#আম_পাতা_জোড়া_জোড়া -১৪
লেখনীতে #মেহরিমা_আফরিন
বাড়ির দেয়ালে অনেকদিন ধরে রং করা হয়না। বহুদিনের পুরাতন দেয়ালে ধূসর সাদা আস্তরণ জমেছে। এর মাঝে দুই দিনের বৃষ্টিতে ঘরের ভেতরটা কেমন স্যাত স্যাতে হয়ে ছিলো। মণিষা কাল ঘর ঝাড় দিয়ে মুছেছে। তবুও কেন ঘরের ভেতরের ম্যাদাটে ভাব, দেয়ালের স্যাত স্যাতে ঘ্রাণ যাচ্ছে না, সে জানে না।
মণিষার ঘুম ভাঙলো নিজে থেকেই। ঘুমের ক্ষেত্রে তার সময় হিসেব করা, একেবারে ঘড়িতে ধরা। সময় অতিক্রম হওয়ার পর সে আর এক মিনিটও ঘুমাতে পারে না।
আজ ঘুম ভাঙার পর সবার প্রথমে উঠে সে জানালার পর্দা সরালো। চোখ কচলাতে কচলাতে একবার বাড়ির নিচের রাস্তায় তাকালো। রাস্তার এক পাশে পানি জমে আছে। দুই দিনেও পানি সরেনি। সামনেই শিরিন খালার পুরাতন দুই তালা বাড়ি, অনেকটা বাংলোর মতো দেখতে। বাড়ির মূল ফটকের পাশ ঘেঁষে একটা বকুল গাছ। মণিষা মন খারাপ হলেই আটপৌরে, ছিমছাম ঐ বাড়িটা দেখে চোখ জুড়ায়। তার শখ অবিকল এমন একটি বাড়ির।
গ্রামে তাদের যে ঘর ছিলো, ঐটা দুই চালার। শহরে আব্বা কোনো সম্পদ রেখে যান নি। সোহাইলের সাথে আপাতত কোনো যোগাযোগ নেই তার। তাদের পৈত্রিক ভিটা অনেকটা এমনই ছিলো। যদিও বিয়ের পর মণিষা খুব বেশি ঐ বাড়িতে যেতে পারে নি, সুযোগই হয়ে উঠেনি।
জানালার পর্দা টেনে দুই মিনিট গ্রিল ধরে দাঁড়িয়ে মণিষা পেছন ফিরলো। খাটের এক পাশে সহস্র ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে মণিষা ছুটলো তোয়ালে হাতে। গোসল সেরে চটপট নাস্তার ব্যবস্থা করলো। তারপরই ঘরে এসে সহস্রর কপালে শুকনো দু'টো চুমু খেয়ে ডাকলো,"বাবা! ও বাবা! উঠো না। স্কুলে যাবে না?"
সহস্র দু'হাতে চোখ কচলে সামনে তাকালো। ঘুমু ঘুমু চোখের পাতা কিঞ্চিৎ বিরক্তিতে বেঁকে গেল তার। দ্রুত হাত দিয়ে চোখ দু'টো আলো থেকে আড়াল করে খিটখিটে স্বরে বলল,"মা! সবসময় এমন করো।"
মণিষা চোখ বড় বড় করলো।
"কি করি আমি?"
"জ্বালাও আমাকে।"
"আরে বাবা! তুমি উঠবে না? না উঠলে স্কুলে যাবে কিভাবে?"
সহস্র ভ্রুকুটি করেই অন্যপাশে ফিরে গেল। বিরক্তির পরতে তার মুখ ভার হয়ে আছে। ঐ মুখটাও মণিষাকে খুব টানে। সে গিয়ে তার কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে আরেকটা চুমু খেল। দুই হাতে ছেলেকে জড়িয়ে ধরে বলল,"উঠো না বাবা। স্কুলে যেতে হবে তো। মায়ের দেরি হচ্ছে।"
কথা শেষ করে মণিষা আর দাঁড়ালো না। তাড়াতাড়ি গিয়ে আলমারি খুলে একটা শাড়ি বের করে আনলো। সহস্র উঠে বসে কতোক্ষণ চোখ কচলে চারপাশে তাকালো। মণিষা এসে তাকে নাস্তা করিয়ে স্কুলের জন্য তৈরি করে গেল। সহস্র এইবার খুব মনোযোগ দিয়ে মায়ের দিকে তাকালো।
সাজসজ্জার অভ্যাস মণিষা বহুদিন আগেই ছেড়েছে। সোহাইলের সংসারে তার অলংকার ছিলো দু'চোখের কাজল আর হাত ভর্তি চুড়ি। মাঝে আবার শখ করে পায়ে আলতাও পরতো। ঐ সংসার থেকে বেরিয়ে আসার পর এসবের পাঠ চুকিয়েছে। এখন আর কাজল দেখলেও চোখে পরতে ইচ্ছে হয় না। হাত গুলোও চুড়ির ঝংকারে রিনঝিন করে না আর। মণিষা খুব ব্যস্ত নিজের জীবন নিয়ে।
তাড়াতাড়ি চুলে একটা বেণি বেঁধে মণিষা ঘুরে তাকালো ছেলের দিকে। সহস্র উঠে মায়ের কাছে এলো। একেবারে তার গায়ের সাথে মিশে দাঁড়ালো। ঘ্রাণ টানলো মন ভরে।
মণিষা হেসে বলল," কি হয়েছে বাবা?"
সহস্র হাত বাড়ালো। মণিষা হাঁটু গেড়ে বসলো তার সামনে। গালটা এগিয়ে দিয়ে বলল,"কি? চুমু খাবে?"
চটপট দুইবার মায়ের গালে চুমু খেলো সহস্র।
"মা, তুমি কিন্তু কিছু খাও নি।"
"হ্যাঁ বাবা। আমি স্কুলে গিয়ে খাবো।"
"ব্রেকফাস্ট কিন্তু সকাল আটটার মধ্যে করতে হয় মা। এটা রুলস। তুমি রুলস ব্রেক করবে?"
মণিষা আবার হাসলো।
"না বাবা। আমি স্কুলে গিয়েই সাথে সাথে খেয়ে নিবো।"
ছেলের স্কুলের ব্যাগ গুছিয়ে এক হাতে নিজের ব্যাগ, অন্যহাতে সহস্রের কবজি চেপে ধরে সুবর্ণধারা হাইস্কুলের সবচেয়ে জুনিয়র শিক্ষিকা মণিষা সিদ্দিকা ছুটলেন তার ক্লাসের উদ্দেশ্যে।
সহস্রকেও সে এই স্কুলের প্রাথমিক শাখায় ভর্তি করিয়েছে। এতে করে আনা নেওয়া করতে তেমন ঝামেলা হয়না তার। আজও সহস্রকে তার ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর সে গেল নিজের ক্লাসে। আজ থেকে ক্লাস সেভেনের ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু।
মণিষা ক্লাসে গেল। অফিস সহকারী আবিদ ভাই বাচ্চাদের খাতা আর প্রশ্ন বুঝিয়ে দিয়েছে। মণিষা গিয়ে চুপচাপ ডেস্কের সামনে রাখা চেয়ারে বসলো, ডেস্কের উপর থেকে কোয়েশচান পেপার টেনে একটু চোখ বুলিয়ে নিলো প্রশ্নে।
শিক্ষক হিসেবে মণিষা অতি সরল প্রকৃতির। তার মনে পড়ে না শেষ কবে কোনো স্টুডেন্ট কে ধমক দিয়েছিল সে। কঠোরতা তার স্বভাবে নেই। তবে মণিষা নিয়মের ব্যাপারে সচেতন। বাচ্চারা চুরি করবে, অসদ উপায়ে পরীক্ষায় উত্তীর্ণ হবে, এতে বেশ আপত্তি আছে তার।
মণিষা কিছুক্ষণ বসেই তারপর উঠে দাঁড়ালো। হাত দু'টো বগলদাবা করে পায়চারি করলো শ্রেণিকক্ষ জুড়ে।
শেষ বেঞ্চ থেকে এক বেঞ্চ সামনে একটা ছাত্রী বসেছিল মাথা নামিয়ে। পুরোপুরি না, সামান্য ঝুঁকে ছিলো বেঞ্চের দিকে। তার খাতার উপর কলম রাখা। সে খাতার আড়াল থেকে কিছু একটা দেখার চেষ্টা করছে।
মণিষা কপাল কুঁচকে এগিয়ে গেল তার কাছে। মেয়েটা তখনো খেয়াল করে নি তাকে। মণিষা পা দু'টো উঁচু করে সামান্য উঁকি দিতেই এক জায়গায় চোখ পড়ল তার। সাথে সাথে মস্তিষ্ক সচেতন হলো। একটানে মেয়েটার সামনে থেকে সাদা খাতা টেনে নিলো মণিষা।
মেয়েটা হকচকালো। প্রচণ্ড বিস্ময়ে মাথা তুলতেই দেখলো, মিস মণিষা রক্তচক্ষু মেলে তার দিকে তাকিয়ে আছেন।
ভয়ে অন্তরাত্মা শুকালো তার। ম্যাম কখন এসেছে? সে দেখেনি কেন?
শুকনো এক ঢোক গিলে হাতের মুঠোয় থাকা কাগজটার দিকে তাকালো সে।
সেদিকে আরো একবার তাকিয়ে মণিষা দীর্ঘশ্বাস ছাড়লো। খুব অবিশ্বাস্য গলায় বলল,"ইশি! তুমি নকল করছো? তোমার এতো সাহস?"
_____
"সা"
"সাআআআ"
"রে।"
"রেএএএএ।"
"গা।"
"গাআআআ।"
"মা"
"মাআআআ।"
দেবব্রত চৌধুরী দারুণ গান করেন। একসময় শিল্পকলাতে রোজ গিয়ে গানের ক্লাস করাতেন। বার্ধক্যজনিত কারণে এখন আর সেখানে যাওয়া হয় না তেমন। তবে গানের তর্জমা ছাড়েন নি। নিজের বাড়ির সামনের খোলা উঠানে বসে প্রায়ই তিনি গানের রেওয়াজ করতেন। তার সুরেলা কণ্ঠ। ক্লাসিক্যাল সংগীতের প্রতি তার অনুরাগ প্রবল। আদাবর কলোনির আশেপাশে দশ বাড়ি পর্যন্ত তার গানের সুনাম ছিলো।
দেবব্রত চৌধুরী ক্লাস করাতেন সংশপ্তক নামে এক সাংস্কৃতিক অঙ্গনে। যদিও তার অর্থ বিত্তের প্রয়োজন ছিলো না কখনোই। বেশ আড়ম্বর ঘরে জন্ম তার। একমাত্র কন্যা দেবারতির বিয়ের পর তার আর আলাদা পিছুটান রইলো না। স্ত্রী কে নিয়ে প্রান্তনীড় নামের শেওলা ধরা পুরাতন জমিদার বাড়িতে দিব্যি সুখে থাকতেন তিনি।
ইয়াজিদ তাকে অনুরোধ করেছিল সংশপ্তকে ক্লাস নেওয়ার জন্য। ভদ্রলোক এক কথাতেই রাজি হয়েছেন। গান তার অনুরাগ, ভালোবাসার জায়গা। আদাবরে গানের অনুশীলন হবে তার মাধ্যমে, দেবব্রতর কাছে এই কথা ভারি আনন্দের। তিনি রাজি হলেন। সাথে শর্ত দিলেন তিনি কোনো অর্থ নিবেন না। তার উপার্জনের নেশা নেই। থাকলে শিল্পকলার ঐ সাংস্কৃতিক অঙ্গন থেকে সরে আসতেন না। তার বয়স হয়েছে। শরীরও ক্লান্ত হয়েছে। শেষ বয়সে সংগীতের তর্জমা তিনি করতে চান কেবল ভালোবেসে।
তবুও ইয়াজিদ ছেলেটা তার কদর করেছে। প্রত্যেক মাসে বেশ দামি দামি উপহার পাঠিয়েছে তার বাড়িতে। তার স্ত্রী চন্দ্রিমা বড্ড স্নেহ করেন ছেলেটাকে।
সংশপ্তক নামের কালচারাল সেন্টার চলতো বেশ গুণী কয়েকজন শিল্পীর কারণে। তার মধ্যে দেবব্রত ছিলেন একজন। ইয়াজিদ খুব কদর করতো তার, তার গানের কণ্ঠও উপভোগ করতো। শুধু উপভোগ করতে পারতো না তার সুরের পিঠে বাচ্চাদের বেসুরা, বিদঘুটে সুর। ঐ সুর তাকে শুনতে হতো দাঁত খিঁচে, কানে হাত চেপে।
এই যেমন আজ। দেবব্রত সুরেলা, মধুর কণ্ঠে সুর টানছেন।
"সা রে গা মা..."
তার বিপরীতে এক পাল বাচ্চা কাচ্চা ততোটাই বেসুরা গলায় চেঁচিয়ে যাচ্ছে-
"সাআআআ রেএএএ গাআআআ মাআআআ..."
ইয়াজিদ কানের দুইপাশে হাত চেপে চেঁচিয়ে বলল,"মাফ কর আমারে মা। আর চেঁচাস না।"
সে ঝুঁকে এসে মাথা ঠেকালো ডেস্কে। ক্লান্ত, পরিশ্রান্ত স্বরে একনজর তাশরিফের দিকে চোখ তুলে বলল,"ভাই আমার ভুল হইসে। আর জিন্দেগীতে এমন সেন্টার খুলতাম না। মাফ চাই। কানের পর্দা পাতলা হইয়া গেসে আমার।"
তাশরিফ হাসলো।
"এইটুকুতেই এতো সমস্যা? যখন তোর নিজের হবে বাচ্চা, তখন কি করবি?"
ইয়াজিদ শব্দ করে হাসলো।
"বাচ্চা, আর বাচ্চার মা, দুইজনরেই লাল সালাম আমার।তোমার মতো চরিত্র দোষ নাই আমার মামা, যে মাইয়া দেখতে গিয়াই বিয়া কইরা ফেলমু। ছিহহহহ, খচ্চর!"
তাশরিফ জবাব দিলো না। এক কথা শুনতে শুনতে কান অবশ হয়ে গেছে। ইয়াজিদ বলল," মাইয়া মানুষ হইলো ঝামেলার বাক্স। যতদিন ছোট থাকে, ততদিনই ভাল্লাগে। বড় হইলেই ত্যাড়ামি করে। আমার ভাস্তি আয়তির মতো।"
"চাচ্চুউউউ।"
ইয়াজিদ চমকে মাথা তুলল। অবাক হয়ে সামনে তাকিয়ে দেখল, ইশি দৌড়ে দৌড়ে তার কাছে আসছে। ইশির চোখ ভেজা। ইয়াজিদ চমকে গেল ভীষণ। অবাক হয়ে বলল,"কি হইসে? ইশি..."
ইশি এক দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো। বুকে মাথা রেখে হু হু করে কেঁদে উঠলো এক নিমিষে। তার চোখের পানিতে শার্ট ভিজতে লাগলো ইয়াজিদের। ইশি আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল," চাচ্চুউউউ। আমি....আমি শেষ চাচ্চু।"
ইয়াজিদ দুই হাতে জড়িয়ে ধরলো তাকে। দ্রুত মাথায় হাত বুলালো। এক টানে তার মুখটা উপরে তুলে অস্থির হয়ে বলল,"এ্যাই ইশি! কি হয়েছে? বল না আমাকে।"
ইশি থামলো। কান্নাভেজা চোখে ইয়াজিদের দিকে তাকিয়ে ভীষণ অসহায় হয়ে বলল," মা আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলবে চাচ্চু।"
"আরে, হয়েছে কি সেটা তো বলবি। কাঁদছিস কেন?"
"পরীক্ষায় এক্সটা চিট নিয়েছিলাম সাথে।"
ইয়াজিদ চোখ বড় বড় করলো,
"সর্বনাশ! এরপর?"
ইশি ঠোঁট ভেঙে বলল,"ধরা পড়ে গেছি।"
বলেই ভ্যা করে আবার কেঁদে ফেললো। ইয়াজিদ বলল," আগে কখনো করিস নি এমন?"
"না, আজই প্রথম। দিঘি, বেলা ওরা সবাই করতো আগে। কখনো ধরা পড়েনি। আমি ধরা পড়ে গেছি। চাচ্চুউউউ।"
ইশি নাক টানলো কয়েকবার। ইয়াজিদ বলল," তো হয়েছে টা কি এখন? ধরা পড়ার পর বের করে দিলো হল থেকে?"
"হ্যাঁ। মণিষা মিস অনেক ধমকেছে আমাকে। বলেছে, গার্ডিয়ান ডাকতে। কাল যেন গার্ডিয়ান নিয়ে আসি সাথে। নয়তো আমাকে বাকি পরীক্ষায় বসতে দিবে না আর।"
ইয়াজিদ কপাল কুঁচকালো।
"মণিষা মিস টা কে?"
"আমার ক্লাস টিচার। খুব স্ট্রিক্ট।"
ইয়াজিদ চেঁচিয়ে বলল," একদম ধরে ঠাটিয়ে থাপ্পড় দিবো ঐ মণিষা না ফনসা, ওটার গালে।"
তাশরিফ বলল," কিন্তু দোষ তো ইশির। তুই ওকে না বুঝিয়ে আরেকজনকে কেন গালমন্দ করছিস?"
"এ্যাই তুই চুপ কর তো। বেশি দোষ গুণ মারাবি না। ঐ মনসার সাহস কেমন করে হয় আমার ইশুকে কাঁদানোর?"
"মনসা না, মণিষা।"
"যাই হোক। সাপ সাপ ই।"
"ইশু অন্যায় করেছে। তুই ওকে শাসন কর।"
"ঘোড়ার আন্ডা করবো আমি। বাচ্চারা একটু এমন করবেই। ঐ মনসার কোনো অধিকার নেই আমার ইশিকে কাঁদানোর। ওকে আমি এর দ্বিগুণ কাঁদাবো।"
ইশি নাক টানতে টানতে বলল,"আমাকে অনেক ধমকেছে চাচ্চু। পুরা ক্লাসের সামনে নিয়ে দাঁড় করিয়েছে।"
"কিইই! এতো বড় সাহস!" ইয়াজিদ বলল," আমি ওকে পুরা স্কুলের সামনে দাঁড় করাবো। দাঁড় করিয়ে কান ধরে উঠবস করাবো। মণিষার ঘরের মণিষা। সাপ একটা!"
তাশরিফ বিরক্ত হলো খুব।
"এসব খুবই বাজে স্বভাব ইয়াজিদ। বাচ্চাদের ভালোবাসা আর প্রশ্রয় দেওয়া এক কথা না। ইশি! তুমি যেই কাজটা করেছো, সেটা অন্যায়। তোমার মণিষা মিসের কোনো দোষ নেই।"
ইশি ভ্রুকুটি করলো। থমথমে স্বরে বলল,"বাকিরাও তো করে, মণিষা মিস শুধু আমাকেই দেখে।"
ইয়াজিদ গজ গজ করে বলল,"সেটাই। ওর সমস্যা শুধু আমার ইশির সাথে। আমি আজ গিয়ে ওর বাড়িঘর ভাঙবো।"
"আমি মণিষা মিসের বাড়ি চিনি না। আর বাড়ি চিনলেও বা কি হবে? আমি কারো বাড়ি ভাঙতে চাই না। আমি চাই বাকি পরীক্ষা গুলো দিতে।"
"সে কে তোর পরীক্ষা আটকানোর? সাপ হয়েছে বলেই কি যখন তখন ছোবল মারবে নাকি?"
"বলেছে গার্ডিয়ান নিয়ে যেতে। গার্ডিয়ানের সাথে কথা বলে তারপর বসতে দিবে পরীক্ষায়।"
"ইশশ! কোথাকার কোন প্রাইম মিনিস্টার এসেছে। সামনে পেলে চটকে দেবো ধরে।"
ইশি চোখ মুছলো।
"আমি মণিষা মিসের ক্ষতি চাই না। আমি শুধু মায়ের হাত থেকে বাঁচতে চাই। মা জানলে জানে মেরে ফেলবে আমায়। কিছু একটা করো চাচ্চু।"
ইয়াজিদ ভ্রু বাঁকালো।
"কি করবো তাহলে? গার্ডিয়ান হিসেবে আমি যেতে পারবো?"
"হ্যাঁ, কিন্তু বলতে হবে তুমি আমার বাবা।"
"ওটা বলবো নে, সমস্যা নাই। আর তোর ফনসা মিসের একটা হেস্তনেস্ত করতে হবে না?"
"না। মিস এমনিতে খুব সুইট।"
"মাথার সুইট। চুপ কর তো।"
"তুমি শুধু আমার বাবা হবে। হয়ে কাল স্কুলে যাবে। কোনো বেয়াদবি করবে না। পারবে তো চাচ্চু?"
"পারবো। কিন্তু ঐ ফনসা কে দেখে তো আমার রাগ উঠে যাবে রে ইশি।"
ইয়াজিদ দীর্ঘশ্বাস ছাড়লো।
"আচ্ছা। কাল যাবো আমি তোর সাথে। গিয়ে মিস মণিষার বিঁষ দাঁত তুলে আনবো। দেখবো ঐ মণষা কেমন ছোবল দিতে জানে।"
চলবে-
[ পর্বের আরেকটা ছোট অংশ বাকি আছে। আমি চাইছিলাম ইয়াজিদ-মণিষা আলাদা ভাবে একটা পর্বে থাকুক। তাই ঐ অংশটা আর এখানে দিলাম না। আপনারা সবাই পড়ার পর মন্তব্য করে যাবেন। সবার পড়া হয়ে গেলে রাতেই এই পর্বের বর্ধিতাংশ দেওয়ার চেষ্টা করবো।]#আম_পাতা_জোড়া_জোড়া - ১৪(বর্ধিতাংশ)
লেখনীতে #মেহরিমা_আফরিন
পারমিতা বাড়ি ফিরতেই দেখলো মেহরোজ লিভিং রুমের ইজিচেয়ারে বসে আছে। ওর কোলে নিকিতা। মেহরোজ হাত বাড়িয়ে ধরে রেখেছে তাকে। নিকিতা হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। মেহরোজ হাসতে হাসতে ওর কথার জবাব দিচ্ছে।
পারমিতা গিয়ে ওদের সামনে দাঁড়ালো। একগাল হেসে বলল," এ্যাই নিকি! আমার রসগোল্লা টা কি করছে দেখি?"
নিকিতা কথা বন্ধ করে চোখ তুলল। পারমিতাকে দেখতেই কপাল কুঁচকালো ভীষণভাবে। চট করে মেহরোজের বুকে মুখ লুকিয়ে বিড়বিড় করে কি যেন বলল। পারমিতা বুঝলো না। ঝুঁকে এসে কপাল কুঁচকে বলল," কি হয়েছে সোনা? মুখ ঘুরিয়ে নিলে কেন?"
মেহরোজ ওর চুলগুলো কানের পেছনে গোছাতে গোছাতে বলল,"আপনার সাথে রাগ। আর কথা বলবে না আপনার সাথে।"
"সেকি! কেন?"
"আপনি ওকে ফেলে সকালে কোথায় যেন চলে গেছেন। ও খুব ভয় পেয়েছে ঘুম থেকে উঠে আপনাকে না দেখে। আপনি কিভাবে ওকে ফেলে চলে গেলেন বলুন তো? নিকু তো একটা বেবি। যদি খালি ঘরে ভূত চলে আসতো, তাহলে ওর কি হতো একবার বলুন তো?"
মেহরোজ খুব রাগ হলো। চোখ গরম করে তাকালো পারমিতার দিকে। চোখাচোখি হতেই ঠোঁট টিপে হাসলো।
পারমিতা মিছেমিছি ভয় পেয়ে বুক হাত চাপলো। আতংকিত হয়ে বলল,"সত্যিই তো। আমি তো এটা ভাবিই নি। যদি আমার নিকুর কিছু হতো?"
মেহরোজ বলল,"নিকু অনেক ভয় পেয়েছে। ও আর আপনার সাথে কথা বলবে না। ও অনেক রাগ হয়েছে।"
পারমিতা মন খারাপ করে বলল," এখন আমি কি করবো? আমার তো অনেক কথা বলতে ইচ্ছে করছে নিকির সাথে। আমি তো ওকে কোলে নিতে চাচ্ছি।'
নিকিতা চোখ বাঁকা করে লুকিয়ে লুকিয়ে তাকালো তার দিকে। তারপর ডান হাতের তর্জনী তুলে মৃদু ধমকের সুরে বলল,"তুপ! এতদম তুপ।"
পারমিতা ঝুঁকলো। মুখটাকে বিষন্ন করে বলল,"নিকু! তুমি কি রাগ করেছো আমার সাথে?"
"অনেত নাগ কয়েছি।"
"কেন?"
নিকিতা এবার পুরোপুরি মাথা তুললো। পারমিতার গাল ধরে আধো স্বরে বলল,"আমি এততা বেবি না?"
"হ্যাঁ, তুমি তো একটা বেবি।"
"বেবিলা কি ডিশুম ডিশুম কততে পায়ে?"
"না, পারে না তো।"
নিকিতা আঙুল তুলে নিজের দিকে তাক করলো। জোর গলায় বলল,"আমাতে যুদি ভুত এসে খেয়িই ফেলতো, তাহনে তি হতো? আমি এততা বেবি। বেবিদেম কি কেউ ভুতেম কাছে ফেলি যায়?"
"না, একদম না।"
"তুমি চলি গেছো। ভুত আমাতে খেয়িই ফেললে তি হতো বনো? নিকুর তি হতো তখম?"
পারমিতা সাথে সাথে কান ধরলো। খুব খুব মন খারাপের ভান করে বলল,"ভুল হয়েছে নিকু। তুমি প্লিজ আমার সাথে রাগ করো না। তুমি রাগ করলে আমার কান্না পায়। এই দেখো আমি কাঁদছি।"
পারমিতা কান্নার অভিনয় করে দেখালো।
নিকিতা বড় বড় চোখে তার দিকে তাকিয়ে বলল,"তান্না কততে হবে না। তুনি আন আমাতে নেখে যেউ না। ওতে?"
"ওকে সোনা।"
পারমিতা হাত বাড়ালো।
"এসো না। মমার কাছে আসো। কতোক্ষণ তোমায় কোলে নেই না। আসো একবার।"
নিকিতা ছোট ছোট চোখে মেহরোজের দিকে তাকালো। মেহরোজ হেসে বলল," কি? যেতে চাও?"
নিকিতা মাথা নাড়লো। বিড়বিড় করে বলল,"ওন জননো খানাপ লাগচে। উ কান্না কচ্চে।"
"আচ্ছা যাও।"
নিকিতা হাত বাড়িয়ে তার কোলে গেল। পারমিতা ওর দুই গালে দু'টো চুমু খেয়ে বলল," সবসময় যে মাম্মার কোলে বসে থাকো, মাম্মার পেটে না একটা বেবি আছে? বেবিটা যদি ব্যথা পায়?"
নিকিতা কপাল কুঁচকে মেহরোজের ফুলে থাকা পেটের দিকে তাকালো।
"ঐ বেবিতা পুচা। দুশতো। আমাতে পিট্টু দেয়।"
"তাই নাকি? পেট থেকেই তোমাকে পিট্টু দেয়?"
"হু। ছবাই আমাতে পিট্টু দেয়। ইনোজ দেয়, উ দেয়, ছবাই দেয়।"
"আহা! কেউ ভালোবাসে না নিকিকে।"
নিকিতা দুই দিকে হাত নাড়লো।
"তেউ ভানোবাছে না। তেউ না।"
খিলখিলিয়ে হাসলো পারমিতা। নিকিতার দুই গালে পর পর চুমু খেতে খেতে বলল,"বাসি তো। আমি বাসি। বলো, তুমি কি চাও। মমা সব কিনে দিবো তোমাকে। কি খেতে চাও বলো?"
নিকিতা গালের নিচে হাত রেখে ভাবলো কিছুক্ষণ।
তারপর বাচ্চা বাচ্চা গলায় বলল," আইসপিম খেতি চাই। ছুদু এততু আইসপিম।"
"শুধু আইসক্রিম? আজই খাওয়াবো তোমাকে আইসক্রিম। এখনি। আমি তুমি আর নিবি যাবো, ঠিক আছে?"
নিকিতা দ্রুত মুখ চেপে ধরলো তার। দুই দিকে মাথা নেড়ে বলল," তেনো? পাপাই কুতায়? পাপাইকে নিয়ে যাবে না? নিকি পাপাইকেও নিতে চাচ্চে।"
"উমমম! পাপাইকেও নিবে?"
"হু। আইসপিম খাবে না পাপাই?"
"পাপাই বড় হয়ে গেছে। পাপাইকে আইসক্রিম খাওয়াতে হবে না। ওটা বাচ্চাদের খাবার।"
নিকিতা হতাশ হয়ে মাথা নামালো। মন খারাপ করে বিড়বিড় করল,"তেও আমান পাপাই কে ভানোবাছে না। তেও পাপাইকে আদন কয়ে না।"
"আহারে! কেউ ভালোবাসে না?"
"না।"
"ছবাই দুষ্টু?"
"হু। ছবাই। পাপাই কতো ভানু। পাপাই নিকির মাতায় আদুন কয়ে, নিকিকে জুতু পয়িয়ে দেয়। কখুনু বকা দেয় না।"
পারমিতা হাসলো,"দাঁড়াও নিকু,তোমার পাপাইকেও নেওয়ার ব্যবস্থা করছি।"
____
নিবেদিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু আগেই ওর আরবি ম্যাডাম ওকে পড়িয়ে বেরিয়েছে। আরবি পড়ার পর সে কিছুক্ষণ শুয়ে আয়াত গুলো মুখস্থ করার চেষ্টা করে।
আজ যখন শুয়েছিল, তখন হঠাৎ ই পারমিতা ঘরে এলো। এসে তাড়া দিয়ে বলল," নিবেদিতা! দ্রুত উঠে বসো। দশ মিনিটের মধ্যে আমাদের বের হতে হবে। নয়তো আইসক্রিম শপ বন্ধ হয়ে যাবে।"
নিবেদিতা চমকে গিয়ে উঠে বসলো।
পারমিতাই এসে তার একহাত ধরলো। তারপর ঘরের দরজা বন্ধ করে বলল," লজ্জা শরম কি বেশি নাকি কম? বেশি হলে নিজে নিজে ড্রেস চেঞ্জ করো, মা ঘুরে দাঁড়াচ্ছি। আর যদি কম হয় তাহলে আমাকে বলো জামা কোথায়, আমি পরিয়ে দিচ্ছি।"
নিবেদিতা তাজ্জব হয়ে তার কথা শুনলো। তারপরই ফিক করে হেসে দিয়ে বলল,"আর লজ্জা যদি মাঝামাঝি হয় তখন?"
পারমিতা হাসতো। নিবেদিতার কপালের উপর থেকে চুল গুলো সরিয়ে শব্দ করে একটা চুমু খেয়ে বলল," তাহলেও আমিই পরিয়ে দিবো। বাচ্চাদের নতুন জামা পরিয়ে পুতুলের মতো সাজাতে আমার খুব ভালো লাগে।"
নিবেদিতার কান্না পেল খুব। ওকে অনেকদিন পর কেউ এমন করে চুমু খেয়েছে, জড়িয়ে ধরেছে। পারমিতা বলল,"তুমি এমন চুপ হয়ে দাঁড়িয়ে আছো কেন সোনা?"
নিবেদিতা গুটি গুটি পায়ে এগিয়ে এলো। পারমিতার হাতটা শক্ত করে ধরে তার বুকের কাছে চেপে বলল," তোমাকে আমি একটা নাম দেই?"
"নাম দিবে? কি নাম?"
"পরী মা।"
নিবেদিতা ধিমি স্বরে স্পষ্ট করে বলল। পারমিতা অদ্ভুত চোখে তাকালো তার দিকে। অবাক হয়ে বলল," আবার বলো তো কি ডাকবে?"
"পরী মা। আমি আমার চোখ দিয়ে দেখেছি। তুমি একদম পরীদের মতো দেখতে।"
পারমিতা কিশোরী মেয়েদের মতো অনুভূতি প্রবণ হয়ে উঠল। মাথা নেড়ে বলল,"ঠিক আছে। আমাকে তুমি পরী মা ই ডেকো। আমার খুব পছন্দ হয়েছে এই নাম।"
_____
নিনীত দুই হাতে মাথা ধরে খাটের সাথে ঠেস দিয়ে বসেছিল। সকাল থেকে হাঁচি দিতে দিতে তার মাথা ধরে গেছে। বিকেলে সুষ্মিতা এক কাপ আদা লেবুর চা করে দিয়েছিলেন তাকে। ওটা খেয়েও বিশেষ কোনো কাজ হয়নি। একটু আগে ঔষধ খেয়েছে। তবুও মনে হচ্ছে না রাতের আগে হাঁচি বন্ধ হবে।
নিনীত নাক মুছতে মুছতে আবার হাঁচি দিলো। মেজাজটা খিটখিটে হয়ে আছে। সর্দি কাশি সব একসাথে শুরু হয়েছে। এই সিজনাল ফিভারের বীজ এনেছে ইয়াজিদ। ওকে সামনে পেলে নিনীত দুম করে দু'টো কিল বসাতো ওর পিঠে।
হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ হলো। কে যেন ধাম ধাম করে কড়া নাড়লো দরজার। নিনীত দু'চোখ কুঁচকে সেদিকে তাকালো। নিশ্চিত ইয়াজিদ এসেছে। এসব ধাক্কাধাক্কির স্বভাব কেবল ইয়াজিদেরই আছে।
ভালোই হয়েছে। সকাল থেকে একা বসে বসে বিরক্ত লাগছিলো সব। ইয়াজিদ এলে মন্দ হবে না। ওর কথা ভেবে নিনীত সিগারেটও এনে রেখেছে এক প্যাকেট।
দরজা খুলতেই চমকে গেল নিনীত। দরজার অন্যপাশে পারমিতা দাঁড়িয়ে আছে। মুখে চওড়া হাসি। নিনীতকে দেখেই হাসি আরো গাঢ় হলো।
নিনীত ভ্রু উঁচিয়ে বলল,"আপনি?"
পারমিতা দ্রুত ঘরের ভেতর ঢুকলো। মাথা নেড়ে বলল,"জি আমি।"
"আপনি কেন এসেছেন?"
"ওমা, বাইরে যাচ্ছি না আমরা?"
"বাইরে যাচ্ছি মানে?"
পারমিতা ড্রেসিং টেবিলের টুল টেনে বসলো। ড্রয়ার থেকে লিপস্টিকের ব্যাগটা বের করতে করতে বলল,"মানে আমি আপনি নিবি আর নিকি যাচ্ছি একটা আইসক্রিম পার্লারে, আইসক্রিম খেতে।"
নিনীত আশ্চর্য হয়ে বলল,"আমি কখন বললাম, আমি বাইরে যাবো?"
"আপনি বলেন নি। কিন্তু আপনার বউ বাচ্চা একা একা রাতে বাইরে যাবে? আপনি পুরুষ হিসেবে এমনটা হতে দিবেন?"
"জি দিবো। আপনি হাঁটতে হাঁটতে জাহান্নামের চৌরাস্তায় চলে যান। আমার সমস্যা নেই।"
পারমিতা ঠোঁটে লিপস্টিক ঘঁষতে ঘঁষতেই মুখ বাঁকালো।
"ছিহহ নিবির বাবা। এসব বলবেন না। আমার খারাপ লাগে শুনতে।"
নিনীত বিষম খেল। বড় করে আরেকটা হাঁচি দিয়ে বলল," কি বললেন আপনি?"
"কি বললাম?"
"আমাকে কি ডাকলেন?"
"কি? নিবির বাবা?"
"হু, সাউন্ডস সো স্ট্রেঞ্জ।"
"কেন? আপনার প্রাক্তন ওয়াইফ ডাকতো না বুঝি?"
নিনীত হঠাৎ থিতু হয়ে বসল। শক্ত গলায় বলল,'না, ডাকতো না।"
"তাহলে তো ভালো। আমিই প্রথম।"
"জি। এবার দয়া করে বের হন।"
"হবো। মেকআপ টা শেষ করতে দিন। আমার শাড়িটা দেখুন তো। মানাচ্ছে না আমাকে?"
"আমার শাড়ি দেখার সময় নেই..." নিনীত আরেক দফা হাঁচি দিয়ে বলল,"আপনি বের হন তাড়াতাড়ি।"
"আপনি রেডি হন।"
"আমি কোথাও যাবো না।"
"আল্লাহর দোহাই,এসব কথা বলবেন না নিবির বাবা। আমি বাচ্চাদের কথা দিয়ে ফেলেছি। বলেছি আপনিও যাবে সাথে। ওরা দু'জন রেডি।"
"আপনি এতো কথা দেন কেন?"
"দিবো না? নতুন নতুন বিয়ে হয়েছে আমার। আমার একটু শখ আহ্লাদ থাকতে পারে না?"
নিনীত চোখ বড় বড় করে বলল,"বিয়ের আগে কি এসব শখ আহ্লাদের কথা ভেঙে নেওয়া হয়নি?"
"হয়েছে। কিন্তু সমস্যা হলো, আমি ডিমেনশিয়ার রোগী। পাঁচ মিনিট আগের কথা পাঁচ মিনিট পরে গিয়ে ভুলে যাই।"
নিনীত আরেকবার হাঁচি দিলো।
"আপনি ডাক্তার হলেও মানুষ খারাপ।"
"আর আপনি মদ্যপ হলেও মানুষ ভালো।"
"হেহেহে। নট ফানি এ্যাট অল।"
"হেহেহে। থ্যাংক ইউ।"
নিনীত মুখ শক্ত করে বলল,"আমি যাবো না। আপনি যেখানে খুশি যান।"
"আমি কিন্তু আপনার মেয়েদের নিয়ে পালিয়ে যাবো।"
"অতো সাহস আপনার নেই। আপনাকে চেনা হয়েছে আমার।"
পারমিতা মেকআপ শেষ করে উঠে দাঁড়ালো। বুকে হাত বেঁধে চোখ পাকিয়ে বলল,"বিয়ের পর এই অব্দি কিছু চেয়েছি আপনার কাছে? আজই তো চাইলাম। এটাও দিতে পারবেন না?"
"না। সারাজীবনেও কিছু চাইলে দিতে পারবো না। দেওয়া নেওয়ার সম্পর্ক আমাদের হয়নি, হবেও না কখনো।"
"বাচ্চাদের আমি কথা দিয়েছি। ওদের আমি কি বলবো এখন? আপনি এইটুকু আবদার রাখুন আমার।"
"ম্যাডাম! আপনি ভীষণ ইরিটেটিং। প্লিজ আপনি যান। আমার অনেক মাথাব্যথা।"
নিনীত আবার হাঁচি দিলো। পারমিতা দরজার কাছে গিয়েই ঠাস করে দরজা বন্ধ করলো, অদ্ভুত চোখে তাকালো নিনীতের দিকে। নিনীত থতমত খেয়ে বলল,"কি হয়েছে? এভাবে তাকাচ্ছেন কেন?"
নিনীত উঠে দাঁড়ালো এক লাফে। ভদ্রমহিলার মতি গতি সুবিধার না। পারমিতা বড় বড় পায়ে এগিয়ে এসে দুই হাত রাখলো নিনীতের দুই কাঁধে। দু'জনের দূরত্ব অনেকখানি মিটিয়ে চোখে চোখ রাখলো।
নিনীতের দু'চোখ প্রসারিত হলো আপনাআপনি। ডাগর ডাগর চোখে সে বোকার মতো তাকালো পারমিতার লাস্যময়ী চোখ দু'টোর দিকে। ঐ চোখে কি যেন আছে। ঐ চোখের মণিতে খুব জোরালো আবেদন আছে। নিনীতের মনে হচ্ছে এই আবেদন সে নাকচ করতে পারবে না।
পারমিতার চুল উড়ছে সামান্য। কয়েকটা চুল আবার ঘামে ভিজে কপাল আর গলার কাছে লেপ্টে আছে। পারমিতা গভীর অনুরাগী চোখে নিনীতের দিকে তাকিয়ে ব্যথিত স্বরে বলল,"নিনীত সাহেব! সত্যিই আপনি যাবেন না? বলুন। আমার এইটুকু চাওয়া কি অনেক বেশি? সামান্য বন্ধু হিসেবেও কি আমি আপনার কাছে এইটুকু চাইতে পারি না?"
নিনীত আজ অব্দি জানতো, তার চরিত্রে কোনো দাগ নেই। কোনোদিন তার পৌরষের কাছে তার ব্যক্তিত্ব হারেনি। নিজের চাহিদা, প্রবৃত্তি সবকিছুই সে সামলে রাখতে জানে, এতোকাল ধরে সামলে রেখেছে। অথচ আজ তার নিজেকে নিয়ন্ত্রণহীন মনে হলো। মনে হলো, এই ভদ্রমহিলার কোনো আবেদন ফেরানোর মতো কঠোর পুরুষালি ব্যক্তিত্ব তার নেই। ভদ্রমহিলা সৌন্দর্য আর আবেদনের সব সীমা পরিসীমা ছাড়িয়ে গেছেন। তার বাঁকানো কোমর টা হাত বাড়িয়ে ডাকছে নিনীত কে। ওর ভেতরের সহজাত পুরুষটা চেপে ধরতে চাইছে ভদ্রমহিলার সরু কোমর। কি সাংঘাতিক! এতোটা লম্পট নিজেকে কখনো ভাবে নি নিনীত।
একটা ঢোক গিলল নিনীত। পারমিতার চোখের মণি এখনো তাড়িয়ে তাড়িয়ে দেখছে তাকে। তার দুই হাত জড়িয়ে ধরেছে নিনীতের কাঁধ। নিনীতের হাত কাঁপছে সামান্য। একটা ভয়ংকর অঘটন ঘটিয়ে ফেলার জন্য হাত দু'টো নিশপিশ করছে।
নিনীত খাবলে ধরলো পারমিতার পেটের দুই পাশ। একটানে ওকে কাছে এনে দুই দাঁতের পাটি চেপে ধরে বলল,"গেট লস্ট ফর গড সেক।"
"যাবো। তার আগে আপনি রেডি হন।"
নিনীত ছেড়ে দিলো তাকে। বড় বড় করে দু'টো শ্বাস ছেড়ে বলল,"যান। বাইরে অপেক্ষা করুন। আমি আসছি।"
পারমিতা খাটে গিয়ে বসলো।
"আর বাইরে যাচ্ছি না। ঘন ঘন মুড সুয়িং হয় আপনার। আপনাকে সাথে নিয়ে একেবারে বের হবো।"
নিনীত বিক্ষিপ্ত মেজাজে বলল,"তো কি আপনার সামনে চেঞ্জ করবো এখন?"
"হ্যাঁ করুন। আমার সমস্যা নেই।"
নিনীত অনেক কষ্টে মেজাজ ঠান্ডা রাখলো। হাত দু'টো মুঠ করে বলল," কিন্তু আমার অনেক সমস্যা আছে।"
পারমিতা চোখ বন্ধ করে বলল," এই যে দেখুন। আমার চোখ বন্ধ। খুললেই আপনি বের করে দিয়েন কেমন?"
নিনীত কটমট চোখে তাকালো তার দিকে। তাকাতেই রাগটা পড়ে গেল। এখন সে মোটামুটি নিশ্চিত, ভদ্রমহিলার চৌদ্দ পুরুষে রাজা বাদশা কেউ আছেন। সিরাজ,সেলিম,আকবরের কোনো না কোনো বংশধর তার বাবা। এই রূপটাই ভদ্রমহিলার বিশাল হাতিয়ার। নিনীত শক্ত হতে পারছে না এর সামনে।
খপ করে পারমিতার হাত চেপে ধরে সে এক টানে তাকে ঘরের দরজার সামনে এনে দাঁড় করালো। পারমিতা অবাক হয়ে বলল,"আপনি এতো পাষাণ?"
নিনীত তার মুখের উপর দরজা বন্ধ করলো। মাথা নেড়ে বলল,"জি। আমি অনেক পাষাণ।"
"আপনি দয়া করে রেডি হন।"
"হচ্ছি।"
নিনীত আলমারি থেকে শার্ট আর প্যান্ট বের করলো। দুই মিনিটের মাথায় পারমিতা আবার জোরে জোরে দরজায় ধাক্কা মেরে বলল," কি? হলো?"
"না।"
"এখনো না? আমার তো মনে হচ্ছে আপনি আর যাবেন না আমাদের সাথে।"
"আমি মিথ্যে বলি না। ওটা আপনার স্বভাব।"
পারমিতা আবার অধৈর্য হয়ে দরজা ধাক্কালো। নিনীত কণ্ঠ উঁচিয়ে বলল,"সমস্যা কি? আপনি নিকি? ছোট বাচ্চা আপনি?"
"জানি না। প্লিজ দরজা খুলুন।"
নিনীত হেসে ফেললো তার কণ্ঠের বাচ্চামো ভাব শুনে। হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল,"খুলছি, ডাক্তার ম্যাডাম। বোতাম লাগাতে দিন। ডোন্ট ডিস্টার্ব।"
চলবে-
[পেয়াজু ভাজতে ভাজতে পর্ব লিখেছি। টাইপিং মিস্টেক পেলে মাফ করে দিয়েন।]
গমেহরিমা'র পাঠক সমাচার-
https://www.facebook.com/share/g/14hyMDUaq6D/?mibextid=wwXIfr