#আম_পাতা_জোড়া_জোড়া -০৬
লেখনীতে #মেহরিমা_আফরিন
ইয়াজিদ বাড়ি এলো রাত দশটা নাগাদ। এতো আগে বাড়ি ফিরে তার নিজেরই নিজের উপর খুব গর্ব হলো। আজ তাশরিফ আসে নি সেন্টারে। তার শ্বশুরবাড়িতে নাকি কিসব অনুষ্ঠান। যেতেই হবে। এখানেও সে কথার বরখেলাপ করেছে। বিয়ের পর পর ইয়াজিদ যখন তার ঘাড় চেপে ধরেছিল, তখন সে বলেছিল,"আরে ভাই! বিয়েটাই তো শুধু করেছি। বউয়ের আঁচল ধরে তো আর ঘুরছি না। আমি ঐ মেয়েকে পাত্তাই দিবো না তেমন। আমি আমার জীবনযাপন আগের মতোই রাখবো।"
ডাহা মিথ্যা কথা। ওটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা কথা ছিলো। তাশরিফ বউয়ের আঁচল ধরে ঘুরতে শুরু করলো বিয়ের দুই তিন মাসের মধ্যেই। স্ত্রী ,সংসার, দায়িত্ব কর্তব্য, আর শ্বশুরবাড়ির আদরের জামাই হয়ে তাশরিফের দিনকাল পাল্টে গেল। ওকে আর আগের মতো আড্ডাবাজিতে পাওয়া গেল না। রাত দশটা বাজতেই সোজা বাইক নিয়ে সে বাড়ির পথ ধরতো।
তার বিয়ের পর ইয়াজিদ মোটামুটি নিশ্চিত হয়ে গেল, বিবাহিত পুরুষদের পারসোনাল লাইফ বলতে আদৌ কিছু নেই। ওরা চরকির মতো বউয়ের পেছনে ঘুরে, বাচ্চা ফুটায়, এসব নিয়ে হেদিয়ে মরে। ব্যক্তিগত জীবন বলতে এদের আলাদা করে কিছু থাকে না।
তাশরিফের বিয়ে ইয়াজিদকে চিরকুমার থাকার ব্যাপারে আরো কয়েক গুন উৎসাহিত করলো। এমন ঘরবন্দী জীবন তার ভালো লাগে না। সে চিরকাল মুক্ত বিহঙ্গ হয়ে উড়েছে। কেউ তার পায়ে শেকল জড়ায় নি। সে জড়ানোর সুযোগও দিবে না। ইয়াজিদ এমনিতেই তার জীবনে দারুণ আছে। এর চেয়ে বেশি চমৎকার আসলে থাকা সম্ভবই না।
সংশপ্তকে সেদিন আর সন্ধ্যাকালীন আড্ডা বেশি জমজমাট হলো না। একে তো তাশরিফ নেই। তার উপর বিকেল থেকে টানা লোডশেডিং। এখানে জেনারেটরের লাইন নাই। ঐটা আনতে আলাদা খরচ পড়বে। বড় ভাইজান এমনিতেই তার উপরে ক্ষেপা। এরমধ্যে বাইকের ব্যাপারটাও আটকা পড়ে আছে। এসব ফেলে জেনারেটরের কথা তুলবে কোন বুদ্ধিতে? তার কি মাথা খারাপ নাকি?
বাড়ির বড় ঘড়িতে সময় দেখে সে স্মিত হাসলো। বড় ভাইজান এখনো সজাগ। সুযোগ বুঝে তার ঘরে গিয়ে বাইকের কথাটা তুলতে হবে। এই পুরাতন মডেলের স্ক্রু ঢিলা বাইক নিয়ে কাজ চলবে না।
"ইয়াজিদ!"
ইয়াজিদ হাঁটছিলো নিশ্চিন্ত ভঙ্গিতে।হঠাৎ পেছন থেকে ডাক শুনে তার কদম থমকালো। ঘাড় ঘুরাতেই দেখলো খাবার টেবিলের কাছে বেলী দাঁড়িয়ে আছে। সেই তার চিরচেনা কঠিন চোখে। যেই চোখগুলো শৈশব থেকে শাসিয়ে বেড়াতো ইয়াজিদ কে।
ইয়াজিদ সোজা হলো। গা ছাড়া ভাবটা ঝেরে ফেলে খুব ফিটফাট হয়ে এগোতে থাকলো টেবিলের দিকে। চোখে তার আরোপিত বিনয় ভাব। সে বিনয়ী না। ভদ্রও না। কিন্তু বেলীর ক্ষেত্রে সব হিসেব আলাদা।
"আসসালামু আলাইকুম।"
"খেয়েছো রাতে?"
"না।"
"তাহলে না খেয়ে এমন উপরে উঠে যাচ্ছো কেন? রাতে তোমার জন্য আবার খাবার গরম করবে কে?"
ইয়াজিদ নিচের দিকে মাথা নামিয়েই সুবোধ বালকের মতো মাথা নেড়ে বলল,"স্যরি। সময় খেয়াল ছিলো না আমার।"
বেলী থমথমে গলায় বললেন," খেতে বসো।"
ইয়াজিদ বসলো। বেলীর সাথে তার আচরণ বরাবরই সভ্য, বাড়াবাড়ি রকমের নম্র। সে বেলীকে ভয় পায়। ভয়টা শুরু হয়েছিল সেই ছোটবেলা থেকে। কালক্রমে এখনো রয়ে গেছে স্বভাবে।
বেলী তার প্রথম গৃহশিক্ষক। তার পড়াশোনার অনেকটাই হয়েছে বেলীর হাত ধরে। মুবিন ভাই যখন বেলী ভাবিকে বিয়ে করেন, তখন ভাবি একটা হাইস্কুলের বাংলার শিক্ষক। বেশ কাটা কাটা চেহারা। কথাবার্তায় মার্জিত ভাব। আর দু'চোখে চাপানো একটা স্বচ্ছ কাঁচের চশমা।
বেলী স্বভাবে কিছুটা কঠিন ধাঁচের মানুষ। অন্য দুই ভাবির কাছে বাধাহীন আস্কারা পেলেও বেলীর কাছ থেকে সহজেই ইয়াজিদ মন মর্জি মতো কিছু আদায় করতে পারতো না। বেলী রোজ সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে তাকে পড়াতে বসতো। ঠিক রাত নয়টা অব্দি পড়াতো। পেট ব্যথা, মাথা ব্যথা, কোনো রকম ছুতো দিয়েই ইয়াজিদ উঠে আসতে পারতো না সেই শিক্ষা অন্বেষণের পাঠ থেকে। বেলীর প্রতি তার ভয় টা তখন থেকেই।
এর মধ্যে সে বড় হয়েছে। শাসন আর ধমকের বয়সও পেরিয়ে এসেছে। বেলী আর এখন তাকে সন্ধ্যা হলেই পড়াতে বসায় না। কিন্তু স্বভাবগুলো ঠিক আগের মতোই রয়ে গেছে। তাকে দেখলেই বেলী কঠিন করে চোখ পাঁকান। ইয়াজিদের তখন নিজেকে খুব অসহায় লাগে।
আজও খাবার টেবিলে বসে সে চুপচাপ মাথা নামিয়ে একের পর এক লোকমা তুলে গেল। তরকারির বাটিতে সবুজ সবুজ ভেন্ডি দেখেও কোনোরকম নাক তুললো না। বেলীর জায়গায় জেবা থাকলে এখনই সে এক লাফ দিয়ে উঠে যেত। চিৎকার করতে করতে বলত,"এসব ঘাস লতা পাতা কেন করেছো মণি? আমাকে এখনই দু'টো অমলেট করে দাও।"
ইয়াজিদ অসহায় ঢোক গিলল। চোখ ঘুরিয়ে পাশে তাকিয়ে একবার জেবা অথবা সুষ্মিতা কে খোঁজার চেষ্টা করলো। ওদের দেখা গেল না কোথাও। বেলী বুকের কাছে হাত বেঁধে শক্ত চোখে তাকিয়ে আছেন তার দিকে। ইয়াজিদ ভারি শ্বাস ছাড়লো। আজ রাতে তাকে এসব খেয়েই কাটাতে হবে।
____
খাবার শেষ করে ঘরে যেতে না যেতেই নিচ তলা থেকে জেবার হাঁকডাক শোনা গেল। ইয়াজিদ মাত্র আরাম করে শুয়েছিল খাটে। নিচের ঘর থেকে এতো আওয়াজ শুনে শেষ পর্যন্ত তাকেও উঠে যেতে হলো।
আওয়াজ আসছে রাশেদার ঘর থেকে। ইয়াজিদ করিডোরে পা রেখেই কপাল কুঁচকালো। অঘটন ঘটে গেল নাকি একটা? কে জানে। ঘটতেও পারে। বয়স তো আর কম হয়নি।
অতি নিশ্চিন্ত পায়ে সে নিচে নেমে এলো। কাহিনি কি সেটা ঘরে গেলেই বোঝা যাবে। সে নিশ্চিত, এতোক্ষণে তার ভাইজানরা সব ঐ ঘরে ঢুকে গেছে। গিয়ে আম্মা আম্মা করে দেয়ালে মাথা ঠুকছে।
ঘটনা আসলে তেমন আহামরি কিছু না। ইয়াজিদ ঘরে ঢুকে দেখলো, রাশেদা তার খাটে বসে আছেন আধশোয়া হয়ে। তিনি সবসময় যেমন থাকেন, অমনই আছেন। তার পাশে আজমেরি বসে হাত মালিশ করছে তার। বয়সের ভারে কুঁচকানো মুখটা খুব মলিন দেখাচ্ছে তার।
নাসির সাহেব বসে আছেন মায়ের শিয়রে। তার পেছনে খালিদ আর মুবিন। ইয়াজিদ ঘরে ঢুকে দেখলো, বিছানার আশেপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। আয়তি, নিনীত আর নিবেদিতা বাদে পুরো বাড়ি ঢুকে গেছে এই ঘরে।
রাশেদা বড্ড দুর্বল স্বরে বললেন,"শরীরে আর তাল পাই না নাসির। খুব ক্লান্ত লাগে। হয়রান হইয়া যাই এই জীবন নিয়া।"
নাসির সাহেব মায়ের হাত ধরে বসে আছেন। রাশেদা ক্লান্ত চোখে এপাশ ওপাশ তাকাতেই তিনি শক্ত করে তার হাতটা ধরে বললেন," চিন্তা করবেন না আম্মা। আমি কাল আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। কিচ্ছু হবে না আপনার।"
রাশেদা বললেন,"আমার আর কিসু ভাল্লাগে না। বুকটা আনচান করে তোর বাপের জন্য। কালকে আজরাইল আইসিলো আমার স্বপ্নে।"
নাসির সাহেব মায়ের শরীরে হাত বুলান। তাকে স্বান্তনা দেন। গাঢ় স্বরে বলেন,"এসব বলবেন না আম্মা। আপনাকে ছাড়া আমরা থাকবো কেমন করে?"
ইয়াজিদ দরজায় হেলান দিয়ে তাদের কথা শুনছিলো। মুখখানা তার ভীষণরকম কুঁচকানো। ঘর একটু নীরব হতেই সে বেশ উৎসাহ নিয়ে শুধালো,"তা আম্মা আজরাইল আইসা কি কইলো তোমারে? বয়স তো ভালোই হইসে। নিতে টিতে চায় নাকি? যাও গা। আব্বা তোমারে খুব মিস করে।"
নাসির সাহেব চোখ ঘুরিয়ে তাকালেন তার দিকে। জেবা এগিয়ে এসে তার শার্টের আস্তিন টেনে ধরলো। দু'চোখ গরম করে চাপা স্বরে বলল,"এসব কেমন কথা ইয়াজিদ? মা কে কেউ এসব বলে?"
ইয়াজিদ গা করলো না। বড় নিশ্চিন্ত হয়ে মাথা নেড়ে বলল,"মণি! এই মহিলার কথা তোমরা বিশ্বাসও করো? জিন্দেগিতে কোনোদিন শুনছো যে আজরাইল মানুষের স্বপ্নে আসে? তারে একবার যে দেখে, সে আর বাঁচে? আজাইরা কথা! অনেক দিন পাত্তা পায় না, তাই নতুন কইরা পাত্তা পাইতে এমন ভাও ধরছে। এর নাড়ি নক্ষত্র সব চিনি আমি। পুরা নাটকবাজ!"
জেবা শক্ত করে তার হাত খাঁমচে ধরলেন। হালকা একটা ধমক দিয়ে বললেন," চুপ কর। আম্মা এমনিই অসুস্থ। বলিস না এসব। কষ্ট পাবে। দোষ পড়বে আমার। বলবে, তোকে মানুষ করি নি। অমানুষ বানিয়েছি।"
রাশেদা কটমট করে কিছুক্ষণ ছেলের দিকে তাকালেন। তারপর ফুঁসতে ফুঁসতে বললেন," আমি মরমু এডার কারণে। এই পোলা আমারে বাঁচতে দিতো না। বিয়া করে না, শাদি করে না, কিচ্ছু করে না। বইয়া বইয়া খালি খায় আর ঘুমায়। আল্লাহ এরে দিয়া আমার আযাব কমাইতাছে। দূর হ এখান থেকে।"
ইয়াজিদ ভ্রুকুটি করলো।
"আমার বিয়া শাদি নিয়া তোমার এতো কিসের জ্বালা আম্মা? তুমি তো বিয়া করছো। ঘর করছো। আমি না করলে তোমার কোন ক্ষতিটা হইতাসে?"
"তুই কেন বিয়া করবি না? আর দশজন যেডা করে, তুই কেন ঐডা করবি না?"
"কারণ আমি ইয়াজিদ শায়েরান। নামের একটা ভার আছে আমার। হাঙ্গা শাদির কথা কইয়া মেজাজ খারাপ কইরো না। ভাল্লাগে না। তুমি থাকো। তোমার তিন পুতেরে নিয়া। আমি গেলাম ঘুমাইতে। খোদা হাফেজ।"
ইয়াজিদ বোতাম খোলা শার্টের কলার টানতে টানতে ঘর থেকে বেরিয়ে গেল। রাশেদা দাঁত কিড়মিড় করে বললেন,"সব জেবার দোষ। জেবা হেরে আদর করতে করতে মাথাত তুলসে। শোনো জেবা! এরে তুমি চিনছো না। সে যে কি পরিমাণ বেয়াদব হইসে একদিন টের পাইবা। তোমরা সবডি ভাই ভাবি মিল্লা হেরে খারাপ করসো। উনি বাইচ্চা থাকলে আজ আর এই দিন দেখা লাগতো না।"
_______
নিবেদিতা চুপচাপ শুয়ে একটা কিছু ভাবছিলো। ঘর অন্ধকার। চারপাশে কোনো আলো নেই। তবে নিবির কল্পনারা রঙ সাজাচ্ছিল। কল্পনায় সে সূর্যোদয় দেখছিলো, জোছনার কথা ভাবছিলো, কল্পনা করছিলো বাবা দেখতে আসলে কেমন? বাবার চেহারা সে কল্পনা করতে পারে না। কিন্তু মনে মনে ভাবে, সুন্দর বলতে মানুষ যা বোঝায়, বাবা আসলে ঐটাই।
এরমধ্যে নিচে হৈচৈ শুরু হলো। নিবেদিতা এক লাফে উঠে বসে এদিক সেদিক মাথা নাড়লো। আওয়াজ আসছে বড় দিদুনের ঘর থেকে। নিবির ভীষণ দুশ্চিন্তা হলো। বসা থেকে উঠে হাতড়ে হাতড়ে সে একবার নিজের ওয়াকিং স্টিকটা খোঁজার চেষ্টা করলো।
ঘরের কোথাও সেটা নেই। মেহরোজ মাম্মা নিশ্চয়ই গুছিয়ে রেখেছে কোথাও। সে হাতড়ে হাতড়ে ক্লান্ত হয়ে শেষে এমনিই অনুমানে হাঁটতে শুরু করলো।
দরজা খোলার পর সে বড় করে একটা শ্বাস ছাড়লো। করিডোরের রাস্তা তার মুখস্থ। হাঁটতে অসুবিধা হবে না। কিন্তু সিঁড়ির কাছে গিয়ে একটু বিপাকে পড়বে। ঐ রাস্তাটা সে গুলিয়ে ফেলে বার বার।
নিবেদিতা হাঁটছিলো অনুমানে। হাঁটতে হাঁটতে সে সিঁড়ির কাছেও পৌঁছে গেল। চোখ দু'টো তার ফ্যাকাশে দেখালো। ভয়ে ভয়ে সে সিঁড়ির রেলিং খোঁজার চেষ্টা করলো।
ঠিক সেই সময় নিনীত ঘর থেকে বের হলো। তার জগে পানি শেষ। নিচে গিয়ে আনতে হবে। দরজা পেরিয়ে এক পা এগোতেই সামনের দৃশ্যটা তার চোখে পড়লো। সে থেমে গেল সাথে সাথে। দেখলো, নিবেদিতা একা একা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। রেলিং খুঁজতে খুঁজতে এক পা সামনে বাড়িয়ে সিঁড়িতে রাখার চেষ্টা করলো।
নিনীত জমে গেল কেমন জানি। আজ অনেক গুলো দিন পর সে নিবেদিতাকে সামনে থেকে দেখছে। নিকিতা অবহেলা বুঝে না, ভৎসনা বুঝে না। তাই অবজ্ঞা করা স্বত্তেও বার বার আদর পেতে মরিয়া হয়। নিবেদিতা বিরক্তি বোঝে, অবহেলার ভাষা চেনে। তাই নিনীতের নাক সিটকানো অনুভব করার পর নিজেই দূরত্ব বাড়িয়েছে। এরপর আর কোনোদিন সে বাবার ঘরে পা রাখেনি।
নিনীত একটা ঢোক গিলল। কি যেন একটা তার বুক খাঁমচে ধরেছে। তার আশেপাশে সবকিছু কেমন থেমে গেছে। নিনীত আগপিছের সব ভুলে গেল ঐ মেয়েটাকে দেখে। তার খুব কষ্ট হলো। একেবারে কেঁদে ফেলার মতো কষ্ট।
নিনীত ছুটে গেল সামনে। আর এক পা সামনে বাড়ানোর আগেই সে নিবেদিতার হাতের কবজি চেপে ধরলো শক্ত করে।
নিবেদিতা চমকে উঠে বলল,"কে?"
নিনীতের কণ্ঠ আটকে যাচ্ছিল। তবুও স্বাভাবিক হয়ে বলল,"আমি।"
গম্ভীর স্বরটা এক মুহূর্তেই নিবেদিতা কে জমিয়ে দিলো। খুব ফ্যাকাশে মুখে, প্রচণ্ড ভীত হয়ে সে বলল,"পাপাই! স্যরি। আমি তোমার ঘরে আসতে চাই নি। স্যরি। আমি...."
"তুমি আমার ঘরে আসো নি।" নিনীত ভারি গলায় বলল," সিঁড়ির কাছেই আছো। নিচে কেন যাচ্ছো?"
"বড় দিদুনের ঘর থেকে.... ঐ মানে।"
"একা একা বের হওয়ার অনুমতি আছে তোমার?"
নিবেদিতা ভীতু গলায় বলল,"না।"
"তাহলে?"
নিনীত বড় বড় দু'টো শ্বাস ছাড়লো। নিবেদিতার সরু হাতের কবজির দিকে তাকিয়ে দম ফেলে বলল,"নিচে যেতে হবে না। নিজের ঘরে যাও। সিঁড়ির কাছে কেন এলে? গড়িয়ে পড়লে এরপর আরেক কাহিনি হবে। যাও ঘরে যাও।"
ঘরে যেতে বলার পরেও নিনীত ওর হাত ছাড়লো না। সে নিজেই হাত ধরে তাকে ঘর পর্যন্ত পৌঁছে দিলো। এমনকি নিবেদিতার এসির পাওয়ারও ঠিক করে দিলো। তারপর কোনো কথা না বলেই নিঃশব্দে দরজা টেনে বাইরে বেরিয়ে গেল। নিবেদিতা ঠিক মতো বিস্ময় প্রকাশ করার সুযোগও পেল না।
____
নাসির সাহেব অবাক হয়ে বললেন,"আরে! আপনি?"
পারমিতা হাসলো। তার পরণে একটা হালকা আকাশি রঙের টাই ডাই শাড়ি। শাড়ির আঁচল কাঁধে তোলা। গায়ে থাকা ধবধবে সাদা এপ্রোন টা খুলে সে হাতের উপর রেখেছে। ক্লিনিক থেকে বেরিয়ে সে সোজা এখানে এসেছে।
জেবা আজ প্রথমবার মনোযোগ দিয়ে মেয়েটাকে দেখলেন। শেষবার যখন দেখলেন, তখন খুব দুশ্চিন্তায় ছিলেন। ঠিক মতো খেয়ালই করতে পারেন নি। আজ দেখলেন ভালো করে।
মেয়েটার নাম পারমিতা। হাসপাতালে রোগী দেখেই সে বাড়িতে এলো নিকিতাকে দেখবে বলে। সাথে এও জানালো যে তার গতকালই আসার কথা ছিলো। কিন্তু সে সময় করতে পারে নি।
জেবা যখন ভালো করে মেয়েটার দিকে তাকালেন, তখন তার মনে হলো, মেয়েটা শুধু সুন্দরই না। ভয়াবহ রকমের সুন্দর। ভয়াবহ রকমের সুন্দর মেয়েদের একটা বৈশিষ্ট্য হলো,ওরা সারাক্ষণ হাসতে থাকে। কারণ হাসিতে ওদের চোখ মুখ আরো সুন্দর হয়ে উঠে। ডাক্তার পারমিতা ইবনাতের এই স্বভাব আছে। আজও সে অনেক বার হাসলো।
কিন্তু তার ইচ্ছে পূরণ হয়নি। নিকিতা তখন ঘুমাচ্ছিল। পারমিতা ব্যস্ত হয়ে বলল,"থাক, থাক। প্লিজ ওকে উঠাবেন না। আমি পরে সময় করে এসে আবার একদিন দেখা করে যাবো ওর সাথে।"
জেবা বললেন," অবশ্যই। আপনার নম্বর দিয়ে যাবেন। পরের বার আমরাই আপনার বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসবো। আপনার হাসবেন্ড কে সহ নিয়ে আসবেন।"
পারমিতা আবার গাল ভরে হাসলো। হাসতে হাসতেই বলল,"আমার হাসবেন্ড নেই আন্টি। আমি আনম্যারিড।"
জেবা খুব লজ্জা পেলেন। অনধিকার চর্চা করে ফেলেছেন ভেবে একটু ইতস্তত করতে লাগলেন। কুণ্ঠিত হয়ে বললেন,"দুঃখিত। আমি বুঝিনি। আপনি কিছু মনে করবেন না।"
পারমিতা দু'হাত নেড়ে বলল,"ইশশ! না না আন্টি। এভাবে বলবেন না। আমি কিছু মনে করি নি। এমনিতেও আমার বয়স ত্রিশের কাছাকাছি। আপনার ভাবনা অবান্তর কিছু না। আমার বয়সে আসতে আসতে বাংলাদেশের অধিকাংশ মেয়ের বিয়ে হয়ে যায়।"
জেবা তবুও কাচুমাচু হয়ে থাকলেন। ঠিক মতো মাথা না তুলেই বললেন," আচ্ছা, আপনি আপনার বাবা মা কে নিয়ে আসবেন তাহলে।"
এবারও পারমিতা হাসলো।
"আমি আমার বাবা মায়ের সাথে থাকি না আন্টি। আমার বাবা মা এখন আর একসাথে নেই। দ্যে টুক ডিভোর্স। আমি আমার বাবার কেনা ফ্ল্যাটেই থাকি। তবে বাবার সাথে না।"
জেবা এবার খুব মায়া করে মেয়েটার দিকে তাকালেন। আহারে! তিনি এগিয়ে এসে তার হাত ধরে বললেন," পারমিতা! তুমি করেই বলি। তুমি আমার ছোট ছেলের বয়সী। তোমার যখনই মন খারাপ হবে, তুমি এখানে চলে এসো। আমাদের বাড়িতে অনেক ছেলে মেয়ে। সবাই তোমার কাছাকাছি বয়সী। তোমার খুব ভালো লাগবে দেখো।"
ঐ কণ্ঠে কি যেন একটা ছিলো। পারমিতার মনে হলো, এই ভদ্রমহিলা তার বহুদিনের চেনা। সে মাথা নেড়ে বলল,"আসবো। অবশ্যই আসবো।"
তার কিছুক্ষণ পরেই সে বেরিয়ে গেল। জেবা যাওয়ার আগে তার নম্বর রাখলেন। মেয়েটাকে তার পছন্দ হয়েছে। ভীষণ পছন্দ হয়েছে।
সে বেরিয়ে যেতেই জেবা বড় বড় চোখে বললেন,"নিনীতের বাবা!"
"কি?"
"কিছু বুঝলেন?"
"তোমার চোখ দেখেই আন্দাজ করতে পারছি কিছুটা।"
নাসির সাহেব ফিচেল হাসলেন।
জেবা বললেন," আমাদের ইয়াজিদের জন্য কেমন হবে বলুন তো?"
"এই মেয়ের যোগ্যতা দেখেছো? আর তোমার ঐ নিষ্কর্মা দেবরের যোগ্যতা দেখেছো? তোমার দেবর টিকতে পারবে ওর সামনে?"
"আহা! এমন করে কেন বলেন? মেয়েটা কি সুন্দর! ইয়াজিদও তো খুব সুন্দর। দেখতে কতো ভালো লাগবে দু'জনকে! আমার মেয়েটাকে খুব মনে ধরেছে। আল্লাহ বোধহয় আমার ইয়াজিদের কথা ভেবেই তার সাথে পরিচয় করিয়েছে আমাদের।"
"ধুর। তোমার যতো ফালতু কথা। ঐ মেয়ে খুব ইস্ট্যাবলিশ ফ্যামিলি থেকে উঠে এসেছে। ওর বিয়ে হবে কোটিপতি বাপের কোটিপতি ছেলের সাথে। তোমার কাছে ইয়াজিদ অনেক মূল্যবান হতে পারে। কিন্তু এই মেয়ে তাকে গুনবেও না।"
জেবা ভীষণ ভীষণ ক্ষুদ্ধ হলেন।
"নিনীতের বাবা! আপনি দরকার হয় আমার সাথে কথা বলবেন না। কিন্তু ইয়াজিদকে অপমান করবেন না বলে দিলাম। ও আমার কাছে অনেক দামি। আমি ওকে তিলে তিলে বড় করেছি। আপনার প্রস্তাব পছন্দ না হলে চুপ থাকুন। তাও ইয়াজিদকে দাড়িপাল্লায় মাপতে বসবেন না। ওর মতো ছেলেকে যেই মেয়ে জীবনে পাবে, সে একশো ভাগ জিতবে। এ আমি বলে দিলাম।"
____
ইয়াজিদ সবসময় শার্টের কলার উপরে তুলে হাঁটে। এই নিয়ে বেলী তাকে শাসন করলেও সে সেটা কানে তোলে নি। বেলীর সামনে ভদ্র হয়ে চললেও চোখের আড়াল হতেই সে আবার আগের রূপে ফিরে আসে।
এই যেমন আজও সে শার্টের সব বোতাম খুলে রোমিও সেজে বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকেই টের পেল, তার পকেট খালি। সিগারেট শেষ।।রাত পার করার আর কোনো বন্দোবস্ত নেই। এতোক্ষণে সব দোকানও বন্ধ হয়ে গেছে। কি মুসিবত! ঘরে গিয়ে বারান্দায় বসে একটা সিগারেট না টানতে পারলে তার শান্তি হবে না কিছুতেই।
সে একটু ভাবলো। হঠাৎ কিছু একটা মনে পড়তেই দুই চোখ উজ্জ্বল হলো তার। নিনীত যেই বাড়িতে আছে, সেই বাড়িতে বিড়ি সিগারেট নিয়ে ভাবার কোনো কারণ নেই।
ইয়াজিদ মহা আনন্দে এগিয়ে গেল তার ঘরের দিকে।
নিনীত তখন মেঝেতে বসে খাটের সাথে হেলান দিয়ে চোখ বুজে ছিলো।
ইয়াজিদ গিয়ে ধমাধম দরজা খুলে ভেতরে ঢুকলো। নিনীত চট করে চোখ মেলে তার দিকে তাকালো। তারপর আবার চোখ বন্ধ করে আগের মতো মাথাটা পেছনে এলিয়ে দিলো।
"আস্তে আসতে পারিস না? সবসময় এতো শব্দ করিস কেন?"
"মনের সুখে শব্দ করি। তোর কি? শোন, একটা বিপদে পড়েছি।"
"তোর বিপদের সমাধান আমার কাছে নাই। অন্য ঘরে যা।"
"তোর কাছেই আছে।।আমার সিগারেট শেষ। একটা সিগারেট দে না।"
নিনীত চোখ মেলল।
আস্তে করে বলল,"আমি সিগারেট খাই না।"
"কিহ! সিগারেট খাস না? তাহলে কি খাস? শুধু মদ?"
"হুম।"
"দেখ না। চিপা চাপা থেকে খুঁজে বের কর না একটা। আমি এসব খেতে পারবো না। গলা টলা সব জ্বলে যাবে। আমি তো তোর মতো স্মার্ট নই।"
নিনীত বিরক্তিতে কপাল কুঁচকে তার দিকে তাকালো।
"অতিরিক্ত কথা বলিস তুই! আজ সারারাত আমার শান্তি নষ্ট করতে এসেছিস,না?"
"আরে বাল নাটক করিস না তো। সিগারেট শেষ। নয়তো তোর ঘরে আসতামও না। দে না। একটা ব্যবস্থা কর না।"
"সিগারেট নাই। ওয়াইন আছে। পানি মিশিয়ে পাতলা করে খা।"
"ইসসস! গন্ধ শুনলেই ঘেন্না লাগে।"
নিনীত কিছুক্ষণ চুপ থেকে বলল," ভ্যাপ আছে। দিবো?"
"ঐটা কি? সাদা সাদা ধোঁয়া উঠে যে?"
"হুম।"
"দে। কি আর করবো? দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে।"
ঘরে ডিম লাইট জ্বলছিলো। খুবই মৃদু একটা আলো এসে দু'জনের চেহারা স্পষ্ট করছিলো। ইয়াজিদ গিয়ে লাইট জ্বালালো। নিনীত দাঁতে দাঁত চেপে বলল,"লাইট কেন দিলি?"
"ওমা অন্ধকারে বসে টানবো? আমার কেমন যে লাগে।"
"আমার আলো একদম ভাল্লাগে না।"
"আর আমার অন্ধকার ভাল্লাগে না।"
ইয়াজিদ দু'হাত ছড়িয়ে খাটে শুয়ে পড়লো। নিনীত তাকের নিচ থেকে একটা সিলভার কভারের ভ্যাপ বের করে খাঁটের উপড় ছুড়ে মারলো। বিক্ষিপ্ত মেজাজে বলল,"তুই আজ আমার মাথা নষ্ট করতে এসেছিস না? নে, এটা ধর। বকবক বন্ধ করে চুপচাপ ঘর থেকে বের হ।"
"সেকি! তুই শিখিয়ে না দিলে খাবো কেমন করে? আমি জীবনে এসব টানসি?"
"তুই প্রচণ্ড বিরক্তিকর।"
"আয় না। একটু শিখিয়ে দে।"
নিনীত দাঁত কিড়মিড় করে তার দিকে তাকালো। ইয়াজিদ কপাল কুঁচকে বলল,"এমন করোস কেন? তুই যে ছোটবেলায় পিটতে পিটতে আমার সারা শরীর নীল করে ফেলতি, আমি কি সেসবের জন্য কোনোদিন রাগ হইসি তোর উপর? তুই কেন এতো রাগ হস? আয় না ভাই। একটু শিখা, এটা খুলমু কেমনে? টানমু কেমনে?"
চলবে-