ফন্ট সাইজ:
থিম:
আম পাতা জোড়া জোড়া

পর্ব 11

লেখক: মেহরিমা আফরিন

#আম_পাতা_জোড়া_জোড়া - ১১
লেখনীতে #মেহরিমা_আফরিন

"রসগোল্লা!"

নিকিতা খাটে বসে একটা বল হাতে নিয়ে নাড়াচাড়া করছিলো। ইরোজ ঘুমাচ্ছে একপাশে। কাল রাতে ঠান্ডা কাশিতে ইরোজের ঘুম হয়নি। বুকে কফ জমে গেছে। ইশান সারারাত তাকে কোলে নিয়ে পায়চারি করেছে ঘরে।

মেহরোজের শরীর বেশ দুর্বল। গতকাল রাতে ঘুম হয়নি ভালো। ইরোজের কাশি রাতে আরও বেড়েছে। সকালে কুসুম গরম পানি তে গোসল করিয়ে কয়েকটা সিরাপ খাওয়ানোর পর কাশি একটু কমেছে। আপাতত শান্তিতে ঘুমাচ্ছে।

নিকিতা তার পাশে বসে বল দিয়ে খেলছিল। মেহরোজ বসেছিল ঘরের কোণার ইজিচেয়ারে। শরীর ভার হয়ে আসছে। বড্ড দুর্বল লাগছে। হাত পায়ে কোনো জোর নাই। সে পেটের উপর আলতো করে এক হাত রাখলো। ঠিক এমন সময় পারমিতা ঘরে ঢুকলো। তার মুখটা হাসি হাসি।

মেহরোজই তাকে ফোন করেছিল। আজ সকাল থেকে শরীর এতো দুর্বল লাগছিলো! হাসপাতালে গিয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে এতো ঘন্টা এক নাগাড়ে বসে থাকার মতো শক্তিও নেই শরীরে। সে পারমিতাকে ফোন দিয়ে খুব কুণ্ঠিত হয়ে বলল," পারমিতা ম্যাম! আপনি কি আজ অবসর? বিকেলের পর একটু আমাদের বাড়িতে আসবেন? আমার আর আমার ছেলের খুব শরীর খারাপ।"

পারমিতা বলল,"বিকেলে কেন? এখনই আসতে পারবো। আজ ক্লিনিক নেই। আমি বুধবারে রোগী দেখি না।"

মেহরোজ খুব সংকোচ বোধ করছিলো।
ভদ্রমহিলা মিশুক প্রকৃতির মানুষ। তবে ডাক্তার তো। চেনা জানা আছে বলেই কি কাউকে এমন বাড়িতে আসতে বলা উচিত হবে? মুখে হয়তো কিছুই বলেন নি তিনি, ভদ্রতা দেখিয়েছেন। তবে মনে মনে নিশ্চয়ই বিরক্ত হয়েছেন খুব। সে ঘরে ঢুকতেই মেহরোজ দুর্বল গলায় বলল,"স্যরি। আজ আপনার অফ ডে ছিলো। আমার খেয়াল ছিলো না যে আজকের দিনটা আপনি নিজের ব্যক্তিগত কাজে ফাঁকা রেখেছেন। আপনার সাথে কথা বলার পর বিষয়টা মাথায় এলো। আমার খুব লজ্জা লাগছে।"

"লজ্জা লাগার কিছু নেই মেহরোজ। আমার উপর কেউ অধিকার খাটালে আমার ভালো লাগে। দুঃখের বিষয় হলো, কেউ অধিকার দেখিয়ে, ভালোবাসার জায়গা থেকে কখনো আমার কাছে কিছু চায় না।"

ভদ্রমহিলার কণ্ঠ বেশ শান্ত। মেহরোজ কে দেখতেই সামান্য হাসলেন। নিকিতা আওয়াজ শুনতেই ঘাড় বাঁকিয়ে তাকালো তার দিকে। পারমিতা ঠোঁট দু'টো প্রসারিত করে তুলতুলে স্বরে বলল,"আমার রসগোল্লা বাচ্চা! তুমি কেমন আছো?"

নিকিতা ভ্রু বাঁকালো। হাত থেকে বলটা রেখে কুঁচকানো মুখে জানতে চাইলো," তুনি তে?"

"আমি? আমাকে তুমি আবার ভুলে গেছো?"

পারমিতা গিয়ে এক টানে কোলে তুলে নিলো। নিয়েই তার নরম গালে শব্দ করে চুমু খেল একটা। নিকিতার কপাল এখনো কুঁচকানো। পারমিতা বলল," কি? এখনো চিনতে পারো নি?"

"এততু তেনা তেনা লাগছে।"

"ওরে বাবা! একটু লাগছে? আমি হলাম পারমিতা। কি বলো তো?"

"পানোনিতা।"

"হাহাহা। আচ্ছা হয়েছে। তোমার শরীর কেমন সেটা বলো।"

"আনাম শুনীন ভালু। তিনতু মাম্মা আর ইনোজের শুনীর খানাপ।"

"কি হয়েছে ওদের?"

নিকিতা ঘাড় ঘুরিয়ে মেহরোজের দিকে তাকালো। মেহরোজ ইজিচেয়ারে হেলান দিয়ে হাত দু'টো গুটিয়ে নিয়ে বলল," আমাদের জ্বর, ঠান্ডা, কাশি সব।"

"উদেন জম, থান্দা, কাছি সব।"

পারমিতা শব্দ করে হাসলো। নিকিতা চোখ বড় বড় করে বলল," আমান কিনতু কিসু নাই। জম নাই, থান্দা নাই, কাছি নাই।"

"তার মানে তুমি একদম সুস্থ। তোমাকে আর ইঞ্জেকশন দিয়ে গুতা দিতে হবে না, তাই না?"

নিকিতা দ্রুত মাথা নাড়লো। পারমিতার গাল ধরে বলল,"হু। কিনতু ইনোজ কে দিতে হবে।" নিকিতা মাথা এগিয়ে কাছাকাছি এলো পারমিতার। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল," ইনোজ কে অনেকগুনা ইনজিশন দিবে। ইনোজ অনিক দুত্তু।"

"তাই?"

"হু।"

মেহরোজ কপাল কুঁচকে বলল," এ্যাই যে নিকু সোনা! ইরোজ কে নিয়ে কি নিন্দা করছো একটু শুনি?"

নিকিতা ঝড়ের বেগে দুই দিকে মাথা নাড়লো। দ্রুত পারমিতার ঠোঁট চেপে ধরে ডানে বায়ে মাথা নেড়ে বলল,"না না, কিসু না।"

মেহরোজ হেসে ফেলল তার কথার ধরণে। পারমিতা বলল," এই কুটু টা এতো পাকনি হয়েছে কেমন করে? নিজে নিজেই এতো কথা শিখেছে নাকি?"

"আর বলবেন না। সারাদিন শুধু কথা আর কথা। আমার ছেলে সাত দিনে যতো কথা বলে, সে এক ঘন্টায় তার চেয়ে বেশি কথা বলে। মা তো আমাকে রোজ বলে। শরীর দুর্বল, পেটে বাবু বড় হচ্ছে। নিকিকে তার ঘরে রেখে আসতে। আমিই পারি না। রাতে ও ঘরে না থাকলে ঘরটা খুব ফাঁকা লাগে।"

পারমিতা মায়াময় দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে। মেয়েটার মুখ গোলগাল দেখতে। দুই চোখে এতো মায়া, এতো স্নিগ্ধতা। পারমিতার বলতে মন চাইলো," মেহরোজ! আপনি কি জানেন, আপনি কতো চমৎকার একজন মানুষ?"

*

*
মেহরোজ খুব আপন ভেবেই কল করেছিল পারমিতাকে। তার পাঁচ ফলের অনুষ্ঠানে এসে এই ভদ্রমহিলা যে পরিমাণ আন্তরিকতা দেখিয়েছে তাকে, সেই জায়গা থেকে তার মনে হয়েছিল উনাকে ফোন দিলে উনি বিশেষ কিছু মনে করবেন না।
তবে ইশান বলছিলো, এভাবে কাউকে ডেকে আনা ঠিক হবে না। ভদ্রমহিলা অফেন্ডেড ফিল করতে পারেন। মেহরোজ তবুও নিরুপায় হয়ে তাকে কল করলো। বাড়ির সবাই মোটামুটি ব্যস্ত। ইরোজ কে নিয়ে হাসপাতালে যাওয়ার মতো শুধু জেবা আর সুষ্মিতাই ছিলো। সুষ্মিতা নিজেই সর্দি কাশিতে নাজেহাল। তার উপর রসাইঘরের দায়িত্ব জেবার কাঁধে। বেলী দু'দিনের জন্য মেয়ে দু'টোকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে গেছে।

পারমিতা এসে ইরোজ কে দেখে কয়েকটা ঔষধ প্রেসক্রাইব করে গেল। নির্ভার কণ্ঠে বলল," সিজনাল ঠান্ডা কাশি। ওয়েদার চেঞ্জ হচ্ছে তো। ইরোজের বোধহয় অ্যাজমা আছে তাই না?
শরীর বেশি দুর্বল হয়ে গেছে। চিন্তা করবেন না। খুব দ্রুত ঠিক হয়ে যাবে। আর আমার রসগোল্লা টাকে কিন্তু এই কয়টা দিন ওর কাছে আসতে দিবেন না।"

মেহরোজ বলল," আপনার রসগোল্লা সারাদিন এখানেই থাকে। ওকে একটু বুঝিয়ে দিন তো ভালো মতো।"

পারমিতা সেদিন অনেকটা সময় নিকিতার সাথে কাটালো। নিকিতা শুরুতে তাকে চিনতে সময় নিলেও পরে গিয়ে একদম সহজ হয়ে গেল। পারমিতা বলল,"তুমি চিনতে পেরেছো আমাকে? সেদিন তুমি আমার ক্লিনিকে গেলে। তোমার দাদাভাইয়ের সাথে। এরপর তুমি আমার কোলে চুপচাপ শুয়ে ছিলে। মনে আছে তোমার?"

নিকিতা মাথা চুলকালো। একটু ভাবনা চিন্তার নাটক করে বলল," এততু এততু মনে আছে। তুনার তাছে কুনু ভিডু আছে?"

"না, ভিডিও তো রাখি নি।"

"তুর! মনে কততে পাচছি না। ভুলি যাই ছব।"

"আহা থাক। মনে করতে হবে না। আজ থেকে আমাদের নতুন পরিচয় হবে। আমি হলাম তোমার মমা। বলো তো কি?"

"মমা।"

"ইয়েস। এটা মনে থাকবে তো?"

"হু।"

"বলো, আমি কি?"

"মমা।"

"ভেরি গুড।"

বিকেলে বৃষ্টি নামলো। পারমিতা তখন জানালার কাছে দাঁড়িয়ে ছিলো। কোলে নিকিতা। কাঁচের জানালার অন্য পাশে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বাড়ির বাগানের গাছগুলো দুলছে বাতাসে। নিকিতা ক্লান্ত মাথাটা পারমিতার কাঁধে এলিয়ে দিয়ে বলল," কি সুন্দুল! নিকিও যেতে চাচ্ছে বাইনে।"

পারমিতা হাসলো। ওর তুলতুলে হাত দু'টো ধরে বলল," বাইরে যাবে? গেলে কিন্তু ইরোজের মতো জ্বর হবে, ঠান্ডা হবে, কাশি হবে। এরপর কিন্তু এতো বড় ইঞ্জেকশন দিতে হবে।"

নিকিতা আশাহত হলো। নিস্তেজ স্বরে বলল," সুদু ব্যতা। খেতে চাইনে ব্যতা, বাইনে যেতে চাইনে ব্যতা, খেলতে চাইনেও ব্যতা। তুর!"

পারু খিলখিলিয়ে হাসলো। নিকিতার মাথাটা আলতো করে চাপলো বুকের সাথে।

ঠিক এমন সময় নিনীত ঘর থেকে বের হলো। পকেটে মানিব্যাগ গুজে ব্যস্ত পায়ে সিঁড়ি ভাঙছিলো। নিকিতা তাকে দেখতেই চিৎকার করে ডাকলো," পাপাই! নিকুর পাপাই।"

নিনীত থামলো। অবাক হয়ে দেখলো, তাদের বসার ঘরের জানালার কাছে ডাক্তার পারমিতা দাঁড়িয়ে আছে। তার কোলে নিকিতা। নিনীত সূচালো চোখে তাকালো দু'জনের দিকে। নিকিতা অধৈর্য হয়ে বলল,"কুতায় যাচ্ছু?"

নিনীত মৃদু শ্বাস ছেড়ে টান টান হয়ে দাঁড়ালো। গম্ভীর মুখে জবাব দিলো," বাইরে যাচ্ছি।"

নিকিতা আঁতকে উঠলো তার কথা শুনে। দুই দিকে মাথা নেড়ে ভীত স্বরে বলল," বাইনে তেনো যাচ্ছু? বাইনে গেনে জম হবে, থান্দা হবে, কাছি হবে। ইনজেশন দিতে হবে।"

নিনীত গায়ে তুলল না তার কথা। গভীর চোখে তার দিকে তাকিয়ে থমথমে স্বরে বলল," আবারো চুল বাঁধো নি তুমি? আর এটা কার কোলে উঠেছো? মেহরোজ কোথায়? ওর কাছে যাও।"

নিকিতা পারমিতার গলা জড়িয়ে ধরল। তার গালের সাথে নাক চেপে মিনমিন করে বলল," উন নাম পানোনিতা। উ আমান মমা।"

পারমিতার দুই চোখ জ্বলজ্বল করে উঠলো। জ্যোতির মতো আনন্দ ঠিকরে পড়লো চারিদিকে। নিনীত একা দাঁড়িয়ে দেখলো তাকে। তারপরই আবার ব্যস্ত পায়ে নিচে নেমে এলো। পারমিতা বলল," আমাকে কেমন লাগছে নিনীত সাহেব?"

নিনীত থেমে গেল। পাশে না তাকিয়েই ভারি স্বরে বলল," আগেই বলেছি, আমার উত্তর- না। আমি কাউকে বিয়ে করতে পারবো না।"

"অদ্ভুত! বিয়ের কথা কে বলেছে?"

"কথা ঐদিকেই যাবে ধীরে ধীরে।"

"কচু জানেন আপনি। বলুন আমাকে নিকির মমা লাগছে নাকি?"

"আমার দেখার সময় নেই।"

নিনীত সামনে এগিয়ে গেল। পারমিতা চিৎকার করে বলল," আপনি আমাকে বিয়ে না করলে আমি গলায় দড়ি দিবো নিনীত সাহেব।"

নিনীত চলার গতি মন্থর করলো। তার হঠাৎ হাসি পেয়ে গেল। সে পুরোপুরি থামলো না। যেতে যেতেই নিরুদ্বেগ কণ্ঠে বলল,"প্লিজ গো ফর ইট। আই উইল বি ভেরি হ্যাপি। কিন্তু আর যাই করেন না কেন, সুইসাইড নোটে আমার নাম লিখবেন না খবরদার।"

"লিখলে কি করবেন?"

"কবর থেকে তুলে আপনার দুই গালে কষিয়ে দু'টো চড় মারবো।"

পারমিতা ভ্রুকুটি করলো। কুঁচকানো মুখে তাকালো নিনীতের দিকে। নিনীত ঘাড় বাঁকিয়ে এক ঝলক তাকে দেখে আবার মাথা সোজা করল। পকেট হাতড়ে গাড়ির চাবি খোঁজার চেষ্টা করলো। বাড়ির সদর দরজা পেরোনোর ঠিক আগে ভাবান্তরহীন গলায় বলে গেল,
"ডাক্তার ম্যাডাম! আমি খুব খারাপ মানুষ। আমাকে ঘাটাবেন না। আই অ্যাম ওর্স দ্যান ইউর ইম্যাজিনেশন।"

নিনীত বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে গেল। পারমিতা জ্বলজ্বলে চোখে চেয়ে থাকলো তার চলে যাওয়ার দিকে। তার মনে হতে লাগলো, এই ছেলেটিকে বিয়ে না করলে তার জীবন অপূর্ণতায় ভরে যাবে। সে ঠোঁট নাড়লো, চাপা গলায় বিড়বিড় করলো," নিনীত সাহেব! খারাপ মানুষ আমার খুব পছন্দের। আপনি আপনার খারাপ টা জানেন। আমার টা জানেন না। লেটস গেট ম্যারিড এন্ড সি, হু ইজ ওর্স।"

______

পারমিতার ধারণাই সত্যি হলো। নিকিতার সেবার হাড় কাঁপিয়ে জ্বর এলো। এতো জ্বর তার আগে কখনো হয়নি। প্রথমদিন সে রীতিমতো জ্ঞান হারিয়ে ফেললো।

মেহরোজ অস্থির হয়ে পড়লো তাকে নিয়ে। জেবা আর নাসির বাইরে গিয়েছেন নিবেদিতা কে নিয়ে। অরুণা কলেজে। আহিল আয়তি ভার্সিটিতে। সীমান্ত কে তো খুঁজেও পাওয়া যায় না সময় মতো।

সে হয়রান হয়ে ইশান কে ফোন দিলো। ইশান কল তুলতেই সে দিকবিদিকশুন্য হয়ে বলল,"ইশান শোনো! নিকির যেন কি হয়েছে। গায়ে মারাত্মক জ্বর। এতোক্ষণ বড় বড় শ্বাস টানছিলো। এখন একদম ঠান্ডা হয়ে শুয়ে আছে। চোখ বন্ধ। শ্বাস চলছে। কিন্তু কোনো কথা বলে না। ইশান! আমার অনেক ভয় লাগছে। তুমি দ্রুত আসো। আমি নিজেই দাঁড়াতে পারছি না ঠিক মতো। ও...আমি... নিকিতা...ও আমার জন্য আমার সন্তান।"

মেহরোজ ঠিক মতো কথা শেষ না করেই কল কেটে দিলো। কেঁদে কেঁদে তার দু'চোখ লাল হয়ে গেছে। নিনীত ভাই আছেন বাসায়। তার কাছে গিয়ে কোনো লাভ নেই। সে বিকার দেখাবে না।

মেহরোজ দৌড়ে গেল নিকিতার কাছে। তার মাথায় হাত রেখে কাতর স্বরে বলল," কিছু হবে না নিকু। তুমি তো আমার জান। তোমার কিছু হবে না। একটু তাকাও মা। আমি দাঁড়াতে পারছি না দেখো। আমি তোমায় খুব ভালোবাসি। তুমি আমার মেয়ে।"

মেহরোজ হেঁচকি তুলে নিকিতার কপালে চুমু খেল কয়েকটা। ইশান বাড়ি ফেরার আগেই জেবা বাড়ি ফিরলেন। মেহরোজ ডুকরে কেঁদে উঠে বলল," মা! আমার নিকি কথা বলে না। আমি কি করবো? আমি ওকে অনেক বার বারণ করেছি ইরোজের কাছে না আসতে। আমি....."

মেহরোজ হাঁপিয়ে উঠলো। ধপ করে খাটের এক পাশে বসে বলল," অনেক জ্বর, মা। হাসপাতালে নিয়ে যাই চলুন।"

ইশান বাড়িতে এলো ঝড়ের গতিতে। এসেই সবার প্রথমে ঘরে ঢুকলো। এক টানে নিকিতাকে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরলো। নিকিতার শরীর শিথিল। কোনো হেলদোল নেই। কোলে নিতেই ডান হাতটা অবহেলায় ঝুলতে লাগলো একপাশ দিয়ে।
ইশান আর দাঁড়ালো না এক মুহূর্ত। ওকে বুকের সাথে ধরেই দ্রুত পায়ে বেরিয়ে এলো ঘর থেকে, ছুটে গেল বাড়ির মূল ফটকের দিকে।

নিনীত বাড়িতেই ছিলো। পাশের ঘর থেকে এতো শব্দ আর চেঁচামেচির আওয়াজ পেয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। মা কাঁদছিলো বোধহয়। নিনীতের ঐ কান্নার সুর সহ্য হয় না, বুকে দ্রিম দ্রিম শব্দ হতে থাকে।
বের হতেই দেখলো নিকিতাকে বুকে ধরে ইশান সিঁড়ি ভাঙছে। মেহরোজ দাঁড়িয়ে আছে দরজার চৌকাঠ ধরে। তার চোখ মুখ বিধ্বস্ত। নিনীত এক ঝলক দেখেই চোখ সরিয়ে নিলো। প্রথমে ভেবেছিল, মেহরোজের কোনো সমস্যা হয়েছে। পরে ভাবলো, জেবার কিছু হয়েছে। এখন মনে হচ্ছে সমস্যাটা আসলে নিকিতার। কি হয়েছে জানার জন্য ঠোঁট দু'টো নিশপিশ করছিলো নিনীতের। তবুও সে আগ্রহ দেখালো না। তার চোখের সামনেই নিকিতাকে নিয়ে ইশান আর জেবা গাড়িতে করে হাসপাতাল গেল। সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে আবার দরজা বন্ধ করে ভেতরে চলে গেল।

____

নিকিতাকে পারমিতার ক্লিনিকেই ভর্তি করানো হয়েছে। তার চিকিৎসাও পারমিতাই করছেন। জেবার মনে হলো, এই ভদ্রমহিলা অন্য ভুবনের বাসিন্দা। নিকিকে এক ঝলক দেখার পরেই উনার দুই চোখ ভিজে উঠলো। অনুভূতি গুলো গলার কাছে আটকে রেখে ভদ্রমহিলা বিবশ কণ্ঠে জানতে চাইলেন," কখন জ্ঞান হারালো? আমাকে একটা ফোন দিতেন। অ্যাম্বুলেন্স পাঠাতাম। ও এভাবে চুপ হয়ে আছে, আমার বুক ফেটে কান্না পাচ্ছে।"

পারমিতা চোখ মুছলো। জেবা একদৃষ্টিতে তাকিয়ে থাকলেন তার দিকে। এই মেয়েটা ভালো থাকুক। সবসময় ভালো থাকুক। আপাতত জেবা এর বেশি কিছু চান না।

নিকিতাকে হাসপাতালে ভর্তি করানোর পরেই বাড়িটা কেমন যে নিস্তব্ধ হয়ে পড়লো। হ্যাজাক বাতির মতো আলো ছড়ানো ঝাড়বাতিটা জ্বলছিলো সন্ধ্যা থেকে। কিন্তু বাড়িতে কোনো চাঞ্চল্য ছিলো না। বাড়ির পুতুলটা বাড়ি ছেড়েছে। আয়তির মতো শক্ত মেয়েও যখন বাড়িতে তার অনুপস্থিতি টের পেল, তখন কি যেন তার বুক খাঁমচে ধরলো। সে সিদ্ধান্ত নিলো, নিকি সুস্থ হওয়া অব্দি সে আর এই বাড়িতে আসবে না।

রাশেদা খুব মনমরা হয়ে পড়লেন। দুপুর থেকে ঘন ঘন চোখ মুছে বললেন," আমার ছোট নাতনি! সারাদিন টুক টুক কইরা সারা বাড়ি হাঁটতো। সবার লগে ভাব করতো। সবার হাতে একটা কইরা চকোলেট দিতো। বাপে আদর করতো না। তাও বাপের জন্য সব খেলনা তুইল্লা রাখতো। বাড়িটা আন্ধার কইরা কই গেল আমার বুড়িডা!"

জেবা শেষ রাতে বাড়ি ফিরেছিলেন। নিকিতার অবস্থা একটু ভালো। পারমিতা বলল, দুই তিন তিন হাসপাতালে থাকলেই সেরে যাবে। আপাতত শরীর খুব দুর্বল।

জেবা বাড়িতে এসে সবার প্রথমে নিনীতের ঘরে গেলেন।
নিনীত বাতি নিভিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে ছিলো। বাতি জ্বালাতেই জেবা সবার আগে তার হাতটা দেখলেন। হাতের মুঠোয় একটা বোতল ধরা।

জেবার গা গুলিয়ে এলো ঘৃণায়।

"তুই জানিস তোর ছোট মেয়েটা আজ মরতে মরতে বেঁচে ফিরেছে? জানিস তুই?"

নিনীত বিকার দেখালো না। চাপা স্বরে বলল," হু, একটু একটু জানতাম।"

"জানার পরেও এমন দায়সারা থাকতে পারিস নিনীত? জানার পরেও এভাবে এই জিনিসটা নিয়ে বসতে পারলি? দুই মাস আগে তোর পা কাটলো কাঁচ লেগে। নিকি কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেল। তোর একটু মায়া হয় না ওর জন্য? মানুষ তো কাজের লোককেও একটু মায়া করে নিনীত।"

"আমিও কাজের লোকদের মায়া করি মা।"

দুঃখে জেবার কণ্ঠরোধ হয়ে এলো।
"আমার নিকি তাহলে কাজের লোকের চেয়েও খারাপ? আমার নাতনি এতো খারাপ! আমার নিকির কপালে আল্লাহ তোর মতো বাপ দিলো কেন? ওর মতো একটা মেয়ে, যার ভেতর সবার জন্য এতো মায়া, ওকে কেন আল্লাহ এমন একজন বাবা দিলো?"

"আমি জানি না। আল্লাহরে গিয়ে জিজ্ঞেস করো।"

জেবা আর কথা বাড়ালেন না। একরাশ ঘৃণায় তার গা গুলাতে শুরু করলো। নিনীত নিরুদ্বেগ। জেবার সামনেই বোতলের মুখ খুলে গোগ্রাসে কয়েক ঢোক তরল গিললো। জেবা বললেন," আমি দোয়া করি, তোর চেয়েও বেশি ঘৃণা যেন একদিন নিকিতা তোকে করে। ও যেন ওর বাবার পরিচয় কাউকে না দেয়। ও যেন তোর চেহারাও না দেখে কোনোদিন।"

"আমার তাতে কোনো সমস্যা নেই মা। এরা সামনে না এলে আমি খুব শান্তিতে থাকি।"

____

রাত একটা পয়ত্রিশ। পারমিতা বসে আছে একটা টুলের উপর। তার পরনে সকালের সেই বাদামি রঙের শাড়ি। সামনের বেডে নিকিতা শুয়ে আছে। সে ঘুমাচ্ছে চুপটি করে। তার ছোট্ট হাতে একটা ক্যানুলা সেট করা। তার পাশে স্থির হয়ে বসে ছোট ছোট পলক ফেলছে নিবেদিতা। পারমিতাই আজ তাকে কেবিনে থাকার অনুমতি দিয়েছে।

নিবেদিতা হলো শান্ত ধারার কলকলে নদীর মতো। সে কথা বলে না, বিরোধ করে না, নিকিতার মতো কথার ঝুলি খুলে আসর জমাতে পারে না। নিবেদিতা শুধু পারে অনুভূতি জমাতে, স্মৃতি জমাতে। নিবেদিতা ভালোবাসা বোঝে করুণা বোঝে, দুঃখ বোঝে। কিন্তু তাকে কয়জন বোঝে? কে জানে!

আজ যখন কেবিনের বাইরে সবাই হম্বিতম্বি করছিলো নিকিতাকে নিয়ে, তখন সে একেবারে পাথর হয়ে দাঁড়িয়েছিলো এক কোণায়। পারমিতাই এগিয়ে এলো তার কাছে। তার কাঁধে হাত রেখে নরম সুরে বলল," কি হয়েছে নিবেদিতা? এভাবে একা দাঁড়িয়ে আছো যে?"

নিবেদিতা জড় পদার্থের মতো দাঁড়িয়ে ছিলো। দাদুভাই তাকে নিয়ে একপ্রকার ছুটে আসে হাসপাতালে। হাসপাতালে ঢুকেই তার শ্বাসকষ্ট হতে লাগলো। এতো ব্যস্ততায় কেউ এসে তাকে জিজ্ঞেস করেনি,"নিবি! তোমার কি হয়েছে?"

পারমিতা আরেকটা হাত রাখলো তার মাথায়।
"নিবেদিতা! কি হয়েছে বলো? ভয় পাচ্ছো বোন কে নিয়ে?"

নিবেদিতা আটকে রাখা চোখের পানি মুছে কাঁপা স্বরে বলল," ও ভালো হবে তো? ওর কিছু হবে না তো?"

"না সোনা। ওর কিছু হবে না।"

মেয়েটা তবুও কান্না থামালো না। পারমিতা দেখলো তার দু'চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে। সে দ্রুত চোখ মুছলো। বোকার মতো স্বরে বলল," ও আমার অনেক প্রিয়। ও বাদে কেউ এসে এতোক্ষণ কথা বলে না আমার সাথে। ও বাদে কেউ খেয়াল করে না আমার চোখে পানি আছে কি নেই। ওর কথা না শুনলে আমার খুব কান্না পায় আন্টি।"

নিবেদিতা ঠোঁট ভেঙে কাঁদলো আবার। পারমিতা ওর পিঠে হাত বুলিয়ে বলল," কিছু হবে না সোনা। আমি আছি, সবাই আছে, আল্লাহ আছে। নিকিতার কিছু হবে না। চলো, আজ রাতে তুমিও ওর পাশে থেকো। কিচ্ছু হবে না, বোকা মেয়ে। এমন কতো বাচ্চা আসে আমাদের এখানে। দু'তিনদিন পরেই একদম সুস্থ হয়ে যায়।"

___

নিবেদিতা এখন বসে আছে নিকিতার বেডে। একটা হাতে আলতো করে ধরেছে সে নিকির ক্লান্ত শরীর। পারমিতা শাড়ির পিন খুলে একটু আরাম করে অন্য পাশের একটা সোফায় গিয়ে বসলো। নিকিতার অসুখ সেরে যাবে দ্রুত। এমন পেশেন্ট পারমিতা বহু সামলেছে। তবে নিকিতাকে ঐরকম শুয়ে থাকতে দেখে কষ্ট হচ্ছে তার। মনে হচ্ছে ঘরের দেয়ালে অদ্ভুত রকম সুর ভাসছে। নিকিতার মতো কণ্ঠে কেউ গুনগুন করে বলছে," নসোগুন্না? আমি এততা নসোগুন্না বেবি?"

রাত দুইটায় নিবেদিতা ঘুমিয়ে পড়লো নিকিতার পাশেই। পারমিতা আরো কিছুক্ষণ জেগে ছিলো। একটা ম্যাগাজিন পড়লো। বারান্দায় গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। এই কেবিনে বাইরের মানুষ এলাউড না। পারমিতা বলে নিবেদিতা কে রেখেছে। জেবা কিছুক্ষণ আগেই বাড়ি ফিরে গেছেন। আবার হয়তো কাল সকালে আসবে।

হাসপাতালের সামনের রাস্তায় বড় বড় দু'টো ল্যাম্পপোস্ট আছে। ল্যাম্পপোস্টের নিয়ন আলোতে চারপাশ দেখা যাচ্ছে। পারমিতা জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলো ইয়াজিদ মাথা নামিয়ে পায়চারি করছে রাস্তায়। স্বভাবে একটু বেপরোয়া আর উদাসীন হলেও বাচ্চা গুলোর জন্য তার টান আকাশছোঁয়া। আজ কেবিনের দরজা ধরে অনেকটা সময় একভাবে দাঁড়িয়ে ছিলো সে। পারমিতা হেসে বলল,"মন খারাপ করবেন না ইয়াজিদ ভাই।"

ইয়াজিদ ফিচেল হাসলো।
"মন খারাপ করতে চাই না ম্যাডাম। তাও মন খারাপ হয়। আল্লাহ তো ওরে মা দিলো না জীবনে। কষ্ট অন্তত কম দিতো একটু। কতো কষ্ট পাচ্ছে!"

সবাই অন্তত একবার এলো তাকে দেখতে। পারমিতা বুঝলো, পূর্বাহ্ণ বাড়ির প্রাণভোমরা শুয়ে আছে তাদের সাদা রঙের কেবিনে। তাকে ছাড়া পূর্বাহ্নের রং ফ্যাকাশে হয়েছে।

এলো না শুধু তাদের জন্মদাতা বাবা। পারমিতার ক্ষীণ আশা ছিলো, সে আসবে। কিন্তু শেষ পর্যন্ত সে এলো না। রাত তিনটা নাগাদ পারমিতা নিজেও ঘুমালো। তার একেবারে কাছেই নিকিতা। নিঃশ্বাসের সাথে বুক আর পেট ওঠানামা করছে তার। ঐ ছোট্ট শরীরটা খুব টানতো তাকে। পারমিতা সেদিন আরেকদফা পণ করলো, সে এই দুইটা ফুল কে অর্জন করেই ছাড়বে। গোমড়ামুখো ভদ্রলোক নিনীতের সাথেই একদিন তার বিয়ে হবে।

___

ভোর চারটা পঞ্চাশ। রাস্তাঘাট সব নীরব। চারপাশে অন্ধকার ভাব পুরোপুরি কাটেনি এখনো। আযান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এখনো পুরোপুরি ভোরের আলো ফোটেনি।

কিটিপাই ম্যাটার্নিটি সেন্টারের বড় প্রবেশদ্বারের মুখে বসে দু'জন প্রহরী অলস ভাবে হাত নাড়ছিলেন। একটু পরেই সকাল হবে। সামনের রাস্তায় একটা কুকুর বসে লেজ নাড়ছে। বকুল গাছের ডালে থোকায় থোকায় ফুল ফুটেছে। চারপাশে খুব মিষ্টি একটা ঘ্রাণ। আবহাওয়া শীতল। গত কয়েকদিনে দু'চার বার বৃষ্টি হয়েছিল।

হাসপাতালের সামনের রাস্তায় তখন কোনো জনমানবের অস্তিত্ব নেই। একটু আগে, আনুমানিক চারটা বিশে একটা অ্যাম্বুলেন্স ভেতরে ঢুকলো। তারপর থেকে আর কোনো সাড়াশব্দ নেই।

নিনীত ধীর পায়ে হেঁটে ক্লিনিকের সামনে দাঁড়ালো। তার থেকে কয়েক মিটার দূরে ক্লিনিকের নামফলক। এরপর প্রশস্ত রাস্তা। বাচ্চাদের ক্লিনিক বলেই বাগানে ফুল গাছের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি। সামনের দেয়ালেও রঙ বেরঙের আঁকিবুকি।

নিনীত দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে পা বাড়ালো। তার গন্তব্য তিনতলার তিনশো ছয় নম্বর কেবিন। কেবিনের নম্বর সে ইশানের মুখে শুনেছে, বাড়িতে এসেই কাকে যেন কল করে জানাচ্ছিল। যদিও নিজেকে সে যথাসম্ভব বুঝিয়েছিল যে ঐ কেবিনে সে যাবে না, মরে গেলেও যাবে না। কিন্তু শেষ পর্যন্ত মন মানলো না। তার পুরো স্বত্তা বিদ্রোহ করে বসলো তার সাথে।

নিনীত মন্থর কদমে হাঁটছে। তার মস্তিষ্ক ফাঁকা। শত বার চেষ্টার পরেও ভেতরটা শক্ত করতে পারছে না। বুকের ভেতর এখনো কেমন যেন তীক্ষ্ণ অনুভূতি হচ্ছে। অথচ নিনীত চেয়েছিল এই সব অনুভূতিদের দাফন করতে। তবুও মাঝে মধ্যে এমন দিন আসে, যখন নিনীত অবাক হয়ে আবিষ্কার করে, এখনো সে নিজেকে শক্ত করতে পারছে না, বেপরোয়া বানাতে পারছে না।

আস্তে করে দরজা ঠেলে ভেতরে উঁকি দিলো সে। ভেতরের দৃশ্যটা সুন্দর নাকি ঠিক বুঝতে পারলো না। মস্তিষ্ক ভোঁতা হয়ে আছে।

নিকিতা আর নিবেদিতা বেডে শুয়ে আছে পাশাপাশি। নিকিতার হাতে একটা ক্যানুলা। ঠোঁট দু'টো মলিন হয়ে আছে কেমন। তার রুগ্ন হাতটা ধরে বেডের সাথে আলতো করে কপাল ঠেকিয়ে ঘুমাচ্ছে পারমিতা। নিনীত কয়েক সেকেন্ড দাঁড়িয়ে দেখলো তাদের। তারপর ধীর পায়ে ভেতরে এলো।

তার চোখ বার বার চলে যাচ্ছে খাটে শুয়ে থাকা নিষ্পাপ বাচ্চা দু'টোর দিকে। সে কাছে এসে পারমিতার হাত থেকে নিকিতার হাতটা ছাড়িয়ে নিজের কাছে নিলো। ধরলো কিছুক্ষণ আলতো করে।

নিকিতা ঘুমাচ্ছে। ওর চোখে আর আগের মতো উচ্ছ্বাস নেই। তবে নিনীত ধরতেই ঠোঁট দু'টো হালকা প্রসারিত হলো ঘুমের মধ্যেই। আচ্ছা ও কি পাপাইয়ের গন্ধ চিনে? আল্লাহ কেন এমন একটা উপহার নিনীতের ঘরে পাঠালো? তাও অমন অবেলায়?

নিনীত ঝুঁকলো। গভীর চোখে তাকালো মেয়ের দিকে। হঠাৎ টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো নিকিতার গালে। নিনীত আশ্চর্য হলো। নিজের চোখে হাত রাখতেই তার বুক ভার হলো। সে আবার কাঁদছে। একশো বিশ তম বারের মতো প্রতিজ্ঞা ভেঙেছে সে। প্রতিজ্ঞা ভেঙে মেয়ে দু'টোর জন্য আবেগে জর্জরিত হয়েছে আবারো।

নিনীত আরো ঝুঁকলো। ছোট একটা চুমু খেল নিকিতার কপালে। নিবেদিতা তার নাগালে নেই। তবুও হাত বাড়িয়ে মাথায় হাত রাখলো একবার। টুপ টুপ করে একেকটা ফোঁটা কেবিনের বেডে গড়িয়ে যাচ্ছে। নিনীত অসাড় কণ্ঠে বলল," আমি দোয়া করি সোনা। দোয়া করি , তোমরা আমাকে কখনোই ক্ষমা না করো। কিন্তু আমি জানি, যেদিন তোমরা বাবার দুঃখ জানবে, সেদিন তোমরা আমায় সবচেয়ে বেশি বুঝবে। আমি গোটা এক জীবন বিলিয়েছি শুধুমাত্র আমার স্ত্রী সন্তানদের জন্য।"

নিনীত উঠলো। চোখ মুছে ধাতস্থ করলো নিজেকে। তারপর আর কোনোদিকে না তাকিয়ে সোজা বেরিয়ে গেল কেবিন থেকে।

____

তিনদিন পরে।
আজ পারমিতা বিকেল পাঁচটা অব্দি রোগী দেখলো। পাঁচটায় গিয়ে সে একটু বিরাম পেল।

নিকিতার কেবিন ফাঁকা। আজ সকালে তাকে ডিসচার্জ করা হয়েছে। পারমিতা মনে মনে পরিকল্পনা করলো, আজ সে সন্ধ্যায় একবার তার সাথে দেখা করতে যাবে। বাড়িতে গিয়েই নিকিকে চমকে দিবে রীতিমতো। নিকি টসটসে চোখে তার দিকে তাকিয়ে বলবে,"মমা! নিকিল মমা। তুনি এসেছো? আন কখনু যাবে না?"

পারমিতা সব গুছিয়ে গায়ের এপ্রোনটা খুলে বাইরে বেরিয়ে এলো।

আজকের আবহাওয়া গুমোট। সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল। দুপুরে আবার সব শান্ত। বিকেলের কিছুক্ষণ পরেই আবার ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হলো। পারমিতা শাড়ির কুঁচি ধরে নিচে নেমে এলো।

বাইরের রাস্তা পরিষ্কার। বৃষ্টিতে ভিজে গাছপালা সব সতেজ দেখাচ্ছে। বেলি গাছ থেকে কয়েকটা ফুল ঝরে মাটিতে পড়ে আছে।

সামনে কংক্রিটের বাঁধানো রাস্তা। পারমিতা ক্লিনিক থেকে বেরিয়েই বাইরে তাকালো। হালকা বাতাসে তার চুল উড়ছে। সে সিদ্ধান্ত নিলো, আজ সে খুব ভিজবে।

সামনের রাস্তায় চোখ পড়তেই সে চমকে গেল। নিনীত দাঁড়িয়ে আছে। হাত দু'টো বুকে বেঁধে। চোখের দৃষ্টি তুখোড় । নির্নিমেষে চেয়ে আছে পারমিতার আলুথালু অবয়বের দিকে। পারমিতা থমকালো কয়েক মুহূর্তের জন্য।
তারপরই ব্যস্ত পায়ে সামনে এগোলো। রাস্তা পেরিয়ে ছুটে এলো নিনীতের কাছে। নিনীত এখনো আগের মতো সটান দাঁড়িয়ে আছে। সে কাছে আসতেই হাতের বাঁধন হালকা করলো।

বৃষ্টি ঝরছে মাঝারি বেগে। ডাক্তার পারমিতা দ্বিধান্বিত চোখে চোখ রেখেছে নিনীতের তীক্ষ্ণ, অন্তর্ভেদী দুই চোখে। নিনীতের চোখের মণি ভয়ংকর শান্ত, আচরণে নেই কোনো অস্থিরতা। পারমিতা কাছে আসতেই ভ্রু দ্বয় বেঁকে গেল তার। বরাবরের মতোই শীতল কণ্ঠে জানতে চাইলো," ডাক্তার ম্যাডাম, বিয়ে কোথায় করবেন? হাতে দু'টো অপশন আছে।

এক, এখান থেকে সোজা কাজী অফিস। এতে করে দশ মিনিটের কাজ পাঁচ মিনিটে শেষ হবে।

দুই, বাড়িতে গিয়ে হলঘরে বসে। এতে করে দশ মিনিটের কাজ দুই ঘন্টায় শেষ হবে।

বলুন, কি করবেন? আপনার বিয়ে। আপনার মন্তব্যেরও দাম আছে।"

চলবে-

[ আগামী বৃহস্পতিবার আমার ভীষণ কঠিন একটা পরীক্ষা। কাল ফোন চালাতে পারবো নাকি সন্দেহ। তাই এই পর্বটা ঘুম পড়াশোনা বাদ দিয়ে আজকেই দিলাম কষ্ট করে। পড়ে ফেলুন দ্রুত, আর আমাকে জানান কেমন লাগছে?]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন