ফন্ট সাইজ:
থিম:
ভালোবাসাটা যে হয়ে গেল

পর্ব 3

লেখক: আসরিফা সুলতানা জেবা

#ভালোবাসাটা_যে_হয়ে_গেল
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___৩

অন্তর খেয়াল করল গতকাল বিকেল থেকে রিনি তার সাথে বাকি দিনগুলোর মতো স্বাভাবিক আচরণ করছে না,কথা বলছে না। সে ডাকলেও সাড়া দিচ্ছে না। চঞ্চল তিতলির মতো মেয়েটার হুট করে কী হলো ঠাহর করতে পারছে না সে। একটু আগেই ভর দুপুরে আইসক্রিমওয়ালার ঘন্টার টংটং আওয়াজে বাড়ির সামনের কাঁচা পথে যায় অন্তর। দাদি,রিনি,মা বাড়ির সবার জন্য অনেকগুলো কুলফি কিনে নিয়ে আসল সে। দাদি,কাজের মেয়েটাকে কুলফি দিয়ে রান্নাঘরে এলো সে কুলফি হাতে। রিনি তার উপস্থিতি টের পেয়ে এক পলক তাকিয়ে মাথা নামিয়ে লাউ কাটায় মত্ত হয়ে পড়ল। মায়ের হাতে একটা কুলফি ধরিয়ে দিয়ে সে রিনির মুখের সামনে আরেকটা কুলফি ধরল,
" নাও। "
রিনি মাথা তুলল না। বরং শাশুড়ির কান বাঁচিয়ে ধীর স্বরে বলল," খাব না। "
" কেন খাবে না?"
অন্তরের গলার আওয়াজ উঁচু ছিল। রিনি যে তার সাথে তেজ দেখিয়ে বলল খাবে না বুঝতে বেগ পোহাতে হলো না তার। সালেহা মমতা ভরা কণ্ঠে বললেন,
" খাইবা না কেন বউ? খাও,গরমে ভালা লাগবে। ভিতর ঠাণ্ডা হইব। "
রিনি মিথ্যা বলতে বাধ্য হলো, " আসলে আম্মা, আমার জ্বর জ্বর লাগছে।"
" কী কও? শরীর বেশি খারাপ লাগতেছে? ডাক্তারের কাছে লইয়া যা অন্তর।"
তৎক্ষনাৎ অন্তর হাত বাড়িয়ে তার কপালে ঠেকাল। আকস্মিক ছোঁয়ায় শরীর ঝাঁকুনি দিয়ে উঠল মেয়েটার। ঘাড় একটুখানি উঁচু করলে তার ভ্রমর কালো চক্ষু জোড়া বন্দি হলো আগুন ঝরা দুটি চোখে। নিমিষেই মনে হলো দৃষ্টি জোড়া এফোঁড়-ওফোঁড় করে দিচ্ছে তাকে। শুষ্ক একটা ঢোক গিলে চোখ নামিয়ে নিল সে। টের পেল কপাল থেকে হাত সরিয়ে নিয়েছে অন্তর। লোকটা যে তার জ্বর নিয়ে মিথ্যা বুঝতে পেরে রেগে বোম হয়ে গেছে বুঝতে বাকি নেই ওর। চিবিয়ে চিবিয়ে বলে গেল,
" এমন অল্পস্বল্প জ্বরে কিছু হবে না আম্মা। ঘরে নাপা এক্সট্রা থাকলে খাইয়ে দিও।"
যাওয়ার আগে পলিথিনের বাকি কুলফিগুলো উঠোনে ছুঁড়ে ফেলল সে। ছেলেকে এমন কাণ্ড করতে দেখে হতবাক হলেন সালেহা। হাঁক ছাড়লেন তিনি,
" এই অন্তর, আব্বা! কী হইছে তোর?"
মায়ের কথা সম্পূর্ণ কর্ণকুহরে যাবার আগেই বড়ো বড়ো পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল অন্তর।
সালেহা তার যাওয়ার পানে চেয়ে হাহাকার করে উঠলেন," আমার শান্ত পোলাডা হঠাৎ এমন রাগল কেন বউ? কী হইল ওর?"
ঠিকই তো কেন রাগল অন্তর? রিনি কুলফি খায় নি বলে এত রাগ করেছে না-কি অন্য কারণে?

অন্তর ঘরে নেই। সে আসার আগে ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গেল রিনি। মধ্যাহ্নে যে তার সাথে ক্রোধ দেখিয়ে বাড়ি থেকে বের হয়েছে এখনও ফিরে নি। আজ লোকটার মুখোমুখি হলে ভয়ানক কিছু ঘটে যাবে রিনি নিশ্চিত। দৈবাৎ বাহুতে টান অনুভব করায় আতঙ্কিত হয়ে পড়ল ও। চোখের সমুখে শ্যাম পুরুষের তুমুল রাগান্বিত চেহারা দেখে ভয়ে কুঁকড়ে গেল ভিতরে ভিতরে। তাকে টেনেহিঁচড়ে পুকুর পাড়ে নিয়ে আসল অন্তর। ঘাটলায় এনে ধমকের সুরে আদেশ করল,
" বসো এখানে। "
রিনির ধনুকের মতো বাঁকানো শরীর জুড়ে তরঙ্গ খেলে গেল পুরুষালি রাগত স্বরে। গাইগুই করে পাকা করা ঘাটলার উপরের সিঁড়িতে বসল ও মুখ ঘুরিয়ে। অন্তর বসেছিল পাশে। তাকে মুখ ঘুরিয়ে বসতে দেখে অন্তরের মাথায় চড়া রাগটা বাড়ল ধুন্ধুমার।
" ওদিকে ঘুরে বসেছ কেন? আমার দিকে তাকাও।"

রিনি সুবোধ বালিকা হতে পারল না। উলটো শরীরটা আরেকটুখানি ঘুরিয়ে বসল। তাকে আদ্যোপান্ত পর্যবেক্ষণ করে হৃৎস্পন্দন থমকে গেল অন্তরের। রিনিকে আলো-আঁধারিতে একা ফেলেই ঘরের দিকে ছুটল সে হন্তদন্ত হয়ে। ফিরে এলো লাল রঙের দোপাট্টা সমেত। অন্যত্র দৃষ্টি রেখে রিনির দিকে ওড়নাটা বাড়িয়ে দিয়ে শান্ত অথচ রাশভারি গলায় বলল,
" ধরো।"
রিনি হাত বাড়িয়ে ওড়নাটা নিল। অন্তর তাকে হঠাৎ টেনে আনায় ওড়নাটা জড়িয়ে আসতে পারে নি সে। বুকের ভেতর ছলকে রক্তোচ্ছাস নিয়ে মেয়েটা কাঁপা কাঁপা হাতে ওড়নাটা নিয়ে বুকের ওপর মেলে ধরল। তৎপরে ফিরে বসল অন্তরের দিকে। অন্তর বসল তার থেকে খানিক দূরত্বে। ঝিঁ ঝিঁ পোকার ডাক ভাসছে চতুর্দিকে। বাড়ির এক কোণে জ্বলতে থাকা হলুদ বাতিটার ঈষৎ দ্যুতিতে অল্প আলোকিত পুকুরের এই পাশটা। পুকুরের পাশে দানবের মতো বিশাল লম্বা হওয়া বৃক্ষরাজিগুলোর ছায়া পড়ছে পানির ওপর। গা ছমছম পরিবেশ। শনশন করে ভেজা বাতাস লাগছে গায়ে।
আবছা রশ্মিতে রিনি দেখল তার দিকে অনিমিখনেত্রে রুদ্ররূপ হয়ে চেয়ে আছে এক পুরুষ। পুরুষটি তার থেকে সামান্য তফাতে রইলেও মুখের ওপর উষ্ণ নিঃশ্বাস টের পাচ্ছে সে। থরোথরো কণ্ঠে জানতে চাইল,

" কী হয়েছে? এখানে এনেছেন কেন?"
" তোমার কী হয়েছে? "-অন্তরের কণ্ঠ যেন মিছরির ছু-রি।
রিনি ফালাফালা হবার পূর্বেই পাল্টা প্রশ্ন করল," আমার কী হবে?"
" কাল থেকে আমাকে ইগনোর করছ কেন?"
রিনি বিস্মিত হলো। ইগনোর করেছে বলে জনাব এমন রাগে ফুঁসছে? সে আনমনে বলল,
" আমি ইগনোর করলে আপনার কী?"
" অনেক সমস্যা। শুধু তুমি না যে কেউ আমাকে ইগনোর করলে সেটা নিতে পারি না আমি। রাগ হয়। ইগনোর কেন করছ?"
বিমর্ষ হয়ে পড়ল রিনি। তার হৃদ জমিনে চারা হয়ে জেগে ওঠা আনন্দটা মুষড়ে পড়ল। ভেবেছিল তার করা অবহেলায় বুঝি অন্তরের খারাপ লেগেছে। অথচ জনাব কারো অবজ্ঞাই না-কি সইতে পারে না! ছাই চাপা আগুনের মতো তার অভ্যন্তরে চাপা রাগটা জ্বলে উঠল। অন্তরকে গঞ্জনা করে বলল,
" আপনি মিথ্যাবাদী,মিস্টার অন্তর। আমি মিথ্যাবাদীদের সাথে কথা বলি না। "
অন্তর তিতকুটে ভ্রুকুটি বক্র করে অবিশ্বাস্য কণ্ঠে আওড়াল," আমি কী মিথ্যে বলেছি?"

" বিয়ের প্রথম রাতে খুব বড়ো গলায় বলেছিলেন কাউকে ভালোবাসেন না। জীবনে যার প্রতি আপনার হৃদয়ে ভালোবাসা জাগবে তাকেই ভালোবাসবেন। এসব মিথ্যা কথা কেন বললেন আমাকে? সোজা বললেই হতো অন্য মেয়েকে ভালোবাসেন,তার সাথে বিদেশে যাবেন এজন্য বিয়ে করতে চান নি। আপনি একটা মিথ্যাবাদী। "

রাগে সাপের মতো ফুঁসছে রিনি। এত রাগ তার কখনো হয় নি। নিজের শান্তশিষ্ট রূপের খোলস ছেড়ে যেন অশান্ত রূপ ধারণ করেছে সে। জোরে জোরে শ্বাস ফেলতে লাগল অন্য দিকে তাকিয়ে।
" এসব তোমাকে কে বলেছে?"- থমথমে কণ্ঠ অন্তরের।
রিনির মৌনতা দেখে লোহার মতো মুখ করে বলল," তুমি আমার ফোন চেক করেছ? সাহস কীভাবে হলো তোমার? "
মিইয়ে গেল রিনি। স্বীকার করল," আমি ইচ্ছে করে করি নি। কৌতূহল বশত আপনার প্রেমিকার পাঠানো ম্যাসেজটি দেখে ফেলি। "
" তিন্নি আমার প্রেমিকা নয় রিনি।"
" প্রেমিকা না হলে কেউ কেন বলবে অন্তর আমাদের একসাথে ভীনদেশে পাড়ি জমানোর স্বপ্ন পূরণ হবে তো? তোর আব্বা রাজি হয়েছে টাকা দিতে? নিশ্চয় প্রেমিক-প্রেমিকা বাদে কেউ একসাথে প্ল্যান করে বিদেশ যাবে না? আবার জানও ডাকবে কেন পরপুরুষকে?"
অন্তরের সামনে সব পরিষ্কার হয়ে গেল। হেসে বলল," শুনো, বাচ্চা মেয়ে রিনি। "
তার প্রবল আদুরে ডাক প্রত্যাখ্যান করতে পারল না রিনি,"হু?"
" তিন্নি আমার ফ্রেন্ড। সে তোমার মতো সহজ-সরল,শান্ত ধাঁচের বেবিগার্ল নয়। ভার্সিটিতে দাপিয়ে বেড়ানো এক মেয়ে সে। আমাদের ফ্রেন্ড সার্কেলে আমরা তাকে বলি চঞ্চলবতী। লজ্জার বালাইটুকু তার মধ্যে নেই। ফ্রেন্ড সার্কেলের প্রতিটি ছেলে-মেয়েকে সে জান বলে ডাকে। বাকি থাকল বিদেশে একসাথে যাওয়ার কথা? সেটা আমরা পাঁচবন্ধু মিলে করেছি একসাথে এপ্লাই। আমাদের সৌভাগ্য হলো আমরা তিন বন্ধু হাফ ফান্ড স্কলারশিপ পেয়েছি এবং বাকিরা পুরোটাই নিজ খরচে যাবে।"
হাত উঠিয়ে রিনির চুলে আলতো করে হাত বুলিয়ে স্মিতহাস্যে বলল," বুঝলে বাচ্চা মেয়ে রিনি?"
দামাল হাওয়ার ভালোবাসার তোড়ে রিনির গলা দিয়ে শব্দ বের হচ্ছে না৷ সেই কখন অন্তর হাত সরিয়ে নিয়েছে তার চুলের ওপর থেকে তবুও যেন স্পর্শটা ঘুরে বেড়াচ্ছে রিনির মনের অলিগলি,তস্যগলিতে। সে পড়িমরি করে প্রশ্ন করল,
" আপনি বলেছিলেন কারো প্রতি ভালোবাসা জাগলে আপনি তাকেই আপন করে নেবেন। আচ্ছা আপনি যদি দেশে কাউকে ভালোবেসে ফেলেন তাহলে বিদেশ চলে যাবেন?"
" না।"
" আর যদি বিদেশে গিয়ে আপনার দেশের কারো প্রতি ভালোবাসা হয়ে যায় তাহলে কী করবেন?"
অন্তর মোহনীয় স্বরে একবাক্যে বলল," সমুদ্র,নদী সব পার করে চলে আসব। "
" নিজের স্বপ্ন অসম্পূর্ণ রেখে চলে আসবেন?"
" হ্যাঁ। স্বপ্নকে আমি যেকোনো মুহূর্তে পূরণ করতে পারব। কিন্তু যাকে ভালোবাসব তাকে ছাড়া আমি অসম্পূর্ণ থেকে যাব। জীবনে আমি অসম্পূর্ণ থাকতে চাই না রিনি। "
অন্তর গাঢ় স্বরে ডাকল ফের," রিনি"
" জি?"
" রাগ হলে বলবে, কিন্তু আমাকে অবহেলা করবে না বাচ্চা মেয়ে। তোমার অবহেলা আমি নিতে পারি না। "
রিনির জিজ্ঞেস করতে মন চাইল আপনি কেন আমার অবহেলা নিতে পারেন না,মিস্টার অন্তর নেওয়াজ? পরমুহূর্তে মনে পড়ল মানুষটি কারো হেলাই সইতে পারে না।
_________________________

ধানের কাজ শেষ হলে রিনির বড়ো খালা রিনির শ্বশুর বাড়ির সবাইকে দাওয়াত দিলেন তার বাড়িতে। রিনির শ্বশুর জানাল সে ও অন্তর চলে যেতে দাওয়াত রক্ষার জন্য। কথা মোতাবেক রিনি সোনালী পাড়ের কমলা রঙের একটি শাড়ি পরে তৈরি হয়ে নিল। চুলগুলো হাত খোঁপা করে ভ্রমর কালো চোখে আরেকটু কাজল টেনে দিল। বিয়ের সময় পাওয়া আলতার কৌটাটায় চোখ পড়তেই তার মন আনচান করে উঠল আলতা পরবার জন্য। মেঝেতে বসে পা বাড়িয়ে আলতা পরতে শুরু করল সে। একা হাতে ঠিক করে পারছে না পরতে। কসরত করতে হচ্ছে বেশ। অকস্মাৎ অনুভব করল তার হাত থেকে আলতাটা ছিনিয়ে নিয়েছে বলিষ্ঠ একটি হাত। পা টেনে ধরে হাতের মালিকটি নিমজ্জিত হয়ে পড়ল আলতা পরাতে। পায়ে মানুষটির হাতের ছোঁয়া লাগতেই ওর শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। অশান্ত গলায় বলল,
" আমি পারব। আমাকে দিন। "
অন্তর পা শক্ত করে টেনে ধরে চোখ রাঙাল।
" তুমি যে কত পারছ তা আমি দেখছি। এভাবে সারাদিন লেগে যাবে আলতা পরতে। তোমার খালার বাড়িতে আর যাওয়া লাগবে না। "

রিনির বড়ো খালার বাড়ি তাদের পাশের গ্রামে। যেতে আধা ঘণ্টার মতো লাগবে। অটোরিকশা দিয়ে অর্ধেক পথ গেলেও সামনে পথ ভাঙা থাকায় অটো আর আগাবে না। এদিক থেকে যেতে হবে ভ্যান গাড়ি চড়ে। পথের দু ধারে সারি সারি তাল গাছ। দূর দূরান্তে কেবল জমিন আর জমিন। পথের একপাশে চেপে দাঁড়িয়ে ভ্যানগাড়ির জন্য অপেক্ষা করছে ওরা। অপেক্ষার মাঝে রিনির চোখ গেল পালকির দিকে। রিনিদের গ্রামে কিছুটা আধুনিকতার ছোঁয়া লাগলেও এই গ্রামে উন্নতির দেখা নেই। শৈশবে একবার পালকি দেখেছিল সে। পাশের বাড়িতে বউ এনেছিল পালকিতে চড়িয়ে। সেই থেকে রিনি কল্পনা করে তার বিয়ে হলেও পালকিতে চড়ে যাবে। বিয়ে সম্পর্কে পুরো জ্ঞান না থাকলেও তখন তার মাঝে উচ্ছ্বাস জন্মায় যে বিয়ে হলেই সে পালকি চড়তে পারবে। কিন্তু কপালের ফের! রিনি বড়ো হতে হতে পালকি হারিয়ে গেল। বিয়ে হলে গ্রামবাসী অটোতে,টমটমে,গাড়িতে করে বউ নিয়ে যেতে লাগল। পলকহীন, এক ধ্যানে তাকিয়ে রইল ও পালকি পানে। আকস্মিক অন্তরকে সেদিকে এগিয়ে যেতে দেখে তার চোখ দুটি বিস্ফারিত হলো। খেয়াল করল,অন্তর পালকিওয়ালাদের সাথে বাক্য বিনিময় করছে। কিছু সময় ব্যয় করে ওর কাছে এসে স্ফীত হেসে বলল,
" চলো। "
বিস্ময়ে আবিষ্ট হয়ে পড়ে ও," কোথায় যাব?"
অন্তর ওর চমক দ্বিগুণ, তিনগুণ বাড়িয়ে দিয়ে বলল," কোথায় আবার? পালকি চড়তে।"
রিনি আকাশ থেকে পড়ল যেন। এত্ত আশ্চর্য হলো! তার কিংকর্তব্যবিমূঢ় চাহনি দেখে অন্তর বলে উঠল,
" যেভাবে তাকিয়ে ছিলে পালকির দিকে। তোমার চোখ-মুখ দেখে পড়া যাচ্ছিল তোমার মনের কথা। "

তাহলে কি অন্তর এটাও বুঝে গেছে সে তাকে ভালোবাসে? বুঝে নি,বুঝলে কি ওর সাথে এত স্বাভাবিক থাকত? রিনি খুশিতে বাক-বাকুম হয়ে পালকির দিকে আগাল। বিধাতা যেন ওর মনের সমগ্র শখ, চাওয়া,আকাঙ্ক্ষা পূরণের জন্য এই মানুষটিকে তার স্বামী রূপে জীবনে পাঠিয়েছে। লোকেরা কাঁধ থেকে পালকি নামিয়ে নিচে রাখল। ওকে চোখ দিয়ে ইশারা করল অন্তর পালকিতে বসতে। লাজুক মুখে পালকিতে উঠে বসল ও। ঘোমটা টেনে নিল মাথায়। পালকিওয়ালারা কাঁধে পালকি তুলে এগিয়ে যেতে লাগল ধীরে ধীরে সম্মুখে। রিনি প্রথমে দু হাত হাঁটুতে রেখে লজ্জায় নতমুখে বসে থাকলেও পরক্ষণেই পালকি থেকে মাথা বের করে বাইরে তাকাল। পালকির এক কর্নারে এক হাত রেখে আরেক হাতে ঘোমটা টেনে ধরে রেখে লজ্জামাখা দৃষ্টি নিক্ষেপ করল সে সফেদ পাঞ্জাবি পরিহিত সুদর্শন পুরুষটির দিকে। অন্তর হাঁটছিল তার পাশাপাশি। রিনির এহেন দৃষ্টিতে, লজ্জাবতী বউরূপ দেখে তার হৃদয় অরণ্যে কেমনতরো এক ঝড় উঠল। পাক্কা নতুন বধূ লাগছে রিনিকে,একদম পুতুল বউ,গায়ের বধূ। যে কেউ অচল হয়ে পড়বে এমন রূপে। নিজেকে শাসাল সে। রিনির খুব কাছে এগিয়ে এসে কোমল সুরে প্রশ্ন করল,
" হ্যাপি? "
" খুউউউব। "- উত্তর দিয়ে মাথা ভেতরে নিয়ে গেল ও।

খালার বাড়িতে দুপুরের খাওয়া দাওয়ার পর খালাতো ভাই-বোন সবাই মিলে বায়না ধরল মেলায় যাবে। গ্রামের স্কুল মাঠে মেলা বসেছে। সেখানে না-কি বায়স্কোপ দেখাচ্ছে। অন্তর দুপুরের ভোজন সেড়ে বাড়ি ফিরতে চেয়েছিল। বায়স্কোপের কথা শুনে রিনি বাচ্চাদের মতো বায়না ধরল তার কাছে,
" চলুন না মিস্টার অন্তর, বায়স্কোপ দেখে আসি। আমি কখনো বায়স্কোপ দেখি নি। সন্ধ্যার পর বাড়ি ফিরলে কি খুব সমস্যা হবে?"

অন্তরের কাল অত্যন্ত জরুরি একটা কাজ আছে। আগামীকাল সকালে ঢাকা যাবে সে। বাড়ি ফিরে আব্বার সাথে কথা বলতে হবে। ফিরতে ঢের রাত হয়ে গেলে যে আব্বার সাথে জরুরি কথাটুকু সম্পন্ন করতে পারবে না। গ্রামগঞ্জে মানুষ ঘুমিয়ে যায় রাত ঘনিয়ে এলেই। বিদ্যুৎ থাকে না প্রায়ই। চার্জার লাইট জ্বালানোর চেয়ে, হারিকেন জ্বালিয়ে কেরোসিন অপচয় করার চেয়ে ঘুমানোটাকেই ভালো মনে করে মানুষজন। রিনির বায়না করা মায়াবী মুখটার আবদার ফিরিয়ে দিতে অপারগ হলো। হেসে বলে উঠল,
" একটুও সমস্যা হবে না। চলো। "

সবাই হইহই করে চলল মেলায়। হেঁটে গেলে খালার বাড়ি থেকে দশ মিনিট মেলার স্থান। ভ্যান না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা হয় সবাই। রিনির এক খালাতো ভাই,অন্তর থেকে এক দু বছরের ছোট হবে। তার সাথে কথা বলতে বলতে হাঁটছে অন্তর। রিনি ওর বোনদের সাথে সামনে অগ্রসর হচ্ছে। কথার মাঝে মাঝে হাসছে খিলখিল করে। মাথার ঘোমটা সরে গিয়ে হাঁটার দোলাচালে মেয়েটার রেশমের মতো দীর্ঘ চুলগুলো খোঁপা ছেড়ে কখন যে উন্মুক্ত হয়েছে সেই খবরাখবর নেই তার বিন্দুমাত্র। অন্তরের চোয়াল শক্ত হয়ে গেল। সে খেয়াল করল রিনির খালাতো ভাই নিমেষহীন চেয়ে আছে রিনির খোলা চুলের দিকে। হাত মুঠো হয়ে এলো তার। জোরেশোরে ডাকল রিনিকে,

" রিনি!"
রিনি অনতিবিলম্বে সবসময়ের মতো সাড়া দিল," জি?"
" এদিকে আসো। "
আদেশ পালনে কাছে আসল সে। অন্তর তার খালাতো ভাইয়ের দিকে তাকিয়ে মেকি হাসির ভাণ করে বলল, " তুমি ওদের নিয়ে সামনে আগাও। আমি রিনিকে নিয়ে আসছি। "
" ঠিক আছে ভাই। "
সে চলে গেলে রিনি প্রশ্নাত্মক চোখে তাকাল তার দিকে। অন্তর তার হাত বাড়িয়ে রিনির আঁচল টেনে মাথায় তুলে দিল। পাশে দাঁড় করিয়ে বলল," স্বল্প অপরিচিত মানুষের সাথে বেশিক্ষণ চলতে ভালো লাগে না। "
রিনি হাঁটতে হাঁটতে বলল, " আমি কি আপনার অনেক পরিচিত? "
অন্তর পকেটে দু হাত গুঁজে তার দিকে ঘাড় ঘুরিয়ে ফচকে গলায় বলল," যার সাথে এক বিছানায় ঘুমাই সে আমার অনেক পরিচিত হবে না?"
রিনির মনে হলো তার কান দিয়ে তপ্ত ধোঁয়া বের হচ্ছে। এভাবে কেউ বলে?

মেলায় এসে ওরা সোজা চলে গেল বায়স্কোপ দেখতে। গিয়ে দেখে লম্বা লাইন বায়স্কোপ দেখার জন্য। ওদের সিরিয়াল আসতে আসতে মেলা-ই না বন্ধ হয়ে যায়! গ্রামগঞ্জে সাঁঝ নামলেই মেলার সমাপ্তি ঘটে। ওদের দাঁড় করিয়ে অন্তর সামনে এগিয়ে গেল বায়স্কোপ দেখানো লোকটার কাছে। ওরা হঠাৎ শুনতে পেল আজ আর বায়স্কোপ দেখানো হবে না। কালকে আবার দেখাবে। রিনির মন বিষন্ন হয়ে পড়ল। ভ্রমরের মতো কালো চোখ দুটিতে আঁধার নামল। হতাশ হয়ে সবাই চলে গেলে অন্তর রিনির হাত ধরে বলল,

" বায়স্কোপ দেখবে না?"
" কীভাবে দেখব?"- উদাস কণ্ঠ রিনির। যেন এক্ষুনি কেঁদে দিবে। অন্তর অবাক কণ্ঠে বলল,
" তুমি কি কান্না করছ রিনি?"
বলতে বলতে রিনি সত্যিই কেঁদে দিল। দু ফোঁটা নোনাজল গালে পড়ল। অন্তর পড়িমরি করে হাত দিয়ে মুছল সেই জল। হেসে বলল,
" বাচ্চা মেয়ে! তুমি সত্যিই এখনও বাচ্চা। এই বাচ্চা মেয়েটাকে তার বাবা এত জলদি বিয়ে দিল কেন বলো তো? বাচ্চাটা আরেকটু বড়ো হতো,ভার্সিটিতে পড়ত তবেই না বিয়ে দিত। অথচ দেখো বাচ্চা মেয়েটাকে টুপ করে আমার গলায় ঝুলিয়ে দিল। "
শেষের কথাটা রিনির আত্মসম্মানে বিঁধল সাড়াশির মতোন। মুখ ফুলিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। অন্তর হাত টেনে ধরে বলল,
" মোটা অংকের টাকা খরচ করে যে বায়স্কোপ দেখার সুযোগ তৈরি করলাম সেটা না দেখে চলে গেলে কিন্তু আমার টাকা আদায় করব তোমার কাছ থেকে। "
" কীহ! বায়স্কোপ বন্ধ হয় নি?"
অন্তর মাথা দুদিকে নাড়িয়ে বলল," না ম্যাডাম। আপনি বায়স্কোপ দেখবেন বলে বায়স্কোপ দেখানো লোককে বেশি টাকার লোভ দেখিয়ে বাকি মানুষদের ভাগিয়ে দিলাম। চলুন বায়স্কোপ দেখবেন। "

রিনি আনন্দের ভেলায় ভেসে যেতে লাগল। এত খুশি তার দুয়ারে জীবনে কোনোদিন আসে নি। আব্বা কড়া শাসনে বড়ো করেছেন ছোট থেকে। কোনোদিন মেলায় যেতে দেন নি, বান্ধবীদের সাথে ফুচকা খেতে দেন নি। বাজারে দাঁড়িয়ে ফুচকা খেলে ওনার মান সম্মান চলে যাবে। গ্রামবাসী খারাপ বলবে। ভীতসন্ত্রস্ত হয়ে থাকত সে স্কুল জীবন থেকে তার জীবনসঙ্গীটি যদি বাবার মতো হয়! পক্ষান্তরে অন্তর নামের হৃদয়হরণ করা পুরুষটি তার স্বামী হয়ে তার মনের ভয়টি হাওয়ায় উড়িয়ে দিল। বায়স্কোপ দেখার জন্য খালাতো বোনদের ডেকে নিল সে। ওরা রসিয়ে রসিয়ে বলতে লাগল,
" রিনি,কি সৌভাগ্য তোর! এমন বর কীভাবে পেলি বল তো? বউয়ের আবদার মেটাতে কত চেষ্টা তার! "
রিনি বিনিময়ে লাজুক হাসে। ছবি দেখার জন্য বাক্সের ছিদ্রে চোখ রাখল। পাশে দাঁড়িয়ে লোকটা বাক্সের হ্যান্ডেল ঘুরাতে লাগল সাথে ছন্দে ছন্দে বলতে লাগল গল্প। আহ্লাদে আটখানা রিনির চিকন ঠোঁটে হাসির ফোয়ারা। বুকে হাত গুঁজে অদূর হতে তার হাসি-হাসি মুখ করে বায়স্কোপ দেখার দৃশ্যটিতে চোখ আটকে গেল কারো।

শাঁ শাঁ করে এলোমেলো হাওয়া বইছে চারিদিকে। ভ্যানগাড়িতে পা ঝুলিয়ে বসে আছে রিনি ও অন্তর। চাঁদের রশ্মিতে অস্পষ্ট দেখা যাচ্ছে পথঘাট। ভ্যানগাড়ি ছুটে চলেছে তাদের বাড়ির পথে। রাত বাড়ায় অটোরিকশা পায় নি ওরা। অগত্যা ভ্যানগাড়িতে চড়েই কাঁচা-ভাঙা পথ দিয়ে যাচ্ছে বাড়ির দিকে। বাতাসের ঝাপটায় রিনির ঘুম পাচ্ছে প্রবল। চোখের পল্লব নেতিয়ে পড়ছে বারংবার। জোর করেও মেলে রাখতে পারছে না। ঢুলছে ঘুমে। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়ে পড়ল শেষমেশ। ঘুমিয়ে পড়ল। মাথা হেলে পড়ল অন্তরের কাঁধে। এবড়োখেবড়ো পথের ঝাঁকুনিতে চওড়া কাঁধ থেকে সামনের দিকে পড়তে নিলে আতঙ্কিত হয়ে অন্তর তার প্রশস্ত বুকে টেনে নিল মোলায়েম শরীরটাকে। মাথাটা টেনে রাখল তার বুকে। বুক ধড়ফড় করে উঠল তার। হৃদযন্ত্র নিয়ন্ত্রণ হারাল। তার জীবনে প্রথমবার কোনো নারীকে বুকের সন্নিকটে এনেছে বলেই কি পুরুষালি সত্তা জেগে উঠেছে! হাত বাড়িয়ে রিনির মুখের ওপর পড়া চুলগুলো সযত্নে কানের পেছনে গুঁজে দিল। উষ্মা নিঃশ্বাসের তাপে পুড়তে লাগল তার বুক। বাড়ির সামনে এসেও ঘুম ভাঙল না রিনির। তাকে বুকের কাছে রেখে ভাড়া মিটিয়ে কোলে উঠিয়ে নিল সে তুলতুলে নরম দেহটাকে। উঠোনে আব্বার মুখোমুখি হওয়ায় বিব্রত হয়ে পড়ল। বিদ্যুৎ চলে যাওয়ায় উঠানে পায়চারি করছিলেন শামসুল হক। ছেলের কাছে এসে গম্ভীর কণ্ঠে বললেন,
" বউমা ঘুমাইতেছে?"
" হ,আব্বা।"- ধীর স্বরে জবাব দিল সে।
শামসুল হক ছেলের দিকে উৎসুক চোখে চেয়ে জিজ্ঞেস করলেন," তোমার মত কি পাল্টাইছে?"
অন্তর তাঁকে হতাশ করে দিয়ে গুমোট স্বরে উত্তর দিল," না আব্বা। "

#চলবে~
( ভীষণ দেরি হয়ে গেল। দুঃখিত! ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রিচেক করতে পারি নি।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন