#আম_পাতা_জোড়া_জোড়া -১২
লেখনীতে #মেহরিমা_আফরিন
(অনেক টাইপিং মিস্টেক আছে। সন্ধ্যায় রিচেক দিবো।)
দুপুরের পর থেকে আবার ইলশেগুঁড়ি বৃষ্টি হচ্ছে। কলোনির মাঠে জন্মানো ছোট ছোট ঘাসের গায়ে ফোঁটায় ফোঁটায় পানি লেগে আছে।
আকাশ কালো হয়ে ম্যাদাটে রূপ ধরে আছে সকাল থেকে। এমন শান্ত, নরম আবহাওয়া তেও আয়তিকে ঘুমের আমেজ ছেড়ে ভার্সিটিতে যেতে হয়েছে। একটা প্রেজেন্টেশন আছে তিনদিন পর। সেটার কিছু কাজ জমে ছিল কিছুদিন ধরে। আজ গিয়ে সব সামাল দিতে হলো।
কাজ শেষ হলো আনুমানিক সাড়ে তিনটার দিকে। তারপর প্রায় এক ঘন্টা লাগলো বাড়ি আসতে। এর মধ্যেও একটা ঘটনা ঘটেছে। সে একটা ক্যাব বুক করেছিল। ঝামেলা হয়েছে মূলত সেখানেই।
আয়তি ভ্যানিটি ব্যাগ দিয়ে নিজেকে সামান্য আড়াল করে গলার আওয়াজ চওড়া করে বলল," আপনি সোজা তাকিয়ে গাড়ি চালান। "
ড্রাইভিং সিটে বসা লোকটা বিরক্ত হলো ভীষণ।
"আমি কি বেঁকা চালাইতাসি আফা? সোজাই তো চলতাসে গাড়ি।"
"গাড়ি সোজা চলছে। কিন্তু আপনার চোখ সোজা নেই। বার বার মিররে তাকাচ্ছেন কেন?"
"তো গাড়ি কি চোখ বন্ধ কইরা চালামু?"
"আপনি অন্য মিররে তাকান। মাইড মিরর দেখেন। রিয়ার ভিউতে তাকাবেন না খবরদার।"
"কেরে? আমার গাড়িতে আমি যেই মিররে ইচ্ছা ঐ মিররেই তাকামু।"
আয়তি কটমট চোখে তার দিকে তাকালো। রুক্ষ স্বরে বলল,"মিরর দেখার নাম করে যে আমার দিকে তাকাচ্ছেন, সেটা কি আমি বুঝি না?"
খস খস করে ব্রেক চাপার শব্দ হলো। আয়তি চমকে গেল। দেখলো, লোকটা প্রবল শক্তি দিয়ে গাড়ি থামিয়ে দিয়েছে। সে হতবাক হয়ে বলল," কি হলো? গাড়ি থামালেন কেন?"
"আপনি নামেন আমার গাড়ি থেক্কা।"
লোকটা ঘাড় না ঘুরিয়েই উত্তর দিলো,"আপনার মতো পেসেঞ্জার আমার দরকার নাই।"
আয়তি হকচকিয়ে গেল। অপমানে চোখ মুখ চুপসে গেল। কঠিন গলায় সে আবার বলল," কি বললেন আপনি? আমি ক্যাব বুক করেছি। কেন নামবো আমি?"
"কারণ আপনার মাথায় সমস্যা। আপনে হাইট্টা হাইট্টা বাড়িত যান।"
আয়তির চোখ থেকে বিস্ময় দূর হলো না।
"আপনি আমাকে আমার এড্রেসে পৌঁছে দিন। নয়তো আমি ফুল পেমেন্ট করবো না।"
"লাগতো না পেমেন্ট। আপনার মতো মহিলার থেকে আমি এক পয়সাও নিতাম না।"
অপমানে আয়তির কান ঝাঁ ঝাঁ করে উঠলো।
"আপনি কি বললেন? আমার মতো মহিলা মানে?"
"মানে ভেজাইল্লা মহিলা। আপনের এতো সমস্যা থাকলে গাড়িত উঠছেন কেন? পাগল ছাগল কোনখানের!"
"এ্যাই আপনি মুখ সামলে কথা বলুন।"
"আপনে কথা কইসিলেন মুখ সামলাইয়া? বার বার কন আপনার দিকে চাইয়া থাকি। আপনে কেডা?"
"আচ্ছা, আমি কেউ না। এবার আপনি গাড়ি চালান।"
"আমি গাড়ি চালাইতাম না। আপনে বাইর হন। আপনার মতো যাত্রী আমার গাড়িতে দরকার নাই।"
আয়তি বাকরুদ্ধ হয়ে পড়লো। ফ্যাল ফ্যাল চোখে বোকার মতো কিছুক্ষণ তাকালো লোকটার দিকে। নাহ, এভাবে অপমানিত হওয়া ঠিক হবে না। আয়তি এক ধাক্কায় দরজা খুলে ঝটপট বেরিয়ে এলো। মাথার উপর তখনও বৃষ্টি ঝরছে। আয়তি নামতেই ছিটা ছিটা পানিতে তার কাপড় ভিজতে শুরু করলো।
আয়তি ব্যাগের চেইন খুললো। ভাড়ার টাকা মেটাতে হবে। লোকটা ঐ সুযোগও দিলো না। আয়তি নামতেই এক টানে সুড় সুড় করে গাড়ি টেনে নিল সামনে। আয়তি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল রীতিমতো। গলা তুলে চেঁচিয়ে বলল,"এ্যাই আপনার ভাড়া। আপনি ভাড়া না নিয়ে যাচ্ছেন কেন? আমি কি আপনার সাথে বেয়াদবি করেছি? আপনি করেছেন বেয়াদবি। আপনি একটা বেয়াদব।"
গাড়িটা অনেক দূর সামনে এগিয়ে গেছে। আয়তি শূন্য চোখে তাকিয়ে আছে তার চলে যাওয়ার দিকে। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। বিড়বিড় করে একবার নিজেকেই স্বান্তনা দিলো।
"অশিক্ষিত কোথাকার! ম্যানারস জানে না। বেয়াদব।"
বিক্ষিপ্ত মেজাজে সে সামনে এগোলো। এখান থেকে বাড়ির রাস্তা খুব বেশি দূরে না। এই বৃষ্টিতে রাস্তাঘাট একদম ফাঁকা। এখানে দাঁড়িয়ে আর নতুন করে ক্যাবের আশা করে লাভ নাই। এর চেয়ে পায়ে হেঁটে যাওয়াই শ্রেয়।
আয়তি চোখ মুখ খিঁচে তীব্র বিরক্তির সাথে বাড়ির পথ ধরলো।
কলোনির মাঠে তখন জমজমাট খেলার আমেজ। বৃষ্টির কারণে ক্রিকেট বাদ দিয়ে ফুটবল খেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ছেলেপেলেরা সব দৌড়াচ্ছে বলের পেছনে। তাদের চেঁচামেচিতে আশপাশে সরব হয়ে আছে।
আয়তি মাথা নামিয়ে দ্রুত পায়ে হাঁটছিলো। একটু দূর থেকে অল্প বয়সী ছেলেদের হৈ হুল্লোড়ের শব্দ কানে আসছে। বৃষ্টির পানিতে রাস্তাঘাট ভেজা। মাঠও ভেজা। ভেজা মাঠেই বলের পেছনে ছুটছে সবাই। আপাতত ড্রিবলিং করছে সীমান্ত। সে টিম প্রভাতের দলনেতা। ফুটবলে সে তেমন পটু না। তবুও দলের বাকিদের তুলনায় কিছুটা দক্ষ। সে প্রাণপণ ছুটছে বল নিয়ে।
প্রতিপক্ষ শক্তিশালী। ইতোমধ্যে দুই গোল খেয়ে ফেলেছে। সীমান্তের দল বলই পাচ্ছে না যুত মতো। তবে এইবার পেল। সীমান্ত সামনে তাকিয়ে দেখলো, তার আর গোলকিপারের মধ্যে আর কোনো বাধা নেই। সে দ্রুত ছুটলো গোলপোস্টের দিকে।
চারপাশে তুমুল চেঁচামেচির শব্দ। সীমান্ত হাবিবের মনোযোগ শুধুমাত্র গোলপোস্টের দিকে। গোল তাকে করতেই হবে। কানের কাছে কে যেন চেঁচিয়ে বলছে,"যা সীমান্ত, দৌড়ে যা। আজ প্রমাণ করেই দে, এই কলোনিতে তোর চেয়ে সেরা খেলোয়াড় আর কেউ নেই।"
সীমান্ত দৌড়ে গিয়ে বল ছুড়লো। তবে বিধি বাম। গোলরক্ষক হাত দিয়ে ধাক্কা মেরে বলটা সরিয়ে দিলো, গোলপোস্টে না ঢুকে শূন্যে উড়তে লাগলো সীমান্তর বল।
সীমান্ত থামলো। চমকে গিয়ে সামনে তাকাতেই দেখলো বলটা উড়তে উড়তে সামনের রাস্তা ধরে হেঁটে যাওয়া মেয়েটার গালে গিয়ে পড়েছে। মেয়েটা চমকে উঠে তড়িৎ গতিতে ঘুরে তাকিয়েছে মাঠের দিকে।
তার ইস্পাত কঠিন মুখটা দেখেই সীমান্তর অন্তরাত্মা শুকিয়ে এলো। সর্বনাশ করেছে। আয়তি! এই ডাইনি আবার সীমান্তর পথে এসে দাঁড়িয়েছে। কি হবে এখন?
সীমান্ত শুকনো মুখে ঐ জায়গাতেই দাঁড়িয়ে রইলো। আয়তি ক্ষুদ্ধ চোখে তার দিকে তাকিয়ে এক টানে বলটা হাতে তুলে নিলো। সীমান্ত দ্যুতিহীন চোখে দেখছে তাকে। অন্য মেয়ে হলে এতোক্ষণে দৌড়ে গিয়ে মাফ চাইতো। কিন্তু আয়তির কাছে চাইবে না। আয়তি মাফ করার মানুষ না। ও বিনিময়ে সীমান্তকে একটা ছোবল দিবে। তারপর গিয়ে শান্ত হবে।
আয়তি হনহন করে মাঠের ভেতর এলো। মেজাজ এমনিতেই খিটখিটে হয়ে আছে কিছুক্ষণ যাবত। তার উপর গালের উপর বলের বারি খেয়ে মেজাজ আরো তরতর করে বিগড়ে গেছে। সে চেঁচিয়ে বলল,"সমস্যা কি সীমান্ত? অন্ধ তুমি? দেখো না রাস্তা দিয়ে যাচ্ছি আমি?"
সীমান্ত মাথা চুলকালো।
" অন্ধ নাকি বুঝতে পারছি না। তুমি যেডা কইবা, আমি ঐডাই। তাও ঝামেলা কইরো না দয়া কইরা।"
"আমি ঝামেলা করছি? তুমি আমার গায়ের উপর বল ফেললে কেন?"
আয়তি হাত তুলে ডান পাশের গালে লাল হয়ে থাকা জায়গাতে আলতো করে মালিশ করে বলল,"আমার গাল জ্বলছে সীমান্ত।"
"তো গাল জ্বললে আমি কি করমু?"
"তুমি আবার আমার সাথে এমন সুরে কথা বলছো?"
সীমান্ত সাবধান হলো। জিভ কেটে মাথা নেড়ে বলল,"না না, ভুল হইসে আমার। জেলে যাইতে চাই না আমি। তুমি রাগ হইয়ো না।"
"ভুল হইসে বললেই আমার ব্যথা কমবে?"
"তাইলে কি করমু কও।"
"কয়েক হাত পেছনে গিয়ে দাঁড়াও।"
আয়তি হুকুমের সুরে বলল। সীমান্ত ভড়কে গেল।
"কি কইলা?"
"বলেছি পেছনে গিয়ে দাঁড়াও।"
"কেন?"
"আমি তোমার মুখে বল ছুঁড়ে মারবো।"
সীমান্ত বড় বড় চোখ করে তাকালো সামনে। বাকি ছেলেরাও দ্বিধাগ্রস্থ হয়ে চেয়ে রইল সামনে। আয়তির মুখ নির্বিকার। আদেশের সুরে আবার বলল," কি সমস্যা? পেছাও।"
দু'হাত মুঠ করে ধরে রাগটুকু চোয়ালের নিচে চেপে ধরলো সীমান্ত। কপালের রগ গুলো দ্বপ দ্বপ করে লাফাচ্ছে।
গভীর এক নিঃশ্বাস ছেড়ে একে একে তিন কদম পেছালো সীমান্ত।
আয়তি মাথা নামিয়ে সাদা কালো বলটার দিকে তাকালো। তারপর তীক্ষ্ণ চোখে তাকালো সীমান্তর শক্ত হয়ে থাকা মুখটার দিকে।
সীমান্ত দাঁড়িয়েছে তার মুখোমুখি।
আয়তি বলটা একনজর দেখে দু'হাত তুলে ছুড়ে মারলো সীমাস্তর মুখ বরাবর। এমন একটা শিক্ষা গাড়ির ঐ ড্রাইভারটাকে দিতে পারলে শান্তি পেত। আপাতত সেই আক্ষেপ সীমান্তকে দিয়েই মেটানো সম্ভব।
সীমান্ত মূর্তির মতো দাঁড়িয়ে আছে। গাল থেকে শুরু করে কান অব্দি সব জ্বলছে। আয়তি চোখ পাঁকিয়ে বললো,এরপর থেকে সাবধানে খেলবে। কথাটা মাথায় রাখবে, ঠিক আছে?
সে এগিয়ে যাচ্ছে সামনে। সীমান্ত বড় বড় শ্বাস ফেলে একদৃষ্টিতে দেখছে তাকে। ভেতরের লাভা আরো শক্তিশালী হচ্ছে দিন কে দিন।
"আয়তিরে! তোরে যেদিন বাগে পামু, খোদার কসম কইতাসি, এমন কান্দান কান্দামু তোরে! বাপ ডাইক্কাও কুল পাইতি না।"
*
*
জেবা রান্নাঘরে ছিলেন বিকেলের পর থেকে। বৃষ্টির দিন। চায়ের সাথে পাপড় ভাজা খেতে মন্দ হবে না। ইয়াজিদ আজ বাসায়। কাল রাত থেকে ঠান্ডা কাশিতে মাথা ধরে আছে। সে আজ পাপড় খাওয়ার আবদার করেছে।
জেবা ব্যস্ত হাতে চুলা সামলাচ্ছিলেন। পাপড়ের সাথে তিনি সমুচা ভাজারও পরিকল্পনা করেছেন।
এমন সময় আবিদা এলো রসাইঘরে। বেশ হন্তদন্ত হয়ে, একপ্রকার ছুটতে ছুটতে।
জেবা অবাক হয়ে বললেন,"কি হয়েছে আবিদা? এমন হাপাচ্ছো কেন?"
আবিদা জোরে জোরে শ্বাস টানলেন। দৌড়ে আসার কারণে তার শ্বাম নিতে কষ্ট হচ্ছিল। একটু ধাতস্থ হয়ে তিনি বুকে হাত চেপে বললেন,"আপা গো! কাম হইসে একটা।"
"কি হয়েছে?"
"নিনীত বাবা বাড়ি ফিরছেন।"
"তো?" জেবা চুলা থেকে একটা পাপড় নামিয়ে নিশ্চিন্ত গলায় বললেন,"বৃষ্টিতে ভিজে এলো নাকি?"
"তা তো ভিজছেই। সাথে একটা মাইয়া মানুষও আছে।।দুইজনে হাত ধইরা রাখসে।"
জেবার হাত থেকে লোহার খুন্তিটা মেঝেতে গড়িয়ে পড়লো। ঝনঝন শব্দ হলো। জেবা আঁতকে উঠলেন। অবিশ্বাস্য কণ্ঠে বললেন," কি বললে তুমি আবিদা? কি করেছে নিনীত?"
"হ আপা। একদম সত্যি। বিশ্বাস না করলে আপনে নিজে গিয়া দেইখা আসেন। এখনো বাইরেই আছে দুইজন। আমি দেইখা আসছি। মাইয়াডা খুব সুন্দর। একদম পরী পরী চেহারা।"
জেবার পুরো মাথা চক্কর দিয়ে উঠলো। দুই চোখ থেকে হতভম্ব ভাব সরলো না। কেমন যেন অবাস্তব মনে হচ্ছে সবকিছু। জেবা আস্তে করে বললেন," কিসব বলো আবিদা! আমার নিনীত মেয়ে নিয়ে বাড়ি ফিরবে? এতো উন্নতি ওর হবে?"
"সত্যি আপা! আপনি একবার গিয়া দেখেন।"
জেবা যেতে পারলেন না। তার পা দু'টো থেমে আছে এক জায়গায়। বাড়ির সামনের খোলা জায়গা থেকে ইমি আর ইশির চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। জেবার হঠাৎ মনে হচ্ছে আবিদার কথাই সত্য। আসলেই একটা কিছু ঘটে গেছে। সত্যিই নিনীত বাড়ি ফিরেছে। তার সাথে একটি মেয়ে। মেয়েটির নাম...
জেবা আর দাঁড়ালেন না। আবিদাকে পাপড় ভাজার দায়িত্ব দিয়ে জেবা ছুটে গেলেন মূল দরজার দিকে।
দরজার কাছে ইমি আর ইশি দাঁড়িয়ে ছিলো। ওদের মুখটা খুশি খুশি। জেবা সামনে যেতেই ইমি আঙুল তুলে সামনে দেখিয়ে বলল,"নিনীত ভাইয়া এসেছে। সাথে আমাদের ভাবিমণি।"
জেবা দরজা দিয়ে বাইরে উঁকি দেওয়ার আগে মিনমিনে গলায় বললেন,"তোমরা কেমন করে জানো ভাবিমণি না অন্য কিছু?"
"ছোট চাচ্চু বলেছ, এটাই আমাদের ভাবিমণি। ঐ দেখো, ছোট চাচ্চু গেছে সামনে।" ইশি আগ বাড়িয়ে জবাব দিলো, আঙুল তুলে সামনে দেখালো।
তার আঙুল অনুসরণ করে জেবাও সামনে তাকালেন। আশ্চর্য হয়ে দেখলেন বাড়ির মূল ফটক একটু সামনে এগিয়ে নিনীত চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখজুড়ে বিরক্তির রেখা স্পষ্ট। তার রুক্ষ শুষ্ক হাতেন ভাঁজে একটা কোমল হাত বন্দি। ঐ হাতটা পারমিতার। মেয়েটা হাসছে ভীষণরকম। দুই চোখে তার উপচে পড়া আনন্দ। ইয়াজিদ এগিয়ে গেছে তার কাছে। পারমিতা ঠোঁট নেড়ে নেড়ে কিছু একটা বলছে তাকে। ছেলের বিরক্তিধরা মুখের পাশে পারমিতার এক গাল ভর্তি হাসি দেখে জেবা কেমন থমকে গেলেন। নিনীত কি সত্যিই ঐ মেয়েকে বিয়ে করেছে? আজ তো বৃষ্টির দিন। জেবা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন না তো?
____
পারমিতার মস্তিষ্ক আজকের দিনটা ঠিক মতো সাজাতে পারছে না। বিকেলে তার সাথে নিনীত সাহেবের দেখা হলো। ভদ্রলোক তার কাছে বিয়ে করার স্থান জানতে চাইলেন। পারমিতা থমকে গেল রীতিমতো। কি থেকে কি হয়েছে, কেন হয়েছে এসব ভাবতে গিয়ে দুই মিনিট চলে গেল। শেষে গিয়ে সে কপাল কুঁচকে বলল,"দুই নম্বরটা বেছে নিলে পরে আবার আপনার মত পাল্টে যাবে না তো?"
নিনীতের ভ্রুযুগল নেচে উঠলো তার কথায়। টানা চোখে সূক্ষ হাসি খেলে গেল। অনিশ্চিত ভঙ্গিতে ঘাড় নেড়ে হালকা স্বরে জবাব দিলো," হতেও পারে। বাড়ির মানুষের আহ্লাদ দেখলে আমি আবার মন পাল্টেও ফেলতে পারি। এসব আদিখ্যেতা বড় অসহ্য লাগে আমার!"
"তাহলে প্রথমটাতে রাজি। আগে কাজি অফিসে গিয়ে শুভ কাজ সেরে আসি।"
নিনীত ভ্রুকুটি করলো।
"বড় অধৈর্য আপনি!"
"আপনিও তো। কোথায় হলুদ হবে, মেহেদি হবে, তারপর গিয়ে বিয়ে হবে। আপনি প্রথমেই বিয়েতে চলে এসেছেন।"
"ম্যাডাম। আমার এটা প্রথম বিয়ে না। আগেও বিয়ে করেছি একবার। ওসবের আশ আগেই মিটে গেছে। এখন আর এসবের ধাঁর ধারি না।"
"কিন্তু আমার তো এটাই প্রথম বিয়ে। আমার তো অনেক শখ আছে বিয়ে নিয়ে।"
নিনীত রাগ চেপে থেমে থেমে বলল,"এতো শখ হলে বাড়িতে চলুন। অপশন তো দিয়েছিই। এর চেয়েও ভালো হয় অন্য কাউকে অন্য কাউকে বিয়ে করলে। আপনার জন্য পাত্রের অভাব হবে না।"
পারমিতা দ্রুত দুই দিকে মাথা নাড়লো।
"না না। আর পাত্র লাগবে না। আমার আপনাকেই চাই।"
নিনীত আগাগোড়া দেখলো তাকে।
"আপনি মানসিক ভাবে সুস্থ তো?"
"জি। আপনার সন্দেহ আছে কোনো?"
"পুরোটাই সন্দেহ আছে।"
নিনীত তপ্তশ্বাস ছাড়লো।
"চলুন তাহলে কাজি অফিস। আর শুনুন। শর্ত কিন্তু বলবৎ থাকবে।"
"অবশ্যই। আমি এক কথার মানুষ।'
"আমার ঘরে আপনি ঢুকতে পারবেন না।"
"আচ্ছা।" পারমিতা একটু উসখুস করে বলল,"কিন্তু যদি ইমার্জেন্সি দরকার পড়ে?"
"পড়বে না। এই দুই বছরে কোনো ইমার্জেন্সি হয়নি। সামনেও হবে না।"
"বলা তো যায় না। হতেও পারে।"
নিনীত দুই চোখ সরু করলো।
"ম্যাডাম! আপনার লক্ষণ ভালো না।"
পারমিতা বিগলিত হাসলো।
"ধ্যাত বাবা! মজা করছি আমি।"
নিনীত হাঁটতে হাঁটতে বলল," আমার দুই মেয়ের দেখাশোনা বাদে আপনার আর আমার মধ্যে কোনো লেনদেন নাই।"
পারমিতা মাথা নাড়লো। একেবারে নিচু গলায় বলল," আছে। দুই মেয়ের দেখাশোনা বাদে আমাদের অনেক লেনদেন আছে।"
"আপনি কিছু বললেন?"
"না সহমত জানালাম।"
নিনীত বলেছিল কাজি অফিসে পাঁচ মিনিটে সব হয়ে যাবে। তবে পাঁচ মিনিটে হলো না। চল্লিশ মিনিটের মতো লাগলো। চল্লিশ মিনিট পরে ধর্ম এবং আইন মোতাবেক পারমিতা ইবনাত পুরোপুরি নিনীত মজুমদারের অর্ধাঙ্গিনী হয়ে গেল। রেজিস্ট্রি পেপারে সাইন করার পর খুশিতে পারুর কান্না এসে গেল। সবার আগে নিকিতার মুখটা মনে পড়লো, তার নিবেদিতার। এরা এখন থেকে পারমিতার। আর কেউ তাকে এদের থেকে দূরে সরাতে পারবে না।
রেজিস্ট্রি অফিস থেকে বের হয়েও তার মুখ থেকে হাসি সরলো না।
সে বেশ উচ্ছ্বল স্বরে জানতে চাইলো," মিষ্টি নিবেন না সবার জন্য?"
"না। মিষ্টি নেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।"
পারমিতা কপাল কুঁচকে তার দিকে তাকালো। নিনীত নির্বিকার ভঙ্গিতে হাঁটছে। পারমিতা এক হাতে শাড়ির কুঁচি ধরে অন্য হাতে তার হাতটা পেঁচিয়ে ধরলো।
এক ঝাটকায় হাত সরালো নিনীত। চমকে উঠে বলল,"এসব কি?"
"ওমা! রাস্তায় কতো কাদা। হাঁটতে পারছি নাকি আমি?"
"হাঁটতে না পারলে আমার হাত ধরবেন?"
"কাদায় শাড়ি ভরে যাচ্ছে।।বউ হয়ে প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি। এমন কাদামাখা শাড়ি নিয়ে যাবো?"
"এজন্য আমার হাত ধরবেন? আমি আগেই বলেছি, আমরা কোনো স্বামী স্ত্রী নই।"
" হাত ধরার জন্য স্বামী স্ত্রী হতে হয়? মানবিক হোন, তাহলেই হবে।"
"আমি মানবিক না। অত্যন্ত অমানবিক আমি।'
নিনীত হনহনিয়ে সামনে এগিয়ে গেল। পারমিতা ফাঁকা চোখে চেয়ে থাকলো সামনে। মস্তিষ্কে পরিকল্পনা সাজাতে একটু সময় লাগলো। হঠাৎই হাঁটুর কাছটায় ধরে সে ব্যথাতুর স্বরে চেঁচালো।
নিনীত থমকে গিয়ে পেছনে তাকালো। পারমিতা ঝুঁকে আছে রাস্তার দিকে। একটা হাত পায়ের কাছে চেপে ধরেছে। নিনীত ভ্রু বাঁকিয়ে শুধালো," কি হয়েছে?"
"পায়ে মোচ খেয়েছি। হাঁটতে পারছি না।"
"পায়ে মোচ খেলে হাঁটুতে কেন ধরেছেন?"
"তো আর কোথায় ধরবো? এখন কি মাটিতে বসে গোড়ালি ধরবো?"
নিনীত পাথরের মতো দাঁড়িয়ে আছে। পারমিতা চোখ তুলল। গর্জে উঠে বলল," এগিয়ে আসবেন নাকি ওমন করেই দাঁড়িয়ে থাকবেন? সিভিক সেন্স নেই আপনার?"
নিনীত দম ছাড়লো। এগিয়ে এসে খপ করে ধরলো পারমিতার হাত। সামনে যেতে যেতে তিতিবিরক্ত মেজাজে বলল,"আপনি একটা নাটকবাজ। চলুন, এবার হাঁটুন।"
"আশ্চর্য! আমার পায়ে ব্যথা। এভাবে গরুর মতো টানবে না। আর শোনো। আমরা এখন স্বামী স্ত্রী। আপনি আপনি করবে না আর। তুমি করে ডাকবে এখন থেকে।"
নিনীত ঠান্ডা স্বরে বলল,"আমাদের বিয়ে হয়েছে। তার মানে এই না আমরা স্বামী স্ত্রী। আপনি সীমা ভুলবেন না ম্যাডাম।"
পারমিতা হাসলো।মুখ ফুটে আর কিছু বললো না।
নিনীত তার হাত ধরেই বাড়ি ফিরলো। সবার প্রথমে তাদের সাথে দেখা হলো ইয়াজিদের। সে ই এগিয়ে এসে জড়িয়ে ধরলো নিনীত কে। কোলাকুলি করলো দুই বার।
দাঁত বের করে হাসতে হাসতে বলল," কিরে শালা! বৃষ্টির দিন দেখেই শুভ কাজ সেরে ফেললি?"
নিনীত গোমড়া মুখে বলল," তুই বুঝলি কিভাবে?"
"এ্যাহহ! আমার হিউমার খুব ভালো।"
"থাক, হিউমার নিয়ে বসে থাক।"
নিনীত তার হাতটা ছেড়ে সোজা বাড়ির ভেতর ঢুকে গেল। ইয়াজিদ হেসে বলল," আরে ডাক্তার মিতা! অভিনন্দন অভিনন্দন।"
"ধন্যবাদ ইয়াজিদ ভাই।"
"এখন তো আর ভাই নেই। শ্বশুর হয়ে গেছি।"
"কিন্তু আপনাকে দেখে তো শ্বশুর শ্বশুর মনে হচ্ছে না। আমি আপনাকে ভাই ই ডাকি কেমন?"
"ডাকো। কি আর করবে? তোমার জামাই আমাকে রাত দিন তুই তোকারি করে। তোমার থেকে এর ভালো কিছু আশাও করি না আমি।"
পারমিতা শব্দ করে হাসলো।
"আপনি তো খুব মজার মানুষ ইয়াজিদ ভাই।"
জেবা মূর্তির মতো দাঁড়িয়ে ছিলেন দরজার কাছে। পারমিতা এসে তাকে সালাম করলো। গাঢ় হেসে বলল,"বলেছিলাম না আমি পারবো?"
জেবা অবিশ্বাস্য গলায় বলল," আমার ছেলে তোমায় বিয়ে করলো?"
"হ্যাঁ, করলো তো। দুদিন পরে কাগজপত্রও এসে যাবে হাতে।"
"তুমি এখন থেকে ওর ঘরে থাকবে?"
"না, ঐটুকু সম্মতি এখনো দেয়নি। বলেছে ওর সাথে আমার কোনো লেনাদেনা নেই।"
"তুমি নিজের জীবনটা নষ্ট করলে পারমিতা।"
পারমিতা পুনরায় হাসলো।
"আপনার মনে হচ্ছে, আমি আপনার ছেলের কথা শুনবো? ওর ঘরেই থাকবো আমি, ওর সাথেই সংসার করবো আমি। ও আমায় চিনতে ভুল করেছে।"
*
*
রাশেদা অল্প অল্প চোখ মেলে মেয়েটার দিকে তাকালেন। জেবা হঠাৎ করে ঘরে এক মেয়ে নিয়ে এসে বললেন,এটা নাকি তার বড় বউমা। নিনীত আজ বিকেলে কাজি অফিসে গিয়ে বিয়ে করেছে তার সাথে।
রাশেদা ঘুম ঘুম চোখ মেলে তাকালেন। মেয়েটা হাসি মুখে বসে আছে তার সামনে। মেয়েটা দেখতে বেশ সুন্দর।।রাশেদা ভালো করে চোখ মেললেন।
"তুমি নিনীত রে বিয়া করসো?"
"জি।"
"নিনীত কোনো উল্টাপাল্টা কথা কয় নাই তোমারে?"
"বলেছে তো। বলেছে তার ঘরে ঢুকতে পারবো না, বাচ্চা কাচ্চার দেখাশোনা বাদে তার সাথে কোনো লেনাদেনা রাখতে পারবো না।"
পারমিতার মুখটা এখনো হাসি হাসি। জেবা মুখ কালো করে তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটার হঠকারিতা আর পাগলামো তাকে হতাশ করেছে। রাশেদা বললেন,"তুমি সারাজীবন এমন কইরাই এই বাড়িতে থাকবা? তোমার কষ্ট হইতো না?"
"কে বলল, আমি এমন করে এই বাড়িতে থাকবো? আমি তো আপনার নাতিনের সাথেই ঘর করবো।"
"ও যে কইলো ঘর করতো না।"
"ও করবে, ওর ঘাড়ও করবে।"
রাশেদা থতমত খেয়ে গেলেন।
"তোমার আম্মা আব্বা জানে?"
"না।"
"জানলে রাগ করতো না?"
"না। ওরা আলাদা আলাদা সংসারে ব্যস্ত। আমাকে নিয়ে পড়ে থাকার সময় ওদের নেই।"
"কি কও এডি।তুমি তোমার মা বাপের সাথে থাকো না?"
"না।"
"তোমার মা কই থাকে?"
"আমি ঠিক জানি না। তিনি একজন অভিনেত্রী।"
"আর বাপ?"
"উনি লয়্যার। উত্তরাতে তার নিজস্ব বাড়ি আছে।"
"তুমি কই থাকো?"
"ধানমন্ডি।"
"আজব কারবার!"
মেয়েটা আবার হাসলো। রাশেদা বললেন," তুমি সংকোচ কইরো না। আমরাও তোমার বাড়ির মানুষের মতোই।"
পারমিতা অবাক হয়ে বলল," আমি একটুও সংকোচ করছি না। সংকোচের কি আছে?"
রাশেদার মাথা ঘোরাতে লাগলো। নববধূর এমন নির্ভিক রূপ দেখে তার উপলব্ধি হলো, আসলেই তিনি বুড়ি হয়েছেন। তার বিয়ের দিন কাঁদতে কাঁদতে তার চোখ ভারি হয়ে উঠেছিল। ভয়ে, আতংকে তিনি সিটিয়ে গিয়েছিলেন রীতিমতো। অথচ এতো যুগ পরে এই রূপবতী মেয়েটি তাকে জিজ্ঞেস করছে," সংকোচের কি আছে?"
নিচ থেকে ইয়াজিদের গলার আওয়াজ শোনা যাচ্ছে। সে বড় গলায় ডাকছে পারমিতাকে। রাশেদা শ্বাস টেনে বললেন," আমার পুতের কি হইসে? ঐডা এমন লাফালাফি করে কেন?"
জেবা ধীর কণ্ঠে বললেন," আপনার পুতে কেক কিনে আনছে।"
"কোন খুশিতে?"
"নিনীতের বিয়ের খুশিতে।"
রাশেদা দুই দিকে মাথা নাড়লেন।
"যার বিয়া তার হুশ নাই, আর আমার ছাগল পুতের ঘুম নাই। যাও যাও। তোমরা সবাই যাও। গিয়া এরে চিল্লাইতে নিষেধ করো। আমার মাথা ঘুরাইতাসে বড় বউ।"
জেবা মাথা নেড়ে বেরিয়ে গেলেন। পারমিতা শাড়ির আঁচল মাথায় তুলে স্মিত হেসে বলল,"আমি গেলাম। আমার জন্য দোয়া করবেন।"
রাশেদা ফাঁকা চোখে তার দিকে তাকালেন।
"আর কি দোয়া করমু। তুমি তো নিজেই নিজের পায়ে কুড়াল মারলা।"
পারমিতা এগিয়ে এসে তার হাতটা তুলে নিজের মাথায় রাখলো। ঝরঝরে কণ্ঠে নত হয়ে বলল,"দোয়া করুন, এক মাসের মধ্যেই যেন একটা সুখবর দিতে পারি আপনাদের। দাঁড়ান, কথাটা শুনে আসি ইয়াজিদ ভাইয়ের। তারপর এসে আবার আপনার সাথে গল্প করবো।"
রাশেদা স্তব্ধ হয়ে গেলেন। সত্যি সত্যি তার মাথা ঘোরাতে লাগলো। ইয়াজিদের পর এই মেয়েকে দেখে তার মনে হলো, তার মরণ ঘনিয়ে এসেছে। এরা এতো কথা বলে!
রাশেদা হতাশ হলেন খুব। মাথায় হাত চেপে ক্লান্ত স্বরে বিড়বিড় করলেন,"নিনীত রে! তুই এডা কি ধইরা আনলি? এ তো দুই দিনে আমারে পাগল কইরা দিবো।"
চলবে-
[আজকে পর্বের সাথে দেওয়া গানটা শুধুমাত্র পারমিতা এবং তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য প্রযোজ্য।]