#আম_পাতা_জোড়া_জোড়া-১৮
লেখনীতে #মেহরিমা_আফরিন
ইশান মুগ্ধ চোখে ছোট ছোট আদলটার দিকে তাকাল। কপালের নিচে দু'টো বড় বড় চোখ সন্দিহান হয়ে তাকিয়ে আছে তার দিকে। মুহূর্তেই দু'চোখ সরু হলো। ভ্রুকুটি করে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ইশান হেসে ফেলল। মাথা নামিয়ে তুলোর মতো নরম হাতের পাতায় ছোট করে চুমু খেয়ে বলল,"আম্মাজান! আপনি বিরক্ত হচ্ছেন? পৃথিবীটা কি অসহ্য! তাই না? পেটেই বোধহয় ভালো ছিলেন।"
মেহরোজ আজ বাড়ি ফিরেছে চারদিন পর। তার ঘরটা এখন আর চেনা যাচ্ছে না। জেবা আর সুষ্মিতা মিলে পুরো ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করেছে। আলমারির পাশে একটা ছোট্ট ওয়্যারড্রব এনে রাখা। ওটার ভেতরটা ছোট বাচ্চাদের কাপড়ে ঠাসা। খাটের সাইডবক্সের উপর টাল করে ওয়েট টিস্যু আর ডায়াপার রাখা।
মেহরোজের মেয়ের নাম রাখা হয়েছে ইমতিহা। ইমতিহা নামের অর্থ সমাপ্তি। এই নামের সন্ধান এনে দিয়েছে পারমিতা। মেহরোজ অবাক হয়ে বলল,"এখনই সমাপ্তি ঘোষণা করে দিলেন? পরে যদি আরো একজন হয়?"
পারমিতা এতো ভাবল না নামের অর্থ নিয়ে। ইশান আর মেহরোজের সাথে মিল করে নাম খুঁজতে গিয়ে তার অনেক সময় লেগে গেছে। এই নামটাও তেমন মিলেনি।।তবে শুনতে ভালো। ইমতিহার দিদুন এই নাম খুব পছন্দ করেছেন। তাই শেষ পর্যন্ত তার নাম ইমতিহা ই রাখা হলো।
ইমতিহা বাড়িতে আসার পর বাড়ির সবাই তার ঘরে এসে তাকে অভ্যর্থনা জানিয়ে গেল। আমি জানি, ছোট্ট ইমতিহা বড় হওয়ার পর এই গল্প, এই ছোট ছোট স্মৃতিদের ভুলে যাবে। তবে তার জন্য আমি লিখে রাখতে পারি সেসব। যেন বড় হয়ে সে জানে, তার জীবনের প্রথম প্রহর গুলো কতো চমৎকার ছিল!
ইমতিহা অল্প অল্প করে হাত পা নাড়ত। এই বয়সের বাচ্চাদের এতো আলস্য কেমন করে আসে, ইশান জানে না। তবে তার মেয়ে আরাম বুঝত, কেঁদে কেটে নিজেকে ক্লান্ত করত না কখনোই।
বাড়িতে আসার দুই ঘন্টা পড়েই ইমতিহার সাথে ষষ্ঠবারের মতো দেখা হলো তার ছোট দাদা ইয়াজিদ শায়েরানের। ইয়াজিদ বাচ্চাকাচ্চার ব্যাপারে নাক উঁচু। সব বাচ্চা ওর ভালো লাগে না। বিশেষ করে এমন এক দুই সপ্তাহ বয়সের গ্যাদা বাচ্চাদের। কিন্তু ইমতিহাকে তার একটা বিশেষ কারণে পছন্দ হলো।
ইমতিহা কান্নাকাটি করতো না। টসটসে চোখে চেয়ে ইমতিহা জগতের মানুষদের বৈচিত্র্য কাজ কর্ম পর্যবেক্ষণ করত। এই যে ইয়াজিদ। সে প্রথমবার ঘরে এসেই এক টানে ইমতিহাকে উঁচু করে ধরে কোলে নিল। ইমতিহা ভ্রুকুটি করে সন্দিহান চোখে তাকাল তার দিকে। ধরার ভঙ্গিটা তার পছন্দ হচ্ছে না। লোকটা একটু খামখেয়ালি প্রকৃতির। তাকে ফেলে দিবে না তো?
ইয়াজিদ হাসল তাকে দেখে। তার মতোই কপাল কুঁচকে বলল,"কিরে! তুই এমন মা খালাম্মাদের মতো চোখ করেছিস কেন? এ্যাই ইশান! তোর মেয়ে তো এখনই আম্মার মতো চোখ পাকাচ্ছে আমায়।"
ইয়াজিদ আলতো করে কপাল ঠেকাল তার সাথে। চোখ বুজে নরম সুরে বলল,"এটা একটা পরীর বাচ্চা। রাজকন্যা, প্রিন্সেস, হুররাম সুলতান।"
নিকিতা খাটের পাশে দাঁড়িয়ে কুঁচকানো মুখে দেখছিল তাদের। ইয়াজিদ থামতেই চোখ বড় বড় করে বলল,"দাদুন। তুনি এতু পুচা?"
"কেন? আমি কি করেছি?"
"তুনি আমাতে পিনসেস বলো। আবার উকেও?"
"তো? প্রিন্সেস কি দু'টো হতে পারে না?"
"না।" নিকিতা জেদ করে বলল,"একতাই। পিনসেস একতাই হয়। তুনি উকেই আদম কচছো। আমাকে না।"
ইয়াজিদ কপাল চাপড়াল।
"ময়না রে! তোকে তো সারাদিন আদর করি। ও না নতুন? মাত্র আমাদের বাড়িতে এসেছে। ওকে আদর না করলে কষ্ট পাবে না?"
নিকিতা জবাব দিল না। ইয়াজিদ দেখল, অভিমানে গাল ফুলেছে তার। আস্তে করে ইমতিহার গালে দু'টো চুমু খেয়ে সে তাকে মেহরোজের কোলে দিয়ে দিল। তারপর হাত দু'টো সামনে বাড়িয়ে এক টানে নিকিতাকে কোলে তুলে নিল।
নিকিতা দুই হাত নেড়ে পা ছোড়াছুড়ি করে বলল,"না না। যাবু না। নিচে নামাউ।"
"না নিচে নামানো যাবে না। এ্যাই বুড়ি! কথা শোনো।"
"তি তথা?"
"আমি তো তোমাকে অনেক ভালোবাসি নিকিতা। তুমি আমার সাথে মন খারাপ করলে আমার কান্না আসে। এই দেখো আমার চোখে পানি। তুমি পাত্তা না দিলে কোথায় যাবো বলো?"
নিকিতা ভ্রু কুঁচকে তাকাল। ইয়াজিদ ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল,"কেউ কখনো কারো জায়গা নিতে পারে না রে সোনা। নতুন বাবুরা একটু বেশি আদর পায়। ওরা এতোদিন পেটে ছিল। হঠাৎ করে এতো আলো বাতাসে ওদের ভয় করে। আদর করলে তারপর গিয়ে ভয় কমে।"
"আমি যখুন ছোতো ছিলাম। আমাতেও তুনি আদর কয়েছো এভাবি?"
"অবশ্যই করেছি। তোমাকে তো আমি সবচেয়ে বেশি আদর করেছি। আমি তো তোমাকে ভালোবাসি নিকিতা।"
হঠাৎ নিকিতা লজ্জায় পড়ে মুখ লুকাল। ইয়াজিদ আশ্চর্য হয়ে গেল। এইটুকু বাচ্চা ভালোবাসার কি বোঝে?
হাহাহা, মেয়ে মানুষের সাইকোলজি অত্যন্ত জটিল।
____
মেহরোজ গোসলের পর ইমতিহার বুকে তেল মালিশ করছিল। আয়তি পাশে বসে একনজরে দেখছিল বাচ্চাটাকে। খুব মিষ্টি একটা চেহারা। গোল মুখ, এইটুকু শরীর। চেহারায় ইশান ভাইয়ের একটা ছাপ আছে। আয়তি বলল,"ওর হাসিটা দিদুনের সাথে মিলে তাই না?"
"হ্যাঁ। ইয়াজিদ চাচ্চু তো সেই হাসপাতাল থেকে এক কথা বলছে। আম্মার মতো চেহারা, আম্মার মতো হাসি, আম্মার মতো চোখ।"
আয়তি হঠাৎ বলল,"কারো ঘরে মেয়ে বাচ্চা জন্মালে আমার খুব ভয় করে।"
মেহরোজ অবাক হলো।
"কেন?"
"জানি না কেন। খুব এংজাইটি কাজ করে। মেয়ে মানুষ পৃথিবীর সবচেয়ে নাজুক প্রাণ নিয়ে জন্মায়।"
আয়তি ফ্যাকাশে হাসল। একটা হাত আলতো করে রাখল ইমতিহার মাথায়।
"আমি দোয়া করি, ওর জীবনে সব আসুক। শুধু দুঃখ ছাড়া।"
"এটা কি সম্ভব? দুঃখ ছাড়া কি মানুষের জীবন হয়?"
আয়তি জবাব দিলো না। এলইডি লাইটের আলোতে চকচক করতে লাগল তার দুই চোখ।
সীমান্ত একটু পরেই ঘরে এলো। এসেই ভীষণ উৎসাহ নিয়ে ইমতিহার দিকে তাকাল। হাত বাড়িয়ে বলল,"ভাবি! আমাকে দেন না একটু। আজ সারাদিনে একবারো কোলে নেই নাই।"
আয়তি সরোষ চোখে তাকাল তার দিকে। শক্ত গলায় বলল," না, তোমার কোলে নেওয়ার কোনো প্রয়োজন নেই।"
সীমান্ত অবাক হয়ে বলল," কেন?"
"কারণ ও অনেক ছোট। আর মেয়ে বাবুদের যার তার কোলে দেওয়া আমার পছন্দ না?"
"যার তার কোলে?"
অপমানে সীমান্তর চোখ মুখ লাল হতে লাগল। একটু আগের বিস্ময় কেটে দিয়ে বরফিকাট মুখটা হুট করেই বেশ শক্ত হয়ে উঠল। সীমান্ত থমথমে চোখে দু'সেকেন্ডের আয়তির দিকে তাকিয়ে আলতো হাতে ইমতিহাকে কোলে নিল।
আয়তি খড়খড়ে গলায় বলল,"মানা করার পরেও কোলে নিলে?"
মাথা নাড়ল সীমান্ত। গোয়ার্তমি করে ইমতিহার কপালে একটা চুমুও খেল। জেদি স্বরে বলল,"হ নিলাম। আদরও করলাম। তুমি কি করবা কইরা দেখাও।"
আয়তি দুই দাঁতের পাটি চেপে নিয়ন্ত্রণ করল নিজেকে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,"তুমি তো এমন করবেই। বেয়াদবি না করলে তুমি সীমান্ত হতে কেমন করে?"
"ঐডাই। আমার লগে গ্যাজাইবা না বেশি। আমি ভালা মানুষ না।"
_____
নিবেদিতার আলোচনায় ফেরা যাক। যদিও নীরব, শান্ত এই কিশোরী মেয়েটিকে নিয়ে আলোচনার বিষয় বস্তু খুব অল্প, তবুও চেষ্টা করা যাক।
নিবেদিতা আজ সকাল দশটা নাগাদ পায়ে একটা ব্যথা পেয়েছে। মোটামুটি জোরাল আঘাত বলা যায়। ডান পায়ের বুড়ো আঙুল ফুলে গেছে। ব্যথায় হাঁটাচলা করতে পারছে না। কিছুক্ষণ খাটের উপর পা তুলে বসে আঙুলের চারপাশে হাত বুলাতেই যন্ত্রণা কিছুটা কমলো।
আজ সে একবার শুধু ঘর থেকে বের হয়েছে। ইমতিহা কে একবার কোলে নিয়েছিল। যদিও এতো ছোট বাচ্চাদের কোলে নিতে তার ভয় হয়। তবুও ইশান চাচ্চু তার কোলে ঐ নরম তুলতুলে বাচ্চাটাকে তুলে দিয়েছিল কিছু সময়ের জন্য। নিবেদিতা পাথর হয়ে বসেছিল তাকে কোলে নিয়ে। ইশান একদিক থেকে আগলে ধরে রেখেছে দু'জনকে। নিবেদিতা জানে, ও কিছুতেই বাচ্চাটাকে ফেলে দিবে না। চাচ্চু আছে, চাচ্চু আগলে রাখবে দু'জনকে।
সেই মুহূর্তে, নিবেদিতার একটা ঘটনা মনে পড়ে গেল। মায়ের যখন নতুন একটা বাবু হলো, তখন পাপাই ঠিক এমন করেই তাকে নিবির কোলে তুলে দিয়েছিল। বড় মমতা মেশানো গলায় বলেছিল,"নিবি, মা। ও তোমার ছোট একটা বোন। ওর নাম নিকিতা।"
নিবেদিতা লিখতে জানে না। যদি লিখতে পারত, তাহলে পৃষ্ঠার পর পৃষ্ঠা এই ঘটনাগুলো লিখে রাখত। ইশান চাচ্চুকে সে একটা চিঠি দিতে চায়। চিঠিতে লিখতে চায়-
"চাচ্চু, তুমি জানো, আমার কল্পনার জগতে অনেক রকম চরিত্র ঘোরাফেরা করে। আমি তোমায় কল্পনা করি। কল্পনা করি, তুমি একটা বিষন্ন রাজ্যের সবচেয়ে নির্মল চরিত্র। চাচ্চু, তুমি বৃষ্টিভেজা বাতাসের মতোই মিষ্টি। আমার দুঃখ, এতো মিষ্টি মানুষটাকে আমি দেখতে পারব না কখনো।"
বেলী এসে নিবেদিতাকে খাইয়ে গেল দুপুরে। বিকেলে ওর টিচার এলো। আর সন্ধ্যায় পারমিতা ওকে দুইটা কালো রঙের ময়নাপাখি উপহার দিল।
নিবেদিতা খাঁচায় হাত রেখে অবাক হয়ে বলল," এটা কি?"
"এটা খাঁচা। এর ভেতর পাখি আছে।"
"পাখি দিয়ে আমি কি করব?"
"মনের যতো কথা আছে, সব পাখিকে খুলে বলবে।"
"পাখি আমার কথা শুনবে?"
"অবশ্যই শুনবে। পাখি হচ্ছে মানুষের চেয়ে বেটার কোম্পানি। মানুষ কথা শুনে কথা লাগায়। পাখি কথা শুনলেও লাগাতে পারে না। অতএব নিশ্চিন্তে গালাগাল করা যায়।"
নিবেদিতা ফিক করে হেসে ফেলল।
"তুমিও কি এমন গালাগাল করতে পরী মা?"
"না সোনা। আমি গাধা ছিলাম। আমি পশু পাখিকে দুঃখ না শুনিয়ে মানুষকে শুনিয়েছিলাম। লাথ খেতে খেতে শিক্ষা হয়ে গেছে।"
ময়না পাখি দু'টোকে দুই বোনের বারান্দায় রাখা হলো। পাখি দু'টো নিবেদিতার উদ্দেশ্যে কেনা হলেও সবচেয়ে বেশি আগ্রহ দেখাল নিকিতা।
এটা কি পাখি, এটার নাম কি, এটার কেন ময়না হলো, কেন এটা কাঁকের মতো কালো, এই জাতীয় প্রশ্ন করে করে সে পারমিতার মাথা খারাপ করে দিল। পারমিতা শেষে ক্লান্ত হয়ে বলল,"ওর ভুল হয়েছে সোনা। ওর উচিত ছিল কাঁক হওয়া। কেন যে ময়না হতে গেল!"
রাতে সবাই ঘুমানোর পর পারমিতা বরাবরের মতো জেগে ছিল বড় বড় চোখে। ঔষধ খেয়েছে একটু আগে। কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে যাবে।
ঘুমানোর আগে সে চুপচাপ বসে লিখল-
"আজ আমার বড় মেয়ে নিবেদিতা আমাকে খুব চমৎকার একটা কথা বলেছে। ও বলেছে, রং আসলে মানুষের চোখে থাকে না। রং থাকে মানুষের কল্পনায়। আই নৌ, এটা পুরোপুরি সত্য না। তবে নিবেদিতা যে জায়গায় দাঁড়িয়ে পৃথিবী দেখে, হয়তো তার কাছে এটাই সত্য। ওর জন্য আমি এক জোড়া ময়না পাখি এনেছি। সারাদিন চুপচাপ থাকে মেয়েটা। যদি পাখিদের ক্যাচ ক্যাচ শুনে মন একটু ভালো হয়। সাথে আরেকটা জিনিস ভাবছি। ইমতিহার যখন ঘাড় শক্ত হবে, তখন আমি ওদের সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যাব। ইশশ! এই বাড়িটা কতো সুন্দর!
নিকিতার আজ মন একটু খারাপ। কারণ আজ তার চেয়ে বেশি চুমু ইমতিহার ভাগে জুটেছে। তার দুঃখ দূর করতে আমি ক্লিনিক থেকে বাড়ি ফিরে তাকে একশোটা চুমু খেয়েছি। তবুও তার মন খারাপ। ইশান চাচ্চু তাকে চোখ রাঙিয়েছে একবার।
আমি জানি, ইশান সহজেই রাগ হওয়ার মানুষ না। জিজ্ঞেস করলাম,"তুমি কি করেছিলে?"
সে মুখ কাচুমাচু করে বলল," ইমথিহা কে গুতু দিয়েচি একতা।"
হাহাহা। আমার চড়ুই পাখি নিকিতা। আমার মেয়ে, সোনা বাচ্চা। সে এখন ঘুমাচ্ছে পরম নিশ্চিন্তে। আমি একটু পর পর তাদের দু'জনকে দেখছি। কতো সৌভাগ্য আমার! কতো অদ্ভুতভাবে তাদের আমি নিজের জীবনে পেয়েছি।
সংসারের আলাপ আপাতত এতটুকুই। ওহহহ, ভাবছেন নিনীত সাহেব কোথায়?
এটাই সমস্যা। নিনীত সাহেবের সাথে আমার ছয়দিন যাবত কোনো কথা হয় না। উনি আছেন উনার মতো। আমি আমার মতো। এটাই আমাদের সম্পর্কের সমীকরণ। এর বাইরে আর কিছু আমাদের মধ্যে নেই। তবে নিনীত সাহেবকে একটা ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ কারণ উনি আবু নাসির মজুমদার নামের একজন ভদ্রলোকের সাথে আমার পরিচয়ের সুযোগ করে দিয়েছেন।
যদি আমায় জিজ্ঞেস করা হয়, পূর্বাহ্ণ বাড়ির সবচেয়ে দুর্দান্ত মানুষটি কে, তাহলে চোখ বুঝে আমি আমার শ্বশুরের নাম নিব। উনি না থাকলে পূর্বাহ্ণ কখনো এতো নির্মল হতো না। এই বাড়ির গোড়াতে আমি পয়ষট্টি বছর বয়সী আবু নাসির সাহেবকে দেখতে পাই। যিনি বছরের পর বছর এই বাড়ির হাল ধরেছেন, বাড়ির মানুষদের এক সুতোয় বেঁধেছেন। জানি না এতো অমায়িক মানুষ এই শহরে আর আছে নাকি।
আমি রোজ এক বেলা তার সাথে গল্প করি। সকালে চা খাওয়ার সময়। আসলে আমি যাই তার মুখ থেকে মা ডাক শোনার জন্য। উনি এতো আদর আর মায়া করে ডাকেন আমায়! ইশশ! আমার বাবাও যদি এমন রোজ সকালে আমার সাথে একটু কথা বলত।
যাক গে, দুঃখের কথা বাদ।
আমি এখন বেশ আছি। যা কিছু ক্ষত হয়ে ছিল, সবকিছুর উপর একটা সিমেন্টের প্রলেপ মেখেছি। এখন আমি জগতের সবচেয়ে সুখী মানুষ। হাহাহা।
_____
সকালে উঠেই পারমিতা সবার আগে হাত মুখ ধুয়ে রান্নাঘরে গেল। আজ তার দেরি হয়ে গেছে। ঘড়িতে সময় দেখেই একচোট দীর্ঘশ্বাস ছাড়ল। বাবা বেরিয়ে যাবে একটু পরে। সে চা বসাবে বলে চুলা ধরাল।
আমিনা খালা সবজি কাটার ফাঁকে মাথা তুলে বললেন," বড় সাহেব তো চা খাইয়া ফেলসেন।"
পারমিতা চোখ বড় বড় করে বলল,"কি বললেন? সত্যি?"
"হ। সকালে আমারে ডাক দিয়া আপনার কথা জিগাইল। তারপর কইল এক কাপ চা দিতে।"
"বাবা কিভাবে পারল এই কাজ করতে?"
পারমিতার মুখটা হঠাৎ অন্ধকার দেখাল। আশাহত হয়ে সে বেরিয়ে এলো রান্নাঘর থেকে।
"পারমিতা!"
নাসির সাহেব মাত্র নিচে নেমেছেন। তার ঠোঁটে স্বভাবসুলভ এক টুকরো হাসি। পারমিতা উদাস চোখে তাকাল তার দিকে।
এগিয়ে এসে বলল," আমাকে ছাড়াই চা খেয়ে নিলেন?"
নাসির সাহেব হেসে ফেললেন শব্দ করে।
"আহা! তুমি তো ঘুমাচ্ছিলে মা।"
"তবুও। একটু ডেকে তুলতে পারতেন। আপনি চলে যাচ্ছেন।"
"মন খারাপ করো না। সন্ধ্যায় চা খাবো একসাথে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন।"
ভদ্রলোক পরিপাটি বেশভূষায় বেরিয়ে গেলেন বাড়ি থেকে।
তিনি চলে যাওয়ার একটু পরেই ইয়াজিদ চোখ কচলাতে কচলাতে নিচে নামল। আজ বুধবার। সকালে বাইরে কোনো কাজ নেই। বিকেলে একবার কালচারাল সেন্টারে যেতে হবে।
ইয়াজিদ হাই তুলতে তুলতে টেবিলের কাছে গেল।
"ইয়াজিদ!"
বেশ ভারি কণ্ঠ। ইয়াজিদ থামল। ভালো মতো চোখ খুলে তাকাল সামনে। বেলী দাঁড়িয়ে আছেন শক্ত মুখে। তাকে দেখেই ইয়াজিদ তটস্থ হলো। বাধ্য স্বরে বলল,"জি ভাবি।"
"তাড়াতাড়ি নাস্তা করো। তারপর ইশিকে স্কুলে দিয়ে আসতে হবে।"
বিরক্তিতে ইয়াজিদের কপাল কুঁচকে গেল। মন চাইল খিটখিটে সুরে বলতে,"আমি কেন যাব? পারব না যেতে। অন্য কাউকে বলো।"
কিন্তু বেলীর ব্যাপারটা আলাদা। বেলীকে সে ভয় পায়, যথাসাধ্য মান্য করে চলে। চেয়ার টেনে চুপচাপ খেতে বসল ইয়াজিদ। একবার শুধু মাথা তুলে বলল,"হঠাৎ আমাকে যেতে বললে?"
"বাড়ির গাড়ি ব্যস্ত। খালিদ ভাই একটা কাজে ময়মনসিংহ গিয়েছেন। ইশিকে স্কুলে নেওয়ার মতো বেকার সময় এই বাড়িতে শুধু তোমারই আছে।"
ইয়াজিদ মাথা নাড়ল। বেলী ভাবি এতো কাট কাট কথা কোথা থেকে শিখেছে? না আছে কোনো নমনীয়তা, না আছে কোনো মিষ্টতা। কেমন ছুরির ফলার মতো কথা।
বেলি আবার আদেশের সুরে বলল,"দশ মিনিটে যেন তোমায় ইশিকে নিয়ে বের হতে দেখি।"
ইয়াজিদ কপাল কুঁচকাল। মণি কোথায়? মণিকে পাচ্ছে না কেন? এই স্কুল মাস্টারের কাছ থেকে একমাত্র মণিই বাঁচাতে পারে তাকে।
____
আজ যেহেতু বুধবার, তাই পারমিতার ক্লিনিকের চিন্তা নেই। আজ সে অবসর। সকালে উঠেই নিজের আলমারি গোছাল প্রথমে। তার জেবার ঘরে গিয়ে তাদের পুরাতন বুকশেলফ ঘেটে কয়েকটা বই বের করল।
জেবা বললেন,"তোমার বাবা সকালে অনেকবার খুঁজেছিল তোমায়।"
"জানি। আমিনা খালা বলেছেন।"
"তুমি নাকি খুব দারুণ চা বানাও?"
পারমিতা চকচকে মুখে বলল,"আপনি খাবেন?"
"না না। এখন তো আর সময় নেই। পরে একদিন নিশ্চয়ই খাব।"
"খেলে বলবেন কিন্তু। আমি যেকোনো সময় বানাতে পারি। আমার সমস্যা নেই।"
"আচ্ছা।" জেবা হাসলেন," তুমি কেমন আছো পারমিতা? মন খারাপ হচ্ছে না তো কোনো কিছু নিয়ে?"
"না তো। একদমই না।"
"নিনীতের সাথে নাকি কথা বলছ না অনেকদিন?"
"আপনাকে এই খবর কে দিল?"
"ইয়াজিদ।"
"উনি এতো কিছু খেয়াল করেন?"
"হাহাহা। ইয়াজিদ আমাদের ঘরের বিবিসি। বাড়ির মোটামুটি সব আপডেট ওর কাছে আছে। ও এসব আমায় শোনায়।"
'আপনাকে খুব পছন্দ করে। সারাদিন শুধু মণি মণি মণি।"
জেবা হাসলেন। খাটে বসে বললেন," জানো, ও হওয়ার পর আমার শ্বাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়লেন। ও তেমনভাবে মা কে পায়নি কাছে। আমি আর সুষ্মিতা ওকে নিনীত, আয়তি ওদের মতো করেই বড় করেছি। আমরা একটু যত্ন না করলে ও কোথায় যেত বলো? ইয়াজিদ কে প্রশ্রয় দেই বলে কতো বকা যে শুনেছি আম্মার কাছে! বেলীও তো প্রায়ই বলে, এসব ভালো না বড় ভাবি। ওকে সীমা বুঝতে শেখান, ওকে জিনিসের মূল্য বোঝান। ঠিকই বলে। আমিই পারি না।
শাসন করতে গেলেই মনে পড়ে, এই ছেলেটাই তো ছোট বেলায় বাড়ির সামনের আমগাছ থেকে দু'টো আম মাটিতে পড়লে আমার হাতে এনে তুলে দিত। বাচ্চা বাচ্চা তলায় বলত,"নাও মণি। তুমি খাও।"
জানো পারমিতা? ওর মনটা অনেক ভালো। ও আম্মাকে খুব চাইত ছোটবেলায়। ও কখনো আমার মনে দুঃখ দেয়নি।"
পারমিতা দেখল, ভদ্রমহিলার দুই চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। উনি বিরতি টেনে চোখ মুছলেন। পারমিতা অন্যমনস্ক হয়ে বলল," হাউ লাকি ইউ বোথ আর! আই উইশ, কেউ আমাকেও এমন করে অনুভব করত!"
_____
বাড়ির বাগানে নতুন একটা ফুলের চারা আনা হয়েছে। এই চারার নাম পারমিতা জানে না। তবে ফুলগুলো দেখতে সুন্দর। আকাশি রঙের, খুব ছোট দেখতে।
পারমিতা সকালের নাস্তা শেষ করে বাগানে এসেছিল। আপাতত চারপাশ বেশ ঠান্ডা। নিকিতা গেছে ইশানের ঘরে। ইমতিহাকে তার একদমই পছন্দ না। তবে ইমতিহার হাত পা নাড়ানো দেখতে তার ভালো লাগে। সে অবাক হয়ে বলল," আমিও ছুতু বেলাও এতু দুষতু ছিলাম?"
ইশান ওকে কোলের উপর বসিয়ে বলল,"হ্যা, তুমি আরেকটু বেশি দুষ্টু ছিলে। শুয়ে শুয়ে পা দিয়ে সাইকেল চালাতে। কেউ কাছে গেলেই তার চুল টেনে দিতে। আর একটু পর পর বমি করে গা ভাসাতে।"
পারমিতার ফোনটা বাজছে। আমিনার স্কুল পড়ুয়া মেয়েটা তার হাতে এনে ফোনটা ধরিয়ে গেল।
আননৌন নম্বরের ফোন। ধরবে নাকি ধরবে না ভাবতে ভাবতেই রিসিভ করল।
"হ্যালো। আসসালামু আলাইকুম।"
অন্য পাশ থেকে সহসাই কোনো জবাব পাওয়া গেল না। একটু নীরবতা। তারপরই ভেসে এলো মাঝবয়সী পুরুষ কণ্ঠের হাস্যোজ্জ্বল স্বর,"বাড়ির নাম পূর্বাহ্ণ। আদাবর কলোনি থেকে একটু সামনে। হালকা হলুদ রং। ফটকের পাশে বড় বড় তিনটা আমগাছ। বাড়ির সামনে খোলা বাগান। খোলা বাগানে চুল খুলে নীল শাড়ির আঁচল উড়িয়ে ফুল দেখছে ডাক্তার পারমিতা ইবনাত। আমি কি ঠিক এড্রেসে এসেছি, মা?"
মুহূর্তেই চোখজোড়া বিস্ময়ে রসগোল্লার মতো হলো পারমিতার। প্রচণ্ড চমকে উঠে মাথা তুলল। ফোনটা কানে ধরেই চট করে ঘুরে দাঁড়াল বাড়ির সামনের লম্বা রাস্তাটার দিকে।
মূল ফটক থেকে একটু দূরে একটা সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। জানালার কাঁচ টানা। ভেতরে কে বসে আছে দেখা যাচ্ছে না। পারমিতা চকচকে চোখে তাকাল সেদিকে। চেঁচিয়ে উঠে বলল,"বাবা!"
ব্যস, এরপরই আর কোথাও কোনোদিকে না দেখে সে ছুটে গেল সামনে। বাবা এসেছে, বাবা এসেছে।
____
শফি সাহেব গাড়ির ভেতরে বসেছিলেন। তিনি জানতেন পারমিতাকে ব্যাপারটা জানালেই সে এমন ছুটে আসবে। তাই ইচ্ছে করেই আগে থেকে কিছু বলেন নি। মাঝে মাঝে মানুষকে চমকে দেওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে।
পারমিতা গাড়ির কাছে আসার আগেই তিনি দ্রুত দরজা খুলে বের হলেন। কয়েক সেকেন্ড পরেই মাঝারি উচ্চতার মেয়েটা তার বুকের উপর ঝাপিয়ে পড়ল। শক্ত করে জড়িয়ে ধরে বলল,"বাবা, তুমি! থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।"
শফি সাহেব স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। একবার মেয়ের পিঠে, আরেকবার তার মাথায় হাত রেখে আদর দিলেন
"কেমন আছ মা?"
"অনেক ভালো। তোমাকে দেখে সবচেয়ে ভালো।"
শফি বাড়িটার দিকে তাকিয়ে বললেন,"এটা তোমার শ্বশুর বাড়ি?"
"হ্যাঁ।"
"গ্রেট। একদম ভিন্টেজ আর্কিটেকচার।"
"মানুষগুলোও ভিন্টেজ। দেখলে বুঝবে।"
"তাই নাকি? ওহহ ভালো কথা। তোমার হাসবেন্ড কোথায়? হোয়্যার ইজ দি লাকি ম্যান?"
_____
নিনীত জানে, এতো জোরে তার ঘরের দরজা ধাক্কানোর মানুষ এই পৃথিবীতে একজনই আছে। তার নাম পারমিতা।
আজও সে এসে সেই পুরাতন ভঙ্গিতে দরজা ধাক্কাল। যেন নমনীয়তা তার স্বভাবে নেই। নিনীত উঠে দাঁড়িয়ে দরজা খুলল।
দরজার বাইরে পারমিতা, একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। নিনীতকে দেখতেই ভীষণ ব্যস্ত গলায় বলল," তাড়াতাড়ি চলুন। এখনই রেডি হোন। নিচে নামতে হবে।"
নিনীত কপাল কোঁচকাল।
"কোন দুঃখে?"
"আমার বাবা এসেছে।"
"তো?"
"তো মানে? আপনাকে দেখতে চাইছে।"
নিনীত হাই তুলতে তুলতে বলল,"বলুন আমি বাড়িতে নেই।"
"আমি তো বলে ফেলেছি।"
"তাহলে বলুন ঘুমাচ্ছি।"
"এমন কেন করছেন? একটু দেখা করে পরিচয় হয়ে নিলে সমস্যা কি?"
"অদ্ভুত তো! এটাও কি বিয়ে করার সময় কথা দিয়েছিলাম?"
"সবকিছু চুক্তি দিয়ে হয় না। মানবিকতা বলতেও একটা শব্দ আছে। ভদ্রতা থেকেও মানুষ অনেক কিছু করে।"
"ডাক্তার ম্যাডাম! আমি মানবিক না। ভদ্র তো আরো আগে না।"
নিনীত মুখের উপর দরজা বন্ধ করল। পারমিতা ক্ষুদ্ধ স্বরে বলল,"আমি আর আপনার ঘর করব না।"
অন্য পাশ থেকে চাপা হাসির শব্দ শোনা গেল। নিনীত নিশ্চিন্ত গলায় বলল," সত্যি করবেন না? ইশশ, কি ভাগ্য আমার!"
চলবে-
[অবশেষে লিখতে সক্ষম হয়েছি। পড়া শেষ করে রিয়েক্ট করবেন কাইন্ডলি। অনেকদিন পরে পর্ব দিয়েছি তো, তাই।]