ফন্ট সাইজ:
থিম:
আম পাতা জোড়া জোড়া

পর্ব 24

লেখক: মেহরিমা আফরিন

#আম_পাতা_জোড়া_জোড়া-২৪
লেখনীতে #মেহরিমা_আফরিন

ভেতরে ঢোকার আগে জ্যোতি আরেকবার ভালো মতো কোম্পানির নামটা দেখে নিল। বিশাল বহুতল ভবনটির ঠিক উপরেই বড় করে খোদাই করে লিখা "সিরাজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ"।
পার্ল হোয়াইট রঙের ধবধবে সাদা একটা ভবন। সামনে পরিষ্কার রাস্তা। বড় গেইট পার হওয়ার পর সামনে অল্প জায়গা জুড়ে সবুজ বাগান। তার সামনেই ইন্ডাস্ট্রির অফিস ভবন।

ভেতরে ঢুকলে বিস্তৃত জায়গা জুড়ে একটা লবি। ভবনের মুখে দু'জন গার্ড চেয়ারে বসে আছে। ভেতরেও একটা ডেস্ক আর চেয়ার আছে। সেখানে কর্মচারীদের বাইরে সাধারণ মানুষের নামের রেকর্ড রাখা হয়।

জ্যোতি বুকে হাত চেপে দোয়া দুরুদ পড়ল। তারপর চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে পা বাড়াল। ভেতরে ঢুকতেই পাশ থেকে স্বাস্থ্যবান দেখতে এক লোক তাকে থামিয়ে দিল। লোকটা মাঝবয়সী। পরনে গার্ডের পোশাক। জ্যোতির দিকে তাকিয়ে ভরাট স্বরে বলল,"কোথায় যাবেন আপনি?"

জ্যোতি থামল। পাশ ফিরে ভদ্রলোককে দেখে সামান্য হাসল। মৃদুস্বরে বলল,"আপনাদের স্যারের রুমে। রুম থ্রি জিরো নাইন। চাকরির ইন্টারভিউ।"

ভদ্রলোক আগাগোড়া দেখলেন তাকে। বোঝার চেষ্টা করলেন, সত্যিই কি ইন্টারভিউ দিতে এলো কিনা। তারপর ভারি নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়লেন।

"আচ্ছা যান। তার আগে এখানে নাম পরিচয় লিখে যান।"

জ্যোতি স্মিত হেসে কলমটা হাতে নিল। লিখতে লিখতে বলল,"চাচাজান আমার জন্য দোয়া করবেন। চাকরিটা খুব বেশি প্রয়োজন আমার।"

ভদ্রলোক এবার একটু নরম হলো। কোমল চোখে কয়েক মুহূর্ত মেয়েটার শান্ত মুখের দিকে তাকিয়ে ঠোঁট নেড়ে বলল,"অবশ্যই। আপনি পারবেন। ঘাবড়াইয়েন না। বড় স্যার খুব নরম। মেঝ স্যার একটু কড়া। তবে মানুষ ভালো। ঘাবড়াইবেন না। ঘাবড়াইলেই বিপদ।"

জ্যোতি দুই ঠোঁট প্রশস্ত করে তাকায় মাঝবয়সী লোকটার দিকে। কৃতজ্ঞতা স্বরুপ হাসে এক দফা। আলতো স্বরে বলে," জি চাচাজান। দোয়া করবেন আমার জন্য।"

বলেই সে আর দাঁড়ায় না। দ্রুত পায়ে হেঁটে যায় সামনে। লোকটা পেছন থেকে আরেকবার বলল,"ঘাবড়াইবেন না। মেঝ স্যার ঘাবড়ানো মানুষ একদম পছন্দ করেন না।যান, লিফট দিয়ে উঠে ডান পাশের রুমটাই স্যারদের।"

**

জ্যোতি একবার হাত তুলে কপালের ঘাম মুছল। মাসখানেক ধরে সে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিল। সার্টিফিকেটের বিশাল স্তূপ বাদে এই দেশে সহজে চাকরি হয় না। সে তবুও চেষ্টা করছিল কোনোরকমে একটা অল্প বেতনের চাকরি জোগাড় করতে। টিউশন করে যেই টাকা উপার্জন হতো, তার বেশিরভাগই চলে যেত যাতায়াতের ভাড়ায়। তার উপর জ্যোতির প্রয়োজন ছিল একটা পাকাপোক্ত আয়ের ব্যবস্থার।

রিয়াজুল ভাই এই বেলায় তাকে সাহায্য করলেন। একদিন টিউশন শেষ করে বাড়ি ফেরার পথে তাকে ডেকে নিয়ে জানালেন, সিরাজ গ্রুপ নামে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। সেখানে দক্ষ কর্মীর প্রয়োজন। ডিগ্রি দেখাতে হবে না। কেবল কাজের দক্ষতা আর পেশাদারিত্ব থাকলেই হবে।

চাকরির বাজারের এমন ধু ধু অবস্থায় এই সুযোগ ছিলো জ্যোতির জন্য সোনার হরিণ। রিয়াজুল ভাই আরো জানালেন, তারা নাকি ডেটাবেজ ম্যানেজমেন্টের জন্য লোক খুঁজছে। একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হবে যার ভেতর কোম্পানির সব ডাটা গোছানো থাকবে।

জ্যোতি ডেটাবেজের কাজ উচ্চমাধ্যমিকের পরেই শিখেছিল। শখের বশে। সেই কাজ যে এই সময়ে এসে কাজে লাগবে সে ভাবতেও পারে নি।

টানা এক সপ্তাহ রাত দিন পরিশ্রম করার পর এক রবিবার সে গেল সিরাজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ইন্টারভিউ কক্ষে।

রুমে তখন দুইজন মাঝবয়সী পুরুষ বসা। চোখে মুখে শান্ত, বিনয়ী ভাব। জ্যোতি ঢুকেই প্রথমে সালাম দিল, তারপর নিঃশব্দে চেয়ার টেনে বসল।

নিচে দারোয়ান চাচা তাকে বলেছিল মেঝ স্যার থেকে একটু সাবধানে থাকতে, কোনো কিছুতেই না ঘাবড়াতে। জ্যোতি চেয়ারে বসার পর একবার আড়চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করল, মেঝ স্যার আসলে কে? দু'জনের বয়স কাছাকাছিই মনে হচ্ছে। জ্যোতি পুনরায় মাথা নামিয়ে নিল।

নাসির সাহেব একটু অবাক হলেন। এই পর্যন্ত যাদের ইন্টারভিউ নিয়েছেন, তাদের সবার মধ্যে এই মেয়েটার বয়স সবচেয়ে কম মনে হচ্ছে। নাসির বললেন,"ওয়ালাইকুমুস সালাম। আপনার নাম?"

"জ্যোতি। জ্যোতি তালুকদার।"

"কি করছেন বর্তমানে আপনি?"

"অনার্স কমপ্লিট করেছি। চাকরি খুঁজছি আপাতত। সাথে মাস্টার্সের পরিকল্পনাও আছে।"

নাসির সাহেব মাথা নাড়লেন। জ্যোতি দুই হাত ঘঁষতে থাকল নীরবে। ডেস্কের সামনে বসা অন্য লোকটা এই প্রথম কথা বললেন। বেশ গম্ভীর হয়ে বললেন,"তার মানে আপনার কোনো এক্সপেরিয়েন্স নেই এই সেক্টরে, রাইট?"

জ্যোতি সোজা হয়ে বসল। এইমাত্র যেই লোকটা কথা বলল, সে নিশ্চিত ইনিই মেঝ সাহেব। কণ্ঠের ভেতরেই এক ধরণের কাঠিন্য মেশানো। জ্যোতি ঘাবড়াবে না ঘাবড়াবে না করেও কিছুটা ঘাবড়ে গেল। কণ্ঠ নামিয়ে বলল,"অভিজ্ঞতা নেই,স্যার। এটাই প্রথম। কিন্তু আমার দক্ষতা আছে। আপনি যদি সুযোগ দেন,তবে হয়তো অভিজ্ঞতাও হবে।"

নাসির সাহেব হাসলেন সামান্য।
"তুমি কোথায় থাকো জ্যোতি?"

"আমি? দারুস সালাম রোডে।"

"বাড়িতে কে কে আছেন?"

জ্যোতি জবাব দেওয়ার আগেই রাগী মতোন ভদ্রলোকটা তাকে থামিয়ে দিল।
"আহা ভাইজান, আসল কাজ না করে তুমি খোশগল্প কেন করছ তার সাথে?"

"আসল কাজ আবার কি? ইন্টারভিউ মানে তো নির্দিষ্ট কোনো ধরাবাঁধা টপিক না খালিদ।"

"তা জানি। তবে তার আগে মূল কথা শেষ করতে দাও।"

জ্যোতি এই মূহুর্তেই মেঝ সাহেবের নাম জানতে পেরেছে। তার নাম খালিদ। আরেকটু বিশেষায়িত করা যায় নামটাকে।
রাগী খালিদ। এই নামটাও মন্দ না।

খালিদ সাহেব হাত দু'টো ডেস্কের উপর রাখলেন। তারপর একেবারে পরিষ্কার কণ্ঠে বললেন," অবশ্যই। সুযোগ দিব বলেই আমরা ইন্টারভিউ নিচ্ছি। তবে তার আগে তো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনিই সবচেয়ে বেশি যোগ্য। আপনার দক্ষতাই সবচেয়ে বেশি। তাই না?"

জ্যোতি ঢোক গিলল একটা। অল্প করে মাথা নেড়ে বলল,"জি স্যার।"

পরের আধঘন্টা জ্যোতি গেল একটা ভয়ানক রোলার কোস্টারের ভেতর দিয়ে। খালিদ নামের ভদ্রলোক যখন একটার পর একটা প্রশ্ন করে তাকে দিশাহীন করে দিচ্ছিল, ঠিক তখনই নিচের ঐ দারোয়ান লোকটার কথা মনে পড়ল তার। ভয় পাওয়া যাবে না,একদম ঘাবড়ানো যাবে না। জ্যোতি মনে মনে জোর দিলো নিজেকে। অথচ প্রশ্নোত্তরের কোনো এক ফাঁকে তার কণ্ঠ মিন মিন করতে লাগল। ভদ্রলোক এতো সূক্ষ্ম বিষয়াদি জানতে চাইছে! জ্যোতির মন চাইল কিছুক্ষণ কাঁদতে।

ঠিক আটত্রিশ মিনিট পর খালিদ সাহেব থামলেন। বড় একটা নিঃশ্বাস ছেড়ে মুভিং চেয়ারে পিঠ ছেড়ে দিয়ে বললেন," ওকে ফাইন। টেকনিক্যাল কোয়েশচান অনেক করেছি। এবার একটু রিয়েল লাইফ প্রবলেমস নিয়ে আলোচনা করি। ধরুন আপনি একটা দলে কাজ করছেন। আপনি খুব স্কিলড,এডভান্সড। কিন্তু আপনার দলেরই একজন সদস্য খুব দুর্বল, ইনসেনসিবল। কাজের প্রতি তার আগ্রহ নেই। সে সময় মতো কাজ সাবমিট করছে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন?"

জ্যোতি একটু সময় নিল। তারপর ধিমি স্বরে বলল,"আমি তাকে বোঝাব, প্রয়োজনে তাকে সাহায্য করব কাজ করতে।"

"কেন? আপনি কি হাতেম তাই? অর সামথিং লাইক দ্যাট?"

খালিদ তীক্ষ্ণ চোখে তাকালেন। জ্যোতি জবাব দেওয়ার মতো কিছু খুঁজে পেল না। ছোট ছোট চোখে এক প্রকার পরাজয় মেনে নিল।

খালিদ হাসলেন সামান্য।
"স্যরি ইফ আই সাউন্ড হার্শ। কিন্তু কাজের ক্ষেত্রে প্রফেশনালিজম অনেক ইম্পর্ট্যান্ট। আপনি এখানে এমপ্লয়ি হিসেবে কাজ করবেন। এখানে সবাই সবার সাথে প্রতিযোগিতা করেই টিকে থাকে। কেউ কাউকে দয়া দেখিয়ে, উপকার করে মহান হতে চায় না। সবাই ব্যস্ত নিজেদের প্রমোশন নিয়ে।"

"জি স্যার বুঝেছি।"

"কি বুঝলেন?"

জ্যোতি ছোট করে নিঃশ্বাস ছেড়ে বলল,"আমি কাজের ক্ষেত্রে প্রফেশনালিজম মেইনটেইন করব।"

"ওকে। দ্যাটস গুড।"

খালিদ আর কিছু বললেন না। নাসির সাহেবের খুব মায়া হলো মেয়েটা কে দেখে।
"তো জ্যোতি, এবার বলো, তোমার বাড়িতে কে কে আছে?"

"আমি, আমার বাবা, আর আমার ভাই।"

"বাবা কি করে?"

জ্যোতি শুকনো মুখে বলল,"বাবা কয়েক মাস ধরে কিছুটা অসুস্থ। আপাতত কিছুই করে না, স্যার।"

"ওহহ। আচ্ছা ঠিক আছে। তুমি এখন আসতে পারো জ্যোতি। বেস্ট অফ লাক।"

"থ্যাংক ইউ স্যার।"

বুকের ভেতরে আটকে রাখা নিঃশ্বাসটা এতোক্ষণে গিয়ে পুরোপুরি বের করার সুযোগ পেল সে। জ্যোতি এক নিমিষে উঠে দাঁড়িয়ে বড় বড় কদম ফেলল দরজার দিকে। এই ঘরে আরো কিছুক্ষণ থাকলে তার হাত পা জমে যাবে টেনশনে। এখানকার মেঝ সাহেব অত্যন্ত গম্ভীর। সাথে কিছুটা রাগীও। জ্যোতি ঠিক করেছে যতোক্ষণ সে সামনে থাকবে, ততক্ষণ জ্যোতি দম আটকে বসে থাকবে।

সে বেরিয়ে যেতেই নাসির সাহেব খালিদের দিকে তাকালেন।
"কি? তোর মতামত কি? আমার তো ভালোই মনে হচ্ছে মেয়েটাকে। অনেক কিছুই তো জানে দেখছি।"

"তোমার আর ভালো মনে হয়ে লাভ কি? সেই তো খোশগল্পই শুরু করেছিলে আসার পরে। এটা কি কোনো পারিবারিক আড্ডাখানা? এটা অফিস। এখানে এতো পেটের কথা, পিঠের কথা জেনে লাভ নেই।"

নাসির হো হো করে হাসতে লাগলেন।
"আসল কথা জানার জন্য তো তুই আছিস। তুই বল, তোর কি মত মেয়েটাকে নিয়ে?"

খালিদ কালো রঙের কলমটা ডেস্কের উপর থেকে হাতে তুলে নিল। তারপর ভাবল কিছুক্ষণ। হালকা স্বরে বলল,"ভেবে দেখব। মেয়েটা স্কিলড, কিন্তু প্রফেশনালিজম নেই। এসব এমপ্লয়ি নিয়োগ দেওয়ার পর ঝামেলা আরো বাড়ে। এদেরকে বলে বলে সব শেখাতে হয়।"

"বাচ্চা মেয়ে। ধীরে ধীরে সব শিখে যাবে।"

"ঐ তোমার এক কথা। বাচ্চা বাচ্চা। সব মেয়েই বাচ্চা, বড় ভাইজান? আয়তি বাচ্চা, পারমিতা বাচ্চা, মেহরোজ বাচ্চা। এখন শুনছি জ্যোতিও বাচ্চা। বড় তাহলে কে?"

আবারো হো হো করে হাসলেন নাসির সাহেব। খালিদ বিরক্তিতে কপাল কুঁচকে নিল। বড় ভাইজানের এমন অতি স্নেহের স্বভাবটা না জানি কোনদিন কোম্পানি ডুবায়।

_____

রোজকার ব্যস্ত দিন। সকাল, দুপুর, বিকাল, সবকিছু নিজের নিয়মেই চলছিল। এমন ব্যস্ত দিনের ক্রান্তি লগ্নে ইয়াজিদের সাথে আবার মণিষার দেখা হলো। ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে এসেছিলেন। সংশপ্তক। শহরের মাঝে সেই সাজানো গোছানো কালচারাল সেন্টারে।

ইয়াজিদ তখন বসে বসে কিছু একটা লিখছিল রেজিস্ট্রি খাতায়। ভদ্রমহিলা ভেতরে আসতেই একবার চোখ তুলে তাকাল। পাশেই সহস্র দাঁড়িয়ে। তার ফকফকা মুখটা দেখে ইয়াজিদ নাক ছিটকে আবার নিচে মুখ নামাল। রোজ রোজ এক কাহিনি। মহিলাকে দেখতে গেলে যেই না একটু ফুরফুরা অনুভূতি জাগে, ঠিক তখনই পাশ থেকে ঐ বাচ্চাটার মুখ দেখলে নিজের উপরই বড্ড বিতৃষ্ণা কাজ করে। ইয়াজিদ মনোযোগ দিয়ে নিজের কাজ করছিল।

সহস্র ভেতরে চলে গেল। মণিষা চারপাশে চোখ বুলিয়ে দূরের একটা বেঞ্চে গিয়ে বসল। অন্যদিনের তুলনায় আজ তাকে বিষন্ন দেখাচ্ছে খুব। স্কুলের কাজের চাপ, তার উপর কিছুদিন ধরে যাতায়াতের সমস্যা, এর উপর আবার গ্রীষ্মের প্রখর দাবদাহ। মণিষা ভাবছিল আজ বিকেলে সে এখানে আসবেই না। পরে কি যেন ভেবে আবার গেল। এমনিতেই সামনের সপ্তাহে তার ট্রেইনিং। তখন সুযোগই হবে না আসার। এর চেয়ে এই কয়টা দিন ক্লাস করা ভালো।

গরমে সবকিছু হাঁসফাঁস লাগছিল তার। একবার কপালে হাত চেপে তাপমাত্রা পরখ করে দেখল। নাহ, জ্বর আসেনি। তবে শরীর খারাপ লাগছে খুব।

একটু পরে একজন মহিলা এসে বসলেন তার পাশে। তার মেয়ে এখানে আসে গানের ক্লাস করতে। মণিষা একটু চেপে বসল। তার মাথা ভনভন করছিল অস্থিরতায়। একসময় সে টের পেল, নিজের শরীরের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। সে হেলে পড়ে যাচ্ছে বা পাশের মহিলাটির শরীরের দিকে।

ভদ্রমহিলা দ্রুত দুই হাতে তাকে চেপে ধরলেন। ইয়াজিদ চট করে উঠে দাঁড়াল। দ্রুত পায়ে সামনে এগিয়ে এসে অবাক হয়ে বলল,"কি হয়েছে? উনার কি হয়েছে?"

"জানি না। প্রেশার ফল করেছে বোধহয়।"

ইয়াজিদ বোকার মতো দাঁড়ায়। আরেকদফা তাকায় মণিষার দিকে। নরম সুরে বলে,"আপনি বসুন। একটু পানি খান।"

মণিষা মাথা নাড়ল। দ্রুত উঠে দাঁড়িয়ে সহজ হতে হতে বলল,"না না আমি ঠিক আছি।"

তার পা দু'টো টলছিল। ইয়াজিদ তড়িঘড়ি করে হাতটা ধরল। অবলম্বন জুগিয়ে বলল,"আরে সাবধানে। কি হয়েছে আপনার মিস?"

ইয়াজিদ তাকে আস্তে করে টেনে নিল ডেস্কের কাছে।

মণিষা একহাতে ডেস্ক আকড়ে ধরে একটু ধাতস্থ হয়ে বসে। তার অন্যহাতটা তখনও ইয়াজিদের হাতে। লোকটা বোকার মতো চোখে দেখছে তাকে। মণিষা নিজেই লজ্জায় পড়ে গেল।

একটা পানির গ্লাস তার দিকে এগিয়ে দিলো ইয়াজিদ। বলল,"নিন, একটু পানি খান। হঠাৎ কি হয়েছে আপনার? লো প্রেশারের সমস্যা আছে নাকি?"

মণিষা জবাব দেয় না। বড় করে নিঃশ্বাস ছেড়ে স্বচ্ছ কাঁচের গ্লাসটার দিকে তাকায়। দম ফেলে পর পর। এরপর হালকা স্বরে বলে,"কিছু না। ঠিক আছি আমি।"

ইয়াজিদ আরেকদফা তাকায়। সামান্য কাত হয়ে শুধায়,"একা একা বাড়ি যেতে পারবেন?"

"জি অবশ্যই।"

"এক কাজ করুন। আপনার হাসবেন্ড কে বলুন নাহয় এসে আপনাকে নিয়ে যেতে। আপনাকে খুব দুর্বল মনে হচ্ছে।"

এইবারে চোখ তুলল মণিষা। একদৃষ্টিতে ইয়াজিদের দিকে তাকিয়ে গাঢ় স্বরে বলল,"ধন্যবাদ। কিন্তু তার কোনো প্রয়োজন নেই। আমি একাই পারব।"

"আচ্ছা। ঠিক আছে।"

দু'জনের হাতের দিকে চোখ পড়তেই মণিষা বিস্মিত হলো কিছুটা। দ্রুত একটানে হাতটা সরিয়ে নিতে চাইল। পারল না। ইয়াজিদ শক্ত করে ধরে আছে তাকে। মণিষা সোজা হয়ে বসে বলল,"হাতটা ছাড়ুন। আমি এখন ঠিক আছি।"

ইয়াজিদ হুশে ফিরল। প্রায় সাথে সাথেই হাতটা ছেড়ে দিল। লজ্জায় পড়ে অপ্রস্তুত হয়ে বলল,"ওহহ স্যরি। আমার বার বার মনে হচ্ছে আপনি পড়ে যাবেন। তাই।"

"না, আমি ঠিক আছি। এমন আমার মাঝে মধ্যেই হয়।"

"কেন হয়?"

"জানি না ঠিক।"

"ডাক্তার দেখানো প্রয়োজন।"

"জি, দেখাব।"

মণিষা চুপচাপ শান্ত হয়ে বসল। একবার হাতঘড়িতে সময় দেখল। আর ইয়াজিদ দেখল তাকে। কি সর্বনাশা ব্যাপার! সে জানে কাজটা অন্যায়। অথচ নিজের উপর তার কোনো প্রতিরোধ নেই।

দ্রুত চোখ সরাল ইয়াজিদ। সেদিন প্রথমবার সে মন থেকে উপলব্ধি করল একটি বাক্য।

মুখের পানে চাহিনু অনিমেষে,
বাজিল বুকে সুখের মতো ব্যথা।

_____

উত্তরার ঐ বিশাল বাড়িটায় পারমিতা বহু বছরেও আসেনি। ঐ বাড়িতে তার সুখের স্মৃতি খুব সীমিত। উল্টো দেয়াল গুলোর দিকে তাকালেই কিছু বিশ্রী, অস্বস্তিদায়ক অনুভূতির কথা মনে পড়ে। কিছু ঘটনা, যেগুলো থেকে সে বরাবরই পালিয়ে এসেছে।

আজ বহুদিন পর আবার সে ঐ বাড়িতে গেল। শফি সাহেব কিছুদিন এখানেই থাকবেন। তাকে নিজ বাসভবনে পাওয়া দুষ্কর। এতোকাল পরে বাবাকে উত্তরার বাড়িতে থাকতে দেখে পারমিতা নিজেও গেল তার সাথে দেখা করতে।

ক্লিনিক থেকে বেরিয়েই সে উবার কল করল। তারপর সোজা উত্তরার তিন নম্বর সেক্টরে। সেখানে শফি সাহেবের পৈতৃক নিবাস। পারমিতার ছেলেবেলার বেশ কিছুদিন কেটেছিল ঐ বাড়িতেই।

শফি তখন লিভিং রুমে বসে কফি খাচ্ছিলেন নিশ্চিন্তে। পারমিতার গলার স্বর শুনতেই তড়িঘড়ি করে নিচে নামলেন। পারমিতা তাকে দেখতে পেয়েই ছুটে এলো। শক্ত করে জড়িয়ে ধরে বেশ উচ্ছ্বসিত হয়ে শুধাল,"কেমন আছ বাবা?"

"এইতো, আলহামদুলিল্লাহ। বেশ আছি। তুমি কেমন আছো মা?"

"আমিও ভালো আছি।"

"তোমার রসগোল্লা চমচমদের কি অবস্থা? ওরা ভালো আছে তো?"

পারমিতা হাসল।
"কে? নিবি আর নিকি?"

"হ্যাঁ।"

"ওরাও ভালো আছে। সারাদিন শুধু খরগোশ আর খরগোশ। তোমাকে খুব মিস করে। তুমি নাকি কথা দিয়েছ পরের বার গেলে বিড়াল নিয়ে যাবে সাথে?"

"হু, বলেছিলাম তো। সর্বনাশ! এরা আবার মনে রেখেছে নাকি?"

"তো কি? একদম মাথায় গেঁথে রেখেছে। বলেছে নানাভাই এবার আসলেই বিড়াল নিয়ে আসবে। হিহিহি।"

"দেখো কান্ড! তবে এদের আমার খুব পছন্দ হয়েছে। মন চাইলে চট করে একদিন বিড়াল নিয়ে হাজির হবো দেখো।"

পারমিতা হাসল সামান্য। শফি সাহেব বললেন,"ভালোই হয়েছে তুমি আজ এসেছ। প্রতীকও তো কিছুদিন হলো দেশে এসেছে। কতোদিন পর দেখা হবে।"

পারমিতা আকস্মিক চমকে উঠল। চোখ দু'টো কপালে তুলে বিস্ময় হতবিহ্বল হয়ে বলল,"কি বললে তুমি? কে এসেছে?"

"আর কে? প্রতীক আরকি। তোর ফুফুর ছেলে।"

ধীরে ধীরে পুরো শরীর জমে গেল পারমিতার। হাত দু'টো বরফের মতো ঠান্ডা হলো কিছু সময়ের মধ্যেই। গলার কাছটায় শক্ত দলা পাকিয়ে কিছু একটা আটকে গেল। বুকের ভেতরে ক্রমাগত ভারি নিঃশ্বাসের শব্দ সে বসে থেকেই টের পেল।

হাত তুলের কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে বাবার দিকে তাকাল পারমিতা। প্রায় দমবন্ধ করে কোনোরকমে জানতে চাইল,"ক...কোথায় আছে এখন?"

"এই তো। বাড়িতেই তো আছে। গত পরশু এলো। এই সপ্তাহটা এখানেই থাকবে।"

এইবার রীতিমতো আঁতকে উঠল সে। আতংক, বিতৃষ্ণা, দুঃসহ কিছু স্মৃতি এসে ভয়ানক পীড়া দিয়ে যাচ্ছিল তাকে। শ্বাস নিতে গিয়ে পারমিতা টের পেল ওর গলার দুইপাশ কেউ চেপে ধরেছে শক্ত করে। সে তটস্থ হয়ে বলল,"বাড়িতেই আছে?"

"হ্যাঁ, আছে তো। আমি বললাম থাকতে। এতো বছর পর বউ বাচ্চা নিয়ে এসেছে। কয়টা দিন বেড়াক নাহয়।"

পারমিতা ছটফট করতে করতে বলল,"বউ বাচ্চা সাথে এনেছে?"

প্রশ্ন করতে গিয়ে ঠোঁট দু'টো অল্প করে কাঁপলো তার। জ্বলজ্বলে, অসহায়, কাতর দুই চোখে সে তাকাল শফি সাহেবের দিকে। শফি সাহেব বললেন,"হ্যাঁ, এনেছে তো। পরিচয় করিয়ে দিব না হয় তোমার সাথে।"

পারমিতা আর কোনো জবাব দিল না। তার হাত পা সত্যিই বরফের মতো জমে গেল। মাথার ভেতর সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। এতো বছর পরে সেই পুরাতন জখমটা আবার তাজা হবে, সে ভাবেনি। প্রতীক। ঐ কুৎসিত নামটার থেকে বহু বছর আগেই পালিয়ে এসেছিল সে।

পারমিতা ঢোক গিলল একবার। বুকের ভেতরে সবকিছু কেমন ফাঁকা মনে হলো। না চাইতেও মানসপটে ভেসে উঠল কিছু নির্মম, পাশবিক মুহূর্ত। পারমিতা ওদের দাফন করেছিল নিঃশব্দে।

সে আর বসল না। এক লাফে উঠে দাঁড়িয়ে ব্যকুল হয়ে বলল,"বাবা, আমি আসি। পরে কোনোদিন দেখা হবে।"

শফি সাহেব অবাক হয়ে বললেন,"সেকি! এই মাত্রই তো এলে। একটু বসে যাও। কি হলো হঠাৎ?"

"কিছু না। আমার একটা জরুরি কাজ ছিল। মনে পড়ে গেছে হঠাৎ। ঐটা শেষ করতে হবে।"

পারমিতা ভ্যানিটি ব্যাগ কাঁধে তুলে দ্রুত পায়ে ছুটে গেল দরজার দিকে। সদর দরজা পেরোনোর কয়েক মুহূর্ত পূর্বে একটা ভারি কণ্ঠ ডাকল তাকে। খুবই প্রাণবন্ত আর টান টান কণ্ঠ। পারমিতা স্তব্ধ হলো মুহূর্তেই।

"হেই মিতা! হাউ আর ইউ?"

ত্রিশোর্ধ যুবকটি নাম ধরে ডাকল তাকে। সেই চিরচেনা উদ্যোমী কণ্ঠ স্বর। পারমিতা বাদে আর কেউ জানত না ঐ কণ্ঠের আড়ালে একটা পশু থাকতো।

ভ্যানিটি ব্যাগ খাঁমচে ধরে সে ঘুরে দাঁড়াল সিড়ির দিকে। দেখলো তার থেকে বেশ খানিকটা দূরে প্রতীক দাঁড়িয়ে আছে। পরনে গাঢ় খয়েরি রঙের টি শার্ট আর একটা ঢিলেঢালা গ্যাবাডিনের প্যান্ট। পারমিতাকে দেখেই মুখের হাসি চওড়া হলো তার। দ্রুত পায়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে বলল,"কেমন আছ তুমি? কতোদিন পরে দেখা! সব ঠিক ঠাক?"

পারমিতা যন্ত্রের মতো দাঁড়ায়। অনুভূতিশূন্য, বিরান দৃষ্টিতে হতবাক হয়ে দেখে তাকে। কতো গুলো বছর! এতো এতো বছর পরেও না কোনো অনুতাপ, না চোখে মুখে কোনো অনুশোচনার ছাপ। মানুষের চোখ কখনো এতো বেশি মিথ্যা হতে পারে?

শফি বললেন,"ভালোই হলো প্রতীক। মিতা বেরিয়েই যাচ্ছিল। যেতে যেতে তোর সাথে দেখা হয়ে গেল।"

"বেরিয়ে যাচ্ছিল? কোথায় যাচ্ছিল?"
প্রতীক ঠোঁট নেড়ে প্রশ্ন করল। শফি বললেন,"ওর কতো ব্যস্ততা! বিশাল বড় সংসার। এদের নিয়েই ব্যস্ত থাকে সারাদিন।"

"সংসার? ওহ হ্যাঁ, শুনেছিলাম তো। বিয়েও করেছ নাকি?"

পারমিতা আবার ঘাম মুছল। আস্তে করে দুই পা পিছিয়ে গেল। অবচেতন মনেই একটা হাত পেটের উপর রাখল। তারপর চরম অসহায় চোখে প্রতীকের হাসিখুশি মুখটার দিকে তাকাল।

প্রতীক কুটিল হাসল। পারমিতার পাংশুটে, মলিন মুখটার দিকে তাকিয়ে একগাল হেসে বলল,"বিয়ে করেছো? বিয়ে করতে গিয়ে তোমার আমার কথা মনে পড়েনি সোনা?"

পারমিতা হকচকিয়ে উঠল। ভীত চোখে চারপাশে তাকাতেই দেখল, শফি সাহেব ঘরে নেই। ঘরটা ফাঁকা। ঐ ঘরে শুধু সে আর প্রতীক। দু'জনের দূরত্বও সামান্য। পারমিতা নিজেই নিজের নিঃশ্বাসের শব্দ পাচ্ছিল স্পষ্ট।

প্রতীক হাসল তাকে দেখে। গর্ব করে বলল,"এখনো আমায় ভুলো নি তাই না? বেশ। ভালোবাসার জন্য তোমাকে মেডেল দেওয়া উচিত। মেয়েরা তোমায় দেখে শিখবে, লাথি উষ্ঠা খেয়েও কেমন করে একজনকে ভালোবাসা যায়।"

"প্রতীক!" পারমিতা অদৃশ্য যন্ত্রণায় ছটফট করতে করতে বলল,"তুমি এসব কেমন কথা বলছ? প্লিজ, স্টপ। ইটস ওভার নাও। আমাদের মধ্যে আর কিছু নেই। আমি...আমি ম্যারিড।"

"ও মাই গড। ওকে, ওকে ফাইন।"

প্রতীক উপর নিচ মাথা ঝাকাল। পারমিতা পিছিয়ে গেল আরো দুই কদম। অপ্রকৃতস্থের মতো দুই দিকে মাথা নেড়ে বলল,"আমি আর তোমাকে ভালোবাসি না। আমার খুব সুন্দর একটা সংসার হয়েছে। আমার দু'টো মেয়ে আছে, হাসবেন্ড আছে। আমি ওদের নিয়ে খুব সুখে আছি।"

প্রতীক গভীর চোখে তাকাল মেয়েটার দিকে। পারমিতা দ্রুত একবার চোখ মুছল। দুর্বল কণ্ঠে বলল,"যাও তুমি। আমার পথ ছাড়ো।"

প্রতীক সরল না। উল্টো এগিয়ে এসে নির্দ্বিধায় একটা হাত রাখল পারমিতার পেটে। তারপর ঠোঁট দু'টো কানের কাছে এগিয়ে এনে ফিসফিস করে বলল,"তোমার হাসবেন্ড জানে তো এটার কথা? জানার পরেও সব ঠিকঠাক থাকবে তো?"

ছিটকে দূরে সরে এলো পারমিতা। এক ঝাড়ায় প্রতীকের হাতটা নিজের পেটের উপর থেকে সরিয়ে দুই হাতে আড়াল করে দাঁড়াল নিজের শরীর। চাপা গর্জন তুলে বলল,"খবরদার! তুমি দূরে থাকো আমার থেকে।"

"ওকে ওকে ফাইন। কুল ডাউন সোনা। রাগ হচ্ছ কেন?"

"তোমার লজ্জা করে না? বিয়ে করেছ, সংসার হয়েছে। তবুও আমার সাথে এমন আচরণ করছ।"

"তাতে কি? আমি কিন্তু সারাজীবনই স্বীকার করব, তুমিই আমার প্রথম প্রেম, আবার প্রথম বাসরও। হাহাহা।"

লজ্জায়, অপমানে পারমিতার গা গুলাতে লাগল। ব্যথাতুর চোখে কিছুক্ষণ প্রতীকের দিকে তাকিয়ে সে এক ধাক্কায় তাকে সামনে থেকে সরাল। তারপর আর কোনোদিকে না তাকিয়ে সোজা বেরিয়ে এলো বাড়ি থেকে। শফি সাহেব গিয়েছিলেন তার জন্য বাটিতে করে পায়েস আনতে। যতোক্ষণে তিনি ফিরলেন, ততক্ষণে পারমিতা বেরিয়ে গেছে বাড়ি থেকে।

____

পরের ছয়টা দিন মিতার কেমন কাটল, সে নিজেও বুঝে উঠতে পারে নি। কেমন যেন ঘোরের মধ্যেই দিনগুলো অতিবাহিত হচ্ছিল। সকালে ঘুম ভাঙার পর তার প্রিয় কাজ ছিল, নাসির সাহেবের জন্য চা বানানো। সেই কাজ আর তাকে করতে দেখা গেল না।

সকালে উঠে সে কোনোরকমে তৈরি হতো। তারপর যন্ত্রের মতো হেঁটে খাবার ঘরে আসতো। এসে নাস্তা করত। তারপর পাথুরে চোখে একবার জেবার দিকে তাকিয়ে ধীর পায়ে হেঁটে বেরিয়ে যেত বাড়ি থেকে।

মেয়েদের সাথেও তার সম্পর্ক কেমন মলিন আর শান্ত হয়ে উঠল। সে ক্লিনিক থেকে ফিরেই মেয়েদের পাশে নিয়ে গল্প করতে বসত। খিলখিল হাসির শব্দ আসত তাদের ঘর থেকে। অথচ হুট করে তার কি যেন হলো। আর ওমন করে হাসতে দেখা যেত না তাকে।

ইমতিহার ঘরে প্রায়ই দেখা যেত তাকে। অথচ জেবা কয়েকদিন ধরে দেখলেন, নিজের ঘর বাদে আর কারো ঘরেই পা পড়ে না তার। সদা উচ্ছল, আনন্দে বুদ হয়ে থাকা, হাসিমুখে ঘুরে বেড়ানো মেয়েটার হুট করে এমন পরিবর্তন জেবার খুব চোখে লাগল।

একদিন তিনি তার ঘরে গিয়ে তার থুতনি টা উঁচু করে তুলে মোলায়েম কণ্ঠে বললেন,"পারমিতা! মা, তুমি ভালো আছো তো?"

পারমিতা ঠান্ডা গলায় বলল,"জি মা। ভালো আছি।"

"তুমি এতো চুপচাপ থাকো ইদানিং। কিছু হয়েছে নাকি?"

"না। তেমন কিছু না। ক্লিনিকে খুব চাপ পেশেন্টের। তাই।"

"ওহহহ। এক কাজ করো না। নিনীতকে নিয়ে কিছুদিন ঘুরে আসো কোথাও গিয়ে। মন ভালো হবে।"

"না মা। নিনীতের সাথে আমার ঐরকম কোনো সম্পর্ক নেই। তাছাড়া আমি চাইও না ঘুরে আসতে।"

পারমিতা ভাবলেশহীন হয়ে জবাব দিল। খাটের সাথে ঠেস নিয়ে নির্বিকার শ্বাস ছাড়ল। জেবা আর কথা বাড়ালেন না।
চুপচাপ বেরিয়ে এলেন ঘর থেকে।

তবে নিনীতকে ব্যাপারটা জানিয়েছিলেন ঠিকই। একদিন ঘর গোছানোর ফাঁকে বলেছিলেন,"নিনীত, পারমিতার মনটা কয়দিন ধরে খুব খারাপ। তুই একটু কথা বলিস তো তার সাথে।"

নিনীত অবাক হয়ে বলল,"আশ্চর্য! আমি কি কথা বলব উনার সাথে? উনার মন খারাপ হলে আমার কি?"

"এসব কেমন কথা? পারমিতা তোর বউ না? তোর যখন জ্বর হলো, তখন তো ঠিকই মেয়েটা তোর কাছে ছিল। বাবা, সংসার কি এমন হেলায় ফেলায় চলে? যখন যার দুঃখ আসে, তখন তো অন্য জনকেই পাশে এসে দাঁড়াতে হয়। তাই না?"

নিনীত নির্বিকার ভঙ্গিতে মাথা নাড়ল। জেবা আবার বললেন,"মেয়েটা তো কখনো নিজের দুঃখ নিয়ে দুটো কথা বলেনি। সবসময় হাসি ঠাট্টাই করেছে। অথচ কয়টা দিন ধরে তাকে হাসা তো দূর, একটু কথাও বলতে শুনিনি আমি। নিনীত, সংসার তো একটা সুতার মতোই। দুইদিক থেকেই টান থাকা লাগে। একটু সময় করে মেয়েটার কাছে যাস। গিয়ে জিজ্ঞেস করিস কি হয়েছে। আমার মনে হয়, আসলেই তার খুব মন খারাপ।"

"তো আমি কি করব মা? যাও তো। এসব বলো না আমাকে। আমার আর এখন কারো মন ভালো করার বয়স নেই।"

বড়ো বিরক্ত হয়ে প্রস্তাবটা উড়িয়ে দিল নিনীত। তবে একদিন রাতে তার সত্যিই পারমিতার কথা মনে পড়ল।।ঐ বাচাল, ডানপিটে, হাসিমুখের মেয়েটি অনেকদিন হলো তার ঘরে আসে না। তার সাথে সংসার নিয়ে আকাশ কুসুম গল্প করে না। উদ্ভট সব সাংসারিক কল্পনায় নিনীতের মাথা গরম করে না। নিনীত সেদিন রাতে খুব বেশি ভাবছিল তার কথা।

প্যাপি ভ্যানের লম্বাটে হুইস্কির বোতলটা সেদিন আর ধরা হলো না। আগ্রহই কাজ করল না সেটার প্রতি। একটু নীরব হয়ে বসতেই পারমিতা ইবনাতের সোজা সরল মুখটার কথা মনে পড়ছিল তার। এই মুখে সে কোনোদিন বিষন্নতা দেখেনি। কেমন লাগবে তাকে, যখন তার টলটলে চোখ দু'টো মলিনতার চাদরে ঢেকে যাবে? নিনীত কল্পনা করতে পারছিল না।

গভীর রাত পর্যন্ত দোনামোনায় ভুগে শেষে গিয়ে সে উঠে দাঁড়াল। ঐ রাতে আর নেশাপানি ছুঁয়েও দেখল না। পরনের টি শার্টটা টান টান করে সে বেরিয়ে গেল ঘর থেকে। তার গন্তব্য দুই ঘর পরে পারমিতার শোয়ার ঘরে। ঐ ঘরে নিবি আর নিকি তাদের মায়ের সাথে থাকে।

দরজার সামনে দাঁড়িয়ে নিনীত বড় করে শ্বাস ছাড়ল। হাত বাড়িয়ে কড়া নাড়ল। একটু পরেই ভেতর থেকে কেউ দরজা খুলল। নিনীত সামনে তাকিয়ে চমকে গেল।

পারমিতা।
একেবারে উদাস, বিবর্ণ মুখে দাঁড়িয়ে আছে। আনন্দ আর আমেজে ভরা ঐ মুখে নিনীত কোনোদিন এতো প্রগাঢ় বিষন্নতা দেখেনি। কি শান্ত একটা মুখ! চঞ্চলতা ছাড়া ডাক্তার ইবনাতকে মানায় নাকি?

নিনীত হতভম্ব হয়ে গেল। অবাক কণ্ঠে বলল,"ডাক্তার ম্যাডাম! কি হয়েছে আপনার? আপনি কেমন আছেন?"

পারমিতা ফাঁকা চোখে তাকাল তার দিকে। নাক টানল একবার। তারপর গুটি গুটি পায়ে সামনে এগিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। মাথাটা রাখল নিনীতের বুকে।

নিনীত ওখানেই জমে গেল। হাত দু'টো নিথর হয়ে পড়ে রইল দুই পাশে। পারমিতা শব্দ করে কেঁদে উঠে বলল,"অনেক কিছু হয়েছে আমার। আমি একদমই ভালো নেই।"

নিনীত এবার একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। হাত তুলে সে নিজেও জড়িয়ে ধরল তাকে। গভীর স্বরে বলল,"কেন? কি হয়েছে? মন ভালো থাকবে না কেন? ডাক্তার ম্যাডামকে মন খারাপ করলে মানায় না।"

"নিনীত সাহেব, একটা কথা বলুন। যদি আপনি কখনো শুনেন আমি আসলে খুব অন্যায় করেছি আমার অতীত জীবনে, তখন আপনি কি করবেন?"

"কিছুই করব না।"

"কিছুই করবেন না?"

"না।"

"কিছু একটা করা দরকার তো।"

"তাই। আচ্ছা ঠিক আছে। যদি আমি কখনো শুনি আমার ডাক্তার ম্যাডাম তার অতীতে কোনো অন্যায় করেছে, তবে আমি তাকে জড়িয়ে ধরব, ঠিক এখনের মতো করে। চলবে তাহলে?"

চলবে-

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 24 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন