#আম_পাতা_জোড়া_জোড়া-২৯
লেখনীতে #মেহরিমা_আফরিন
তিন দিন পরে।
আয়তির একটা সার্জারি সম্পন্ন হয়েছে। আপাতত সে বিপদমুক্ত। তবে কথা বলার মতো অবস্থায় নেই। ফেসিয়াল সার্জারির পর তাকে এক পলক দেখার সুযোগ পেয়েছিলেন সুষ্মিতা।।ঐ কয়েক মুহূর্তেই সুষ্মিতার মনে হলো, কেউ তার বুকের ভেতর থেকে কিছু একটা টেনে হিঁচড়ে ছিঁড়ে নিয়েছে। ছলছল চোখে কিছুক্ষণ মেয়েকে দেখে তিনি বেরিয়ে এলেন আইসিইউ থেকে থেকে। বেরিয়েই বাচ্চাদের মতো কেঁদে ফেললেন।
আয়তি শান্ত স্বভাবের মেয়ে। মনের দিক থেকে শক্ত। সুষ্মিতা তাকে অন্তর্মুখী আর মেজাজী স্বভাবের মেয়ে হিসেবেই জেনে এসেছেন এতোকাল। তবুও আজ যখন হাসপাতালের সাদা বিছানায় নিথর হয়ে তাকে শুয়ে থাকতে দেখলেন, তখন সুষ্মিতার মনে হলো, আয়তি আসলে বড় হয়নি। সে আগের মতোই কোমল আছে, বোকা আছে। আয়তি শুধু কঠিন মুখের আড়ালে কোমলতা ঢেকেছিল।
খালিদ সাহেব সহজেই কোনো কিছু নিয়ে বিচলিত হন না। এইবারে তাকে খুব বিধ্বস্ত মনে হলো। অফিসের সব কাজ মূলত তিনিই দেখেন। নাসির সাহেব মানুষ হিসেবে অমায়িক, নরম। কোম্পানি চালানোর জন্য নমনীয়তার পাশাপাশি কঠোরতা লাগে। নিনীত যখন কোম্পানির দায়িত্বে ছিল, তখন খালিদের এতো চিন্তা ছিল না। সে সবকিছু থেকে সরে যাওয়ায় খালিদ সাহেব পড়লেন বিপাকে। তারপর থেকে এই কোম্পানি চলছে তার সিদ্ধান্তে। আয়তির এই এক্সিডেন্টের পর অফিসের কাজগুলোও লাটে উঠল। খালিদ সাহেব তিন রাত ধরে ওখানেই থাকলেন, আইসিইউর সামনের সরু করিডোরে।
অফিসের দায়িত্ব তখন নাসির সাহেব আর মুবিনের কাঁধে। খালিদ সাহেব শক্ত স্টিলের চেয়ারে বসে মাথা হেট করে অপেক্ষা করছিলেন আয়তির সুস্থতার। তাকে রাগলে ভালো লাগে, চোখ পাকালে ভালো লাগে, কঠিন কঠিন শব্দ বলে দাপট নিয়ে ঘুরে বেড়াতে দেখতে ভালো লাগে। শুধু ভালো লাগে না নানারকম যন্ত্রপাতি শরীরে আটকে নিঃশ্চুপ হয়ে শুয়ে থাকতে দেখতে। খালিদ অন্তত সেই দৃশ্য সহ্য করতে পারত না।
বাড়ির লোকজন পালা করে হাসপাতালে আসত। বেলী আর জেবা মিলে খুব জোরাজুরি করল সুষ্মিতাকে। একদিন যেন সে বাড়িতে গিয়ে বিশ্রাম নেয়। সুষ্মিতা গেলেন না। বাড়িতে তার ঘুম আসে না। তারা দু'জন নিয়মিত হাসপাতালে থাকতেন। তাদের সাথে হাসপাতালে থাকত আরো একজন। তার নাম সীমান্ত। যে কিনা আয়তি হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রতি রাত হাসপাতালের সামনের রাস্তায় হাঁটাহাঁটি করে কাটিয়েছে।
খালিদ আর সুষ্মিতা হাসপাতালে থাকতেন ভালোবাসার টানে, মায়ায় পড়ে। আর সীমান্ত? ঐ ভবঘুরে ছেলেটা হাসপাতালে থাকতো শুধুমাত্র অনুশোচনা থেকে। অপরাধবোধে শরীর পুড়ত তার। এতো যন্ত্রণা পেতে হবে জানলে আয়তির জায়গায় নিজেই ঝাঁপ দিত তিনতালার ছাদ থেকে।
একটা অপরাধবোধ, নিজের উপর ধিক্কার, আর আয়তির সাথে করা ভয়ংকর অন্যায় গুলো তখন চোখের সামনে সিনেমার রিলের মতো ভাসত সীমান্তর।
আয়তি ঠান্ডা প্রকৃতির মেয়ে ছিল। সীমান্ত মজার ছলে বহুবার আঘাত করেছে তাকে। সেই আঘাত গুলো সে উপলব্ধি করেছে তখন, যখন আয়তি জীবনের খুব কঠিন একটা দশা পার করছিল।
আয়তির প্রথম অপারেশন হলো মুখে। ফেসিয়াল সার্জারি। কপাল থেকে শুরু করে গাল অব্দি টানা সেলাই। সীমান্ত কাঁচের দরজার ফাঁকফোঁকড় দিয়ে এক ঝলক দেখেছিল তাকে। দেখার পর আর দ্বিতীয়বার দেখার সাহস হয়নি। এতো নির্মম! সীমান্তর হাত পা সব জমে যাচ্ছিল।
ডাক্তার বলেছিল, সার্জারির দুই তিন মাস বাদে সেলাইয়ের দাগ হালকা হয়ে যাবে। আরো মাস খানেক গেলে একেবারে হারিয়ে যাবে। কিন্তু সীমান্তর দাগ নিয়ে চিন্তা ছিল না। চিন্তা ছিল আঘাত নিয়ে। এই এগারোটা সেলাইয়ের ঠিক কতোটা আঘাত সইতে হয়েছিল তার? ঠিক কোন অপরাধে আয়তি এমন শাস্তি পেল? এমন কোনো অপরাধ তো সে করেনি। সীমাস্ত মেনে নিতে পারত না ঘটনাগুলো।
চোখ বন্ধ করলেই আয়তির রক্তে ভেজা মুখটা মাথায় আসত। আয়তি শ্বাস টেনে টেনে বলছে,"বাবা বাদে আর কাউকে ধরতে দিবে না। কাউকে না।"
তারপরই মাথা রাখল সীমান্তর বুকে। ঐটুকু ভরসার কি আদৌ যোগ্য ছিল সীমান্ত?
সীমান্ত জানত, আয়তি ছেলেদের ঘৃণা করত। বাড়িতে কোনো মেল টিউটর এলে আয়তি ছুঁক ছুঁক করত, কখনো আবার সোজাসুজি বাদ দিয়ে দিত। পুরুষ মানুষ দেখলেই মেজাজ চিড়বিড় করত তার। এদের সে সহ্য করতে পারত না। পৃথিবীর সব পুরুষকে সে দেখত সন্দেহের চোখে। সেই সন্দেহের খাতা থেকে বাদ পড়ত না বাড়ির মালি, দোকানদার, দারোয়ান, কেয়ারটেকার, টিচার, এমনকি নিজের ভাইও।
সীমান্ত অন্তত এটাই ভাবত, আয়তি পুরুষ মানুষ একদমই পছন্দ করে না।
অথচ ঐ ঘটনার পর সীমান্তর মনে হলো, আয়তি আসলে পুরুষ মানুষ ভয় পায়। যেই ভয়ার্ত চোখে সে নিজেকে বাঁচানোর আকুতি জানিয়েছিল সীমান্তর কাছে, যেই অপরাগতা নিয়ে সে বাধ্য হয়েছিল তিনতালার ছাদ থেকে ঝাপিয়ে পড়তে, সে অসহায়ত্বের সাথে সে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত বেছে নিয়েছিল, সীমান্তর ধারণা, তার কাছে নিজের সম্মানের চেয়ে মূল্যবান আর কিছুই ছিল না।
সেই গভীর চিন্তা থেকেই আরো অনেক চিন্তা মাথায় এলো তার। সেই চিন্তা গুলো দিন দিন অসুস্থ করে ফেলল তাকে। যতোবার আয়তি স্বাভাবিক হতে চেয়েছে তার সাথে, ততবার সে উল্টাপাল্টা বকে মেজাজ খারাপ করেছে তার। কি দরকার ছিল? কোনো প্রয়োজন ছিল? ছিল না তো।
শেষবার আয়তি তাকে বলেছিল,"তুমি পড়ো সীমান্ত। পৃথিবী যাযাবরদের পছন্দ করে না। সময় সবসময় একরকম থাকে না। যখন তুমি বুঝবে, অন্যের দয়ায় জীবনযাপন করা কতোটা কষ্টের, তখন তুমি নিজেই নিজের ভবিষ্যৎ খুঁজবে।"
সীমান্ত সেই সময় খেঁকিয়ে উঠে বলেছিল,"তুমি আমারে যাযাবর বললা? তোমাদের ঘরে আশ্রয় নিসি বললা?"
"এটাই কি সত্যি না?"
"কিন্তু এই বাড়ির মানুষ তো আমারে এমনটা ভাবতে দেয় না।"
"না দিক। পৃথিবী তো ভাবে। শোনো সীমান্ত, তুমি টো টো করে ঘুরো, আমার তাতে সমস্যা নেই। কিন্তু তুমি কি জানো,তোমার কাজকর্মের উপর অরুণার ভবিষ্যৎ নির্ভর করছে? জানো তো, অরুণাকে আমি কতো ভালোবাসি?"
অরুণা কে আয়তি ভালোবাসত। সেই ভালোবাসাটা আবার অন্যরকম। পুরোপুরি নিখাঁদ। অন্য কাউকে আয়তি এমন প্রাণ উজাড় করে আদর দিত না, মায়া দেখাত না, অধিকারও ফলাত না। অরুণার ব্যাপারে সবকিছু ছিল ফকফকা।
অরুণা নিজেও বোধহয় কোনো এক সময় খুব খুব ভালোবাসত তাকে। তার রেজাল্ট, তার পড়াশোনা, তার ভবিষ্যৎ সবকিছু নিয়ে আয়তির চিন্তা ছিল। আয়তি ভারি গলায় বলত তাকে,"কোনো কিছুর জন্য নিজেকে ছোট ভাববে না অরুণা। মেয়েদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আর আত্মসম্মান। আর তার জবান। ঐ দু'টো যার ঠিক থাকে, তার আর কোনো কিছু নিয়ে মন ছোট করতে নেই। মেরুদণ্ড শক্ত রাখবে অরু। পৃথিবী উল্টে যাক। পিঠ বাঁকাবে না কোনোদিন। পড়াশোনা করে একদিন সবাইকে তার জবাব দিয়ে দিবে।"
প্রথম যখন আয়তি কে দেখতে এসেছিল অরু, তখন তার দুই চোখ ঝাপসা। সীমান্ত ঘাড় বাঁকিয়ে তাকাতেই দেখল, অরুণা টপটপ করে চোখের জল ফেলছে। সীমান্ত এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল।
"এ্যাই অরু। কান্না কেন করছিস?"
অরুণা চোখ মুছে বলল,"জানি না। আমার শুধু কান্না পাচ্ছে। আয়তি আপুর মুখ দেখেছ? কি ভয়ংকর দেখাচ্ছে!"
সীমান্ত উত্তর দিল না। শান্ত হয়ে সামনে তাকাল। অরুণা নাক টেনে টেনে বলল,"যেই গাড়ি এই কাজ করেছে, ঐ গাড়ির ড্রাইভার যেন এর চেয়েও কঠিন শাস্তি পায়।"
সীমান্ত শিউরে উঠল রীতিমতো। এক ঢোক গিলে চাপা স্বরে বলল,"তাই হবে অরু। তাই হবে। আমিও দোয়া করে দিলাম। যে এই কাজ করেছে, সে যেন কঠিন শাস্তি পায়।"
রাত গুলো যেমন নির্ঘুম কাটছিল, বিকেল গুলোও তেমন মলিন হতে লাগল।
বিকেলের খেলায় আর দেখা যেত না তাকে।
একদিন যদিও এসেছিল। ভেবেছিল সাময়িক অপরাধবোধ থেকে মুক্তি পাবে। কিন্তু ব্যাট হাতে ক্রিজে দাঁড়ানোর পরেই তার সমস্ত শরীর ভেঙে এলো। সীমান্ত বুকে হাত চেপে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ল।
সাজ্জাদ দৌড়ে এলো তার কাছে। অস্থির গলায় বলল,"কি হয়েছে ভাই? কি হয়েছে আপনার?"
সীমান্ত চুপচাপ উঠে দাঁড়াল। মাঠ ছেড়ে যেতে যেতে দারাজ গলায় বলল,"কিছু হয় নাই আমার। তোরা খেল।"
সেই রাতে সীমান্ত হাসপাতালের সামনে খোলা জায়গায় হাঁটতে হাঁটতে দু'টো বড় সিদ্ধান্ত হলো।
১. সে নিজেও কাল গিয়ে কাইয়ুমের ছাদ থেকে ঝাঁপ দিবে নিচে।
২. ঝাঁপ দেওয়ার আগে সে একটা কাগজে নিজের সব কৃতকর্মের কথা লিখে যাবে।
দ্বিতীয় কাজটা অবশ্য হয়েছিল। কিন্তু প্রথমটা হয়নি। ছাদের শেষ মাথায় দাঁড়িয়ে নিচে তাকানোর পর তার মাথা চক্কর দিয়ে উঠল। এরপর আর ঐ সাহস হয়নি তার। এরপর থেকে সীমান্ত শুধু অবাক হয়ে ভাবত, আয়তি কিভাবে এতো সাহসী হলো? নিজের চোখে দেখে কেউ কিভাবে তিনতালার ছাদ থেকে ঝাঁপ মারতে পারে? সীমান্তর ক্ষুদ্র মস্তিষ্ক সেই হিসাব মেলাতে পারত না।
_____
এর প্রায় চার দিন পরে, আয়তি যখন দুই দুইটা সার্জারির প্রভাব কাটিয়ে একটু একটু সুস্থ হতে শুরু করেছে, তখন খালিদ সাহেব প্রথমবার অফিসে পা রাখলেন।
এবারও তিনি একা এলেন না। সাথে আনলেন তার গুড ফর নাথিং পুত্র আহিলকে। আহিলের জীবন এমনিতেও হযবরল। চাকরি বাকরির প্রতি তার কোনো আগ্রহ নেই। ব্যবসার কথা তো সে মাথায়ই আনে না। এখনো ঠিক মতো গ্র্যাজুয়েশনও শেষ হয়নি তার।
এই সময়টা বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করার সময়। মাঝ রাতে হৈচৈ করে লংড্রাইভে বের হওয়ার সময়। তারুণ্য আর উদ্দীপনার সবটা কাজে লাগানোর সময়ে এসে অফিসের শান্ত শীতল কক্ষ, আর একের পর এক কাজের বোঝা আহিলের ভালো লাগত না। তবুও খালিদ সাহেব নিয়মিত সাথে আনতেন তাকে।
আহিল সেদিনও কপাল কুঁচকে অফিসে ঢুকল। বাবা তার সকালের কাঁচা ঘুম ভেঙে তাকে এখানে টেনে এনেছে। সকালের নাস্তাও সে খেয়েছে ঝিমুতে ঝিমুতে। এখনও তার চোখ টানছে ঘুমে।
আহিল ঘুলতে ঘুলতে ভেতরে ঢুকল। এমনিতেও সে ভেতরে ঢুকলে এমপ্লয়িরা একবার আড়চোখে তাকায় তার দিকে। মেয়েরা মিট মিট করে হাসে। পিতার অকালকুষ্মাণ্ড ছেলে হিসেবে অফিসে তার পরিচিতি আছে। ঘরের পোশাক পরেই দুই চোখ কচলাতে কচলাতর অফিসের বড় বড় কামরা গুলো পার হয় সে। এই ফাঁকে দৃষ্টি মেলায় না কারো সাথে। কখনো আবার রাগে চোয়াল শক্ত হয়। বাবা...লোকটা অতিরিক্ত করে তার সাথে।
এই কয়দিন আয়তির অসুস্থতা নিয়ে বাবা খুব দিশেহারা হয়ে ছিল। যেই আয়তি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল, ওমনি তার অফিসের কাজের প্রতি মনোযোগ এলো। আহিল বিশ্ববিদ্যালয় জীবনের হাসি ঠাট্টা, আর সামিরা নামের তার নতুন প্রেয়সীর সাথে ঘুরাঘুরি বাদ দিয়ে থমথমে ঐ অফিস কক্ষে পা রাখতে চাইত না। অগত্যা বাধ্য হয়ে রাখতে হলো। সেদিনও মুখ লটকে সে খালিদ সাহেবের ঘরে গেল।
জ্যোতি তখন নিজের ডেস্কে। একমনে মনোযোগ দিয়ে স্ক্রিন দেখছিল। ঠিক তখনই কারো পায়ের শব্দ শুনে চোখ তুলে তাকাল।
মেঝ সাহেব আজ অনেকদিন পর অফিসে এসেছেন। সাথে তার ছেলে। কোঁচকানো কপাল, মহাবিরক্ত মুখ। থুতনি নামিয়ে বড় বড় শ্বাস ছেড়ে সে ভেতরে চলে গেল।
চাকরিতে জ্যোতির চৌদ্দ তম দিন আজ। তার দিনকাল ভালোই যাচ্ছে। এখন পর্যন্ত টিমওয়ার্ক পাওয়া হয়নি। যা করেছে, নিজ থেকে করেছে। যতোখানি কাজ দেওয়া হয়েছে, সব ঠিক মতো শেষ করেছে।
এই চাকরি পাওয়ার পর জ্যোতির জীবনের ছোট দুইটা শখ পূরণ হয়েছে।
সে কয়েকটা ফুলের চারা কিনে বাগান সাজিয়েছে। আর জাবিরকে একটা ক্রিকেট খেলার কিট বক্স উপহার দিয়েছে। তার যতো জমানো টাকা ছিল,সব ওসবেই শেষ। সাথে আবার আব্বার জন্য দুইটা নতুন শার্ট কিনেছে। আব্বা সারাদিন শুয়ে বসে থাকে। তাতে কি? নতুন জামা কাপড়ের শখ তো সবার আছে।
এই অফিসের বেতন এখনো পায়নি জ্যোতি। তবে মনে মনে ঠিক করেছে, প্রথম মাসের বেতন পেলে সে সুন্দর একটা লম্বা আয়না কিনবে। আর কিনবে দুইটা তাঁতের শাড়ি। এই দু'টো শখ তার নতুন হয়েছে। বিপাশার বাড়ির ড্রেসিং টেবিল আর শাড়ি দিয়ে সাজানো আলমারি দেখে তারও খুব শখ হয়েছে এসবের।
সেদিন সে একটা ফাইলের কাজ শেষ করে সেটা ফাইনালাইজ করতে খালিদ সাহেবের রুমে গেল। দরজায় টোকা দেওয়ার কিছুক্ষণ পর ভেতর থেকে একটা নরম কণ্ঠ কানে এলো।
"আসুন ভেতরে।"
জ্যোতি চমকে গেল। মেঝ স্যারের গলা এমন না। খুব ভারি স্বরে কথা বলেন তিনি। আস্তে দরজা ধাক্কা দিতেই দেখল ঘরের ভেতরে তিনি নেই। লম্বা ডেস্কের সামনে তার ছেলে বসে আছে লটকান মুখে।
জ্যোতি ধীর পায়ে ভেতরে ঢুকল। মাথা নামিয়ে সালাম দিল। ছেলেটা ফাঁকা গলায় জবাব দিল,"ওয়ালাইকুমুস সালাম। বাবা নেই এখানে। একটু বাইরে গেছে।"
"ওহহ আচ্ছা। আমি তাহলে পরে আসব?"
আহিল চোখ তুলে এক পলক তাকাল। তারপর দুইহাতে নিজের মাথার চুল টানতে টানতে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল,"ফাইল দেখাবেন? রেখে যান। বাবা আসলে বলে দিব।"
জ্যোতি মাথা নামিয়ে সামনে এগোয়। কালো রঙের ফাইলটা ডেস্কের উপর রেখে আড়চোখে একবার তাকায় আহিলের বিবর্ণ মুখটার দিকে। আহিল পাণ্ডুর মুখে স্ক্রিনের ফাইলগুলো একে একে খুলে দেখছিল। তারপর গভীর শ্বাস ছেড়ে কপাল ঠেকাল ডেস্কে। সে হাল ছেড়ে দিয়েছে। তার পক্ষে এসব সম্ভব না।
"ভয় পাবেন না। সব কাজই প্রথমে কঠিন মনে হয়। তারপর অভ্যাস হয়ে যায়।"
পাশ থেকে মিহি কণ্ঠে কেউ একজন বলে উঠল। আহিল অবাক হয়ে মুখ তুলে দেখল, মেয়েটা মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। সে তাকাতেই হাসিটা গাঢ় করে বলল,"প্রথমে ফাইন্যান্স সেকশন থেকে ফাইল গুলো সংগ্রহ করুন। তারপর আপনাদের মূল ফাইলের সাথে হিসাব মিলান। আর সব শেষে আপনারা যেখানে যেখানে ইনভেস্ট করেছিলেন, ওখানের সাথে টাকার হিসেব মিলিয়ে দেখুন। কাজ হয়ে যাবে।"
আহিল বোকা চোখে তাকিয়ে থাকল মেয়েটার দিকে। মেয়েটা হাসি থামিয়ে গাঢ় স্বরে বলল,"বেস্ট অফ লাক।"
আহিল বলল,"আপনার নাম কি?"
"আমার নাম জ্যোতি।"
"ওয়াও। থ্যাংক ইউ সো মাচ জ্যোতি।"
জ্যোতি হাসল। আহিল সোজা হয়ে বসে বলল,"বাবা জাস্ট জীবনটা ধ্বংস করে দিয়েছে আমার। মিস জ্যোতি, আপনি ইচ্ছে করে এমন এমন কাজ করবেন যেন তার ব্যবসার বারোটা বেজে যায়।"
জ্যোতি আরেকদফা হাসল। চপল পায়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল,"তখন কিন্তু আবার আপনাকে দিয়েই সব ঠিক করাবে। ব্যবসার সাথে আপনারও তখন বারোটা বাজবে স্যার।"
জ্যোতি বেরিয়ে গেল দ্রুত পায়ে। আহিল হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ তার যাওয়ার পথে তাকিয়ে ভারি নিঃশ্বাস ছাড়ল। বাবা যে তাকে কি পরিমাণ যন্ত্রণা দেয়, এই কথা অফিসের স্টাফরাও জানে।
আরেকদফা ডেস্কে মাথা ঠেকাল আহিল। পর পর নিঃশ্বাস ছেড়ে মন শক্ত করল। মোবাইলে টুং টুং নোটিফিকেশনের শব্দ হচ্ছে। খালিদ সাহেব দরজা ঠেলে ঢুকতে ঢুকতে কঠিন গলায় ডাকলেন,"আহিল! কাজ হয়েছে?"
আহিল ধড়ফড় করে উঠে বসল। তাড়াহুড়ো করে মাউস চেপে ধরে ফোল্ডার স্ক্রল করতে করতে বলল,"এই তো। এই তো। হচ্ছে বাবা। আর একটু।"
____
জীবনটা ইয়াজিদের ভালো যাচ্ছে না একদমই। সকাল গুলো তো বিরক্তিকর বটেই। বিকেল গুলোও আজকাল বিষাদগ্রস্ত হয়ে পড়েছে।
মিস মণিষা সেন্টারে আসেন না আজ দশদিন হতে চলল। শেষ বার বলেছিলেন, সাত দিন পর আসবেন। সাত দিন অতিবাহিত হওয়ার পরেও কেন আরো তিন দিন অতিরিক্ত ছুটি নিয়েছেন সেই প্রশ্নের উত্তর অতি শীগ্রই জেনে নিতে হবে তার কাছে।
মন মরা হয়ে ইয়াজিদ বসে ছিল সংশপ্তকের অফিস রুমে। ভেতরে গানের ক্লাস চলছে। দেবব্রত চৌধুরী গান শেখাচ্ছেন বাচ্চাদের। হারমোনিয়ামের সুরেলা ধ্বনি কানে বাজছে ইয়াজিদের।
ইয়াজিদের ওদিকে মনোযোগ নেই। ফাঁকা মুখে চেয়ারে বসে সে একটা কলম তুলে নিল হাতে। সেটা দিয়ে টেবিলে ক্রমাগত টুক টুক শব্দ করতে করতে ভাবছিল কিছু একটা। আয়তির ব্যাপারটা নিয়ে কিছুদিন ধরেই তার মন খারাপ। আজ আয়তি সুস্থ কিছুটা। সকালে তার সাথে কথা হয়েছে। ভেবেছিল, বিকালটাও ভালো যাবে।
কিন্তু বিকেলে এসে ওয়েটিং রুমে খালি বেঞ্চ দু'টো দেখে মন ভার হলো তার। ঐ বেঞ্চে হালকা পাতলা মুখের, গম্ভীর চাহনির ভদ্রমহিলাকে দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছিল তার। দীর্ঘদিন ধরে তার অনুপস্থিতি মনে পীড়া দিল ইয়াজিদের।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি,
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির পানে চোখ মেলেছি,বাহির পানে,
আমার হৃদয় পানে চাই নি।
খালি কণ্ঠে গাইছিলেন দেবব্রত। ইয়াজিদ মন দিয়ে শুনল সেই শব্দ, সেই টানা সুর। গুনগুনিয়ে ছোট করে গাইল,বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি, হৃদয় পানে চাইনি।
___
দ্বিতীয় সার্জারির প্রায় কিছুদিন পরে আয়তি চোখ মেলল, অল্প অল্প করে কথাও বলল বাড়ির লোকদের সাথে। সীমান্ত ভেবেছিল সে চোখ মেলার পরেই ঐ বাড়িতে তার অন্তিম সময় ঘনিয়ে আসবে। কিন্তু এমন কিছুই হয়নি। আয়তি কাউকে বলেনি সেদিনের ঘটনা। খালিদ সাহেব যখন তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন,"মা তোমার কি হয়েছিল? তুমি কি ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলে?"
ছোট ছোট নিঃশ্বাস ছেড়ে আয়তি হালকা গলায় বলল,"না বাবা। মাথা ব্যথা হচ্ছিল খুব। এলোমেলো পা ফেলছিলাম। কোথা থেকে গাড়ি চলে এলো, টেরই পাইনি।"
সীমান্ত চমকে গিয়ে তার দিকে তাকাল। আয়তি একবারো তাকায়নি তার দিকে। কপালের একপাশে প্যাঁচানো ব্যান্ডেজটা হাত দিয়ে ধরে বলল,"আমার চেহারা কি নষ্ট হয়ে গেছে? খুব বাজে দেখাচ্ছে আমাকে?"
খালিদ অবাক হয়ে বললেন,"নষ্ট কেন হবে? সার্জারি হয়ে দু'টো। দাগ বসেছে সামান্য। মাস দুয়েকে চলে যাবে।"
"ওও।"
সীমান্ত দ্রুত বেরিয়ে এলো কেবিন থেকে। সারাদিন আর সে হাসপাতালে আসে নি। এসেছিল সন্ধ্যার দিকে। কেবিনে তখন শুধুমাত্র সুষ্মিতা আর জেবা। সীমান্ত গিয়ে একটা চেয়ারে বসল।
কিছুক্ষণ পরে সুষ্মিতা কেবিন থেকে বের হতেই সে মাথা তুলে বলল,"কেমন আছে এখন?"
"ওহ সীমান্ত, তুমি। ভালো হয়েছে। আয়তি জানতে চাইছিল তোমার কথা। তুমি অবসর হলে একটু দেখা করে এসো তো তার সাথে।"
সীমান্তর বুক ধ্বক করে উঠল। চোখ বড় বড় করে অলক্ষ্যে একটা ঢোক গিলে বলল,"আয়তি! আমাকে খুঁজল?"
"হ্যাঁ, বলল তুমি অবসর থাকলে যেন একটু দেখা করে আসো।"
সীমান্ত ফ্যালফ্যাল করে তার কথা শুনল। শুকনো এক ঢোক গিলে পিঠ টান টান করে বসল। কি কথা বলবে তাকে আয়তি? কোন মুখ নিয়ে সে দাঁড়াবে তার সামনে?
সীমান্ত যন্ত্রের মতো উঠে দাঁড়াল।
সেদিন রাতে আয়তি আর দেখা হলো, অনেকদিন পরে।
আয়তি তখন ক্লান্ত শরীরে, ছয় সাত রকমের যন্ত্রপাতি আটকে শুয়ে ছিল বেডে। সীমান্ত ভেতরে ঢুকে গুটি গুটি পায়ে এগিয়ে এলো। কাছে এসে গলা খাকারি দিল।
আয়তি চোখ বুজে শুয়েছিল। আওয়াজ পেতেই চোখ মেলল। আবছা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দুর্বল স্বরে বলল,"কাজটা তুমিই করিয়েছিলে তাই না? তোমার বন্ধুদের বলে...আমাকে আটকেছিলে জব্দ করবে বলে। হু?"
সীমান্ত মাথা নোয়াল। মেঝের দিকে তাকিয়ে চোরের মতো চোখ লুকাল। জবাব দেওয়ার মতো কিছু মাথায় এলো না আর।
আয়তি ভারি নিঃশ্বাস ছাড়ল। উত্তরের অপেক্ষা না করে বেশ দুর্বল কণ্ঠে থেমে থেমে বলল,"কেমন আছ তুমি?"
সীমান্ত চমকে উঠল তার কথা শুনে। অবাক হয়ে বলল,"আমার কি হবে? আমি ভালো আছি। ভালো তো নাই তুমি।"
সীমান্ত হচকচ করছিল ভীষণ। একটা কথা বলতে দ্বিধা হচ্ছিল তার। সে চোখ নামিয়ে নত মুখে বলল,"আমি কি তোমার পা ধরতে পারি? আমি....আমি কাজটা ঠিক করি নাই। তুমি যা শাস্তি দিবা, তা ই মাইন্না নিমু, কসম।"
আয়তি মুখের উপর থেকে অক্সিজেন মাস্কটা নামিয়ে গলার কাছে এনে রাখে। হালকা স্বরে জবাব দেয়,"পা ধরতে হবে না। পায়ে ব্যথা। মাফ চাইলে হাত ধরে মাফ চাও।"
সীমান্ত হতবাক হলো তার কথায়। পুনরায় চোখ তুলে মৃদুস্বরে জানতে চায়,"সত্যি বলতাসো? আমি তোমার হাত ধরমু?"
"হুম। ধরো।"
"তুমি তো ভয় পাও।"
আয়তি হাসল। এই প্রথমবারের মতো। হেসে বলল,"তোমার মতো গরুকে কে ভয় পায়?"
সীমান্ত হাসতে পারল না। আয়তি এই অবস্থা থেকে সুস্থ না হলে সে আর কখনোই হাসতে পারবে না। সে আস্তে করে, খুব আলতো ভাবে আয়তির হাত ধরে ভেজা গলায় বলল,"আমাকে তুমি যা শাস্তি দিবা, তাই মানমু। দুইটা থাপ্পড় দিলেও মানমু। জুতার বারি দিলেও মানমু।"
আয়তি নীরব থাকল কিছুক্ষণ। একটু পরে সামান্য নড়ে চড়ে ঠেস দিয়ে বসে বলল,"শাস্তি পরে। আগে বলো চোখের এই অবস্থা কেন? কয় রাত ঘুমাও না?"
"তুমি এতো ফালতু কথা কেন বলতাসো? আমি যা করছি, তার বদলে তুমি এতো শান্ত কেন? এটা তো আয়তি না।"
আয়তি আবারো হাসল, শব্দ করে। অক্সিজেন মাস্কটা পুনরায় মুখে লাগাতে লাগাতে বলল,"সব রাগ ঠান্ডা হয়ে গেছে আমার। সাত দিনের আইসিইউ আমাকে জীবনের তরে ঠান্ডা করে দিয়েছে সীমান্ত। আমার মুখের অবস্থা দেখেছ? আয়নায় তাকালেই হাসি পায়। তোমাকে ধন্যবাদ। আমার আর কোনো রাগ নেই তোমার উপর।"
_____
দেখুন, জোড়া জোড়া আম পাতাদের গল্প কিন্তু শুধুমাত্র অফিস রুম, কালচারাল সেন্টার আর হাসপাতালের সাদা দেয়ালেই থেমে থাকবে না। এই গল্পের গোড়া হলো পূর্বাহ্ণ- শহরের মাঝামাঝি, শান্তশিষ্ট আবাসিক এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভবনটি।
চলুন, আরেক বার পূর্বাহ্ণ ফিরে যাই। একবার ঘুরে আসি বাড়ির সবচেয়ে হাবাগোবা দম্পতি ইশান আর মেহরোজের ঘর থেকে।
"হেইয়ো।"
ইশান বুকে পিঠে তেল মালিশ করছিল ইমতিহার। পা দু'টো আস্তে করে টেনে আবার ঠেসে ধরল পেটের সাথে। বাবার হাসি হাসি মুখটা দেখে ইমিতাহাও হেসে ফেলল সামান্য। সারাদিনের এই অংশটুকু তার ভীষণ প্রিয়। পাশে মেহরোজ শুয়ে আছে গুটি পাকিয়ে। ইশানের দিকে পিঠ করে আছে বিধায় তার মুখটা দেখতে পেল না সে। ইরোজ গেছে নিকিতাদের ঘরে। ওখানকার খরগোশ গুলো আজকাল তার মনোযোগ আর আগ্রহের কেন্দ্রে আছে। ঝুনঝুনি, বুলবুলি, সুনসুনি, টুকটুকি ওদের সাথে লম্বা সময় গল্প হয় তাদের।
ইশান বেবি অয়েলের বোতলটা একপাশে রাখতে রাখতে আড়চোখে আবার তাকাল মেয়েটার দিকে। ইচ্ছে করে চোখ বোজার ভান ধরে আছে। তার শক্ত করে চেপে ধরা চোখ দু'টোর দিকে তাকিয়ে হালকা গলায় ডাকল ইশান,"মেহরোজ! শোনো। চোখ খোলো একটু।"
মেহরোজ চোখ খুলল না। ইশান এক হাত বাড়িয়ে তার হাতের উপর রাখতেই সে দ্রুত সরে এলো একপাশে। ইশান হেসে বলল,"সোনা, একটু তাকাও।"
আদর আদর ডাকে মিইয়ে গেল সে। চোখ বুজেই ঠোঁট টিপে হাসল সামান্য। গম্ভীর মুখে কয়েক মুহূর্তের জন্য লালিমা ছড়িয়ে পড়ল। হাত দিয়ে শক্ত করে বালিশ খাঁমচে মেহরোজ পা দু'টো আরো একটু গুটিয়ে নিল।
ঘটনা ঘটেছে আজ সকালে। মেহরোজ বলল,"আমার খুব আচার খেতে মন চাইছে।"
ইশান তখন দুধ গুলছিল মেয়ের। পাশ ফিরে একনজর মেহরোজের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল,"খালি পেটে কেন খাবে? আগে কিছু খেয়ে নাও। তারপর খেও।"
"উহ, আমার রুচি নেই মুখে। যাও না। রান্নাঘরের দ্বিতীয় তাকে আছে। ওখান থেকে এনে দাও।"
"না, নাস্তা না খেয়ে ওসব খাওয়া যাবে না।"
মেহরোজ কোমরে হাত রেখে চোখ রাঙিয়ে বলল,"কেন?"
"কারণ ওসব খেলে পরের দুইদিন গ্যাস্ট্রিকের ব্যথায় ছটফট করবে।"
"একটু খাবো।"
"না।"
মেহরোজ হনহনিয়ে দরজার কাছে এগিয়ে গেল। জেদ করে বলল,"তোমার আনতে হবে না। আমি যাচ্ছি।"
ইশান চট করে ধরল ওর হাত। সে তাকাতেই সামান্য ধমকে উঠে বলল," মানা করেছি না মেহরোজ? দুই দিন পর পর অসুস্থ হও। আমি কি অফিস করব? নাকি বাচ্চা পালব? নাকি তোমাকে দেখব? একটু তো বোঝো। একটু নাস্তা খেয়ে নিলে সমস্যা কি হচ্ছে তোমার?"
পোস্টপার্টামের বিষাদময়, খিটখিটে দিনগুলোতে সেই সামান্য ধমকও মেহরোজের সহ্য হতো না। নিজের ইচ্ছা, নিজের চাওয়ার বাইরে কোনো কাজই করতে মন চাইত না। সংসার, স্বামী, সন্তান সবকিছু নিয়েই ক্ষণে ক্ষণে অশান্ত হতো মন।
সেই অভিমানেই গুটিশুটি পাকিয়ে শুয়েছিল সে। অভিমান ভাঙালো ইশান। ইমতিহাকে খুব সুন্দর একটা জামা পরিয়ে এক পাশে রেখে মেহরোজের পাশটায় শুয়ে দুই হাতে প্যাঁচিয়ে ধরল তার কোমর। আস্তে করে টেনে তার পিঠটা নিজের বুক অব্দি এনে মাথার চুলগুলো গোছাতে গোছাতে বলল,"কি হয়েছে সোনা? বলো আমাকে?"
মিষ্টি বাতাসের ঝাপটার মতো কথাগুলো কানে লাগছিল মেহরোজের। ইশান আলতো করে তার কাঁধে থুতনি চেপে ডাকল,"মেহরোজ!"
মেহরোজ জবাব দিল না। পুরুষালি কণ্ঠটা আরো বেশি কোমল হয়ে ডাকল,"রোজ!"
লজ্জা আর অভিমানে জুবুথুবু হওয়া শরীরটা এবার নড়ল সামান্য। মৃদু কণ্ঠে অভিমান ধরে রেখে বলল,"কি?"
"সকালে কিছু খাওনি তুমি। আমিও খাইনি। চলো কিছু খাই। এরপর...এরপর যা মন চায় খাবে। আচ্ছা?"
"আমার কিছু চাই না।"
"আমার চাই। আমার তোমাকে চাই। তোমার সুস্থতা চাই। তোমার হাসি চাই।"
অভিমানের পাল্লা হালকা হলো কিছুটা। মেহরোজ নিজেই চেপে আসল স্বামীর কাছাকাছি। ইমতিহা তখন ছোট ছোট হাতে বাবার পিঠ খাবলে ধরে ঘাড় তোলার চেষ্টা করছিল। ইশান বলল,"ইমতিহা উঁকি মেরে মেরে দেখছে আমাদের। আমাদের ঘরে হয়ে সে এমন নিকিতার কার্বন কপি হলো কেমন করে বলো তো?"
____
মণিষা শাড়ির কুচি সামলে সিএনজি থেকে নামল। এক হাতে ধরে রাখল সহস্রর হাত। ব্যাগ থেকে টাকা বের করে ভাড়া মিটিয়েই সোজা হেঁটে গেল সামনের দিকে।
ঠিক এমন সময় পেছন থেকে কেউ নাম ধরে ডাকল তাকে।
"মিস মণিষা!"
মণিষা থামল। ঘাড় ঘুরিয়ে অবাক দৃষ্টিতে পেছনে তাকাতেই দেখল ইয়াজিদ দাঁড়িয়ে আছে। স্কুল গেইটের একটু সামনে, হাত দু'টো বগলদাবা করে।
মসৃণ কপালখানা কুঁচকে গেল তার। চোখে চাপানো চশমার ফ্রেমটা দুই আঙুলে নাকের উপর ঠেলে দিয়ে সে সন্দেহের দৃষ্টিতে তাকাল লোকটার দিকে। সহস্র হাত নাড়ল। বলল,"আসসালা মু আলনইকুম স্যার।"
ইয়াজিদের মুখের হাসি চওড়া হলো। একগাল হেসে বলল,"ওয়ালাইকুমুস সালাম।" সাথে আবার যোগ করল,"আবৃত্তির ক্লাসে আসছো না কেন? কতোগুলো ক্লাস হয়ে গেছে এর মধ্যে।"
সহস্র পিটপিট চোখে মায়ের দিকে তাকাল। মণিষা শান্ত গলায় বলল,"কাল থেকে যাব ইনশাআল্লাহ। আসলে ট্রেইনিং থেকে এসে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম তো, তাই যেতে পারি নি ওকে নিয়ে।"
"কি হয়ে আপনার?" বেশ উৎকণ্ঠা নিয়ে জানতে চাইল ইয়াজিদ।
তার চিন্তিত মুখের দিকে চেয়ে মণিষা অগভীর স্বরে বলল,"কিছুই না। সামান্য শরীর খারাপ।" পর পরই কপালে ভাঁজ ফেলে বলল,"আপনি হঠাৎ এখানে?"
"ইশিকে দিতে এলাম।"
উত্তরটা একদম আগে থেকে তৈরি ছিল। ইয়াজিদ নির্ভার হয়ে জবাব দিল। মণিষা মাথা নেড়ে বলল,"ও আচ্ছা আমি আসি। দেরি হচ্ছে আমার।"
বলেই সে পা বাড়াল সামনে। ইয়াজিদ তার পায়ের সাথে পা মেলাতে মেলাতে বলল,"ইশির পড়াশোনার কি অবস্থা?"
"ভালো।"
"ক্লাসে মনোযোগ দেয় তো?"
"হ্যাঁ,দেয়।"
"আপনার শরীরের কি অবস্থা?"
মণিষা থামল। কটমট চোখে একবার তাকাল লোকটার উৎসুক মুখের দিকে। ইয়াজিদ তার অগ্নিদৃষ্টি দেখতেই থমকে দাঁড়াল। আমতা আমতা করে বলল,"কোনো সমস্যা?"
"ইয়াজিদ ভাই, আপনি আর এক পা ও সামনে এগোবেন না। বাড়ি যান আপনি।"
দুই দাঁতের পাটি এক করে হুকুম করল মণিষা। ভদ্রলোকের মতিগতি কেমন অদ্ভুত লাগছে তার। মণিষা সরোষ চোখে এক নিমিষে তাকালো ইয়াজিদের মুখের দিকে।
ইয়াজিদ দমে গেল। মিইয়ে যাওয়া স্বরে কিছুটা ভীত হয়ে বলল,"আচ্ছা। ঠিক আছে।"
"যান। এবার ঘরে যান। নিজের সন্তানকে সময় দিন। পরিবারকে সময় দিন।"
ইয়াজিদ থতমত খেয়ে গেল। স্তব্ধ হয়ে কিছুক্ষণ মণিষার দিকে তাকিয়ে তারপর বুঝল ব্যাপারটা। দ্রুত মাথা নাড়ল। হড়বড় করে বলল,"জ..জি। যাচ্ছি। আপনি ক..ক্লাসে যান।"
মণিষা পেছন ঘোরার আগে শেষ একবার কঠিন দৃষ্টিতে শাসিয়ে গেল লোকটাকে। চোখ মুখ শক্ত করে বোঝাল, বিবাহিত, বিপত্নীক পুরুষদের এমন মাখো মাখো স্বভাব তার ভীষণ অপছন্দ।
ইয়াজিদ আর এগোল না। শান্ত, শীতল তরুণীর থমথমে কঠোর মুখপানে চেয়ে তার মনে হলো, সে শিল্পী হলে বাধ্যতামূলক ভাবে আরেকটা চিত্রকর্ম আঁকতো। চিত্রকর্মের নাম হলো,"হোয়েন শী ইজ এগংরি"।
হাহাহা, শী হারসেলফ ইজ আ পোয়েট্রি।
____
আজ বিকেলে অনেকদিন পর রাশেদাকে বসার ঘরে পাওয়া গেল। শুধু রাশেদা না। প্রায সবাইকেই আজ অনেকদিন পর একসাথে দেখা গেল।
আয়তির অসুস্থতা নিয়ে কয়টাদিন বাড়ির পরিবেশ ছিল থমথমে। বিকেলে কিংবা সন্ধ্যায় লিভিং রুমে যেই আড্ডা বসত, সেটাও আর দেখা যেত না। প্রায় আট দিন পর দোতালার সেই বড়ো ঘর থেকে আজ লোকজনের কথাবার্তার শব্দ শোনা গেল।
সুষ্মিতা গেছেন হাসপাতালে। জেবা রান্নাঘরে পুরি আর চপ ভাজছিলেন। বেলী চা বসিয়েছেন চুলায়।
আজ বুধবার। পারমিতা ইবনাতের ছুটির দিন। তাকে দেখা গেল বাড়ির আনাচে কানাচে ছুটোছুটি করতে।
আমিনা খালার সাহায্য নিয়ে লিভিং রুমে বিশাল বড় কার্পেটটা বিছিয়ে পারমিতা রান্নাঘরে এলো। শাড়ির আঁচল কোমরে গুজতে গুজতে কপালের ঘাম মুছে বলল,"আমি আজ দইবড়া বানাব। আমি এটা ভালো পারি।"
জেবা বললেন,"তোমার মেয়ে তো মমা মমা করে দুপুর থেকে পাগল হয়ে আছে। আগে ওর কথা একটু শুনে আসো।"
পারমিতা ভেতরে ঢুকতে ঢুকতে বলল,"তার আর দরকার নেই। সে এখন তার পাপাইয়ের সাথে আছে। এখন আর আমাকে দরকার নেই।"
জেবা গরম তেলে গড়াগড়ি করতে থাকা চপগুলোর থেকে মুখ তুলে অবাক হয়ে বললেন,"নিনীতের কাছে? ও রাখছে বাচ্চাদের?"
"হ্যাঁ। দুই বোনই আছে। দু'জনই পকর পকর করছে। কি যাদু আছে নিনীতের মধ্যে কে জানে!"
বেলি ঠান্ডা গলায় বললেন," ও এতো ভালোবাসার যোগ্যই না। ও তাদের যা দিয়েছে, সেটা ও ফিরে পায়নি। আমার আফসোস হয় মেয়ে দু'টোর জন্য। কেন ওরা নিনীতকে অবহেলার বদলে অবহেলা দিল না?"
____
নিবেদিতার উড়তে থাকা চুলগুলো সন্তর্পণে কানের পেছনে গুজল নিনীত। গাঢ় স্বরে বলল,"পড়াশোনা কেমন চলছে নিবি?"
নিবি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। মুখ নামিয়ে বলে,"ভালো পাপাই। ম্যাথের স্যার আমাকে ভেরি গুড বলেছে।"
নিকিতা তখন হেলান দিয়ে পাপাইয়ের পাশ ঘেঁষে শুয়েছিল। অর্ধেক শরীরের ভর নিনীতের উপর ছেড়ে দিয়ে বলল,"না পাপাই। ও পয়ে না তু। পুচা বাচ্চা।"
নিনীত কপাল কুঁচকে তাকাল। ভ্রু নেড়ে জানতে চাইল,"ও পড়ে না। আর তুমি খুব পড়ো তাই না?"
"পয়ি তো। অ তে আতা। আ তে আম। ছরে অ, ছরে আ, রসি দিরঘি রসুউ দিরঘুউ..."
"থাক হয়েছে। খুব পড়াশোনা হচ্ছে দেখি।"
নিবেদিতা হেসে ফেলল। নিকিতা গাল ফুলিয়ে বলল,"হাসু কেন? হয়নি?"
নিনীত বলল,"হয়েছে তো। আর কি কি পারো শুনি।"
"ছলা পায়ি। তুইমকেল তুইমকেল লিতল স্তাল। হাউ আই উন্ডান হুয়াত ইউ আম?"
"আরে চমৎকার।"
নিবেদিতা হাত তালি দিয়ে বলল,"ছড়াটা তো খুব সুন্দর হয়েছে নিকি।"
নিকি লজ্জা পেল কিছুটা। মাথা নামিয়ে মুখটা নিনীতের বুকের সাথে ঠেসে ধরে বিড়বিড় করে বলল,"মমা শিখিয়েছে। আলেকটা আছে।
উই দেখা দায় তালগাছ
উই আমাদেম বাছ।
উইখানিতে বাছ কয়ে কানাবুগির ছাস।
উ বুগি তুই খাস কি?
পান্তা ভাত পাছ কি?
পান্তা আমি...."
নিনীত ওকে থামিয়ে দিয়ে বলল,"ওরে বাবা। সত্যি সত্যিই তো পারো দেখছি। ভেরি গুড।"
নিকিতা বলল,"পাপাই, এবার একতা গলপো সুনাও।"
"গল্প?"
"হু।"
নিবেদিতা বলল,"সত্যিকারের গল্প শোনাতে হবে। রাজা রাণীর গল্প না।"
নিনীত বলল,"এ তো মুশকিল। রাজা রাণী বাদে গল্প পাব কোথায়?"
দম ছাড়ল নিনীত।আজ অনেকদিন পর মেয়েদের নিয়ে গল্প করতে বসেছে সে। অতীতের কোনো কিছুই আর পাল্টানো সম্ভব না। কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ-চাইলেই হয়তো সামনের জীবনটা গুছিয়ে নেওয়া যাবে। চাইলেই মেয়ে দু'জনকে একটা চমৎকার কৈশোর উপহার দেওয়া যেতে পারে। নিবেদিতাকে দু'টো ডানা উপহার দেওয়া যেতে পারে। ঐ ডানায় ভর করলে তার আর মনে থাকবে না নিজের প্রতিবন্ধকতার কথা।
নিকিতাকে প্রজাপতির মতো একটা জীবন দেওয়া যেতে পারে।
আর ঐ বোকা মেয়েটা,দ্যাট সিলি ডক্টর। চাইলে তাকেও একটা "এক কাপ চা" এর মতো সংসার দেওয়া যেতে পারে। ভদ্রমহিলা আবার বিরল প্রজাতির মেয়েলোক। বেয়ার মিনিমামকেই সর্বোচ্চ ভেবে বসেন। চাইলে কিন্তু নিনীত এই তিনটা জীবন গুছিয়ে দিতে পারে। চাইলেই পারে।
নিনীত গলা খাকারি দিয়ে বলল,"এই গল্প হলো আমার। আমার আরোগ্য লাভের গল্প। একবার আমার খুব বড় অসুখ হলো। ঐ অসুখে আমি আর কাউকে চিনি না, কিছু বুঝি না। সংসার, ভালোবাসা, দায়িত্ব, মায়া কোনোকিছুর প্রতিই অনুভূতি নেই আমার।
সেই অসুখের মধ্যেই এক ডাক্তার এলো আমার সেবা করতে। কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো রকম শর্ত ছাড়া। আমার রোগ ছিল মনের। কঠিন অসুখ। ঔষধে কাজ হয় না। যত্নে হয়। ডাক্তার সাহেবা ঐটাই করলেন। এক রাতে কোমল হাতটা চেপে ধরলেন আমার মাথায়। জ্বরের ঘোরে আমি দেখলাম, কেউ একজন আছে আমার।
রাত জেগে পাশে বসে থাকার একটা মানুষ লাভের আনন্দে আমার অসুখ সারতে শুরু করল। শরীরের অসুখও, মনের অসুখও। আমি ধীরে ধীরে আরোগ্য লাভ করলাম। সেই ডাক্তার কখনো শিউলি, কখনো বেলি, কখনো দোলনচাঁপা, কখনো আবার লিলি হয়ে ধরা দিল আমার চোখে। তবে আমি শুধু জানলাম, গভীর রাতে আমার শিয়রে বসে থাকার একটা মানুষ আছে। আর জানলাম, একজন ডাক্তার আছে আমার, যে কিনা মনের রোগ সারাতে পারে।
মনের রোগ সারছে আমার। ডাক্তারকে কৃতজ্ঞতা। চিকিৎসাটা আমার অতীব প্রয়োজন ছিল।"
নিনীত থামল। গলায় স্বর কিছুটা ভারি শোনাল তার।নিকিতা হাই তুলতে তুলতে বলল,"এতু কুথিন গলপো। ঘুম পাচ্ছি আমান।"
নিনীত হাসল। নিকিতা বাবার বুকের উপর মাথা রেখে ঘুমের ঘোরে চোখ বুজতেই নিবেদিতা বলল,"আমি জানি ডাক্তারটা কে।"
"কে?"
"পরী মা।"
নিনীত স্মিত হাসল। নিবেদিতার মাথায় হাত বুলাতে বুলাতে বলল,"আর অসুখটা কি?"
"জানি না।" নিবেদিতা বিড় বিড় করে বললাম,"যেটা আমরা তোমায় দিয়েছিলাম।"
"না মা। তোমরা আমায় কোনো দুঃখ দাও নাই।"
নিবেদিতা আরেকটু এগিয়ে বাবার কাছ ঘেঁষে বসল। নিনীত বলল,"বড় হয়ে যাচ্ছ তুমি। পাপাইয়ের ছোট্ট মেয়ে থেকে পাপাইয়ের বুঝদার বাচ্চা হয়ে যাচ্ছ।"
নিবি উত্তর দিল না। হাত বাড়িয়ে এক পাশ থেকে নিনীতকে জড়িয়ে ধরে বলল,"পাপাই!"
"বলো মা।"
"ঐ কথাটা বলো।"
"কোনটা?"
"আমি যেটা ভালোবাসি শুনতে।"
হেসে ফেলল নিনীত। ছোট শরীরটা নিজের অন্য হাতে আগলে ধরে বলল," পৃথিবীর সব আলো মিশে আছে আমার নিবির চোখে। নিবির রং সবচেয়ে সুন্দর। নিবির রঙেদের গন্ধ আছে, গল্প আছে, স্বাদ আছে। পৃথিবীর আর কারো নেই। শুধু আমার নিবির আছে।"
____
সেদিন বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত খাবার দাবারের আয়োজন, অন্যান্য ব্যস্ততা, বাচ্চাদের খাওয়ান, মাঝে আবার কিছুক্ষণের জন্য হাসপাতাল হয়ে এসে পারমিতা একদম ক্লান্ত হয়ে পড়ল।
রাতের খাবারও সে কোনোরকমে খেল। নিনীত তখন বাইরে। বাড়িতে থাকতে থাকতে যখন সবকিু বিরক্ত আর একঘেয়ে মনে হয়, তখন সে একটু সামনের রাস্তা থেকে হেঁটে আসে।
ভদ্রলোক অবশ্য আজ বেশ আগেই বেরিয়েছেন। আনুমানিক আটটার দিকে। ফিরে এলো সাড়ে দশটায়।।পারমিতা টেবিলে প্লেট সাজাতে সাজাতে বলল,"বসে যান। খাবার গরম আছে।"
নিনীত দ্রুত পায়ে সিঁড়ি ভাঙছিল। হাতে একটা সুন্দর শপিং ব্যাগ। পেছন না ঘুরেই ব্যস্ত স্বরে বলল,"আপনি খেয়ে নিন। আমার একটু দেরি হবে।"
বলেই সে দোতালায় উঠে এলো।
পারমিতার চোখ টানছিল ঘুমে। সে চেয়ার টেনে খেতে বসল। কোনোরকমে খেয়ে ঘরে যেতেই টেবিলের উপর তাকিয়ে চমকে গেল সে। দেখল টেবিলের উপর একপাশে বেশ কয়েকটা কফির বয়াম রাখা।
সবগুলো নতুন। এই মাত্র কিনে এনে সাজিয়ে রেখেছে কেউ।
সবিস্ময়ে টেবিলের দিকে এগিয়ে গেল সে। অবাক হয়ে দেখল একটা ছোট চিরকুট সমেত কে যেন কাঁচের বয়াম গুলো সাজিয়ে রেখে গেছে। পারমিতা হতবাক দৃষ্টিতে গুনে দেখল একবার। নয়টা বয়াম।
চিরকুট হাতে নিতেই দেখল, সেখানে গোটা গোটা অক্ষরে লিখা-
"গোপন সূত্রে জানতে পেরেছি, আমার মেয়েদের মা কফি খুব পছন্দ করে। তিনি পানির চেয়ে বেশি কফি খান। তাই তার পছন্দকে সম্মান করে, তাকে একটু চমকে দিতে আমি সুপারশপ খুঁজে এই কয়টা বয়াম উদ্ধার করতে পেরেছি। তবে দু'টো শর্ত আছে আমার।
এক,রাত বারোটার পর এসব খাওয়া যাবে না।
আর দুই,আমাকে ছাড়াও এসব খাওয়া যাবে না।
শর্তে রাজি, ম্যাডাম?"
সাদামাটা ঐ চিরকুটটা পড়ে ডাক্তার ইবনাতের চোখ ভিজে উঠল সত্যি সত্যি।
চলবে-
[আনুমানিক ৫০০০ শব্দ। আশা করি অপেক্ষার আক্ষেপ পোষাতে পেরেছি।]