ফন্ট সাইজ:
থিম:
সুখের নেশায়

পর্ব 28

লেখক: আসরিফা সুলতানা জেবা

সুখের_নেশায়
লেখিকাঃআসরিফা_সুলতানা_জেবা
৪৫+৪৬
পর্ব___৪৫

নিকষকৃষ্ণ আঁধার কেটে গিয়ে সুখের দেখা মিলল হয়ত।
প্রিয় মানুষ টার মুখে এক চিলতে হাসির চেয়ে মূল্যবান যেন আর কিছুই হয় না। দরজার ধারে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে চৈত্রিকা। এক পা বাড়াচ্ছে তো আবার পিছিয়ে আনছে। কয়েক কদম হাঁটার সাহস করে উঠতে পারছে না। বুকটা কাঁপছে ধুপধাপ। আজ অনুভূত হচ্ছে দুঃখ বিহীন সুখ যে নিরর্থক। কষ্টে জর্জরিত না হলে আজ,এই মুহুর্তের সুখটা যে এত মূল্যবান, স্বস্তির হতো না। সাফারাত ক্যানোলা লাগানো হাত টা বাড়িয়ে ডাকল ইশারায়। ঝড়ের গতিতে চৈত্রিকা ছুটে গেল। থমকালো বেডের কাছে গিয়ে, সাফারাতের পায়ের কাছে। সাফারাত ভ্রুঁ কুঁচকালো প্রিয়তমার থমকে যাওয়া দেখে। বেডের চারপাশে তাকিয়ে মেডিসিন চেক করা নার্সকে ক্ষীণ স্বরে বললো--' টুল দিন। '

নির্জীব, নিরব দর্শকের ভূমিকা পালন করছে চৈত্রিকা দুরুদুরু বুক ও অঢেল খুশি নিয়ে। আধবয়স্ক নার্স মৃদু হেসে কিছুটা দূরে রাখা টুল টা টেনে সাফারাতের বেডের কাছে রাখল। বললো,

' দাঁড়িয়ে আছেন কেন মিসেস?পেশেন্টের পাশে বসুন। আপনার অনুমতি আছে এখানে থাকার। আপনার শরীর কাঁপছে। বসুন আপনি। '

চৈত্রিকা লজ্জা পেল খানিকটা। নত মস্তকে টুলে এসে বসল। নার্স বেরিয়ে গেলেন কেবিন ছেড়ে। গভীর,গাঢ় দৃষ্টিতে সাফারাত চৈত্রিকার সারা মুখে চোখ বুলালো। এক হাতে চৈত্রিকার ডান হাত টা টেনে নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। চমকে উঠল চৈত্রিকা। সাফারাতের ক্ষীণ কন্ঠস্বর অথচ গম্ভীরতা স্পষ্ট।

' এই হাল কেন আপনার? দুর্বল দেখাচ্ছে কেন?'

চৈত্রিকা হকচকালো। আমতাআমতা করে বললো,
' ঠিক আছি আমি। আপনি কথা বলবেন না প্লিজ। এতে মাথায় প্রেশার পড়বে। ঘন্টা খানেকই তো হলো জ্ঞান ফিরেছে। '

' জ্ঞান ফেরার সাথে সাথে আপনি কেন এলেন না চৈত্র? এলেন তো এলেন দু'ঘন্টা পর। '

কথাটা বলে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো সাফারাত। চৈত্রিকা কি বলবে ভেবে পাচ্ছে না। যেই মানুষ টা ম'রতে ম'রতে বেঁচে ফিরেছে তাকে কি করে বলবে গত দেড় ঘন্টা ধরে ও বেহুঁশ ছিল। স্যালাইন দেওয়া হয়েছিল ওকে। যখনই জ্ঞান ফিরে দুর্বল শরীর টা নিয়ে ছুটে আসে এখানে। মিম ফোন দিয়ে জানায় সাফারাতের জ্ঞান ফিরেছে তবে অবস্থার উন্নতি হয় নি। মাথার ক্ষত থেকে নতুন করে রক্ত ঝরছে। এটা শুনে স্থবির হয়ে যায় চৈত্রিকা ক্ষণিকের জন্য। পরমুহূর্তে দৌড়ে হসপিটালে ঢুকে করিডোরে এসে জ্ঞান হারায়। ঢলে পড়ে আলো বেগমের বুকে। মানসিকভাবে বিধস্ত, না খেয়ে থাকায় এ হাল চৈত্রিকার। যদি এভাবে মানসিক অসুস্থতায় ভুগতে থাকে তাহলে যেকোনো সময়ে মিসক্যারেজ হয়ে যেতে পারে ওর। এসব শুনে আঁতকে উঠে চৈত্রিকা। আল্লাহর কাছে শুধু এটাই চায় ওর ভাগের সকল সুখ যেন আল্লাহ ওকে দেয়।

সাফারাত এসব শুনলে চিন্তায় পড়ে যাবে। হাইপার হবে। এতে মাথার আঘা*তে সমস্যা হবে, তাই চৈত্রিকা লুকিয়ে যাওয়ার চেষ্টা করলো। সুস্থ না হওয়া অব্দি কোনো প্রেশার পড়তে দেওয়া যাবে না সাফারাতের উপর। রিনঝিনে স্বরে আওড়ায় মিথ্যে কয়েকটা বাক্য,
' ডাক্তার পরে আসতে বলেছে। তখন জ্ঞান ফিরলেও আপনার অবস্থা ভালো ছিল না। '
সাফারাত উত্তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মুঠোয় আবদ্ধ কোমল,নরম হাত টা মুখের কাছে নিয়ে ঠোঁট ছোঁয়াল একবার, দু'বার, তিনবার,ক্রমাগত কয়েকবার। চৈত্রিকার পেটের দিকে একবার তাকিয়ে,চেহারার দিকে চোখ রেখে নরম স্বরে প্রশ্ন করল,

' ভালো আছেন আপনারা দু'জন? '

শক্ত আবরণ ভেদ করে নিমিষেই চৈত্রিকার নরম রূপ বেরিয়ে এলো। মেয়েটার চোখ থেকে এক ফোঁটা নোনতা জল কপোল ছুঁয়ে গড়িয়ে গেল গলা বরাবর। সাফারাত হাতের বাঁধন শক্ত করলো। ব্যগ্র,অস্থির,উত্তেজিত হয়ে উঠল। কাঠ কাঠ প্রশ্ন তার,

' আপনারা ভালো নেই?আমার কিছু ঘন্টার অনুপস্থিতিতে আপনাদের কেউ আঘা*ত করে নি তো চৈত্র মাস?'

চৈত্রিকা কিছুই বলতে পারল না। দ্রুত গতিতে ঝুঁকে অধর যুগল কিঞ্চিৎ স্পর্শ করালো সাফারাতের কপালে। নিমেষে চোখ থেকে বিন্দু বিন্দু জল সাফারাতের চোখের পাপড়ি স্পর্শ করল। ভাঙা গলায় বলে উঠল,

' আমরা ভালো আছি। আপনি জলদি সুস্থ হয়ে উঠুন। আমাদের আপনাকে প্রয়োজন। ভীষণ প্রয়োজন। '

' জানি চৈত্র। তাই তো সেই রাতে রাগে বাসা থেকে বের হয়েও শান্তি মিলে নি। আমি চাই নি আপনার উপর রাগের প্রভাব পড়ুক। মাঝ পথে গিয়ে মোবাইলে আপনার কাতর স্বর শুনে মনে হয়েছে আমি ম'রে যাচ্ছিলাম। ছুটে আসতে ইচ্ছে করছিল আপনার কাছে। জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল আপনি কাঁদবেন না চৈত্র। আমার একটুখানি রাগ তবে তা আপনার ভালোবাসার কাছে তুচ্ছ। গাড়ি ঘুরিয়ে আপনার কাছেই ফিরে আসছিলাম। অকস্মাৎ চোখ বুঁজার ফলে এক্সিডেন্ট হয়ে যায়। জানেন জ্ঞান হারানোর পূর্বে আমি যেন দেখেছিলাম আম্মু উঁচু পেট নিয়ে হাসোজ্জল মুখে দাঁড়িয়ে আছে। তার সাথে দাঁড়িয়ে আছেন আপনি। মনে প্রাণে চাইছিলাম কেউ আমায় বাঁচাক। আমার চৈত্রর সুখগুলো সজীব থাকে যেন। আপনাকে ভালোবাসি আমি চৈত্র। আর কখনও আমাকে আঘা*ত করবেন না। '

ডাক্তার আদি কেবিনের দরজায় নক করলো। ছিটকে সরে গেল চৈত্রিকা। মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে পড়ল এক পাশে। ডাক্তার আদি হাসলেন। নিখুঁত তাহার হাসি। সাফারাত বিরক্তি প্রকাশ করলো। রাগান্বিত কন্ঠস্বর।

' তোর এখন না আসলে হতো না আদি?নিজে সারাদিন বউয়ের থেকে দূরে থাকিস এখন আমাকেও রাখার ফন্দি আঁটছিস। '

আদি ইনজেকশন পুশ করতে করতে বলে উঠল,
' বড় বাঁচা বেঁচেছিস। বলতে হবে কই মাছের প্রাণ তোর। শিরা-উপশিরায় রাগের প্রদাহ বাড়িয়ে মানসিক পাগল হয়ে যাস না আবার। তখন তোকে সবাই সাফারাত এহমাদ নয় সাফারাত পাগলা এহমাদ ডাকবে। আর বউকে খাওয়াস না নাকি?শা*লা কোটি কোটি টাকার মালিক হয়ে বউকে খাওয়াতে কিপ্টামি করিস। এজন্যই তোর বউ খাবারের অভাবে ধুম ধাম মানুষের গায়ের উপর বেহুঁশ হয়ে পড়ে। '

চৈত্রিকার অধরে হাসি ফুটে উঠেছিল যা আদির শেষোক্ত বাক্যে মূর্ছা গিয়েছে। সাফারাতের ক্ষত বিক্ষত,সাদা ব্যান্ডেজে মুড়ানো কপালে বলিরেখার ভাঁজ ফুটে উঠল। প্রশ্নবিদ্ধ দৃষ্টি আদির উপর। আদি যাওয়ার আগে স্রেফ বলে গেল,
' শরীরের দিক থেকে দুর্বল হলেও তোর বউ মনের দিক থেকে অত্যাধিক পরিমাণে স্ট্রং। '

আদি,সাফারাত, দিহান স্কুল জীবনের বন্ধু। কলেজে উঠে তিনজন তিন দিকে ছিটকে যায়। কেউ পাড়ি জমায় চা'য়ের রাজ্যে, কেউ কেউ থেকে যায় জনপূর্ণ,কোলাহলে ভরপুর, ইট-পাথরের নগরীতে। সাফারাত চৈত্রিকার দিকে তাকালো। অসুস্থ শরীরে দুর্বোধ্য হাসল। চৈত্রিকা মিথ্যে বলায় ধরা পড়ে যাওয়ায় কেঁদে দেবার উপক্রম। কেন?কেন এই একটা মানুষের সমুখে একজন অবলা, ভীতু,লাজুক নারীতে পরিণত হয় সে?
_____________

টানা পনেরো দিন হসপিটালে থেকে বিরক্ত সাফারাত। যদি শরীর টা চলত তাহলে কখনও, এক দন্ড হাসপাতালে থাকত না সে। মাথার আঘা*তের কারণেই তাকে হাসপাতালে রাখা গেল। অসুস্থ অবস্থায়ও শেষ হয়নি তার রাগ। প্রতিদিন চৈত্রিকাকে তার রাগের, বিরক্তির স্বীকার হতে হতে হয়েছে। তবে কারণগুলো ভিন্ন। একেবারেই ভিন্ন। সাফারাতের রাগের কারণ মূলত চৈত্রিকার দুর্বল দেহখানি। নিজে অসুস্থ হয়েও চৈত্রিকাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলার বুদ্ধি এঁটেছে সে। তার সামনে সারাক্ষণ খাবার নিয়ে বসে থাকতে হয় চৈত্রিকাকে। হাসপাতালের বিদঘুটে স্যাভলন,ফিনাইলের গন্ধে চৈত্রিকার গা গুলিয়ে আসলেও খাবার থেকে রেহাই পায় নি। এমনকি সাফারাতের জন্য আনা সকল ফলমূল সাফারাত চৈত্রিকাকে খাইয়েছে। এ নিয়ে সকলের ফিসফিসের শেষ নেই। পুরো হাসপাতালে একদম রটে গিয়েছে কেবিন নাম্বার ২০২ এর পেশেন্ট সাফারাত এহমাদ নিজে অসুস্থ হয়েও বউয়ের সেবা যত্ন করছেন। আর এসব রটিয়েছে কেবিনে আসা নার্সগুলো।

সবাই সাফারাতকে দেখতে এলেও চাচা-চাচী আসেন নি৷ পাঁচ দিন আগে পৃথক মা'রা গিয়েছে। তা-ও সুই/সাইড করে। নিজের সেলে ফ্যানের সাথে ঝুলছিল সে। সুইসাইডের কারণ ড্রা*গস নিতে না পারা। অতিরিক্ত পরিমাণে ড্রা'গস এডিক্টেড ছিল সে। দীর্ঘ দিন জেলে থাকার দরুন ড্রা*গস নিতে না পেরে প্রায়শই চিল্লাচিল্লি করত,পাগলামি করত। একটা সময় মৃ*ত্যুকে বেছে নেয়। চৈত্রিকা যায় নি দেখতে। দিহানের কাছ থেকে শুনেছে ওর বাবা কে পৃথক গাড়ি চাপা দিয়েছিল ও সাফারাতকে কয়েকবার মা'রা'র চেষ্টা করেছিল। এসব জেনে চৈত্রিকার ইচ্ছে জাগে নিজ হাতে পৃথককে সহস্রবার গাড়ি চাপা দিয়ে মা'রতে। বাবার ভালোবাসা না পেলেও আজও যে খুব করে বাবাকে চায়। ছেলে হারা হয়ে নিজেদের যেন লুকিয়ে রেখেছেন পৃথকের বাবা-মা। চৈত্রিকার বলতে ইচ্ছে করে বেশ --' সবই পাপের ফল। '

হাসপাতাল থেকে রিলিজ করে সাফারাতকে বাসায় নিয়ে আসা হলো। সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। নয়ত কোনোপ্রকার স্নায়ুবিক চাপ পড়লে পরিণতি খুব একটা ভালো হবে না। বরঞ্চ ভয়াবহ হবে৷
নিস্তব্ধ বাড়িটা পুনরায় মানুষের সমাগমে উৎফুল্ল হয়ে উঠে। জেরিন, মৌসুমি বেগম আসেন সাফারাত কে দেখতে। দিহান, মিম,সিনথিয়া, আলো বেগম সবাই এখানেই থাকছে কয়েকটা দিন। মৌসুমি বেগমের এবারের আচরণ, রূপ ছিল একদম ঠান্ডা। চৈত্রিকার সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করলেন না তিনি। এতে অবশ্য অবাক হলো না চৈত্রিকা। সবই যে পাওয়ারের খেল। এখন কম বেশ সবাই জানে এই বাড়িটা সাফারাত চৈত্রিকার নামে লিখে দিয়েছে। জেরিন একটু আকটু উগ্র আচরণের প্রয়াস চালিয়েছে কিন্তু সবটাই বিফলে। পারল না শক্ত, কঠোর চৈত্রিকার সাথে জিতে যেতে।

চৈত্রিকা সাদার মাঝে লাল পাড়ের একটা শাড়ি পড়ল আজ। কিচেনে এসে সাফারাতের খাবার গুছিয়ে নিল। যাওয়ার সময় দেখল মিনা মলিন মুখে কিচেনের একপাশে দাঁড়িয়ে আছে। সর্বদা চঞ্চল, হাসিতে মত্ত মেয়েটার এহেন রূপ বোধগম্য হলো না চৈত্রিকার। হাতের ট্রে টা রেখে মিনার কাছে গিয়ে ওর মাথায় হাত রাখল। সাথে সাথে পিছন ফিরে ঝাপটে ধরল মিনা। অঝোরে কাঁদল মেয়েটা। চৈত্রিকা থামাতে পারল না। মিনা কেঁদে কেঁদে বলতে লাগলো ,
' সবাই খারাপ ভাবী। সবাই খারাপ। আমার মা-ও খারাপ আছিল। আমি ক্যান বাঁইচা আছি?স্যার সুস্থ হলে আমারে তাড়ায় দিব না?আমি তো উনার অপরাধী। '

চৈত্রিকা ছোট মিনার মাথায় হাত বুলিয়ে দিল। গলা ধরে আসল ওর। বললো,
' তোমার মা অন্যায় করেছে, তুমি নও। তুমি আমার ও সাফারাতের চোখে একটা অবুঝ কিশোরী। তুমি জানতে না তোমার মায়ের অপরাধ। আমার কারণেই জানতে পারলে। তুমি অপরাধ করো নি, একদম মন খারাপ করে রাখবে না। '

খাবারের ট্রে হাতে নিয়ে অগ্রসর হলো চৈত্রিকা। মিনা পিছু ডেকে জিজ্ঞেস করে উঠল,
' স্যার রে বলবেন না?শা*স্তি দিবেন না শয়তান গুলোরে?'
চৈত্রিকা বাঁক ফিরে চাইল সঙ্গে সঙ্গে। মৃদু নাড়ালো ঠোঁট দুটো,
' লড়াই টা নিজের ঘাড়ে তুলে নিলাম। আর কাউকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছি না আমি। আগুনে পুড়াবো না। তবে একেকজনের মৃ*ত্যুর ধরন,শা*স্তি ভয়ংকর হবে। খুবই ভয়ংকর। '
__________

সাফারাত শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে। চৈত্রিকা খাবার নিয়ে আসতেই উঠে বসল। মোবাইলের দিকে নজর রেখেই গম্ভীর স্বরে বলে উঠল,

' সাদা পড়েছেন কেন চৈত্র? লাল পড়বেন আপনি। টুকটুকে লাল। এই শাড়ি টা পড়ে আরেকবার চোখের সামনে আসলে টেনে সবটা খুলে জ্বালিয়ে দিব। টুকটুকে লাল বউ হয়ে আসুন। '

সাফারাত কি থ্রে'ট দিল?অবাকের শীর্ষে পৌঁছে গেল চৈত্রিকা। সেই সাথে দু'গালে গরম অনুভব করলো মনে মনে থ্রে'ট টা আওড়াতেই। চলে যেতে নিলে সাফারাত হাত ধরে আঁটকে ফেলল। লহু স্বরে বললো,
' আমাকে খাইয়ে দিন। তারপর শাড়ি বদলাবেন। '

বাধ্য মেয়ের মতো খাইয়ে দিতে শুরু করলো চৈত্রিকা। তবে হাত কাঁপছে। হাসপাতালে থাকা দিন গুলো থেকে এমন হয়ে আসছে। যতবার সাফারাতের ওষ্ঠাধর ঠেকছে আঙ্গুলে, শরীরে কাঁপুনি সৃষ্ট হচ্ছে ততবার। চৈত্রিকার এবার চুলকানি হচ্ছে কোমরে। বাম হাত টা নিয়ে ডান কোমরে চুলকাতে যাবে সাফারাত বাঁধ সাধল। তুখোড় দৃষ্টিতে তাকালো কোমরের দিকে। সোজাসাপ্টা প্রশ্ন তার,
' চুলকানি হচ্ছে? '
চৈত্রিকার চোখ বড়সড় হয়ে এলো। একবার মাথা উপর নিচ করল তো আরেকবার দু'পাশে নাড়ালো। মুখে কিছু বলার আগেই নখ বিঁধিয়ে দিল সাফারাত। পেট মোচড় দিয়ে উঠল চৈত্রিকার। তরঙ্গ খেলে গেল সারা অঙ্গে-প্রত্যঙ্গে।

রুম হতে বেরিয়ে সুফিয়া বেগমের রুমে এলো। বিছানায় পড়ে কাতরাচ্ছেন তিনি। শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। বিশ্রী গন্ধে রুমটায় আসতে চায় না কেউ। সাফারাতের এক্সিডেন্টের দিন সকালে তিনি স্ট্রোক করেন। সেই থেকে মরা'র মতো পড়ে আছেন বিছানায়। বাড়িতেই ট্রিটমেন্টের ব্যবস্থা করিয়েছে সাফারাত। চৈত্রিকার একটুখানি মায়া হয়। কাছে এগিয়ে আসে সে। ফিসফিস করে বলে,
' আপনাকে এভাবেই ভালো লাগছে। মিথ্যে রোগের বাহানা দিয়ে হসপিটালে পড়ে থাকার চেয়ে কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকা নিঃসন্দেহে ভালো কাজ দাদি। আমার শাশুড়ি মায়ের বিয়ের বেনারসি টা কই রেখেছেন বলেন তো?ও আপনি তো কথা বলতে পারেন না। আমি নিজেই খুঁজে নিব। '

সুফিয়া বেগমের চক্ষু কোটর হতে কার্নিশ বেয়ে জল গড়িয়ে গেল। চৈত্রিকা আলমিরা খুলে সিয়ার বহু পুরোনো বিয়ের লাল টুকটুকে শাড়ি টা নিয়ে বেরিয়ে যায়।

পর্ব___৪৬

বাহিরে আঁধার নেমে এসেছে। সেই অন্ধকার,অমানিশা ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বেই টুপটুপ করে জ্বলে উঠল ময়ূখ। তাদের দীপ্ততা ছড়িয়ে ছিটিয়ে পড়ল পুরো ঘরময়। সাফারাত বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। মেজাজ চরম তপ্ত হয়ে আছে তার। মাথা,ঘাড় ব্যাথায় টনটন করছে। বিকেল হতে এই কক্ষে আসে নি চৈত্রিকা। তাকে দেখার তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে সাফারাত বেজায় বিরক্ত, রাগান্বিত। সুঠাম, তাগড়া,বলিষ্ঠ পুরুষালি শরীর টায় এখনও আগের ন্যায় ফিরে আসে নি শক্তি। ডাক্তারের কঠোর নিষেধাজ্ঞা শরীরে যেন জোর না দেয়। মস্তিষ্কের মতোন ক্ষত হাত-পাও। হাঁটতে বেশ বেগ পোহাতে হয়। দাঁড়ানো টা-ই কষ্টকর হয়ে যায়। পায়ের প্লাস্টার টা গতকাল খোলা হয়েছে। সাফারাতের এসব বিষয়ে তোয়াক্কা নেই। তার ফর্সা মুখটা রক্তিম রঙে রাঙানো। ভিতরে ভিতরে ক্রোধ। দরজা পর্যন্ত হেঁটে এসে গলা উঁচিয়ে প্যাসেজওয়ে ধরে টইটই করে চলন্ত মিনাকে ডাকল। স্থির হলো মিনা। উল্টো ঘুরে এক প্রকার দৌড়ে ছুটে এলো। অবাক স্বরে তড়িঘড়ি করে বললো,

' কিছু কইবেন স্যার? আপনে উঠছেন ক্যান?কিছু লাগলে আমারে কন। '
সাফারাত চোখ রাঙিয়ে তাকালো। রোষপূর্ণ কন্ঠে বলে উঠল,
' চৈত্র কোথায়?'
' ভাবী?ভাবীরে তো কতক্ষণ আগে ছাঁদে যাইতে দেখলাম। আইচ্ছা আমি এহনই ডাকতে যাইতাছি। '
' তোমার যেতে হবে না৷ আমি যাবো। নিচে যাও তুমি। '
' আচ্ছা স্যার। '

মিনা কিছুক্ষণ ড্যাবড্যাব চোখে তাকিয়ে চলে গেল নিচে। সাফারাত আস্তেধীরে হেঁটে ছাদের সিঁড়ি অভিমুখে দাঁড়িয়ে পড়ল। অসুস্থ পা দুটো নিয়ে কিভাবে ভাঙ্গবে এতগুলো সিঁড়ি? ভেবেই গরম মেজাজ টা বেশ চটে গেল। সকল অসুস্থতা ঠেলে দিয়ে উঠে পড়ল সিঁড়ি বেয়ে। সময় লাগল,একটু আকটু কষ্ট হলো কিন্তু রাগ কমলো না। এত খামখেয়ালিপনা পছন্দ না তার। রাতের বেলা ছাদে তা-ও প্রেগন্যান্সি অবস্থায়। চৈত্রিকা কি বুঝতে পারলো না তাকে না দেখে কি হাল হবে তার প্রাণপুরুষের?ছাদের দরজা পার করে ঢুকতেই ভ্রুঁ যুগল কুঁচকে গেল সাফারাতের। পুরো ছাদের মেঝেময় ছোট ছোট প্রদীপ বাতি জ্বলছে। সকল বাতি ডিঙিয়ে ছাদের অন্যপাশে যেতেই চক্ষে বিঁধল একটা মেয়ের শাড়ির আঁচল মেঝেতে পড়ে আছে। আঁচল টা লাল বর্ণের। টুকটুকে লাল একটা শাড়ি। শাড়ি টা চিনতে সময় লাগল না। এটা তার জীবনের প্রথম নারীর,তার মায়ের।

এক গাছি চুল আঁচলের পাশাপাশি মেঝে স্পর্শ করছে। ঝুঁকে প্রদীপ জ্বালাতে ব্যস্ত মেয়েটা। চিকন ঠোঁটের কার্নিশে বহমান স্মিত হাসি। সাফারাত থমকে গেল। থমকালো তার হৃদযন্ত্রের ক্রিয়া। দৃষ্টি স্থির,অনঢ়।

মেয়েটা কানে গুঁজে রাখা একটা লাল রঙা জারবেরা। কারো উপস্থিতি আঁচ করতে পেরে চট করে মাথা ঘুরিয়ে তাকালো সে। এক জোড়া মন্ত্রমুগ্ধ মিশ্রিত নেত্রের চাহনি দেখে ভড়কে গেল। দ্রুত গতিতে দাঁড়িয়ে ছুটে এসে উদ্বেল মাখা,উদভ্রান্ত স্বরে জিজ্ঞেস করলো,

' একা একা এসেছেন?আপনার তো পায়ে ব্যাথা। আমিই নিয়ে আসতাম। একা আসতে গেলেন কেন?কষ্ট হয় নি?'

ওষ্ঠদ্বয়ে একটা আঙুল ঠেকতেই কন্ঠনালিতে আটকা পড়ল চৈত্রিকার সকল প্রশ্ন। তিরতির করে কেঁপে উঠল ওর দু ঠোঁট। সাফারাত অধর প্রসারিত করলো ক্ষীণ। ঠোঁটে আঙ্গুল টা দিয়ে আরেকটু চাপ দিল। তাতে যেন আরো প্রবলভাবে কাঁপল দু'ঠোঁট। সাফারাত টের পেল তা। চৈত্রিকার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল তৎক্ষনাৎ। গভীর চোখের চাউনিতে লজ্জায় আরক্তিম হয়ে যাচ্ছে সে। সাফারাত চারদিকে চোখ বুলিয়ে কানের কাছে মুখ এগিয়ে আনল। বাড়িয়ে দিল চৈত্রিকার বক্ষস্পন্দন। ফিচেল স্বরে বলে উঠল,
' বিকেল হতে ছাদে বাসরঘর সাজাচ্ছিলেন?একবারও ভাবলেন না আপনার স্বামীর মুড আছে কি-না বাসর করার। '

চৈত্রিকার বুকে উত্তাল পাতাল ঢেউ গর্জে উঠতে শুরু করলো নিমিষেই। গলা শুকিয়ে কাঠ। ফাঁকা ঢোক গিলল সে। চক্ষুদ্বয় পিটপিট করে বললো,
' শুভ জন্মদিন। ছাব্বিশ পেরিয়ে সাতাশ হলো। একটু বড় হলেন,একটু বুড়ো হলেন। '
সাফারাত এক ভ্রুঁ উঁচিয়ে বললো,
' সারাদিন উইশ করলেন না। এখন করলেন। জন্মদিন যখন শেষ হওয়ার পথে। '
' শেষ হয় নি। রাত বারোটা অব্দি সময় থাকে। '
' আপনি এত বছরেও আমার জন্ম তারিখ টা ভুলেন নি। কিন্তু আপনার জন্মদিন টা যে কবে?'

আকাশে চন্দ্রিমা উপস্থিত হয়েছে নিজের অপার সৌন্দর্য নিয়ে। তাহার রুপে আলোকিত পুরো ছাদ। প্রদীপের আলোয় জ্বলজ্বল ছাদে চৈত্রিকার পুরো মুখশ্রী হলদে দেখাচ্ছে। ঢের অভিমান চেহারায়। সাফারাত ভুলে গেল ওর জন্ম তারিখ? এই ভালোবাসা? কয়েক বছরের দূরত্বে,বিচ্ছেদে ভুলে গেল?বয়স ছাব্বিশ হোক!মনটা প্রিয় মানুষের সান্নিধ্যে সেই কিশোরী জীবনের মতো হয়ে গেল।অভিমানহত হয়ে সাফারাতের কাছ থেকে সরে যেতে নিলে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল সাফারাত। শাড়ি গলিয়ে উন্মুক্ত পেটে হাত রেখে নেশাক্ত কন্ঠে বলে উঠল,

' আপনি সুন্দর চৈত্র মাস। ভীষণ সুন্দর। আম্মু আজ আপনাকে তার শাড়িতে দেখলে বিস্মিত হত। বলত,এই মেয়েটা তো অপ্সরী। কে বলবে এই মেয়েটা শুধু আমার ত্রিশ দিনের ছোট?আপনি তো সদ্য ফোঁটা পদ্ম। '

সাফারাতের ঘোর লাগা কন্ঠস্বর মোলায়েম সারা গা,দেহপিঞ্জর কাঁপিয়ে তুলল। শ্বাস ভারী হয়ে এলো চৈত্রিকার। চুলগুলো একপাশে রেখে সাফারাত কানের পিঠে উষ্ণ ছোঁয়া এঁকে দিল। দীর্ঘ একটা শ্বাস টেনে নিল নিজের অভ্যন্তরে। প্রশ্ন করল,

' জারবেরা কোথায় পেলেন?'

চৈত্রিকা তৎক্ষনাৎ উত্তর দিতে পারল না। রয়ে সয়ে বললো,
' আনিয়েছি বাজার থেকে। আপনি বিয়ের পর থেকে আমায় দিচ্ছেন না। '
সাফারাত সুপ্ত হেসে বলে উঠল,
' চালাক হয়ে গেলেন চৈত্র। অবশ্য আপনি চালাক। তবে বোকা শুধু আমার কাছেই। '
কথাটা বলেই সাফারাত পাঁজা কোলা করে চৈত্রিকাকে নিয়ে দোলনায় বসে পড়ল। ফর্সা ঘাড়ে থুতুনি ঠেকিয়ে বলে উঠল,
' জারবেরার মাধ্যমে ভালোবাসা টা মিস করছেন?'
চৈত্রিকা নিমিষেই উত্তর দিল,
' খুব। '
' এত প্রিয় হয়ে গেল ফুলগুলো? '
' উঁহু। শুধু মাত্র ভালোবাসার মাধ্যম টা। '
সাফারাত ঘাড়ে মুখ ডুবিয়ে দিতেই চৈত্রিকা তার পেটে চাপ প্রয়োগ করা হাত দুটো খামচে ধরে। শ্রবণ হয় গাঢ় স্বরের একটা অদ্ভুত,ভয়ংকর একটা প্রশ্ন।
' আপনার প্রথম ভালো লাগা কে চৈত্র? '

প্রথম ভালো লাগা?জীবনের প্রথম ভালো লাগা ক'জন মনে রাখে?বয়স বাড়ার সাথে সাথে ভালো লাগা,পছন্দের পরিবর্তন ঘটে,বদল হয়। বিভিন্ন ক্ষেত্রে চৈত্রিকার এটা হলেও একজন ব্যক্তির ক্ষেত্রে সেটা হয় নি। সাবলীল কন্ঠে প্রতুত্তর করে,

' আমার প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা আপনি সাফারাত। ভালোবাসি আমি আপনাকে। খুব ভালোবাসি। কিশোরী জীবনের সেই প্রথম দেখায় আপনাকে দেখে আমার হৃদস্পন্দন থমকে যায়। শুধু দেরি হয়ে যায় ভালোবাসা টা বুঝতে, অনুভব করতে। '

অকপটে স্বীকার করে চৈত্রিকা নিজেই হতভম্ব। আজ সে লজ্জা পেল না। সাফারাতের লহু স্বর শুনতে পায়। হৃদয় নিংড়ানো স্বর।

' কয়েক মাস আগে যখন জার্মানি থেকে ফিরে আপনার খুঁজে সিলেট গিয়ে না পেয়ে ব্যর্থ হয়ে ঢাকাতে চলে আসি তারপর একদিন জ্যামে আটকা পড়ি। গাড়িতে বসে বাহিরে তাকিয়ে ছিলাম। তখনই চোখে পড়ে একটা সুতি থ্রি পিস পরিহিতা মেয়ে মাথায় ঘোমটা টেনে ফুটপাত ধরে হেঁটে আসছে। চৈত্র মাসের গরমে অবস্থা নাজেহাল মেয়েটার। কপাল থেকে ঘাম বেয়ে পড়ছে। ছোট্ট একটা ফুল বিক্রেতা শিশু এক বালতি জারবেরা নিয়ে মেয়েটার পথ আঁটকে দাঁড়ায়। মেয়েটা হাসিমুখে একটা জারবেরা হাতে তুলে নেয়। সাথে সাথে একটা ছবি তুলে রাখি আমি মেয়েটার। কারণ আট বছর আগের যেই কিশোরী চৈত্র কে খুঁজতে আমি সিলেট গিয়েছিলাম সে আমার চোখের সামনে,যাকে চিনতে আমার এক মুহুর্তও লাগল না। পার্থক্য সময়ের সাথে মেয়েটার চেহারার পরিবর্তন হয়েছে একটুখানি। আগের চেয়েও দ্বিগুণ মায়াবিনী,সুন্দর হয়ে উঠেছে। কিছু সেকেন্ড পর সুন্দর সেই চৈত্র নামের মেয়েটা ছোট শিশু টার বালতি তে ফুল টা রেখে গালে হাত বুলিয়ে চলে যায়। সেদিন হতে জারবেরা আমার পছন্দের তালিকায় জায়গা করে নিল। হয়ে উঠল আমার প্রেম নিবেদনের মাধ্যম। '

চৈত্রিকা চমকিত নয়নে তাকালো সাফারাতের মুখের দিক। সাফারাত তখন মাদকতাময় দৃষ্টি মেলে চিকন অধরের দিকে চেয়ে বললো,
' আপনি আমাকে জন্মদিনের গিফট দিবেন না চৈত্র? আমি কিন্তু অগ্রীম গিফট দিয়েছি আপনাকে। যেটা এই মুহুর্তে আপনার পেটে অবস্থান করছে। আর আট মাস পরেই এক ফালি সুখ নিয়ে হাজির হবে। বন্ধুত্বের কোনো সুবিধা পেলাম না। সব নিজেই জোর করে আদায় করতে হয়। অস্থির আমাকেই হতে হয়। '

চৈত্রিকা লজ্জা পেল। দখিনা শীতল হাওয়ায় নিভে গেল সবকটা বাতি,শুধু ছাদের মাঝে থাকা একটা প্রদীপ বাদে। তা-ও বাতিটার আগুন নিভু নিভু। চাঁদ মুখ লুকিয়েছে। জোৎস্না বিলীন করছে না আর। সাফারাতের চোখে হাত চেপে ধরল চৈত্রিকা। সাফারাত বাঁধা দিল না। কোমর জরিয়ে কাছে টেনে নিয়ে বলে উঠল,
' রেডি ম্যাম। '
চৈত্রিকা নিজের ওষ্ঠযুগল এগিয়ে আনল সমুখের মানুষটার ঠোঁটের কাছাকাছি, অতি নিকটস্থে। বুক টা দুরুদুরু করছে। অস্বাভাবিক শরীরের কার্যকলাপ। শিরায় উপশিরায়,রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যাচ্ছে। ঠোঁট দুটো তে নিজের ওষ্ঠাধর আলতো ছোঁয়াতেই সারা দেহ,কায়া বজ্রপাতের ন্যায় কেঁপে উঠল। চোখ বুঁজে মিশিয়ে দিল দু' অধর। সাফারাত তা সাদরে আঁকড়ে ধরল। পরম সুখের নেশায় মত্ত, মাতাল হলো যেন দু'জনে,দু'টো হৃদপিণ্ড।
____________

চার মাসের অন্তঃসত্ত্বা চৈত্রিকা বেলকনির রেলিংয়ে এক হাত চেপে দাঁড়িয়ে আছে। বাড়ির বড়সড় রাজকীয় গেট দিয়ে প্রবেশ করছে লাশবাহী গাড়িটা। অদ্ভুত ব্যাপার হলো বাড়িতে একজন সদস্যের লাশ আসছে অথচ কান্নার রোল পড়ে নি। কারো ক্রন্দন চিৎকার আসছে না চৈত্রিকার কর্ণধারে। চৈত্রিকা ধীরে ধীরে নিচে নেমে এলো। বিদায়ের সব আয়োজন হয়ে গেছে। কাফনের কাপড়ও রেডি। মৌসুমির চোখ দুটো ফোলা। চৈত্রিকা কে দেখে জড়িয়ে ধরে কাঁদল সে। আবেগে নাকি ভুলে বস্তির মেয়েটাকে জড়িয়ে ধরল?চৈত্রিকার হাসি পাচ্ছে। ভীষণ। মৃ'ত্যু মানুষ টার শা*স্তির অবসান ঘটিয়ে দিল। শা*স্তি টা আরেকটু দীর্ঘ হতে পারল না?

চলবে,,,!
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 28 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন