ফন্ট সাইজ:
থিম:
আম পাতা জোড়া জোড়া

পর্ব 17

লেখক: মেহরিমা আফরিন

#আম_পাতা_জোড়া_জোড়া-১৭
লেখনীতে #মেহরিমা_আফরিন

"কখনো কি এমন হয়েছে যে কোনো মেয়েকে দেখলি, আর মনে হলো মেয়েটা ছবির মতো সুন্দর? মানে মেয়েটা ঠিক মানুষ না, কোনো ক্যানভাসে আঁকা আর্টপিসের মতো। হয়েছে এমন কখনো?"

ইয়াজিদ সিগারেটের ধোঁয়া ছেড়ে ঘাড় কাঁত করে তাকাল নিনীতের দিকে। নিনীত শান্ত মুখে বসে আছে। ওর হাতে একটা সরু গ্লাস। ওতে সামান্য খানিকটা তরল এখনো অবশিষ্ট আছে। সে এক মনে কি যেন একটা ভাবছিল। ইয়াজিদ প্রশ্ন করতেই ঠান্ডা স্বরে বলল," না। আমার কখনো এমন হয়নি।"

"আমারও হয়নি ভাই। কিন্তু আজ হয়েছে, ইশির স্কুলে গিয়ে। কি হয়েছে শুনবি?"

"না, তুই অনেক বাড়তি কথা বলিস। শুনতে বিরক্ত লাগে।"

"আরে শোন না। খুব মজার কাহিনি। আমার জীবনের প্রথম নারী নেশা। তুই শুনবি না?"

নিনীত নাক কুঁচকাল।
"নারী নেশা! খুবই বাজে শোনাচ্ছে।"

"আচ্ছা তাহলে নারী প্রীতি। এটা কেমন? ভালো তো?"

"হু, বেটার।"

"তো শোন কি হলো। আমি গেলাম ইশির স্কুলে। ইশির এক মিসের সাথে দেখা করতে। উনার নাম মণিষা সিদ্দিকা।"

"কাহিনি ছোট কর। মাথা ধরছে।"

"আরে বাল শোন না। পুরোটা না শুনলে কাহিনি বুঝবি না ভালো মতো। তো আমি গেলাম ইশির হাত ধরে টিচার্স রুম পর্যন্ত। ইশি ভেতরে গেল। গিয়ে ডাক দিলো তার মিসকে। তারপর তার মিস মাথা তুলল। ভাইরে! কি চেহারা, কি চোখ! দেখার পর পুরা বেফতার হইয়া গেলাম।"

"কেন? বেফতার হইলি কেন? জীবনে আর মেয়ে মানুষ দেখোস নাই?"

"এটাই তো আমারও প্রশ্ন ভাই। দুনিয়াতে আরো কতো মাইয়া মানুষ দেখছি। রূপের ঢক ছিলো, ঘোড়ার লেজের মতো গোছাভর্তি চুলও ছিলো, গরুর মতো বড় বড় চোখ ছিল। সবই ছিলো ভাই। কিন্তু এই মিসের মধ্যে কি জানি একটা আছে ভাই। ঐটা আর কারো মধ্যে নাই। আমি শালা এটাই বাইর করতে পারলাম না যে মিস মণিষার খাসিয়ত টা কি? কি এমন আছে তার কাছে যে আমার মতো বেডা ওর সামনে গিয়া বোবা হইয়া গেলাম।"

নিনীত একটানে গ্লাসের বাকি তরলটুকু শেষ করল। গভীর নিঃশ্বাস ছেড়ে বলল,"বোবা হয়ে যা কয়েকদিনের জন্য। ভালোই হবে।"

"বেটা তুই আমার ইমোশনস সিরিয়াসলি নিচ্ছোস না। আমারে তোর আহিল লাগে? আমি যখন একটা কথা বলতেসি, তার মানে ঐটার একটা ভার আছে। গুরুত্ব দিয়ে শোন।"

"কি গুরুত্ব দিবো? তোর এক মহিলাকে ভালো লাগছে। এটাতে আমার ভূমিকা কি?"

"ভালো লাগসে ঐটা সমস্যা না। সমস্যা হইলো কেন ভাল্লাগসে? দুনিয়াতে এখন পর্যন্ত এমন কোনো মাইয়া মানুষ পয়দা হয় নাই যারে আমার ভাল্লাগবে। ঐ মণিষা মিসের বিশেষত্ব টা কি? আমার চোখে তারে ছবির মতো লাগছে। জানোস, আমি তুতলায় গেছি তার সামনে গিয়া। কি একটা জ্বালা হইলো বল তো? আমার তো প্রেম পিরিতের রুচি নাই। হাঙ্গা শাদি তো অসম্ভব ব্যাপার। তাইলে আমার কেন কাউরে ছবির মতো লাগবে বল?"

"এসব আজাইরা প্যাঁচাল আমার সাথে পারিস না। প্লিজ যা।"

"শোন না।"

"কি?"

"মহিলার চেহারাটা একদম ছবির মতো। আমি যদি কানের পেছনে পেনসিল গুজে ক্যানভাসে রং চং করা আর্টিস্ট হইতাম, তবে আমি কয়েক বছর লাগাইয়া মিস মণিষারেই আঁকতাম। ভিঞ্চির থাকত মোনালিসা, আর আমার থাকত মণিষা। সেই না?"

নিনীত পাশ ফিরল। একেবারে ঠান্ডা স্বরে বলল," ভদ্রমহিলা বিবাহিতও তো হতে পারেন।"

ইয়াজিদ আঁতকে উঠল।
"কি কইলি তুই এডা? যাহ, বেডা। অসম্ভব।"

"কেন? তুই উনার মেরিটাল স্ট্যাটাস জানোস? হতেই তো পারে।"

"তাই বলে বিয়াত্তা? হুদাই ব্যাডবাজ দিস না তো ভাই।"

"আচ্ছা দিবো না। তুই বের হ ঘর থেকে এখন। অনেক কথা বলিস তুই।"

ইয়াজিদ গেল না। উল্টো ক্ষুদ্ধ চোখে তাকিয়ে থাকল নিনীতের ভাবলেশহীন মুখটার দিকে। দাঁতে দাঁত চেপে বলল,"অসম্ভব। মণিষা মিস বিবাহিত, এটা আমি বিশ্বাসই করি না।"

____

দেড় মাস পরে।

গত তিন দিন খুব গরম পড়েছে। আজকের আবহাওয়া সেই তুলনায় বেশ আরামদায়ক। জেবা মাগরিবের নামাজ শেষ করেই রান্নাঘরে গেলেন। বিকেলে ভেবে রেখেছিলেন, সন্ধ্যায় সবাইকে পাকোড়া ভেজে দিবেন।

পারমিতা এখনো ক্লিনিক থেকে আসেনি। তার ফিরতে দেরি হবে। এই মাসটা নাকি তার খুব চাপ যাবে। নিকিতা একটু আগে ঘুম থেকে উঠেছে। সে হাত দু'টো পেছনে টেনে বিজ্ঞদের মতো পায়চারি করছে হল ঘরে। জেবা রান্নাঘর থেকে আওয়াজ তুলে বললেন,"নিকিতা!"

তার কণ্ঠে শাসনের ভাবটা বুঝতেই নিকিতা ঘাড় ঘোরালো। চেঁচিয়ে বলল,"তিইই?"

"কোনো শোপিস যেন হাতে নিতে না দেখি তোমায়।"

"শুপিছ নিয়িছি আমি হাতে? ছবছময় ভানু লাগে না দিদুন।"

"ওমা আমি আবার কি করেছি?"

"বকা তেনু দিচ্ছু? তি কয়েছি আমি?"

"আরে বাবা, তোমাকে বকাও দেওয়া যাবে না? তুমি দেখছি খুব পাকনা মানুষ হয়েছো।"

মেহরোজ ইদানিং খুব একটা নিচে আসে না। সামনের মাসে তার ডেলিভারি। এই অবস্থায় সিঁড়ি ভাঙতে তার কষ্ট হয়। আজ অনেকদিন পর মেহরোজ নিচে নামল। ইশান আজ অফিসে যায় নি, সকালে নাসির সাহেবের সাথে একটা জরুরি কাজে কারখানায় যেতে হয়েছিল। সে ই মেহরোজকে ধরে ধরে নিচে নামাল।

মেহরোজ গিয়ে হলঘরের সোফায় বসল। নিকিতা কপাল কুঁচকে একবার তাকাল তার দিকে। মেহরোজ ওর দিকে হাত বাড়িয়ে বলল," এ্যাই দুষ্টু! তুমি আমার কাছে আসো না কেন? কয়দিন ধরে দেখছি, দেখেই মুখ ভেঙচাও। ব্যাপার কি?"

নিকিতা মাটি থেকে একটা বল তুলে ফ্রকের এক কোণা দিয়ে মুছল। ঠোঁট উল্টিয়ে বলল,"তুমান বেবিই হবি? হবি তো?"

"হ্যাঁ, হবে।"

"তুনি উকেই আদম কববা। কববা তো?"

"হ্যাঁ করবো।"

"তাহনে আমি তেনো আসবু তোমান কাছি? তুনি তো তুমান বেবিকেই ভানুবাছো।"

"কে বলল তোমাকে এই কথা?" মেহরোজ গাল ফুলিয়ে বলল," তোমায় আমি কতো ভালোবাসি জানো?"

"ততো?"

"অনেক বেশি।"

"তসকোবাজামেন ছমান বেশি?"

মেহরোজ ফিক করে হেসে দিলো।
"হ্যাঁ রে সোনা। কক্সবাজারের সমান বেশি।"

অরুনা রান্নাঘর থেকে প্লেট বাটি এনে টেবিলে সাজাচ্ছিল। জেবা রান্নাঘরে গেলে সেও সবসময় পাশে এসে দাঁড়ায়, কাজে সাহায্য করে। এই কাজটা অরু অভ্যাস আর দায়িত্বেবোধ থেকেই করে। নাসির মামা তাদের এই বাড়িতে ঠাই দিয়েছে। অরুনা বিনিময়ে তাকে কোনো মূল্য দিতে পারে নি। কারো বাড়িতে আশ্রিতা হয়ে থাকলে শ্রম অন্তত দিতে হয়। ঋণের বোঝা তখন সামান্য হালকা লাগে। অরুনা শ্রম দেয় কাঁধের উপর চেপে থাকা অদৃশ্য ঋণের বোঝা কমাতে। বিনে পয়সার খাবার দাবার, নিরাপদ আশ্রয়, সমাজে একটুখানি সম্মান, এতো কিছুর বিনিময়ে অরুনা যদি কিছু সময়ের জন্য বাড়ির পরিচারিকার ভূমিকায় অবতীর্ণ হয়, তবে কি এমন ক্ষতি হবে?

অরু চা বসিয়েছিল এক পাশের চুলায়। ইশান টেবিলে এসে বসতেই সে জানতে চাইল,"আপনি চা খাবেন? বসাবো?"

ইশান মাথা নাড়ল।
"আমি চা খাই না। কফি খাই।"

"আচ্ছা আমি করে দিচ্ছি।"

"আরে আরে। তুই কেন করবি? আমার টা আমিই করতে পারব।"

"না, আমি করে দেই। সমস্যা নেই। আপনি বসুন।"

অরুনা দৌড়ে রান্নাঘরে গেল। পনেরো মিনিটের মাথায় কফি করে আনল। বেশ কুণ্ঠিত হয়ে হাতটা বাড়িয়ে দিলো ইশানের দিকে।

ইশান কাপটা হাতে নিল। হঠাৎ অরুনার হাতের দিকে চোখ পড়তেই চমকে উঠে বলল,"কিরে অরু! তোর হাতের কি হয়েছে?"

তার কথা শুনে অরুনা নিজেও তাকালো ডান হাতের কবজির দিকে। হাতটা পুড়ে গেছে গতকাল। তরকারির পাতিল চুলা থেকে নামাতে গিয়ে হাতে ছ্যাঁক খেয়েছে। অনেকটা জায়গা জুড়ে শুধু লাল চামড়া। দেখলে ভয় করে।

অরুনা ঠান্ডা স্বরে বলল,"কিছু না। গরম পাতিল লেগেছে একটু।"

"একটু? পুরো হাত পুড়ে গেছে অরু। ইশশ! কাউকে জানাস নি কেন?"

"এইটুকুতে কাকে জানাব?"

"এইটুকু কোথায়? তুই অন্ধ? নাকি বেশি বুঝিস?"

অরুনা আবার তাকাল হাতের দিকে। নিচু স্বরে বলল,"আমার অভ্যাস আছে।"

"খুব অভ্যাস আছে।"

মেহরোজ আস্তে আস্তে কদম ফেলে খাবার ঘরে এলো। কৌতূহলী হয়ে বলল,"কি হয়েছে?"

"এই দেখো না। অরুর হাতটা দেখো। কি বিশ্রীভাবে পুড়ে ফেলেছে। তবুও বার্নোল না লাগিয়ে ঘুরছে। দেখো একবার।"

মেহরোজ চেয়ার টেনে বসল। ফোলা ফোলা হাতে অরুনার হাত ধরে বলল,"হাতে এমন ব্যথা নিয়েও তুমি কাজ করছো অরু?"

অরুনা খুব অপ্রস্তুত হয়ে পড়ল। কেউ তাকে যত্ন করলেই তার ভেতরটা হচকচ করতে থাকে। সে লাজুক মুখে মাথা নেড়ে বলল,"না আপু। এতো বেশি না। কাল রাতে জ্বলছিল। এখন ঠিক আছে।"

ইশান কফির কাপ ফেলে উঠে গেল। ড্রয়িং রুমের নিচের ক্যাবিনেটে ফার্স্ট এইড বক্স আছে। ওটা হাতে নিয়ে পুনরায় ডাইনিং রুমে আসতেই অরুনা চমকে উঠল। দ্রুত হাত নেড়ে বলল," না না। দরকার নেই আমার। ভাইয়া...."

মেহরোজ ওর হাতটা চেপে ধরে বলল," কি দরকার নেই? তুমি জানো, বার্ন ইনফেকশন কতো ভয়াবহ? নিজের এতো অবহেলা কিভাবে করো অরু?"

ইশান কপাল কুঁচকে বলল," অরু আমাদের আপন ভাবে না। ভাবে আমরা পাষাণ।"

"না, এমন না। আপনি ভুল বুঝছেন।"

"হাত যে ব্যথা, ঐটা মা কে বলেছিস একবারো?"

"না। এটা তো বলার মতো এমন কিছু না।"

"এজন্যই তো বললাম, আপন ভাবিস না।" ইশান একটু থেমে বলল," অরু, তুমি আমাদের ছোট বোনের মতো। ইমির কাছাকাছি বয়স তোমার। তুমি কেন এতো সংকোচ করো? আমরা কেউ তোমাকে কাজ করতে দেখতে চাই না। আমরা চাই তুমি ভালো থাকো।"

ইশান বার্নলের মুখ খুলল। মেহরোজ অরুর হাতটা উল্টো করে বলল,"এই যে এখানে। ইশশ! কতোখানি পুড়লো অরু। তুমি সারারাত ধরে এই ব্যথা সহ্য করেছো?"

অরু জবাব দিলো না। মেহরোজ জানে না, এই ব্যথার চেয়েও বেশি যন্ত্রণা পিতৃ পরিচয় হীন হয়ে অন্যের বাড়িতে পড়ে থাকার মধ্যে আছে। নিজের একটা বাড়ি না থাকা, অন্যের দয়ায় জীবন পার করা যে কতো কষ্টের, সে কথা অরুনা কেমন করে বোঝাবে তাদের?

____

এর প্রায় মাস খানেক বাদে কিটিপাই ম্যাটারনিটি সেন্টারের তিনশো ছয় নম্বর কেবিনে মেহরোজ একটা কন্যা সন্তানের জন্ম দিলো। তার ইচ্ছে ছিল অবিকল নিকিতার মতো একটি মেয়ের। স্রষ্টা তাকে নিরাশ করেন নি। তার আর ইশানের ঘরে যেই গোল গাল মুখের কন্যা সন্তানের জন্ম হলো, তার চোখ দু'টি অবিকল নিকিতার মতো ছিল।

ইশান দাঁড়িয়ে ছিল কেবিনের বাইরে। এতোক্ষণ অস্থির পায়চারি করে এতোক্ষণে কিছুটা শান্ত হয়েছে। বাড়ির বয়স্ক সদস্যরা সবাই করিডোরের চেয়ারে বসা। পারমিতা বাচ্চাদের নিয়ে নিচে গেছে কিছুক্ষণ আগে।

আয়তি আসে নি। ওর আসতে আরো ঘন্টাখানেক সময় লাগবে। ইয়াজিদ একটু আগে বাইক নিয়ে বেরিয়েছে। নাসির সাহেব শান্ত হয়ে বসেছিলেন চেয়ারে। ইশান একটু পর পর অস্থির হয়ে তার কাছে এলো।

"বাবা! একটু বেশিই দেরি হচ্ছে না?"

"অপেক্ষা করো। আল্লাহকে ডাকো। কিছুই হবে না।"

মেহরোজের মায়ের নাম শারমিন। ভদ্রমহিলা ডেলিভারির আগের এক সপ্তাহ মেহরোজের সাথেই ছিলেন। উনি পরহেজগার মানুষ। আজও হাসপাতালে আসার পর দোয়া পড়ছিলেন মাথা নামিয়ে। ইউসুফ সাহেব উদগ্রীব চোখে তাকিয়ে ছিলেন কেবিনের দরজার দিকে। ভেতর থেকে এখনো কোনো খবর জানায় নি।

মেয়েকে নিয়ে তার দুশ্চিন্তা বরাবরই বেশি। তার একটা মাত্র মেয়ে। বিয়ের পর থেকে ইউসুফ প্রতি সপ্তাহে একবার অন্তত তার বাড়িতে গিয়ে তাকে দেখে এসেছেন।

ইউসুফ সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন। তার চেয়েও দ্বিগুণ অস্থিরতা নিয়ে ইশান করিডরে পায়চারি করছে। ইউসুফ সাহেব তার কাঁধে হাত রাখলেন। অভয় দিয়ে বললেন," কিছু হবে না বাবা। ইরোজের সময়ও তো সব ভালোয় ভালোয় হয়েছিল। এবারও হবে। চিন্তা করো না।"

ইশান অল্প করে হাসল। ভেতরে ভেতরে কেমন ছটফট লাগছিল সব। চাকরির ব্যস্ততা, জীবনের ব্যস্ততা কিংবা ইরোজ আর নিকিতা কে সামলানোর দায়িত্ব, এতো কিছুর মধ্যেও মেহরোজের সাথে কখনো দূরত্ব বাড়ে নি তার।

পারিবারিক ভাবে বিয়ে। তারপর সংসার, প্রেম, ভালোবাসা সবকিছু। ঐ সংসার বাদে ইশান আর কোথাও নিজের গোড়া খুঁজে পায় না। মেহরোজ ভীত স্বভাবের মেয়ে। ও শান্ত, নির্মল, আগাগোড়া স্বচ্ছ। ইশান জানে না ওর মতো দারুণ মেয়ে হাজারে কয়জন হতে পারে। এই যে নয়টা মাস চোখের পলকে চলে গেল, মেহরোজ ধৈর্য ধরে সবটা সয়ে নিয়েছে। মেয়েদের কতো শখ হয়, মন খারাপ হয়, ইচ্ছে হয়। এই সময়ে শরীর আরাম খোঁজে, একটু নিরালায় বসে সময় কাটাতে চায়। ঐটুকু সময়ও মেহরোজ নিকিতাকে দিয়েছে। কেন দিলো? নিকিতা তো ওর কেউ না।

অরুনা করিডোরের সবচেয়ে সরু অংশে দাঁড়িয়ে মেঝের চকচকে রংটা দেখছিল। এক আঙুলে সে ক্রমাগত নিজের ওড়না প্যাঁচাচ্ছে। মাঝে আবার বিবর্ণ চোখ দুটো মেলে সামনে তাকাল।

ইশানের শার্টটা ঘামে ভেজা। পিঠের কাছে লেপ্টে আছে। অরুনা ফ্যাকাশে চোখে একবার দেখল তাকে। তারপর আবার চোখ সরিয়ে নিল দ্রুত। কতো উৎকণ্ঠা তার দুই চোখে! ঐ উৎকণ্ঠা তো মেহরোজেরই প্রাপ্য।

অরুণার মাঝে মাঝে রাগ হয় নিজের উপর। মন চায় নখ দিয়ে আঁচড়ে সব চুল ছিড়ে ফেলতে, নিজের দু'গালে ঠাটিয়ে কয়েক ঘা বসিয়ে দিতে। প্রেম আর করুণা অনেক দূরের দু'টো শব্দ। দুইটাকে গুলিয়ে ফেলা যায় না। অরুনা গুলিয়ে ফেলেছে। ও তো বামন ছিল। তবে চাঁদের প্রতি এতো লোভ কেন হলো তার?

রাগে, ঘেন্নায় ওর নিজেরই নিজেকে বড্ড ছেঁচো মনে হলো। আচ্ছা, দয়া দেখিয়ে, সহজাত স্নেহের খাতিরে কেউ যদি জানতে চায়, তুই কিছু খেয়েছিস অরু? তার মানে এই না যে সে তাকে ভালোবাসে। ভালোবাসা খুব কঠিন শব্দ। অরুনার মতো ভাসমান মেয়েদের কেউ ভালোবাসে না। দয়া করে যে একটু সম্মান দেখায়, এটাই তো অনেক।

কিছুক্ষণ পরেই ডাক্তার সাবরিনা এসে একটা তোয়ালে দিয়ে মোড়ানো ছোট্ট আদল তুলে দিলেন ইশানের কোলে। হেসে বললেন," মেয়ে তো এইটুকু বয়স থেকেই ভীষণ বুজুর্গ হয়েছে ইশান। বেশি জোরে কাঁদে না। টায়ার্ড হয়ে যাওয়ার ভয়ে আগেই থেমে যায়।"

শারমিন উঠে দাঁড়ালেন। এতোক্ষণ ধরে বুকের কাছে আটকে থাকা দমটা বেরিয়ে এলো বাচ্চাটাকে ওটি থেকে বের করে আনতেই। শারমিন নিচু স্বরে বললেন," আমার মেয়ে কেমন আছে? ও ঠিক আছে তো?"

"জি। শি ইজ অ্যবসোলিউটলি ফাইন। এইতো, আর আধঘন্টা পরে গিয়েই আপনারা দেখা করতে পারবেন।"

"যাক, আলহামদুলিল্লাহ।"

ইশান পাথরের মতো দাঁড়িয়ে আছে বাচ্চাটাকে কোলে নিয়ে। এর আগে যখন ইরোজ হয়েছিল, ভয়ে সে কোলেই নেয় নি তাকে। এতো ছোট বাচ্চা, ফেলে দিলে কি হবে?

পিতৃত্বের এই অনুভূতি তার জন্য নতুন না। বছর তিনেক আগেই ইরোজের বাবা হয়ে ঠিক এমন অনুভূতিই হয়েছিল তার। তবুও আজ কেন যেন সবকিছু অন্যরকম মনে হলো ইশানের।

ওর পা দু'টো শক্ত করে মেঝের সাথে আটকে আছে। চলতে গিয়েও নিজেকে খুব দুর্বল মনে হলো তার। নিঃশ্বাসটা গলার কাছে আটকে আছে। ঐ আটকে থাকা নিঃশ্বাস না ফেলেই সে মাথা নামিয়ে তার হাত দু'টোর দিকে তাকাল।

টসটসে চেহারার একটা নবজাতক গোটা গোটা চোখে তাকিয়ে আছে তার দিকে। অত্যন্ত ভাবগম্ভীর দৃষ্টি। যেন সে সব বোঝে, সব জানে। ইশানের সাথে তার চোখাচোখি হতেই সে ভ্রুকুটি করল। মনে মনে বোধহয় বলল,"তুমি আমার বাবা? তোমার মুখটা এতো সিধা কেন?"

ইশানের দুই চোখ ভারি হলো হঠাৎ। হাত দু'টো হালকা করে কাঁপছিল। দু'চোখে মুগ্ধতা এসে ভীড় করেছে। নিকিতার মতো একটা মেয়ের শখ তো তারও হতো। এই যে সেদিনও যখন নিকিতা তার বুকে মাথা রেখে পকপক করতে করতে ঘুমিয়ে গেল, ইশানের তখন মনে হলো, ঠিক এমন একটা দৃশ্যর পুনরাবৃত্তি কি তার জীবনেও ঘটতে পারে না? ঠিক নিকির মতোই কেউ কি তাকেও পাপাই পাপাই বলে পুরো বাড়ি মাথায় তুলতে পারে না? নিকি যেমন করে ওর পাপাইকে চায়, ঠিক এমন করেই যদি কেউ ইশান কে চাইত, তবে বোধহয় মন্দ হতো না একদমই।

অরুনা দুই কদম সামনে এগোলো। তোয়ালের আড়াল থেকে অল্প অল্প করে বাচ্চাটার দুই হাত দেখা যাচ্ছে। দেখতে এতো আদুরে লাগছে। অরুনা নিজেই হতভম্ব হয়ে গেল।

একে একে সবাই তাকে কোলে নেওয়ার পর অরুনা গুটি গুটি পায়ে শারমিনের কাছে গিয়ে দাঁড়াল। আপাতত সে শারমিনের কোলে। হাত নেড়ে নেড়ে আবার ঘুমিয়ে যাচ্ছে। হাত গুলো এতো ছোট! অরুনার চোখ ভিজে উঠল বাচ্চাটাকে দেখে।

শারমিন তাকে আসতে দেখেই হাসলেন।
"আরে অরু! কোলে নিবে নাকি?"

অরুনা দ্রুত দুই দিকে মাথা নাড়ল।
"না আন্টি। আমি খুব ভয় পাই। আপনার কোলেই থাকুক। আমি দূর থেকে দেখি।"

"আচ্ছা।"

ইশান হাসি মুখে এগিয়ে এলো। এক আঙুল দিয়ে শুধু বাচ্চাটার গাল স্পর্শ করে বলল,"দেখ অরু। কেমন পাকনা হয়েছে।"

অরুনা হাসল। ইশান আবার বলল,"নিকিতার মতো হবে নারে?"

"জি, হবে।"

"তুই ভয় পাচ্ছিস কোলে নিতে?"

"হ্যাঁ, খুব ছোট তো।"

"আচ্ছা সমস্যা নেই। ঘাড় শক্ত হলে তারপর নিস।"

অরু মাথা নাড়ল। ইশান আবার গভীর মনোযোগে তাকালো বাচ্চাটার দিকে। খুশিতে ওর চোখ দু'টো চিক চিক করছে।
শারমিন বললেন," আল্লাহ যাদের খুব ভালোবাসেন, শুধু তাদের ঘরেই কন্যা সন্তান দেন।"

ইশান হাসল। মাথা তুলে বলল,"আস্মু, আমি কি ওর গালে আদর করতে পারব?"

"অবশ্যই পারবে।"

"আসলে মেয়ে বাবু তো। অনেক নরম। ভয় করে।"

ইশান মাথা নোয়ালো। খুব আলতো করে স্পর্শ করল বাচ্চাটার মাথা, ছোট একটা চুমু খেল গালে।
"মা! আমার লক্ষ্মী মা।"

অরুনার দুই চোখ ভরে উঠল হঠাৎ। এক পা এক পা করে পিছিয়ে সে দেয়াল ঘেঁষে দাঁড়াল। দুই চোখ আবার জ্বলছে ভীষণ। অরুনা দ্রুত মুখ আড়াল করল। শ্বাস ছাড়ল আনমনে। ওর ভেতরটা কাইকুই করে বলল,
"তুমি আমায় ভালোবাসলে কি এমন ক্ষতি হতো বলো তো? ভালো যদি নাই বাসতে, তবে করুণাটুকুও গোপনই রাখতে।"

____

পারমিতা একটা ঢোক গিলে সামনে তাকাল। কিছু্ক্ষণ আগে তারা থার্ড ফ্লোরে এসেছে। নিকিতা আপাতত তার দাদুভাইয়ের কোলে। সে মাম্মার নতুন বাবু টাকে কোলে নিতে চেয়েছিল। কিন্তু ওকে ওর কোলে দেওয়া হয়নি। নিকি অনেক অনুরোধ করেছে। তবুও দেয় নি। এরপর কান্নাকাটি করে সে দাদুভাইয়ের কোলে এসেছে। তার বুকে মাথা রেখে শপথ করেছে, জীবনেও আর ঐ বাবুর কাছে সে যাবে না। ঐ বাবুটা দেখতেও পঁচা। একদম পটির মতো।

নিবেদিতা বসে আছে অরুনার পাশে। অরুনা হালকা করে হাত ধরে রেখেছে তার।

পারমিতার দুই চোখের পাতা ভারি হয়ে উঠল। কেবিনে ঢোকার পরেই তার হাত পা জমে গেল।
মেহরোজ বেডে আধশোয়া হয়ে বসে আছে। ইশান একটু দূরের টুলে বসে আছে ইরোজকে কোলে নিয়ে। ইরোজ স্থির চোখে, এক নাগাড়ে তাকিয়ে আছে সাদা তোয়ালে দিয়ে মোড়ানো নবজাতকের দিকে।

ইউসুফ সাহেব মেয়ের মাথার কাছে বসে হাত বুলাচ্ছেন। মেহরোজ ক্লান্ত শরীরটা ছেড়ে দিয়েছে পুরোপুরি। ওর চোখ অর্ধেক বোজা।
শারমিন অন্য পাশে বসে হালকা হাতে বিলি কাটছেন মেয়ের মাথায়। একটু পর পর কি যেন সূরা পড়ে ফু দিচ্ছেন গায়ে। মেহরোজ অস্ফুটস্বরে বলল,"আম্মু! পেটের নিচটায় অনেক ব্যথা হচ্ছে।"

শারমিন ওর কাঁধে হাত রেখে সাহস দিলেন। কপাল থেকে চুল গুলো সরিয়ে ছোট একটা চুমু খেয়ে বললেন," কিছু হয় না আম্মু। সব ঠিক হয়ে যাবে।"

"সেলাই কতো দিনে শুকাবে বলো তো?"

"একটু তো সময় লাগবে।"

"ওমাগো! আর পারি না।"

ইউসুফ সাহেব মনমরা হয়ে বসলেন। পারমিতা স্পষ্ট দেখল, তার দুই চোখে দুঃখ আর দুঃশ্চিন্তা। একটু পর পর মেয়ের কাছে গিয়ে আদর করে হাত বুলিয়ে দিচ্ছেন মাথায়। শারমিন আদুরে গলায় বললেন,"কিচ্ছু হবে না মা। আল্লাহ আছেন।"

মেহরোজ একটু নড়ে বসল। কাঁচা সেলাইয়ে অল্প টান খেতেই ভীষণভাবে গুঙিয়ে উঠল। ইশান অস্থির হয়ে বলল,"আয়হায়! বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকব?"

পারমিতা পাথরের মতো দাঁড়িয়ে জ্বলজ্বলে চোখ মেলে দেখল তাদের। তার বুকে টিম টিম শব্দ হচ্ছে, নিঃশ্বাসের বেগ বাড়ছে। একটা সূক্ষ্ম হাহাকারে ভেতরের সবকিছু তোলপাড় হয়ে যাচ্ছে। এই মেয়েটা সে হতে পারত। শারমিন আর ইউসুফ সাহেবের পরিবর্তে তার মা বাবা থাকতে পারত।

আনমনে পারমিতা হাত রাখল পেটে। গলার কাছে আটকে থাকা নিঃশ্বাসটা ক্রমেই শ্বাস আটকে ধরল তার। সব অনুভূতি এসে ভীড় করল ওখানটায়। পারমিতার চোখ ঝাপসা হতে শুরু করল। এমন একটা জীবন তো তারও হতে পারত! এই মেয়েটা তো সেও হতে পারত।

সে আর দাঁড়াতে পারল না। দ্রুত চোখ মুছে কেবিন থেকে বেরিয়ে এলো।

সেদিন আর ক্লিনিকের কোথাও তাকে পাওয়া গেল না। কোনোরকমে একটা ক্যাব বুক করে সে বাড়ি চলে এলো। বাড়ির হলঘরটা তখন অন্ধকার হয়ে আছে। কেউ বাতি জ্বালায়নি সন্ধ্যার পর। রাশেদার ঘরে একট হলদে আলোর বাতি জ্বলছে। আজমেরি আওয়াজ নামিয়ে কথা বলছে তার সাথে। এছাড়া পুরো বাড়িতে আর কোনো শব্দ নেই।

পারমিতার কাছে ঐ বাড়িটা খুব ভুতুড়ে মনে হলো। সে সদর দরজা পার করেই একবার তাকাল চারপাশে। ঘরটা এতো থমথমে নীরব। পারমিতা ছোট ছোট পদক্ষেপে সিঁড়ি ভাঙল। শফি সাহেব কে কি একবার ফোন দিবে? উনাকে কি পাওয়া যাবে এই সময়ে?

ঘরে যাওয়ার পর অনেকক্ষণ সে চোখ বুজে শুয়েছিল। ভেবেছিল একটু ভালো লাগবে। কিন্তু ঘরের নির্জনতা তাকে ক্রমেই অস্থির করে তুলল। ছটফট করতে করতে পারমিতা উঠে বসল। শফি সাহেবকে আরো তিনবার কল করেও পাওয়া গেল না। পারমিতা চোখ তুলে উপরের ফকফকে সিলিংটার দিকে তাকাল। সিলিংয়ে ঝুলতে থাকা ফ্যানটা রহস্য হেসে ডাকছে তাকে। রাক্ষুসে চোখে বলছে,"আয় মিতা। সোজা এসে ঝুলে পড়।"

পারমিতা এক লাফে উঠে দাঁড়াল। এই ভুল সে আর করবে না। শাড়ির আঁচলটা পুনরায় কাঁধের উপর তুলে সে ছুটে বের হলো ঘর থেকে।

____

দরজায় পর পর কয়েকটা ধাক্কা পড়ল। একদম একটানা, অবিরত। মনে হলো, কেউ ঘোরতর বিপদে পড়ে দরজা ধাক্কাচ্ছে।
নিনীত ঘাড় বাঁকিয়ে তাকাল। গলা তুলে কিঞ্চিৎ বিরক্তিতে বলল,"কে?"

অন্য পাশ থেকে জবাব এলো না। কেবল শব্দের তীব্রতা বাড়ল। নিনীত সাইড বক্সের উপরের ছোট্ট টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে উঠে দাঁড়াল। দরজা খুলতেই অন্য পাশ থেকে সামান্য আলো ঘরে এলো। নিনীত মৃদু আলোতে দেখল, পারমিতা ইবনাত এক গাল হাসি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে।

"আপনি?"

পারমিতা মাথা নাড়ল। দুই ঠোঁটে তার টানা হাসির রেখা। নিনীতকে দেখতেই হেসে হেসে বলল,"গুড নাইট। কেমন আছেন আপনি?"

"ভালো।"

"কতোদিন আপনাকে দেখি না মনে হচ্ছে। তাই আপনার সাথে দেখা করতে আসলাম।"

"তাই বলে এভাবে দরজা ধাক্কাবেন?" নিনীত অবাক হয়ে বলল," আপনি এতো অদ্ভুত! আমি রাগ করার মতো ভাষাও খুঁজে পাচ্ছি না।"

"জি, আমি একটু অদ্ভুতই।"

পারমিতা ঘরে ঢুকল। নিনীত চোখ পাকিয়ে বলল,"আবার কি?"

"এমনিই। কিছু না।"

"ঘরে কেন এসেছেন?"

"এভাবেই। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে।"

"বাড়ি ফাঁকা হলেই আমার ঘরে ঢুকে যাবেন?"

"কেন? আপনার ঘরে কি আমি ঢুকতে পারি না?"

নিনীত শক্ত মুখে বলল,"না।"

"কেন? আপনার কি নিজের উপর নিয়ন্ত্রণ নেই? কেন আপনার মনে হয় যে আমি ঘরে আসলেই আপনি অঘটন ঘটিয়ে ফেলবেন। স্বামী স্ত্রীর মতো ভালোবাসা বাসি শুরু করবেন। হুয়াই?"

"কি আশ্চর্য! এটা কখন বললাম?"

"তাহলে আমার ঘরে আসা নিয়ে আপনার এতো সমস্যা কিসের?"

নিনীত ঠান্ডা স্বরে বলল," আমি এই সময়ে ড্রিংকস করি।"

"নো প্রবলেম। আমার তাতে কোনো সমস্যা নেই।"

নিনীত শব্দ করে দরজা বন্ধ করল।
"ওকে ফাইন। যা খুশি করুন।"

নিনীতে খাটের পাশে মেঝেতে বেছানো মোলায়েম কার্পেটে গিয়ে বসল। তার আগেই আঙুল তুলে পারমিতাকে সাবধান করল," ঘরে ঢুকতে দিয়েছি মানে এই না যে কানের কাছে বকবক করবেন। আমার প্রাইভেসিকে সম্মান করুন ম্যাডাম। যেমনটা আমি করি।"

পারমিতা ভ্রুকুটি করল। কোমরে হাত গুজে মাথা ঝুকিয়ে বলল,"বসতে পারব তো আপনার সাথে? নাকি ঐটাতেও সমস্যা আছে?"

"বসুন। তবে নিঃশব্দে।"

পারমিতা ধপ করে বসল। উৎসুক চোখে তাকাল নিনীতের হাতের দিকে।

নিনীত মাঝারি সাইজের একটা গ্লাসে হুইস্কি ঢালার ফাঁকে ঘাড় বাঁকিয়ে তাকাল পারমিতার দিকে। পারমিতা বেশ কৌতুহল নিয়ে দেখছে কাঁচের বোতলটা। তার চোখ দু'টো চকচক করছে। নিনীত সামনে ফিরে বলল," আপনিও ড্রিংকস করেন? অবশ্য আধুনিক ঘরনার মেয়ে। আগেই অনুমান করেছিলাম।"

নিনীত আরেকটা গ্লাসে হুইস্কি ঢেলে পারমিতার দিকে এগিয়ে দিল। পারমিতা চমকে উঠে বলল," এই না না। আমি ড্রিংকস করি না। "

"করেন না?"

"না। মানুষ করে। আর আমি আগ্রহ নিয়ে দেখি।"

নিনীত ছোট করে বলল,"ওহহ।"

পারমিতা গলার স্বর বেশ খানিকটা নামিয়ে ফিসফিস করে বলল," আমি যদি ড্রিংকস করে মাতাল হয়ে যাই, তবে কি আপনি আমার মাতলামির সুযোগ নিবেন?"[কোনো রিলসে ব্যবহার করবেন না, এটা মুভির ডায়লগ, আমার বানানো না।]

নিনীত নাক মুখ কুঁচকালো। ভাবলেশহীন গলায় বলল,"প্রচুর মুভিস দেখেন তাই না?"

"জি। যেন সুযোগ বুঝে ডায়লগ ডেলিভার করতে পারি। বলুন, সুযোগ নিবেন নাকি?"

"যদি নেই?" নিনীত ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল। ওর চোখের দৃষ্টি সূচালো।

পারমিতা অস্পষ্ট হাসল।
"তাহলে এক বোতল পুরোটাই খেয়ে ফেলতে পারি।"

"ইশশ!" নিনীত হেসে ফেলল হঠাৎ,"ডাক্তার ম্যাডাম! আপনি যা তা। বাই দি ওয়ে, এসব খেলে কেউ মাতাল হয় না। উল্টো ড্রিংকস করলে নার্ভস শান্ত থাকে।"

"সত্যি?"

"তো কি? পলিটিশিয়ানরা নার্ভ কুল রাখতে কম বেশি ড্রিংকস করে। এমনকি সিরিয়াল কিলাররাও।"

নিনীত ছোট করে দুই বার চুমুক দিল গ্লাসে। পারমিতা অন্যমনস্ক হয়ে বলল,"জানেন, ইশানের একটা মেয়ে হয়েছে। খুব সুন্দর।"

"বাহ, গ্রেট।"

"জানেন, আজ হাসপাতালে মেহরোজের বাবা মা দু'জনই গিয়েছিল।"

"সো হোয়াট? ওদের একমাত্র মেয়ে মেহরোজ। যাবে না?"

পারমিতা ঘোরের মধ্যে বলল," সব মেয়ে কি মেহরোজ হয়? আমিও তো আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, একমাত্র সন্তান।"

"ওর সাথে আপনাকে কেন মেলাচ্ছেন? আপনার বাচ্চা হয়েছে? অদ্ভুত!"

পারমিতা কারপেটের এক কোণা খাঁমচে ধরল। খুব কষ্টে একটা ঢোক গিলে কাতর স্বরে বলল,"না হয়নি। হলেও বা কার কি?"

নিনীত জবাব দিলো না। পারমিতা দীর্ঘশ্বাস ছাড়ল। হালকা স্বরে বলল," জানেন নিনীত সাহেব, আমি না মাঝে মাঝে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। ইউ নৌ হোয়াট? আই লাভ ফ্যামিলি।"

প্রায় সাথে সাথে ঝড়ের বেগে নিনীত জবাব দিলো,"বাট আই হেইট ফ্যামিলি। আমার গা গুলায়, প্রচণ্ড বিতৃষ্ণা জেঁকে ধরে।"

"কতো দারুণ আপনার পরিবার! শিউলি ফুলের মতো দু'টো মেয়ে। কিভাবে পারেন আপনি? আই উইশ, আল্লাহ আমাকে এমন একটা ঘর দিতো!"

পারমিতা মেঝেতে বসেই হালকা করে মাথা রাখল তোষকে। একটু পরেই তার চোখ লেগে এলো। নিনীত ঘুমাল না। একটু অবচেতন ভাবে পাশে তাকাতেই দেখল পারমিতা বাঁকা হয়ে বসে ঘুমাচ্ছে, ওর ঘাড়টা হেলে যাচ্ছে একদিকে।

নিনীত যন্ত্রের মতো হাত বাড়ালো।হাতড়ে হাতড়ে একটা বালিশ খুঁজে সেটা আস্তে করে পারমিতার মাথার নিচে রাখল। পারমিতার হাত দু'টো টেনে কোলের উপর রাখল। ভদ্রমহিলার চুল উড়ছে, ঘুমন্ত অবস্থায় বয়স কিছুটা কম লাগছে। নিনীত আগে কখনো খেয়াল করেনি , উনার মুখে একটা মায়া মায়া ভাব আছে। ঠিক উনার হাসির মতোই।

বারান্দা থেকে খুব অল্প আলো আসছে ঘরের ভেতরে। নিনীত উঠে গিয়ে পর্দা চাপিয়ে দিলো, পারমিতার ঘুম ভাঙালো না। থাক, ঘুমাক। কেউ এসে তার ঘরে ঘুমালেই তো আর সে প্রেমে পড়ে যাবে না। প্রেম নিশ্চয়ই এতো সহজ কিছু না।

চলবে-

[চাইলে দুই পর্বে দিতে পারতাম। কিন্তু এক পর্বে না দিলে ভালো লাগত না। আমার পরীক্ষা সামনে। সময় মতো গল্প না পেলে বিরক্ত হবেন না প্লিজ।]

[গানটাও নিনীত পারমিতার জন্যই। ইয়াজিদের সময় হলে ওকেও এমন করে পাবেন সামনে। ইউ ক্যান ট্রাস্ট মি মনারা।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন