#আম_পাতা_জোড়া_জোড়া -২৭
লেখনীতে #মেহরিমা_আফরিন
বিকেলের সূর্য ডুবি ডুবি অবস্থায়। পাশের মাঠ থেকে ছেলেদের শোরগোল কমে এসেছে। লাল রঙের সূর্যটা নামতে নামতে পশ্চিম আকাশে হারিয়ে যাচ্ছে। মাঠের বা পাশে বেশ বড় জায়গা জুড়ে জংলা হয়ে আছে। জংলার সামনে দু'জন ছেলেকে দাঁড় করানো। এদের কাজ হলো গড়াতে থাকা ক্রিকেট বলটা জংলায় ঢুকার আগেই ধরে ফেলা।
সীমান্ত ব্যাট হাতে দাঁড়িয়ে বোলারের গতি মাপছিল। শানিত চোখের দৃষ্টিতে বোঝার চেষ্টা করছিল তার হাবভাব। প্রকৃতি তখন নরম হয়ে এসেছে। সাঁজ বেলার আলতো নরম ঘ্রাণে চারপাশে মিঠে সুবাস ছড়াচ্ছিল। জংলার শুরুতেই একটা হাসনাহেনার গাছ আছে। ঐ গাছের ফুল গুলো থেকে মাতাল করা ঘ্রাণ ছড়াচ্ছে এদিক ওদিক।
ঠিক এমন সময় পকেটে থাকা মুঠোফোন টা কর্কশ শব্দে বেজে উঠল। একবার দুইবার না। কয়েকবার। সীমান্ত প্রথমে তেমন গুরুত্ব দিল না। খেলা শেষ করার আগে সে এমনিতেও কল ধরবে না।
হঠাৎ কিছু একটা মনে পড়তেই তার টনক নড়ল। সোজা হয়ে দাঁড়িয়ে এক হাতে ব্যাট ধরে অন্য হাত দিয়ে ফোন বের করল পকেট থেকে। কাইয়ুমের ফোন। সীমান্ত চারপাশ দেখে সময়ের আন্দাজ করল।
হ্যাঁ, এই সময়ের মধ্যে কাজ হয়ে যাওয়ার কথা। বাল পাকনা মেয়েটার একটা শিক্ষা হবে আজ। সবেতে তার আগ বাড়িয়ে পাকনামি। সীমান্ত আজ মজা বোঝাবে তাকে।
সে কল রিসিভ করল। ভেবেছিল, অন্য পাশ থেকে ধিঙি, দুর্ধর্ষ মেয়েটার গলা ফাটানো শব্দ কানে আসবে। চিৎকার করবে, রাগ ঝাড়বে, আক্রোশে গলা ফাটাবে।
কিন্তু এমন কিছুই হলো না। ফোনের অপরপ্রান্ত থেকে কাইয়ুমের কাচুমাচু কণ্ঠের পিঠে অসহায় তরুণীর করুণ আর্তনাদের শব্দ ভেসে এলো। মনে হলো, সর্বহারা কোনো নাবিক জাহাজের হাল ধরে বসে বিলাপ করছে।
সীমান্ত চমকে গেল। চোখ দু'টো বড় বড় করে আঁতকে উঠে বলল,"কাইয়ুম! কি হইসে? আ..আয়তি কান্দে কেন?"
কাইয়ুম দিশেহারা হয়ে নিঃশ্বাস ফেলে। শুকনো ঢোক গিলে নিরুপায় গলায় বলে,"ভাই, আপনে কইসেন মাইয়া খুব জেদি। কিন্তু কাহিনি তো দেখতাসি উল্টা। মাইয়া শুধু কান্দে আর পা ধইরা মাফ চায়। কি করমু ভাই? আমি আর সামলাইতে পারতাসি না। আপনে দ্রুত আসেন।"
কাইয়ুম আরো কিছু বলত। তার আগেই পেছন থেকে আয়তির ছটফটাতে থাকা শরীরটা যন্ত্রণায় গোঙাতে গোঙাতে বলল,"আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। ব্যাগে যতো টাকা আছে, যা আছে, সব নিয়ে নিন। তবুও ছাড়ুন। আমি....আমার...আহ, আমার দম আটকে যাচ্ছে। প্লিজ। আই বেগ। একটু....একটু দয়া করুন।"
সীমান্ত হতবিহ্বল হয়ে পড়ল। অবাক হতে হতে তার ক্রিকেট ব্যাটটাও হাত খসে মাটিতে গিয়ে পড়ল। আবছা স্বরে কেবল বিড়বিড় করে বলল,"আয়তি! তোমার কি হইসে?"
তারপরই কণ্ঠ শক্ত করে সে। ফোনের অন্য পাশ থেকে চোয়াল শক্ত করে চেঁচিয়ে উঠে,"এ্যাই কাইয়ুম। কু//ত্তা//র বাচ্চা! তুই কি করছস ওর সাথে?"
"বিশ্বাস করেন ভাই। আমি কিচ্ছু করসি না। ধরসিও না। শুধু চিল্লাচিল্লিতে অতিষ্ঠ হইয়া ওড়নাটা খুইল্লা মুখে বাঁধতে গেছিলাম। এডাতেই এমন চিল্লান দিল! কানের পর্দা তো গেছেই, সাথে মাথাসহ ব্যথা করতাসে। কি করমু বলেন? এখন ডরের চোটে মুখও বাঁধতে পারতাসি না। কাছে গেলেই কান্দে, আর পাগলদের মতো কাজ কাম করে। আপনি আসেন ভাই। বিশ্বাস না হইলে আইসা দেইখা যান, আমি সত্য বলতাসি না মিথ্যা।"
সীমান্ত এক নিমিষে হাতে থাকা গ্লাভস দু'টো খুলে মাঠের উপর ছুড়ে মারল। তারপর আর অন্য কোনো দিকে তাকাল না। সোজা ছুটে গেল মূল রাস্তার দিকে।
ঘটনাটা এমন হবে সে ভাবে নি। আয়তি কাঁদবে, এইটুকুও ভাবেনি। ভেবেছিল, আয়তি সাহসী মেয়ে। দুই মিনিটেই বুঝে যাবে এই কাজ কার। সে যে এমন বোকার মতো মানুষের পা ধরে মাফ চাইবে, এই জিনিস তো সীমান্ত কল্পনাতেও আনে নি।
সীমান্ত বাইক স্টার্ট দিল দ্রুত। মন চাইছিল, বাইকের হ্যান্ডেলে কিছুক্ষণ মাথা ঠুকতে। কে জানে, আবার কোন নতুন বিপদ ঘাড়ে আনল। আয়তি চিৎকার না করে কান্নাকাটি কেন করবে? এসব ওর সাথে মানায় না। দুঃশ্চিন্তা আর ভয়ে সীমান্তর মাথা ফেটে যাচ্ছিল।
এইবার আর রক্ষা নাই। ঐ বাড়ির ভাত আর জুটবে না কপালে। খালিদ মামা পশ্চাৎদেশ বরাবর কষিয়ে লাথ মেরে বাড়ি থেকে বের করবে তাকে। ইশশ, কি বিশ্রী ব্যাপার! থাক, সেই চিন্তা পরে হবে। আগে গিয়ে ঐ পাগল মেয়েটাকে উদ্ধার করতে হবে। তার গালে দু'টো চাপড় মেরে বলতে হবে,"তোমার টাকা পয়সা, ইজ্জত সম্মান কিচ্ছু লাগবে না আমার। তুমি বাড়ি যাও মামুনি। ঘাট হয়েছে আমার। আর কোনোদিন এই ভুল করব না।"
*
*
কাইয়ুম আর পিয়ালের মনে হচ্ছে, এমন বিপদে তারা বিগত কয়েক বছরেও পড়েনি। বিপদ না ঠিক। মহা বিপদ। এখন তো মনে হচ্ছে, ব্যাপারটা আর এই ছোট্ট আটসাট ঘর পর্যন্ত থেমে থাকবে না। ঘটনা এমন করে বাড়তে থাকলে ওদের দু'জনকে জেলের ভাতও গিলতে হবে।
ঘটনা ঘটেছে এক মেয়েকে নিয়ে। যেই মেয়েটা এই মুহূর্তে তাদের ঘরের মেঝেতে মুখ ফেলে ডুকরে ডুকরে কাঁদছে। তাকে তারা অপহরণ করেছিল জব্দ করার জন্য। তারা অবশ্য জব্দ করত না। সীমান্ত ভাই করত।
কিন্তু কিছু করার আগেই যে মেয়েটা এমন পাগলের মতো আচরণ শুরু করবে, তারা ভাবেনি।
ধরে আনার সময় থেকে এই পর্যন্ত হয় কাঁদছে, নয় গোঙাচ্ছে, নয়তো পায়ে ধরে অনুনয় করছে বাচ্চাদের মতো। তার রক্তশূণ্য মুখ, আর কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে উঠা চোখ দু'টো দেখে পিয়াল আর কাইয়ুম দিশাহীন হয়ে পড়ল। এই বিপদ থেকে এখন সীমান্তই তাদের বাঁচাতে পারে।
আয়তি মাথা নামিয়ে শক্ত করে জাপটে ধরে রেখেছিল নিজেকে। তার পরনের ওড়না, যেটা কাইয়ুম টেনে ধরেছিল তার মুখ বাঁধবে বলে, ওড়নাটা এখনো তার বুকে। সে দুই হাতে নিজের আব্রু রক্ষা করছে। নিবিড়ভাবে সবকিছু জড়িয়ে ধরেছে বুকের সাথে। টানা টানা চোখ থেকে জল গড়াচ্ছে অবিরত। আয়তির মনে হচ্ছে ওর শ্বাসটা গলার কাছে আটকে গেছে। দম আটকে থাকার বিশ্রী অনুভূতিতে চারপাশ ঘোলাটে আর আবছা মনে হচ্ছিল। শুধু টের পাচ্ছিল, ও যেই ঘরটায় আছে, সেখানে ও আর এই অজানা অচেনা দু'জন পুরুষ বাদে আর অন্য কেউ নেই।
পিয়াল এগিয়ে এলো তার কাছে। বলতে চাইল, আপনি ভয় পাবেন না। আমরা কিছু করব না আপনাকে।
আয়তি সেই সুযোগও দিল না। তাকে এগিয়ে আসতে দেখেই গগনবিদারী চিৎকার করে বলল,"দোহাই লাগে। কাছে আসবেন না। হাত জোড় করছি। দূরে থাকুন।"
পিয়াল থেমে গেল। দ্রুত দুই পা পিছিয়ে বলল,"আচ্ছা আচ্ছা আসব না। আপনি শান্ত হোন দয়া করে। আপনাকে ছেড়ে দিব। একটু অপেক্ষা করুন।"
কাইয়ুম দরজা খুলে উঁকি দিয়ে বাইরে দেখছিল। সীমান্ত চলে আসবে কিছুক্ষণের ভেতরেই।
এই ঘরটা কাইয়ুমদের চিলেকোঠার ঘর। আম্মা আব্বা ফুফুদের বাড়িতে গেছেন তিন দিনের জন্য। তাই আপাতত কাউকে আটকে রাখার জন্য এই ঘরটাই সবচেয়ে নিরাপদ মনে হলো তার।
তবে এখন মনে হচ্ছে বড্ড ভুল হয়েছে। পুলিশে যদি একবার খবর যায়, তবে কেলেঙ্কারি হয়ে যাবে। সীমান্ত ভাই ভবঘুরে মানুষ। তার কিছুই হবে না। কিন্তু কাইয়ুমের সব বরবাদ হয়ে যাবে।
পিয়াল এগিয়ে এসে তার পিছু পিছু দরজা ধরে দাঁড়াল। বাইরের দিকে নজর দিয়ে গুমোট স্বরে বলল,"সীমান্ত আসে না কেন এখনো? টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে।"
ঠিক এমন সময় পেছন থেকে কেউ এক ধাক্কা মেরে দরজা থেকে সরাল তাদের। পিয়াল হতভম্ব হয়ে পেছনে তাকাতেই দেখল, আয়তি দিকবিদিক হারিয়ে ছুটে যাচ্ছে দরজার কাছে। দরজা থেকে কোনোরকমে দু'জনকে ঠেলে সরিয়ে সে আর অন্য কোনো দিকে তাকাল না। উদ্ভ্রান্তের মতো ছুটল সামনে।
কাইয়ুম আঁতকে উঠল। মেয়েটার ধাক্কায় তাল হারিয়ে ধপ করে নিচে বসে গেছে সে। মেঝেতে বসেই সে আতংকিত চোখে তাকাল সামনে। দেখল ছাদের শক্ত মেঝে পায়ে মাড়িয়ে মেয়েটা ছুটছে সামনে।
কাইয়ুম বড় বড় চোখে আতংকে নীল হয়ে বলল,"আপু! কই যান আপনি? সর্বনাশ, আর সামনে না। রেলিং নাই ছাদের। আ...আপু আপনি..."
পিয়াল নিজেও হুশে ফিরল ততক্ষণে। দেখল আয়তি কোনো দিকে না তাকিয়ে সোজা ছুটছে ছাদের শেষ মাথা বরাবর। আর কয়েক কদম। তারপরই তিনতালার ছাদ থেকে সোজা নিচে পড়বে মেয়েটা।
কাইয়ুম চিৎকার করে যাচ্ছে বসে বসে। পিয়াল আর দিশা না পেয়ে পাগলের মতো ছুটল সামনে। একটা হাত সামনে বাড়িয়ে চেঁচিয়ে উঠে বলল,"প্লিজ আপনি দাঁড়ান। আমরা কিচ্ছু করব না আপনাকে। আপনি শান্ত হোন।"
আয়তি দৌড়াতে দৌড়াতে ঠিক ছাদের শেষ মাথা পর্যন্ত গেল। তারপর থামল কিছু সময়ের জন্য। একবার ঢোক গিলে নিচে তাকাল। তারপর পেছনে ঘুরে তাকাল পিয়ালের ফাঁকা মুখটার দিকে।
পিয়াল নিজেও থামল। হাতটা সামান্য উপরে তুলে বলল,"এই যে। আমি ধরছি না আপনাকে। আপনি...আপনি রেলিং থেকে সরে আসুন। প্লিজ।"
আয়তি ভয়ে ভয়ে আরেকবার নিচে তাকাল। তার দুই হাত কাঁপছিল থর থর করে। শেষবারের মতো শক্ত করে ওড়নাটা বুকের সাথে চেপে ধরল সে। পিয়াল ওর পরবর্তী পদক্ষেপ বোঝার চেষ্টায় একটু একটু করে পা ফেলল সামনে।
আয়তি আর অপেক্ষা করল না। ওড়নাটা বুকের সাথে জড়িয়েই শক্ত করে চোখ মুখ খিঁচে সে ঝাঁপিয়ে পড়ল নিচে।
পিয়াল চিৎকার করে চোখের উপর এক হাত চেপে ধরল। ঠিক সেকেন্ডের ব্যবধানে একটা শব্দ কানে এলো। ধ্বপ করে কিছু একটা আঁছড়ে পড়েছে মাটিতে। পিয়াল জানে ওটা কি।একটা মানবদেহ। ভয়ে, আতঙ্ক গড়িয়ে পড়েছে দোতালার ছাদ থেকে।
পিয়াল আর পরের দৃশ্যটা দেখার সাহস পেল না। কেবল শুনল নিচ থেকে সীমান্ত দম আটকে পাগলের মতো চিৎকার করে যাচ্ছে। কাতর স্বরে বলছে,"আয়তি! তুমি এটা কি করলা?"
____
উত্তরার তিন নম্বর সেক্টরে পারমিতাদের যেই বিশাল বাড়িটা ছিল, সেটা প্রথমবার দেখার পর নিনীতের মনে হলো, বাড়িটা ঠিক সম্পূর্ণ না। কিসের যেন অভাব। দুইবার মনোযোগ দিয়ে দেখার পর মনে হলো, বাড়িটায় আভিজাত্য আর বিলাশবহুল ভাব থাকলেও প্রাণ নেই কোনো। কেমন যেন কৃত্রিম।
গাড়ি থেকে নেমেই কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে সে বলল,"আপনাদের বাড়িটা কেমন যেন। আর্টিফিশিয়াল।"
পারমিতা কুচি সামলাতে সামলাতে নিকিতার হাতটা মুঠোয় ধরল। হাসতে হাসতে বলল,"জি। বাড়ির মানুষগুলো আরো বেশি আর্টিফিশিয়াল।"
নিনীত প্রতিউত্তর করল না। নিকিতা মাথা তুলে বাড়িটার দিকে তাকিয়ে বলল,"এতু বড় বাড়ি। ইখানে কে কে থাকি?"
"বাড়ি বড় হলেও মানুষ কমই থাকে। চল, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিব।"
পারমিতা শক্ত করে হাত চেপে ধরল তার। এই প্রথম সে এতো আত্মবিশ্বাস আর আত্মগরিমার সাথে বাড়ির ভেতর পা রাখছে। রাখবে না কেন? স্বামী, সন্তান, সব আছে তার। কিসের আর ভয় করবে? ওর অতীত সে স্বচ্ছ জলের মতো পরিষ্কার করে বলেছে নিনীতকে। আর কোনো অতীত, আর কোনো সত্যের ভয় নেই তার।
প্রতীক তার ঘর নষ্ট করবে?
উহু, কোনো দিনও না।
নিকিতার হাত ধরে ধীর কদমে সে ঢুকল বাড়ির ভেতর। মূল ফটকের পাশ থেকে মাঝবয়সী দারোয়ান লোকটা সালাম দিল তাকে। সে কিছু বলার আগেই নিকিতা ডান হাত কপালে তুলে দ্রুত গতিতে বলল,"আসসা লি মালিকুম। স্যালুত।"
পারমিতা মৃদু হাসে। আলতো হাতে মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলে,"ভেরি গুড। মমার জান বাচ্চা হয়ে যাচ্ছ দেখি।"
"আন পাপাইয়ের? পাপাইয়ের জান বাচ্চা হচ্চি না?"
"হচ্ছো তো। পাপাইয়ের প্রিন্সেস হয়ে যাচ্ছ দিন দিন।"
নিবেদিতা গাড়ি থেকে নেমে চুপচাপ দাঁড়িয়ে ছিল। আজ সে স্টিক সাথে আনে নি। পাপাইয়ের কড়া নির্দেশ। বাড়ি থেকে বের হলে এসব লাঠি নিয়ে চলা যাবে না। তার অক্ষমতা সে মেনে নিলেও পাপাই মানতে পারে না। পাপাই তার ওয়াকিং স্টিকটা দুই চোখে সহ্য করতে পারে না।
অপরিচিত রাস্তায় নিবেদিতা একা চলতে পারে না। স্টিকটাই ভরসা। পাপাই যখন পুরু স্বরে বলল,"কোনো লাঠি ফাঠির প্রয়োজন নেই। এসব ছাড়াই যাব আমরা।"
নিবেদিতা তখন ভয়ে মিন মিন করে বলল,"কিন্তু আমি তো লাঠি ছাড়া হাঁটতে পারি না পাপাই।"
নিনীত চোখ তুলল। নির্নিমেষ এক পলক মেয়ের দিকে তাকিয়ে পরিষ্কার কণ্ঠে বলল,"হাত ধরে চলতে পারো তো? হাঁটতে পারো তো হাত ধরে?"
"হ্যাঁ, পারি। কিন্তু কার হাত ধরব?"
"আমার। আর কার?"
নিবেদিতা জবাব দিতে সময় নিল কিছুটা। কিছুক্ষণের জন্য বোকা হয়ে বুঝল, কথাটা পাপাই তাকেই বলল কিনা। যখন বুঝল, তখন কিছুটা অন্যমনস্ক হলো।
দ্রুত চোখে হাত চেপে দেখল, সে সত্যিই আবার কেঁদে ফেলেছে। কি অদ্ভুত! দিনে দিনে বড় হচ্ছে সে। অথচ পাপাই। এই এক প্রসঙ্গে চোখ দু'টো বরাবরই টলটল করে তার।
নিনীত ভেতরে ঢোকার আগে একবার চারপাশে তাকাল। নিবেদিতা তখনও বাধ্য মেয়ের মতো এক জায়গায় দাঁড়িয়ে। পাপাই ডাকলে তবেই সামনে পা ফেলবে। নিনীত কাছে এলো। হাত বাড়িয়ে নরম স্বরে ডাকল,"নিবেদিতা, আম্মাজান। হাত ধরেন।"
নিবেদিতা উৎফুল্ল হলো। চঞ্চল হয়ে বলল,"তুমি আমায় আবার এমন করে ডাকলে?"
"হ্যাঁ, তো? খুশি হয়েছ?"
"অনেক বেশি।"
নিনীত স্মিত হাসে। নিবেদিতার হাতটা এক হাত দিয়ে ধরে ধিমি স্বরে বলে,"আমি ভাবছি পুরো মানুষটাই আবার আগের মতো হয়ে যাব। কিহ, ভালো হবে না আম্মাজান? বলুন আপনি।"
নিবেদিতার কণ্ঠ জড়িয়ে যাচ্ছিল আনন্দে। অনুমানে পাপাইয়ের শরীরটা আঁকড়ে ধরে সে ঘুরে দাঁড়াল তার দিকে। বলল," আমি কিছু বলতে পারব না। আমার শুধু কান্না পায় পাপাই। আর..."
"আর কি?"
"আর মন চায়, দূরে কোথাও গিয়ে তোমার সাথে বসে থাকতে।"
"অবশ্যই। আমার সাথে বসে থাকা যে কারো স্বপ্ন হতে পারে, সেটা ভেবেই আমি আশ্চর্য হচ্ছি।"
"পাপাই শোনো।"
"বলো।"
"তুমি আমাদের মাফ করে দিয়েছ তো? সত্যি?"
নিনীত থমকে গেল কিছু সময়ের জন্য। তারপর মাথা নামিয়ে বিড়বিড় করে বলল,"মাফ কেন করব? তোমরা তো কোনো ভুল করোনি। ভুল যার ছিল, সে নিজেই ভুল শোধরাতে চাইছে। কারণ আমি বুঝতে পারছি, একজনের অপরাধের শাস্তি, অন্য একজনকে দেওয়া যায় না।"
নিনীত দীর্ঘশ্বাস ছাড়ল। সামনে তাকিয়ে গাঢ় স্বরে বলল,"আকাশ পরিষ্কার। মাথার উপর ঠিক এই মুহূর্তে তিনটা মেঘ ভেসে বেড়াচ্ছে। আবহাওয়া ঠান্ডা। আলো কমে আসছে। একটু পরেই সন্ধ্যা। আকাশের শেষ মাথায় মেঘের উপর হালকা কমলা রঙের আলো এসে পড়ছে। আমরা যেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ওটার নাম ইনোভেরা প্যালেস। কালো রঙের গেইট। আমাদের বাড়ির ফটকের পাশে যেমন শেওলা ধরা একটা সবুজ দেয়াল আছে, এখানে এমন কিছু নেই। আরেকটা জিনিস নেই। সেটা হলো বড় বড় তিনটা আম গাছ। ভেতরে বাগান আছে। তবে ফুল গাছ খুব কম। বাড়ির গেইটের সাথে লাগোয়া দেয়ালটা ধবধবে সাদা। কংক্রিট বিছানো রাস্তা। আর সামনেই ইয়া বড় বাড়ি। এবার কল্পনায় ঝটপট এটার একটা ছবি আঁকো তো নিবি।"
নিবেদিতা ছবি আঁকল। চোখ বুজে বলল,"আর বাড়ির রং?ওটা কেমন?"
"সাদা।"
"আর পাপাইয়ের জামার রং?"
"ওটার কাজ কি?"
"আমি পাপাইয়ের হাত ধরে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ওটা ভাবতে হবে না?"
নিনীত হেসে ফেলল সামান্য। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল,"অবশ্যই অবশ্যই। আমার জামার রং কালো। কারণ কালোই পৃথিবীর সবচেয়ে সুন্দর রং।"
নিবেদিতা মাথা নেড়ে তার কথা শুনে। আসল কারণটা পাপাই লুকিয়ে গেছে তার থেকে। কারণটা নিবেদিতা জানে। কালো হলো সেই একমাত্র রং, যা নিবেদিতা দেখতে পারে। ঐ রংটাই পাপাই বেছে নিয়েছে নিজের জন্য। যেন নিবেদিতা বোঝে, পাপাইয়ের পছন্দের রং দেখতে ঠিক কেমন।
নিবেদিতা ধীরে ধীরে হাত ধরে পা ফেলল সামনে। নিনীত বলল,"বাসায় গিয়ে মায়ের কাছাকাছি থাকবে কেমন? হাত ছাড়া হবে না কিছুতেই।"
নিবি অবাক হয়ে বলল,"মায়ের কাছে কেন? তুমি কোথায় থাকবে?"
____
প্রতীক লিভিং রুমে বসে টেলিভিশন দেখছিল। ক্লাব ম্যাচের প্রতি তার আগে ভীষণ ঝোঁক ছিল। এখন কমেছে কিছুটা। তেমন আয়োজন করে আর দেখা হয় না। তবে মাঝে মাঝে সুযোগ পেলে দেখে।
শফি সাহেব কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছেন। আজ রাতে আবার তিনি শরিয়তপুর যাবেন। তার পরবর্তী মক্কেলের স্থায়ী নিবাস ওখানে। ভদ্রলোক দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সরকার পতনের পর ব্যবসা নিয়ে ব্যস্ত। শফি সাহেব যাচ্ছেন তার হয়ে একটা মামলার নিষ্পত্তি করতে।
পারমিতা এর মধ্যে ফোন করে জানাল, সে বাড়ি আসছে। সাথে নিনীত আর বাচ্চা দু'জনও আসবে। শোনার পরেই শফি দ্রুত বাড়ি ফিরেছে। মুর্শেদা খালা আর রুবি আপা কে দিয়ে রান্নাঘরের কাজ গোছাতে হবে। কয়েক পদ বাড়িতেই হবে। বাকিগুলো তিনি অর্ডার করেছেন ফোন দিয়ে।
প্রতীক সোফায় হেলান দিয়ে খেলা দেখছিল। এর মধ্যেই একটা ছোট বাচ্চার আধো আধো চঞ্চল স্বর কানে এলো তার। শব্দের উৎস অনুসরণ করে সে পেছন ঘুরে তাকাল। দেখল পারমিতা একটা তিন চার বছরের বাচ্চার হাত ধরে বাড়ির ভেতর ঢুকছে। বাচ্চাটা হাত নেড়ে নেড়ে কিসব কথা বলছে তার সাথে। পারমিতা শুনছে সেসব মন দিয়ে। তার পরনে একটা মসলিনের শাড়ি। প্রতীকের দুই চোখে তাক লেগে গেল তাকে দেখে।
সহসা বসা থেকে উঠে দাঁড়াল সে। লিভিং রুম ছেড়ে সোজা গিয়ে দাঁড়াল তাদের সামনে। পারমিতা থতমত খেয়ে তার দিকে তাকাল। সে মানসিকভাবে বহুবার বুঝিয়েছে নিজেকে। প্রতীক সামনে এলেও সে স্বাভাবিক থাকবে একদম। কিন্তু যখনই প্রতীক নিজের অবয়ব নিয়ে তার সামনে এসে দাঁড়ায়, তখনই তার দুই হাত কাঁপতে শুরু করে। এই রোগের নাম কি? পারমিতা জানে না।
কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছিল তার। অস্বস্তি আর পুরাতন জখমের প্রভাবে সে সরে দাঁড়াল কিছুটা। দুই পা পিছিয়ে বলল,"কি চাই? পথ ধরে দাঁড়িয়েছ কেন?"
তার কণ্ঠে এইটুকু দাপটই খুব অবাক করল প্রতীক কে। চোয়াল শক্ত করে, দম আটকে, পারমিতা চেপে ধরে রেখেছিল নিকিতার হাত। অন্য হাতে খাঁমচে ধরেছিল শাড়ির এক পাশ। তপ্তশ্বাস ছেড়ে বলল,"নিজের কাজে যাও।"
প্রতীক গেল না। চোখা চোখে তাকিয়ে একবার আগাগোড়া পরোখ করল তাকে। একপেশে হেসে বলল,"আর যদি না যাই? তবে কি করবে?"
পারমিতা জবাব দিল না। কেবল পা দু'টো পিছিয়ে নিয়ে একবার এদিক সেদিক তাকাল। তারপর আস্তে করে কপালের ঘামটুকু মুছে নিল।
প্রতীক নির্দ্বিধায় পা এগোলো সামনে। এক পা, দুই পা, তিন পা।
ঠিক পরবর্তী পদক্ষেপ টা সামনে ফেলার আগেই কে যেন এসে পথ আটকে দাঁড়াল তার। শক্ত করে তর্জনী আঙুলটা তার বুক বরাবর চেপে ধরে তাকে থামিয়ে দিল কেউ। ইশারায় বোঝাল, তোমার সীমানা অতোটুকুই। এর চেয়ে বেশি এক পা ও এগোবে না।
প্রতীক চোখ নামিয়ে একবার তার বুকের উপর থেমে থাকা খড়খড়ে আঙুলটা দেখে, তারপর দেখে তার সামনে ইমারত হয়ে দাঁড়িয়ে থাকা গম্ভীর মুখের লোকটাকে। লোকটা সামনে দাঁড়াতেই পারমিতা তার চোখের আড়াল হলো। প্রতীক ভ্রু কুঁচকে বলল,"আপনি কে?"
কয়েক সেকেন্ডের নীরবতা। তারপরই রাশভারি কণ্ঠটা জোরাল ভাবে বলল,"আমি পারমিতার হাসবেন্ড।"
প্রতীক চমকাল। এইবার খুব মনোযোগ দিয়ে তাকাল লোকটার দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সবকিছু। ভীষণ শান্ত একটা মুখ। চোখ দু'টো গভীর। চোয়ালে চাপা রাগ। শীতল চাহনি। আর সুপুরুষ আদল। শার্টের ভেতর থেকে পেশীবহুল বাহু দৃষ্টি কাড়ছিল প্রতীকের। আর দৃষ্টি কাড়ছিল সরু নাকটা। প্রতীক কল্পনাতেও ভাবেনি, দুই বাচ্চার বাবা হিসেবে এমন কাউকে চোখের সামনে দেখবে সে।
হতবিহ্বল হয়ে সে সরে দাঁড়ায় সামান্য। পলক ফেলতে গিয়ে থমকায় কিছুটা। এই লোকের সামনে তার নিজেকে কেমন অবহেলিত মনে হচ্ছে।
পারমিতা নরম হাতে নিনীতের বাহুর একপাশ চেপে ধরল। উঁকি দিয়ে গোল গোল চোখে তাকাল প্রতীকের দিকে।
প্রতীকের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে।
গোমড়া মুখে সে হাত বাড়িয়ে দিল সামনে। বলল,'আমার নাম প্রতীক।'
নিনীত চেয়েও দেখল না তার হাতের দিকে। হাত মেলানোর কোনো ইচ্ছেই দেখাল না। উল্টো বাম হাতে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে দিল প্রতীকের হাতটা। বিরক্ত মুখে বলল,"তোমার পরিচয় কে জানতে চেয়েছে? সরো সামনে থেকে। তোমার সাথে আড্ডা দিতে এখানে আসিনি আমি।"
তার বাহুর উপর থাকা রমণীর হাতের বন্ধন শক্ত হলো কিছুটা। পারমিতা গুটি গুটি পায়ে এগিয়ে ঠিক তার পিঠে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলল,"কি করছেন কি? বাচ্চা হয়ে গেছেন আপনি?"
নিনীত কানে তুলল না তার কথা। প্রতীক হকচকিয়ে তাকিয়ে আছে তার দিকে। সে তার হতভম্ব চাহনি উপেক্ষা করেই পারমিতার দিকে তাকাল। কঠিন স্বরে বলল,"আমি বাচ্চা হয়েছি। আর তুমি হয়েছ ভেজা বেড়াল। এমন বেড়ালের মতো গা ঢাকা দিচ্ছ কেন? সোজা সামনে এসে দাঁড়াও। এখুনি।"
পারমিতা মাথা নাড়ল। আগের মতোই গুটি গুটি পায়ে নিনীতের পাশে এসে দাঁড়াল। মুখ তুলে একবার লাজুক চোখে লোকটার দিকে তাকিয়ে আবার টুপ করে মাথা নামিয়ে নিল। হঠাৎ তার এতো লজ্জা লাগছে কেন কে জানে?
নির্দ্বিধায়, অকপটে নিনীত চেপে ধরল তার বাহু। একটানে তাকে কাছে এনে শরীর ঘেঁষে দাঁড় করাল। লজ্জায়, সংকোচে পারমিতা এইটুকু হয়ে গেল।
শফি সাহেব করিডোর থেকে তাদের দেখেই স্বর তুলে বললেন,"আরে আরে। চলে এসেছ তোমরা? আহা, নানাভাই, কেমন আছো তোমরা সবাই?"
প্রতীক পিছিয়ে গেল কয়েক পা। ডাগর ডাগর চোখে সে কেবল দেখছিল তাদের চার জনকে। একজন শক্ত সমর্থ যুবক, মিষ্টি মুখের দু'টো বাচ্চা, আর লালিমা ছড়িয়ে পড়া পারমিতার পান পাতার মতো মুখ। প্রতীকের মনে হলো কিছু একটা খাঁমচে ধরেছে তার হৃদপিণ্ড।
বছরের পর বছর এক পৈশাচিক আনন্দে মত্ত ছিল সে। ভেবে আসছিল,তার দেওয়া জখমে পারমিতা সব হারিয়েছে। নিজের ভেতর সিন্ধু সমান যন্ত্রণা পুষে পারমিতা মুক্তি দিয়েছিল তাকে। এই গোটা জীবনে মিতা আর অন্য কাউকে ভালোবাসবে না, বাসা সম্ভবই না।
কিন্তু তার সাথে পাল্লা দিয়ে যখন পারমিতারও আস্ত সংসার হলো, যখন এগিয়ে যাওয়ার দৌড়ে পারমিতাও ছাড়িয়ে গেল তাকে, যখন সে দেখল, পারমিতার জীবনে তার অবস্থান অতি নিচু কোনো স্থানে, তখন গিয়ে তার মনে হলো, এমনটা হওয়ার ছিল না। পারমিতার চোখে সে ঘৃণা দেখেছে নিজের জন্য। কিছুক্ষণ আগেও অবজ্ঞা আর অবহেলায় তার থেকে মুখ সরিয়েছিল মিতা। অথচ যেই না তার বর হাত রাখল তার কাঁধে, ওমনি সে গলে গেল হাওয়াই মিঠাইয়ের মতো। এতো লাজুকলতা! এতো কোমল চাহনি! নতুন সংসারে গুটি গুটি পায়ে যেমন মেয়েদের পদচারণা হয়, ঠিক অমন। প্রতীক আরেকটু পিছিয়ে গেল।
শফি সাহেব সিঁড়ি ভাঙতে ভাঙতে বললেন,"কি খবর বাচ্চারা? তোমাদের খরগোশরা কেমন আছে?"
নিকিতা ব্যস্ত সুরে বলল,"খরগুশ ভালু আছি। কিনতু বুনবুনির নাকে বেতা পেয়েছি। লাল হয়ি গেচে।"
নিবেদিতা বলল,"ব্যথা পায় নি। ব্যথা দিয়েছে। ও সারাক্ষণ খরগোশ গুলোর নাক কান ধরে টানাটানি করে। ওখান থেকেই ব্যথা পেয়েছে বুলবুলি।"
নিকিতা গাল ফুলিয়ে, কটমট চোখে তাকাল বোনের দিকে। কোমরে হাত রেখে বলল,"হয়িছে। ছব দুষ আমান। তাই না?"
"তো? আর কার?"
"চুপ। বপ।"
পারমিতা কপাল চাপড়ে বলল,"উফ। হয়েছে হয়েছে। বেড়াতে এসে ঝগড়া করতে হবে না।"
শফি সাহেব নিচে নামতেই নিনীত এগিয়ে এসে কদমবুচি করে সালাম করল তাকে। তারপর উঠে দাঁড়াতেই শফি কোলাকুলি করল তার সাথে। হাসতে হাসতে বলল,"মাই সান, কেমন আছ তুমি?"
"আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ময়মনসিংহের কেসটার কি হলো?"
"গুড গুড। সবই আপাতত ভালো আছে। তোমার কি অবস্থা?"
নিনীত ঘাড় বাঁকিয়ে একবার পারমিতার দিকে তাকাল। নিচু স্বরে বলল,"আমারও সব ভালো, স্যার।"
বলতে বলতেই আবার পারমিতার কাছে গিয়ে ওর হাতটা ধরল। পারমিতা মোমের মতো গলতে গলতে কোনো রকমে নিজেকে সামলে নিল। অন্য হাত দিয়ে নিনীতের হাতের পিঠ চেপে ধরে সে মাথা নোয়াল। বিয়ের পর এমন আগ বাড়িয়ে কবে নিনীত বার বার তার কাছে এসেছে, তাকে টেনে এনে নিজের পাশে দাঁড় করিয়েছে, তার মনে পড়ে না।
নিনীত গলা খাকারি দিল। মুখ নামিয়ে পারমিতার কানের কাছে এনে হিসহিস করে বলল,"তোমার সাহস এতো কম! রোজ না আমাকে তিন বেলা করে শোনাও, অনেক গুলো বাচ্চা নিবে, ঘর ভরিয়ে বাচ্চা নিবে, বাড়ির সবার কোলে একটা করে বাচ্চা দিবে। হ্যান কারেগা, ত্যান কারেগা। এখন এমন মিইয়ে যাচ্ছ কেন? এতো লজ্জা পেলে তুম হ্যান ত্যান ক্যায়সে কারেগা ম্যাডাম?"
পারমিতা আড়চোখে তাকাল তার দিকে। নিনীতের হাতের পিঠে একটা চিমটি কেটে চাপা স্বরে বলল,"ত্যান কারেগা, ত্যান কারেগা, যাব হাম দোনো রুম পে রাহেঙ্গা, তাব।"
"আর সবার সামনে কি? তিন ফুট দূরত্ব মেপে চলব?"
"তিন ফুট! এক ইঞ্চির দূরত্বই তো পাচ্ছি না নিবির পাপাই। তিন ফুট তো বিলাশিতা।"
নিনীত আরেকদফা টেনে আনল তাকে। হাত বাড়িয়ে তার কাঁধ চেপে শরীরটা একপাশ থেকে জড়িয়ে ধরে বলল,"আগুন লেগেছে একপাশে। দেখছ না? দাঁড়াও, একটু ঘি ঢালি।"
"কোথায় আগুন লাগল?"
"আপনার সো কল্ড এক্সের বুকে।"
শফি সাহেব ততক্ষণে বসার ঘরে গিয়েছেন। রুবি আপাকে দিয়ে টেবিল সাজাতে হবে। বিকেলের নাস্তা খেতে খেতে গল্প করা যাবে। বাচ্চা দু'টো এই প্রথম তার বাড়িতে এসেছে। শফি জানেন, খাবারের আয়োজন দেখেই ওরা দু'জন চমকে যাবে।
সাজানো গোছানো খাবারের প্লেট গুলো দেখে নিকিতা আসলেই চমকাল। খুশিতে এক চিৎকার করে বলল,"কেক, আইসপিম, ছন্দিশ, তাবাব, পিজজা, বানগাম, ছব।"
শফি হাসলেন। এগিয়ে এসে এক টানে তাকে কোলে তুলে গালে একটা চুমু খেয়ে বললেন,"হ্যাঁ, সব। তোমার জন্য পিৎজা, বার্গার, আইসক্রিম সব এনেছি।"
"চক্কেতও লাগবে কিনতু।"
"অবশ্যই।খাবার শেষে চকলেটও পাবে।"
নিনীত হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে বলল,"মা, কারো বাসায় এসে এভাবে বলতে হয়? আমরা কি খেতে এসেছি, নাকি বেড়াতে এসেছি?"
নিকিতা দ্রুত মুখের উপর এক আঙুল চেপে ধরল। নিজেকে শুধরে নিতে নিতে ঘাড় নেড়ে বলল,"না না। খেতি আসিনি। সয়ি পাপাই। মাফ কয়ে দাও।"
নিনীত মৃদু হাসে। বিড়বিড় করে বলে,"নাটকবাজ একটা!"
শফি বললেন,"উহু। তুমি এমন বকা দিচ্ছ কেন ওকে? এটা তো ওর নানাভাইয়ের বাড়ি,তাই না নানাভাই? তুমি যা খুশি করো, যা খুশি খাও। এগুলা সব তোমার।"
শফি সাহেব থামলেন। এক পাশে নিবেদিতাকে পাপাইয়ের কনিষ্ঠ আঙুল চেপে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন,"আরে নিবেদিতা, তুমি কেমন আছ?"
"আলহামদুলিল্লাহ ভালো।"
"তোমার খরগোশ গুলো কেমন আছে?"
"ভালো। ঘুমাচ্ছে এখন।"
"ঘুমাচ্ছে?"
"জি।"
পারমিতা কপালে হাত চেপে বলল,"বাবা, তুমি যদি এদের যত্ন দেখতে খরগোশ নিয়ে। পুরাতন কম্ফোর্টারের এক মাথা কেটে চাদর বানিয়েছে খরগোশের জন্য। ওটা দিয়ে নাকি ঘুম পাড়াবে।"
শফি সাহেব হো হো করে হাসছেন। চোখের চশমা টা খুলে চোখ মুছতে মুছতে বললেন,"দ্যাটস হোয়াই চাইল্ডস আর ইনোসেন্ট। সো সুইট। আমি ভীষণ খুশি হয়েছি খরগোশের প্রতি তোমাদের যত্ন দেখে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এর পরের বার তোমাদেরকে দুইটা বিড়াল দিব উপহার হিসেবে।"
"কি?" দুই বোন প্রায় এক সাথে চেঁচিয়ে উঠে বলল,"বিড়াল? সত্যি?"
"হ্যাঁ।"
নিনীত এক হাত দিয়ে হালকা করে টেনে ধরল পারমিতার কনুই। সে পেছন ঘুরে তাকাতেই গলা খাকারি দিয়ে বলল,"নিবেদিতাকে ধরে রাখুন। আমি একটু আসছি।"
"কোথায় যাচ্ছেন?"
পারমিতা কপাল কুঁচকাল।
নিনীত দীর্ঘশ্বাস ছেড়ে নিবেদিতার হাতটা পারমিতার হাতে ধরিয়ে দিয়ে বলল,"ওয়াশরুমে যাচ্ছি।আপনি ওকে ধরে রাখুন শক্ত করে।"
___
প্রতীক ধীর পায়ে দোতালার করিডর ধরে হাঁটছিল। নিচে বসে থাকতে তার ভালো লাগছে না। চোখের সামনে পারমিতার সুখের সংসার, স্বামীর সাথে তার লাজুক কোমল সম্পর্ক, বাচ্চা দু'টোর মা নিয়ে আদিখ্যেতা, কিছুই ভালো লাগছিল না তার।
ভেতরে ভেতরে তার প্রবল বিশ্বাস ছিল, মিতার পক্ষে ওসব মুভ অন সম্ভব না। মিতা যতোদিন বেঁচে থাকবে, কেবল তাকেই ভালোবাসবে। অথচ ভুল ধারণাটা আজকে গিয়ে ভাঙল। মনে হলো, মিতা তার চেয়েও বেশি সুখে আছে। জীবনের আর কোনো বাঁকে মিতার তার কথা মনে হবে না।
দীর্ঘশ্বাস ছাড়ল প্রতীক। হঠাৎ সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনে থমকে দাঁড়াল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখল নিনীত ধুপ ধাপ পায়ে সিঁড়ি ভেঙে দোতালায় উঠে এসেছে।
প্রতীক অবাক হয়ে তাকাল তার দিকে। নিনীতের মুখটা শক্ত, আবার হিংস্রও। প্রতীকের সাথে চোখাচোখি হতেই চোখ দু'টো দ্বপ করে জ্বলে উঠল। মনে হলো, প্রতীকের সাথে তার কোনো পুরাতন শত্রুতা।
প্রতীক সেই আগুনের শিখার মতো জ্বলে উঠা চোখ দু'টো দেখে চমকে উঠে বলল,"আর ইউ ওকে?"
নিনীত পকেটে হাত গুজল। চোখের পলকে কালো রঙের চকচকে ম্যাটালের পিস্তলটা উঠে এলো তার হাতে।
প্রতীক হকচকিয়ে গেল। তুতলিয়ে উঠে বলল,"এটা কি?"
নিনীত একবার তাকাল হাতে থাকা কালো রঙের বস্তুটার দিকে। তারপরই এক প্রকার ছুটে এসে গাল বরাবর একটা চড় মারল প্রতীকের।
এক থাপ্পড়েই প্রতীক দুই পা পিছিয়ে গেল। সাথে সাথে গালের উপর হাত চেপে বলল,"হোয়াট আর ইউ ডুয়িং?"
নিনীত শক্ত হাতে কলার চেপে ধরল তার। অন্য হাত দিয়ে কালো রঙের ধাতব পিস্তলটা সজোরে ঠেলে ধরল প্রতীকের গালের সাথে। ঠাটিয়ে দু'ঘা মেরে দাঁত কিড়মিড় করে বলল,"জানোয়ারের বাচ্চা। তুই জানিস না আমি কি করছি?"
প্রতীক হাত ছুড়ল। দুই হাতে কলার চেপে ধরে নিনীতের হাত থেকে ছাড়িয়ে নিতে চাইল নিজেকে। আরেকদফা চেঁচিয়ে উঠে বলল,"আর ইউ ক্রেজি? পাগল হয়েছেন আপনি?"
নিনীত থামল না। পিস্তলটা দিয়েই ক্রমাগত তার মুখে প্রহার করতে করতে বলল,"ওরে ইংরেজের বাচ্চা! তোর ইংরেজি আজ ছোটাব আমি। স্কাউনড্রেল কোথাকার! ইতর, অসভ্য, বেজন্মা শালা।"
"জাস্ট লিভ মি।"
প্রতীক দুই হাতে সর্বোচ্চ প্রতিরোধ দেখাল। কিন্তু পেরে উঠল না শক্তপোক্ত হাত দু'টোর সাথে। নিনীত এবার হাত বাড়িয়ে গলা চেপে ধরল তার। শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে শ্বাস আটকে বলল,"আবার ইংরেজি। তুই কিন্তু আমার মেজাজ গরম করে দিচ্ছিস।"
প্রতীক ছটফটিয়ে উঠল তার হাত থেকে ছাড়া পেতে। নাক দিয়ে টপটপ করে রক্ত ঝরছিল। নিঃশ্বাস আটকে গলা দিয়ে ঘোৎ ঘোৎ শব্দ বেরুচ্ছিল। নিনীত পিস্তলের সরু প্রান্তটা তার গলার রগ বরাবর চেপে ধরে আক্রোশে গির গির করে বলল,"কুত্তার বাচ্চা, তোর সৌভাগ্য যে মেয়েটা আমার পারমিতা ছিল। তাই তোকে কিচ্ছু না করে ছেড়ে দিয়েছে। আর তোর দুর্ভাগ্য যে, পারমিতার বর আমি হয়েছি। আমি তো তোকে ছাড়ব না অজাত। মিতার মাথায় ছয় সেলাই লেগেছিল। আমি তোর মাথার এমন অবস্থা করব যে ডাক্তার সেলাই করার জায়গাও খুঁজে পাবে না।"
প্রতীক দুই হাতে কোনোরকমে নিজের মাথার একাংশ চেপে ধরল। সেখান থেকে ইতোমধ্যেই টুপটুপ করে আঠালো তরল চুয়ে পড়ছে। রক্ত থেকে নোনতা স্বাদ মুখে লাগছে। প্রতীক মৃতপ্রায় রোগীদের মতো গুঙিয়ে উঠল।
নিনীত এক ধাক্কায় মেঝেতে ফেলল তাকে। ঠিক তার দুই পায়ের মাঝে শক্ত করে তিনটা লাথি বসাতেই প্রতীক ঘর কাঁপিয়ে প্রচন্ড এক চিৎকার করে উঠল।
নিনীত থামল না। আগের মতোই খটখটে চোখে তার দিকে তাকিয়ে এগিয়ে এলো সামনে। শেষ একবার ডান পায়ে শক্ত একটা লাথি বসিয়ে ঝুকে এলো সামান্য। প্রতীকের কলার টেনে ধরে শরীরটা মেঝে থেকে সামান্য উঁচু করে তুলে বলল,"তুই কে পারমিতার পেটে লাথি দেওয়ার। হু ইন দিস আর্থ গেভ ইউ দ্যাট রাইট টু হিট হার? টেল মি। তুই কোন কুত্তার বাচ্চা যে তুই ওকে মারবি? ফকিন্নি কোথাকার! তোর যদি আর জীবনে বাচ্চা হয়, তো আমাকে ডাকিস। পা দু'টো কেটে ফেলে দিব নিজের। বাস্টার্ড কোথাকার!"
"নিনীত!"
নিনীত থামল। পেছনে তাকাতেই দেখল, পারমিতা হতভম্ব চোখে বোকার মতো তাকিয়ে আছে তার দিকে। তার পেছন থেকে শফি সাহেব, আর একটা অপরিচিত মেয়ে ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে নিনীতের দিকে, তার হাতে লেগে থাকা তাজা রক্তের দিকে।
সবার আগে ছুটে আসল মেয়েটাই। এসেই হাঁটু গেড়ে বসে জাপ্টে জড়িয়ে ধরল প্রতীকের রক্তে ভিজে যাওয়া মাথাটা। গল গল করে রক্ত ছুটছিল কয়েক জায়গা থেকে। প্রতীক নিজের অতি স্পর্শকাতর স্থানে হাত রেখে আর্তনাদের সুরে কাঁদছিল। মেয়েটা কেঁদে উঠে বলল,"কেন মারলেন? উনাকে কেন মারলেন?"
নিনীত সোজা হয়ে দাঁড়াল। শক্ত গলায় বলল,"সেটা তোমার বর কেই জিজ্ঞেস করে নিও সময় করে।"
হাতের পিস্তলটা আরেকবার প্রতীকের বুক বরাবর ঠেকাল নিনীত। তাচ্ছিল্য হেসে বলল,"গুলিটা করলাম না শু*** বাচ্চা। ছেড়ে দিলাম। মেরে ফেললে মজা নেই। কয়টা দিন তড়পাবি। এরপর কপালে যা আছে, তবে। ঠিক আছে?"
নিনীত থামল। পিস্তলের অগ্র প্রান্তটা ঠিক প্রতীকের বুকের সাথে ঠেসে ধরে রাগে চিড়বিড় করতে করতে বলল,"তুই যদি আর একবারও মিতাকে কিছু বলেছিস, তোর কারণে যদি আমার বউ আর একবারও চোখের জল ফেলেছে, তবে কথা দিলাম, আমি ঠিক ছয়টা বুলেট তোর মুখে ভরব। এন্ড আই মিন ইট।"
চলবে-
[ধীরে ধীরে এগোচ্ছি। বিরক্ত হবেন না কেমন? তাড়াহুড়ো করলে মন মতো হয় না কিছু।]