ফন্ট সাইজ:
থিম:
আম পাতা জোড়া জোড়া

পর্ব 19

লেখক: মেহরিমা আফরিন

#আম_পাতা_জোড়া_জোড়া -১৯
লেখনীতে #মেহরিমা_আফরিন

ইশিকে স্কুলে পৌঁছে ফিরে আসার সময়ই ইয়াজিদের আবার দেখা হলো মিস মণিষার সাথে।
ভদ্রমহিলা শাড়ির কুঁচি টানতে টানতে ভেতরে ঢুকছিলেন। তার হাত ধরে থাকা বাচ্চা ছেলেটা ইতোমধ্যেই তার হাত ছেড়ে দৌড়াতে দৌড়াতে স্কুলের ভেতর ঢুকে গেছে।

ইয়াজিদ থামল। ভদ্রমহিলাকে সে এই কয়দিনে বেমালুম ভুলে গিয়েছিল। আজ দেখা হওয়ার পর আবার মনে পড়ল। কি যেন নাম ছিল তার? হ্যাঁ, মিস মণিষা। মণিষা সিদ্দিকা। ইনি দেখতে ছবির মতো সুন্দর। বাকিদের চোখে কেমন, ইয়াজিদ জানে না।

মণিষা আজ চুলে একটা খোঁপা বেঁধেছে। সেদিনের মতো চুল উড়ছে না তার। তবুও তাকে শরৎের শিউলির মতো স্নিগ্ধ দেখাচ্ছে। এই মহিলার বেশভূষার সাথে বেলী ভাবির খুব মিল আছে। ইয়াজিদের মনে হচ্ছে বেলী এক দেখায় তাকে পছন্দ করে ফেলবে।

আকাশ গুমোট। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে রোদের তেজ নেই বললেই চলে। ইয়াজিদ সিদ্ধান্ত নিল, সে আজ আবার মিস মণিষার সাথে কথা বলবে। কথা বলার জন্য একটা বাহানা প্রয়োজন। বাহানা ভাবতে তার খুব বেশি সময় লাগল না। ইশিই তাদের মধ্যে যোগাযোগের সুতা। ইশিকে দিয়েই তাদের পরিচয়।

___

মণিষার ক্লাস পিরিয়ড শুরু হয় সাড়ে নয়টার দিকে। আপাতত আধা ঘন্টা সে অবসর। টিচার্স রুমে ঢুকেই সে ডজনখানেক পরীক্ষার খাতা নিয়ে বসল। এক সপ্তাহের মধ্যে সব খাতা দেখে শেষ করতে হবে।

হঠাৎ দরজায় কাছে এক জোড়া পা এসে থামল। একবার কেশে হালকা করে টোকা দিলো কাঠের দরজায়।
দরজা খোলাই ছিল। মণিষা আওয়াজ শুনতেই চোখ তুলে তাকাল। দেখল দরজার চৌকাঠে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। চেকপ্রিন্ট শার্টের সব ক'টা বোতাম খোলা।
মণিষা তার দিকে তাকাতেই সে বড় করে সালাম দিল। হাসি মুখে বলল," ভেতরে আসবো মিস মণিষা?"

মণিষা চিনতে পারল না ঠিক ঠাক। কপালে ভাঁজ ফেলে বলল,"ওয়ালাইকুমুস সালাম। কিন্তু আপনাকে ঠিক চিনতে পারি নি।"

"আমি? আমি ইশির পাপা। ঐ যে সেদিন এসেছিলাম।"

"ওহহ হ্যাঁ হ্যাঁ। আসুন না। ভেতরে আসুন।"

মণিষা এতোক্ষণে চিনতে পেরেছে তাকে। ইয়াজিদ ভেতরে ঢুকেই চেয়ার টেনে বসল। আড়চোখে একবার তাকাল ভদ্রমহিলার দিকে।

মণিষা বিনীত স্বরে বলল,"কিভাবে সাহায্য করতে পারি আপনাকে?"

ইয়াজিদ হাসি থামিয়ে নামানো স্বরে বলল," সাহায্য না ঠিক। আমি ইশির খবর নিতে এসেছি। কি অবস্থা ওর?"

মণিষা মৃদু হাসল।
"জি, ভালো। পরের পরীক্ষা গুলো খুব মনোযোগ দিয়ে দিয়েছে। ও খুব ভালো ছাত্রী।"

ইয়াজিদের মুখের হাসি চওড়া হলো।
"আমি জানতাম। আমার মেয়ে কখনো খারাপ দিকে যেতে পারে না। ওর উপর আমার ভরসা আছে।"

মণিষা জবাবে কিছু বলল না। তার মুখে আগের মতোই অল্প হাসি।

ইয়াজিদ দম ছাড়ল। দীর্ঘশ্বাস ফেলে বেশ করুণ স্বরে বলল,"ওকে আসলে আমি তেমন শাসন করি নি কখনো। মা মরা মেয়ে তো। তাই।"

মণিষা চমকে উঠল। ঝিম ধরা চোখ দু'টো বড় বড় করে খুলে হতভম্ব হয়ে বলল,"কিহ! মা মরা মেয়ে?"

ইয়াজিদ চোখ নামিয়ে নিচে তাকাল। মাথা নেড়ে নিস্তেজ কন্ঠে বলল,"জি। আমার কোনো স্ত্রী নেই।"

ইয়াজিদ আর চোখ তুলল না। কণ্ঠ গম্ভীর করা গেলেও মুখটা কিছুতেই গম্ভীর বানানো যাচ্ছে না। ভেতর থেকে ঠেলেঠুলে হাসি বেরিয়ে যাচ্ছে।

ও ভুল কিছু বলে নি। আসলেই তার কোনো স্ত্রী নেই। এমনকি ইশির বাবা হওয়া স্বত্তেও সে কুমার। কি দারুণ ব্যাপার!

মণিষা জ্বলজ্বলে চোখে তাকাল লোকটার দিকে। তার শীতল চোখের দৃষ্টি নরম হলো কিছু সময়ের জন্য। মানুষ হিসেবে সহজাত মায়া আর সহমর্মিতায় হৃদয় ব্যথিত হলো। লোকটার জন্য না, শুধুমাত্র ইশির জন্য। ওর মা নেই জানলে মণিষা বোধহয় আরেকটু নরম হতো তার প্রতি।

সে এই স্কুলে জয়েন করেছে বেশিদিন হয়নি। বাচ্চাদের অভিভাবক সম্পর্কেও জানা হয়নি সেভাবে। বার্ষিক পরীক্ষার পর গার্ডিয়ান টিচার্স মিটিং হয়। তার আগে আলাদা করে অভিভাবকদের চেনার সুযোগ থাকে না।

সে বেশ নরম কণ্ঠে বলল,"আই অ্যাম সরি। আমি জানতাম না। রিয়েলি স্যরি।"

"স্যরি বলার কিছু নেই। ইটস ওকে।"

ইয়াজিদের মুখটা এখনো গম্ভীর। একটু পরে হাত দু'টো ডেস্কের উপর তুলে ভাসা ভাসা চোখে সে তাকালো মণিষার দিকে। মণিষার টলটলে কালো চোখের মণি সামান্য অনুতাপ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। ইয়াজিদের ঠোঁটের কিনারায় মৃদু হাসি ফুটল।

"আসলে ইশিকে নিয়ে আমি খুবই যত্নশীল। আমি চাই ও জীবনে অনেক বড় হোক। তাই ওর ব্যাপারে খুবই সিরিয়াস আমি।"

"জি বুঝতে পারছি।"

"আজও আমি ওর খবর নিতেই এখানে এসেছি। ও জানে না যে আমি আপনার সাথে দেখা করব। আপনি ওকে কিছু বলবেন না। আপনি তো ওর ক্লাস টিচার। আপনি ওকে একটু দেখে রাখবেন।"

"জি, অবশ্যই। আপনি ওর ব্যাপারে যেকোনো সমস্যা আমাকে জানাতে পারেন।"

ইয়াজিদ উঠে দাঁড়াল। গলার আওয়াজ স্বাভাবিক করে বলল,"আমি এমন মাঝে মাঝেই আসব।" একটু মিন মিন করে সাথে যোগ করল," ইশির খোঁজ নিতে। " এরপর এরচেয়েও বেশি চাপা কন্ঠে বলল,"আর আপনাকে একটু দেখতে।"

ঐ কথাটা ইয়াজিদের ঠোঁটেই আটকে গেল। বাইরে বের হলো না আর। মণিষাকে বিনীত ভঙ্গিতে লম্বা এক সালাম দিয়ে সে বেরিয়ে এলো টিচার্স রুম থেকে।

তার মনে হচ্ছে তার বুকের ভেতর নানা রঙের পাখি উড়ছে। এই অনুভূতিটা আলাদা। কখনো তার মনে হতো তার বুকে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে। কখনো মনে হতো তার বুকের এক পাশে সাদা আকাশে রংধনু উঠছে। তবে এই প্রথম তার মনে হচ্ছে, তার বুকে কিচকিচ করে অনেক গুলো পাখি ডাকছে।
ইয়াজিদের ভালো লাগল। বুকের ভেতর পাখির কিচিরমিচির শব্দ শোনার অদ্ভুত অনুভূতিটা সে আরো কিছুক্ষণ উপভোগ করল।

আশ্চর্য ব্যাপার, আজ তার মনও ভালো। যেমন আলস্য আর বিরক্তি নিয়ে এখানে এসেছিল, সেই বিরক্তিটা আর নেই। মণিষা মিস। ও ভুলেই গিয়েছিল তার কথা। ছবির মতো সুন্দর একটা মিসকে ইয়াজিদ কেমন করে ভুলে গেল?

ইয়াজিদের আফসোস হলো। সে কেন কোনো চিত্রশিল্পী হলো না? চিত্রশিল্পী হলে তার জগদ্বিখ্যাত চিত্রকর্মের নাম হতো মিস মণিষা। ধূসর রঙের প্রলেপে ফুটে উঠত কাঁচা সোনার মতো চকচকে একটা গায়ের রং, সাথে গভীর দু'টো চোখ, কুচকুচে কালো চুল। ভিনদেশীরা হা হয়ে দেখত সেই চিত্রকর্ম। ভারতবর্ষের মেয়েরা এতো সুন্দর হয় দেখতে? লক্ষ লক্ষ টাকায় বিক্রি হতো সেই অয়েল পেইন্ট। দেশে বিদেশে শুধু এক নাম- মিস মণিষা।

স্কুল গেইটের সামনে একটা ছেলে হাওয়াই মিঠাইয়ের স্ট্যান্ড হাতে দাঁড়িয়ে ছিল। ইয়াজিদ কাছাকাছি আসতেই বলল," আঙ্কেল একটা হাওয়াই মিঠাই দেই?"

"কেন? আমার সাথে কোনো বাচ্চা আছে? কে খাবে হাওয়াই মিঠাই?"

কপাল কুঁচকাল ইয়াজিদ। ছেলেটা ফিচেল হেসে বেশ নম্র স্বরে বলল,"আপনিই খান। আমার আজকে অনেক অনেক হাওয়ার মিঠাই বেচতে হইব।"

"কেন? বিয়া করবা তুমি আজকে?"

ছেলেটা লজ্জা পেল। হেসে মাথা নাড়ল। একটু আবেগ, একটু উৎকণ্ঠায় জড়সড় হয়ে বলল,"না, আমার বড় আপার একটা মাইয়া হইসে কাইল রাতে। চেহারা নাকি মেলা সুন্দর। আমি তারে দেখতে যামু আজকা।"

অন্যসময় হলে ইয়াজিদ গল্প শুনে সুন্দর মতো নিজের বাইকে উঠে বসত। এসব স্ট্রিট হকারদের গল্প তার পরিচিত। মোটামুটি একই ধাঁচের কাহিনি, একই রকম বর্ণনা। কিন্তু এই ছেলেটাকে ইয়াজিদের ভালো লেগেছে। মনে হচ্ছে,ওর গল্পটা সত্যি।

ইয়াজিদ হাওয়া মিঠাই নিল। তাও আবার পাঁচটা। বাড়িতে বাচ্চা কাচ্চার অভাব নাই। একজনকে দিলে আরেকজন চোখের জলে ঘর ভাসাবে।

ইয়াজিদ দুইশো টাকা দিল ছেলেটাকে। কপাল কুঁচকে বলল,"তোমার বোনের বাচ্চার নাম কি রাখবে?"

ছেলেটা অনিশ্চিত মাথা নাড়ল।
"জানি না তো কি রাখমু। আপার লগে এখনো কথা হয় নাই।"

"তোমার আপাকে বলবে মেয়ের নাম যেন মণিষা রাখে।"

বলেই ইয়াজিদ শব্দ করে হাসল। ছেলেটা শান্ত, কৌতূহলী চোখে তাকাল তার দিকে। ইয়াজিদ সেই কৌতুহল চাপানো চোখ দু'টোর দিকে আর তাকাল না। শার্টের কলারটা আবার ঘাড়ের পাশে তুলে সে হাত ভর্তি হাওয়াই মিঠাই হাতে এগিয়ে গেল তার বাইকের দিকে।

_____

শফি সাহেব বসে আছেন ডাইনিং টেবিলের একটি চেয়ারে। তাকে এখানে বসিয়ে পারমিতা গেছে তার বরের ঘরে। শফি ভীষণ অস্বস্তি নিয়ে মেয়ের শ্বশুরবাড়ির ডাইনিং রুমে বসে আছেন।

তার পাশে জেবা। ভদ্রমহিলাও কিছুটা বিচলিত। কিভাবে অতিথি আপ্যায়ন শুরু করবেন বুঝতে পারছেন না। হুট করে পারমিতা এসে তাকে বলল,তার বাবা এসেছে তার সাথে দেখা করতে।নাসির, খালিদ, মুবিন ওরা কেউ বাড়িতে নেই। জেবা তাকে এক গ্লাস শরবত দিলেন। তার ঠিক পাশের চেয়ারটা ধরে দাঁড়িয়ে ভাবছিলেন দুপুরের জন্য কি করা যায়?

জেবা শ্বাস ফেললেন এক চোট। তার সাথে সামান্যই কথা হয়েছে ভদ্রলোকের। তিনি পারমিতার বাবা। বিয়ের এতো গুলো দিন পর এই প্রথম মেয়েকে দেখতে এসেছেন। তবে খালি হাতে আসেন নি। প্রচুর উপহার উপঢৌকন আর হাত ভর্তি মিষ্টি এনেছেন। ইয়ার্ডে পার্ক করা তার গাড়িটা দেখে জেবা অনুমান করলেন, সম্পদ আর আভিজাত্যের দিক দিয়ে তিনি উনাদের চেয়ে কয়েক গুণ এগিয়ে আছেন।

জেবা বললেন,"আপনি না হয় গেস্ট রুমে গিয়ে একটু বিশ্রাম নিন। এতো জার্নি করে এসেছেন। পারমিতা আপনাকে কষ্ট করে এদিকে বসিয়ে রেখেছে।"

"না, না কোনো সমস্যা নেই। আমি ঠিক আছি।"

ভদ্রলোক হাতের ঘড়িটা ঠিক করলেন। ঘড়ির বেল্টটা কালো রঙের। উপরে আলো পড়তেই চকচক করছে রংটা।

পারমিতা নিচে এলো একটু পরে। তার মুখভরা সরল হাসি। জেবা স্পষ্ট দেখতে পেলেন, খুশিতে তার দুই চোখ ঝলমল করছে।
সে নিজেই দৌড়ে এসে জেবাকে শফি সাহেবের পরিচয় করিয়েছে। যখন সে বলল,এটা আমার বাবা, তখন তার দুই চোখও সমান অধিকার নিয়ে জানাল, এটাই তার বাবা।

"কি? তোমার হাসবেন্ড কোথায়? ঘুম ভাঙে নি এখনো?"

পারমিতা হাসল সামান্য। জেবা আঁচ করলেন কিছুটা। চোখে চোখে একবার ইশারাও করলেন পারমিতাকে। পারমিতা হালকা স্বরে বলল,"ঐ তো। আসবে আরকি একটু পরে। তুমি বসো না। কি খাবে বলো?"

"না না। আমি কিছু খাবো না আপাতত। তোমাকে দেখতে এসেছি। তুমি ভালো আছো তো মা?"

পারমিতা লাজুক হাসল। শফি সাহেবের পাশের চেয়ারটা টেনে ঠিক তার পা ঘেঁষে বসল। ধরে আসা গলায় থেমে থেমে বলল,"আমি অনেক ভালো আছি বাবা। তুমি যে এমন হুট করে এসে আমাকে চমকে দিবে, আমি ভাবি নাই।"

খট করে দরজা খোলার শব্দ হলো। দোতালার পূর্ব দিকের একটা ঘর থেকে কারো পা ফেলে এগিয়ে আসার শব্দ শোনা গেল। পারমিতা ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল।

নিনীত এসেছে। খুব হালকা রঙের পরিচ্ছন্ন একটা শার্ট তার গায়ে। পোশাক পরিপাটি। মুখটাও যথেষ্ট বিনয়ী। পারমিতা তাকে দেখেই আরেকদফা বাকরুদ্ধ হলো।

নিনীত ধীর পায়ে নিচে নেমে এলো। মুখ থেকে গাম্ভীর্য সরিয়ে কিছুটা সহজ হওয়ার চেষ্টা করল সে। পারমিতা হা করে বড় বড় চোখে দেখে যাচ্ছিল তাকে। ইশশ! মাঝে মাঝে হুটহাট কিসব পছন্দ করে ফেলে সে! কে বলেছিল, এতো সুন্দর লোক খুঁজে বিয়ে করে নিতে? এতো সুন্দর একটা লোক দিনরাত চোখের সামনে ঘুরবে, অথচ পারমিতা তার মসৃণ চুলগুলোতে হাত ছোঁয়াতে পারবে না। এসব শাস্তির কোনো মানে হয়?

নিনীত নেমে এসে সালাম দিলো শফিকে। শফি সাহেব উঠে দাঁড়ালেন। কোলাকুলি করলেন ছেলেটার সাথে। প্রথম দেখাতে তার এই ছেলেকে ভালো লেগেছে। ওর মধ্যে একটা এইজ এপ্রোপিয়েট গাম্ভীর্য আছে। বয়স কতো হবে? এই তো, পয়ত্রিশ ছত্রিশের আশেপাশে।

নিনীত গভীর চোখে তাকালো লোকটার দিকে। হ্যাঁ, তার প্রচ্ছন্ন ধারণা একটু একটু প্রকট হচ্ছে। এই লোকের পূর্ব পুরুষের মধ্যেও কেউ একজন রাজবংশীয় ছিল। গালের শেষের সরু চোয়ালটা ভদ্রলোকের সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করছিল। এক দেখাতেই অনুমান করা সম্ভব না যে পারমিতার বয়সী একটি মেয়ে তার আছে।

ভদ্রলোক জানতে চাইলেন,"তুমি কি করো? বিজনেস?"

নিনীত জবাব দিতে পারল না। মাথা তুলে একবার শুধু জেবার দিকে তাকাল। জেবা মাথা নাড়ল ইশারায়। নিনীত ঠান্ডা স্বরে বলল,"জি।"

জেবা টেবিলে নাস্তা সাজিয়েছেন কয়েক রকম। সুষ্মিতা আর আমেনা মিলে অল্প কিছু আয়োজন করেছে। আপাতত দুপুরের রান্নার প্রস্তুতি চলছে।
শফি সাহেব কিছু খেতে চাইছিলেন না। পারমিতার জোরাজুরিতে শেষে গিয়ে রাজি হতে হলো।

তিনি আর নিনীত বসেছিলেন সামনাসামনি দু'টো চেয়ারে। জেবা আর পারমিতা চেয়ার ধরে দাঁড়িয়ে টুকটাক কথা বলছিল নিজেদের মধ্যে।

নিকিতা ঘুম থেকে উঠেই নিচে এলো। ও সিঁড়ি ভাঙে লাফিয়ে লাফিয়ে। জেবা ওর পায়ের আওয়াজ শুনতেই সিঁড়ির দিকে ঘুরে তাকালেন। ছোটখাটো আদলটা চোখে পড়তেই দু'চোখ রাঙিয়ে কঠিন গলায় বললেন,"নিকি! আস্তে ধীরে নামো। দেখে দেখে নামো। লাফাবে না।"

নিকিতা এই সতর্কবাণী কানেই তুলল না। রেলিং ধরে ধপ ধপ করে নেমে এলো নিচে। নেমেই ছুটে গেল পারমিতার কাছে।

পারমিতা ওকে দেখতেই হাত বাড়াল। নিকিতা মাঝপথে এসেই থেমে গেল। এতোক্ষণে সে খেয়াল করেছে খাবার ঘরে নিনীতের উপস্থিতি। ডান পাশের একটা চেয়ারে অতি পছন্দের মানুষটাকে দেখতেই নিকিতা দিক পাল্টাল। পিঠ ঘুরিয়ে উল্টো পথে ছুটে গেল নিনীতের কাছে।

"পাপাই! পাপাই!"

নিকিতা দৌড়ে এসে হাত বাড়াল। নিনীত খাওয়ার ফাঁকে চোখ ঘুরিয়ে দেখল তাকে। কোলে তুলল না। নিকিতা ওর কপালটা নিনীতের বাহুতে ঠেকিয়ে বলল,"তুনিও আজ নাশতা কততে নেমেছো? তুমাকে আজকিও পিমসের মতো লাগছি পাপাই।"

নিনীত প্রতিউত্তর করল না। নির্লিপ্ত ভঙ্গিতে একটু পরোটা ছিঁড়ে মুখে তুলল।

নিকিতা প্লেটের দিকে তাকিয়ে বলল,"তি খাচ্ছ তুনি?"

"পরোটা।"

"আমাকিও এততু দাও।"

নিনীত অল্প একটু ছিঁড়ে তার মুখে দিল। নিকিতা আবার বাবার পেশীবহুল বাহুটা জড়িয়ে ধরল ছোট ছোট হাতে। বিড়বিড় করে একটা ছড়া আবৃত্তি করল।

"টুইকেম টুইকেম লিটিল ইসটাম।
হাউ আই উন্ডার হুয়াত ইউ আম।"

নিনীত গম্ভীর মুখে বলল,"খাওয়ার ফাঁকে এতো কথা বলবে না নিকিতা।"

"কতা বললে তি হয়?"

"খাবার গলায় আটকায়।"

"কিভাবে আতকায়?"

নিনীত চোখ পাঁকিয়ে তাকাল। শফি সাহেব হেসে বললেন,"আহা! এটা তো খুবই জটিল প্রশ্ন। খাবার কিভাবে গলায় আটকায়, এটা বোঝানোর জন্য তো খাবার আবার গলায় আটকে দেখাতে হবে।"

নিকিতা আওয়াজ শুনে পিটপিট চোখে তার দিকে তাকাল। এতোক্ষণে সে খেয়াল করেছে তাকে। তার ঘরের ডাইনিং টেবিলে এমন কাউকে আগে কখনো দেখেনি সে।

নিকিতা কপাল কুঁচকে জেবার দিকে তাকাল। ঠোঁট নেড়ে বলল,"উ কে?"

"ও তোমার নানাভাই। পারমিতার বাবা।"

"মমার বাবা?"

"হ্যাঁ।"

শফি সাহেব বললেন,"আর তুমি কে বলতো? তোমার নাম কি?"

নিকিতা জবাব দেওয়ার সময় পেল না। তার আগেই পারমিতা তাকে কোলে তুলে নিয়ে গালে একটা চুমু খেয়ে বলল,"ও আমার মেয়ে। ওর নাম নিকিতা।"

শফি সাহেবের হাত থেমে গেল। তিনি থমকে গেলেন। রীতিমতো আশ্চর্য হয়ে বললেন,"কি? কি বললে? তোমার মেয়ে?"

বেশ চঞ্চল শোনাল তার কণ্ঠটা। পারমিতা অপ্রস্তুত হয়ে পড়ল হঠাৎ। বাবা যে নিনীতের সামনেই এমন প্রতিক্রিয়া দেখাবে, সে ভাবে নি। কিছুটা ইতস্তত হয়ে সে বলল,"হ্যাঁ, আমার মেয়ে।"

শফি সাহেব পুরো ব্যাপারটা বুঝতে পারলেন না। কেবল অবিশ্বাস্য চোখে, খুব আশ্চর্য হয়ে তাকিয়ে ছিলেন মেয়ের দিকে। তার আর হাত চলছিল না। খেতেও ইচ্ছে করছিল না।
নিকিতার দিকে আরেকবার তাকাতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। এই ছেলে বিবাহিত? বাচ্চাও আছে?

নিনীত আড়চোখে স্পষ্ট ভাবে দেখল ভদ্রলোকের অস্থিরতা। তিনি খেতে পারছেন না। কেমন যেন হাঁসফাঁস করছেন। নিনীত এক গ্লাস পানি এগিয়ে দিল তার সামনে। তারপর বরফের মতো ঠান্ডা গলায় বলল,"ও নিকিতা। ও আমার ছোট মেয়ে।"

ছোট মেয়ে!
শফি সাহেবের কপাল সহ ঘামতে লাগল। অস্থিরতায় নিঃশ্বাস ভারি হলো। বুকের ভেতর হঠাৎ করে সমুদ্র সমান শূন্যতা অনুভব হলো। তিনি আর একটা দানাও খেতে পারলেন না।

নিকিতা কৌতূহল দেখিয়ে বেশ কিছু প্রশ্ন করল তাকে। নিকিতার কোনো কথাই আর তার কানে গেল না। তিনি সম্পূর্ণ এড়িয়ে গেলেন তাকে। ইচ্ছেকৃত না, তবে প্রচ্ছন্ন ভাবে একধরণের তাচ্ছিল্য এসে গেল তার ব্যবহারে।শফি স্থবির হয়ে বসে একপ্রকার ছটফট করে গেলেন। নিনীত বুঝল ভদ্রলোক ভেতরে ভেতরে তড়পাচ্ছেন ভীষণ।

নিকিতা আরেকটা প্রশ্ন করার আগেই নিনীত থামিয়ে দিল তাকে। ভারিক্কি গলায় খানিকটা ধমকের সুরে বলল,"নিকি! এতো প্রশ্ন কেন করছো? আর কোনো প্রশ্ন করবে না। আসো, পাপাইয়ের কাছে আসো।"

নিকিতা অতি উৎসাহে তার কাছে গেল। তাকে নাগালে পেতেই নিনীত দুই হাতে আগলে ধরল তাকে। নিকিতা যখন কথা বলতে বলতে তার বুকে মাথা রাখল, নিনীতের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। ও একটা হাত নিকিতার মাথায় রেখে স্থির হয়ে বসল। শফি সাহেবের চোখের সামনেই ঘটল ব্যাপারটা। নিনীত মেয়েকে শক্ত করে বুকে ধরে ইঙ্গিতে বোঝাল, ও কোনো তাচ্ছিল্যের বস্তু না। ওর একজন বাবা আছে। নিকিতা মজুমদার হ্যাজ আ ফাদার।

শফি সাহেব আর পুরোটা সময় কিছু খেতে পারেন নি। নিনীতও পারে নি। নিকিতাকে কোলে নিয়ে জড় পদার্থের মতো বসেছিল শুধু। ভদ্রলোকের চোখে যেই হতাশা আর করুণার ভাব দেখেছে সে, এরপর আর তার স্বাভাবিক হতে ইচ্ছে করে নি।

_____

"পারমিতা! তুমি নিজের জীবনটা নষ্ট করে দিয়েছ!"

শফি সাহেব প্রচণ্ড বিষাদগ্রস্থ স্বরে কথাটা বললেন। তার দুই চোখ মলিন। কোনোরকমে ডাইনিং রুম থেকে বেরিয়ে তিনি গেস্ট রুমে এসেছেন। পারমিতাও এলো তার পিছু পিছু।

পারমিতার দুই চোখ শান্ত। বাবার হঠাৎ করে এমন স্তব্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা নিনীত আর জেবার সামনে তাকে লজ্জায় ফেলেছে। সে এসে বসল শফির পাশে।

"বাবা, কেন এমন বলছ? ওরা দু'জন কেমন অড ফিল করছিল তোমার আচরণ দেখে।"

"আচরণ আর দেখিয়েছি কোথায়? যতটুকু পেরেছি, শান্তই থেকেছি।"
একটু থামলেন তিনি। পাশ ফিরে অসহায় চোখে পারমিতার দিকে তাকিয়ে শ্বাস আটকে বললেন,"তুমি তাই বলে একটা বিবাহিত, বিপত্নীক, দুই সন্তানের বাবাকে বিয়ে করবে? পাত্রের এতো সংকট পড়েছিল?"

"পাত্রের সংকট কেন পড়বে? আমার কাছে অনেক অবিবাহিত ছেলের চেয়েও নিনীতকে বেশি এপ্রোপিয়েট মনে হয়েছিল।"

"কি দেখে এপ্রোপিয়েট মনে হয়েছে? কোন রাজ্যের রাজা এই ছেলে?"

"জানি না কোন রাজ্যের রাজা। আমার তাকে ভালো লেগেছে। আমার মনে হয়েছে, আমি এই ছেলের সাথে বাকি জীবন থাকতে পারব।"

"হাস্যকর!"

পারমিতা উত্তর দিল না। শফি সাহেব একবুক দীর্ঘশ্বাস চেপে আরেকবার থমথমে গলায় বললেন,"জীবনটা নষ্ট করে দিয়েছ তুমি।"

পারমিতা এবার মুখ তুলল। একগাল হেসে বলল,"জীবন তো আরো আগেই নষ্ট হয়েছিল বাবা। তুমি এতোদিনে টের পেয়েছ। এই আরকি।"

শফি সাহেব ক্লান্ত চোখ বুজলেন। বড় বড় দু'টো শ্বাস ছেড়ে বললেন,"হি হ্যাজ টু ডটার্স। তার প্রায়োরিটি লিস্টে তুমি কোথায় পারমিতা?"

"আমার তাতে কোনো আপত্তি নেই বাবা। নিনীত যদি তার মেয়েদের বুক ভরে ভালোবাসে, তবে বোধহয় আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। ওর মেয়ে দু'টো ফুলের মতো। ওরা যদি কারো প্রায়োরিটি লিস্টে থাকে, তাতে আমার কি সমস্যা? পৃথিবী তো কোনো প্রতিযোগিতা করার জায়গা না। তাও আবার এইটুকু দু'টো বাচ্চার সাথে।"

শফি সাহেব চোখ মেললেন। ভীষণ ঠান্ডা স্বরে আস্তে করে বললেন,"পৃথিবী রঙ্গ তামাশার জায়গাও না। এসব কথা সিনেমায় শুনতে ভালো লাগে। বাস্তবে না।"

"হাহাহা। তুমি উকালতির মানুষ। বাস্তবিক বেশি। আমার আর তোমার এদিকেই পার্থক্য।"

"তোমার বয়স কতো মিতা? তুমি এমন ষোলো বছরের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের মতো কথা কেন বলছ? লাইফ ইজ নট আ জোক।"

"ইয়েস আই নৌ। এজন্যই ঘর বেঁধেছি। কিন্তু তুমি বাঁধোনি।"

শফি সাহেব শব্দ করে হেসে ফেললেন।
"ভালো কথা মনে করালে। আবার নতুন করে ঘর বাঁধিনি তোমার মায়ের কাজ কারবার দেখে। আর মানুষ ভাবে আগের বউকে ভুলতে পারি না বলে বোধহয় নতুন করে শুরু করছি না। হাহাহা। কি জ্বালা।"

"বাবা জানো, মা তো আরেকটা বিয়ে করেছিল। দুই বছর আগে। এই নিয়ে চার নম্বর। মায়ের চারটা বিয়ে হয়ে গেছে বাবা। আর তুমি নিজের ক্যালিবারে একটাও করে দেখাতে পারো নি।"

"করলাম না? তোর মাকে।"

"ঐটা তো দাদি পছন্দ করেছিল।"

শফি সাহেব হো হো করে হেসে উঠলেন। পারমিতা আলতো করে উনার হাতটা চেপে ধরল। তারপর সেটা তুলে গালের একপাশে চেপে ধরে নাজুক স্বরে বলল,"বাবা, এই বাড়ি, এই বাড়ির মানুষ, এই বাড়ির বাগান, সবকিছু আমার প্রিয়। সবচেয়ে বেশি প্রিয় নিবেদিতা আর নিকিতা। আমি জানি না আমি কেন ওদের এতো ভালোবাসি। হয়তো ঘৃণা করার মতো কিছু নেই। তাই ভালোবাসি। তুমি একবার ভালোবাসার চোখ দিয়ে, সহানুভূতির চোখ দিয়ে ওদের দিকে তাকাও। ওদের জীবনটা কতো একা! মা নেই, বাবাও কিছুটা উদাসীন। এই বাড়ির সবাই ওদের ভালোবাসে। কিন্তু মা তো মা ই হয়। তাই না? দেখো, আমার জীবনে সব ছিল। শুধু একটা মা ছিল না। যদি মা থাকত, তাহলে বোধহয় অনেক ভুলই আমি করতাম না। আমি খুব চমৎকার একজন মা হতে চাই বাবা। আমার দিকে তাকিয়ে, আমার কথা বিবেচনা করে হলেও তুমি সহজ হও প্লিজ। আমার দুই মেয়েই তোমাকে দেখে ভীষণ খুশি হবে। তুমি ওদের সাথে বসো, একটু কথা বলো। এই বাড়িতে কোনো খারাপ মানুষ নেই বাবা। এতো চমৎকার একটা বাড়িতে এসে তুমি কেমন করে মন মরা হয়ে থাকতে পারো?"

______

নিকিতার মনে হচ্ছে আজকে ঈদ। কারণ শুধুমাত্র ঈদের দিন ওরা দুই বোন যখন খুশি তখন পাপাইয়ের ঘরে যেতে পারে। এমনকি রাতে একটু ঘুমাতেও পারে।

আজ ঈদ না। কিন্তু আজও পাপাইয়ের ঘর তাদের জন্য উন্মুক্ত। নিনীত নিকিতাকে খাটের উপর বসিয়ে আধঘন্টা সময় ধরে ঘর গুছিয়ে।

জেবা গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়েছেন ছেলের ঘরের সামনে।
নিনীত ঘর গোছানোর ফাঁকেই একবার তাকাল তার দিকে। ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল,"তোমার আসতে হবে না। তুমি রান্নাবান্না করো। তোমার বেয়াই এসেছে। পেট ভরে খাইয়ে বিদায় করো উনাকে।"

"ইশশ! এসব কেমন কথা নিনীত? এমন করে কেউ বলে?"

নিনীত খাটের উপর এলোমেলো হয়ে পড়ে থাকা কাপড়গুলো ভাঁজ করতে করতে বলল,"উনি তো ঠিকই আমার এইটুকু মেয়েটাকে দেখে নাক কুঁচলাল। আমি বললেই সমস্যা?"

"উনার জায়গায় তো উনি ভুল না।"

"হ্যাঁ জানি। জানি বলেই চুপচাপ হজম করে নিয়েছি।"

জেবা তখনও দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। নিনীতের মতিগতি বোঝা যাচ্ছে না। সে আজ হঠাৎ ঘোষণা দিয়েছে তার মেয়েরা তার ঘরে থাকবে। জেবা উৎসুক হয়ে বললেন," সারাজীবনের জন্য?"

"না। যতোদিন পারমিতার বাবা বাড়িতে থাকবে, ততদিন।"

"উনার উপর তোর এতো রাগ!"

"যাও তো মা। ভালো লাগে না এসব কথা।"

নিনীত সাইড বক্সের উপর থেকে দুইটা কাঁচের বোতল হাতে তুলে নিল। নিকিতা চিৎকার করে হাত বাড়িয়ে বলল,"কুক, কুক। এততু কুক খাবো। কুক দাও।"

নিনীত বাঁকা চোখে তাকাল তার দিকে। জবাব না দিয়ে সোজা সেগুলো আলমারিতে তুলল। নিকিতা জেদ করে বলল," কুক লাগবে। খাবোই খাবোই খাবোই। কুক দাও।"

নিনীত চোখ পাঁকিয়ে বলল,"বেশি কথা বললে তুলে আছাড় মারব নিকি।"

নিকিতা গাল ফুলিয়ে বলল,"পুচা কাজ কছছো আমান সাতে।"

"চুপ।"

নিনীত ঠোঁটে আঙুল চেপে থামাল তাকে। নিকিতা কপাল কুঁচকাল।
নিনীত ঘরের দরজার দিকে তাকাল। আশেপাশে কেউ নেই।

নিনীতের মাঝে মাঝে মনে হয়, ওর ভেতরের শক্ত পাথরটা আসলে খুব বেশি মজবুত হতে পারেনি এতো দিনেও। কোথাও একটা কিন্তু রয়ে গেছে। মেয়ে দু'জন চোখের সামনে এলেই পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যেই দুর্ভেদ্য দেয়াল সে তুলে দিয়েছিল তার আর মেয়েদের মাঝে, ঐ দেয়ালের অন্যপাশ থেকে তার মেয়েরা একটু হাত বাড়ালেই দেয়ালটা ধ্বসে পড়ে। আজও ধ্বসে পড়ল। নিনীত জানে না আর কিভাবে নিজেকে শক্ত আর নির্বিকার রাখতে হয়।

নিকিতা গাল ফুলিয়ে বলল,"কতা বুলব না আর। পুচা পাপাই!"

নিনীত হাসল। আরেকবার দরজার দিকে তাকিয়ে নিকিতার পাশে এসে বসল। আলতো করে হাতটা ধরল তার। তারপর মাথায় হাত রাখল।

"মা!"

নিকিতা আড়চোখে পিটপিট করে তাকাল। জেদ করে বলল,"তি?"

"পাপাইয়ের কাছে আসো। নিবিকে গিয়ে ধরে নিয়ে আসো ঘরে।"

নিকিতার দুই চোখ চকচক করে উঠল।
"সুত্যি? নিবিকেও আনবু?"

"হুম। আজকে তুমি, আমি আর নিবি থাকব এখানে। ঠিক আছে?"

"সুত্যি?"

"হু।"

নিকিতা খাটের উপর উঠে দাঁড়াল।
দুই হাতে বাবার গালের দুইপাশ ধরে কপালে কপাল ঠেকিয়ে বলল,"নিকু কিলতু মাজখানি ঘুমাবে। উকে?"

নিনীত হাসল।
"ওকে, ফাইন।"

"পাপাই!"

"বলো।"

"তুমি কি পিপস পাপাই?"

"না সোনা। আমি ডেমন।"

"আমি তুমাকে আদর কততে চাচ্ছি।"

নিনীত ঠান্ডা স্বরে বলল,"করো।"

নিকিতা ওর দুই গালে ঠেসে দু'টো চুমু খেল। নিনীত বলল,"তুমি যে সারাদিন পাপাই পাপাই করো, তোমার যখন বিয়ে হয়ে যাবে, তখন কি করবে?"

নিকিতা ঠোঁট উল্টে বলল,"বিয়ে কববো না তো। ভালু বাচ্চারা বিয়ে কয়ে না পাপাই।"

হো হো করে কিছুক্ষণ হাসল নিনীত। নিকিতার মাথায় আরেকবার হাত বুলিয়ে দিয়ে বলল," আমিও চাই না সোনা তুমি কখনো বিয়ে করো। একটা সিক্রেট জানো? নিবিকে আমি কখনো বিয়েই দিবো না। আমার....আমার মেয়েদের কেউ অপমান অবজ্ঞা করলে আমি বোধহয় ওখানেই মরে যাবো,নয়তো মেরে ফেলব।"

চলবে-

[পর্বটা আরো বড় হতো। অর্ধেক জিনিস লিখতে পারি নাই। বেশি বড় হয়ে যাচ্ছিল। আগামী পর্বে বাকিটা গুছিয়ে দিব ইনশাআল্লাহ। আর অনিয়মিত হওয়ার কারণে যারা বিরক্ত হচ্ছেন, তারা একটু ধৈর্য রাখুন। পরীক্ষা চলছে আমার। অস্থিরতা নিয়ে বেশিক্ষণ লিখতে পারি না।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 19 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন