#আম_পাতা_জোড়া_জোড়া
লেখনীতে #মেহরিমা_আফরিন
৩২.
চোখ মেলতেই মণিষা দেখল একটা ম্যাদাটে সাদা রঙের দেয়াল। প্রায় সাথে সাথেই নাকে এলো ফিনাইলের উৎকট গন্ধ। ঝট করে উঠে বসল সে। দু'হাতে চোখ কচলাতে কচলাতে বলল,"সহস্র, আমার সহস্র!"
কাতর চোখে সে ছেলেকে খুঁজতে লাগল। পাশ থেকে গম্ভীর গলায় কে যেন বলল,"আছে সহস্র। এখানেই আছে।"
মণিষা পাশ ফিরে তাকাল। ইয়াজিদ বসে আছে শান্ত মুখে।
"আপনি?"
"আপনি বাইকের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছেন রাস্তায়। ছেলেরা এসে আমাকে জানাল।"
মণিষা চমকে গেল। আজ কি হচ্ছে তার সাথে? রাস্তায় হাঁটার সময়ও আশপাশের কোনো কিছু দেখছিল না। মাথায় কেবল সোহাইলের কথা গুলো ঘুরছিল। এতোদিন পর সে কেন ফিরে এলো? মণিষা তো দিনে দিনে সবকিছু গুছিয়ে নিচ্ছিল। আবার কেন এলো? মণিষা বেশিক্ষণ ভাবতে পারে না। কপালের দুই পাশে হাত চেপে ধীর গলায় অনুরোধ করে,"আপনি একটু কষ্ট করে সহস্রকে এনে দিন। আমি একটু আমার ছেলেকে দেখব।"
ইয়াজিদ কেবিনের পাশের চেয়ার থেকে তাকে ভেতরে নিয়ে এলো। সহস্র মা কে দেখতেই দৌড়ে গেল। মণিষা ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,"বাবা, তুমি ভয় পেয়েছিলে?"
"একটু পেয়েছি। কিন্তু আঙ্কেল বলেছে তোমার কিচ্ছু হবে না। তাই বেশি ভয় পাইনি। মা, তোমার কি হয়েছে?"
"কিছু হয়নি বাবা। অসাবধানে হাঁটছিলাম তো। তাই পড়ে গেছি।"
মণিষা ছেলেকে ধরে ইয়াজিদের দিকে তাকাল। ইয়াজিদ বলল,"ঠিক আছেন তো আপনি? ডাক্তার বলল, প্রেশার লো। খাওয়াদাওয়া করেন না ঠিক মতো?"
"করি।"
মণিষা একটু থেমে বলল,"আপনাকে ধন্যবাদ।"
"কেন?"
"আমাকে বাঁচানোর জন্য।"
"বাঁচালাম কোথায়? আপনি তো মরে যাচ্ছিলেন না যে বাঁচাব।"
"ঐতো। সাহায্য করেছেন। সেজন্য ধন্যবাদ।"
"আচ্ছা ঠিক আছে।"
মণিষা বলল,"আপনার অনেকটা সময় খেয়েছি।"
"তা খেয়েছেন।"
"স্যরি।"
"ইটস ওকে।"
"আপনি কি কষ্ট করে বলবেন বিল পে করব কেমন করে? আপনি কোনোভাবে বিলের রিসিট জোগাড় করে দিন যেন আজ রাতের মধ্যে আমি বাড়ি যেতে পারি।"
ইয়াজিদ মুখ তুলে তাকাল। শীতল কণ্ঠে বলল,"ঠিক আছে। ব্যবস্থা করছি।"
"আপনাকে আবারো ধন্যবাদ।"
"আপনাকেও ধন্যবাদ।"
মণিষা ভড়কে গেল। তার গোল গোল চোখের দৃষ্টি উপেক্ষা করেই ইয়াজিদ হনহনিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। তার কেন যেন রাগ হচ্ছে ভদ্রমহিলার উপর। রাগের কারণ সে জানে না। মন চাইছে ভদ্রমহিলার কপালে হাত চেপে তাপমাত্রা মাপতে মাপতে বলতে,"এই মনসা, তুমি খাও না কেন বলো তো? খাওয়া দাওয়া করতে হবে। প্রেশার লো কেন? আমার কাছে চলে আসো। আমার কাজকাম দেখলে তোমার এমনিতেই প্রেশার উঠে যাবে।"
সে কিছুই বলল না। সোজা রিসেপশনে গিয়ে বলল,"তিনশো চার নম্বর কেবিনের পেশেন্ট ডিসচার্জ চাইছেন। আপনি একটু ডাক্তারের সাথে আলোচনা করে তাকে ডিসচার্জ করুন আর বিলের রিসিট দিন।"
মণিষা ছেলেকে ধরে বসেছিল চুপচাপ। তার মোবাইল ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে। মণিষা ফোন হাতে নিতেই দেখল সোহাইলের পুরাতন নম্বর থেকে এগারোটা মিসড কল। এই নম্বর থেকে গত দুই বছর কখনো কোনো কল আসেনি তার ফোনে।
সহস্র মায়ের বিধ্বস্ত চোখ মুখ দেখে বলল,"মা তোমার কি আবার শরীর খারাপ হচ্ছে?"
মণিষা দ্রুত ঘাম মোছে কপালের। দুশ্চিন্তায় তার কপালে যন্ত্রনা হতে শুরু করেছে। সোহাইল আর তার মাকে ভালো মতো চেনে সে। এরা যখন আবার তার জীবনে ঢুকতে চাইছে, তখন এতো সহজে শান্তি দিবে না তাকে। সহস্রর মাথায় হাত বুলাতে বুলাতে সে চাপা স্বরে বলল,"কিছু না বাবা। ঠিক আছি আমি। বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আর শান্তি নেই আমার।"
_____
"জ্যোতি তুমি কি জানো, আমি যখন অফিসে থাকি, তখনও আমি অফিসের সব খবর রাখি। আবার যখন অফিস থেকে বেরিয়ে যাই, তখনও ভেতরের সব খবর রাখি। জানো এটা তুমি?"
খালিদ সাহেব ভ্রু কুঁচকে বসে আছেন। জ্যোতি ভয়ে ভয়ে মাথা নাড়ল। এই মুহূর্তে তার কেবিনে শুধু তিনি আর জ্যোতি। জ্যোতি নিঃশ্বাসও ফেলছিল মেপে মেপে। খালিদ সাহেব ভারি গলায় বললেন,"মুখে জবাব দাও। মাথা নাড়বে না। এসব খুবই আনপ্রফেশনাল দেখায়।"
জ্যোতি চাপা স্বরে বলল,"জি জানি।"
"আমি কিন্তু এই খবরও রাখি যে আমার অনুপস্থিতিতে কে কার উপকার করছে, কে কার হয়ে কাজ করে দিচ্ছে। সবই কিন্তু জানি আমি।"
এই পর্যায়ে জ্যোতি ঘামতে শুরু করল। সে ধরা পড়ে গেছে। চোরের মতো পলক তুলে কোনোরকমে একবার খালিদ সাহেবের থমথমে মুখটা দেখে সে আবার চোখ নামিয়ে নিল দ্রুত। খালিদ সাহেব বললেন,"আমার ছেলের ক্যালিবার আমি জানি। আমি জানি এতো কাজ সে কখনোই একা একা কারো সাহায্য ছাড়া করতে পারবে না।"
জ্যোতির দম আটকে আছে গলার কাছে। এসি কেবিনের ভেতরেও গরমে হাঁসফাঁস লাগছিল তার। সে মুখ লুকিয়ে অপরাধীর মতো হজম করছিল সব কথা।
"জ্যোতি!'
একটু মিইয়ে গিয়ে জ্যোতি জবাব দেয়,"জি?"
"আহিল আমার ছেলে। হি ইজ আ স্টুপিড। ও কোনো কাজের না। ওকে আমি কাজ শেখাতে অফিসে আনি। যেন আরো কয়েক বছর পরে সে সবকিছু সামলাতে পারে। তুমি কেন ওকে সাহায্য করতে গেলে? ওকে সাহায্য করার অনুমতি কি আমি কাউকে দিয়েছিলাম অফিসে?"
জ্যোতি মাথা তুলে না। মেঝের দিকে তাকিয়েই হালকা স্বরে বলে,"স্যরি স্যার। ভুল হয়েছে।"
"স্যরি শুনতে চাইছি না। আগে বলো আহিল তোমাকে সাহায্য করতে বলেছে তাই না? ও তোমার কাছে সাহায্য চেয়েছে। গর্দভ একটা। তাই না?"
জ্যোতি দুই পাশে মাথা নাড়ল। নিঃশ্বাস আটকে কোনোরকমে বলল,"না স্যার। উনি চায়নি। উনি বিপাকে পড়েছিল বলে আমিই সাহায্য করেছি।"
"আমি জানতাম," খালিদ সাহেব বিরক্ত হয়ে বললেন,"তোমার ইন্টারভিউ নেওয়ার সময়েই বুঝে গিয়েছিলাম, অন্যকে নিয়ে তোমার মাথাব্যথা বেশি। ভেরি ব্যাড। কাজের ক্ষেত্রে এসব স্বভাব বিরক্তিকর।"
"সরি স্যার। আর কখনো হবে না।"
"সরি বললেই তো হবে না জ্যোতি।"
খালেদ সাহেব শক্ত গলায় বললেন," আগামী মাসে যেই প্রজেক্ট দুইটা প্রজেক্ট আছে, তার মধ্যে প্রথমটা সুপারভাইজ করবে সাদিত। আর দ্বিতীয়টা সুপারভাইজ করবে তুমি। ঠিক আছে?"
জ্যোতি হতভম্ব হয়ে গেল। প্রজেক্ট সুপারভাইজের দায়িত্ব এই অফিসের খুব কম কর্মচারীদের দেওয়া হয়। যাদের দেওয়া হয়, তারা সবাই সিনিয়র এবং অভিজ্ঞ। লাঞ্চ টাইমে অনেক কলিগের মুখে এই পদ নিয়ে ফিসফিসানি শুনেছে জ্যোতি। খালিদ সাহেব একেকবার একেকজনকে এই দায়িত্ব দেন। তবে জ্যোতির মতো জুনিয়র কাউকে এই প্রথম দিয়েছেন। জ্যোতি অবাক হলো তার কথা শুনে।
খালিদ সাহেব টেবিলের উপর হাত রেখে রাশভারি গলায় বললেন আবারো,"কি জ্যোতি? তুমি পারবে তো? পুরো প্রজেক্টের টিম লিডার হবে তুমি। পারবে?"
জ্যোতি বিস্ময় দমিয়ে সহজ হয়। নিঃশ্বাস নেয় মন ভরে। তারপর চোখ তুলে মৃদুস্বরে জবাব দেয়,"জি স্যার পারব।"
"ওকে। তাহলে আগামী সপ্তাহে এসে প্রজেক্টের ফাইলগুলো নিয়ে যেও।"
"আচ্ছা।"
অফিসের স্টাফরা কেউ জ্যোতির সুপারভাইজার হওয়ার খবর স্বাভাবিক ভাবে নিতে পারল না। জয়েনিংয়ের মাত্র তিন চার মাসে এতো বড় দায়িত্ব তাকে কেন দিলেন স্যার। লাঞ্চ টাইমে লম্বা সময় তাকে নিয়ে গবেষণা চলল ক্যান্টিনে। এটা অসম্ভব, হতেই পারে না। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। ঐ মেয়েটিকে খালিদ স্যার কিছুতেই এতো বড় সুযোগ দিতে পারেন না। তার চেয়েও যোগ্য আরো কর্মচারী আছে এখানে।
তির চারজন বাদে কেউই জ্যোতিকে অভিনন্দন জানাতে এলো না। জ্যোতি মাথাও ঘামাল না এসব নিয়ে। কে কি ভাবছে সেটা নিয়ে তার কিইবা যায় আসে? ওসব কিছু কখনোই গুরুত্ব পায়নি তার কাছে।
কর্মচারীরা ভাবছিল মেঝ স্যার পক্ষপাতিত্ব করেছেন জ্যোতির বেলায়। তবে খালিদ সাহেবের যুক্তি ভিন্ন। তিনি আহিলের কাজ দেখেই বুঝে গেলেন খুব দক্ষ কোনো হাত আছে এই কাজের পেছনে। আরো বেশি অবাক হলেন যখন জানলেন জ্যোতি নিজের সমস্ত কাজ সময় মতো শেষ করে তারপর আহিলকে সাহায্য করেছে। এই মেয়ে ভীষণ পটেনশিয়াল। খালিদ সাহেবের হঠাৎ মনে হলো, তিনি চাইলেই মেয়েটির মেধা আরো বড়ো পরিসরে কাজে লাগাতে পারেন। মেয়েটি গুণী,ধৈর্যশীল এবং মেধাবী। বয়স এবং অভিজ্ঞতা হিসেবে তার দক্ষতা ভীষণ মুগ্ধ করল খালিদ সাহেবকে।
____
বাঙালি শিশুদের সবচেয়ে দুঃখের পর্ব মনে হয় তাদের হাতেখড়ির পর্ব। জীবনের সব সুখ আনন্দ বিসর্জন দিয়ে একটা কালো ব্যাগ কাঁধে তুলে নিতে হয়। খেলার মার্বেল হাত থেকে ছেড়ে হাতে নিতে হয় মোটা মোটা বই। সেই বইয়ের বোঝা বইতে হয় পাক্কা দুই যুগ। তারপর গিয়ে হয় গতি,নয়তো শুনতে হয় মাস্টার্স পাশ বেকার। নিকিতা মজুমদার জীবনের সেই কুৎসিত ধাপে পদার্পণ করতে যাচ্ছে। সে মুখে মুখে বর্ণমালা শেখার ধাপ পেরিয়ে কলম হাতে তুলতে যাচ্ছে।
পারমিতা একটা কাগজ, পেনসিল আর রাবার এনে তার হাতে ধরিয়ে দিলো। কোমরে হাত গুজে বলল,"আজকে থেকে আমরা পড়াশুনা করব নিকি।"
নিকি ঠোঁট উল্টালো। মলিন মুখে বলল,"পলাশুনা? নিবির মতো?"
"হ্যাঁ, একদম।"
আবার ঠোঁট ভাঙল নিকিতা। পারমিতা অবাক হয়ে বলল,"এখনো তো পড়াশোনা শুরুই হয়নি। তার আগেই এমন চেহারা!"
নিকিতার পড়াশোনা নিয়ে তার মমা ভীষণ সচেতন। শুরুতেই কপাল কুঁচকে প্রাইমারি স্কুলের হেডমাস্টারদের মতোন কড়া গলায় বলল,"পড়ালেখার দুইটা পার্ট। পড়া এবং লেখা। এতোদিন পড়েছ, এখন লিখবে।"
নিকিতা মাথা চুলকে বলল,"পলালেখা কততে চাই না মমা। পলাশুনা কততে চাই। পববো, আর শুনবো।"
পারমিতা থমথমে স্বরে বলল,"পড়াশোনা করা যায় না শুধু। পড়তে জানলে লিখতেও জানতে হয়।"
"এত্তু কষতো!"
নিকিতা দীর্ঘশ্বাস ছাড়ল। শিক্ষার স্বাদ উপলব্ধি করার আগেই শিক্ষার দুর্ভোগ মুখ তেঁতো করে দিল তার। সে মিন মিন করে জানতে চাইল,"পলালেখা না করলে কি আমি বড়ো হবু না?"
"না। এইটুকু সাইজেই থেকে যাবা সারাজীবন।"
"আচছা। করবু পলাশুনা। এততু এততু করবু।"
নিকিতার কাছে পড়াশোনা ছিল বিশাল এক আতংকের নাম। স্কুলে যাওয়ার আগেই সে বুঝে গেল শিক্ষাজীবন খুবই জঘন্য হবে তার। তাকে পড়াতে বসাত মমা। এই মমাকে নিকিতা চিনে না। চোখে কালো ফ্রেমের চশমা চাপিয়ে কোমরে শাড়ির আঁচল গুজে হাতে একটা স্কেল নিয়ে সপাৎ সপাৎ বারি মারত টেবিলে। চোখ পাঁকিয়ে বলত,"এই নিকি, পড়তে বয়। পাঁচটা ওয়ার্ড যদি না শিখেছিস, তবে তোর একদিন কি আমার একদিন।"
মমাকে তখন ডাইনি বুড়ির মতো ভয়ংকর দেখায়। চোখ দু'টো ডিমের মতো ইয়া বড় করে মমা হাতের লিখা শেখায় তাকে। নিকিতা কাঁদো কাঁদো মুখে কাঠের চেয়ারে বসে দরজার দিকে তাকিয়ে থাকে অসহায় ভাবে। কেউ তো আসুক। এসে উদ্ধার করুক তাকে।
মমা বলেছে পড়াশোনা মৌলিক ব্যাপার। সবাইকেই পড়তে হয়, লিখতে জানতে হয়। নিকিতা কাচুমাচু মুখে বলল,"কিনতু আমি তু ছুতু বাবু। বেবি আমি।"
"ইশশ! এই বেলায় উনি বেবি। আর সারাদিন যে ঘরের ভেতর আকাম করতে থাকো? আগ বাড়িয়ে সব কাজ করতে যাও। তখন মনে থাকে না তুমি যে একটা বেবি?"
নিকিতা পা দোলাতে দোলাতে মিহি গলায় বলে,"মমা। এততু পাপাইয়ের কাছি যেতি চাই। যাই?"
"না। পাপাইয়ের কাছে যেতে হবে না। এ বি সি ডি শেখো আগে। বলো, এ তো কি?"
"এততু যাই পিইইজ? উখানে গিয়ে পড়ব। সুত্যি।"
নিকিতা অনুমতি নিয়েই চুপসে গেল। পারমিতার মুখ থমথমে। চাপা স্বরে বলল,"এতো ফাঁকিবাজ তুমি নিকি। আয়, পাপাইয়ের কাছে আয়। দেখি পাপাই কি রিয়েকশন দেয় ছোট মেয়ের পড়াচুরির গল্প শুনে।"
নিকিতা এক লাফে চেয়ার থেকে নেমে দরজার কাছে ছুটল। পারমিতা চোখ পাকিয়ে বলল,"এ্যাই নিকি। বই খাতা কে নিবে সাথে?"
"তুমি নিয়ে আসু।"
নিকিতা দৌড় থামায় না। পড়ার টেবিল থেকে ছাড়া পাওয়ার খুশিতে তার দুই চোখ জ্বল জ্বল করতে থাকে।
নিবেদিতা তখন পাপাইয়ের ঘরে। ম্যাথম্যাটিকসের দু'টো সহজ ফর্মুলা পাপাই কথায় কথায় শেখাচ্ছিল তাকে। হোম টিউটরদের পড়ার চাপ বাড়ছে দিন দিন। এখন আর দুই মিনিট রিভাইজ করলেই সব পড়া শেষ হয় না। নিবেদিতার পছন্দের বিষয় হলো ফিলোসোফি আর ইসলামিক হিস্টোরি। তার ভালো লাগতো মানুষের জীবন, তাদের আচার আচরণ নিয়ে ভাবতে। ইসলামের পুরাতন কাহিনি, মৌলিক বিষয়াদি নিয়ে পড়াশোনা করা তার পছন্দের কাজ। হোম স্কুলিংয়ে বাচ্চাদের একাডেমিক পড়াশোনার চাপ থাকে না। সরকারি কারিকুলাম অনুযায়ী পড়ার বাধ্যবাধকতা নেই। নিবেদিতা তাই ইংরেজি এবং গণিত বাদে বাকি সবকিছু নিজের পছন্দ মতো পড়ত। গণিতে তখন সে তার সমবয়সী বাচ্চাদের চেয়ে অনেক এগিয়ে। তারা তখন চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণীর ছাত্রী। আর নিবেদিতা পড়ত অষ্টম শ্রেণীর গণিত বই। হোম টিউটর পড়িয়ে গেলে তারপর পাপাই আবার একবার সবকিছু বোঝাত তাকে।
"পাপাই! ও পাপাই।"
নিকিতা দৌড়ে এলো ঘরে। নিনীত কপাল কুঁচকে বলল,কি হয়েছে?
নিকিতা এক দৌড়ে পাপাইয়ের কোলে চড়ে বসল। দু'হাতে তার গলা জড়িয়ে ধরে বুকের ভেতর মুখ গুজে বলল,"পাপাই। আমি একতা ছুতু বেবি না?"
"হ্যাঁ, বেবিই তো।"
"ছুতু বেবিদের কেউ বকা দেয়?"
"না।"
নিকিতা ঠোঁট ভেঙে বলল,"কিনতু মমা আমাকব বকা দিচছে পাপাই। শুধু পলাশুনা পলাশুনা আর পলাশুনা।"
"তো পড়াশোনা করতে হবে না?"
"না। পততে ভালু লাগে না পাপাই।"
নিকিতা কাঁদো কাঁদো মুখে বাবার শার্টে মুখ মোছে।
পারমিতা ঘরে ঢুকে খাতা, বই আর পেন্সিল খাটের উপর রেখে ভ্রুকুটি করে বলল,"এ্যাই ফাঁকিবাজ। পাপাইয়ের ঘরে এসে পড়বে বলেছ। দেখি পড়তে বসো তো।"
নিকিতা মুখ তুলল না। আষ্টেপৃষ্ঠে বাবার সাথে মিশে গিয়ে বিড়বিড় করে বলল,"কালকি পড়ব মমা। পমিস। সুত্যি।"
"নিকু! পাখিই। এদিকে তাকাও দেখি।"
"মমা। সুত্যি কালকে পড়ব তো।"
"রসগোল্লা আমার। মমার দিকে তাকাও। আমরা আজকে মজার পড়া পড়ব।"
নিকিতা ঘাড় ঘুরিয়ে বলল,"সুত্যি?"
"হ্যাঁ।"
"কি পববো?"
"আমরা আজকে অ্যালফাবেট শিখব।"
নিনীত বলল,"মা, পড়াশোনা না করলে তো বড় হলে কেউ আদর করবে না, কথা বলবে না, পাত্তা দিবে না। এই দেখো নিবিও তো পড়াশোনা করে। এজন্য আমরা সবাই নিবিকে ভালোবাসি। পড়াশোনা না করলে কেউ তোমাকে পাত্তা দিবে না সোনা।"
"সুত্যি?"
"একদম।"
নিকিতা বাবার কোল ছাড়ল না। সেখানে বসেই একনজর পারমিতার দিকে তাকিয়ে বলল,"আমি পাপাইয়ে কুল থেকেই পততি চাই। ঠিক আছে?"
"আচ্ছা। কোল থেকে পড়ো।"
পারমিতা এসে ওদের পাশে বসল। নিকিতা ফোলা চোখে অত্যন্ত অনাগ্রহের সাথে বইয়ের অ্যালফাবেটসের দিকে তাকায়। কপাল কুঁচকে বলে,"কতো পলাশুনা। আমি তো একতা বেবি। বেবিরা কি এতো পলাশুনা কততি পারে?"
"হয়েছে। পাকামি তো কম করো না। পড়ার বেলায় শুধু বেবি তুমি।"
নিকিতা পাপাইয়ের শার্ট খামচে ধরে বইয়ের পাতায় চোখ দিল। মমা তাকে পড়াচ্ছে। এ ফর অ্যাপল, বি ফর বল। সি ফর ক্যাট।"
পি আসতেই নিকিতা ব্যস্ত হলো। পারমিতা বলার আগেই চেঁচিয়ে চেঁচিয়ে নিজ থেকে বলল,"পি ফর পিমস। পি ফর পাপাই। পি ফর পিমস পাপাই।"
পারমিতা থামে। বই থেকে চোখ তুলে দেখে খুশিতে নিকিতার মুখ ঝকঝক করছে। সে দুই হাতে নিনীতের গালের দুই পাশ চেপে ধরে অগণিত চুমুতে ভরিয়ে দেয় তাকে। চটপটে গলায় বলে যায়,"আমার পিমস পাপাই, লকখি পাপাই, সুনা পাপাই, জান পাপাই।"
নিনীত হেসে ফেলল। নিবেদিতা বলল,"নিকির জীবন পাপাই দিয়ে শুরু, পাপাই দিয়েই শেষ।"
পারমিতা তাজ্জব হয়ে বলল,"নিকি তো দেখছি পাপাই অবসেসড। দিনে পাপাই, রাতে পাপাই, ঘুমে পাপাই, স্বপ্নেও পাপাই। কি জ্বালা! পিমস পাপাই, আপনি কি যাদু করলেন নিকিতাকে বলুন তো?"
নিনীত জবাবে হাসল কেবল। নিকিতা তখনও খুশিতে বলে যাচ্ছে,"পি তে আমার পাপাই। পি তে পিমস। পি তে পিমসেস। পি তে পিজজা। পি তে প্যানকিক।"
নিনীত মাথা নাড়ল। গাঢ় স্বরে বলল,"হ্যাঁ, আর পি তে আরেকটা জিনিসও আছে। বলো তো সেটা কি?"
নিকিতা ভাবতে ভাবতে বলল,"কি?"
নিনীত জবাব দেওয়ার আগেই পাশ থেকে নিবেদিতা জবাব দিল,"পি ফর পরী মা।"
"এক্সাক্টলি।" নিনীত বলল,"পি ফর পারমিতা। পি ফর পারমিতা ম্যাডাম।"
ওরা তিনজন মাথা নেড়ে আরো কিসব বলল।পারমিতা শুনতে পায়নি। হঠাৎ অন্যমনস্ক হয়ে গেল। একটা ছিমছাম, ঝামেলাহীন সংসার জীবনের চিত্র তার চোখের সামনে ভাসতে লাগল। একজন বাবা এবং তার দু'টো পাখির মতো ছানা। ছানারা কখনো তাদের মমার কথা ভুলে গেলেও পাপাই নিজ থেকে তার কথা মনে করিয়ে দেয় তাদের। ঐ সংসারটা পারমিতার। ঐ সংসারটা ডাক্তার ইবনাতের। ঐ সংসারটা নিনীতের ম্যাডামের।
____
চাঁদনী বাড়ি ফিরল রাতে। এক হাতে একটা চটের ব্যাগ। অন্য হাতে সিদরা। সিদরার বয়স এখন তিন মাস। তার জন্মের পর চাঁদনী চুলে চিরুনি চালাতেও ভুলে গেছে।
দরজা খোলার শব্দ পেতেই ফুলবানু ভেতরের ঘর থেকে চেঁচিয়ে বললেন,"কে আইসে বাড়িতে?"
চাঁদনী হালকা স্বরে বলল,"আমি, চাঁদনী।"
ফুলবানু পান চিবুতে চিবুতে বললেন,"ও, তুমি। তোমার নাটক তাইলে শেষ হইসে। ভাইয়ের কাছে গিয়া নিশ্চিত লাথি উষ্টা খাইসো। হুশ হইসে এতোক্ষণে।"
ফুলবানু নিজ থেকে বক বক করে যান। চাঁদনী জবাব দিল না। ঘরে গিয়ে সিদরাকে খাটের উপে শুয়িয়ে দুই পাশে বালিশ রাখে। তারপর চটের ব্যাগটা হাতে নিয়ে ফুলবানুর ঘরে যায়। গিয়ে বলে,"ভাইজান চাল ডাল আর ক্ষেতের সবজি দিসে। সাথে মাছও দিসে পুকুরের।"
ফুলবানু তাচ্ছিল্য করে তার হাতে থাকা ব্যাগটা দেখেন। পানের পিক ফেলে অবজ্ঞার সুরে বলেন,"এদ্দুরা চটের বস্তায় কইরা নি জিনিস দিসে? তোমার ভাইয়ের একটা বিবেক। এইটুক জিনিস কে দেয় কারে?"
চাঁদনী ধীর গলায় বলল,"প্রায় পনেরো কেজির মতো জিনিস আছে এটাতে। এইটুক কোথায়?"
ফুলবানু ক্ষেপলেন জবাব শুনে। তেঁতে উঠে বললেন,"তুমি আবার মুখে মুখে তর্ক করা শুরু করছ? তোমার ভাইয়ে তোমারে শেখায় নাই কেমনে জামাই আর শ্বাশুড়ির খেদমত করতে হয়? বেয়াদবি করো কোন সাহসে?"
"বেয়াদবি করি নি। জিজ্ঞেস করেছি যে পনেরো কেজি কি এইটুক নাকি।"
ফুলবানু ফুঁসতে লাগলেন ক্রমশ। চিৎকার করে বললেন,"আমার সোহাইল আজ বাড়িত আসুক। সব আমি খুইল্লা বলমু তারে।"
"বইলেন। আর সাথে বইলেন আমার মেয়ের ডায়াপার শেষ। নতুন ডায়াপার লাগবে।"
"মাইয়া মানুষের অতো শতো কি দরকার? এডির পিছে টাকা খরচ করবো কেডায়?"
চাঁদনী মাথা তুলে অত্যন্ত শান্ত মুখে বলল,"আম্মা, মাইয়া মানুষ হইসে বইলা কি ওর ডায়াপার লাগবে না? এসব কেমন কথা? আমার মেয়েরে আপনারা এতো ছোট কইরা দেখেন কেন? আমার খারাপ লাগে। আপনার ছেলের আগের ঘরের বাচ্চারে কি আপনারা এভাবে রাখতেন? তাকে তো ঠিকই দুধ ডিম সব খাওয়াতেন। আমার সিদরার বেলায় তাহলে এতো অন্যায় করেন কেন? আল্লাহ আছে আম্মা। উনি এসব অনাচার সইবে না।"
ফুলবানু ভাষা হারিয়ে ফেললেন। ডাগর ডাগর চোখে বোকার মতো কিছুক্ষণ চেয়ে থাকলেন চাঁদনীর নির্বিকার মুখটার দিকে। এই মাইয়া এসব কি কয়? তার এতো মুখ ফুটছে কবে? বিয়ের পর থেকে এই পর্যন্ত সে কোনো কিছু নিয়ে ফুলবানুর চোখে চোখ রেখে কথা বলেনি। একটা মাইয়া হওয়ার পরেই চাঁদনীর মুখে বুলি ফুটছে।
ফুলবানু বড় করে শ্বাস ছাড়েন। দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করেন। ছেলেটা বাড়ি ফিরুক কেবল। এতো বড় বেয়াদবির জবাব তিনি তখন দিবেন চাঁদনীকে। এমন মার মারবেন যে কাল সকালে হাঁটতে গেলেও নিজের করা ভুল নিয়ে পস্তাতে হবে তাকে।
ফুলবানু কঠিন মুখে বললেন,"মুখে মুখে চোপা না কইরা আমারে দুধ গরম কইরা দাও। পরোটা আর সবজি কইরা দাও।"
"আচ্ছা।"
চাঁদনী ঘর থেকে বেরিয়ে গেল। ফুলবানু খাটের সাথে হেলান দিয়ে তার বেরিয়ে যাওয়া দেখলেন। কতো বড় সাহস এই মাইয়ার। তার নাতির সাথে ও নিজের মেয়ের তুলনা করে।
হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়েন ফুলবানু। কতো আশা ছিল তার। ভেবেছিলেন চাঁদনীর ঘরেও ছেলে হবে একটা। মণিষার মতো অতো ধাঁর নেই তার ভেতর। মণিষার মতো মুখের উপর জবাব দিতে পারে না সে। সংসার ছেড়ে যাওয়ার মতো সাহসও নেই। তার ঘরে একটা ছেলে হলে ফুলবানুর আর কোনো দুঃখ ছিল না।
রাত নয়টা বাজে। পাশের ঘর থেকে সিদরার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। ফুলবানু বিরক্ত হলেন ভীষণ। চিৎকার করে বললেন,"এ্যাই চাঁদনী! তোমার মাইয়া কান্দে কেন? ওরে থামাও জলদি।"
_____
দরজা খুলতেই জেবা চমকে গেলেন। নিনীত দাঁড়িয়ে আছে মাথা নামিয়ে। জেবা অবাক হয়ে বললেন,"বাবা, তুমি এতো রাতে এখানে? কিছু হয়েছে বাবা?"
নিনীত দুই পাশে মাথা নাড়ল। তারপর হঠাৎ এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল জেবাকে। জেবা হতভম্ব হয়ে গেল। নিনীত তার কাঁধে চোখ মুছতে মুছতে বলল,"মা, আই অ্যাম স্যরি। আমি অনেক কষ্ট দিয়েছি তোমাদের।"
জেবা পাথর হয়ে দাঁড়িয়ে থাকেন। জড় বস্তুর মতো স্থির চোখে দেখে যান ছেলেকে। নিনীত আবার জড়ানো স্বরে বলল,"আই অ্যাম স্যরি মা। আমার জন্য অনেক ভুগতে হয়েছে তোমাদের। তোমাদের সবার সাথে অন্যায় করেছি আমি।"
নাসির সাহেবের ঘুম ভেঙে গেল। উঠে বসে চোখে চশমা দিতেই সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। খাট থেকে নেমে বললেন,"নিনীত! তুমি এখানে?"
নিনীত মা কে ছেড়ে দিল। নাসির সাহেব এগিয়ে আমার আগেই সে গিয়ে জড়িয়ে ধরল তাকে। সুদৃঢ় আলিঙ্গনে নাসির সাহেব স্তব্ধ হয়ে গেলেন। নিনীত একই সুরে আবার বলল,"বাবা, আই জাস্ট রুইন্ড মাই লাইফ। নিজের জীবন শেষ করেছি, মেয়েদের জীবন শেষ করছি, সব নষ্ট করেছি নিজের হাতে। স্যরি বাবা। অনেক জ্বালা দিয়েছি তোমাদের। জায়গায় জায়গায় ফেস লস হয়েছে তোমাদের। আমাকে তোমরা মাফ করে দাও।"
নাসির সাহেব ছেলের পিঠে হাত বুলিয়ে যান। মাথা নেড়ে বিরোধ করে বলেন,"না বাবা। আমরা জানি তুমি সেসময় খুব বাজে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছিলে। আমরা কেউ তোমার সাথে রেগে নেই।"
"বাবা, মেয়ে দু'টোকে আমি অনেক কষ্ট দিয়েছি। নিজেকেও কষ্ট দিয়েছি।"
"আমি জানি বাবা।"
নিনীত মাথা তুলল। চোখ মুছে বলল,"সবচেয়ে বেশি অন্যায় করেছি নিকিতার সাথে। ওকে আমি কোনোদিন মানুষই মনে করিনি। টেকেন ফর গ্র্যান্টেডের মতো ওর অনুভূতিকে তাচ্ছিল্য করেছি। ও একটা দুধের বাচ্চা ছিল। ওকে আমি এতো অবজ্ঞা করেছি।"
নিনীত আবার চোখ মুছল। জেবা এসে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন,"বাবা, থাকুক এসব পুরাতন কথা। এখন তো তুমি সব বুঝতে পারছ। কি দরকার সেসব কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার?"
"মা জানো, আজ কি হয়েছে? আজ রাতে পারমিতা নিকিতাকে লিখতে বসিয়েছে। নিকিতার প্রথম পেন্সিল ধরা। পারমিতা বলল," নিকু এটা তোমার প্রথম হাতের লিখা। বলো তুমি কি লিখতে চাও? অ আ লিখবে নাকি এ বি সি ডি লিখবে?"
নিকিতা বলল, ও ওর পাপাইয়ের নাম লিখতে চায়। ঠিক সেই মুহূর্তে আমি অনুধাবন করলাম, কতো বড়ো অন্যায় আমি নিকিতার সাথে করে এসেছি এতোদিন। ওর পাপাই ওর জান ছিল। অথচ আমি কোনোদিন ওকে সেই ভালোবাসার অর্ধেকও দেইনি। আই জাস্ট ডিড ইনজাস্টিজ উইথ মাই ডটারস। নিকিতা আর নিবেদিতার একটা ভালো পাপাই পাওয়ার কথা। আমাকে না। আমি...আমি একটা লুজার। লুজার ইন এভরি ফিল্ড, লুজার ইন এভরি রিলেশনশিপ।"
হাহ, মেয়েদের পিমস পাপাইয়ের ডেমন থেকে পুনরায় পিমস হওয়ার গল্প কিছুটা এমনই ছিল।
চলবে-
[আসসালামু আলাইকুম। ডেঙ্গু টেস্ট করিয়েছি। কাল রিপোর্ট পাব ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আমার কথা মতো আপনারা আগের পর্বে বেশি বেশি রিয়েক্ট করেছেন বলে এত্তো বেশি খুশি হয়েছি।🤍
দোয়ায় রাখবেন আমাকে। কাল ইনশাআল্লাহ পেইজে একটা ঘোষণা আসবে। এই বেলাতেও আপনাদের দোয়া আর সাহস চাই আমি। আপনারা আমার লক্ষ্মী পাঠক।]