ফন্ট সাইজ:
থিম:
আম পাতা জোড়া জোড়া

পর্ব 16

লেখক: মেহরিমা আফরিন

#আম_পাতা_জোড়া_জোড়া -১৬
লেখনীতে #মেহরিমা_আফরিন

[নয়টার পরে রিচেক দিবো। এখন একটু ব্যস্ত]

আমি যখন নিনীত সাহেবকে বিয়ে করার কথা বলি,তখন আমার শ্বাশুড়ি খুব আশাহত গলায় বলেছিলেন,ওকে বিয়ে করো না। তোমার জীবনটা নষ্ট হবে। ওর পরিবারের প্রতি কোনো টান নেই ,বাচ্চাদের প্রতি কোনো দরদ নেই। ও কখনোই তোমাকে একটা সুন্দর পরিবার দিতে পারবে না।

কিন্তু তবুও একপ্রকার জেদ ধরে আমি তাকে বিয়ে করেছিলাম। আমার চোখে আটকে ছিলো তার গভীর মায়াময় একটি রূপ। যেই মায়ায় তিনি হাত বুলিয়েছিলেন নিকিতার মাথায়। সেখানে কোনো ভণিতা ছিলো না। এরপর যখন তার সাথে আমার প্রথম দেখা হলো, আমি মোটামুটি বুঝে গেলাম, ভদ্রলোক ভীষণ অমায়িক। তিনি বিরক্তি জিনিসটা ঠিক প্রকাশ করতে পারেন না। বিরক্তির আড়ালে লুকানো তার বিনয়ী ভাবটা বোঝা যায়।

আমার সাথে বিয়ের পরেও বহুবার তিনি বিরক্ত হয়েছেন আমার উপর। কিন্তু কখনো প্রত্যাখ্যান করে নি। রাগে গজ গজ করে হলেও আমার কথা শুনেছেন। পুরুষ মানুষকে চেনা যদি কোনো পরীক্ষা হতো, তাহলে সে পরীক্ষায় আমি পেতাম বড় বড় দু'টো আন্ডা। আমি পুরুষ মানুষ চিনতে পারি না। বরাবরই ভুল করি। কিন্তু নিনীত সাহেবের সাথে আমার দেখা পুরুষদের কিছু বৈসাদৃশ্য আছে।

পুরুষদের ভয়াবহ সুপিরিঅরিটি কমপ্লেক্স থাকে। নিনীত সাহেবের নেই। পুরুষরা নিজেদের খুব মহান প্রমাণ করতে চান, নিজেদের অত্যন্ত বুদ্ধিমান, ত্যাগী হিসেবে পোর্ট্রে করেন। নিনীত নিজেকে অতি জঘন্য এক ব্যক্তি হিসেবে প্রকাশ করতে চান। অথচ তিনি জঘন্য না। হেমন্তের ঠান্ডা বাতাসের মতো মন জুড়ানো একটা ভাব আছে তার মধ্যে। নিনীত সাহেব বাজে, খারাপ, নিকৃষ্ট হতে গিয়েও কোনো এক জায়গায় দুর্দান্ত, চমৎকার, আর এডোরেবল হয়ে উঠেন। হয়তো উনি নিজেই সেটা টের পান না। আমি টের পাই। কেন এতো টের পাচ্ছি সেটাই বুঝতে পারছি না।

তার সাথে আমার দাম্পত্যের সমীকরণ শুনলে আপনারা আবার বলে উঠবেন,"পারমিতা! আবার তুই এমন গাধামি করছিস! দুই একটা ঘটনায় কেউ কিভাবে কাউকে চমৎকার বলতে পারে?" বাট হোয়াট টু ডু? আমি তাই করি, যা আমার মন আমাকে করতে বলে।

আমি সচরাচর নিনীত সাহেবের ঘরে যাই না। উনি বিরক্ত হন, পছন্দ করেন না, আমিও সারাদিন ক্লিনিকে থেকে তারপর আর ঐ ঘরে যাওয়ার আগ্রহ দেখাই না। তিনি খুব ফ্রিকুয়েন্ট ড্রিংক করেন, বিশেষ করে রাতে। মেয়েদের ব্যাপারে তিনি উদাসীন,(পড়ুন উদাসীন হওয়ার নাটক করে), আর জীবন নিয়ে ভীষণ নির্বিকার। তিনি বাচ্চাদের কাছে আসেন না নিজ থেকে, আমি বাঁচলাম কি মরলাম তা নিয়েও তার কোনো মাথাব্যথা নেই। তবে কেউ সামনে গিয়ে অনুরোধ করলে তিনি শক্ত থাকতে পারেন না।

এই খাট্টা মিঠা নিনীত সাহেব কে নিয়ে আমার সংসার হবে। আবার হয়তো হবে না। হবে নাই ধরে নিচ্ছি। কিন্তু যদি হয় কখনো, তবে ঐ সংসারের উপকরণ হবে ঝগড়া, চোখ রাঙানি, কাউন্টার, ফিডব্যাক, আর 'আপনি বেরিয়ে যান এখুনি' এই জাতীয় কিছু শব্দ। আমি জানি না কেন, এই অদ্ভুত রকম হিউম্যান সাইকোলজি নিয়ে চলা নিনীত লোকটাকে আমার খারাপ লাগছে না। শুধু মনে হচ্ছে উনিই একমাত্র মানুষ যাকে আমি আমার অতীতের কথা জানাতে পারবো প্রাণ খুলে। যিনি আমায় জাজ করবেন না, দাড়িপাল্লা এনে মাপবেন না, শুধু চুপচাপ শুনবেন আমার কথা।

পারমিতা ডিম লাইটের আলোতে লিখা শেষ করলো। নিকিতা আর নিবেদিতা ঘুমাচ্ছে তার ঘরে। তার ঘুম আসছে না। রাতে এমনিতেও তার ঘুম হয় না সহজে। সে গিয়ে নিচ থেকে এক কাপ কফি বানিয়ে আনলো। সকাল হতে এখনো অনেক সময় বাকি।

_____

ইয়াজিদ লাফিয়ে উঠলো ঘুম থেকে। তাকে ধাক্কা দিয়েছে ইশি। উঠে বসেই সে দুই পাশে তাকালো বোকা বোকা চোখে।
"কি হয়েছে?"

"চাচ্চু। আজ তোমার আমার সাথে আমার স্কুলে যাওয়ার কথা।"

ইয়াজিদ চোখ কচলে সোজা হয়ে বসল। মাথা নেড়ে বলল,"ওহহ হ্যাঁ। মনে পড়েছে।"

ইশি তাড়া দিয়ে বলল,'তাড়াতাড়ি রেডি হও। আমাদের বের হতে হবে।"

ইয়াজিদ গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। ইশির দিকে তাকাতেই দেখলো,তার পুরো মাথা তেলে চপচপ করছে।

"কিরে, মাথা তো পুরা তেলের ড্রাম বানিয়ে ফেলেছিস। এমন চোরের মতো তেল দিয়েছিস কেন?"

ইশি মুখ বাঁকালো।
"গার্ডিয়ান কল করেছে আমার। আতেলের মতো না গেলে আর রক্ষে নেই।"

ইয়াজিদ মাথা চুলকে বলল,"কেসটা জানি কি ছিলো? কেন গার্ডিয়ান ডেকেছিল?"

"তুমি একদিনেই ভুলে গেলে চাচ্চু?" ইশি স্বর নামিয়ে বলল,"পরীক্ষায় চিট নিয়েছিলাম আমি।"

"ওহহ আচ্ছা। হ হ মনে পড়সে। ধুর বয়স হইয়া গেসে। পুরান কথা বেশিক্ষণ মনে রাখতে পারি না ইশি।"

ইশি বলল,"মণিষা মিসের সামনে কিন্তু ভালো হয়ে চলবে।"

"মণিষাডা জানি কেডা?"

"ঐ যে আমার মিস। চাচ্চু, তুমি সব ভুলে গেলে।"

"হ, স্মৃতি একটু দুর্বল হইসে আমার।"

ইয়াজিদ হাত মুখ ধুয়ে শার্ট গায়ে দিলো। শার্টের বোতাম সে খোলাই রাখে সবসময়। ভেতর থেকে গেঞ্জি দেখা যায়। রাশেদা এমন করে শার্ট পরা পছন্দ করেন না। ইয়াজিদ আবার বোতাম আটকে শার্ট পরতে পারে না, দম বন্ধ লাগে।

ইয়াজিদ আয়নার সামনে দাঁড়িয়ে কলার টানলো। হাতা গুটাতে গুটাতে বলল," পারফিউম দিমু? তোর ম্যাডাম কি গন্ধ শুইক্কা কাবু হইবো?"

"আমার তো মনে হচ্ছে না তোমার পারফিউম নিয়ে মিসের কোনো আগ্রহ আছে।"

"সেটাই। তাইলে আর দিমু না। আয়, এমনেই যাই।"

ওরা দু'জন নাস্তা করে বেরিয়ে পড়ল আটটার মধ্যে।যদিও বেলী কিছুটা চমকে ছিলো। ইয়াজিদ হঠাৎ ইশিকে নিয়ে স্কুলে যাচ্ছে, ব্যাপারটা সন্দেহজনক। চোখ পাকিয়ে ইয়াজিদকে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই সে বলল,"আরে, আমি নিজেও তো ঐ রাস্তায় যাচ্ছি ভাবি। ভাবলাম ইশিকে নামিয়ে দিয়ে আসি।"

বাড়ি থেকে বেরিয়ে পঁচিশ মিনিটের মাথায় তারা দু'জন স্কুলে গেল। ইয়াজিদকে খুব নির্বিকার দেখাচ্ছে আপাতত। তার মধ্যে আর কালকের হম্বিতম্বি ভাবটা নেই। ইশি জানতো, একদিনেই তার সব তেজ চলে যাবে। তার নাকি অতীতের কথা মনে থাকে না বেশিক্ষণ।

ইয়াজিদ আবার কলার ঠিক করল। ইশি বলল,"তোমাকে বাবার মতো লাগছে না চাচ্চু। বড় ভাইয়ের মতো লাগছে। প্লিজ শার্টের বোতাম লাগাও।"

"বোতাম লাগাবো? আচ্ছা যা, তোর জন্য লাগালাম। তবুও যেন তুই বাকি পরীক্ষা গুলো দিতে পারিস।"

টিচারস রুমের সামনে এসে ইশি বড় করে শ্বাস ছাড়লো। ইয়াজিদ কে দরজার কাছে রেখে সে ই আগে ভেতরে ঢুকলো।

ভেতরে একটা টেবিলের সামনে একজন ভদ্রমহিলা বসে আছেন। তিনি মাথা নামিয়ে কিছু একটা লিখছেন। ইয়াজিদ কেবল তার শাড়ির আঁচল আর পিঠ সমান চুল দেখতে পাচ্ছে।

ইশি ভেতরে গিয়ে ডাকলো,"মণিষা মিস। ক্যান আই টক উইথ ইউ?"

ভদ্রমহিলা লিখা থামিয়ে মাথা তুললেন। মাথা তুলতেই মুখের সামনে থেকে চুলগুলো সব সরে গেল। বেরিয়ে এলো খুব মায়াময়, ছিমছাম একটা মুখ। ঐ মুখে আলাদা কোনো প্রসাধনী নেই। কাঁচা সোনার মতো জ্বলজ্বলে গায়ের রং। সাদা কালো শ্যামা কোনো বিশেষ বিশেষণের সাথেই যায় না। ঐ রংটা শুধু স্বর্ণ ধোয়া রঙের মতোই। রূপালি না, একদম খাটি সোনালি। ইয়াজিদ শায়েরান প্রথম দেখাতেই থমকে গেল, অভিভূত হলো।

মণিষা হালকা হেসে তার দিকে তাকাল।
"গুড মর্নিং! গার্ডিয়ান এনেছো সাথে?"

ইশি মাথা নাড়ল। দ্রুত দরজার দিকে হাত তুলে ইয়াজিদকে দেখালো। মণিষা তার হাত অনুসরণ করে দরজার দিকে তাকালো।

দরজার কাছে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন রোবটের মতো। তাকে দেখেই মণিষার কপাল কুঁচকে গেল। লোকটার বয়স কম। অন্তত এই বাচ্চার বাবা হিসেবে তাকে আশা করে নি মণিষা। অবাক হয়ে বলল," আপনি ইশির গার্ডিয়ান?"

ইয়াজিদ পাথরের মতো দাঁড়িয়ে থাকলো। তার হাত পা চলছে না, মুখ দিয়েও কথা বের হচ্ছে না। কেমন যেন তব্দা খেয়ে গেছে। ইশি এসে টেনে টেনে ভেতরে ঢুকালো তাকে।

"বাবা! কথা বলো।"

ইয়াজিদের ঘোর কাটলো। ভদ্রমহিলা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন তার দিকে।
"আপনি ইশির কি হন?"

ইয়াজিদ সব উত্তর ভুলে গেল। আহাম্মকের মতো সামনে তাকিয়ে বলল," ইশি....ইশি আমার পাপা।"

মণিষা ভড়কে গেল উত্তর শুনে। ইশি মাথায় হাত চেপে এক পা দিয়ে ল্যাং মারলো তাকে। দাঁতে দাঁত চেপে হিসহিস করে বলল,"কি বলছো এসব? কি হয়েছে তোমার?"

ইয়াজিদের মাথা ঘুরতে লাগলো। তার মনে হলো, তার সামনে বসে থাকা ভদ্রমহিলার চোখ দু'টো কথা বলতে জানে। ইয়াজিদ কেন যে স্বতস্ফুর্ত হতে পারছে না তার সামনে।

এক ঢোক গিলে নিজেকে ধাতস্থ করলো সে। দ্রুত মাথা নেড়ে বলল,"স্যরি স্যরি। ইশি আমার মেয়ে। আমি ওর পাপা।"

"ওহহ।" মণিষা ঠান্ডা স্বরে বলল,"আপনি জানেন, আপনার মেয়ে কাল কি করেছে?"

"কি করেছে?"

"চিটিং করেছে পরীক্ষায়। ওর কাছে আমি এক্সট্রা চিট পেয়েছি।"

ইয়াজিদ অবাক হওয়ার ভান করল। যেন এতো বড় সর্বনাশের কথা সে আগে কখনে শুনেনি।

"কি বললেন? আমার ইশু চিটিং করেছে?"

ইশি ঘাড় তুলে তাকালো তার দিকে। তার হাসি পেয়ে যাচ্ছে। এক্টিং দারুণ হচ্ছে। চাচ্চু বোধহয় ক্যারেক্টরে ঢুকে পড়েছে। এখন আর বের হবে না।

ইয়াজিদ বড় বড় চোখ করে সামনে তাকিয়ে আছে। তার দুই চোখে হতাশা, দুঃখ আর প্রবল অবিশ্বাস। মণিষা ধীর কণ্ঠে বলল,"জি। আসলে এই ব্যাপারটা আমি খুবই ঘৃণা করি। বাচ্চারা না পারুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নকল কেন করবে?"

"সেটাই তো। না পারা আর চুরি করা কি এক?"

ইয়াজিদ হাত তুলে গাট্টা মারলো ইশির মাথায়। ইশি সাথে সাথে মাথায় হাত চাপলো। অবিশ্বাস্য চোখে ফ্যাল ফ্যাল করে তাকালো ইয়াজিদের দিকে। এটা তো পরিকল্পনায় ছিল না। সে এতো সাধু হচ্ছে কেন?

মণিষা সাথে সাথে উঠে দাঁড়ালো। ইয়াজিদ ক্ষেপাটে সুরে বলল,"ওর কতো বড় সাহস! আমার মেয়ে হয়ে সে চুরি করে। এই দিন দেখার জন্য তাকে পেলে পেলে বড় করছি আমি?"
ইয়াজিদ আরেকটা গাট্টা মারল। ইশি ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে থাকলো তার দিকে। তার ভাসা ভাসা দৃষ্টি।।ইয়াজিদ ভ্রুক্ষেপ করল না।

মণিষা ব্যস্ত হয়ে বলল,"আরে আরে কি করছেন? প্লিজ মারবেন না ওকে। বাচ্চাদের মারলে কোনো সমাধান হয় না। প্লিজ এসব করবেন না।"

"তাহলে কি করবো বলুন? আমি তো মানতেই পারছি না আমার মেয়ে হয়ে সে নকল করেছে। আমি কোনোদিন এসব চিটিং বাটপারির কথা মাথায়ই আনিনি। আমার আদর্শে বড় হয়ে সে কিভাবে পারলো এমনটা করতে?"

ইয়াজিদ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মণিষা তাড়াহুড়ো করে বলল,"আচ্ছা আপনি শান্ত হন। নিন পানি খান।"

ইয়াজিদ পানি খেল না। বরং আহত চোখে একনজর তাকালো মণিষার দিকে। মণিষা ঠান্ডা স্বরে বলল," ইশি এমনিতে ভালো স্টুডেন্ট। ওর কাছ থেকে আমিও এমনটা আশা করি না। আপনি চিন্তা করবেন না। ওকে বোঝালে ও আর কখনো এমন করবে না। তাই না ইশি?"

ইশি উপরনিচ মাথা নাড়ল। তার মন চাইছে এক দৌড়ে এখান থেকে বেরিয়ে চাচ্চুর পিঠে দুম দুম দু'টো কিল বসাতে। ইয়াজিদ মাথা নেড়ে বলল," অবশ্যই করবে। একবার যে চোট্টামি করে, সে আরো দশবার করবে।"

"না এমন কিছু না। আপনি বেশিই নিরাশ হচ্ছেন। ও ভালো মেয়ে। আমি চাই সে বাকি পরীক্ষা গুলো দিক। আপনি শুধু ওর প্রতি নজর রাখবেন।"

"কিভাবে নজর রাখবো?"

"ওর পড়াশোনার খেয়াল রাখবেন। ও খুব ভালো মেয়ে। পড়লে অবশ্যই ভালো করবে।"

মণিষা ভারি নিঃশ্বাস ছাড়ল। ইয়াজিদের মুখটা এখনো শুকিয়ে আছে। ফাঁকা দৃষ্টিতেই একবার ইশিকে দেখলো সে। ইশির দুই চোখে দাবানল জ্বলছে। রাগে রি রি করছে চোয়াল।

ইয়াজিদ হালকা স্বরে বলল,"জি, অবশ্যই দেখে রাখব। চেষ্টা করবো ওকে বোঝানোর। সে কি পরের পরীক্ষা টা দিতে পারবে?"

"জি, অবশ্যই। ইশি! অল দি বেস্ট। পরের পরীক্ষা খুব পড়ে দিও কেমন?"

ইশি হালকা করে হাসল। ইয়াজিদ ওর হাত ধরে বলল,"ঠিক আছে আমরা তাহলে আসি।"

টিচার্স রুম থেকে বেরিয়েই ইশি খাঁমচে ধরল ইয়াজিদের হাত। নখ দু'টো দাবিয়ে দিয়ে চেঁচিয়ে বলল,"তোমাকে এতো পাকনামি করতে কে বলেছে?"

ইয়াজিদ উত্তর দিলো না। বাঁকা চোখে সে আরেকবার তাকালো রুমটার দিকে। ইশি আরো কিছু কথা বলল, দুম করে পিঠ বরাবর ঘুষিও মারলো একটা, নাক ফুলিয়ে কি যেন অভিযোগ করল। ইয়াজিদ স্পষ্ট ভাবে শুনলো না তার কথা। তার চোখে ভাসতে লাগলো মিস মণিষার ধাঁরালো দু'টো চোখ, কাঁচা সোনার মতো গায়ের রং, পাতলা দুই ঠোঁট, আর বাতাসে উড়তে থাকা গাঢ় কালো চুল।

____

নতুন বাইক কেনার পর ইয়াজিদের পুরাতন বাইকের মালিক হয়েছে সীমান্ত। ইয়াজিদই তার হাতে তুলে দিয়েছে বাইকটা। ঐ বাইক পাওয়ার পর সীমান্তর টো টো করতে সুবিধা হলো বেশ। যখন তখন মন চাইলে নদীর পাড়ে যাওয়া যায়, যখন ইচ্ছে সিনেমা দেখতে যাওয়া যায়। রাতে কখনো মন খারাপ থাকলে এমনিই বাইক নিয়ে ঘোরা যায়।

খেলাধুলা নিয়ে তার যেই নিজস্ব জগত ছিল, সেই জগতও নির্বিঘ্নে চলছিল। সীমান্ত পড়াশোনার সাথে যোগাযোগ বন্ধ করেছে আরো আগে। জীবনে তার কোনো ব্যস্ততা নেই বিশেষ। রোজ বিকেলের খেলার সময়টুকুই তার রুটিন। এর বাইরে বাকি সময় সে বেকার বসে কাটায়, মন চাইলে বিশ টাকার বাদাম কিনে খায়।

সেদিন বিকেলে সে মাঠে যায়নি। তার ডান হাতের কবজিতে ব্যথা, চিন চিন করছে সকাল থেকে। সে পা দু'টো তুলে লম্বা হয়ে শুয়ে ছিলো তার বাইকে। এক পায়ের উপর অন্য পা তোলা। এক হাত রাখা মাথার নিচে। তার পাশে পিয়াল দাঁড়িয়ে আছে বাইকে হেলান দিয়ে। পিয়ালের হাতে একটা আধ খাওয়া সিগারেট। সীমান্ত আপাতত চোখ বুজে আছে নিশ্চিন্তে। বিকেলের রোদ কমে গেছে। আবহাওয়া আরামদায়ক। শুয়ে শুয়ে একটু বিশ্রাম নিলে মন্দ হয় না।

হঠাৎ সামনের রাস্তায় একটা অবয়ব দেখা গেল। একটা মাঝারি গড়নের রমণী। পরনে কালো রঙের শাড়ি। শাড়ির আঁচল খুব সুন্দর করে পিন দিয়ে বিন্যস্ত করা। চুলে একটা মজবুত খোঁপা। পেছন থেকে তার মুখ বোঝা যাচ্ছে না।

পিয়ালই প্রথম দেখলো তাকে। সে হাঁটছে উল্টো দিকের পথে। তার দুই হাত সামনে। দুই হাতে হালকাভাবে ধরে রেখেছে কিছু। ঐটুকু দেখেই পিয়ালের মনে হলো, মেয়েটা রূপবতী, চাল চলনে প্রখর আত্মবিশ্বাসের ছাপ আছে।

সে ডাকল সীমান্ত কে। আঙুল দিয়ে সামনে দেখিয়েই শিস বাজাল একবার।
সীমান্ত চোখ কচলে বাম পাশে ফিরল। মেয়েটা চলতে চলতে হঠাৎ থেমে গেছে। তার শাড়ির আঁচল নিস্তেজ হয়ে মিশে আছে গায়ের সাথে।

পেছন ঘুরলো আয়তি। আওয়াজের উৎস অনুসরণ করে মাথা তুলে তাকাল। সীমান্ত তাকে দেখতেই বিষম খেল। এক লাফে উঠে বসল বাইক থেকে, ডাগর ডাগর চোখের দৃষ্টি নামিয়ে আনলো তার পরিপাটি, বাঙালি আদলের দিকে।

আয়তির মুখটা বেশ শান্ত। তবে চোখে স্বভাবসুলভ কাঠিন্য লেগে আছে বরাবরের মতো। ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে সীমান্ত আর পিয়ালের দিকে। সীমান্ত দু'চোখ সরু করল। আয়তি শাড়ি পরে না সচরাচর। শুধুমাত্র প্রেজেন্টেশনের সময় পরে। শাড়ি পরলে তাকে অন্যরকম লাগে। আজও একটু অন্যরকম লাগছে। বোঝা যাচ্ছে না ভেতর থেকে ও কতোখানি কাঠখোট্টা। তাকে মনে হচ্ছে সাদাসিধা কোনো বাঙালি মেয়ে। যে দেখতে ভীষণ সুন্দর, যার চোখ দু'টো খুব মায়াবী।

আয়তি সামনে এগোলো। সীমান্ত বাইকে বসে তার মতিগতি বোঝার চেষ্টা করল। সে কাছে আসতেই বোকার মতো একবার হাসল।

"শিস কেন বাজালে?"

পিয়ালের দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় প্রশ্ন করল আয়তি।

পিয়াল থতমত খেয়ে গেল। তাৎক্ষণিক উত্তর দিতে না পেরে নখ খোঁচাতে লাগল। তাকে আমতা আমতা করতে দেখে সীমান্তই জবাব দিলো," আরে তোমারে ডাকসে না। আরেকজন ভাইবা তোমারে ডাক দিয়া দিসে ভুলে।"

"তোমরা কি মানুষকে শিস বাজিয়ে ডাকো? ভদ্রতা নেই তোমাদের? কোনো মেয়েকে কেউ এমন শিস বাজিয়ে ডাকে?"

"আচ্ছা ওরে আমি শিখাই দিমু। ও আর এমন করবে না কখনো। বিশেষ কইরা তোমার থেক্কা একশো হাত দূরে থাকব। তুমি এখন ঘরে যাও।"

আয়তি কপাল কুঁচকালো। সীমান্তর সাথে তার হিসাব বরাবর হয়েছিল। এরপরেও সীমান্ত এমন গোবেচারা চেহারা করবে তার সামনে, সে ভাবতেই পারে নি। ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে একনজর পিয়ালকে দেখল আয়তি। পিয়াল দাঁড়িয়ে আছে কাচুমাচু মুখে। মেয়েটা যে ঘুরে দাঁড়িয়ে জবাব দিতে চলে আসবে, ওতোটুকু কল্পনা করে নি।

আয়তি আঙুল তুলল সীমান্তর দিকে।
"তুমি এবং তোমার বন্ধুরা! ভুলেও যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করো, আমি তাহলে খবর করব তোমাদের।"

সীমান্ত ভ্রুকুটি করল।
"কেন? তুমি কি সব মাইয়া মানুষের দায়িত্ব নিসো? ওদের ডিস্টার্ব করলে তোমার কি?"

"আবার? আবার ত্যাড়ামো শুরু করেছো?"

"তেড়ামো করি নাই। যুক্তির কথা বলসি। নিজের চড়কায় তেল দাও। কারে ডিস্টার্ব করি না করি, ঐডা তোমার দেখার বিষয় না। তোমারে যখন করতাসি না, তার মানে তুমি মুখ বন্ধ রাখো।"

আয়তি কথা বাড়াল না। প্রেজেন্টেশন শেষ করে দুর্বল লাগছে শরীর, একটু ঘুমিয়ে উঠলে ভালো লাগত। কিছুক্ষণ সরোষ চাহনিতে সীমান্তকে শাসিয়ে সে দ্রুত বাড়ির পথ ধরল। পিয়াল ডাগর ডাগর চোখে অসহায় চাতকের মতো চেয়ে থাকলো সেই পথে।

"এই মাইয়া তোর আত্মীয়? কি সুন্দর দেখতে!"

সীমান্তর দুই ঠোঁট হাসল তার কথায়। একহাতে ঘাড় মালিশ করতে করতে সে নিজেও তাকালো আয়তির চলে যাওয়ার দিকে।
"নজর দিস না মগা। এই মাইয়ার এক মাসের টয়লেট টিস্যুর খরচও তুই জোগাইতে পারবি না।"

পিয়াল নাক কুঁচকালো।
"কেন? তোর আত্মীয় এতো হাগে?"

হো হো করে হেসে উঠল সীমান্ত। পিয়ালের পিঠে একটা চাপড় মেরে বলল," এটা জব্বর কইছোস। সেরা মামা!"

____

পারমিতা আজ বাড়ি এলো ঠিক রাত আটটায়। এতো দেরি হওয়ার কারণ গতকাল সে ক্লিনিকে যায়নি। শরীর ভালো লাগছিল না। আজ তাই দ্বিগুণ রোগী দেখতে হয়েছে। রোগী দেখার পর বাড়ি ফিরেই সে আগে গোসল করল।

নিবেদিতার হোম টিউটর আসে এই সময়। তার পড়াশোনা হয় বাড়িতেই, হোম স্কুলিংয়ের মাধ্যমে।।এই সিদ্ধান্ত নিনীতের নেওয়া। নিবেদিতা একা একা ক্লাসে যাবে, পুরোটা সময় বাড়ির মানুষ কে ছাড়া থাকবে, ব্যাপারটা সে মানতে পারত না। জেবার কাছে কথার প্রসঙ্গে শুনেছিল পারমিতা, খুব ছোট বেলায় নিবেদিতাকে কখনো কোল থেকেও নামায়নি নিনীত।

আজ সন্ধ্যায়ও নিবেদিতার হোম টিউটর এলেন যথাসময়ে। ভদ্রলোকের বয়স ত্রিশ বত্রিশ হবে। উনি তাকে অংক শেখান। উনি এলে নিবেদিতার ঘরে না বসে লিভিং রুমের পাশের খোলা ঘরটায় বসেন। ওখানেই পড়ান নিবেদিতাকে। আর তার ঠিক পাশের সোফাতেই গম্ভীর মুখে বসে থাকে আয়তি।

বাড়িতে হোম টিউটর রাখা নিয়ে আয়তির অনেক অনেক নিয়ম আছে। ঐ নিয়ম মেনেই বাড়িতে গৃহশিক্ষক রাখতে হবে। প্রথম শর্ত হলো, ঐ গৃহশিক্ষক কে মহিলা হতে হবে। বাচ্চারা কোনো পুরুষ লোকের কাছে বাড়িতে পড়তে পারবে না। নাসির সাহেব জানেন না, পুরুষ মানুষ নিয়ে আয়তির এতো বাড়াবাড়ির কারণ কি। আয়তিই কখনো মুখ ফুটে বলেনি। শুধু বলেছে, সে বেঁচে থাকতে এই বাড়িতে কোনো মেল টিউটর রাখতে দিবে না।

এই মাসে এক প্রকার বিপাকে পড়েই এই ভদ্রলোককে রাখতে হলো। পুরাতন টিচার দুই মাস ধরে অসুস্থ। এই লোক আবার জেবার দূরসম্পর্কের আত্মীয়। চাকরি হারিয়ে বিপাকে পড়েছিলেন খুব। জেবা কাচুমাচু মুখে বললেন,"আয়তি! ছেলেটা খুব ভালো। একটা মেয়ে হয়েছে দু'বছর আগে। টিউশনটা ওর খুব দরকার। ও আপাতত যতদিন চাকরি না পাচ্ছে, ততদিন নিবিকে পড়াক? ওর খুব প্রয়োজন এটার।"

আয়তি পরে রাজি হয়েছিল। কিন্তু শক্ত গলায় বলেছে, হোম টিউটর ছেলে হলে তাকে আমার সামনে বসে পড়াতে হবে। আমি বসে বসে দেখব, একা ছাড়বো না নিবিকে, কিছুতেই না।

আজও আয়তিকে দেখা গেল বর্গাকৃতির ঐ খোলা ঘরটায়। সোফায় বসে ম্যাগাজিন পড়ার ফাঁকে ফাঁকে চৌকস চোখে পাহারা দিচ্ছে দু'জনকে। যতবারই লোকটা নিবির মাথায় হাত বুলিয়ে বাহবা দিচ্ছে, ততবারই আয়তির গা জ্বলছে।

বড় চাচি বলেছেন, নিবি বাচ্চা। ওকে কেউ স্নেহ করে মাথায় হাত বুলালে সমস্যা নেই। আয়তি থম মেরে বসে উনার কথা শুনেছে। সে জানে, নিবি নিষ্পাপ। কিন্তু নিবির পাপ নিয়ে ভাবছে টা কে? ও ভাবছে নিবির বিকাশ নিয়ে। ছোটবেলায় কেউ তার ফ্রকের নিচে হাত গলিয়ে অতি স্পর্শকাতর স্থানে অযাচিত স্পর্শ করেছে , এমন জঘন্য অভিজ্ঞতা নিবির স্মৃতিতে না থাকুক। নিবেদিতা এতোখানি দুঃখের প্রাপ্য না।
আয়তি চায় এই বাড়ির মেয়েরা ফুল হয়ে বাঁচুক। প্রজাপতি হয়ে ডানা মেলুক। এদের ডানা ভাঙলে আয়তি নিজেই আছড়ে পড়বে মাটিতে।

____

পারমিতার চোখ লেগে আসছিল। সে শুয়েছিল একপাশ হয়ে। জেবা হঠাৎ ঘরে ঢুকে বললেন,"সেকি পারমিতা, তুমি খাবে না কিছু রাতে?"

পারমিতা চোখ বুজেই জবাব দিলো,"না, অনেক টায়ার্ড লাগছে।"

"টায়ার্ড লাগলে খাবে না?"

নিকিতা তার পাশে বসে খাটের উপর খেলনা ছড়িয়ে খেলছিল। জেবা তার দিকে তাকিয়ে চোখ পাকালেন,"এ্যাই নিকি! তোমার মমা যে না খেয়ে শুয়ে যাচ্ছে, তুমি তাকে কিছু বলো না কেন? না খেয়ে ঘুমালে ওর অসুখ করবে না?"

নিকিতা ঘুরে তাকাল তার দিকে। কাছে এসে ওর গালে হাত রেখে চোখ বড় বড় করে বলল,"খাচছু না তেনো? অসুক হলি তি হবে বনো?"

"ঘুম পাচ্ছে মা। শুধু ঘুম। খেতে যেতে ইচ্ছে করছে না। হাত পায়ে অনেক ব্যথা।"

নিকিতা জেবার দিকে তাকালো। ঠোঁট উল্টে বলল,"উন পায়ে অনেত ব্যতা। কিভাবি যাবে?"

বলেই সে নিজের খেলনা গুলোর দিকে তাকালো। তার অনেকগুলো প্লাস্টিকের খেলনা আছে। ওসবের মধ্যে আইসক্রিম আছে, কর্ণ আছে, বার্গার আছে।
নিকিতা একটা বার্গার হাতে তুলে নিলো। পারমিতার দিকে এগিয়ে দিয়ে বলল,"নাউ। এততা বানগাম খাউ। অনেত মুজা। তিকেন আছি, চিজ আছি, ছছ আছি।"

পারমিতা চোখ মেলল। নিকিতা তার সামনে একটা খেলনা বার্গার ধরে আছে, গোল গোল চোখে তাকিয়ে আছে পারমিতার দিকে।

খিলখিলিয়ে হাসলো পারমিতা।
একটানে নিকিতাকে বুকে জড়িয়ে বলল," আমার লক্ষ্মী সোনা। পেট ভরে গেছে আমার। আর লাগবে না।"

নিকিতা আলতো করে চুমু খেল তার গালে।
একটু পরেই জেবা ঢুকলেন ঘরে। তার হাতে একটা প্লেট। ঐ প্লেটে ভাত তরকারি সাজানো। এসেই তিনি খাটের দিকে তাকিয়ে ডাকলেন,
"পারমিতা! এ্যাই পারমিতা। দেখি উঠে বসো তো।"

পারমিতা আলস্য ভরা চোখে ঘুরে তাকালো দরজার দিকে। তাকাতেই চমকে গেল। বিস্ময়াভিভূত চোখে সে দেখল, জেবা তার জন্য খাবার এনেছেন তাকে খাইয়ে দিবে বলে।

পারমিতা এক লাফে উঠে বসল। তার দুই চোখ আটকে গেছে জেবার হাতে থাকা প্লেটের দিকে। সে থমকে গেছে হঠাৎ। জেবা কাছে এসে বললেন," কষ্ট করে নিচে যেতে হবে বলে না খেয়ে ঘুমিয়ে যাচ্ছ? রাতে একটু হলেও খেতে হয়। নবীজির সুন্নত। কতো পাপই তো করি আমরা। বিনা কষ্টে যদি দু'চারটা সওয়াব কামাতে পারি, তাহলে মন্দ কি? দেখি হা করো। আমি খাইয়ে দিচ্ছি তোমায়।"

পারমিতা শুনল তার কথা। শোনার পরেও সে থমকে ছিল কতোক্ষণ। এই প্রথম কেউ তার জন্য প্লেট সাজিয়েছে, খাবার এনে খাওয়াচ্ছে। নিজের স্মৃতিতে মায়ের মুখটা খুব বেশি ভাসে না তার। আর না ভাসে তার সাথে কাটানো কোনো বিশেষ মুহূর্ত। আসলে বিশেষ মুহূর্ত কখনো হয়েই উঠেনি তেমন। পারমিতা মনে করতে পারলো না গত দুই যুগে কে কবে এমন করে লোকমা তুলে ধরেছিল তার মুখের সামনে। তার হঠাৎ কান্না পেয়ে গেল।

জেবার মুখটা স্বাভাবিক। মনে হলো না তিনি খুব বড় কোনো কাজ করছেন। উল্টো পারমিতা প্রথম লোকমাটা মুখে তোলার পর কিছুটা ইতস্তত করে বললেন," আসলে এই বাড়ির বাচ্চা কাচ্চারা সব আমার হাতে খেতে পছন্দ করে। তোমাকে আমি আমার বাচ্চার মতোই ভাবি। আহিল আয়তি ইশান এদের বয়সীই তো তুমি। তাই ভাবলাম তোমাকেও খাইয়ে দেই। তুমি কি কিছু মনে করলে?"

পারমিতা মাথা নাড়ল। তরল স্বরে বলল,"না, কিছু মনে করি নি।"

জেবা দ্বিতীয় লোকমাটা তার মুখের সামনে তুলে ধরতেই আশ্চর্য হয়ে দেখলেন, পারমিতার দুই চোখ থেকে ফোঁটায় ফোঁটায় পানি ঝরছে। সে মাথা নামিয়ে ঠোঁট কামড়ে বসে আছে। জেবা আশ্চর্য হয়ে বললেন,"সেকি! তুমি কাঁদছো কেন? খাবারের পাতে চোখের পানি ফেলতে হয় না। খেতে বসে কেউ কাঁদে?"

পারমিতা এক হাত তুলে চোখ মুছল। মাথা টা আগের মতো নিচে নামিয়েই বলল,"আমাকে কেউ কখনো এভাবে মেখে ভাত খাওয়ায় নি। আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।"

জেবা কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়লেন। তিনি ভাবেন নি এই সামান্য স্নেহে কোনো মানুষ কাঁদতে পারে। এমন স্নেহ তিনি রোজই দেন এই বাড়ির ছেলেমেয়েদের। এরা বিরক্ত হয়। মুখ চেপে হাত পা ছুঁড়ে বলে,"বড় মা! তুমি বড্ড বাড়াবাড়ি করো।"

পারমিতা চোখ মুছল। আস্তে করে মাথা তুলে জেবার দিকে তাকিয়ে হেসে বলল,"আপনার হাতে মায়ের গন্ধ আছে। গন্ধটা খুব সুন্দর।"

_____

সেদিন রাতে পারমিতার মন খারাপ হওয়ার মতো একটা ব্যাপার ঘটে গেল। মাঝরাতে নিকিতার ঘুম ভাঙতেই সে বিকট সুরে কান্না জুড়ে দিলো। পারমিতা বেদিশা হয়ে পড়লো তাকে সামলাতে গিয়ে। বুকে ধরে কয়েকবার দোল দেওয়ার পরেও সে থামলো না। উল্টো থেমে থেমে চিৎকার করে উঠলো। করুণ সুরে, প্রায় বিধ্বস্ত হয়ে ডাকল," মাম্মা মাম্মা। উর কাচে যাবু। তুনি যাউ। তুনাকে ভোই পাচছি। ভুত আসবি। আমাকে খেয়িই ফেলবি।"

"ভুত আসবে না। আমি আছি তো। এই দেখো আমি তোমাকে ধরে রেখেছি।"

"তুনি না। মাম্মা।"

নিকিতা আবার ঠোঁট ভেঙে দিলো। পারমিতা আর উপায় না পেয়ে সোজা মেহরোজের ঘরে গেল। দরজা খুলল ইশান। তাকে দেখেই পারমিতা বোকা স্বরে বলল,"ইশান ও আমার কাছে থাকছে না। মেহরোজ কে চায়।"

মেহরোজের আধো আধো ঘুম ভেঙে গেল। তাকে দেখতেই নিকিতা এক লাফে গড়িয়ে পড়লো খাটের উপর। তারপর এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে, একেবারে মিশে গেল তার বুকের সাথে।

মেহরোজ আস্তে করে হাত বুলালো তার মাথায়। ভীষণ নরম গলায় অভয় দিলো তাকে।
"কি হয়েছে নিকি? কাঁদছো কেন?"

"মাম্মা। মাম্মা।"

"কি মা? এই যে মাম্মা।"

"তুনার কাছে থাকবো আমান ভই কচ্চে।"

"আচ্ছা থেকো। এই যে তুমি আমার বুকে। ভূত সব পালিয়ে গেছে।"

নিকিতা বড় করে শ্বাস টানল। মেহরোজ একটু জড়সড় চোখে তাকাল পারমিতার দিকে। দেখল তার চোখের সামনে খুব অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন ভদ্রমহিলা। তার হাত দু'টো নিশ্চল ভাবে পড়ে আছে, চোখে মুখে কেমন বিরান ভাব। দুই চোখ ছলছল করছে। কান্নাটা উনি চেপে ধরেছেন গলার কাছে। মেহরোজের খুব মায়া হলো তাকে দেখে।

পারমিতা বিগলিত হেসে বলল," ময়ুরের পেখম লাগালেই কি কাক ময়ূর হয়? তুমিই ওর কাছে ওর আসল মা। আমি নিজেকে মা ভাবলেই কি আর সত্যি সত্যি মা হতে পারবো? আমি তো আমিই।"

ভদ্রমহিলার দুই চোখ ভিজে উঠল আবার। আলতো করে একবার নিকিতার মাথায় হাত বুলিয়ে সে বেরিয়ে এলো ঘর থেকে।

_____

পারমিতা করিডোরের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে ছিল। নির্বিকার মুখে, নিষ্প্রাণ চোখে তাকিয়ে দেখছিলো উপরের সিলিংয়ে ঝুলে থাকা বিশালাকার ঝাড়বাতিটা। হঠাৎ কে যেন এক কাপ কফি এগিয়ে দিলো তার সামনে। পারমিতা পাশ ফিরলো।
ইশান এসে দাঁড়িয়েছে তার পাশে। ওর মুখে খুব সামান্য হাসি। সে নরম চোখে তাকিয়ে আছে পারমিতার দিকে। তার দুই হাতে দু'চো কাপ।
"নিন। আপনার জন্য কফি। আপনি নাকি কফি খুবই পছন্দ করেন?"

পারমিতা নির্লিপ্ত মুখে কাপটা হাতে নিল।
"ধন্যবাদ ইশান।"

ইশান আবারো হাসলো। কোমল স্বরে বলল,"আপনার মন খারাপ হয়েছে তাই না?"

"ঐ আরকি। একটু খারাপ হয়েছে।"

"মন খারাপ করবেন না। বাচ্চারা এমনই। সিয়াশা ভাবি মারা যাওয়ার পরেও নিকি মেহরোজের কাছে আসতে চাইতো না, খুব কান্নাকাটি করতো। এরপর অভ্যাস হয়ে গেছে। বাচ্চারা এমন করেই। সহজ হতে একটু সময় লাগে।"

"বুঝেছি। ধন্যবাদ তোমাকে। তুমি ঘুম নষ্ট করে আমায় স্বান্তনা দিতে এলে।"

"স্বান্তনা না। আমার খারাপ লাগে আমার পছন্দের মানুষরা মন খারাপ করলে।"

"আমি তোমার পছন্দের?"

"অবশ্যই।" ইশান জোর গলায় বলল,"আপনি আমার সবচেয়ে প্রিয় মানুষের ওয়াইফ। পছন্দের হবেন না কেন?"

"তোমার ভাই তোমার প্রিয় মানুষ?"

"ইয়েস, মাই মোস্ট ফেভারিট।"

"কিন্তু উনার সাথে আমার কিছুই হবে না। এই দুইটা মেয়ে বাদে আমাদের ভেতর আর কিছু নেই। সম্ভবত নেই।"

"অসম্ভব।" ইশান মাথা নেড়ে বলল,"আপনি আমার ভাইকে চেনেন না। হি ইজ মাই ফেভরিট। ও আর আমার বাবা হলো আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সেরা পুরুষ। আমাদের বাড়ির সবচেয়ে ভদ্র ছেলে ভাইয়া।"

পারমিতা দীর্ঘশ্বাস ছাড়ল।
"ইশান শোনো! জীবনের অদ্ভুত কিছু রদবদল আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছিল, যেখান থেকে আমার মনে হয়েছিল, আমার শুধু একটা সন্তান প্রয়োজন। বহুবার চেষ্টা করেছিলাম দত্তক নেওয়ার। পরিস্থিতি মেলে নি। জানো তুমি, এই বিয়েটা আমি করেছি নিবি আর নিকি নামের দু'টো নিষ্পাপ বাচ্চার লোভে। লোভ বলছি, কারণ আমি জানি আমি কি পরিমাণ চোখের জল ফেলেছি একটা সন্তানের জন্য, একটা মাংসপিণ্ডের জন্য।

পাওয়া না পাওয়ার জীবনে খোদা আমায় অনেক দিয়েছে। ডাক্তারি করতে গিয়ে কতো কতো বাচ্চাকে আদর করেছি, কতোজনের মাথায় হাত বুলিয়েছি, কতোজনকে বিনে পয়সায় সাহায্য করার সুযোগ পেয়েছি। কতো বাচ্চা আমার গাল ধরে আদর দিয়েছে। আমি আর কি ই বা চাইতে পারি বলো। সামান্য স্নেহ, একটা পরিবার, একটা ঘর, কয়টা প্রিয়জন, আর এই দু'টো বাচ্চা ছাড়া এই সংসারের কাছে আমি আর কি প্রত্যাশাই বা রাখতে পারি বলো?"

ইশান মাথা নামিয়ে শুনলো তার কথা। সে থামতেই এক গাল হেসে বলল," পাওয়া না পাওয়ার এই জীবনে স্রষ্টা আপনাকে আরেকটা জিনিস দিবে। উনি আপনাকে একটা নিনীত দিবে। আপনি জানেন না, এই লোকটা মানুষ হিসেবে কতো চমৎকার। কোনোদিন সময় করে আমাদের অফিসে যাবেন। ওখানের স্টাফরা আপনাকে বলবে নিনীত ভাই কেমন মানুষ। হি ইজ দি সুইটেস্ট ম্যান। আ পিওর ফ্যামিলি ম্যান আই হ্যাভ এভার সিন। আজ হঠাৎ মনে হচ্ছে, আপনি আর নিনীত ভাই হলেন ডেসটিনি। আপনার একটা ঘরের অভাব, আর নিনীত ভাইয়ের একটা মানুষের অভাব। আমি নিনীত ভাইকে চিনি। যখন একবার ও আপনার হাত ধরেছে, কিছুতেই আর অবিচার করবে না আপনার সাথে। আমার কথা বিশ্বাস করুন, জীবন আপনাকে ঠকাবে না। চমৎকার মানুষদের জীবন কখনো ঠকায় না।"

পারমিতা শব্দ করে হাসল।
"ইউ মিন নিনীত সাহেব ইজ মাই ডেসটিনি?"

"ইয়াহ। ডেফিনেটলি। আপনারা হলেন রিয়েল লাইফ বার্বি এন্ড কেইন। হাহাহা।"

চলবে-

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 16 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন