!
চাচ্চুর কথা শুনতেই নৌশির বুকটা ধক করে উঠে। তার চাচ্চুকে দেখেছে রুদ্রিক? কতদিন হয়ে গেল তাদের কাউকে দেখা হয় না! মুহূর্তেই চোখের সামনে আবছা আবছা ভেসে উঠে চাচ্চুর মুখ। ভেসে উঠে তার ভালোবাসা, দুষ্টুমি আর স্নেহমাখা সেই দিনগুলো। চাচ্চুর সাথে তাদের সম্পর্কটা বন্ধুর মতো। এমন একজন মানুষ, যার কাছে দুষ্টুমি, অভিমান, আবদার সব করা যেত।নির্দ্বিধায় নিজের মনের কথা বলা যেত। পরিবারের মানুষগুলোর কথা মনে পড়তেই বুকের ভেতরটা হাহাকার করে উঠে নৌশির। কতদিন ধরে সে তার আপন মানুষগুলোর কাছ থেকে দূরে!
আপনজনের অভাবে বুকের ভেতরটা কেমন যেন শূন্য শূন্য লাগে নৌশির। নৌশি এবার ধরা গলায় জিজ্ঞেস করে,
— কোথায় দেখেছেন আপনি ওদের?
রুদ্রিক এতক্ষণে একটুও শান্ত হয়নি। বিরক্তি আর ক্ষোভ মেশানো গলায় বলে,
— একটু আগে ফেরার পথে দেখেছি, এলিফ্যান্ট রোডের ওখানে। আচ্ছা, ওর যদি যোগ্যতাই না থাকে আমার বোনকে ভালো একটা লাইফ দেওয়ার, তাহলে আমার বোনকে পালিয়ে নিয়ে গেল কেন? আমরা তো জানতাম, আমার বোনটার এমন হাল হবে! আমার বোনটা নিজের জীবনটা নিজেই শেষ করল! একটা রাস্তার ছেলেকে.....
কথাটা শেষ করার আগেই নৌশি থামিয়ে দেয়। বেড থেকে নেমে রুদ্রিকের মুখোমুখি দাড়িয়ে দৃঢ় কন্ঠে বলে,
— আমার চাচ্চু রাস্তার ছেলে না। সে একটা ব্যাংকেতে জব করে। আর তার একটা পরিবার আছে। সেখানে বড় ভাইয়ের মতো একজন অভিভাবকও আছে।
রুদ্রিক টিটকারি করে বলে,
— তোমার চাচার ওই ব্যাংকের এক মাসের যে স্যালারি? ওটা আমার বোনের একটা ড্রেসের প্রাইজ, সুইটহার্ট!
নৌশি স্থির চোখে রুদ্রিকের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন ছুড়ে,
— ফুটপাতের জিনিস খারাপ নাকি?
রুদ্রিকের বিরক্তি আরো বেড়ে যায়।
— কাকে কী বলছি! তুমিও তো ওই পরিবারেরই! ফুটপাতের জিনিসে অভ্যস্ত। তোমরা ব্র্যান্ডের জিনিসের কী বুঝবে?
নৌশি এবার খুব শান্ত গলায় বলে,
— ভালোবাসার মানুষ পাশে থাকলে ফুটপাতের জিনিসেও আনন্দ পাওয়া যায়। আর ভালোবাসার মানুষ পাশে না থাকলে ব্র্যান্ড থেকে কিনেও শান্তি পাওয়া যায় না। অবশ্য আপনি বুঝবেন কীভাবে? ভালোবেসেছেন কখনো?
ব্যস। এই একটা কথাতেই রুদ্রিকের মুখের সমস্ত অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বদলে যায়। কয়েক সেকেন্ড আগেও যে মুখ রাগে কঠিন হয়ে ছিল, এখন সমস্ত আক্রোশ এক নিমিষেই উধাও। রুদ্রিক থেমে যায় এমন প্রশ্নে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাকিয়ে রইল নৌশির দিকে। নৌশিও রুদ্রিকের মুখোমুখি ঠাঁই দাঁড়িয়ে রইল।উত্তরটা সে জানতে চায়। কয়েক সেকেন্ড পর রুদ্রিক শান্ত গলায় জিজ্ঞেস করে,
— তুমি বেসেছো কখনো?
— না।
কথাটা বলেই নৌশি মাথা নত করে ফেলে। রুমটা হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে যায়। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল।কারো মুখে কোনো কথা নেই। কারোরই ইচ্ছে হলো না এই নিরবতা ভাঙার। অবশ্য রুদ্রিকের এমনিতেও কিছু বলার নেই। সে শুধু চেয়ে রইল নৌশির মুখের দিকে। আর নৌশি মাথা নিচু করে দাড়িয়ে। কতক্ষণ এভাবে কেটে গেল, কেউ জানে না। হঠাৎ নৌশি মাথা তুলে সরাসরি রুদ্রিকের চোখের দিকে তাকায়। তারপর বেশ শান্ত গলায় প্রশ্ন করে,
— আচ্ছা, আপনাদের কাছে ব্র্যান্ডের জিনিস দেওয়াটাকেই সুখ মনে হয়? আপনার টাকায় কেনা দামি ব্র্যান্ডের কাপড় তো আমিও পরে আছি। আমি সুখী আছি?আপনার আর আমার মধ্যে কোনো ভালোবাসা আছে?আপনি যে আমাকে দামি ব্র্যান্ডের কাপড় কিনে দেন, তাহলে কি আপনি আমাকে ভালোবাসেন?
রুদ্রিক চকিত দৃষ্টিতে নৌশির দিকে তাকায়। নৌশির প্রশ্নটা আচমকাই এসে তার বুকের কোথাও খুব জোরে আঘাত করেছে। বুকের ভেতর হৃৎস্পন্দন দ্রুত থেকে আরো দ্রুত হতে থাকে। রুমটা এতটাই নীরব যে সেই হৃদস্পন্দনের শব্দ নৌশির কান অবধিও পৌঁছে যাচ্ছে।রুদ্রিক আর নৌশির চোখে চোখ রাখতে পারে না। দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকায়। তারপর বুক ভরে একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত অথচ কঠিন গলায় বলে,
— তোমাকে আমি ভালোবাসি না। ভালোবাসার প্রশ্নই ওঠে না। আমি কেবল তোমাকে আমার বোনের পালিয়ে যাওয়ার শোধ নিতেই বিয়ে করেছি।
নৌশি একটুও বিচলিত হয় না। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে,
— এটাই! দামি দামি ব্র্যান্ডের কাপড় কিনে দিলেই ভালোবাসা হয় না। ফুটপাত থেকে কিনে দেওয়া কাপড়ের মধ্যেও ভালোবাসা থাকে। আর শুনুন, আমাদের বাড়ির পুরুষদের টাকা কম হতে পারে। আপনাদের মতো কাড়ি কাড়ি টাকা নেই। কিন্তু আমাদের বাড়ির পুরুষরা যথেষ্ট ব্যক্তিত্ববান। তারা প্রয়োজনে রক্ত বিক্রি করবে, কিন্তু আমাদের বাড়ির মেয়েদের, বউদের কোনো কিছুতে কমতি রাখবে না।
নৌশির কথার বিপরীতে রুদ্রিকের আর কিছু বলার থাকে না। মুহূর্তের জন্য তার সমস্ত যুক্তি থেমে যায়। তাই কথার প্রসঙ্গ বদলে নৌশির দিকে তাকিয়ে বলে,
— যাও, পড়তে বসো। দুনিয়ার প্রেম পিরিত ভালোবাসা সবই বোঝো, আর লেখাপড়ার বেলায় আস্ত ঘোড়ার ডিম!
ঘুম থেকে উঠেই এক দফা ঝগড়া। তার ওপর আবার পড়ালেখার নাম শুনতেই নৌশির মেজাজ তুরঙ্গে।রেগেমেগে বলে,
— এই অস্ট্রেলিয়ান গাই! এখানে আমাদের সাংসারিক ঝামেলার মধ্যে পড়ালেখা আসলো কীভাবে?
রুদ্রিকের কথাটা শুনতেই চোখ বড় বড় হয়ে যায় রাগে, অবাকে।
— কী বললে?!
নৌশি আর দাঁড়ায় না সেখানে। ভোঁ দৌড় মেরে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। রুদ্রিকও সঙ্গে সঙ্গে তার পেছনে গিয়ে ওয়াশরুমের দরজায় ধাক্কা দিতে দিতে গর্জে উঠে,
— তোমার সাহস কত বড়! তুমি কী বলেছো আমাকে?
ভেতর থেকে নৌশি সমান জোরে উত্তর দেয়,
— অস্ট্রেলিয়ান গাই।
রুদ্রিকের রাগ আরো বেড়ে যায়।
— বের হও তুমি। কতক্ষণ থাকবে ভেতরে? আমি দাঁড়িয়ে আছি।
নৌশি বুঝে গেল, সে ফেঁসে গেছে। মহিষ চেতিয়ে দিয়েছে। এখন এই লোকটা ক্ষেপা ষাঁড় হয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকবে। আর তাকে একবার হাতের নাগালে পেলেই কেস খতম! তাই নৌশি এবার সামান্য নরম হয়ে টেনে টেনে বলে,
— এইইইইইই?
রুদ্রিক দাঁতে দাঁত চেপে পিষে ওঠা গলায় বলে,
— বের হও শুধু।
— কালকে পরীক্ষা আমার।
— বের হও না তুমি।
— না, আপনি মারবেন।
— ফ্যানে লটকাবো।
নৌশি এবার গম্ভীর হয়ে বলে,
— শুনুন, সত্যিকারের পুরুষরা কখনো বউদের গায়ে হাত তোলে না।
রুদ্রিক ঠান্ডা গলায় বলে,
— আচ্ছা, বের হও। তোমার গায়ে হাত তুলব না। পা তুলব।
নৌশি মিনমিনে বলে,
— দেখুন, আমি একটা সতেরো বছরের নাবালক, মাসুম দুধের বাচ্চা।
রুদ্রিকের ব্যঙ্গ করে বলে,
— আচ্ছা, বের হও দুধের বাচ্চা। তোমাকে ফিডার খাওয়াবো।
নৌশি আর কোনো উত্তর দেয় না। ওয়াশরুমের ভেতর দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের মনকেই বোঝাতে থাকে, বাইরে গেলে কী করবে লোকটা? বড়জোর দুটো থাপ্পড় দেবে?
এর চেয়ে বেশি হলে দুইটা লাথি দেবে? নৌশিও কিন্তু কম না। দুইটা না পারুক, একটা তো দিতে পারবে! আর সেই একটা এমন জায়গায় দেবে যে রুদ্রিক বেহুশ! নিজের এই অসাধারণ পরিকল্পনায় সামান্য সাহস পায় নৌশি। শত ভয় নিয়েও অবশেষে সাহস করে দরজাটা ফট করে খুলে দেয়। দরজা খুলতেই সামনে রুদ্রিককে দেখে নৌশির বুকটা আবার ধক করে উঠে। রুদ্রিকও নৌশিকে দেখেই কিছু একটা করতে যাবে, তার আগেই ভয়ে এক পা পিছিয়ে গিয়ে নৌশি তাড়াতাড়ি বলে উঠে,
— দাঁড়ান! কালকে আপনাকে আমার কলেজ যেতে হবে।
রুদ্রিক থেমে যায়। তারপর এক পা পিছিয়ে গিয়ে ভ্রু কুঁচকে তাকায় নৌশির দিকে।
— কেন? কী করেছো তুমি?
নৌশি সঙ্গে সঙ্গে এমন একটা মাসুম চেহারা করে, যেন পৃথিবীর কোনো অন্যায় তার দ্বারা সম্ভবই না।
— আমি কিছু করিনি।
রুদ্রিক চোখ ছোট করে তাকিয়ে বলে,
— তুমিই সব করেছো। বলো, কী করেছো!
— কলেজ থেকে পালিয়ে এসে পড়েছি। এখন সেটা নিয়েই...
— পারবো না আমি যেতে। তুমি যাও। ফাজিল মেয়ে!
নৌশি চিন্তিত গলায় বলে,
— আপনি না গেলে কালকে আলভী স্যার আমার খবর করবে।
রুদ্রিক হঠাৎ থেমে যায়। আলভী স্যার নামটা তার কানে আলাদা করে বাজে। সে সেদিন নৌশি আর সাবাকেও বলতে শুনেছিলো। রুদ্রিক সন্দিহান দৃষ্টিতে নৌশির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,
— আলভী স্যার?
— নতুন স্যার।
রুদ্রিকের ভ্রু আরো কুঁচকে যায়। কিছুক্ষণ নৌশির দিকে তাকিয়ে থেকে হঠাৎ প্রশ্ন করে,
— সেদিন কি ওর সাথেই রুমে আটকে গিয়েছিলে?
নৌশি মাথা নেড়ে বলে,
— হুম।
হুম বলতেই রুদ্রিক আর নিজেকে সামলাতে পারে না। খপ করে নৌশিকে ধরে নিজের কাছে টেনে আনে। চোখেমুখে স্পষ্ট রাগ। গলার স্বরেও সেই রাগের ঝাঁঝ।
— এই আলভী স্যারের সঙ্গে তোমার কী হ্যাঁ? ওই লোক কি শুধু তোমাকেই একা স্টুডেন্ট ভাবে? পুরো কলেজে কি তুমি একাই স্টুডেন্ট? আর কোনো স্টুডেন্ট নাই? দূরে থাকবে, নৌশি। তুমি ওর থেকে দূরে থাকবে।
রুদ্রিকের চোখেমুখে স্পষ্ট ঈর্ষা। রাগে তার মুখ লাল হয়ে উঠেছে। নৌশি হা করে কিছুক্ষণ রুদ্রিকের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর অবাক হয়ে বলে,
— এমন ক্ষেপা ষাঁড় হয়ে গেলেন কেন? মনে হচ্ছে আলভী স্যার কোনো লাল কাপড়!
কথাটা শুনে রুদ্রিক নিজেই বুঝতে পারে, সে বোধহয় একটু বেশিই রিঅ্যাক্ট করে ফেলেছে। তাই সঙ্গে সঙ্গে নৌশিকে ছেড়ে দিয়ে মুখটা থমথমে করে অন্যদিকে তাকিয়ে কঠিন গলায় বলে,
— যাও, পড়তে বসো। ইমিডিয়েটলি!
বলেই রুদ্রিক ওয়াশরুমের দিকে হাঁটতে শুরু করে। নৌশি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুদ্রিকের চলে যাওয়া দেখছিলো। ওয়াশরুমে ঢুকে দরজা লাগানোর ঠিক আগমুহূর্তে রুদ্রিক আবার ফিরে তাকিয়ে বলে,
— এসে যেন দেখি পড়তে বসেছো।
বলেই ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয় রুদ্রিক। নৌশি মুখ বাঁকিয়ে বিছানার দিকে ফিরে যায়। শেষ পর্যন্ত পড়তেই বসতে হলো। একাউন্টিং বই খুলে সামনে খাতা নিয়ে বসে পড়ে। অথচ একাউন্টিং নৌশির সবচেয়ে অপছন্দের সাবজেক্ট। কিন্তু আপাতত তার মনোযোগ পড়ালেখায় নেই। তার পুরো মনোযোগ অন্য জায়গায়।রুদ্রিককে কীভাবে একটু ডিস্টার্ব করা যায়, সেটাই এখন তার মাথায় ঘুরছে। কারণ রুদ্রিক তাকে পড়তে বসতে বলেছে। আর এই কথাটার জন্য রুদ্রিককে একটু পস্তাতে চায় নৌশি।
তাই ইচ্ছে করেই সব সাবজেক্ট বাদ দিয়ে একাউন্টিং নিয়ে বসেছে নৌশি। বই খুলে সামনে খাতা রেখে বেশ মনোযোগী ছাত্রীর মতো বসে রইল। শুধু পড়ে না। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়। রুদ্রিক শাওয়ার নিয়ে বের হয়েছে। চুল মুছতে মুছতে এসে বেডের মাথার কাছটায় পা তুলে বসে পড়ে। নৌশি এতক্ষণ আসলে সেই অপেক্ষাতেই ছিল। রুদ্রিক বেডে বসতেই নৌশি বইটা হাতে নিয়ে রুদ্রিকের কাছে আসে। তারপর বইটা সামনে ধরে খুব নিরীহ মুখ করে বলে,
— এই ম্যাথটা বুঝতে পারছি না। বুঝিয়ে দিন।
রুদ্রিক প্রচণ্ড বিরক্ত হয়। এই মেয়েটাকে পড়তে বললেই শুরু হবে, বারোশো প্রশ্ন! এটা বুঝি না, সেটা বুঝি না।কখনো কখনো রুদ্রিকের মনে হয়, নৌশিকে পড়তে বসতে বলে সে বিরাট কোনো পাপ করে ফেলেছে। বিরক্তিতে মুখ কুঁচকে নৌশির দিকে তাকায় রুদ্রিক। তারপর নিচু গলায় বিরবির করে বলে,
— আসছে পড়ালেখার ছত্রাক!
নৌশি রুদ্রিকের বিরবির করা শুনতে পায়, কিন্তু কী বলেছে সেটা বুঝতে পারে না। ভ্রু কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে বলে,
— কী বললেন আপনি?
রুদ্রিক সেদিকে পাত্তা না দিয়ে বলে,
— কেন এসেছো বলো?
নৌশি বইয়ের একটা জায়গায় আঙুল রেখে দেখিয়ে বলে,
— এটা বুঝতে পারছি না।
রুদ্রিক বইয়ের ম্যাথটা ভালোভাবে দেখে। দুই সেকেন্ডেই বুঝে যায় এটা একাউন্টিং। সঙ্গে সঙ্গে নৌশির দিকে তাকায় রুদ্রিক। থমথমে মুখে চোখ সরু করে তাকিয়ে প্রশ্ন করে,
— কী এটা?
নৌশি দাঁত বের করে শয়তানি হাসি দিয়ে বলে,
— একাউন্টিং।
রুদ্রিক কথাটা শুনেই বিরক্ত হয়।
— আমি সাইন্সের স্টুডেন্ট। আমি একাউন্টিং কীভাবে বুঝবো?
— কেন? বড় বড় আলাপ তো ঝাড়েন। মনে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনার শিষ্য ছিল!
রুদ্রিক চোখ রাঙিয়ে বলে,
— যাবে এখান থেকে? সারাদিন ডিউটি শেষে এসেছি। যদি ঝগড়া করো, তাহলে রুম থেকে বের করে দিবো।
নৌশি ঠোঁট বাঁকিয়ে বলে,
— ডরাইছি।
রুদ্রিক এবার ধৈর্য্যহারা হয়ে বলে,
— নৌশি, তিন গুনবো। এর আগে সামনে থেকে যাও।
নৌশি কথাটা শুনে সামনে থেকে সরে যাওয়ার বদলে রুদ্রিকের পেছনে গিয়ে দাঁড়ায়। রুদ্রিক সঙ্গে সঙ্গে ঘুরে তাকিয়ে বিরক্ত গলায় বলে,
— কী হলো? আমার পেছনে দাঁড়ালে কেন?
— আপনিই তো বললেন আপনার সামনে থেকে যেতে। আমি আবার বাধ্য বউ। তাই আপনার পেছনে এসে দাঁড়িয়েছি।
রুদ্রিক চোখ বন্ধ করে একবার দীর্ঘশ্বাস ফেলে। তারপর বিরক্ত হয়ে বলে,
— মানুষ হলে না।
— আমি মানুষ না?
— না।
নৌশি এবার নিজের হাত-পা, মুখ, নাক, চোখ, কান সবকিছুর দিকে একবার তাকিয়ে নিয়ে অবাক হওয়ার ভান করে বলে,
— বলেন কী? আমার তো আপনার মতোই হাত-পা, নাক-মুখ, চোখ-কান আছে। তার মানে আপনিও মানুষ না?
রুদ্রিক এবার সত্যিই মাথা গরম হয়ে যাওয়ার মতো অবস্থায়। কপাল চাপড়ে বলে,
— নৌশি, মাথা গরম হয়ে আছে।
— তাহলে দাঁড়ান, ডিম নিয়ে আসি।
রুদ্রিক ভ্রু কুঁচকে তাকায়।
— ডিম কেন?
— আপনার না মাথা গরম হয়ে আছে? আপনার মাথায় ডিম পোচ করবো। গ্যাস সাশ্রয় করবো।
চলবে?
#তবুও_তোমার_প্রেমে_আমি_পড়েছি
#লেখনীতেঃ_অধরা_মিনহা
#পর্ব_১১ [ ১ম অংশ ]